Blog

  • এসএসসি’ পরীক্ষায় অর্ধেক লিখিত,বাকি অর্ধেক হাতে-কলমে মূল্যায়ন

    এসএসসি’ পরীক্ষায় অর্ধেক লিখিত,বাকি অর্ধেক হাতে-কলমে মূল্যায়ন

    নতুন কারিকুলামে ২০২৬ সালে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার যারা নবম শ্রেণিতে আছে তারা প্রথমবারের মতো নতুন কারিকুলামে পরীক্ষায় অংশগ্রহণ করবে। নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেখানে ৫০ শতাংশ নম্বরবিহীন লিখিত পরীক্ষা রাখা হয়েছে। বাকি অর্ধেক অংশের মূল্যায়ন হবে হাতে-কলমে কাজের মাধ্যমে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    সোমবার (১ এপ্রিল) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে গঠিত কমিটির দ্বিতীয় সভায় পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত করা হয়।

    এর আগে গত ২৪ মার্চ শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন মূল্যায়ন পদ্ধতির খসড়া নিয়ে প্রথম বৈঠক হয়। বৈঠকের খসড়া অনুযায়ী, শ্রেণিভিত্তিক পরীক্ষা নেওয়া হবে বছরে দুটি। প্রতি বিষয়ে ৫ ঘণ্টার লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। আগের পদ্ধতিতে আর পরীক্ষা হবে না। পরীক্ষাকে এখানে ‘মূল্যায়ন’ বলা হবে।

    এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে সোমবার দ্বিতীয় সভা হয়েছে। সেখানে এসএসসির নম্বর বিভাজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে ৫০ শতাংশ নম্বরবিহীন লিখিত পরীক্ষা রাখা হয়েছে। বাকি অর্ধেক অংশের মূল্যায়ন হবে হাতে-কলমে কাজের মাধ্যমে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নতুন নাম হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের রূপরেখা অনুযায়ী, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা বা মূল্যায়নে হাতে-কলমে কাজের পাশাপাশি লিখিত পরীক্ষাও থাকবে। তবে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর দেওয়ার ধরন এখনকার মতো মুখস্থনির্ভর হবে না। একজন শিক্ষার্থী শিক্ষাক্রম অনুযায়ী যেসব অভিজ্ঞতা অর্জন করবে, সেগুলোই মূলত সৃজনশীল উপায়ে লিখতে হবে। আর অনুসন্ধান, প্রদর্শন, মডেল তৈরি, উপস্থাপন, পরীক্ষণ, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ের মাধ্যমে হাতে-কলমে মূল্যায়ন হবে।

    মূল্যায়ন পদ্ধতির খসড়া অনুযায়ী, শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে এক কর্মদিবসের সর্বোচ্চ পাঁচ ঘণ্টায়। বিরতি দিয়ে হবে এ মূল্যায়ন। লিখিত পরীক্ষা বিষয়ভেদে এক ঘণ্টা থেকে দুই ঘণ্টাও হতে পারে।

    বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, যেহেতু নতুন শিক্ষাক্রমে নম্বর দেওয়ার ব্যবস্থা থাকছে না। তাই লিখিত ও হাতে-কলমে কাজের অংশে কত শতাংশ মূল্যায়ন হবে, সেটি নিয়ে আলোচনা করে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।

    ফেব্রুয়ারি মাসে নতুন কারিকুলামে পরীক্ষা পদ্ধতি ফেরাতে ১৪ সদস্যের কমিটি গঠন করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই কমিটি মূল্যায়ন পদ্ধতির একটি খসড়া তৈরি করে। তাতে বলা হয়, এসএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা বা মূল্যায়নে হাতে-কলমে কাজের পাশাপাশি লিখিত পরীক্ষাও রাখা হবে। এ লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর দেওয়ার ধরন এখনকার মতো মুখস্থনির্ভর হবে না।

    ২০২৩ সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের তিনটি শ্রেণিতে নতুন কারিকুলাম চালু করা হয়। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন এ পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশই শিখনকালীন। অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ক্লাসে মূল্যায়ন করছেন শিক্ষকরা।

  • বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে চালু হলো পুলিশের ‘ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার’

    বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে চালু হলো পুলিশের ‘ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার’

    বরিশাল মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং উন্নত পুলিশী সেবা প্রদানের লক্ষ্যে ক্রাইম কন্ট্রোল, ট্রাফিক কন্ট্রোল এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং’র জন্য চালু করা হয়েছে ‘ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার’। আজ রবিবার (৩১ মার্চ) বেলা ১২ টায় বিএমপি কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার মোঃ জিহাদুল কবির, বিপিএম পিপিএম। সংবাদ সম্মেলনে বিএমপি কমিশনার মোঃ জিহাদুল কবির, বিপিএম পিপিএম বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের ৩য় তলায় ২৫০৮ স্কয়ার ফুট আয়তনের একটি কক্ষে স্থাপিত এ অত্যাধুনিক কমান্ড সেন্টার থেকে ২৬০টি সিসি ক্যামেরার মাধ্যমে ২৪/৭ বরিশাল মেট্রোপলিটন এলাকাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের মাধ্যমে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ সেল থেকে বরিশাল মেট্রোপলিটন এলাকায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের কার্যক্রম। নজরদারি করা সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র নজরদারি করার জন্য মহানগরী এলাকায় ২৬০টি উন্নত সিসি ক্যামেরা স্থাপন ও দক্ষ জনবল নিয়োগ করা হয়েছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ সেল তিন ভাবে কাজ করবে।

    অত্র সেন্টার থেকে সিসি ক্যামেরার মাধ্যমে বরিশাল মহানগরী এলাকার আইন-শৃঙ্খলা চিত্র সার্বক্ষণিক নজরদারি করা হবে। তিনি বলেন- মহানগরী এলাকায় অনুষ্ঠিত যেকোনো ধরণের জনসমাবেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করা চুরি, ছিনতাই, ডাকাতি সহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে চিহ্নিত করণ এবং পূর্বে ঘটে যাওয়া অপরাধ সহ আইন-শৃঙ্খলা সম্পর্কিত প্রকৃত লাইভ ভিডিও চিত্র ধারণ ও সংগ্রহ করা সম্ভব হবে। স্থাপিত সিসি ক্যমেরার মাধ্যমে সহজেই বরিশাল মহানগরীর ব্যস্ততম সড়কগুলোর যান চলাচল নিয়ন্ত্রণ ও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে যানজট নিয়ন্ত্রণে বাস্তবসম্মত নির্দেশনা প্রদান করা সম্ভব হবে। এ লক্ষ্যে অত্র সেন্টারে একজন ট্রাফিক সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে। সড়ক দুর্ঘটনার কারণ উদ্ঘাটনসহ দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এই সেল কার্যকর ভূমিকা পালন করবে। এছাড়াও স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানার পুলিশের সেবা দান কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

    পুলিশ কমিশনার বলেন, আপনারা জানেন অপরাধীরা এখন ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপরাধ করছে। বাস্তবতা হলো এই অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন অত্র কমান্ড সেন্টারে স্থাপিত আইসিটি এন্ড মিডিয়া সেলে একঝাক দক্ষ জনবলের মাধ্যমে ফেসবুক, ইউটিউবের মত সোশ্যাল মিডিয়ায় যেকোনো ধরণের গুজব প্রতিরোধ এবং অনলাইন ভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণের জন্য ২৪/৭ সাইবার পেট্রোলিং করা হচ্ছে। ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশাল সংক্রান্ত যে কোন ধরণের সংবাদ প্রকাশিত হলে তা সাইবার পেট্রোলিং টিমের নজরে চলে আসে।অত্র সেন্টার থেকে সার্বক্ষণিকভাবে বরিশাল মেট্রোপলিটন এলাকা থেকে প্রকাশিত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক নিউজ সাইটে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন- ‘কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার’ থেকে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে দক্ষ জনবলের মাধ্যমে মাঠ পর্যায়ে বিদ্যমান সকল ইউনিট সহ অপারেশনাল ফোর্সের সাথে যোগাযোগের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপত করা হয়েছে। ফলশ্রুতিতে এই সেন্টার নেট সহ অপারেশনাল ফোর্সের সাথে স্বাভাবিক সময়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের প্রকৃত তথ্য জানা, ফোর্স প্রেরণ, নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সকলের সাথে সহজে তথ্য আদান প্রদান করা সম্ভব হবে। বরিশাল মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিকট থেকে প্রাপ্ত সহযোগিতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ তার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে অপরাধ নিয়ন্ত্রন ও আইন -শৃঙ্খলা রক্ষা করে নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ‘ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার’ হবে এই প্রচেষ্টার অন্যতম হাতিয়ার

    এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম ফজলু, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) প্রণয় রায় সহ ,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী ও বিএমপি পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

  • ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

    ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

    ঝালকাঠিতে ৩ বছরের শিশুকে ধষর্ণের অভিযোগ উঠেছে দুঃসম্পর্কের মামা সাজ্জাদ (১৭) এর বিরুদ্ধে। এ ঘটনায় রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) রাত ৮ টার দিকে পূর্ব চাঁদকাঠি ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো.মহিতুল ইসলাম। অভিযুক্ত সাজ্জাদ সদর উপজেলার কৃতিপাশা এলাকার শাহাদাত হোসেনের ছেলে।

    ভুক্তভোগী শিশুর মা জানান, আমার স্বামীর সাথে ঝামেলা থাকার কারণে আমি আর মেয়ে ব্রাকমোড় আমার বাবার বাড়িতে থাকি। সাজ্জাদ আমার মেজো ভাইয়ের শালা ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো। আমি নামাজ পড়তে ছিলাম আর আমার মা ঘুমে ছিলেন এই সুযোগে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। পরে আমার বোন টের পাইলে ও মোবাইল রেখে পালিয়ে যায়।পরে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করা হয়।

    ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.টি এম মেহেদী হাসান সানি বলেন,গতকাল রাতে হাসপাতালে তিনবছরের একটা শিশু নিয়ে এসেছে। তার পরিবারের দাবি তাকে ধর্ষণ করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি আছে।আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়ার পরে আমরা বাকি কার্যক্রম সম্পন্ন করবো। অতিরিক্ত পুলিশ সুপার মো.মহিতুল ইসলাম বলেন, তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে

  • বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বৃদ্ধের মৃত্যু

    বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বৃদ্ধের মৃত্যু

    বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুলাল হাওলাদার (৮৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত দুলাল ওই গ্রামের মৃত গওহর হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিত্যক্ত ঘরে বিদ্যুৎ সংযোগ থাকায় বৈদ্যুতিক তার টিনের ঘষায় ছিদ্র হয়ে সম্পূর্ণ ঘর বিদ্যুৎ হয়ে যায়।

    সোমবার সকাল পৌনে দশটার দিকে প্রকৃতির ডাকে সারা দিলে বাথরুমে ঢোকার সময় ওই ঘরের টিনের সাথে হাত লাগলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে পরে ঘটনাস্থলেই নিহত হয় বৃদ্ধ দুলাল। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মাজহারুল ইসলাম জানান, খবরপেয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

  • ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

    ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

    মোঃ জাহিদ, ঝালকাঠি

    ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশন এর ৪৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

    জানা গেছে গত ১৯ জানুয়ারী ২০২৪ শুক্রবার রাজধানীর মগবাজারে অবস্থিত ওয়াকফ মিলনায়তনে অনুষ্ঠিত ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েন এর সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষায়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপ-কর কমিশনার আল আমিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে খসড়া কমিটি গঠিত হয়। পরবর্তীতে গত ১০ মার্চ ২০২৪ রবিবার উক্ত এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় এবং ২৪ মার্চ ২০২৪ সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদ্বয়ের অনুমতিক্রমে এসোসিয়েশনের দুই বছর মেয়াদী ৪৩ সদস্য বিশিষ্ট্য গঠিত পূর্ণাঙ্গ কমিটি স্বাক্ষরিত ও প্রকাশ করা হয়।

    উক্ত কমিটিতে সহ সভাপতি হিসাবে – জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত সচিব, জনাব কামাল হোসেন যুগ্ম সচিব, অতিঃ ডিআইজি জনাব তাপতুন নাসরীন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে – জনাব মোঃ আতিকুর রহমান মিয়া পিপিএম, অতিরিক্ত ডিআইজি, মো: ফজলুল হক, অতিরিক্ত কমিশনার( কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ), জনাব মো: আলমগীর হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব, সাংগঠনিক সম্পাদক হিসাবে যুগ্ম সচিব জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল- মামুন এছাড়াও দপ্তর সম্পাদক এডিসি ডিবি ডিএমপি জনাব মোঃ ইলিয়াছ হোসেন পিপিএম , প্রচার সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দীন খাঁন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এডিসি (এ্যাডমিন) কাজী মাকসুদা লিমা পিপিএম -বার, কর্মসংস্হান সহায়তা সম্পাদক জনাব মো: ইরশাদ হাসান, দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জনাব আবদুল লতিফ খান, সমাজ কল্যাণ সম্পাদক জনাব সমীর কুমার রজক দাস, আইন বিষয়ক সম্পাদক সিনিয়র সহকারী জজ জনাব মোঃ মওদুদ আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ কামরুজ্জামান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব মো: হারুন-অর-রশিদ, অতিরিক্ত সচিব, জনাব অমল কৃষ্ণ মন্ডল, অতিরিক্ত সচিব, অধ্যাপক আ ন ম শাহাদাৎ প্রমূখ।

  • মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ

    মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ

    প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ ১৯ মার্চ। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ শুরুর আগে ঢাকার উত্তরে জয়দেবপুরে (বর্তমান গাজীপুর) অকুতোভয় মুক্তিকামী বাঙালিরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

    এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এর মধ্যে শহীদদের কবর জিয়ারত ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চে দেওয়া ভাষণে ‘তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে,’ এই মন্ত্রবলে বলিয়ান হয়ে ১৯৭১ সালের ১৯ মার্চে মহান মুক্তিযুদ্ধ শুরুর আগেই ঢাকার অদূরে জয়দেবপুরে অকুতোভয় মুক্তিকামী বাঙালিরা সশস্ত্র সেনাবাহিনীর সামনে প্রথমবার রুখে দাঁড়িয়েছিল। হাজার-হাজার জনগণ অবতীর্ণ হয়েছিল সেই সম্মুখযুদ্ধে।

    ১৯৭১ সালের ১৯ মার্চে ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার থেকে আকস্মিকভাবে পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহান জেবের নেতৃত্বে পাকিস্তানি রেজিমেন্ট জয়দেবপুরের (গাজীপুর) দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করার জন্য পৌঁছে যায়। এ খবর জানাজানি হতেই বিক্ষুব্ধ জনতা জয়দেবপুরে এক প্রতিরোধ সৃষ্টি করে। সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনী জনতার ওপর গুলিবর্ষণ করলে অকুস্থলেই শহীদ হন অনেকে। এটি ছিল মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ মার্চ জয়দেবপুরের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে নিজ হাতে লিখে একটি বাণী দিয়েছিলেন। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই বাণী বিশেষ তাৎপর্য বহন করে।

    ওই সময় বাণীতে বঙ্গবন্ধু বলেন, ‘১৯৭১ সালের ১৯ মার্চ বাংলাদেশের ইতিহাসে আরও একটি স্মরণীয় দিন। ওইদিন পাক মিলিটারি বাহিনী জয়দেবপুরে ক্যান্টনমেন্টে অবস্থিত দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের জওয়ানদের নিরস্ত্র করার প্রয়াস পেলে জয়দেবপুর থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের যৌথ নেতৃত্বে কৃষক, ছাত্র, জনতা সবাই বিরাট প্রতিরোধের সৃষ্টি করে। ফলে, মিলিটারির গুলিতে তিনটি অমূল্য প্রাণ নষ্ট হয় এবং বহু লোক আহত হয়। ’

    বাণীতে তিনি বলেন, ‘আমি তার কয়েকদিন মাত্র পূর্বে ৭ মার্চ তারিখে ডাক দিয়েছিলাম, যার কাছে যা আছে, তাই দিয়ে প্রতিরোধ গড়ে তোল। জয়দেবপুরবাসীরা তা অক্ষরে অক্ষরে পালন করে। আমি তাদের মোবারকবাদ জানাই। ’

    তিনি বলেন, ‘কোনো মহৎ কাজই ত্যাগ ব্যতিত হয় না। জয়দেপুরের নিয়ামত, মনু, খলিফা ও চান্দনা চৌরাস্তায় হুরমতের আত্মত্যাগও বৃথা যায় নাই। শহীদদের রক্ত কখনও বৃথা যায় না। তাই আজ লাখ শহীদের আত্মত্যাগের ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ’

    বঙ্গবন্ধু বলেন, ‘দেশকে স্বাধীন করার সংগ্রাম শেষ হয়েছে। আসুন আজ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার সংগ্রামে লিপ্ত হই। ’ তিনি জয় বাংলা বলে বাণীটি শেষ করেন।

  • বরিশালের মেঘনায় অভিযানে ২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

    বরিশালের মেঘনায় অভিযানে ২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

    বরিশালের মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ (১৯) মার্চ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, নৌ পুলিশ, থানা পুলিশের সহযোগীতায় বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে।

    অবিযানে প্রায় ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আর ওইসব জালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা বলেও জানান তিনি।

  • পিরোজপুরে ১৪ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

    পিরোজপুরে ১৪ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

    ১৪ বছরের অধিক সময় পালিয়ে থেকেও রক্ষা হলনা স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামী নজরুল ইসলামের। সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে তাকে পিরোজপুর জেলা সদরের কৃষ্ণচূড়া এলাকা থেকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি’র সদস্যরা। গ্রেফতার মোঃ নজরুল ইসলাম (৫৩) পিরোজপুর জেলার সদর থানাধীন চলিশা এলাকার মৃত জাবেদ আলী খানের ছেলে।আজ মঙ্গলবার (১৯) মার্চ দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল র‌্যাব ৮ প্রধান কার্যলয় মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানাধীন ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়া তলা নামক স্থানের একটি ডোবা থেকে হাত বাধাঁ অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

    যে ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে উদ্ধার হওয়া মরদেহটি গ্রেফতার সাজাপ্রাপ্ত নজরুল ইসলামের স্ত্রী নাসিমা (২০) এর বলে শনাক্ত করা হয়। আর নাসিমার মৃত্যুর ঘটনার সাথে স্বামী নজরুলের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পাশাপাশি ২০১ ধারায় ০৭ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।তবে নজরুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত ওইসময় গ্রেফতারি পরোয়ানা জারি করে। র‌্যাব জানায়, র‌্যাব ৮, সিপিএসসি, বরিশাল ছায়া তদন্ত করে এবং আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীর অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীকে পিরোজপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়।

  • ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুলতান হোসেন খান

    ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুলতান হোসেন খান

    মোঃ-জাহিদ, ঝালকাঠি

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ঝালকাঠি সদর উপজেলার গ্রামে-গঞ্জে, চায়ের দোকান কিংবা বিভিন্ন আড্ডাখানায় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে নানা আলোচনা সমালোচনা।

    চেয়ারম্যান পদে প্রার্থী কয়েকজনের নাম শোনা গেলেও ঝালকাঠি সদর উপজেলার রাজনৈতিক অঙ্গণে মাঠ কাঁপানো নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান হোসেন খান একজন যোগ্য দলীয় প্রার্থী হিসেবে উপজেলার সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

    চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী প্রার্থীর একাধিক নাম শোনা গেলেও সুলতান হোসেন খান চেয়ারম্যানের নামই আলোচনায় শীর্ষে আছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সুলতান হোসেন খান প্রার্থী হিসেবে উঠছে তারুণ্যের গণজোয়ার ও তাঁর বিশাল কর্মীবাহিনী বলে দিচ্ছে জনপ্রিয়তায় সুলতান চেয়ারম্যান প্রার্থী হলে বিজয় নিশ্চিত হবে।
    স্থানীয় বিজ্ঞ জনেরা মনে করছেন, সুলতান হোসেন খান চেয়ারম্যান একজন উদীয়মান সাহসী, ত্যাগী, সৎ, নিষ্ঠাবান ও নির্যাতিত আওয়ামীলীগ নেতা।

    তিনি চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদে প্রতিনিধিত্ব করতে পারলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন উপজেলা গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবেন। জনসাধারণের দোয়া ও ভালবাসায় নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সকল সম্প্রদায়ের পাশে থেকে কাজ করতে পারবে বলে বিশ্বাস তাদের। মোঃ সুলতান হোসেন খান চেয়ারম্যান ঝালকাঠি মাটি ও মানুষের নেতা জননেতা।

  • ববির নতুন উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া

    ববির নতুন উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া

    নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক ড. মো বদরুজ্জামান ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দিয়েছেন।

    এ বিষয়ে গতকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো।

    অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এর স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ৬ নভেম্বর। এর প্রায় চারমাস পরে বিশ্ববিদ্যালয়টিতে নতুন উপাচার্য নিয়োগ দেয়া হয়।

    শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

    অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তাছাড়া অধ্যাপক ড. বদরুজ্জামান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জনপ্রিয় কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত।