Blog

  • বরিশালে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো দুইজনের

    বরিশালে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো দুইজনের

    বরিশালে বেপরোয়াগতির মোটরসাইকেলের চাপায় এক পথচারীসহ চালক নিহত হয়েছেন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন বরিশাল শেবাচিম হাসপাতালে অপর একজনকে ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন।

    বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ময়নাতদন্ত শেষে উভয়ের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে শোকের ছায়া নেমে আসে।

    নিহতরা হলেন, মোটরসাইকেল চালক কুতুবপুর গ্রামের আবু বক্কর খানের ছেলে বায়েজীদ খান (২২) ও পথচারী বোরাদী গরঙ্গল গ্রামের মৃত মাজেদ আলী ফকিরের ছেলে মুনছুর আলী ফকির (৭৫)।

    মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী-হোসনাবাদ আঞ্চলিক সড়কের নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল এলাকার ইউপি সদস্য বাবুল ফকিরের বাড়ির সামনে।

    স্থানীয় ইউপি সদস্য বাবুল ফকির জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর পরই বেপরোয়াগতিতে বায়েজীদ খান মোটরসাইকেল চালিয়ে গৌরনদী যাওয়ার সময় রাস্তা পারাপাররত মুনছুর আলী ফকিরকে চাঁপা দিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় বায়েজীদ ও মুনছুর আলীকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় বায়েজীদ খান ও ঢাকায় নেওয়ার পথে মুনছুর আলী ফকির মৃত্যুবরণ করেন।

  • কর বকেয়া, জাপার রুহুল আমিনের মনোনয়নপত্র স্থগিত

    কর বকেয়া, জাপার রুহুল আমিনের মনোনয়নপত্র স্থগিত

    পটুয়াখালী-১ আসন (সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা) থেকে জাতীয় পার্টির এমপি প্রার্থীর এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন।

    রোববার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।

    এতে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়নপত্র স্থগিত করেন পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
    বাছাই অনুষ্ঠানে উপস্থিত সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা জানান, কর অঞ্চল ঢাকা-৮ সার্কেল-১৬০ এ রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকার কর বকেয়া রয়েছে বলে অভিযোগ রয়েছে। এজন্য তার মনোনয়নপত্র স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বাছাই অনুষ্ঠানে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে, তারা সোমবার বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    এদিকে পটুয়াখালী-১ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দীন এবং জাকের পার্টির মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

    অপরদিকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কাগজপত্র সঠিক না থাকায় মহিউদ্দিন মামুনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঋণ খেলাপির অভিযোগে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-১ আসন থেকে এমপি পদে নির্বাচিত হয়েছিলেন।

  • ফের বাড়ল এলপিজির দাম

    ফের বাড়ল এলপিজির দাম

    ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    রোববার (৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ডিসেম্বর মাসের নতুন এ দর ঘোষণা করে, যা একইদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

    সংবাদ সম্মেলনে এলপিজির নতুন দর ঘোষণায় বিইআরসি চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকা ২ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে ১২ কেজি বোতলজাত এলপিজির মুসকসহ মূল্য এক হাজার ৪০৪ টাকায় সমন্বয় করা হয়েছে।

    তিনি বলেন, সাড়ে পাঁচ কেজির সিলিন্ডার ৬৪৪ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৪৬৩ টাকা, ১৫ কেজির সিলিন্ডার এক হাজার ৭৫৫ টাকা, ১৬ কেজির সিলিন্ডার এক হাজার ৮৭২ টাকা, ১৮ কেজির সিলিন্ডার দুই হাজার ১০৭ টাকা, ২০ কেজির সিলিন্ডার দুই হাজার ৩৪০ টাকা, ২২ কেজির সিলিন্ডার দুই হাজার ৫৭৫ টাকা, ২৫ কেজির সিলিন্ডার দুই হাজার ৯২৬ টাকা, ৩০ কেজির সিলিন্ডার তিন হাজার ৫১১ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার তিন হাজার ৮৬২ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার চার হাজার ৯৬ টাকা ও ৪৫ কেজির সিলিন্ডার পাঁচ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বিইআরসি চেয়ারম্যান জানান, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ২০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।

    এর আগে, নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম এক হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

  • নাশকতা ঠেকাতে দেশব্যাপী ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

    নাশকতা ঠেকাতে দেশব্যাপী ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ডাকা অবরোধে নাশকতা ঠেকাতে দেশব্যাপী ১৬২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    রোববার (৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ঢাকা ও এর আশপাশের জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েনসহ সারা দেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    পরবর্তী নির্দেশনা না আসা এটি কার্যকর থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

    এর আগে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা, ১১ ও ১২ চতুর্থ দফা এবং ১৫ ও ১৬ নভেম্বর পঞ্চম দফায় অবরোধের ডাক দেয় দলটি। মাঝে ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিয়ে ২২ ও ২৩ নভেম্বর ফের ষষ্ঠ দফা এবং ২৬ ও ২৭ নভেম্বর সপ্তম দফা অবরোধের ঘোষণা দেয় বিএনপি-জামায়াত।

  • বরিশালে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

    বরিশালে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে এখন পর্যন্ত ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।

    রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং অফিসার মো. শহীদুল ইসলাম যাচাই বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করেছেন।

    এছাড়া বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড.শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকায় যাচাই-বাছাইয়ের শেষ দিন সোমবার (৪ ডিসেম্বর) শুনানি শেষে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

    বাতিলকৃত ৬ প্রার্থী হলেন, বরিশাল ১ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রিয়াজ মোরশেদ জামান। তিনি হলফনামা সঠিকভাবে দাখিল করেননি।

    বরিশাল-২ আসন থেকে বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী মোহাম্মদ মিরাজ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলবার্ট বাড়ৈ মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের উভয়ের হলফনামা সঠিকভাবে দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

    বরিশাল ৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর, মোহাম্মদ শাহরিয়ার মিয়া, নূরে আলম শিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের সবাই এক শতাংশ ভোটারের নাম জমা না দেওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

    এদিকে ১৫ লাখ ৪ হাজার ৪৬ টাকা ভ্যাট বকেয়া থাকায় বরিশাল ৩ আসনের জাতীয় পার্টির গোলাম কিবরিয়ার টিপুর মনোনয়নপত্রে আপত্তি দেয় ভ্যাট অফিস। পরে পরিশোধ করে কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ করা হয়।

    বরিশাল ৪ আসনে মুক্তিজোটের দুইজন প্রার্থী থাকায় আসাদুজ্জামান নামে এক প্রার্থীর মনোনয়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

    বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, যাচাই-বাছাইতে ৫৫ জনের মধ্যে ৬ জনের বাতিল ও সাতজনের মনোনয়ন অপেক্ষমাণ রাখা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

    বরিশালের ছয়টি আসনে ৫৫ জন প্রার্থী করেছিলেন মনোনয়ন দাখিল করেছিলেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • এমপি হারুনের মনোনয়নপত্র বাতিল, টিকল শাহজাহান ওমরেরটা

    এমপি হারুনের মনোনয়নপত্র বাতিল, টিকল শাহজাহান ওমরেরটা

    ঝালকাঠিতে এমপি বজলুল হক হারুনসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

    অন্যদিকে নৌকার প্রার্থী আমির হোসেন আমু, বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

    রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ঝালকাঠির দুটি আসনে মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থিতা যাচাই-বাছাই বোর্ড প্রধান রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানিয়েছেন।

    বাতিলকৃত অন্য প্রার্থীরা হলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মনিরুজ্জামান, মোহাম্মাদ ইসমাইল, ব্যরিস্টার ফখরুল ইসলাম, নুরে আলম, মজিবুর রহমান মৃধা ও জাতীয় পার্টি মনোনীত এজাজুল হক।

    ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জাতীয় পার্টি মনোনীত নাসির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

    দলীয় মনোনয়ন প্রাপ্তদের ত্রুটিপূর্ণ কাগজপত্র এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী ১% ভোটারের তালিকায় দেওয়া তথ্য সঠিকভাবে যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং অফিসার ফারাহ গুল নিঝুম।

    ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য বজলুল হক হারুনকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও তা পরিবর্তন করে পরে বিএনপির সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে নৌকা প্রতীক দেন দলের আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • বরিশালে শিক্ষার্থীদের জন্য ভাসমান শিক্ষাতরী

    বরিশালে শিক্ষার্থীদের জন্য ভাসমান শিক্ষাতরী

    বরিশালে ভাসমান তরীর মাধ্যমে অসহায় ও সুবিধা বঞ্চিতসহ সকল শিশু শিক্ষার্থীদের হাতে কলমে ভাসমান তিনটি নৌকার মাধ্যমে বিজ্ঞান মনস্ক শিক্ষা কার্যক্রম মাসব্যাপী শুরু হয়েছে। বরিশাল জেলার বিভিন্ন স্থানে নদীর পাশে শিশুদের হাতে কলমে এই শিক্ষা দেওয়ায় খুশি শিক্ষার্থীসহ অভিবাবকরা। হাতে কলমে শিক্ষার আয়োজিত কার্যক্রম সবসময় পাওয়ার দাবী শিক্ষার্থীসহ অভিবাকদের। ভবিষ্যতে এই কর্যক্রম আরো ব্যাপকভাবে করার কথা বললেন কর্মকর্তারা।

    বরিশালে ম্যাস ব্যাপী ভাসমান তরীর মাধ্যমে বিজ্ঞান মনস্ক শিক্ষা কার্যক্রম শুরুতে স্থানীয়সহ শিক্ষার্থীদের মধ্যে সারা ফেলেছে। ব্রাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে, শিক্ষা কর্মসূচির মাধ্যমে তিনটা ভাসমান নৌকার মাধ্যমে গনিত তরী, বিজ্ঞান তরী এবং মূল্যবোধ তরীর মাধ্যমে তিনটা নৌকায় ৬ জন শিকক্ষদের মাধ্যমে হাতে কলমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়।

    বরিশালের সদর উপজেলার চরবাড়িয়ার র্কীতণখোলা নদীর তীরে ১০ দিন ব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করায় প্রথম দিনেই শিক্ষার্থীদের ভীর ছিলো চোখে পড়ার মতন। এই কার্যক্রম চলবে জেলার বিভিন্ন উপজেলায় মাসব্যাপী। হাতে কলমে শিক্ষা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা তবে এই কার্যক্রম সবসময় পাওয়ার দাবী শিক্ষার্থীদের। অভিবাবক ও শিক্ষকরা বলেন, বই ধারনা থেকে হাতে কলমে শিক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা বাস্তবে শিক্ষা নিলো, এতে করে তারা ভবিষ্যতে আরো ভালো করবে বলে জানান তারা। ব্রাক শিক্ষা কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, ব্রাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলাদা একটা চিন্তা থেকে এই শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে এবং এই কার্যক্রম ১১টি জেলায় ২৪ টি স্পর্টে ৫০ হাজার শিক্ষার্থীরা অংশ্রগ্রহন করেন বলে জানান ব্রাক শিক্ষা কার্যক্রমের পরিচালক।

    শিক্ষা অধিদপ্তরের প্রফিউরমেন্ট ও পরিচালক মোঃ হামিদুর হক বলেন, হাতে কলমে শিক্ষা দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বলেন ব্রাক একটি ভালো উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীদের জন্য। তাদের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান সর্ম্পেকে অনেক কিছু ধারনা নিতে পারবে। পরিকল্পনা ও উন্নয়ন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্ন সচিব) মো: মিজানুর রহমান বলেন, ব্রাকের মূলবোধ তরী, বিজ্ঞান তরী, গনিত তরী এর মাধ্যামে স্থানীয় শিক্ষার্থীরা স্কুলের বাইরে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক আজানা বিষয় গুলো জানতে পারবে। শিক্ষাক্ষেতে এই উদ্যোগটা একটি প্রশাংসনিয় উদ্যোগ বলে আমি মনে করি।

    বরিশাল জেলার ব্রাক’র সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার বলেন, ব্রাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী আমাদের এই আয়োজন চলছে। তারই ধারাবাহিকতা হিসেবে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় মাসব্যাপী এই ভাসমান শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই হাতে কলমে এই শিক্ষা দেওয়া হচ্ছে।

  • বরিশালে রাষ্ট্রবিরোধী মামলায় উপজেলা কৃষক দলের সভাপতি গ্রেফতার

    বরিশালে রাষ্ট্রবিরোধী মামলায় উপজেলা কৃষক দলের সভাপতি গ্রেফতার

    বরিশালে রাষ্ট্রবিরোধী মামলায় বাকেরগঞ্জ উপজেলার কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৮।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস রিলিজে এ তথ্য জানা যায়। জাহাঙ্গীর বিশ্বাস বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি এলাকার মৃত সেকেন্দার বিশ্বাসের ছেলে।

    র‌্যাব জানায়, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে ৫ নভেম্বর রাত আড়াইটায় জাহাঙ্গীর বিশ্বাসসহ ৯০-৯৫ জন রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ করে। যান চলাচল বিঘ্নিত করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় মহাসড়কে নাশকতা সৃষ্টিসহ গাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এছাড়াও জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।

    এ ঘটনায় বাকেরগঞ্জ থানা পুলিশ বিশেষ ক্ষমতায় তার নামে রাষ্ট্রবিরোধী মামলা করে। সেই মামলায় মঙ্গলবার ভোরে নগরীর লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    র‌্যাব আরও জানায়, রাষ্ট্রবিরোধী কার্যক্রম, বিস্ফোরক ও নাশকতা মামলার গ্ৰেফতার আসামিকে পরবর্তীতে বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

  • বরিশালে ডেঙ্গু আক্রান্ত ২ নারীর মৃত্যু

    বরিশালে ডেঙ্গু আক্রান্ত ২ নারীর মৃত্যু

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

    মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

    মৃতরা হলেন- পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বিলকিস (৬৫) ও বরিশালের বানারীপাড়া উপজেলার নারগিস বেগম (৩০)। তারা দুজনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৬ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৪৬৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৮৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫২ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচ জন, পিরোজপুর সদর হাসপাতালে বারো জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ৯ জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ২৯ জন, পটুয়াখালীতে ৩ জন, ভোলায় ৫ জন, পিরোজপুরে ২৯ জন, বরগুনায় ১৬ জন ও ঝালকাঠিতে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩৮ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

  • ৫ প্রকল্পে ১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

    ৫ প্রকল্পে ১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

    পাঁচটি উন্নয়ন প্রকল্পে প্রায় ১০৩ কোটি ডলার ঋণ দিতে সরকারের সঙ্গে চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২৮ নভেম্বর) এডিবি ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    ঢাকায় এ চুক্তিতে সই করেন ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

    এডিবি জানায়, প্রকল্পগুলো হলো- ১. আবাসিক গ্রাহকদের জন্য সাড়ে ৬ লাখ স্মার্ট প্রি–পেইড মিটার স্থাপন। এ প্রকল্পে ঋণ ২০ কোটি ডলার। প্রাথমিকভাবে ঢাকা এবং নারায়ণগঞ্জে এর কাজ চলবে।

    ২. গোপালগঞ্জে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানির টিকা উৎপাদন কারখানা প্রতিষ্ঠা। এ প্রকল্পে ঋণ ৩৩ কোটি ৬৫ লাখ ডলার।

    ৩. দক্ষিণ এশীয় উপ–আঞ্চলিক সহযোগিতা কর্মসূচির (সাসেক) অধীনে ঢাকা থেকে উত্তরাঞ্চলে আধুনিক মহাসড়ক নির্মাণ। এতে ঋণ ৩০ কোটি ডলার।

    ৪. বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যশোর ইউিনভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার ও আইটি শিক্ষার প্রকল্প। এ প্রকল্পে ঋণ ১০ কোটি ডলার।

    ৫. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। এতে এডিবি ঋণ দিচ্ছে ৯ কোটি ডলার।