Blog

  • ডিসেম্বরে রিজার্ভে যোগ হচ্ছে ১ বিলিয়ন ডলার, অর্থনীতিতে স্বস্তি ফেরার আশা

    ডিসেম্বরে রিজার্ভে যোগ হচ্ছে ১ বিলিয়ন ডলার, অর্থনীতিতে স্বস্তি ফেরার আশা

    বাংলাদেশের অর্থনীতির জন্য সুখবর। ডিসেম্বরের মধ্যেই অর্থনীতির সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভে এক বিলিয়ন (১০০ কোটি) ডলারের বেশি যোগ হচ্ছে। আর তাতে রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছবে। মেটানো যাবে সাড়ে চার মাসের আমদানি ব্যয়।

    এতে অর্থনীতিতে স্বস্তি ফিরে আসতে শুরু করবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। সব কিছু ঠিকঠাক থাকলে ৭ জানুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বহুল প্রতীক্ষিত ৪৭০ কোটি (৪.৭ বিলিয়ন) ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ১০ লাখ ঋণ ছাড় করা হবে। সেই সঙ্গে ম্যানিলাভিত্তিক উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৪০ কোটি ডলার ছাড় করবে। সব মিলিয়ে ১০৮ কোটি ১০ লাখ (১.০৮ বিলিয়ন) ডলার ঋণ ছাড় করবে এই দুই সংস্থা।

    আর এর মধ্য দিয়ে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ হিসাবে রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলারের কাছাকাছি গিয়ে পৌঁছবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

    আইএমএফের বোর্ড সভার সময়সূচি অনুসারে, আগামী ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির সদর দপ্তরে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

    ওই সভায় বাংলাদেশের ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন গত অক্টোবরে ঋণ কর্মসূচি নিয়ে পর্যালোচনা করতে ঢাকায় আসা আইএমএফ প্রতিনিধিদলের প্রধান সংস্থাটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ।
    অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ১২ ডিসেম্বর আইএমএফ বোর্ড সভায় দ্বিতীয় কিস্তি ঋণের প্রস্তাবটি অনুমোদিত হবে।

    একই কথা বলেছেন, দীর্ঘদিন আইএমএফের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন পালন করে আসা গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘অক্টোবরে ঋণ কর্মসূচি নিয়ে পর্যালোচনা করতে ঢাকায় আসা আইএমএফ প্রতিনিধিদলের সদস্যরা সংবাদ সম্মেলন করে ডিসেম্বরে ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হবে বলে জানিয়েছিলেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই ১২ ডিসেম্বর বোর্ড সভায় বাংলাদেশের ঋণের বিষয়টি উত্থাপন হচ্ছে। তাই এই ঋণ অনুমোদন পাবে—এটা নিশ্চিত করেই বলা যায়।’

    একই দিন অর্থাৎ ১২ ডিসেম্বর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এডিবির বোর্ড অনুষ্ঠিত হবে। ওই সভায় বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৪০ কোটি ডলার ঋণের প্রস্তাব অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন এডিবি ঢাকা অফিসের বহিঃসম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দ বর।

    বাংলাশে ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ‘আমরা নিশ্চিত আইএমএফ ও এডিবির ১ বিলিয়ন ডলারের ঋণ পাচ্ছি। আর সেটা ডিসেম্বরের মধ্যেই পাওয়া যাবে। তখন আমাদের রিজার্ভ বেড়ে যাবে।’

    তিনি বলেন, রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। ডলারের বাজার স্বাভাবিক হয়ে আসছে। ইতোমধ্যে ডলারের দর ৭৫ পয়সা কমেছে। আরও কমবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে আইএমএফ ও এডিবির ১ বিলিয়ন ডলারের বেশি যোগ হলে ব্যবহারযোগ্য রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে। তাতে অর্থনীতিতে স্বস্তি ফিরে আসবে।’

    বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশে বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের ‘গ্রস’হিসাবে রিজার্ভ ছিল ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

  • বরিশাল সহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা

    বরিশাল সহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা

    দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে আঘাত হানা ঘূর্ণিঝড় মিগজাউমের কারণেই এ বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর আজ বেলা ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলেছে, ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    যে ১৭ জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস আছে, সেগুলো হলো রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট।

    অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

    গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে মিগজাউমের প্রভাবে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় দিনাজপুরে, ৩ মিলিমিটার। রাজধানীতে বৃষ্টি হয়েছে সামান্য।
    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গতকাল বলেন, দেশের দক্ষিণের জেলাগুলোয় বেশি বৃষ্টি হতে পারে। মূলত, এটি ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হতে পারে। এতে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য ও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

    চলতি বছর এ পর্যন্ত তিনটি ঘূর্ণিঝড় হয়েছে বাংলাদেশে। গত ১৪ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোখা’। ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এরপর ১৭ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। এরপর ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আঘাত করল ভারতের উপকূলে।

    গত নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি ছিল। ডিসেম্বরের প্রায় এক সপ্তাহ চলে গেলেও শীত তেমন পড়েনি। এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ গতকাল বলেন, বৃষ্টির পর দুই দিন শীত বেশি পড়বে না। তাপমাত্রা এখনকার মতোই থাকবে। আজ বৃষ্টির কারণে শীত অনুভূত হতে পারে খানিকটা। বৃষ্টি চলে যাওয়ার দুই দিন পর পর্যন্ত বাতাসে আর্দ্রতা থাকবে। তাই তাপমাত্রা কমবে না তেমন। তবে দুই দিনের মধ্যে আর্দ্রতা কমে গেলে আগামী সোমবার থেকে শীত বাড়তে পারে।

  • ফায়ার সার্ভিসে প্রথমবারের মত যুক্ত হলেন ১৫ নারী

    ফায়ার সার্ভিসে প্রথমবারের মত যুক্ত হলেন ১৫ নারী

    ‘২ হাজার ৭০০ প্রার্থী থেকে সব যোগ্যতায় উত্তীর্ণ ১৫ নারীকে ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, যা ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথম।’

    বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিসে নিয়োগ পাওয়া প্রথম ব্যাচের ১৫ নারী ফায়ার ফাইটারের নিয়োগ এবং প্রশিক্ষণ শেষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপন করা হয়েছে। তারপরও যেখানে প্রয়োজন সেখানে আরও ফায়ার স্টেশন নির্মাণ কাজ চলছে। চাহিদা অনুযায়ী আমাদের ফায়ার সার্ভিসে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ফায়ার সার্ভিসকে সমৃদ্ধ করা হচ্ছে অত্যাধুনিক সরঞ্জামাদি দিয়ে।

    আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ফায়ার সার্ভিসের সেবা চ্যালেঞ্জিং। শুধু চ্যালেঞ্জিং নয়, সব সময় যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। হঠাৎ অগ্নিকাণ্ড বা ভূমিকম্প হতে পারে। যেকোনও কিছু মোকাবিলার জন্যই তাদের প্রস্তুত থাকতে হয়। আগুন লাগলে অগ্নিসেনাও দগ্ধ হতে পারেন। অনেক ক্ষেত্রে আমাদের ফায়ার ফাইটারদের অগ্নিদগ্ধ হতে দেখেছি, আহত হতে দেখেছি।’

    তিনি বলেন, ফায়ার সার্ভিসের সেবা সম্প্রসারণে আমরা নারীদের নিয়োগ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা দেখেছি, পুলিশ বা বিজিবি যেখানেই নারীদের নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে সাহসিকতার সঙ্গে তারা ভালো কাজ করছেন। ফায়ার সার্ভিসে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া নারী ব্যাচের সদস্যরা আরও ভালো করবেন বলে আমরা প্রত্যাশা করি।

    তিনি আরও বলেন, দেশের নারীরা সকল সেক্টরে ভালো করছে। বিশ্বের অনেক দেশেই ফায়ার ফাইটার হিসেবে নারী সদস্য নেই। এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই নারী সদস্যরা। তারা অগ্নিনির্বাপণসহ প্রতিটি দূর্যোগকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলেও জানান মন্ত্রী।

    এ সময় আরও উপস্থিত ছিলেন– ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ও ফায়ার সার্ভিসের পরিচালকরা।

  • নির্বাচনে বিদেশিদের চাপ দেওয়ার রাইট নেই: ইসি আলমগীর

    নির্বাচনে বিদেশিদের চাপ দেওয়ার রাইট নেই: ইসি আলমগীর

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর । তিনি বলেন, বিদেশিরা কখনোই আমাদের চাপ দেয়নি। আমাদের এ ধরনের চাপ দেওয়ার রাইট নেই। শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য উল্টো কমিশন সংশ্লিষ্টদের চাপ দিয়ে বেড়াচ্ছে।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    নির্বাচন কমিশনার আলমগীর বলেন, এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব তাই এ বিষয়ে নিরীক্ষার সুযোগ আছে। আমরা যা কিছু করি না কেন তা সংবিধানের আলোকে করতে হবে।

    তিনি আরও বলেন, নির্বাচনে এখনো সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি। যদি পরে সিদ্ধান্ত হয় তাহলে সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।

    পর্যবেক্ষকের বিষয়ে ইসি আলমগীর বলেন, আসছে নির্বাচনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষকের জন্য আবেদন করেছেন। নির্বাচনে একটি নীতিমালা আছে। সে নীতিমালা সব সাংবাদিককে অনুসরণ করতে হবে।

    ইউএনও এবং ওসিদের বদলির বিষয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের সঙ্গে সংলাপ করেছেন। সেখানে তাদের অভিযোগ ছিল সরকার প্রশাসনকে সাজিয়ে গুছিয়ে তাদের মতো করে নিয়েছে। এ অবস্থায় প্রশাসনে পরিবর্তন করতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত ছিল।

    জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

  • বরিশালে ডিজিটাল স্বাক্ষরের প্রচারণামুলক সেমিনার অনুষ্ঠিত

    বরিশালে ডিজিটাল স্বাক্ষরের প্রচারণামুলক সেমিনার অনুষ্ঠিত

    বরিশালে ডিজিটাল স্বাক্ষরের প্রচারণামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পরিচালক খোন্দকার আনোয়ার, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বরিশাল অঞ্চল) এ. কে. এম. আজাদ রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোঃ ইসরাইল হোসাইন ও আইন উপ-নিয়ন্ত্রক সাইবার অপরাধ ও নিরাপত্তা সিসিএ কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক লুৎফুন নাহার।

    এছাড়া সেমিনারে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। সেমিনারের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অতিথিরা ডিজিটাল স্বাক্ষরের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, সরকারি অফিসে ইলেক্ট্রনিক রেকর্ড ও ইলেক্ট্রনিক স্বাক্ষর ব্যবহারের আইনানুগ স্বীকৃতি প্রদান করা হয়েছে।

    সে মোতাবেক ২০১১ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি সংযুক্ত অফিস হিসেবে ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক-এর কার্যালয় প্রতিষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০১২ সালের ১৮ এপ্রিল রুট কী জেনারেশন সিরিমনির মাধ্যমে সিসিএ কার্যালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় ডিজিটাল স্বাক্ষরের ব্যবহার কার্যক্রম শুরু হয়েছে।

    ডিজিটাল স্বাক্ষর ব্যবহারের মাধ্যমে ই-সেবা বা ই-কার্যক্রমের তথ্য বা ডকুমেন্টের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হয়; অন্যথায় সাইবার নিরাপত্তার অভাবে ডিজিটাল কার্যক্রম বা ট্রানজেকশনসমূহ হুমকির মধ্যে পড়ে। বর্তমানে তাই ডিজিটাল স্বাক্ষর ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। কারণ ডিজিটাল স্বাক্ষর একটি ক্রিপ্টোগ্রাফিক কৌশল যা ডিজিটাল তথ্যের নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করে। আজকের সেমিনারে অংশগ্রহণকারীরা ডিজিটাল স্বাক্ষর ও ই-সাইন কি, এর ব্যবহার, ডিজিটাল স্বাক্ষর ও ই-সাইন ব্যবহার বৃদ্ধিতে করণীয়, পিকেআই সিস্টেম, সংশ্লিষ্ট আইনের ধারা ও বিধিসমূহসহ হাতে-কলমে ডিজিটাল স্বাক্ষরের বিভিন্ন প্রায়োগিক দিক সম্পর্কে জানতে পারবে।

  • ঝালকাঠিতে সুদের টাকার চাপে দোকানির আত্মহত্যা

    ঝালকাঠিতে সুদের টাকার চাপে দোকানির আত্মহত্যা

    ঝালকাঠিতে সুদের টাকার চাপে আবুল হাসান বিদ্যুৎ তালুকদার (৪৫) নামে এক মুদি দোকানি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

    বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহরের কলাবাগান এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আবুল হাসান শহরের সিটি পার্ক এলাকার মৃত ইসমাইল হোসেন তালুকদারের ছেলে।

    স্বজনরা জানান, ছেলে ঢাকায় পড়াশোনা করায় ২২ নভেম্বর হাসানের স্ত্রী ও মেয়ে ঢাকা যায়। বুধবার সন্ধ্যায় দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া মেলেনি। দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ‍্যানের সঙ্গে তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, হাসানের ব্যবসার জন্য সুদে টাকা নেন। তাই প্রতিদিন কিস্তি দিতে হয়। এ টাকার চাপে আত্মহত্যা করতে পারে। কিছু দিন আগে এ নিয়ে সালিশও হয়েছে।

    তাদের অভিযোগ, এর আগেও রবিন নামে এক যুবক সুদের টাকার চাপে আত্মহত্যা করেছেন। এলাকায় ঘরে ঘরে সুদের ব‍্যবসা চলে। সুদখোরদের আইনের আওতায় আনতে হবে।

    স্থানীয় পৌর কাউন্সিলর হুমাউন কবীর সাগর বলেন, কলাবাগান ও লঞ্চঘাট এলাকায় কয়েকজন সুদ ব্যবসায়ী আছেন। যাদের দাপটে ঋণ নেওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশেহারা। সুদের দেনা দিতে না পারায় আবুল হাসান আত্মহত্যা করেছেন। এর আগে রবিন নামের এক স্বেচ্ছাসেবীও আত্মহত্যা করেছেন। সুদের ব্যবসা বন্ধে একটা ব্যবস্থা হওয়া দরকার।

    ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, আত্মহত্যার খবরটি জানার পরই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সদর হাসপাতাল মর্গে মরদেহ রাখা আছে।

  • বরিশালসহ ৮ বিভাগেই বৃষ্টির আভাস, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বরিশালসহ ৮ বিভাগেই বৃষ্টির আভাস, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    নিজস্ব প্রতিবেদক ::: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে ক্রমে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়েছে। বুধবারও (৬ ডিসেম্বর) দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, পায়রা, মোংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

    মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই সামান্য বৃষ্টি হয়েছে। টাঙ্গাইল, যশোর, নিকলী ও রাজশাহীতে এক মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। এছাড়া অন্যান্য স্থানে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    মঙ্গলবার রাতে ঢাকায়ও সামান্য বৃষ্টি হয়েছে। মঙ্গলবারের মতো বুধবারও সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে।

    বুধবার সকালে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে নিলর ও মাসুলিপট্টমের নিকট দিয়ে মঙ্গলবার বিকেল ৩টায় ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে এবং বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে স্থলভাগের অভ্যন্তরে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

    বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু/এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

    বৃষ্টির প্রবণতা বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি কমে আসতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা ও অনেকটা কমে যাবে বলেও জানান আবুল কালাম মল্লিক।

    বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  • নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য সবসময়ই একটি পক্ষ সচেষ্ট থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

    নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য সবসময়ই একটি পক্ষ সচেষ্ট থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

    অনলাইন ডেস্ক ::: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য সবসময়ই একটি পক্ষ সচেষ্ট থাকে। তা যেন না হয়, এজন্যই নির্বাচন কমিশন থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

    বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৫২ বছর’ পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এর অন্তরালে বিপত্তি ঘটানোর, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নির্বাচনকে প্রভাবিত করার জন্য একটি পক্ষ অনেক পন্থা অবলম্বন করে। সে ধরনের কোনো ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে এজন্য নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা দেওয়া হচ্ছে। আমাদের নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা অত্যন্ত দক্ষ। প্রতিনিয়তই শীর্ষ সন্ত্রাসীদের নিরাপত্তা বাহিনী দ্বারা আটক করা হচ্ছে। আমরা সবসময়ই তাদের চিহ্নিত করে আসছি, এটি একটি চলমান প্রক্রিয়া। তাদের বেশিরভাগই এখন জেলখানায়, নাহয় দেশত্যাগ করেছে। বিদেশে যারা আত্মগোপন করেছে, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। এরইমধ্যে কয়েকজনকে আনাও হয়েছে।’

    সীমান্তে অস্থিরতা নিয়ে তিনি বলেন, ‘সীমান্তে হত্যার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এ নিয়ে মন্ত্রী পর্যায়েও মিটিং হচ্ছে। আমরা চেষ্টা করছি, সীমান্তে নন লিথ্যাল অস্ত্র ব্যবহার করার।’

    নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনী সবসময়ই অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ করছে। যাদের কাছে অস্ত্র রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে।

    অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমিরেটাস অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

  • ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে

    ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে

    অনলাইন ডেস্ক ::: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারাদেশে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন ইসি। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়েছে ইসিতে।

    বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়। ইসি সূত্রে জানা গেছে এ তথ্য।

    গত সোমবার (৪ ডিসেম্বর) দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

    বিস্তারিত আসছে…

  • রাজাপুরে ডাকাতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    রাজাপুরে ডাকাতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    ঝালকাঠির রাজাপুরে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মিজানুর রহমান মধাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার পোস্তগোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

    মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। মো. মিজানুর রহমান মধা উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার মো. ইউনুছ আলী মৃধার ছেলে।

    পুলিশ জানায়, ২০১৪ সালের ঝালকাঠি সদর থানার এক ডাকাতি মামলায় মিজানুর রহমান মধাকে পাঁচ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেন আদালত। দণ্ড দেওয়ার আগে থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঢাকার পোস্তগোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, মঙ্গলবার সকালে মো. মিজানুর রহমান মধাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।