Blog

  • কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ানের পিতার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ানের পিতার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের প্রভাবশালী সদস্য, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের পিতা জনাব ফখরুল দেওয়ান অসুস্থ জনিত কারণে ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বরিশালের হাতেম আলী কলেজে জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা জুবায়ের হাসান, যুবলীগ নেতা সৈয়দ নির্জন, ইবরাহিম ইবু, জাহিদুল ইসলাম সজীব ও
    মহানগর ছাত্রলীগ নেতা জায়েদ হাসান সানি ,নাহিদ হোসেন সিফাত, তানজির বিপু, ইয়ামিন হোসেন,রাইয়ান, শুভ, হাতেম আলী কলেজ ছাত্রলীগ নেতা মাসুদ রানা, সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেরি করে মাদক বিক্রি করতেন ৬ নারী

    ফেরি করে মাদক বিক্রি করতেন ৬ নারী

    অনলাইন ডেস্ক ::: রাজধানীর তেজগাঁওয়ে মাদক কারবারির অভিযোগে ছয় নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    মঙ্গলবার (২৩ জানুয়ারি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।

    তারা হলেন- সোনিয়া আক্তার (২৭), মোছাম্মৎ মালনি (২৪), মোছাম্মৎ সুবর্ণা (১৯), সোহাগী বেগম (২৩), মোছাম্মৎ মিম (২৩) এবং সালমা। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা ছিল।

    তিনি বলেন, গ্রেফতার ছয়জন তেজগাঁওয়ের চিহ্নিত মাদক কারবারি। তারা ঘুরে ঘুরে ফেরি করে মাদক বিক্রি করতেন। তেজগাঁও এলাকায় বসবাস করলেও তাদের মাদক ব্যবসা বিভিন্ন স্থানে বিস্তৃত। মূলত রাজধানীর কমলাপুর, শ্যামলী, কারওয়ান বাজার ও মহাখালী রেললাইন কেন্দ্রিক মাদক ব্যবসায় জড়িত।

    তাদের প্রত্যেকেই একাধিকবার গ্রেফতার হয়েছেন। কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক কারবারিতে জড়িয়ে পড়েন বলে জানান তেজগাঁও থানার ওসি।

    তিনি জানান, গ্রেফতার সালমার বিরুদ্ধে ১১টি, মিমের বিরুদ্ধে ৫টি, সোহাগীর বিরুদ্ধে ৪টি, সোনিয়ার বিরুদ্ধে ২টি, মালনির বিরুদ্ধে ২টি এবং সুবর্ণার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

  • পটুয়াখালীতে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, জনজীবনে স্থবিরতা

    পটুয়াখালীতে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, জনজীবনে স্থবিরতা

    পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। এতে স্থবিরতা নেমে এসেছে শহর থেকে গ্রামাঞ্চলে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় এ বছরের সর্বনিম্ন ১০.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

    এদিকে ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। এতে দুশ্চিন্তায় পড়েছে সবজি চাষীরা। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চরম বেকায়দায় পড়েছে গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরা। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

    কলাপাড়া পৌর শহরের রিক্সা চালক পঞ্চাশোর্ধ্ব নাঈমুল ইসলাম বলেন, আজকের মতো এতো শীত আর মনে হয়নি। শীতের সঙ্গে বাতাস আর ঘন কুয়াশাও রয়েছে। বেলা এগারোটায়ও আমরা সূর্যের দেখা পাইনি। আজকে হাটের দিন হওয়ার পরও সকাল দশটা পর্যন্ত একশ টাকাও ইনকাম করতে পারিনি।

    পটুয়াখালী পৌর শহরের ভ্যান চালক ছলেমদ্দিন বলেন, সকালেই ভ্যান নিয়ে বের হয়েছি। কিন্তু এতো বেশি শীত অনুভূত হচ্ছে যে ভ্যান চালানো তো দূরের কথা খোলা স্থানে দাড়িয়ে থাকা দায়। সকাল সকাল কোনো ক্ষ্যাপই মারতে পারিনি।

    পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, শীতের এই অবস্থা আরও অব্যাহত থাকতে পারে এবং কুয়াশা আরও বাড়তে পারে।

  • ঝালকাঠিতে বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ইমামগণের সাথে মতবিনিময় সভা

    ঝালকাঠিতে বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ইমামগণের সাথে মতবিনিময় সভা

    ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস-জঙ্গীবাদ-মাদক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ, গুজবসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন, জেলা পর্যায়ে ইমাম সম্মেলন ও হজ্ব যাকাত বিষয়ে ইমামগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মশিউর রহমান। এছাড়া এ সময় ঝালকাঠির চার উপজেলার আলেম-ওলামা ও ইমামগণ উপস্থিত ছিলেন।

    যৌথভাবে এ মত বিনিময় সভার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

  • চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস বুকে নাম লেখালেন বরিশালের নিপা

    চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস বুকে নাম লেখালেন বরিশালের নিপা

    নিজস্ব প্রতিবেদক ::: চপস্টিক দিয়ে একটি একটি করে মিনিটে ২৭টি ভাত খেয়ে গত বছর রেকর্ড গড়েছিলেন বরিশালের নুসরাত জাহান নিপা। তার এ কীর্তি জায়গা করে নেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। ওই রেকর্ডের পর গত বছরের ডিসেম্বরে সনদ হাতে পান এ তরুণী। বিষয়টি জানাজানি হয় সম্প্রতি।

    দুটি রেকর্ড করে গিনেস বুকে নাম লিখিয়েছেন নিপা। প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করার রেকর্ড গড়েছিলেন তিনি। পরে চপস্টিক দিয়ে ভাত খেয়ে গড়েন রেকর্ড।

    নিপার রেকর্ডগুলো সংরক্ষিত আছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সাইটে।

    এ বিষয়ে নিপা বলেন, ‘২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্বরেকর্ড করেছিলাম। তখনও ইতালিকে পেছনে ফেলে বাংলাদেশ এবং এবারও ইতালির রেকর্ড ভাঙা হয়েছে। এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন। আর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। কয়েন দিয়ে বিশ্বরেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্বরেকর্ড করাটা বেশ কঠিন ছিল।

    ‘অনেক প্র্যাকটিসও করতে হয়েছে, তবে এবার যাচাই-বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে।’

    একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত নিপা বলেন, ‘প্রথম রেকর্ড করার পর মানুষ নানাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বাজে মন্তব্য করত, তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করব। বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব।’

    তিনি আরও বলেন, ‘ইচ্ছা থাকলে সব হয়। যেমন: আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমার শহরকে আমি রিপ্রেজেন্টে করার চেষ্টা করেছি। দুইবার বিশ্বরেকর্ড গড়েছি। এতে করে বাংলাদেশ ও বরিশালের নাম উজ্জ্বল করেছি। অনেক ধরনের বাধা আসবে, তবে সেসব দিকে খেয়াল না দেয়াই ভালো। নারীরা কাজ করতে গেলে সমস্যাটা বেশিই থাকে।’

    নিপা জানান, একটি রেকর্ড ২০২২ এবং অপরটি ২০২৩ সালের মার্চের দিকে করলেও সনদ পান গত বছরের ডিসেম্বরে।

    বরিশাল নগরের কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা বরিশালের এআরএস স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স করেন।

  • শেখ হাসিনাকে সৌদি যুবরাজের অভিনন্দন

    শেখ হাসিনাকে সৌদি যুবরাজের অভিনন্দন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সৌদির যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদ।

    মঙ্গলবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে অভিনন্দনপত্র তুলে দেন।

    এর আগে সোমবার (২২ জানুয়ারি) শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ও নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সাভেদ্রা। এ ছাড়া নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লোও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

  • ভোলায় মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

    ভোলায় মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

    ভোলা প্রতিনিধি ::: ভোলায় মেঘনা নদীতে মালবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন।

    রোববার (২১ জানুয়ারি) রাত ১টার দিকে মেঘনার জোড়খাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

    নিখোঁজ দুজন হলেন আব্দুর রাজ্জাক সরদার ও তার ছেলে পারভেজ সরদার। তাদের বাড়ি বরিশালে মেহেন্দীগঞ্জ উপজেলায়।

    ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার জানান, রোববার রাত ৯টার দিকে ভাঙারি মালপত্র নিয়ে মনপুরা থেকে মেহেন্দিগঞ্জগামী একটি ট্রলার তীব্র স্রোতের কারণে মেঘনায় ডুবে যায়। এসময় অন্য ট্রলারের সহায়তায় ওই ট্রলারের পাঁচজনকে উদ্ধার করা হলেও বাকি দুজন নিখোঁজ হন।

    এ ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গেছে। নিখোঁজ বাবা-ছেলেকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

  • বরিশালে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

    বরিশালে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

    নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের নিত্যনন্দি গ্রামে তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বৃদ্ধার নাম চানবারু বেগম (৮০)। তিনি ওই এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিত্য নন্দী গ্রামের চানবরু তার স্বামীর মৃত্যুর পর থেকে বসতঘরে একাই বসবাস করেন। ছেলে-মেয়ের সঙ্গে স্বামীর ভিটা ছেড়ে থাকতেন না। রাতে কুপির বাতি জ্বালিয়ে তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছিলেন। আগুন না নিভিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় কুপির আগুন তার বসতঘরের কাঠ ও টিনে লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বসতঘরের আগুন নিয়ন্ত্রণ করে।

    গুঠিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ রফিক বলেন, আহত চানবারুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে বৃদ্ধা তার বসতবাড়িতে থাকতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপির আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

  • ঝালকাঠিতে ৫ ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ মোটরসাইকেল চালককে জরিমানা

    ঝালকাঠিতে ৫ ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ মোটরসাইকেল চালককে জরিমানা

    ঝালকাঠিতে অভিযান চালিয়ে দুইটি সার-বীজ বিপণন এর দোকান, তিনটি ফাস্টফুড এবং ৫ জন মোটরসাইকেল চালকদেরকে ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    সোমবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। ফাস্ট ফুডের দোকানে মেয়াদ উর্ত্তীন্ন খাবার পাওয়া এবং কৃষি বিপণনের দোকানে ভেজাল পণ্য পাওয়ায় এ জরিমানা করা হয়।

    এছাড়াও ড্রাইভিং লাইেসেন্স না থাকা, হেলমেট না পরার মোটর সাইকেল চালকদেরকে জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝালকাঠির রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মহিন উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

    জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানয়েছেন ঝালকাঠির রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মহিন উদ্দিন।

  • বিএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

    বিএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় নগরীর রূপাতলী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির।

    এ সময় প্যারেড পরিদর্শনকালে বিএমপি কমিশনার অফিসার ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও তিনি নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা সহ বিএমপি’র শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।