Blog

  • দুই বিভাগের ৬৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত: ওবায়দুল কাদের

    দুই বিভাগের ৬৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত: ওবায়দুল কাদের

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই বিভাগের ৬৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
    সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সময় সংবাদ

    বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে তিনি এ কথা জানান।

    ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে এবার বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য বাদ পড়েছেন।

    তিনি বলেন, ২৫ নভেম্বরের আগেই দলীয় প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা দেয়া হবে। একসাথে সব প্রার্থীর নাম অনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রার্থী বাছাইয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

    রাজনীতির বাইরে কেউ আছেন কি না- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আজকে যে সিদ্ধান্ত হয়েছে তাতে রাজনীতির বাইরে কেউ আসেনি।

    এর আগে, সকাল ১০টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

    প্রায় চার ঘণ্টাব্যাপী এ বৈঠকে রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। পরে ধাপে ধাপে বাকি বিভাগগুলোর প্রার্থী চূড়ান্ত করা হবে। টানা তিন দিন এই বৈঠক চলবে। শেষ হবে শনিবার (২৫ নভেম্বর)।

  • গাবখান চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ

    গাবখান চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ

    বাংলাদেশের একমাত্র নৌ-চ্যানেল গাবখানে স্রোত, বাতাস ও কুয়াশার কারণে দুই জাহাজের সংঘর্ষে একটি ডালবাহী কার্গো জাহাজের তলা ফেটে পানি ঢুকে ডুবে ডুবে যাওয়ার উপক্রম হলে স্থানীয় প্রশাসনের সহায়তায় রক্ষা পেয়েছে।

    জাহাজ মাস্টার মোঃ হান্নান, ১৩.৫০ টন ডাল নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এম,ভি স্কাই ভিউ ইন্টারন্যাশনাল যশোর নোয়াপাড়া যাওয়ার পথে ঝালকাঠি-কাউখালীর গাবখান চ্যানেলের ভিতরে মংলা থেকে ছেড়ে আসা এম,ডি রুপসা তেল বোঝায় ট্যাংকারের সাথে রাত ১টার সময় নৌ চ্যানেলের ভিতরে স্রোত, বাতাস ও কুয়াশার কারণে পাশাপাশি সংঘর্ষ হয়। পরে এমবি স্কাই ভিউ কার্গো জাহাজটি চালিয়ে পিরোজপুরের কাউখালীর কচা নদীতে ডোকার সময় দেখতে পায় তলা ফেটে জাহাজে পানি ঢুকে যাচ্ছে।

    এ সময় জাহাজটি চালিয়ে কাউখালী স্টিমার ঘাটের সামনে নদীর কিনারে এসে নোংর করে। খবর পেয়ে স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দ্রুত উদ্ধারের জন্য দুটি বার্স জাহাজ ব্যবস্থা করে জাহাজটিকে ডুবা থেকে রক্ষা করে। এ সময় জাহাজ কর্তৃপক্ষ ও মাল সরবরাহকারী কর্তৃপক্ষের গড়িমসির কারণে কারণে জাহাজটি উদ্ধার করতে অনেক বেগ পেতে হয়।

    জাহাজে মাল সরবরাহকারী প্রতিনিধি মিনহাজ জানান নাবিল গ্রুপের ১৩শত ৫০ মেট্রিক টন ডাল নিযয়ে গত ২০ নভেম্বর চট্টগ্রাম থেকে ছেরে আসে। জাহাজে তলা ফেটে পানি ঢুকে যায় কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমি ডাল খালাস করার অনুমতি দিতে পারছিলাম না।

    খবর পেয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে জাহাজটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজকে খবর দেয় এবং জাহাজটির সকল মালামাল নিরাপত্তার এবং দ্রুত জাহাজের মালামাল খালাস করে জাহাজটি যেনো ডুবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করেন।

    এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সজল মোল্লা, কাউখালী থানা ইনচার্জ মোঃ জাকারিয়া, পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান।

  • বরিশালে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক-৪

    বরিশালে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক-৪

    নগরে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

    বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

    এরআগে, সকালে নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপার এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে দুই কেজি গাঁজাসহ আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

    আটকরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছৈলাবুনিয়া এলাকার তপন মালী (৪৯) ও পটুয়াখালী সদরের লাউকাঠীর শ্রীরামপুর এলাকার মো. আলম ফরাজি (৫২)।

    এরআগে, অপর এক অভিযানে বরিশাল নগরের ৩ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া সড়কে অভিযান চালিয়ে ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।

    আটকরা হলেন ভোলার লালমোহন উপজেলার নয়ানী এলাকার বাসিন্দা মোস্তফা খানের ছেলে ও বরিশাল নগরের কাউনিয়া এলাকার জনৈকি রফিক হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া মো. আরিফ (২১) এবং বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি এলাকার সজিব (২৫)।

    আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মিডিয়া সেলের ইনচার্জ পরিদর্শক মো. মুনির

  • সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

    সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

    অনলাইন ডেস্ক ::: বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি।

    বুধবার (২২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    এদিকে গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর হরতাল-অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে সারাদেশে ১৯৭টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসময়ে গড়ে প্রতিদিন প্রায় সাতটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে গড়ে প্রতিদিন প্রায় পাঁচটি করে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

    ঢাকা সিটি করপোরেশনের অগ্নিসংযোগের ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা দক্ষিণ সিটিতে ৬০টি, ঢাকা উত্তর সিটিতে ৩৫টি আগুনের ঘটনা ঘটে।

  • ঝালকাঠিতে প্রাইভেটকার-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

    ঝালকাঠিতে প্রাইভেটকার-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

    ঝালকাঠির রাজাপুরে প্রাইভেটকার ও থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর ) সাড়ে ১০ টার দিকে উপজেলার বাগড়িবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।

    আহতরা হলেন- মাহিন্দ্রাচালক আল-আমীন (২৬), শফিকুল ইসলাম (১৮), মুনসুর আলী শরিফ(৬২) এবং জুলফিকার হাওলাদার (৫৫)।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাগড়ি বাজারে প্রাইভেটকারের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় মাহিন্দ্রার চালকসহ চারজন গুরুতর আহত হন।

    রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

  • টিসিবির জন্য ১০ লাখ লিটার তেল কিনবে সরকার

    টিসিবির জন্য ১০ লাখ লিটার তেল কিনবে সরকার

    ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকায় ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।

    বুধবার (২২ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৯তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

    বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বাংলানিউজকে জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। ভারতের গ্রিন ন্যাশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারসের কাছ থেকে কেনা হবে। এতে প্রতি লিটার ১৫৪.৯৬ টাকা দরে মোট ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হবে।

    এর আগে গত ১৫ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবি কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ৭৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

    এছাড়াও বুধবারের বৈঠকে ঢাকা বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং-WP-02 এর পূর্ত কাজ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে ১১২ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৭৯২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

  • তফসিল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর

    তফসিল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর

    নির্বাচনের তফসিল পেছানোর সুযোগ আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। বুধবার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার তিন জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

    ইসি আনিছুর রহমান বলেন, ‘নির্বাচনে কে আসলো কে আসলো না, এটা আমাদের বিষয় নয়। কাউকে নির্বাচনে আনা আমাদের দায়িত্বও নয়। যথারীতি আমরা চিঠি দিয়েছি। (তবে সংশ্লিষ্ট দলগুলো) নির্বাচনে আসতে চাচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি এমন কথা। যদি তারা পর্দার অন্তরালে আলাপ-আলোচনা বা জোটবদ্ধ হন তাহলে বিষয়টি (তফসিল) পেছানোর সুযোগ আছে।’

    তিনি আরও বলেন, ‘নির্বাচন নির্বাচনের গতিতে হবে। নির্বাচনে কত পার্সেন্ট (শতাংশ) ভোট পড়লো সেটা বিষয় নয়। সংবিধানে লেখা নেই কত পার্সেন্ট ভোট কাস্ট হতে হবে। তবে সময়মতো নির্বাচন না হলে সংবিধানে একটা শূন্যতা তৈরি হবে। তাই সময়মতো নির্বাচন হবে।’

    আনিছুর রহমান বলেন, ‘বাংলাদেশে সবসময়ই নির্বাচন উৎসবমুখর হয়। তবে সেটি বেশি হয় স্থানীয় সরকার নির্বাচনে। আমরা আগে থেকে আহ্বান করে যাচ্ছি নির্বাচনে সবাই আসুক। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।’

    কুমিল্লা জেলা প্রশাসক মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

  • মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

    মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

    প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

    বুধবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের এ আদেশ দেন।

    এদিন আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদারসহ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

    এর আগে ২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ফখরুলের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। ওইদিনই আদালত শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন।

    তবে ২০ নভেম্বর ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন শুনানির তারিখ পিছিয়ে ২২ নভেম্বর দিন ধার্য করেন আদালত। ২৯ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে ফৌজদারি বিবিধ মামলা দায়ের করে জামিন আবেদন করা হয়।

    এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর বাসায় গিয়ে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়।

    ওইদিনই রাত ৮টার দিকে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে গোয়েন্দা পুলিশ। অপরদিকে তার পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডাকে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন হরতালের ডাক দেয় বিএনপি। অপরদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি উন্নয়ন ও সমাবেশ করে।

    একইদিন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও দলের আমির ডা. শফিকুর রহমানসহ অন্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে মতিঝিলের আরামবাগ এলাকায় সমাবেশ করে উচ্চ আদালতের আদেশে নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী। তারাও এ হরতাল পালন করে।

  • মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী

    মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী

    সাম্প্রতিক সময়ের অগ্নিসন্ত্রাসের ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না, জনগণের কল্যাণ করে অর্জন করা যায়। জনগণই মূল শক্তি। যারা এগুলো করছে তাদের চেতনার ফিরে আসুক- এটাই আশা করি।

    আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    শেখ হাসিনা বলেন, সরকারে আসার পর থেকেই আমার প্রচেষ্টা ছিল দলমত নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের সম্মানিত করা। তাদের ভাতা দেওয়া। তারা যেন গর্বের সঙ্গে বলতে পারে আমরা মুক্তিযোদ্ধা। ভাতার টাকাগুলো সরাসরি অ্যাকাউন্টে চলে যায়। এ ছাড়াও চিকিৎসা ভাতা, শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি। তিন কোটিরও বেশি শিক্ষার্থী উপবৃত্তি পায়। এর বাইরেও আমরা মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করেছি।

    সরকারপ্রধান বলেন, আমাদের লক্ষ্যটাই হচ্ছে- এদেশে কোনো ভূমিহীন-গৃহহীন থাকবে না। আমরা ভূমিহীনদের ঘর, মুক্তিযোদ্ধাদের বীর নিবাস করে দিচ্ছি। মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে স্মরণীয় করে রাখতে চেষ্টা করে যাচ্ছি। সবাইকে মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। যে কাজই করি না কেন, আমাদের মনে রাখতে হবে আমরা বীরের জাতি।

  • বরিশাল বিভাগে আ.লীগের মনোনয়ন কিনেছে ২৪১ জন

    বরিশাল বিভাগে আ.লীগের মনোনয়ন কিনেছে ২৪১ জন

    আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়নে চমক হয়ে এসেছেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বরিশাল সদর (৫) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

    সোমবার (২০ নভেম্বর) দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার।

    তিনি বলেন, বরিশাল বিভাগের ২১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে গত তিন দিনে ২৪১ জন নেতা ফরম সংগ্রহ করেছে। এর মধ্যে বরিশাল-৫ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

    এদিকে, বরিশালের ছয়টি আসনে প্রার্থী হওয়ার দৌড়ে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৫ জন নেতা। এরমধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বরিশাল-২ আসনে। এ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নেমেছেন ১৫ জন। সবচেয়ে কম ফরম সংগ্রহ হয়েছে বরিশাল-১ আসনে। এ আসনে একমাত্র আবুল হাসানাত আব্দুল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছেলে মঈন আব্দুল্লাহ ও আশিক আব্দুল্লাহ।

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এরআগে ঢাকা-১৩ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারেও ঢাকা-১৩ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একইসঙ্গে বরিশাল-৫ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

    তবে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ফরমটি সংগ্রহ করেননি, তাই তিনি জানেনও না। আর এ নিয়ে কেউ তার সঙ্গে যোগাযোগও করেনি।

    এছাড়া এ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ (বরিশাল-৫) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মাহবুব উদ্দিন আহমদ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সালাউদ্দিন রিপন, মোহাম্মদ আরিফ হোসেন, মো. মশিউর রহমান খান ও মোর্শেদা বেগম।

    বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মো. শাহে আলম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মো. মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র শীল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান, শের-ই বাংলা একে ফজলুল হকের নাতি একে ফাইয়াজুল হক, এম মোয়াজ্জেম হোসেন, মুহম্মদ আনিসুর রহমান, হাবিবুর রহমান খান, আব্দুল হাকিম সন্যামত, আব্দুর রাজ্জাক ও আ. হক।

    বরিশাল-৩ আসনে ড. মোহাম্মদ আমিনুল হক কবির, মো. শাফায়েত হোসেন, মিজানুর রহমান ও আতিকুর রহমান, মোহাম্মদ সাইফুল আলম, আসাদুল হক, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, অব. সচিব সিরাজ উদ্দীন আহমেদ, কিবরিয়া গোলাম মোহাম্মদ, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, মো. জহিরউদ্দিন ও মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম খান মিঠু।

    বরিশাল-৪ আসনে হেমায়েতউদ্দিন খান, আফজালুল করিম, শাম্মী আহমেদ, মেজর অব. নাসিরউদ্দিন খান, একাদশ সংসদের সদস্য পংকজ নাথ, মো. শাহে আলম, আরিফ বিন ইসলাম, মেজর অব. মহসিন শিকদার।

    বরিশাল-৬ আসন থেকে বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, রাজিব আহম্মেদ তালুকদার, আব্দুল হাফিজ মল্লিক, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, শাহনাজ পারভীন রানী, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।