Blog

  • বরিশালে চাঞ্চল্যকর রুবেল হত্যাকাণ্ড : পলাতক আসামি আরিফ গ্রেফতার

    বরিশালে চাঞ্চল্যকর রুবেল হত্যাকাণ্ড : পলাতক আসামি আরিফ গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক ::: পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের মুলাদী এলাকায় চাঞ্চল্যকর রুবেল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পলাতক আসামি আরিফ’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‍্যাব-১০)। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

    বুধবার (১৭ জানুয়ারি) র‌্যাব ১০ এর (অপ্স) অফিসার উপপরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    আমিনুল ইসলাম জানান, গত ৩ জানুয়ারি বরিশাল জেলার মুলাদীর টুমচর এলাকায় বসবাসকারী রুবেল শাহ তার স্ত্রী, কন্যা ও ছেলেকে নিয়ে তাদের বাড়ীর পাশে জাগরনী বাজারে বাজার করার উদ্দেশ্যে রওনা করেন। আনুমানিক সকাল ৮ টার দিকে মুলাদী থানার টুমচর এলাকার একটি পাকা রাস্তার উপর পৌঁছালে আরিফ আকনসহ ২৪ থেকে ৩৫ জন লোক পূর্বপরিকল্পিতভাবে রুবেলের উপর অতর্কিত আক্রমক করে।

    এ সময় তারা রুবেলের স্ত্রী, মেয়ে ছেলেকে আটকে রাখে এবং ভিকটিম রুবেলকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে চাপাতি ও রাম দা দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। একপর্যায় রুবেলের স্ত্রী ও মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে আরিফসহ অন্যান্য আসামিরা রুবেলকে হুমকি দিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    পরে রুবেলের স্ত্রী ও সন্তানরা স্থানীয় লোকজনদের সহযোগীতায় রুবেলকে আহত অবস্থায় ভ্যান যোগে চিকিৎসার জন্য নিকটবর্তী কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় মৃত রুবেলের স্ত্রী মোছা. নার্গিস বেগম বাদী হয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরিফ আকনসহ ৩৫ জন এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আরিফ আকনকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল ১৬ জানুয়ারি রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে রুবেল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পলাতক আসামি আরিফ আকন (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

    র‍্যাব উপপরিচালক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।’

  • পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮ টি যানবাহনসহ ফেরি ডুবি

    পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮ টি যানবাহনসহ ফেরি ডুবি

    অনলাইন ডেস্ক :::- ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকে থাকা রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ফেরিতে ১৮টি যানবাহন ছিল বলে জানা গেছে।

    আজ (১৭ জানুয়ারি) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যেতে থাকে। এ সময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

    পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিলো। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।

    এ সময় ফেরিতে ১৭-১৮টি যানবাহন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সব যানবাহনের সাথে কয়েক শতাধিক যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসে সাথে কাজ শুরু করেছে স্থানীয়রা।

    এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    জানা যায়, ঘন কুয়াশায় নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। ফেরির যানবাহনের সাথে কয়েক শতাধিক যাত্রীও নদীতে ডুবে যায়।

  • পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়রের প্রচেষ্টায় প্রাণ ফিরে পাচ্ছে বরিশালের  খালগুলো

    পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়রের প্রচেষ্টায় প্রাণ ফিরে পাচ্ছে বরিশালের খালগুলো

    দখল-দূষণের কবলে হারিয়ে যাওয়া বরিশাল নগরীর ২৪টি খালের মধ্যে প্রধান ৭টি খালের প্রাণ ফেরাতে খনন কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এর ফলে নগরীর কোলঘেঁষে বয়ে যাওয়া আমানতগঞ্জ, জেলখাল, রূপাতলী খাল, পলাশপুর খাল, সাগরদী খাল, চাঁদমারী খাল এবং ভাটারখাল দীর্ঘদিন পরে হলেও অস্তিত্ব ফিরে পেতে যাচ্ছে।

    পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বরিশাল-৫ (সিটি-সদর) আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর প্রচেষ্টায় খালগুলো পুনরায় নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। একইসঙ্গে ম্যাপ অনুযায়ী উদ্ধার হচ্ছে দখলকৃত খালের পাড়। খনন কাজ শেষ হলে নগরীর প্রায় সাড়ে ৫ লাখ বাসিন্দা জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি পাবে। পর্যায়ক্রমে নগরীর মধ্যে থাকা ১১০ কিলোমিটার দীর্ঘ ছোটবড় ৪৬ খালও আসবে সংস্কারের আওতায়।

    জানা যায়, বাংলাদেশের স্বাধীনতার আগে বরিশালে ৪৬টি খালের অস্তিত্ব ছিল। তবে স্বাধীনতা পরবর্তীতে তা কমে দাঁড়ায় ২৪টিতে। বর্তমানে বড়-ছোট মিলিয়ে টিকে থাকা ২৪টি খালও পড়েছে অস্তিত্ব সংকটে। দখল-দূষণ আর অপরিকল্পিত নগরায়ণের কারণে টিকে থাকা খালগুলো মরাখালে পতিত হচ্ছে। আর হারিয়ে গেছে ২২টি খাল। এরমধ্যে এখন প্রাথমিকভাবে ৭টি প্রধান খালের খনন শুরু হওয়ায় আনন্দে ভাসছে ওইসব এলাকার বাসিন্দারা।

    পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বরিশাল নগরীর ৭টি খাল খননে ৬ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে। এর মধ্যে ১ কোটি ৩৫ লাখ টাকায় পলাশপুর খাল (১ কিলোমিটার ৭০০ মিটার), ১ কোটি ৯ লাখ টাকায়, আমানতগঞ্জ খাল (২ কিলোমিটার ৫০ মিটার) ২ কোটি ৬৭ লাখ টাকায়, সাগরদী খাল (৯ কিলোমিটার) ২৮ লাখ টাকায়, রুপাতলী খাল (১ কিলোমিটার) ৩২ লাখ টাকায়, চাঁদমারি খাল (১ কিলোমিটার ৪২১ মিটার) ৪ লাখ টাকায়, ভাটার খাল (১৬০ মিটার) ও ২৮ লাখ ৬৭ হাজার টাকায় জেল খালের (২ কিলোমিটার) সর্বমোট ১৯ কিলোমিটারে পানি প্রবাহ ফিরিয়ে আনার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

    নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগর এলাকার বাসিন্দা মাহিমুল হাসান এমদাদ বলেন, বর্ষা মৌসুমে স্বাভাবিক জোয়ারে খাল উপচে সড়কে হাঁটুপানি জমে থাকে। ফলে তখন আমাদের যাতায়াতসহ স্বাভাবিক কাজ কর্ম বন্ধ হয়ে যায়। এখন খাল খনন হলে হয়তো ওই দুর্ভোগ থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে।

  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রাধান্য দিয়ে মুদ্রানীতি ঘোষণা

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রাধান্য দিয়ে মুদ্রানীতি ঘোষণা

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

    বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করেন।

    গভর্নর বলেন, নতুন মুদ্রানীতিতে টাকার চাহিদা কমাতে নীতি সুদহার বাড়ানো হয়েছে। ঋণের সুদহারের যে ৯ শতাংশ ক্যাপ ছিল, তা তুলে দেওয়া হয়েছে।

    নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাংশ। এর ফলে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো যে টাকা ধার করবে, তার সুদহার বাড়বে।

    এদিকে রিভার্স রেপো (বর্তমান নাম স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি-এসডিএফ) নিম্নসীমার সুদহার ৫ দশমিক ৭৫ শতাংশ থেকে ৬ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। বাজারে উদ্বৃত্ত টাকা থাকলে বাংলাদেশ ব্যাংক রিভার্স রেপোর মাধ্যমে টাকা তুলে নেয়।

    এছাড়া নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্পেশাল রেপো বা এসএলএফের (স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি) সুদহার ৯ দশমিক ৭৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। এ ব্যবস্থায় সংকটে পড়া ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করতে কিছুটা ব্যয় কমবে।

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়।

    মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের, এ কে এম সাজেদুর রহমান খান, নূরুন নাহার, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ গবেষণা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ববির ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

    ববির ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

    অনলাইন ডেস্ক ::: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তার সহযোগীদের মারধরের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে আরও ১৪ জনকে।

    বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ।

    এর আগে ৭ জানুয়ারি দুপুরে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হুমাহুম রেস্টুরেন্টে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তার সহযোগীদের মারধরের এ ঘটনা ঘটে। এরপর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির গত ১০ জানুয়ারি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    মামলার আসামিরা হলেন, হিসাব বিজ্ঞান বিভাগের ইব্রাহিম খান শাওন, শরিফুল ইসলাম, একে আরাফাত, বাংলা বিভাগের রাকিবুল হাসান, তুষার রহমান, রাকিব হোসেন, পলাশ দাস, ইংরেজী বিভাগের তানজিদ মঞ্জু, সাইমুন হোসেন, শাহারিয়ার শাকিল, ইতিহাস ও সভ্যতা বিভাগের ফারদিন খান, রসায়ন বিভাগের নাহিদ রাফিন ও নজরুল রিফাত। এছাড়া সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস, ২৬নং ওয়ার্ডের বাসিন্দা হান্নান বাপ্পী, মামুন ফরাজী, শরিফুল ইসলাম। মামলায় আরও ১০ জন অজ্ঞাত আসামি রয়েছেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিরাজ বলেন, হামলাকারী আসামিদের গ্রেফতারে আমরা অভিযান শুরু করেছি। এছাড়া পুরো ঘটনার তদন্ত কাজ শুরু করা হয়েছে। ঘটনার মূল ভুক্তভোগী মাসুম হাসপাতালে ভর্তি। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার বক্তব্য নেওয়া হয়েছে।

    মামলা সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দুপুরে রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হুমাহুম রেস্টুরেন্টে দুপুর আড়াইটার দিকে খাবারের বিল পরিশোধ করছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির। সঙ্গে তার মোটরসাইকেল চালক মাসুম ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ২৫-৩০ জনের একটি দল রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে প্রথমে কাউন্সিলরের মোটরসাইকেল চালক মাসুমকে মারধর শুরু করেন। হামলাকারীরা স্প্রাইট-পেপসির কাঁচের বোতল দিয়ে মাসুমের মাথায় ও শরীরে আঘাত করেন। এসময় পরিস্থিতি শান্ত করতে গেলে কাউন্সিলর হুমায়ূন কবিরকে ঘুষি ও লাথি মেরে নিচে ফেলে দেন। ঘটনার খবর পেয়ে হুইসেল বাজিয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যান।

    তবে অভিযুক্ত আসামিদের দাবি, তারা ওই হোটেলে খাবার খেতে গেলে কয়েকজন ব্যক্তি এসে তাড়াতাড়ি খাবার খেয়ে টেবিল ছাড়তে বলে। তাতে রাজি না হওয়ায় তর্কবিতর্কের এক পর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, রূপাতলীর একটি রেস্টুরেন্টে মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। কিন্তু মামলার আসামি কারা তা আমি জানি না।

    প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা বাইরে কোনো শিক্ষার্থী বিপদে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বদা পাশে পাবে। কিন্তু ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে অন্যায় কোনো কাজে জড়িত হলে তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না। এই দায় শিক্ষার্থীর নিজেকেই নিতে হবে।

    অন্যায় করলে আইন আইনের গতিতে চলবে উল্লেখ করে ড. আব্দুল কাইউম বলেন, কোনো শিক্ষার্থী ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য কোনো অঘটন ঘটালে তার দায় আমরা কেন নেবো? রূপাতলীর ঘটনায় মামলা হয়েছে। এখন প্রশাসন বিষয়টি দেখবে।

  • বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : জাহিদ ফারুক

    বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : জাহিদ ফারুক

    নিজস্ব প্রতিবেদক :::: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। তার স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশের। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন একটি সমৃদ্ধশালী উন্নত স্মার্ট বাংলাদেশের। আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিতীয় মেয়াদে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তার প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বিগত পাঁচ বছরের আপনাদের নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কর্মতৎপরতা মন্ত্রণালয়কে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে। আগের ধারাবাহিকতা বজায় রেখে মন্ত্রণালয়ের ভাবমূর্তি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। নির্ধারিত বাজেট বরাদ্দের মধ্যে সবোর্চ্চ সেবা নিশ্চিত করতে হবে।

    তিনি বলেন, কাজ ধীর গতিতে করা যাবে না, যথাযথ গতি ও প্রক্রিয়া কাজ সম্পাদন করতে হবে। প্রকল্পের কাজ ঠিকাদাদের দেওয়ার সময় তাদের আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে হবে। বছরের শুরুতে যার যার এলাকার প্রকল্প পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো নিশ্চিত করতে হবে।

    প্রতিমন্ত্রী বলেন, প্রধান প্রকৌশলীদের আরও আন্তরিক হতে হবে। প্রত্যেকে যার যার অধীনস্থদের কাজ তদারকি করবেন। শুধুমাত্র প্রয়োজনীয় প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠাতে হবে। এ বছর এপিএতে (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) পানিসম্পদ মন্ত্রণালয় চার নম্বরে রয়েছে। আগামীতে লক্ষ্য হতে হবে এক অথবা দুই নম্বর অর্জনের।

  • মূল্যায়ন পদ্ধতিতে প্রয়োজনে অবশ্যই পরিবর্তন আসবে: শিক্ষামন্ত্রী

    মূল্যায়ন পদ্ধতিতে প্রয়োজনে অবশ্যই পরিবর্তন আসবে: শিক্ষামন্ত্রী

    শিক্ষার সব কাজের মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হয় উল্লেখ করে নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, মূল্যায়ন পদ্ধতিতে প্রয়োজনে অবশ্যই পরিবর্তন আসবে।

    রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী হিসেবে প্রথম অফিস করতে গিয়ে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

    আগামী দিনের চ্যালেঞ্জ কী- সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, চ্যালেঞ্জ, এই শিক্ষা মন্ত্রণালয়ে আমরা দেখেছি পাঁচটি বছর সফলভাবে সদ্যসাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে কাজ করেছি।

    শিক্ষায় নানান ধরনের রূপান্তরের কাজ শেখ হাসিনার নির্দেশে আমরা সূচনা করেছি। এই সূচনার কাজগুলোর পেছনে কিন্তু আমাদের পূর্বে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, এখন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, তিনি সেই ভীতগুলো রচনা করে দিয়েছিলেন।

    তিনি বলেন, শিক্ষার সব কাজের মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হয়। সুতরাং এখানে নতুন করে হঠাৎ করে কোনো কিছু চিন্তা করার অবকাশ খুবই কম। তাই সেই ধারাবাহিকতার মধ্যেই রূপান্তর, ধারাবাহিকতার মধ্যেই স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এই ধারাবাহিকতার মধ্যেই স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য স্মার্ট এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন, সেই লক্ষ্যেই আমরা কাজ করবো।

    তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের বলে দিয়েছেন বিশাল যে জনগোষ্ঠী, বিদ্যালয় পর্যায়ের শেষ করে তাদের অনেক প্রতিবন্ধকতা আছে। প্রায় এক কোটির ঊর্ধ্বে। বিশাল জনগোষ্ঠী যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করতে যাচ্ছে, এই যে বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গাতেই তাদের কর্মসংশ্লিষ্ট যেসব দক্ষতা রয়েছে, সেগুলো যাতে ন্যূনতম সবাইকে দিতে পারি।

    কর্মসংশ্লিষ্ট দক্ষতাগুলোর বিষয়ে তিনি আমাদের বিশেষ জোর দিতে বলেছেন। কারণ এবার আমাদের রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে কর্মসংস্থান। স্মার্ট সিটিজেন করতে হলে কর্মসংস্থান করতেই হবে এবং কর্মসংস্থানের জন্য মাল্টি স্কিল্ড স্মার্ট সিটিজেন আমাদের খুব প্রয়োজন। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার ওপর জোর দিতে বলেন শিক্ষামন্ত্রী।

    তিনি বলেন, কারিকুলাম নিয়ে কাজ হয়েছে কারিকুলাম তো হঠাৎ করে আসেনি। সেটা নিয়ে আলোচনা-সমালোচনা থাকবেই সেটাই স্বাভাবিক। সে আলোচনা-সমালোচনাগুলো মাথায় রেখেই দুর্বলতা থাকলে সেখানে সমস্যা থাকলে, মূল্যায়নের জায়গায় একটা আলোচনা আছে মূল্যায়নটা যাতে এমন না হয় যাতে সেটা প্রতিবন্ধকতা হিসেবে পরিণত হয়। সেগুলো বিবেচনা করেই আমরা আগামী দিনগুলোতে শিক্ষা পরিবারের সবাইকে নিয়ে কাজ করবো।

  • নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

    নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

    নতুন মন্ত্রিসভা প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছে সোমবার (১৫ জানুয়ারি)। জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হবে।

    এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের অনানুষ্ঠানিক বৈঠক করেছেন।

    বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ই হবে প্রথম বৈঠকের মূল বিষয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন।

  • বরিশালে জেঁকে বসেছে শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

    বরিশালে জেঁকে বসেছে শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

    কনকনে শীত ও হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষ। গতকাল শনিবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
    বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে অনেকেই। শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ছিন্নমূল ও দিনমজুররা।
    বরিশাল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বরিশালের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার থেকে আজ (শনিবার) কিছুটা তাপমাত্রা বেড়েছে। আগামী দু’একদিন তাপমাত্রা এমন থাকতে পারে।
    এদিকে শীতের তীব্রতায় বরিশালসহ বিভিন্ন জেলা ও উপজেলার মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

    কাজের তাগিদে ঘর থেকে যারা বের হন, তাদের এমন শীতের কবলে পড়তে হচ্ছে। আর নগরীর ভাসমান মানুষের দুর্ভোগ তো আরও কয়েকগুণ বেশি। একই সঙ্গে বেড়েছে শীতজনিত রোগও।
    আলাপকালে একাধিক ভ্যান চালক জানান, শীতের তীব্রতায় ভ্যান চালানো যেমন কষ্টকর হয়ে উঠেছে, তেমনি সাধারণ যাত্রীরাও শীতের কারণে ভ্যানে উঠতে চান না। গত শুক্রবার থেকেই সূর্য উঠে নাই। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে। কমেছে আয়-রোজগারও।

    নগরীর লঞ্চঘাট এলাকার ভ্যানচালক শফিক হাওলাদার জানান, দুইদিন ধরে প্রচÐ শীত পড়েছে। ঠিকমতো কাজকর্ম করা যাচ্ছে না। এরকম কয়েকদিন চলতে থাকলে আয়-রোজগারও কমে যাবে।
    বিভিন্ন উপজেলার একাধিক বাসিন্দা জানান, ফসলের ক্ষেতে কাজ করতে কষ্ট হচ্ছে। অনেকে শীতবস্ত্রের অভাবেও রয়েছে।

    নগরীর ডিসি ঘাট পাইকারী কাঁচা বাজার এলাকার চায়ের দোকানী সোলায়মান জানান, দু’দিন ধরে শীত বেড়েছে। বিকেলে শীত আরও বাড়ে। তাই বাজারে লোকজন কম আসায় বেচাকেনাও কম!
    রিকশাচালক নাসির আকন বলেন, এমনিতে শীতে কাবু হয়ে আছি। তার পর রাস্তায় যাত্রী তেমন নেই। কোন আয় নেই। মালিককে ভাড়া দিয়ে কিভাবে বাজার করবেন সেই চিন্তা রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
    অপরদিকে ছিন্নমূল ও অসহায় মানুষরা আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকে। রাজন হোসেন নামে একজন বলেন, বিভিন্ন স্থান থেকে কাগজ কুড়িয়ে এনে আগুন জ্বালিয়েছি। খাইতেই কষ্ট হয়, শীতের কাপুড় কেনার টাকা পামু কই।

    এদিকে শেবাচিম ও সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুরা ঠাÐাজনিত রোগে আক্রান্ত বেশি হচ্ছে। প্রতিদিনই শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা।

  • সৎ কর্মের উত্তম পুরস্কার পেলেন জাহিদ ফারুক

    সৎ কর্মের উত্তম পুরস্কার পেলেন জাহিদ ফারুক

    বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফা দায়িত্ব পেতে যাচ্ছেন বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। গত ৭ জানুয়ারি বরিশালের গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। বুধবার এমপি হিসেবে শপথ গ্রহণের পরপরই আলোচনায় আসে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবারও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। সন্ধ্যার পরে জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদে দেখা যায় বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক প্রতিমন্ত্রীর তালিকায় আছেন।

    এরআগে তাকে মন্ত্রি পরিষদ সচিব ফোন করেছেন বলে জাহিদ ফারুক নিজেই মুঠোফোনে নিশ্চিত করেন। তাছাড়া তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আলহামদুলিল্লাহ পোস্ট করেছেন।

    জাহিদ ফারুক তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জানান, বুধবার সন্ধ্যার পর মন্ত্রি পরিষদ সচিব তাকে ফোন করে বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন। ২০১৮ সালেও অনুরুপভাবে তাকে ফোন করা হয়েছিল। এবং পরবর্তীতে তাকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে জাহিদ ফারুককে নিয়োগ করেছিলেন।

    গত ৫ বছর নিরালস পরিশ্রম এবং সততার সাথে দায়িত্ব পালন করে তিনি বেশ প্রশংসাও কুড়িয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ ডিসেম্বর বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জাহিদ ফারুকের সততার কথা জানিয়ে গেছেন। এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বরিশাল সদর আসনে মনোনয়ন দেওয়ার কারণও ব্যাখ্যা করেছিলেন।

    এর আগে গত বছরের নভেম্বর মাসে জাতীয় দৈনিকগুলো আওয়ামী লীগ সরকারের সফল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একটি তালিকা প্রকাশ করে। সেই সংবাদে জাহিদ ফারুককে সফল প্রতিমন্ত্রী হিসেবে অভিহিত করা হয়।

    গত ৫ বছর জাহিদ ফারুক পানিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করলেও এবার তাকে একই স্থানে রাখা হবে কী না তা নিশ্চিত নয়। এমনকি প্রতিমন্ত্রীও এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলতে পারছেন না।

    অভিজ্ঞ মহল মনে করছে, জাহিদ ফারুক নদীবেস্টিত জনপদের সংসদ সদস্য হওয়ায় তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে বসানো হয়েছিল। দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সফলতার স্বাক্ষর রাখায় এবারও তাঁকে প্রতিমন্ত্রী করার ঘোষণা এসেছে। ধারনা করা হচ্ছে, এবারও তাকে একই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারে।

    তবে এনিয়ে জাহিদ ফারুক আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে যেখানে দায়িত্ব দেবেন, তিনি সেখানেই বসার জন্য প্রস্তুত আছেন। প্রধানমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি সংসদীয় এলাকার বাসিন্দা ও ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন।

    জাহিদ ফারুককে দ্বিতীয় দফা প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তের খবরে বরিশালে তাঁর কর্মী-অনুসারীরা উদ্বেলিত। এক্ষেত্রে অনেকের মন্তব্য হচ্ছে, সৎ কর্মের প্রতিদান পেয়েছেন জাহিদ ফারুক, যার প্রাথমিক ধাপ শুরু হয়েছিল এবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির মধ্য দিয়ে।’