Blog

  • কলাপাড়ায় বিয়ের ২ দিন পর যুবককে হত্যা

    কলাপাড়ায় বিয়ের ২ দিন পর যুবককে হত্যা

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে বিয়ের দুইদিন পরই ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    মৃত ওমর ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহআলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গতকাল কনের বাড়িতে বৌভাত শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজনসহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। রাতে ওমর ও তার স্ত্রী একসঙ্গে এক কক্ষে ঘুমায়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

    ওমর আলীর স্ত্রী রুকাইয়া জানান, ভোররাতে আমরা দুইজনে একসঙ্গে ওজু করতে নামি। ওজু করা হলে আমাকে আমার স্বামী ঘরে পাঠিয়ে দেয়। এর আগেই আমার শ্বশুর মসজিদে নামাজে চলে যায়। আমি ঘরে আসার পর শুধু একটা বমির শব্দ শুনতে পাই। আমি আমার স্বামী হত্যাকারীর বিচার চাই।

    ওমর আলীর পিতা শাহজাহান ফরাজী জানান, আমি ভোররাতে নামাজ পড়তে মসজিদে চলে যাই। তখন কেউ ঘুম থেকে ওঠেনি। আমার ছেলে মসজিদে যায়নি। এই এলাকায় আমাদের কোনো শত্রুও নেই। কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছে সেটা বলতে পারছি না। আমার ছেলে হত্যাকারীদের বিচার দাবি করছি।

    মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশিয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

  • বরিশালে নিজের শটগানেই গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল

    বরিশালে নিজের শটগানেই গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল

    বরিশালের মেহেন্দিগঞ্জে মৎস্য বিভাগের সঙ্গে অভিযানে গিয়ে নিজের শটগানের গুলিতে বিদ্ধ হয়েছেন এক পুলিশ কনস্টেবল। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চর শেফালী নলচর খালেরমুখে এ ঘটনা ঘটে।

    আহত মো. কায়সার আহমেদ মেহেন্দিগঞ্জ থানার কনস্টেবল।

    মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, নদীতে অবৈধ জাল দিয়ে জাটকা শিকার বন্ধে অভিযান চলছিল। অভিযানে তাদের সহায়তায় যায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানের সময় কনস্টেবল কায়সার তার সঙ্গে থাকা শটগানের গুলি লোড করতে যান। অসাবধানতায় গুলি বাম পায়ের বুটভেদ করে আহত হয়েছেন তিনি। পরে তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৎস্য বিভাগের বরিশালের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। মেহেন্দিগঞ্জের গজালিয়া নদীতে এ অভিযানে র‌্যাব-কোস্টগার্ড ও পুলিশ সহায়তা করেছে। দিনভর পরিচালিত অভিযানে অবৈধ ২০টি পাইপজাল, ৮টি বেহুন্দি জাল ও ৫০ টি চরঘেরা জাল উদ্ধার করা হয়। পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়।

  • বরিশালে গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার

    বরিশালে গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার

    দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা ইদ্রিস হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার সকালে বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায়
    জানা গেছে, সোমবার বিকেলে গৌরনদী উপজেলার মাগুরা নতুন বাজার এলাকা থেকে দেড়
    কেজি গাঁজাসহ ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইদ্রিস ওই এলাকার
    মৃত কাদের হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে
    গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • জবির সহকারী প্রক্টর হলেন মুনিরা জাহান সুমি

    জবির সহকারী প্রক্টর হলেন মুনিরা জাহান সুমি

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুনিরা জাহান সুমি।

    সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধি ১৫(১) বিধি মোতাবেক তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন।

    মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে এ আদেশ কার্যকর হবে। সেই সঙ্গে ওই পদের দায়িত্ব ভাতা পাবেন তিনি।

    মুনিরা জাহান সুমি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস.এম.রুহুল আমীন রিজভীর সহধর্মিণী।

  • বরিশাল সিটির ৮ ও ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা

    বরিশাল সিটির ৮ ও ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সিটি করপোরেশনের ৮ ও ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৯ মার্চ এ দুটি পদে ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনের তপশিল ঘোষণা করেন বরিশালের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সী।

    তপশিল অনুযায়ী আগামী ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের পরে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি আপিল করার সময় নির্ধারণ করা হয়েছে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি শেষে ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ শেষে প্রচার শুরু হবে।

    গত ১১ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে নগরীর ৮ নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি নেতা সেলিম হাওলাদার। কিন্তু গত ২৮ জুন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। অপরদিকে ২২ নম্বর ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ নেতা মো. আনিছুর রহমান দুলাল কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছরের ১০ সেপ্টেম্বর মারা যান। তাদের মৃত্যুতে এ দুটি ওয়ার্ডরে কাউন্সিলর পদ শূন্য হয়।

    জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সী জানান, ৯ মার্চ দুটি ওয়ার্ডেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ৮ নম্বর ওয়ার্ডে তিনটি ও ২২ নম্বর ওয়ার্ডে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। দুটি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৩৮ জন।

  • বরিশালে আইএইচটি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বরিশালে আইএইচটি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের তৃতীয় শ্রেণির স্টাফ কোয়ার্টারের একটি ভবন থেকে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী অন্তরা পানুয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।

    তবে আত্মহত্যার সঠিক কারণ না জানা গেলেও মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের সূত্র বলছে কারও সঙ্গে সম্পর্কের সূত্র ধরে সে আত্মহনন করে থাকতে পারে।

    এদিকে আইএইচটি’র শিক্ষার্থীর মরদেহ শেবাচিম হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে উদ্ধার হওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। যদিও মৃতের রুমমেট সুমাইয়া জানান, কলেজের শিক্ষক তাহেরুল ইসলাম সুমনের মাধ্যমে তারা একদিন আগে এ কোয়ার্টারের পেছনের ব্লকের ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ওঠেন।

    মৃত অন্তরা পানুয়া পটুয়াখালী জেলা সদরের খলিসাখালী এলাকার অনুকুল চন্দ্র পানুয়ার মেয়ে এবং বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজ’র ডেন্টাল অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছেন অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু।

    তিনি বলেন, আমাদের শিক্ষার্থী যাদের বিয়ে হয়েছে তারা অনেকেই বাইরে থাকেন। অন্তরাও হোস্টেলে না থেকে বাইরে থাকতো। তবে সে কোথায় থাকতো সেটি আমরা জানতাম না। সকালে তার আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে যাই। মৃত্যুর কারণও আমি বলতে পারবো না।

    অন্তরার মরদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে সেটি আমাদের আওতাভুক্ত এলাকা না, সেটি শেবাচিম হাসপাতালের কোয়ার্টার এলাকা। তাই সে কীভাবে সেখানে থাকতো তাও জানি না বলেও জানান তিনি।

    যদিও অন্তরার পাশের রুমে বসবাসকারী আইএইচটি’র অপর শিক্ষার্থী সুমাইয়া জানান, তারা আগে যেখানে থাকতেন সেখান থেকে মাত্র একদিন আগে শেবাচিম হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারীদের এ কোয়ার্টারের তৃতীয় তলার ফ্ল্যাটে ওঠেন। দোতলায় তাদের শিক্ষক তাহেরুল ইসলাম সুমন থাকেন এবং তার মাধ্যমেই তৃতীয় তলায় তারা উঠেছেন।

    শিক্ষক সুমন সম্পর্কে মামা হন জানিয়ে সুমাইয়া বলেন, আমরা এখানে অল্প কয়েকদিনের জন্য থাকতে এসেছিলাম, নতুন বাসা নিয়ে সেখানে যাব। কিন্তু তার আগেই অন্তরা আজ আত্মহত্যা করলো।

    আত্মহত্যার কারণ জানা নেই জানিয়ে তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে অন্তরার রুমের জানালা দিয়ে দেখতে পাই সে ফ্যনের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে।

    এদিকে ঘটনার পর থেকে তাহেরুল ইসলাম সুমনকে ওই ভবনে পাওয়া যায়নি। তার ফ্ল্যাটে অবস্থান নেওয়া জেলা আনসার অফিসের এক কর্মকর্তা নিজেকে সুমনের মামা দাবি করে জানান, সুমনের বদলি হয়েছে, আর সে কারণে সুমন বর্তমানে ঢাকায় অবস্থান করছে। তবে সে আইএইচটি’র শিক্ষক হয়ে কীভাবে শেবাচিম হাসপাতালের কোয়ার্টারে থাকছে সে বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।

    অপরদিকে মোবাইল ফোনে তাহেরুল ইসলাম সুমন জানান, তৃতীয় তলার ফ্ল্যাট খালি থাকায় সেখানে ওই দুই শিক্ষার্থীকে থাকতে বলেছিলেন, কিন্তু উপকার করতে গিয়ে এমন ঘটনা ঘটবে তা তিনি জানতেন না। আর শিক্ষার্থীর বাইরে এ মেয়েদের সঙ্গে তার কোনো ব্যক্তিগত পরিচয়ও নেই, কারও সঙ্গে কোনো সম্পর্কও নেই। তবে সুমাইয়া যে মামা দাবি করেছে সেটা জানালে তিনি সেটিকেও সমর্থন করেন।

    আর ফ্ল্যাটের অবৈধ বাসিন্দা হওয়ার বিষয়ে তিনি বলেন, সবাই বিষয়টি জানেন হাসপাতালের কোয়ার্টার যাদের নামে বরাদ্দ, তারা সেখানে থাকেন না। ভাড়া দিয়ে দেন, তিনিও দোতলার ফ্ল্যাট ভাড়া নিয়েছেন মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী (ক্যাশ পিয়ন) আবিদ হাসানের কাছ থেকে। কিন্তু এ বিষয়ে আবিদ হাসানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    এদিকে আবিদ হাসান সম্পর্কে ভাই হয় দাবি করে তিনি বলেন, তৃতীয় তলার ফ্ল্যাট খালি থাকায় সেখানে ওই মেয়েদের থাকতে বলা হয়েছিল। আর শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সম্প্রতি তারা কর্তৃপক্ষকে নিয়ে হাসপাতালের কোয়ার্টারগুলো পরিদর্শন করেছেন। তখন তারা তৃতীয় তলার ফ্ল্যাটে কাউকে পাননি, বাইরে থেকে তালাবদ্ধ পেয়েছেন। সকালেই শুনতে পেয়েছেন সে ফ্ল্যাটে এক মেয়ে আত্মহত্যা করেছেন।

    তবে শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন জানিয়েছেন, কীভাবে মেডিকেলে কলেজ থেকে একজন কর্মচারীর নামে ওই ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে তা আমরা জানি না। তবে সম্প্রতি আমরা খতিয়ে দেখেছি কোয়র্টারগুলোর অনেক ফ্ল্যাট খালি ও পরিত্যক্ত রয়েছে। আবার কিছু বরাদ্দ হলেও সেখানে যথাযথ লোক থাকছেন না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। আর তৃতীয় শ্রেণির কোয়ার্টারে আইএইচটির ছাত্রীর অবস্থান এবং আত্মহত্যার বিষয়টি পুলিশের পাশাপাশি আমরাও খতিয়ে দেখবো এবং নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থাও নেওয়া হবে।

    আর আইএইচটির শিক্ষক হয়ে সুমন কীভাবে মেডিকেলের কোয়ার্টারে থাকছেন সেটি জানেন না জানিয়ে অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু বলেন, গত ১ তারিখে ইন্সট্রাক্টর তাহেরুল ইসলাম সুমনের রংপুরে বদলি হয়েছে। তাকে এখনো ছাড়পত্র দেওয়া হয়নি, তবে বদলিজনিত কারণে তিনি ঢাকায় আছেন বর্তমানে এমনটাই আমি জানি।

    এদিকে মরদেহ উদ্ধারকারী কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই রেজাউল ইসলাম রেজা বলেন, আত্মহত্যার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অন্তরার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার কোনো অভিভাবক বা স্বজন এখনও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি, তাদের অভিযোগ থাকলে লিখিত দিলে আমরা খতিয়ে দেখবো।

    এদিকে অন্তরার ৪ বছর আগে তাপস নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়, চাকরির কারণে সেও বরিশালে থাকেন না জানিয়ে সহপাঠীরা বলছেন, স্বামীর সঙ্গে কিংবা অন্য কোনো কারণে অন্তরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করতে পারেন। তবে সম্প্রতি অন্তরা মানসিক চাপে ছিলেন।

  • বাবুগঞ্জে স্কুলে যাওয়া পথে ভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

    বাবুগঞ্জে স্কুলে যাওয়া পথে ভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

    বরিশালের বাবুগঞ্জে স্কুলে যাওয়ার সময় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    রোববার (০৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাহুতকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান।

    নিহত ওই শিক্ষার্থী হলো অরুন্য দাস রুদ্রও (৯)। সে রাহুতকাঠি গ্রামের বাসিন্দা কার্তিক দাসের ছেলে। রুদ্র উপজেলার ২৯ নম্বর উত্তর রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

    শিশুর চাচা দিপু দাস বলেন, সকালে বাড়ি থেকে হেঁটে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় রুদ্র। স্কুলে প্রবেশ করার মুহূর্তে একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত রুদ্রকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    দিপু বলেন, পরিবারের কোনো অভিযোগ নেই। মরদেহ সৎকারের উদ্দেশ্যে নিয়ে এসেছি।

    বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, স্কুলছাত্র ভ্যানের ধাক্কায় পড়ে আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। তবে পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

  • পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    আইনশৃঙ্খলা রক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে (পণ্য পরিবহনে) চাঁদাবাজি হলে সংশ্লিষ্ট সবাইকে শক্তভাবে ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

    সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভার বৈঠকে তিনি এসব নির্দেশ দেন। সচিব সভা শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং বাজারমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি (প্রধানমন্ত্রী) নজরদারি করতে বলেছেন। নজরদারির ক্ষেত্রে তিনি একটি সুনির্দিষ্ট এরিয়ার কথা বলেছেন। অনেক সময় আমাদের দ্রব্যমূল্যের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির প্রসঙ্গ আসে, নিউজ আসে। এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবাইকে খুবই শক্তভাবে ব্যবস্থা নিতে বলেছেন, এটি যেন কোথাও না হয়।

    মো. মাহবুব হোসেন বলেন, আইনশৃঙ্খলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটি বিষয়ের দিকে নজর দিতে বলেছেন। বিশেষ করে ছিনতাই, কিশোর গ্যাং বা এ রকম যেসব অপরাধ হচ্ছে, সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করে নজর দিতে বলেছেন তিনি।

    সকাল ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার বৈঠকে সব সচিব এবং বিভিন্ন দপ্তরের সচিব পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৫-১৬ জন সচিব আলোচনায় অংশ নেন এবং ১১ জন প্রস্তাব দেন।

  • ইভ্যালি ফেরত দিল গ্রাহকের টাকা

    ইভ্যালি ফেরত দিল গ্রাহকের টাকা

    ১৫০ গ্রাহকের মোট ১৫ লাখ টাকা ফেরত দিয়েছে ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে টাকা ফেরত দেওয়া হয়। নতুনভাবে ব্যবসা শুরুর পর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি প্রথমবার গ্রাহকের পাওনা টাকা ফেরত দিল।

    মোহাম্মদ রাসেল ভোক্তা অধিকারের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামানকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন করে ইভ্যালি শুরু করার পর আমাদের যে টাকা লাভ হয়েছে সে টাকা থেকেই পাওনাদারদের অর্থ পরিশোধ শুরু করেছি। এর মধ্যে আমরা প্রায় ৬৫ হাজারেরও বেশি পণ্য ডেলিভারি সম্পন্ন করেছি।

    ইভ্যালি থেকে অনেকেই টাকা পাবে তা স্বীকার করে রাসেল বলেন, আমরা এখন যে পদ্ধতিতে পণ্য বিক্রি করছি এতে করে খুব দ্রুতই সকলের টাকা পরিশোধ করা হবে। যারা অভিযোগ করেছে শুধু তাদের নয়, যারা টাকা পাবেন এমন সবার টাকাই পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (অভিযোগ) মাসুম আরেফিন বলেন, ইভ্যালির ব্যাপারে ভোক্তা অধিকারে প্রায় ৭ হাজারের মতো অভিযোগ পড়েছে। এর মধ্যে আজ (রোববার) ১৫০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এসব গ্রাহকদের ১৫ লাখ টাকার ফেরত দেওয়া হয়েছে। এ সময় জাতীয় ভোক্তা অধিকার পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, ব্যাংকের চাকরি ছেড়ে ২০১৮ সালে ইভ্যালি প্রতিষ্ঠা করে হইচই ফেলে দেন মোহাম্মদ রাসেল। মাত্র দুই বছরের মধ্যে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান হয়ে ওঠে ইভ্যালি। কিন্তু ওই সময় ঋণের বোঝাও বেড়ে যায় তাদের। তবে অভিযোগ আছে, ইভ্যালিকে থামানোর জন্য তখন দেশি-বিদেশি কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান উঠেপড়ে লাগে। তার জন্য মোটা অঙ্কের বরাদ্দও করেন তারা। একপর্যায়ে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হন রাসেল। কিন্তু তাকে গ্রেপ্তারে হতাশ হন প্রতিষ্ঠানটির লাখ লাখ গ্রাহক। তারা ইভ্যালির ব্যবসা চালুর জন্য আন্দোলন শুরু করেন। তাকে মুক্তি দিতে ২০ হাজারের বেশি ক্রেতা-বিক্রেতা আদালতের কাছে লিখিত আবেদন করেন। এর মধ্যে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন রাসেল ও তার প্রতিষ্ঠান। সর্বশেষ গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে তার স্ত্রী ও ইভ্যালির চেয়ারম্যান অনেক আগেই মুক্তি পেয়েছেন।

  • উজিরপুরে মৎস্যজীবীদের মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    উজিরপুরে মৎস্যজীবীদের মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ২০২৩- ২০২৪ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।৫ ফেব্রুয়ারী সোমবার উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষনার্থী ২৫ জন জেলেদের উপস্থিতিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন (অঃদা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, মৎস্য দপ্তর একাউন্স মোঃ আবু জাফর, মাঠ সহায়ক অনিমেষ ঘরামী,শফিকুল ইসলাম, নাজমুল আলম, শহিদুল ইসলাম।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জেলেদের উদ্দেশ্যে বলেন জেলেদের যে কোনো পরামর্শ ও সুবিধা দেওয়া হবে। অবৈধ জাল দিয়ে মাছ ধরা ও নির্ধারিত সাইজের ছোট মাছ ধরা ও বিক্রি দন্ডনীয় অপরাধ, সকল জেলেরা বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকবেন এবং মৎস্য আইন সঠিকভাবে মেনে মাছ ধরবেন।যানা আইন মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন অবৈধ জাল দিয়ে মাছ আহরন করবেন না অন্যকেও করতে দিবেন না। যারা অবৈধ জাল দিয়ে মাছ আহরন করে তাদের তথ্য আমাদের জানাবেন। জেলেদের জন্য মৎস্য দপ্তরের দরজা সর্বদা খোলা যে কোনো বিষয় আপনারা আমাদের কাছে আসবেন। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।