Blog

  • প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভা বিলুপ্ত

    প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভা বিলুপ্ত

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেছেন শেখ হাসিনা। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভার অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হবে। এতে মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দায়িত্ব চালিয়ে যেতে পারবেন

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে গত কিছুদিনে সারাদেশে কয়েকশ মানুষের প্রাণহানি হয়। আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সোমবার (৫ আগস্ট) ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার, ঘোষণা করা হয় তিনদিনের সাধারণ ছুটি।

    কিন্তু সোমবার কারফিউ ভেঙে হাজার হাজার মানুষ রাজধানীর শাহবাগের দিকে যেতে থাকেন। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দেশ ছাড়েন।

  • হামলা-ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের

    হামলা-ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের

    যেকোনো ধরনের স্থাপনায় কোনো ধরনের হামলা-ভাঙচুর না চালাতে এবং জানমালের ক্ষয়ক্ষতি না করতে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

    প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্রজনতার ঢল নামে। এ উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনসাধারণ।

    এদিকে, শেখ হাসিনা পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

    তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

  • দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

    দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

    অনলাইন ডেস্ক ::: আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

    এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

  • বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

    বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

    দীর্ঘ প্রায় ৫ বছর পর বরিশাল সিটি কর্পোরেশনে সরকারের দেয়া কোন বরাদ্দকৃত অর্থে কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ মে) নগরীর শেরে বাংলা সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে সরকারের ৮’শ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু করেন সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

    সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, গত প্রায় ৫ বছরে বিগত বরিশাল সিটি কর্পোরেশনে কোন উন্নয়ন বাজেট দেয়নি সরকার। ফলে থমকে গিয়েছিলো নগরীর নানামুখি উন্নয়ন। সেই পরিস্থিতি পরিবর্তনের অঙ্গীকার করে গত জুন মাসের সিটি নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন খোকন সেরনিয়াবাত।
    নির্বাচনের তিন মাস পর দায়িত্বভার গ্রহন করলেও শুরু থেকেই বরাদ্দ নিয়ে কাজ করেন তিনি। অবশেষে সফলও হন। প্রথম ধাপে প্রায় ৮’শ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পাশ করা হয় একনেকের বৈঠকে। বরাদ্দ পেয়েই নগরীর অতি প্রয়োজনীয় রাস্তা, ড্রেন ও সৌন্দর্য বর্ধন কাজের টেন্ডার আহবান করেন মেয়র। নগরীর নথুল্লাবাদ সংলগ্ন শেরে বাংলা সড়কের পুনঃনির্মাণের মাধ্যমে ওই টেন্ডারের প্রথম কাজের উদ্বোধন করা হয়।

    কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল বাশার জানান, ৮’শ কোটি টাকা বরাদ্ধর প্রধম ধাপে নগরীর ৪৩১ কিলোমিটার রাস্তা, ১’শ কিলোমিটার ড্রেন ও বেশ কিছু এলাকার সৌন্দর্য বর্ধনের টেন্ডার সম্পন্ন করা হয়েছে। চাওয়া হয়েছে আরো প্রায় ৯’শ কোটি টাকার বরাদ্দ। এসব বরাদ্ধ পাওয়া গেলে বরিশাল নগরী হবে উন্নয়নের রোল মডেল।

    এদিকে উদ্বোধন শেষে সিটি মেয়র বলেন, আমরা এর আগেই খাল খননসহ নানা উন্নয়ন কাজ শুরু করেছি। তবে আজ আনুষ্ঠানিকভাবে ৮’শ কোটি টাকা বরাদ্দের উন্নয়ন কাজ শুরু হলো। এরইমধ্যে নগরীর প্রয়োজনীয় সকল সড়ক ও ড্রেনের নির্মাণ-পুনঃনির্মান কাজের প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি পর্যায়ক্রমে সকল বরাদ্দই আমরা পাবো। আর এর দ্বারা নতুন বরিশাল গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

    উদ্বোধন অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

  • জাপানে আঘাত হেনেছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    জাপানে আঘাত হেনেছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    অনলাইন ডেস্ক ::: জাপানে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার (২ এপ্রিল) দেশটির উত্তরে অবস্থিত ইওয়াতে এবং আওমোরি অঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

    জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এদিন স্থানীয় সময় ভোর ৪টা ২৪ মিনিটে ইওয়াতে উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭১ কিলোমিটার গভীরে।

    কম্পন মাপার একটি নিজস্ব স্কেল রয়েছে জাপানের। শূন্য থেকে সাত পর্যন্ত সেই স্কেলে মঙ্গলবারের কম্পনের মাত্রা ছিল পাঁচ। অর্থাৎ, প্রবল কম্পন অনুভূত হয়েছে।

    স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, আওমোরি অঞ্চলের হাচিনোহে ও মিসাওয়া শহর এবং ইওয়াতে অঞ্চলের মিয়াকো ও কুজি শহরসহ অন্তত নয়টি পৌরসভায় ৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছে, যা জাপানি স্কেলের পঞ্চম-সর্বোচ্চ মাত্রা।

    এছাড়া মিয়াগি অঞ্চলের কিছু অংশে ৪ মাত্রা এবং দেশটির উত্তর থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত ১ থেকে ৩ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে।

    ভূমিকম্পে আওমোরি অঞ্চলে দুজন আহত হয়েছেন। তবে অন্যান্য সম্পদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    বাসিন্দাদের আগামী এক সপ্তাহ পর্যন্ত পাঁচ মাত্রার ভূমিকম্পের জন্য সতর্ক থাকতে বলেছে আবহাওয়া সংস্থা।

    জাপান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। প্রতি বছর সেখানে অন্তত ১ হাজার ৮০০টি ভূমিকম্প হয়, যা গোটা পৃথিবীর ১৮ প্রায় শতাংশ। দেশটির ঘরবাড়িগুলোও সেই মতো করে তৈরি করা হয়। এ কারণে ক্ষয়ক্ষতিও হয় কম।

    সূত্র: জাপান টাইমস

  • উপজেলা নির্বাচন নিয়ে মন্ত্রীসহ দলীয় এমপি ও নেতাকর্মীদের সতর্ক করলো আ.লীগ

    উপজেলা নির্বাচন নিয়ে মন্ত্রীসহ দলীয় এমপি ও নেতাকর্মীদের সতর্ক করলো আ.লীগ

    অনলাইন ডেস্ক ::: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মন্ত্রীসহ দলীয় এমপি ও নেতাকর্মীদের সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।

    বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, গত ৭ জানুয়ারি নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক। নির্বাচন বানচালের বহুমুখী ষড়যন্ত্র ছিল। সে প্রতিবন্ধকতা ডিঙিয়ে ভোটাররা ভোটকেন্দ্রে এসেছিল এবং নির্বাচনে সুস্পষ্টভাবে জনমতের প্রতিফলন ঘটেছে। নির্বাচন কমিশন ২টি ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং ধাপে ধাপে উপজেলা পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এখানে মন্ত্রী-এমপিদের কোনো প্রকার হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকবে না।

    তিনি আরও বলেন, কেউ কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করলেও দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

    বিবৃতিতে কাদের বলেন, নির্বাচনে কোনো প্রকার অবৈধ হস্তক্ষেপ এবং নির্বাচনের নিরপেক্ষতা বিনষ্ট করার কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য মন্ত্রীসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় এমপি ও নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।

  • পিরোজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

    পিরোজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

    নিজস্ব প্রতিবেদক ::: পিরোজপুরে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: জহিরুল ইসলাম রিফাত (২৭) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরোহী মো: সাজিদ হোসেন।

    সোমবার বিকেলে ৫টার দিকে পিরোজপুরের বেকুটিয়া নদীর বঙ্গমাতা সেতুর অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম রিফাত জেলার ভান্ডারিয়া উপজেলার পৌরসভার পুরাতন স্টিমারঘাট এলাকার বাসিন্দা ও সাবেক সমাজ সেবা কর্মকর্তা হালিম মুন্সির ছেলে। আহত সাজিদ একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রিয়াজ হোসেনের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে দুই যুবক সেতুর কাউখালী প্রান্তে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। সেখানে রিফাতের মৃত্যু হয়।

    রিফাতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি সোমবার বিকেলে পিরোজপুর থেকে তার পাসপোর্ট নিয়ে ভান্ডারিয়ায় উদ্দেশে যাওয়ার সময় ব্রিজের অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুজ্জামান বলেন, আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়। ঘাতক গাড়িটিকে আটকসহ নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

  • বাকেরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনা!শালিশ করেই ঘটনাটি ধামাচাপার চেষ্টা

    বাকেরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনা!শালিশ করেই ঘটনাটি ধামাচাপার চেষ্টা

    মোঃ সুমন ভূঁইয়া।।

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের পুইয়াউডা গ্রামের বাইতুল ফালাহ্ কমপ্লেক্স ও ইয়াতিমখানা মাদ্রাসার হেফজখানার নূরানী বিভাগের রিয়ান (১০)এক ছাত্র বলাৎকারের অভিযোগ উঠেছে লম্পট শিক্ষক আল মামুনের বিরুদ্ধে।

    ঘটনার পরপরই মাদ্রাসা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত শিক্ষক।এক মাস ধরে এ নির্যাতন বলাৎকার করার ঘটনাটি শিক্ষার্থীর পরিবারের সাথে কথা বলে সত্যতা নিশ্চিত হয়েছে গণমাধ্যম কর্মীরা।

    অনুসন্ধানে জানা যায় দিন দিন উপজেলার বিভিন্ন এলাকার মাদ্রাসার,কিছু কিছু শিক্ষকদের অপকর্ম,কুকর্ম বেড়েই চলেছে!এতে করে অভিভাবকরা দুশ্চিন্তায় থাকছে তাদের সন্তানদের জন্য,এমন কিছু তথ্য আসে গণমাধ্যমকর্মীদের কাছে।

    গত ২৬ তারিখ মঙ্গলবার রাতে বিষয়টি স্থানীয় বাসিন্দা ও লোক মুখে সমালোচনায় আসলে শিশুটির পিতা পাদ্রীশিবপুর নিউমার্কেটের চায়ের দোকানী বাকেরগঞ্জ উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের স্বপন মাদ্রাসায় ছুটে যান,এবং ভুক্তভোগী পরিবার তাদের ।তবে শিক্ষক আল মামুনপালিয়ে যান ঘটনাস্থল থেকে এ ঘটনার অভিযুক্ত আল মামুন পুইয়াউডা এলাকার।

    বাইতুল ফালাহ্ কমপ্লেক্স ও ইয়াতিমখানা মাদ্রাসার হেবসখানার শিক্ষক আল মামুনের ধর্ষণ ও নির্যাতনের শিকার ছাত্র রিয়ানের পিতা বাংলাদেশের খবর’কে জানায় মাদ্রাসার শিক্ষক আল মামুন কিছুদিন ধরে বলাৎকার করে আসছেন তার ছেলের উপরে।কিন্তু ছাত্র ভয় কোন অভিযোগ করেনি,কাউকে বলতে পারিনি এক পর্যায়ে গত ২৭ মার্চ তারিখে মাদ্রাসা থেকে এসে বিষয়টি তার পরিবারকে জানায়।

    পরবর্তীতে নির্জাতিত আরিয়ানের পিতা আত্মীয় স্বজনদের নিয়ে,একদিন যেতে না যেতেই বলাৎকারের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

    অন্যদিকে উল্লেখ্য,এই ঘটনায় ধামাচাপার বিষয় নিয়ে কথা বলতে চাইলে নির্যাতিত শিশুর পিতা-স্বপন(৩৮),সাংবাদিকদের জিজ্ঞাসা বাদে বলেন-আমার আমার ছেলেকে বলাৎকারের ঘটনায় সালিশ বিচার করে সমাধান করা হয়েছে।

    সাংবাদিকরা সরজমিনে খুললে বেরিয়ে আসে আরও অজানা রহস্য তবে জানা যায় পূর্বে এ ধরনের বলাৎকারের ঘটনা, ইয়াসিন নামের এক সাবেক শিক্ষক এর আগেও ছয়টি শিশুকে বলাৎকার করেছিল পরবর্তীতে তাকেও বহিষ্কার করা হয়েছে।

    এ সকল বিষয়ে নিয়ে অন্যান্য ছাত্রের অভিভাবকেরা সাংবাদিকদের জানায়-আমরা তো আমাদের সন্তানদের মাদ্রাসায় এ পাঠিয়েছি এখন আমরা ভয়ে আছি মাদ্রাসার নোংরামি নিয়ে অনেক এখন দুশ্চিন্তায় আছি আমরা চাইলেই এগুলো ভুলতে পারছি না আমরা এমন ঘটনা নিয়ে নিন্দা জানাই।

    অপরদিকে অন্য এক ছাত্রের অভিভাবক বলেন, আমরা আমাদের সন্তানদের ইসলামের সঠিক শিক্ষা দিবেইসলামের আলোয় আলোকিত করবে সুশিক্ষার দ্বারা মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠাবে।ওখানে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তাদের সহপাঠীদের সঙ্গে সত্যিই ঘটনা ঘটেছে আগেও।

    তবে এ ঘটনা মাদ্রাসার কর্তৃপক্ষ তদারকী ও উদাসীনতার জন্যই হয়েছে বলছেন সুশীল সমাজ । আমরা এমন নেক্কারজনক ঘটনার অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও কঠোর বিচারে দাবি জানাই।

    অন্যদিকে উল্লেখ্য,একটি বিষয় নিয়ে কথা বলতে চাইলে নির্যাতিত শিশুর পিতা-স্বপন,সাংবাদিকদের জিজ্ঞাসা বাদে বলেন-আমার আমার ছেলে বলাৎকার কারের ঘটনায় শিক্ষক আল মামুনকে জুতাপেটা ও প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করে,বিচার সালিশ করে ঘটনা সমাধান হয়েছে।

    এ বিষয় নিয়ে প্রধান শিক্ষক মাওলানা আবু সুফিয়ান এর সাথে সংবাদকর্মীরা কথা বলতে গেলে তিন দিন মাদ্রাসায় গিয়ে ও তার সাথে কথা বলতে চাইলে প্রধান শিক্ষকের কক্ষটি তালা বদ্ধ দেখা যায়,অত্র মাদ্রাসার সহকারী শিক্ষকদের কাছে বারবার বলা সত্ত্বেও প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করার কোন মাধ্যম করে দেয়নি তারা।

    এমন ঘটনার বিষয় সাংবাদিকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস বলেন-এমন শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ন্যাক্কারজনক খুবই অমানবিক এমন ঘটনার অভিযুক্তকে কোন কিছুতেই ছাড় দেয়া হবে না,এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে আমরাও প্রস্তুত আছি সব সময়।সরজমিনে গিয়ে ঘটনাটি সত্যতা নিশ্চিত শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে আইন প্রশাসনের কাছে অভিযুক্তর বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান করা হবে।

    এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন,বাংলাদেশের খবর’উপ:প্রতিনিধিকে বলেন-আপনার কাছেই ঘটনাটি শুনলাম,তবে শিক্ষার্থীর অভিভাবক যদি ঘটনার বিষয় অভিযোগ দায়ের করে,তাহলে তদন্ত পূর্বক সত্যতা নিশ্চিত করে এমন ঘটনার অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।এমন ধরনের ঘটনার অভিযুক্ত কে ছাড় দেয়া হবে না।

  • এপ্রিলে অতি তীব্র তাপপ্রবাহের সঙ্গে হতে পারে ঘূর্ণিঝড়- আবহাওয়া অফিস

    এপ্রিলে অতি তীব্র তাপপ্রবাহের সঙ্গে হতে পারে ঘূর্ণিঝড়- আবহাওয়া অফিস

    শুরু হওয়া এপ্রিল মাসের জন্য খুব একটা সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। তাদের পূর্বাভাস বলছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

    পাশাপাশি এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিল মাসের জন্য আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

    চলতি মাসে দেশে দুই থেকে চারটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র (৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস) থেকে অতিতীব্র (৪২ ডিগ্রি সেলসিয়াসের কম বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

    পূর্বাভাসে আরও বলা হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ মাসে দেশে পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে।

    এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও আশেপাশের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীগুলোর পানির উচ্চতা সময় বিশেষে দ্রুত বাড়তে পারে। পাশাপাশি স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।

    এদিকে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ও ঈশ্বরদীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

    সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

    এই সময়ে নীলফামারী ও দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

  • এবার এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সময় সূচি ঘোষণা

    এবার এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সময় সূচি ঘোষণা

    ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

    মঙ্গলবার (২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত রুটিন প্রকাশ করা হয়েছে।‌

    রুটিন অনুযায়ী, ৩০ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

    এর আগে চলতি বছর ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে শুরু করার প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ ৩০ জুন পরীক্ষার তারিখ ঠিক করে রুটিন প্রকাশ করা হয়েছে।

    করোনা মহামারির কারণে গত কয়েক বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২০ সালে করোনা মহামারির কারণে এসএসসি পরীক্ষা হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।

    ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়। সে সিলেবাস কিছুটা বাড়িয়ে ২০২২ সালে নেওয়া হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা। সে বছর পরীক্ষার সময় কিছুটা কম ছিল।

    ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে এসএসসির আইসিটি ছাড়া এ দুই পাবলিক পরীক্ষা অন্যান্য বিষয়ে পূর্ণ সময় ও নম্বরে নেওয়া হয়েছিল। তবে এবার পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।