Blog

  • পটুয়াখালীতে মিধিলির ঝড়ে নিখোঁজ ২৫ জেলে, পরিবারে চলছে আহাজারি

    পটুয়াখালীতে মিধিলির ঝড়ে নিখোঁজ ২৫ জেলে, পরিবারে চলছে আহাজারি

    বইন্নার (ঝড়ের) দিন সাড়ে ১১টার কালেও (সময়) বাবার লগে ফোনে কথা অইছে। আমারে কয় মা ঝড়-বৃষ্টির বাতাসের কারণে কথা বুঝি না। জাল টানতে আছি। শেষ হইলেই তোমারে ফোন করমু। বাবায় আমার আর ফোন করে নাই। এহন যতই ফোনে কল দেই শুধু বন্ধ কয়। ও বাবা তুই মায়রে ফোন করোস না ক্যা?’

    নিখোঁজ ছেলের কথা বলে এভাবেই বিলাপ করে স্বজনদের সঙ্গে কান্নায় ভেঙে পড়ছেন মা নাজমা বেগম। তার ছেলের নাম জিসান প্যাদা (১৯)। পাশের গ্রামের হাসান জোমাদ্দারের মালিকানাধীন ট্রলারের মাল্লা হিসাবে সাগরে মাছ শিকারে গিয়েছিলেন। ঘূর্ণিঝড় মিধিলির পরে ওই ট্রলারটি নিখোঁজ হয়। এরপর আর কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফলে সময় যতই যাচ্ছে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।

    ঘূর্ণিঝড় মিধিলির পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ২৫ মাঝিমাল্লাসহ নিখোঁজ তিন ট্রলারের মাল্লা (মাঝি) ছিল জিসান প্যাদা। সে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিলাম প্যাদার ছেলে।

    জানা গেছে, জিসানের সঙ্গে তার খালতো ভাই তামিমও জেলে হিসাবে ছিল ওই ট্রলারে। তারও সন্ধান মিলছে না। কোথায় আছে, কেমন আছে, তাদের ভাগ্যে কি ঘটেছে- তা জানে না কেউ।
    জিসান-তামিমের পরিবারের মতোই স্বজন ফিরে আসার প্রতীক্ষার প্রহর গুনছে আরও ২৩ পরিবার। সময় যতই গড়াচ্ছে, উৎকণ্ঠা বাড়ছে। নিখোঁজ জেলেদের বাড়িতে বাড়িতে চলছে আহাজারি। সোমবার নিখোঁজের চারদিন হলেও এখনও কারও সন্ধান মেলেনি। নিখোঁজ জেলেদের সন্ধানে প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি পরিবারের।

    পুলিশের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড় মিধিলিতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের বাসিন্দা হাসান জোমাদ্দারের ট্রলারের ৮, মৌডুবী ইউনিয়নের কাজিকান্দা দিদার মৃধার ট্রলারের ৮ ও একই এলাকার হিমু হাওলাদারের মালিকানাধীন ট্রলারের ৯ জেলে নিখোঁজ হয়। তাদের মধ্যেই নিখোঁজ হওয়া উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুণি গ্রামের জহির মাঝি। সরেজমিন তার বাড়িতে গিয়ে দেখা যায়, জহিরের মা, স্ত্রী ও তিন সন্তানের কান্নায় ভারি হয়ে উঠেছে পরিবেশ।

    এদিকে ট্রলার মালিকরা বলছেন, বুধবার সকালে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করার উদ্দেশে ট্রলার ছেড়ে যায়। কিন্তু পরে ঘূর্ণিঝড় মিধিলির পর আর তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তারা কোথায় আছে, কীভাবে আছে, কোনো সন্ধান পাওয়া যায়নি।

  • নভেম্বরের প্রথম ১৭ দিনেই এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স

    নভেম্বরের প্রথম ১৭ দিনেই এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স

    অক্টোবরের পর চলতি মাসেও হাওয়া লেগেছে রেমিট্যান্সের পালে। মূলত দ্বিগুণ প্রণোদনা ঘোষণায় আবারও সচল হয়েছে দেশের রেমিট্যান্সের চাকা। নভেম্বরের প্রথম ১৭ দিনেই এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৬ কোটি ৯৯ লাখ ডলার।
    রোববার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এই তথ্য পাওয়া গেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি নভেম্বরে বাড়ছে রেমিট্যান্সের গতি। প্রথম ১৭ দিনেই ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আর গত অক্টোবরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৪ কোটি ৯৯ লাখ (দৈনিক ৬ কোটি ২৫ লাখ) মার্কিন ডলার। এছাড়া সেপ্টেম্বরের ২২ দিনে এসেছিল ১০৫ কোটি (দৈনিক ৪ কোটি ৭৭ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স।

    এর আগে ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ বেশি অর্থ প্রদানের নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের দেয়া আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারবে ব্যাংকগুলো।

    নভেম্বরের প্রথম ১৭ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৪ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ডলার।

    আর নভেম্বরের ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। এছাড়া ৪ থেকে ১০ নভেম্বর এসেছে ৫৮ কোটি ৮৮ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। আর ১ থেকে ৩ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার।

    এদিকে সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। ঢাকায় রেমিট্যান্স এসেছে ৯৩ কোটি ৮৬ লাখ ডলার। এ ছাড়া অক্টোবরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে।

    চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কেটি ৮৭ লাখ ডলার। সিলেট বিভাগে ২২ কোটি ১১ লাখ ডলার, খুলনা বিভাগে ৮ কোটি ৪২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৬ কোটি ৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫ কোটি ১২ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৩ কোটি ৮১ লাখ ডলার ও রংপুর বিভাগে ২ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

    এদিকে অক্টোবরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৪৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৮২ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬০ লাখ ৩০ হাজার ডলার

  • দ্বিতীয় দিনের প্রথম ৩ ঘণ্টায় আওয়ামী লীগের ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি

    দ্বিতীয় দিনের প্রথম ৩ ঘণ্টায় আওয়ামী লীগের ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি

    আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের প্রথম ৩ ঘণ্টায় ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

    রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দ্বিতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি ও জামা দেওয়ার কাজ শুরু হয়।

    বিপ্লব বড়ুয়া জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১৪৫টি, চট্রগ্রাম বিভাগে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগ ৭৮টি, রংপুর বিভাগে ৬২টি মনোয়ন ফরম বিক্রি হয়েছে।

    এর আগে শনিবার ১০৭৪ টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে ৫ কোটি ৩৭ লাখ টাকা আয় হয় আওয়ামী লীগের। আগামী ২১ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

  • যুক্তরাজ্য-জার্মানির বাজারকে ছাড়িয়ে যেতে কাজ করছি: প্রধানমন্ত্রী

    যুক্তরাজ্য-জার্মানির বাজারকে ছাড়িয়ে যেতে কাজ করছি: প্রধানমন্ত্রী

    ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য-জার্মানি এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডের বাজারকে ছাড়িয়ে যেতে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রোববার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল র‌্যাডিসনে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান ও ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আমাদের ধারণা। তখন যুক্তরাজ্য এবং জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডকেও বাংলাদেশ যেন ছাড়িয়ে যেতে পারে সে লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেই প্রচেষ্টাই আমাদের রয়েছে।

    তিনি বলেন, আমাদের বিশাল জনসংখ্যা আছে। সেটাকে আমরা সবচেয়ে বেশি কাজে লাগাবো। তাদের দক্ষ জনশক্তি হিসেবে আমরা গড়ে তুলছি।

    টানা তিন মেয়াদে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর একটিতে পরিণত করেছি। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ।

    তিনি বলেন, শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক মৌলিক বিষয়সমূহ ও বাণিজ্য সংহতকরণের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২৫ শতাংশে উন্নীত হয়েছে। আমাদের মাথাপিছু আয় মাত্র এক দশকে তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৩ মার্কিন ডলারে। জিডিপির আকার ২০০৬ সালের ৪ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ৫০.৩১ লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে। এই সময়ের মধ্যে দারিদ্র্যের হার প্রায় ৩ গুণ কমে ১৮.৭ শতাংশে দাঁড়িয়েছে।

    প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক উদারীকরণ এবং বাণিজ্য সংহতকরণের ওপর ভিত্তি করে আজকের এই টেকসই অর্থনীতি ও উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ২০২১ সালে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে।

    ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ৩৯টি হাই-টেক পার্ক বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত রাখা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, কর মওকুফ, রেমিট্যান্স রয়্যালটি, প্রস্থান নীতি, লভ্যাংশ এবং মূলধন সম্পূর্ণ প্রত্যাবর্তন, আইন দ্বারা বিদেশি বিনিয়োগ সুরক্ষাসহ বিনিয়োগ নীতিকে আরও সহজ করার জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি।

    প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত উন্নয়ন কর্মসূচি, বিনিয়োগবান্ধব নীতি, বৃহৎ অভ্যন্তরীণ বাজার, কৌশলগত অবস্থান, উচ্চ মুনাফা, কর্মক্ষম জনগোষ্ঠীসহ বিভিন্ন সুবিধার কারণে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের কাছে বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানির জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

    তিনি বলেন, ব্যাপকহারে টেকসই অবকাঠামো নির্মাণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নদীর তলদেশে টানেল, গভীর সমুদ্র বন্দর এবং গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণ। পদ্মা বহুমুখী সেতু, পদ্মা সেতুর রেল লাইন সংযোগ, মেট্রোরেল, কর্ণফুলী নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের সামর্থ্যের বহিঃপ্রকাশ।

    ২০২৫ সালের মধ্যে শুধু লজিস্টিকস খাতই ৯০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারে পরিণত হবে আশা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশে এখন জ্বালানি, পানি, লজিস্টিকস এবং পরিবহন খাতে ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো গড়ার সুযোগ রয়েছে।

    ২০৩১ সালের মধ্যে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অনুপাত ৩১ দশমিক ৪৩ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানান সরকারপ্রধান।

  • নলছিটিতে মা‌হিন্দ্রা ও মটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘর্ষ: আহত ৪

    নলছিটিতে মা‌হিন্দ্রা ও মটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘর্ষ: আহত ৪

    ঝালকা‌ঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। ১৮ নভেম্বর শনিবার, রাত ৮টার দিকে নলছিটি- বরিশাল সড়কের সারদল এলাকায় মাহিন্দ্র ও মটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে।

    স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহতদের বরিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

    আহত মোটরসাইকেল আরোহীরা হলেন পৌরসভার শীতলপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৫), সূর্যপাশা এলাকার সুলতান হাওলাদারের ছেলে শাকিল (৩০), ফেরিঘাট এলাকার ১৬ নম্বর আবাসনের সোবাহান হাওলাদারের বাক প্রতিবন্ধী ছেলে শামীম হোসেন (১১) এবং মাহিন্দ্রা ড্রাইভার বরিশালের গড়িয়ারপাড় এলাকার সুলতান হাওলাদারের ছেলে সফিক (২৬)।

    দপদপিয়া থেকে নলছিটির দিকে আসা মোটরসাইকেলের সাথে নলছিটি থেকে বরিশাল গামী বেপরোয়া গতির মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রতক্ষদর্শীরা জানান।

    নলছিটি থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে নল‌ছি‌টি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে তাৎক্ষ‌নিক অফিসার পাঠিয়ে‌ছি । অ‌ভি‌যোগ আস‌লে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে

  • বরিশালে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

    বরিশালে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

    এ নিয়ে গত জানুয়ারি থেকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে ১৪১ জন রোগীর মৃত্যু হলো। চলতি মৌসুমে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮১ জনের।

    এদিকে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ আগের থেকে কমেছে।
    শেবাচিম হাসপাতালের দৈনন্দিন রিপোর্টে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝালকাঠীর কাঠালিয়ার শামসুন্নাহার (৫২) ও জেলার উজিরপুরের রতন দাসের (৩৫) মৃত্যু হয়েছে।

    এদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন রিপোর্টে জানা গেছে, বিভাগের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। সবশেষ রিপোর্ট অনুযায়ী, গত শনিবার শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন ৮৩ জন ডেঙ্গু রোগী। এর আগে শুক্রবার ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।

    অন্যান্য সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে।

  • বরিশালে ছাত্রদল নেতা সবুজ গ্রেফতার

    বরিশালে ছাত্রদল নেতা সবুজ গ্রেফতার

    রাষ্ট্রবিরোধী মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    রোববার (১৯ নভেম্বর) সকালে র‌্যাব-৮ এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    র‌্যাব জানিয়েছে, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বরের অবরোধ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন ৬০/৭০ জন কর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্তার ওপর সরকারবিরোধী স্লোগান দিয়ে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। এসময় তারা ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয় ও গাড়ি ভাঙচুর করে।

    এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ ‘স্পেশাল পাওয়ার অ্যাক্ট-১৯৭৪’ এর ধারা-১৫(৩) অনুযায়ী মামলা করে। সেই মামলায় সবুজ আকনকে গ্রেফতার করা হয়।

    র‌্যাব আরও জানায়, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতা আইনে হওয়া মামলায় গ্রেফতার সবুজ আকনকে জেলহাজতে পাঠানো হবে।

  • লঞ্চে আগুনের ঘটনায় বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমসহ দু’জন গ্রেপ্তার

    লঞ্চে আগুনের ঘটনায় বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমসহ দু’জন গ্রেপ্তার

    আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর লঞ্চে আগুন দেওয়ার পরিকল্পনাকারী বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

    বুধবার (১৫ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার অন্যতম পরিকল্পনাকারী রেজাউল করিমসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বরিশাল সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

    তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী সময়ে বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনার অন্যতম বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম। তাকে গ্রেফতার করা হয়েছে।

    কমান্ডার মঈন আরও বলেন, এছাড়া গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতাও বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম।

    এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

    এদিকে, একদিন বিরতি দিয়ে বুধবার (১৫ নভেম্বর) ভোর থেকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। চতুর্থ ধাপের অবরোধ শেষ হয় মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টায়। পঞ্চম দফায় রেল, সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে দলটি। বুধবার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

  • বরিশালে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক

    বরিশালে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক

    বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা এবং ৪ কেজি গাঁজাসহ ৩ জন আটক হয়েছে। গত সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে পৃথক এই অভিযান পরিচালিত হয়।

    মঙ্গলবার বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিএমপির গোয়েন্দা শাখার একটি বিশেষ দল নগরীর চৌমাথা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ শেখ মাহবুব (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাহবুব সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভুরুলিয়া এলাকার বাসিন্দা মৃত শেখ আহাদুল্লাহর ছেলে।

    এদিকে বিএমপির বিমানবন্দর থানার একটি দল সকালে বাবুগঞ্জের মাধবপাশার ইউনিয়নের পশ্চিম পাংশা ইউরেকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদার (৩০) ও মো. মামুন হাওলাদার (৩৫) নামে দুইজনকে আটক করে। আটক সোহেল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী এলাকার আলী আকবর হাওলাদারের এবং মামুন ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার বরফকাঠী এলাকার মো. ইউসুফ হাওলাদারের ছেলে।
    এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

    বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

    ডায়াবেটিসের ঝুকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ শ্লোগানে বরিশালে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

    মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় ডায়াবেটিক সমিতির আয়োজনে বরিশাল নগরের জিলা স্কুল মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়।

    র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরোডস্থ অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
    পরে বরিশাল ডায়াবেটিক সমিতির কোশাধ্যক্ষ মো. হান্নান মল্লিকের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় সেখানে উপস্থিত ছিলেন ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. একে এম শাহিনুর রহমান ও আলতাফ মাহামুদসহ অন্যান্যরা।

    দিবসটি উপলক্ষ্যে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়।