Blog

  • পাওনা টাকা ফেরত পেলো ইভ্যালির আরও ১০০ গ্রাহক

    পাওনা টাকা ফেরত পেলো ইভ্যালির আরও ১০০ গ্রাহক

    অনলাইন ডেস্ক ::: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে পাওনা টাকা ফেরত পেয়েছেন ইভ্যালির আর ১০০ জন গ্রাহক। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়।

    অধিদপ্তরের সভাকক্ষে মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত থেকে গ্রাহকদের হাতে এসব পাওনা টাকার চেক তুলে দেন। এর আগে গত মাসে ফেব্রুয়ারির শুরুতে ১৫০জন গ্রাহক টাকা ফেরত পেয়েছিলেন অধিদপ্তরের নিষ্পত্তির মাধ্যমে।

    ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে অর্ডার করে পণ্য না পেয়ে যারা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেছিলেন এমন গ্রাহকরাই দ্বিতীয়বারেরর মতো টাকা ফেরত পেয়েছেন। অধিদপ্তরে প্রায় ৭ হাজার ৫০০টি অভিযোগ রয়েছে।

  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের একটি কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছরের মতো জেলা প্রশাসকদের সম্মেলনটি হচ্ছে। সম্মেলনে মন্ত্রী ও সচিবরা তাদের মুখোমুখি হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আজকে ডিসিদের একটি সভা হয়েছে। সভায় ডিসিরা আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে কিছু বলেননি। তারা ছোট ছোট কিছু পয়েন্ট সভায় তুলেছেন।

    তিনি বলেন, ডিসিরা জানতে চেয়েছেন করোনার সময়ের মতো ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করা যায় কি না। তারা বলেছেন বিশেষ করে জঙ্গিদের আদালতে আনা নেওয়া করায় কিছুটা ঝুঁকি থাকে। তাই ভার্চুয়াল কোর্টের কথা বলেছেন ডিসিরা। আমরা সেটা যাচাই-বাছাই করে দেখব।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিসিদের সভায় নির্দেশ দেওয়া হয়েছে— জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কোর কমিটির সভা যেন প্রতি মাসে তারা করেন। যাতে সবার সঙ্গে সবার একটা বোঝাপড়া থাকে। যেন কোনো অসুবিধা হলে সেটা দ্রুত সমাধান করা যায়। সভায় ডিসিদের নির্দেশ দেওয়া হয় যেন তারা ইয়াবা ও এলএসডির মতো মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলেন। আমরা ধূমপানের বিরুদ্ধে কথা বলেছি। এখন দেখা যায় প্রকাশ্যে কেউ ধূমপান করে না। কেউ ধূমপান করলে তা আড়ালে করে।

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডিসিদের অনুরোধ করা হয়েছে তারা যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করেন। বিশেষ করে রোজার আগে তারা যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করেন।

    নদীপথে যেন যত্রতত্র বালু উত্তোলন না করা হয় সেজন্য ব্যবস্থা নিতে ডিসিদের অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান। ডিসিদের যখন প্রয়োজন তখনই নিরাপত্তা বাহিনী তাদের পাশে থাকবে- এই আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

  • প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ

    প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪৯৭ জন।

    আজ মঙ্গলবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩’–এর প্রথম ধাপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ২ হাজার ৪৯৭ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীর মুঠোফোনেও খুদে বার্তা পাঠানো হবে।

    প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮ জেলার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। এসব প্রার্থী পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন।

    বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ১৫ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা সুবিধাজনক সময় নির্ধারণ করে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেন।

    প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

  • পুলিশ সপ্তাহ-২০২৪ শুরু

    পুলিশ সপ্তাহ-২০২৪ শুরু

    স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২৪’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার সর্বাধিক সংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

    এ সময় জীবন উৎসর্গকারী নয়জনের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকে ভূষিত করা হয়।

    বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।

    এদিকে, ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১১৫ পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়। ২০২০ ও ২০২১ সালে দেওয়া হয় ২৩০ পুলিশ সদস্যকে।

    ২০২০ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পান ১১৮ জন। ২০১৯ সালে ৩৪৯ জন পুলিশ সদস্যকে বিপিএম-পিপিএম পদক দেওয়া হয়েছিল।

    এর আগে যথাক্রমে ২০১৮ সালে ১৮২ জন, ২০১৭ সালে ১৩২ জন, ২০১৬ সালে ১২২ জন, ২০১৫ সালে ৮৬ জন কর্মকর্তা বিপিএম-পিপিএম পদক পেয়েছেন।

  • ৩৪ থেকে ৭০ পয়সা বাড়ছে বিদ্যুতের দাম

    ৩৪ থেকে ৭০ পয়সা বাড়ছে বিদ্যুতের দাম

    বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বনিম্ন ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

    বিদ্যুতের দাম বাড়ানোর গেজেট মঙ্গলবারই জারি হতে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

    মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

    নসরুল হামিদ জানান, বিদ্যুতের নতুন দাম মার্চ মাস থেকে কার্যকর হবে। গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্পপর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু যে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই গ্যাসের দাম বাড়তে পারে।

  • ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার গম চাষে নজর কেড়েছে তরুণ উদ্যোক্তাদের

    ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার গম চাষে নজর কেড়েছে তরুণ উদ্যোক্তাদের

    মোঃ জাহিদ,ঝালকাঠি

    ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর ব্লকের শস্য বিন্যাস ভিত্তিক মাঠ ফসল প্রদর্শনীর বারি গম ৩৩ চাষ করে কৃষকদের নজর কেড়েছে বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন।

    সরে জমিনে গিয়ে দেখা যায় ৯০ শতাংশ জমিতে সবুজের সমারোহে ফলে ভরা গাছ। বাতাসে দুলছে যেন কৃষক ও তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন।

    গম চাষী বীর মুক্তিযোদ্ধা শেখ রুল আমিন জানান ঝালকাঠি সদর উপজেলার কৃষি অফিসার আলী আহম্মদের পরামর্শে বারি গম ৩৩ চাষ করেন। এতে অল্প খরচে লাভ বেশি তাছাড়াও দেশের পুষ্টি চাহিদা পূর্ণ করে।
    তিনি আরো বলেন এবার ৯০ শতাংশ জমিতে গম চাষ করেছি আগামীতে আর জমিতে গম চাষ করব।

    এদিকে ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ জানান শস্যবিন্যাস ভিত্তিক মাঠ ফসল প্রদর্শনীর বারি গম ৩৩ চাচৈর ব্লকের বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন পরামর্শ অনুযায়ী চাষ করেন। গমের ফলন ভালো হওয়ায় তরুণ উদ্যোক্তারাও গম চাষ আগ্রহী হয়েছে।

  • দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ

    দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ

    নিজস্ব প্রতিবেদক।।
    বাংলাদেশের প্রথম সারির দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ। পত্রিকার সম্পাদক সাইফুল আলম স্বাক্ষরিত নিয়োগ পত্র থেকে জানা যায়, দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো রিপোর্টার হিসেবে সাংবাদিক এস এন পলাশকে নিয়োগ প্রদান করা হয়েছে।
    নিয়োগপত্রে তার উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন পত্রিকার সম্পাদক ও যুগান্তর পরিবারবর্গ।

    সাংবাদিক এস এন পলাশ বহুবছর যাবত বরিশাল মিডিয়া অঙ্গনে সুনামের সহিত কাজ করে আসছেন। এর আগে স্থানীয় একাধিক ও জাতীয় দৈনিকে কাজ করেছেন। এছাড়া ঢাকা টাইমসের বরিশাল ব্যুরো চীফ ও দৈনিক দেশ জনপদ পত্রিকার নির্বাহী সম্পাদকও তিনি। দৈনিক যুগান্তর পত্রিকায় তার এই যোগাদান কাজের গতি আরও বেগবান হবে বলে বিশ্বাস করেন তিনি।
    সকলের কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক এস এন পলাশ। তার ব্যবহারকৃত 01713963629 এই নাম্বারে সংবাদের তথ্য দিয়ে পাশে থাকার আহ্বান জানান তিনি।

  • শুভ জন্মদিন সাংবাদিক মাহাবুব আলম শ্রাবণ

    শুভ জন্মদিন সাংবাদিক মাহাবুব আলম শ্রাবণ

    নিজস্ব প্রতিবেদক : মাহাবুব আলম শ্রাবণ ১৯৯৫ সালের এই দিনে ঐতিহ্যবাহী পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে জন্মগ্রহণ করেন। বাবা সরকারি কর্মকর্তা ও এবং মা তিন সন্তানের মধ্যে তিনি প্রথম।

    নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক এর গন্ডি পেরিয়ে, পুরান ঢাকার ঐতিহ্যবাহী শেখ বোরহানউদ্দিন পোষ্ট গ্রাজুয়েট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করার পর, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

    মাসিক অগ্নিবার্তা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতা শুরু। কাজ করেছেন দেশের প্রথম সারির অনলাইন পত্রিকা ও টেলিভিশনে, পেয়েছেন অসংখ্য সম্মাননা।

    তিনি জানান, তার পছন্দের রং কালো ও ফুল গোলাপ। খেতে ভালবাসেন বিরিয়ানী। আর অবসর সময়ে এই সাংবাদিক যে কোনো স্থানে প্রিয় মানুষের সঙ্গে ঘুরে বেড়াতে পছন্দ করেন।

    জন্মদিনের বিশেষ আয়োজন সম্পর্কে মাহাবুব আলম শ্রাবণ বলেন, পরিবার, প্রিয়জন, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়েই কাটাবো আজকের দিনটি।

    এছাড়াও তার প্রিয় কর্মস্থলে সহকর্মীরা আজ কেক কেটে মিষ্টভাষী এই গুনি মানুষটির জন্মদিন উদযাপনের প্রস্তুতি গ্রহণ করেছে।

    বাংলারমুখ২৪ নিউজের পক্ষ থেকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

  • বরিশালে সরস্বতী পূজা উদযাপন

    বরিশালে সরস্বতী পূজা উদযাপন

    নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে এবং ব্যক্তিগত উদ্যোগে পূজার আয়োজন হয়েছে।

    বুধবার (১৪ ফেব্রুয়া‌রি) সকাল থেকেই মন্ডপে মন্ডপে ঢাকের বদ্যের সঙ্গে উলুধ্বনি ও শঙ্খধ্বনি ধর্মীয় আবহ তৈরি করে।

    নগরের সরকা‌রি ব্রজমোহন কলেজের মাঠে বিশটি অনুষদ, উচ্চ মাধ্যমিক বিভাগ, সনাতন বিদ্যার্থী সংঘ আর কেন্দ্রীয় মন্ডপ মিলিয়ে ২৩টি মন্ডপে সরস্বতী পূজা হচ্ছে।

    এছাড়া ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়, শের ই বাংলা মেডিক্যাল কলেজ, সরকারি মহিলা কলেজ, অমৃতলাল দে কলেজসহ সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হয়।

    শিক্ষার্থীরা বলেন, তারা বিদ্যাদেবীর কাছে বিদ্যা ও জ্ঞানার্জনের প্রার্থনা করেছেন। পাশাপাশি মঙ্গল কামনা করেন সবার জন্য।

  • এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ২০ লাখ

    এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ২০ লাখ

    এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)। এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

    সারা দেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা দেবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    শিক্ষা মন্ত্রণালয় জানায়, এসএসসিতে ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন, দাখিলে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। আর বিদেশের ৮ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা ১টায়।

    কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতির সৃষ্টি হয়, মানসিক যন্ত্রণার সৃষ্টি হয় এবং জনদুর্ভোগের সৃষ্টি হয় সে কারণে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান কেন্দ্র পরিদর্শনে যাবেন না।

    শিক্ষামন্ত্রী বেলা ১১টায় ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষা উপলক্ষে ব্রিফিং করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএম খায়ের।

    পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কিছু ব্যবস্থা ও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি প্রফেসর তপন কুমার সরকার।