Blog

  • ১০ বছরে বরিশালে অবকাঠামোগত উন্নয়ন হয়নি: আবুল খায়ের

    ১০ বছরে বরিশালে অবকাঠামোগত উন্নয়ন হয়নি: আবুল খায়ের

    বরিশাল সিটি কপোরেশনের নবনবর্বাচিত মেয়ে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেছেন, ‘বিগত ১০ বছরে বরিশালে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে বরিশাল সিটি কপোরেশনের প্রশাসনিক ব্যবস্থা নেই বললেই চলে। এটা পুনর্গঠন করা আমাদের দায়িত্ব। সিটি কপোরেশনে সচিব, সিও, ম্যাজিষ্ট্রেট নেই।

    এখানে দায়িত্বশীল নেতৃত্বের অভাব ছিল, যার ফলে বরিশাল অগ্রসর হতে পারেনি। তাই বরিশালকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

    আগামী ১৪ নভেম্বর অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নগরীর কালুশাহ সড়কের বাসভবনে আজ রোববার বেলা সাড়ে ১১ টায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    এ সময় আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, ‘বরিশালবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বরাদ্দ দিয়েছে তা দিয়েই নগরীর জলাবদ্ধতা, সড়ক সংস্কার, বর্জ্যব্যাবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বরিশালকে একটি শিল্পবান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।

    বরিশালের স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দিয়ে নবনির্বাচতি মেয়র বলেন, ‘বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রনালয়ে যোগাযোগ করে নতুন ভবনসহ সমস্যার সামাধান করা হবে।

    এ ছাড়াও বরিশালের দুটি বাস টার্মিনালের উন্নয়নে দ্রুত প্রজেক্ট পাঠানো হবে বলে জানান তিনি। এ জন্য তিনি বরিশালের সর্বস্তরের সাংবাদিকদের সহযোগীতা এবং দায়িত্বশীল আচারণ কামনা করেছেন।

    মতবিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ফেরদাউস সোহাগসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকেরা ।

    উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর নবনির্বাচিত মেয়র আবুল খায়র আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বরিশাল সিটি কপোরেশনের দায়িত্ব গ্রহণ করবেন।

  • আন্দোলনে ব্যর্থ হওয়ায় বিএনপির অন্তর্জ্বালা কয়েক গুণ বেড়ে গিয়েছে:কাদের

    আন্দোলনে ব্যর্থ হওয়ায় বিএনপির অন্তর্জ্বালা কয়েক গুণ বেড়ে গিয়েছে:কাদের

    সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হওয়ায় বিএনপির অন্তর্জ্বালা কয়েক গুণ বেড়ে গিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়েও দলটি তার চিরাচরিত নির্লজ্জ মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে।

    বুধবার এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ওবায়দুল কাদের এসব কথা বলেন।

    মঙ্গলবার অজ্ঞাতস্থান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিবজী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সরকার তাদের নেতা-কর্মীদের গুম করছে। তার আরও অভিযোগ, তাদেরে কর্মসূচিতে জনগনের সাড়া দেখে সরকার ভীত হয়ে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীনরা নিজেরা নাশকতা করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে।

    এদিকে, বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তথাকথিত রাজনৈতিক কর্মসূচি ও অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। গণতন্ত্রবিরোধী অপশক্তি বিএনপির গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার শক্তি ও সামর্থ্য নেই বলেই তারা বরাবরের মতো অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের ন্যায় অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নির্দয় আগুনের লেলিহান শিখায় পোড়াচ্ছে সারা দেশ; মেতে উঠেছে নির্বিচার ভাঙচুর ও সহিংসতায়।

    কাদের বলেন, অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, অর্থনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করা, মানুষ হত্যা, যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বিএনপি। তথাকথিত সরকার পতনের আন্দোলন ব্যর্থ হওয়ায় তাদের অন্তরের জ্বালা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যর্থতার সেই আগুনে তারা বাংলার জনগণের আগামীর সম্ভবনাকে পুড়িয়ে ছাই করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের অগ্নিসন্ত্রাস থেকে জীবন্ত ও ঘুমন্ত মানুষ, নারী ও শিশু কেউই রেহাই পাচ্ছে না। গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে। এ দেশের রাজনীতিতে মানুষ পুড়িয়ে মারার যে পৈশাচিকতার প্রচলন বিএনপি করেছে, তা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী।

    তিনি বলেন, সরকারের দায়িত্ব হলো জনগণের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। জনগণের নিরাপত্তা সুরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

    বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, সন্ত্রাসী সংগঠন বিএনপি নেতারা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের নামে লাগাতার মিথ্যা, অপপ্রচার ও গুজব সৃষ্টি করছে এবং তাদের নেতাকর্মীদের সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দিচ্ছে। একই সঙ্গে বিএনপি নেতারা তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছেন। বিএনপির সন্ত্রাসী ক্যাডারবাহিনীর যারা যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর, সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে, জনগণের জানমালের উপর হামলা করছে তারা নিজেরাই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকছে; অথচ বিএনপি সরকারের বিরুদ্ধে বরাবরের মতো গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী রাজনৈতিক নেতাকর্মী বিবেচনায় নয় কেবলমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদেরই গ্রেপ্তার করছে। কোনো সন্ত্রাসী আত্মগোপনে থাকলে, তার দায় সরকারের উপর চাপানো যায় না। আওয়ামী লীগ কখনো গুম, খুন, অগ্নিসন্ত্রাস ও বিরোধী দল দমনের রাজনীতি করে না। গুম, খুন, সন্ত্রাসের রাজনীতি হলো বিএনপির মজ্জাগত আদর্শ।

    বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সামরিক শাসক জিয়াউর রহমান এদেশে গুম ও খুনের প্রচলন করেছিলেন দাবি করে ওবায়দুল কাদের বলেন, তৎকালীন ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা মাহফুজ বাবুকে গুমের মধ্য দিয়ে এই ধারার সূচনা করে বিএনপি। সামরিক স্বৈরশাসক জিয়া ১৯৭৯ সালে বঙ্গবন্ধুর সময়ের দেড় শতাধিক আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যদেকে জেলে বন্দি রেখে নির্বাচন আয়োজন করেছিলো এবং আওয়ামী লীগের অর্ধশতাধিক সাবেক মন্ত্রী-এমপিদের প্রার্থিতা বাতিল করে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করেছিলো। তারই ধারাবাহিকতায় ২০০১-০৬ বিএনপি-জামাত অশুভ জোট আমলে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিলো এবং অবৈধ ও সংবিধান পরিপন্থী অপারেশন ক্লিনহার্টের মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছিলো।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,তার দল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। গণতন্ত্রবিরোধী অপশক্তির যে কোনো ষড়যন্ত্র-চক্রান্ত এবং সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্য ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

  • তফসিল ঘোষণার সম্পূর্ণ পরিবেশ আছে: ইসি সচিব

    তফসিল ঘোষণার সম্পূর্ণ পরিবেশ আছে: ইসি সচিব

    নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, সম্পূর্ণরূপে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে ইসি বদ্ধপরিকর।

    এ বিষয়ে সিইসি বারবার বলেছেন। তিনি বলেন, সব প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। নভেম্বরের প্রথমার্ধে (দ্বিতীয় সপ্তাহ) দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। বুধবার (৮ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ইসি সচিব।

    ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ সাক্ষাতের সূচি রয়েছে।

    তিনি বলেন, রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে অবহিত করা হবে। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবে। তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তবে এ নিয়ে এখনো কমিশন সভা অনুষ্ঠিত হয়নি।

    এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কমিশন বারবার বলেছে, নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধের যেকোনো দিন তফসিল হতে পারে। সে হিসাবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

    বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে সচিব জানান, এ পর্যন্ত কমিশনকে মেইলে তিনটি (এনডিআই, ইইউ ও কমনওয়েলথ) প্রতিষ্ঠান কনফার্ম করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, যেটা প্রি-অ্যাসেসমেন্ট করে গেছে। ইইউ আগেই বলেছে, অতি সম্প্রতি কমনওয়েলথের একটি টিম ইসির সাক্ষাতের সময় চেয়েছে।

    তিনি বলেন, ২১ নভেম্বরের মধ্যে বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত সেলের মাধ্যমে সমন্বয়ের পর পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।

    আগামী সপ্তাহে ১২-১৪ নভেম্বরের মধ্যে তফসিল হতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এ বিষয়ে কমিশন যখন সিদ্ধান্ত নেবে তখন গণমাধ্যমে জানানো হবে। নির্বাচন কমিশনের যেসব প্রস্তুতিমূলক কাজ রয়েছে, সব এগিয়ে রয়েছে। নির্বাচনী মালামালও ধাপে ধাপে জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে।

    তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাসময়ে পরিপত্র জারি করে। ইতোমধ্যে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মাঠে থাকবেন। ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারেন, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি করবে এবং সেভাবে মন্ত্রণালয় কাজ করবে।

    লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচন নিয়ে ইসি সচিব বলেন, অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • বরিশালে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক, যাত্রীর চাপ কম

    বরিশালে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক, যাত্রীর চাপ কম

    বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বরিশালে স্বাভাবিকভাবেই চলাচল করেছে বাস ও লঞ্চ। তবে, যাত্রীর চাপ ছিল কম। বুধবার (৮ নভেম্বর) সকালে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস ছেড়ে গেছে।

    সরেজমিনে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। এসময় সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে গেছে। এছাড়া নগরীর বেশির ভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম (বার) বলেন, কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

  • পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত, চেয়ারম্যানসহ আহত দুই

    পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত, চেয়ারম্যানসহ আহত দুই

    পটুয়াখালীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইউপি চেয়ারম্যানসহ দুই জন। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলা মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের শিংবাড়িতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মনিন্দ্র চন্দ্র হাওলাদার (৪৫)। তিনি উপজেলার পাঁচ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং কিসমতপুর গ্রামের বিরাজ মােহন হাওলাদারের ছেলে।

    আহতরা হলেন- ওই ইউপির চেয়ারম্যান মো. সেলিম মিয়া ও সাবেক ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান। ট্রাকটিকে পুলিশ আটক করতে সক্ষম হলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিলেন মনিন্দ্র নুরুজ্জামান।

    এ সময় মির্জাগঞ্জ থেকে বরগুনাগামী একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মনিন্দ্রকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখনে তিনি মারা যান। তিনি জানান, অপর দুই আহতের ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার পা ভেঙে গেছে এবং নুরুজ্জামান মাথায় আঘাত পেয়েছেন। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • বরিশালে মহিলা আওয়ামী লীগের পৃথক মানববন্ধন

    বরিশালে মহিলা আওয়ামী লীগের পৃথক মানববন্ধন

    বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা এবং গণপরিবহনে অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ এবং কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে নবনির্বাচিত মেয়র অনুসারী মহিলা লীগ মানববন্ধনের আয়োজন করে।

    বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস জাহান মুন্নি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন্নাহার মেরী, সাবিনা ইয়াসমিন ও সালমা আক্তারসহ অন্যান্যরা।

    অপরদিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন করে সিটি কপোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত অনুসারী সমর্থিত মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীরা।

  • মঠবাড়িয়ায় ছাত্র ও যুবলীগের ১১জন অস্ত্রসহ গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় ছাত্র ও যুবলীগের ১১জন অস্ত্রসহ গ্রেপ্তার

    পিরোজপুরের মঠবাড়িয়ায় আসামি ছিনতাইয়ের ঘটনায় ছাত্র ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়।

    আসামি ছিনতাইয়ের ঘটনায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ২৭ জনের নাম উল্লেখসহ আরও ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এরপর বুধবার ভোরে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    এ মামলার প্রধান অভিযুক্ত ফল সোহেল (২৭) মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা এলাকার চাঁন মিয়ার ছেলে।

    বুধবার এক সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শফিউর রহমান এসব তথ্য জানান।

    পুলিশ জানায়, গত সোমবার রাতে ১৭টি মামলার আসামি সোহেল রানা ওরফে ফল সোহেলকে গ্রেপ্তার করা হয়। এরপর মঠবাড়িয়া থানায় নিয়ে আসার সময় পৌরসভার সামনে কিশোর গ্যাংয়ের ২০–২৫ জন সহযোগী পুলিশের ওপরে হামলা চালিয়ে সোহেলকে ছিনিয়ে নেয়।

    বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর থেকে কিশোর গ্যাং নেতা ফল সোহেলের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি এবং রেদওয়ানের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, ২টি ধারালো দেশি অস্ত্র উদ্ধার করে। এ সময় মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

    পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেন, এ ঘটনায় এসআই কুদ্দুস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু করেছেন। ১১ জন আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ

    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ

    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

    মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান।

    এর আগে পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে গঠিত বোর্ডের ষষ্ঠ সভায় এই মজুরি নির্ধারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

    এর আগে বেলা সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে এ সংক্রান্ত আলোচনা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান ও বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন সিরাজুল ইসলাম রনি। অন্যদিকে মালিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন সিদ্দিকুর রহমান।

    সভায় আরও উপস্থিত ছিলেন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ, নিরপেক্ষ সদস্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য ও জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ৷

    সভায় শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকার প্রস্তাব করেন। অপরদিকে মজুরি বোর্ডে পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেন। উভয়পক্ষ প্রস্তাবনায় তাদের যৌক্তিকতা তুলে ধরে।

    শ্রম প্রতিমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের সুপারিশ অনুয়ায়ী মালিক ও শ্রমিকপক্ষ মিলে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের যে ঘোষণা সেটা প্রধানমন্ত্রীর নির্দেশেই করা হচ্ছে। ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ন্যূনতম মজুরি আট হাজার থেকে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে।

    ১৯৮৪ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৭০ টাকা নির্ধারণ করা হয়। এরপর ১৯৯৪ সালে মজুরি ৫৭০ থেকে বাড়িয়ে ৯৩০ টাকা করা হয়। ২০০৬ সালে ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ টাকা করা হয়। তারপর ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে ২০১০ সালে নূন্যতম মজুরি তিন হাজার টাকা করে দেয়। ২০১৩ সালে করে পাঁচ হাজার ৩০০ টাকা। সবশেষ ২০১৮ সালে তা আট হাজার টাকা করে দেওয়া হয়।

    এদিকে সম্প্রতি ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করার খবর ছড়িয়ে পড়লে গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকরা। পরে তা আশুলিয়া, সাভার ও ঢাকার মিরপুরে ছড়িয়ে পড়ে। অনেক জায়গায় শ্রমিকরা ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি সামাল দিতে পর্যায়ক্রমে পাঁচ শতাধিক কারখানা বন্ধ করে দেওয়া হয়।

    শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছে গার্মেন্টস শ্রমিক আন্দোলন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চ, গার্মেন্টস ওয়াকার্স অ্যালায়েন্স, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ঐক্য মঞ্চ, জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টসহ বেশ কয়েকটি সংগঠন৷

    তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য বাস্তবসম্মত নিম্নতম মজুরি কাঠামো প্রস্তাবনার জন্য শ্রমিকরা কিছু দাবি জানিয়ে আসছেন।

    দাবিগুলো হলো-
    ১. গার্মেন্টস শ্রমিকদের মাসিক মূল মজুরি সর্বমোট মাসিক মজুরির ন্যূনতম ৬১ শতাংশ করা।
    ২. গার্মেন্টস শ্রমিকদের পদ ও শ্রেণিবিন্যাসে গ্রেডিং সংক্রান্ত জটিলতা দূর করতে পূর্বের ৭টি গ্রেডের পরিবর্তে ৫টি গ্রেডে ভাগ করা।
    ৩. মূল মজুরির ওপর ১০ শতাংশ হারে বাৎসরিক ইনক্রিমেন্ট দিতে হবে।
    ৪. পরপর দুটি গ্রেডের মধ্যে ন্যূনতম মজুরির পার্থক্য ১০ শতাংশ করতে হবে।
    ৫. নতুন শ্রমিকদের জন্য তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে।
    ৬. সোয়েটার কারখানা বা পিস রেটে কর্মরত শ্রমিকদের প্রোডাকশন না থাকলে বিগত তিন মাসের মজুরির গড়/৩নং গ্রেডের বেসিক মজুরি পরিশোধ, কাজের আগে রেটের ফয়সালা করা।
    ৭. যে কোনো সম্প্রদায়ের শ্রমিক ও কর্মচারীরা স্ব স্ব সম্প্রদায়ের প্রধান দুটি উৎসবে প্রতিটিতে ৬ মাসের অধিক চাকরির ক্ষেত্রে এক মাসের মূল মজুরি হারে দুটি উৎসব ভাতা ও ছয় মাসের অনধিক চাকরির ক্ষেত্রে প্রতিটিতে ১৫ দিনের মজুরি হারে দুটি উৎসব ভাতা প্রাপ্ত হবেন। শ্রমিকের উৎসব ভাতা এক মাসের মূল মজুরির কম হবে না।
    ৮. স্বীয় পদে/গ্রেডে চাকরির সর্বোচ্চ দুই বছরের মধ্যে উচ্চতর গ্রেডে পদোন্নতি নিশ্চিত করতে হবে।
    ৯. পোশাক কারখানায় গ্র্যাচুইটি সিস্টেম প্রচলন করতে হবে। তবে অন্তর্বর্তীকাল হিসেবে ১০ বছরের অধিক সময় কর্মরত শ্রমিকদের জন্য সমান হারে ক্ষতিপূরণ দিতে হবে। চাকরি অবসরের পর নির্দিষ্ট সময়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের জন্য প্রাপ্ত গ্র্যাচুইটি দিতে হবে।
    ১০. মাতৃত্বকালীন ছুটি সবেতনে ছয় মাস দিতে হবে।
    ১১. শ্রমিকদের পরিবারের সন্তানদের জন্য শিক্ষা ভাতা দিতে হবে।
    ১২. নতুন মজুরি নির্ধারণের পর যাতে স্থানীয় পর্যায়ে বাড়িভাড়া না বাড়ে, তা তদারকি করতে স্থানীয় জনপ্রতিনিধি, জনপ্রশাসন এবং মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি করে পর্যবেক্ষণের উদ্যোগ নিতে হবে।
    ১৩. গার্মেন্টস শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে (সরকারের ভর্তুকিমূলক পণ্য বিক্রি কার্যক্রমে তৈরি পোশাক শ্রমিকদের অন্তর্ভুক্ত করা)।

  • বরিশালে ভ্যানকে ধাক্কা দিয়ে পুকুরে প্রাইভেটকার

    বরিশালে ভ্যানকে ধাক্কা দিয়ে পুকুরে প্রাইভেটকার

    বরিশালের গৌরনদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে গেছে।

    মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

    গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, দুর্ঘটনায় ভ্যানের এক নারী যাত্রী আহত হয়েছেন তবে তার শারীরিক অবস্থা গুরুতর নয়। বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো একটি প্রাইভেটকার। দ্রুত গতির ওই প্রাইভেটকারটি বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী এলাকা অতিক্রমকালে একটি ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের পুকুরে পড়ে যায়।

    তিনি জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। প্রাইভেটকারে শুধু চালক ছিলেন। তিনি পালিয়ে গেছেন। প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানের যাত্রী সাথী সামান্য আহত হয়েছেন। প্রাইভেটকার উদ্ধার অভিযান চলছে।

    ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে তাদের একটি দল পানিতে ডুবে যাওয়া প্রাইভেটকার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। প্রাইভেটকারের মধ্যে কাউকে পাওয়া যায়নি। আহত এক নারী ভ্যান যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

  • পিরোজপুরে চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল পুলিশ

    পিরোজপুরে চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল পুলিশ

    পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে চুরি হওয়া মোবাইল মালিকদের হাতে এ মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

    পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সবসময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩৫ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোনগুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে।

    পুলিশ সুপার বলেন, মোবাইল উদ্ধারের পাশাপাশি পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রুততা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছে।

    এ সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খান উপস্থিত ছিলেন।