Blog

  • ফেরি ডুবি:  ৬ দিনপর সহকারী মাস্টার পিরোজপুরের হুমায়‍ুনের লাশ ‍উদ্ধার

    ফেরি ডুবি: ৬ দিনপর সহকারী মাস্টার পিরোজপুরের হুমায়‍ুনের লাশ ‍উদ্ধার

    পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবীরের মরদেহটি উদ্ধার করা হয়েছে।

    সোমবার (২২ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হুমায়ুন কবীর পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া হাড়িভাঙ্গা এলাকার আব্দুল লতিফের ছেলে।

    ওয়্যার হাউস ইন্সপেক্টর মজিবুর রহমান বলেন, হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে ডুবে যাওয়া রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবীরের ছোট ভাই রফিকুল ইসলাম তার ভাইয়ের মরদেহটি শনাক্ত করেছেন। এখন মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলমান আছে।

    এর আগে, ১৭ জানুয়ারি সকাল সোয়া ৮টায় কাভার্ডভ্যান, ট্রাকসহ ৯টি গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় ফেরি রজনীগন্ধা।

  • অনির্দিষ্টকালের জন্য বরগুনায় বাস চলাচল বন্ধ

    অনির্দিষ্টকালের জন্য বরগুনায় বাস চলাচল বন্ধ

    বরগুনার সব রুটে আজ সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করেছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

    সংগঠনের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় এই ধর্মঘট ডাকা হয়েছে। বরগুনা কেন্দ্রীয় বাস টার্মিনাল কাউন্টারের দায়িত্বে থাকা মো. সোহরাব বলেন, ‘সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে রাতে মারামারির ঘটনা ঘটেছে। এ কারণে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।’

    বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা কিসলু জানান, গতকাল রোববার রাত ১১টার দিকে একটি ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন তার লোকজন নিয়ে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের সাধারণ সম্পাদক মো. ছগীরের ওপর হামলা চালায়। এ সময় সংগঠনের অফিসেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে বরগুনা থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

    সাকুরা পরিবহনের স্টাফ মনিরুজ্জামান বলেন, ‘শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সঙ্গে ঝামেলা হওয়ায় বাস চলাচল বন্ধ। এখন কোনো বাস চলবে না তাই আমরাও যেতে পারব না।’

    সোমবার সকাল থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

    বরগুনা সদর উপজেলার ধুপতি নামক এলাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্য যাওয়ার জন্য টার্মিনালে আসা যাত্রী মো. আব্দুস সালাম বলেন, ‘আমার জানা ছিল না আজকে বাস চলাচল বন্ধ। টার্মিনালে এসে দেখি কোনো বাস চলবে না। এখন আমাকে যেতে হবে কিন্তু কীভাবে যাব বুঝতে পারছি না।’

    বরিশালগামী সজিবখান নামের পরিবহনের কর্মচারি মো. মেহেদী বলেন, ‘আমাদের গাড়ি চালানো বন্ধ। একদিন গাড়ি চালালে ৫০০ টাকা বেতন পাই। কিন্তু এখন গাড়ি না চলায় আমাদের বেতনও বন্ধ।’

    এ ঘটনায় অভিযুক্ত বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপনের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার ফোনে করা হলেও তিনি ফোন ধরেননি।

    এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস টার্মিনালে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ জানায়নি। তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে যাতে বাস চলাচল বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

  • জাতীয় পার্টিই সংসদের বিরোধী দল: কাদের

    জাতীয় পার্টিই সংসদের বিরোধী দল: কাদের

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    সোমবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সব হারিয়ে এখন শোক সাগরে নিমজ্জিত। তারা এখন সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে দেশে-বিদেশে গুজব ছড়াচ্ছে। তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস।

    ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আর বাংলাদেশে তারা বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার করছে। তারা মনে করছে আওয়ামী লীগ কচু পাতার ওপর শিশিরবিন্দু, সহজেই পড়ে যাবে। সেটা সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে।

    তিনি বলেন, আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না। বিএনপির রাজনীতির ভুলের চোরাবালিতে আটকে আছে। তারা যত সরকারের পতনের কথা বলবে, সরকারের তত উত্থান হবে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যেতো, তাহলে হঠাৎ করে তাদের এমন পতন হতো না। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেরাই খাদে পড়েছে।

    এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দলই হবে প্রধান বিরোধীদল। স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছেন। দল যদি বলেন, তাহলে জাতীয় পার্টি। উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে আজ সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

  • শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন: বিটিআরসি

    শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন: বিটিআরসি

    দেশে ব্যবহৃত অবৈধ মোবাইল ফোন শিগগির নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার (২১ জানুয়ারি) স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, বিটিআরসি জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ বা প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত বা আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে এনইআইআরের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে শুরু হয়েছে। এতে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত সম্ভব হবে। পাশাপাশি মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ হবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনইআইআরের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে চালু করে শিগগির অবৈধ মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এ পরিস্থিতিতে সবাইকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাই করে নিতে হবে। মোবাইল কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ স্বরূপ: KYD 123456789012345) ১৬০০২ নম্বরে প্রেরণের মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা যাবে বলেও জানিয়েছে বিটিআরসি।

    ১৬ জানুয়ারি দেশে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ওইদিন তিনি বলেন, দেশে অপরাধ নিয়ন্ত্রণে নিবন্ধনবিহীন মোবাইল ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে। মোবাইল ফোনের ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা বিটিআরসির রয়েছে।

  • তীব্র শীতের মধ্যেই দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

    তীব্র শীতের মধ্যেই দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

    দেশের ৬ জেলায় আজ রোববার (২১ জানুয়ারি) শৈত্যপ্রবাহ বয়ে চলছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের মতোই অপরিবর্তিত রয়েছে। তবে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। মাঘের সপ্তম দিনে আজ রোববার সকাল থেকেই রাজধানীর আকাশে কুয়াশা অনেকটা কেটে গেছে। দেখা গেছে রোদের মুখ। এ সপ্তাহের শেষ দিকে অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, মাসজুড়েই শীত থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা থাকতে পারে ৯ দশমিক ৭ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এছাড়াও চলতি মাসের ২৪, ২৫ তারিখে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। পরদিন থেকে আবার আবহাওয়া স্বাভাবিক হতে পারে।

    আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার বুলেটিনের (বার্তা) তথ্যে জানা যায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে ঘন কুয়াশা থাকতে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

    বুলেটিনে আরও বলা হয়, কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও আজ সারাদেশে বাতাসের আদ্রতা থাকছে ৯৪ শতাংশ।

    সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    আজ দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহী, ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছিতে। সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।

    দেশের অনেক অঞ্চলের আবহাওয়া মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন দিন ১০–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেছেন। রোববার বিকালে উগান্ডার কাম্পালায় তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।

    বৈঠকে মহাসচিব বৈশ্বিক অর্থনীতির কাঠামো সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং জাতিসংঘের নেতৃত্বে বেশ কয়েকটি বৈশ্বিক প্রক্রিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার জন্যও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

    বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নিরসনে জাতিসংঘ মহাসচিবের সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুকে জাতিসংঘের আলোচ্যসূচির শীর্ষে রাখার জন্য আন্তোনিও গুতেরেসকে অনুরোধ করেন মন্ত্রী।

    ২০২৪ সাল জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার সুবর্ণজয়ন্তীর বছর উল্লেখ করে হাছান মাহমুদ এটিকে যথাযথভাবে উদযাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি গুতেরেসকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। দেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মহাসচিবকে ব্রিফ করেন হাছান মাহমুদ।

    তিনি জানান, জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উগান্ডার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত, কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ প্রমুখ।

  • পিছিয়ে পরা বরিশালকে ‘স্মার্ট নগরী’ হিসেবে গড়ে তোলা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    পিছিয়ে পরা বরিশালকে ‘স্মার্ট নগরী’ হিসেবে গড়ে তোলা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক ::: দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

    শনিবার (২০ জানুয়ারি) বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নৌকা প্রতীকের নির্বাচন কমিটি আয়োজিত এক সংবর্ধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    পিছিয়ে পরা বরিশালকে ‘স্মার্ট নগরী’ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বরিশাল বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০০৮ সালের ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট দেশে রূপান্তরিত করা হবে।

    বরিশাল সিটি কররপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির, বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার ও বরিশাল মহানগর যুবলীগের সহ-সভাপতি মাহমুদুল হক খান মামুন প্রমুখ।

  • বরগুনায় বহুল আলোচিত ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যু: অভিযুক্ত গ্রেপ্তার

    বরগুনায় বহুল আলোচিত ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যু: অভিযুক্ত গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক ::: বরগুনার বহুল আলোচিত ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত এবং সেই মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মো. মিজানুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

    র‌্যাব-২ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, সম্প্রতি বহুল আলোচিত ভুল চিকিৎসায় বরগুনায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি ছিলেন মিজানুর রহমান। তিনি বরগুনার বামনার মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

    তিনি বলেন, গত ১৫ জানুয়ারি বরগুনা জেলার বামনা থানাধীন এলাকায় সন্তানসম্ভবা এক নারীর প্রসব বেদনা উঠলে তার বাবা ও তার স্বামী মিলে তাকে বিকেল ৩টার দিকে বামনা থানার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা সুন্দরবন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। পরবর্তীতে ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক ডা. সবুজ কুমার দাস পরীক্ষা-নিরীক্ষাসহ আল্ট্রাসনো করে দ্রুত অপারেশনের পরামর্শ দেন। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের বাবাকে ২০ হাজার টাকা দিলে তারা অভিজ্ঞ সার্জন দিয়ে তার মেয়েকে অপারেশনসহ সম্পূর্ণ চিকিৎসা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি রাখেন। এতে ভিকটিমের বাবা রাজি হয়ে ক্লিনিকে অগ্রিম ১০ হাজার টাকা জমা দিলে রাত সাড়ে ১০টার দিকে ক্লিনিকের অপারেশন থিয়েটার রুমে ভিকটিমকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার সবুজ কুমার দাস অন্য কোনও অভিজ্ঞ সার্জন ও স্টাফ ছাড়াই তার অদক্ষ সহকর্মীদের নিয়ে অপারেশন শুরু করেন।

    কিন্তু দীর্ঘ সময় পার হলেও অপারেশন থিয়েটার থেকে কোনও সংবাদ না আসায় পরিবারের সন্দেহ সৃষ্টি হয়। সন্দেহের বশে ক্লিনিক কর্তৃপক্ষকে অপারেশন থিয়েটার খোলার জন্য বললেও তারা অপারেশন কক্ষের দরজা বন্ধ রাখেন। এভাবে দীর্ঘ ২ ঘণ্টা ৩০ মিনিট অতিবাহিত হবার পর দরজা খোলার জন্য জোরালো দাবি জানালে, ডাক্তার ভিকটিমের বাচ্চাকে তার পেটের মধ্যে পুনরায় রেখে তার পেট বাইরে থেকে সেলাই করে ও কসটেপ লাগিয়ে রাত ১১ টার দিকে অপারেশন থিয়েটার থেকে বের করেন। এসময় তিনি রোগীর হার্টবিট বেড়ে গেছে জানান এবং তাকে জরুরিভিত্তিতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যেতে বলেন।

    তাদের পরামর্শে ভাড়া করা অ্যাম্বুলেন্সযোগে বরিশাল নেওয়ার পথে ভান্ডারিয়া থানা এলাকায় পৌঁছানোর দীর্ঘ সময় ভিকটিমের কোনও সাঁড়াশব্দ না পেয়ে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ভিকটিম নারী দেড় থেকে দুই ঘণ্টা আগেই মারা গেছেন।

    ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বরগুনা জেলার বামনা থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা (মামলা নং-৬) করেন। ঘটনাটি দেশব্যাপী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদমাধ্যমের শিরোনাম হলে তুমুল আলোচনা-সমালোচনা সৃষ্টি করে।

    এএসপি শিহাব করিম বলেন, র‌্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল মিজানুর রহমানকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে বরগুনা জেলার বামনা থানায় হস্তান্তর করা হয়েছে।’

  • কারও স্বীকৃতির অপেক্ষায় সরকার বসে নেই: ওবায়দুল কাদের

    কারও স্বীকৃতির অপেক্ষায় সরকার বসে নেই: ওবায়দুল কাদের

    কারও স্বীকৃতির জন্য সরকার অপেক্ষা করে বসে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, কারও রিকগনিশনের জন্য চাতক অপেক্ষায় বসে আছি, নির্বাচিত সরকার এমন দেউলিয়া অবস্থায় পড়েছে- এটা মনে করার কোনো কারণ নেই।

    রোববার (২১ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

    ওবায়দুল কাদের বলেন, বিএনপি হিংসায় জ্বলছে। কারণ তারা নির্বাচনে অংশ না নিলেও দেশের বিপুল সংখ্যক মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। বিএনপি এখন ঈর্ষাকাতর।

    সড়ব পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশ প্রেমিক সরকার হিসেবে আওয়ামী লীগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে। আর আন্দোলনের নামে বিএনপি সহিংসতার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে এবং রাজনৈতিকভাবে আমরাও মোকাবিলা করব ৷ বিএনপির তথাকথিত আন্দোলনের রূপরেখা কেউ দেখেনি। তাদের আন্দোলনের বিষয়টি স্পষ্ট নয়। তথাকথিত আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশি-বিদেশে হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছে। তাদের কথিত আন্দোলন দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা বলে মনে করি।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার বিএনপির আছে। কিন্তু আন্দোলনের নামে যদি তারা ২৮ অক্টোবর এবং এর পরবর্তী সময়ের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে, মানুষ পুড়িয়ে মারে, জননিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিবে।

    এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

  • ঝালকাঠিতে আ.লীগ নেতাকে হত্যা: প্রবাসীর স্ত্রীসহ ৪ জনকে আসামি করে মামলা

    ঝালকাঠিতে আ.লীগ নেতাকে হত্যা: প্রবাসীর স্ত্রীসহ ৪ জনকে আসামি করে মামলা

    নিজস্ব প্রতিবেদক ::: ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিক (৫০) হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

    গতকাল মঙ্গলবার রাতে নিহত রিপন মল্লিকের ছেলে রিয়াজ মল্লিক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আটক শিরিন আক্তারকে (৩৫) এক নম্বর আসামি করে অজ্ঞাতনামা আরও ৩ জনকে মামলায় আসামি করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে শিরিন আক্তারকে ঝালকাঠির আদালতে পাঠানো হয়েছে। রিপন মল্লিক পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। তিনি জমি ক্রয়-বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

    গত সোমবার রাতে কৃষ্ণকাঠি এলাকায় রিপন মল্লিকের প্রতিবেশী সৌদিপ্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে রিপন মল্লিকের লাশ পাওয়া যায়। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের। পুলিশ রাতেই তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল বিকেলে কৃষ্ণকাঠি এলাকার জৌনপুরী খানকা কমপ্লেক্স জামে মসজিদের সামনে রিপন মল্লিকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

    জানাজায় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল আমিন বলেন, রিপন মল্লিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একটি মহল মৃত ব্যক্তির নামে অপপ্রচার চালাচ্ছে।

    আজ সকালে নিহত রিপন মল্লিকের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনেরা কান্নাকাটি করছেন। যে প্রবাসীর টিনের ঘরে হত্যাকাণ্ডটি ঘটে, সেটি তালাবদ্ধ অবস্থায় আছে।

    মামলার বাদী রিয়াজ মল্লিক জানান, তাঁদের প্রতিবেশী সৌদিপ্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে সোমবার রাত সাড়ে ১০টায় হত্যাকাণ্ডটি ঘটে। ওই নারীর কাছে তাঁর বাবা রিপন মল্লিক জমি বিক্রির দুই লাখ টাকা পেতেন। ছয় মাস আগে রিপন মল্লিককে উড়োচিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পরিবার থেকে এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হলেও রিপন করেননি। জমির পাওনা টাকা না দেওয়ার জন্যই শিরিন আক্তার একটি চক্রের সহায়তা নিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে নাটক সাজিয়ে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন রিয়াজ মল্লিক।

    ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বলেন, ওই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাঁর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কোনো তথ্য দেননি।

    স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রিপন মল্লিক প্রায়ই সৌদিপ্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের বাসায় আসা-যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন ঢাকায় অবস্থান করছেন। ঘটনার দিন শিরিন তাঁর ঘরে একা থাকার সময় এ ঘটনা ঘটেছে।

    নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, ‘আমাকে স্থানীয়রা ফোনে জানায়, ভাইকে মেরে মাথা ফাটিয়ে হত্যা করা হয়েছে। খবর শুনে শিরিনের বাসায় গিয়ে দেখি, সে ঘরেই বসা ও স্বাভাবিক। ভাইয়ের লাশ হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা।’

    শিরিন আক্তারের বোনের ছেলে লিয়ন হোসেন বলেন, ‘আমার খালা-খালু রিপন মল্লিকের কাছ থেকে জমি কিনেছেন। সেই সুবাদে রিপন মল্লিক আমার খালার বাসায় আসা-যাওয়া করতেন। তবে ঘটনার দিন কেন রিপন মল্লিক খালার ঘরে এসেছিলেন, তা আমার জানা নেই।’

    ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, ‘লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে প্রাথমিকভাবে বোঝা গেছে এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার শিরিন আক্তারকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রার্থনা করা হবে।’