Blog

  • বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    বিভাগীয় শহর বরিশালে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃর্তি নামফলক স্তম্ভে ও ত্রিশ গোডাউন বধ্যভূমিতে মন্ত্রী,সিটি মেয়র,বিভাগীয় ও জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদন করেছে।

    আজ বৃহস্পতিবার (১৪) ডিসেম্বর সকাল ৯টায় জেলা প্রশাসন দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা নাম ফলকস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানায় পাণি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত সহ জেলা ও মহানগরের আওয়ামী লীগের এক অংশ নেতৃবৃন্দ।

    এরপরপরই বরিশাল সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলর সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    এছাড়া নগরীর ত্রিশগোডাউন বধ্যভূমি স্মৃতি ৭১ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী আওয়ামী লীগের অপর একটি অংশ।

    এখানে আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিভাগীয় প্রশাসন, ডিআইজি,পুলিশ কমিশনার,পুলিশ সুপার,জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী দপ্তর কর্মকর্তা গণ।

    অন্যদিকে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা স্মৃর্তিনাম ফলক স্তম্ভে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ।

    এই প্রথমবারের মত সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলের নেতৃবৃন্দ আত্বগোপনে ও পুলিশী গ্রেফতারের ভয়ে কেহ শ্রদ্ধা জানাতে আসতে সহস পায়নি। এছাড়া আরো শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সুশিল সমাজ নেতৃবৃন্দ।

  • শেবাচিমের গেট আটকে দেওয়ায় হাজারও রোগীর চরম দূর্ভোগ

    শেবাচিমের গেট আটকে দেওয়ায় হাজারও রোগীর চরম দূর্ভোগ

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব প্রান্তের গেট আটকে দেয়ার কারনে মেডিসিন বিভাগের হাজারো রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

    ওষুধপত্র কেনা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের বাইরে নিতে দুর্ভোগে পড়েছেন তারা। বাধ্য হয়ে জরুরি ওষুধ কিনতে দেয়াল টপকে কেউ আবার চলাচল করছেন গেটের নিচ দিয়ে। ভুক্তভোগীরা অবিলম্বে পূর্ব প্রান্তের গেটটি খোলার দাবি জানিয়েছেন। গেট আটকা থাকায় রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগের কথা স্বীকার করেছেন স্বয়ং হাসপাতালের পরিচালকও।

    একহাজার শয্যার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দিকে ৩টি গেট রয়েছে। জরুরি বিভাগ এবং মাঝ গেট দিয়েই চলাচল করে আসছে রোগীরা। চলতি বছর শুরুর দিকে হাসপাতালের মূলভবন থেকে মেডিসিন ওয়ার্ডটি পূর্ব প্রান্তের বর্ধিত ভবনে স্থানান্তর করা হয়। খুলে দেয়া হয় পূর্ব প্রান্তের গেট।

    যৌক্তিক কোনও কারন ছাড়াই কিছুদিন আগে পূর্ব প্রান্তের গেটটি আটকে দেয় কর্তৃপক্ষ। এতে দুর্ভোগের সৃষ্টি হয় রোগী ও তাদের স্বজনদের। তাদের দাবী, একজন রোগী জরুরি বিভাগের ভর্তির পর প্রায় অর্ধ কিলোমিটার দূরে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

    সেই রোগীদের রোগ পরীক্ষা নিরীক্ষার জন্য ট্রলিতে করে আবার অর্ধ কিলোমিটার পথ ঘুরে নিতে হয় বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। বাইরে রোগী নিতে হাসপাতাল কর্মীদের দিতে হয় ১০০ থেকে ২০০ টাকা। এতে চরম দুর্ভোগের শিকার হতে হয় তাদের।

    আবার ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জরুরি ওষুধপত্রও আনতে হয় অর্ধ কিলোমিটার পথ ঘুরে। বাধ্য হয়ে অনেকে দেয়াল টপকে, আবার কেউ চলাচল করেন গেটের নিচ দিয়ে চিৎ-কাত হয়ে।

    পুরুষরা চিৎ-কাত হয়ে চলাচল করলেও বেকায়দায় পড়েছেন স্বজন নারীরা। দূরের পথ ঘুরে রোগীর জন্য ওষুধ-খাবার আনতে হয় তাদের। ভুক্তভোগীরা রোগীদের স্বার্থে হাসপাতালের পূর্ব প্রান্তের গেটটি খুলে দেয়ার দাবি জানিয়েছেন।

    পূর্ব প্রান্তেরগেট আটকা থাকায় রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগের কথা স্বীকার করেছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামও। তিনি সংশ্লিস্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলেন।

    উল্লেখ্য, একহাজার শয্যার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন ভর্তি থাকেন ২ হাজার রোগী। যার মধ্যে বেশীরভাগই মেডিসিন বিভাগে চিকিৎসাধীন

  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি, আগামীকাল থেকে শৈত্যপ্রবাহের আভাস

    দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি, আগামীকাল থেকে শৈত্যপ্রবাহের আভাস

    অনলাইন ডেস্ক ::: বুধবার (১৩ ডিসেম্বর) রংপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস কমে শীত আরও বাড়তে পারে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে রাজশাহী ও খুলনা অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    একদিন আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

    বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

    এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

    তিনি আরও জানান, দেশের পশ্চিমাঞ্চল (খুলনা অঞ্চল) ও উত্তর-পশ্চিমাঞ্চলের (রাজশাহী অঞ্চল) কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

    বৃহস্পতি এবং শুক্রবার শীত আর বাড়তে পারে, কিন্তু শনিবার তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

  • বরিশালে শোরুমের তালা কেটে মোবাইল চুরি করতে গিয়ে দুই চোর ধরা

    বরিশালে শোরুমের তালা কেটে মোবাইল চুরি করতে গিয়ে দুই চোর ধরা

    নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় তালা কেটে ‘ফোন ফর ইউ’ নামে একটি শোরুমের মধ্যে প্রবেশ করে চোর। বিষয়টি টের পেয়ে বাইরে থেকে শাটার আটকে দেয় স্থানীয় নৈশ প্রহরী মো. হানিফ। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই দোকানের ভেতর থেকে অভিযুক্ত দুই চোরকে আটক করে।

    বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া রোডের একটি দোকানে ঘটনা ঘটে।

    বগুড়া রোড এলাকার নৈশ প্রহরী মো. হানিফ জানান, সকাল সাড়ে ৭টার দিকে অদূরে তালা ভাঙ্গার শব্দ পান তিনি। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখেন ‘ফোন ফর ইউ’ নামে একটি মোবাাইলের দোকানের শাটারের তালা ভাঙ্গা এবং ভেতরে লোক প্রবেশ করেছে। বিষয়টি বুঝতে পেরে বাইরে থেকে দোকানের শাটার আটকে আশপাশের লোকজন জড়ো করেন তিনি। খবর দেন দোকান মালিক জিয়াউর রহমানকে। এ সময় টহল পুলিশ দোকানে ঢুকে ফারুক ও রাজু নামে দুই অভিযুক্ত চোরকে আটক করে।

    ‘ফোন ফর ইউ’ প্রতিষ্ঠানের মালিক জিয়াউর রহমান বলেন, নৈশ প্রহরীর দায়িত্বশীলতায় তার দোকান চুরির হাত থেকে রক্ষা পেয়েছে। এ জন্য শুকরিয়া আদায় করেন তিনি।

    ঘটনাস্থল পরিদর্শনকারী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করিম জানান, আটক দুই চোরের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।’’

  • বরিশালগামী প্রাইভেটকার-বাস-অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

    বরিশালগামী প্রাইভেটকার-বাস-অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

    অনলাইন ডেস্ক :: মাদারীপুরের কালকিনিতে প্রাইভেটকার, বাস ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

    বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে কালকিনি উপজেলার ভূরঘাটা মজিদবাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার কালকিনি উপজেলার ভুরঘাটা জিরো পয়েন্ট এলাকার পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনটি পরিবহনের ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এদিকে ভ্যানচালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি থাকায় তাদের পরিচয় এখনও জানা যায়নি।

    কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

  • বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

    বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

    বরিশালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতা অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা তারিক সুলাইমানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

    মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব ৮ এর ১ নম্বর কোম্পানি কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান।

    গ্রেপ্তার তারিক সুলাইমান মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার এমবিএম মোশারেফ হোসাইনের ছেলে।

    কোম্পানি কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ৩১ অক্টোবর নগরের কাশিপুর লাকুটিয়া সড়কের রুপাইয়া এতিমখানার সামনের সড়কে কয়েকজন সহযোগীসহ স্টিলের পাইপ, লোহার শাবল ও লাঠিসোঁটা হাতে রাষ্ট্রবিরোধী নানা স্লোগান দেন তারিক।

    এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে এবং কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে জন ও যান চলাচলে প্রতিবন্ধকতা করে জনমনে আতঙ্কের সৃষ্টি করেন তারা। এ ছাড়া তারিকের নেতৃত্বে বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড করার অভিযোগ রয়েছে।

    এয়ারপোর্ট থানায় পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় প্রধান আসামি তিনি। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় নগরের বঙ্গবন্ধু উদ্যান এলাকায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। সেখান থেকে র‌্যাবের একটি বিশেষ দল তারিককে গ্রেপ্তার করে। তাকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

  • প্রথমবারের মতো এলপিজি নিয়ে পায়রা বন্দরে জাহাজ

    প্রথমবারের মতো এলপিজি নিয়ে পায়রা বন্দরে জাহাজ

    পায়রা বন্দরে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে প্রথমবারের মতো ভিড়েছে এম ভি বসুন্ধরা চাতকী নামের একটি জাহাজ। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা এলপিজি লিমিটেড দুবাই বন্দর থেকে এসব এলপিজি নিয়ে এসেছে।

    পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    এর আগে রোববার (১০ ডিসেম্বর) বহির্নোঙরে জাহাজটি ভিড়েছে। সোমবার বিকেলে জাহাজটি পায়রা বন্দরের ইনার অ্যাংকোরেজে নোঙর করে। এরপরই এলপিজি খালাসের কাজ শুরু হয়।

    বন্দরের হারবার অ্যান্ড মেরিন শাখা সূত্রে জানা গেছে, ৬ দশমিক ২০ মিটার গভীরতার এ জাহাজটিতে তিন হাজার ৩০০ মেট্রিক টন এলপিজি আনা হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে আরও ৩ হাজার ৩০০ মেট্রিক টন এলপিজি নিয়ে এ বন্দরের অভ্যন্তরীণ জেটিতে বসুন্ধরা গ্রুপের আরও একটি জাহাজ ভিড়বে।

    পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরীফুর রহমান বলেন, শিপ টু শিপ (এসটিএস) অপারেশনের মাধ্যমে গভীরতম নদীপথ কাজল-তেঁতুলিয়া ব্যবহার করে মেঘনা নদী হয়ে কম খরচে ও দ্রুততম সময়ে খালাস করে এসব এলপিজি লাইটার জাহাজের মাধ্যমে ঢাকায় পরিবহন করা হচ্ছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে বসুন্ধরা গ্রুপ ১১ মিটার গভীরতার জাহাজের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন এলপিজি নিয়ে আসবে।

    পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত নৌপথের গভীরতা ৫.৬ মিটার থাকায় ও স্বল্প সময়ে পণ্য পৌঁছানোর কারণে এই জাহাজটি পায়রা বন্দর থেকে খালাস কার্যক্রম শুরু করে। এর আগে ডুবাই থেকে আমদানি করা চট্টগ্রাম বন্দরে আসা একটি মাদারভ্যাসেল থেকে এসব গ্যাস নিয়ে আসে এই জাহাজটি।

  • রিজার্ভ এখন থেকে ভালো হবে : বাংলাদেশ ব্যাংক

    রিজার্ভ এখন থেকে ভালো হবে : বাংলাদেশ ব্যাংক

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে‌ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে রিজার্ভ আর কমবে না।

    বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী প‌রিচালক মো. মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে এ সন্তোষ প্রকাশ করেন।

    ‌তি‌নি বলেন, বাংলাদেশের জন্য প্রতিশ্রুত মোট ৪৭০ কোটি ডলার ঋণের মধ্যে দ্বিতীয় কিস্তি হিসেবে ৬৮ কোটি ৯৮ লাখ ডলার অনুমোদন ক‌রে‌ছে আইএমএফ। আগামী শুক্রবা‌রের মধ্যে এ অর্থ যোগ হ‌বে। এছাড়া এডিবি থেকে ৪০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়ার একটা ফান্ড থেকে ৯ কোটি ডলারসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে আরও ৬২ কো‌টি ডলার আস‌বে। সব মি‌লি‌য়ে এ মা‌সে রিজার্ভে যোগ হ‌বে ১৩১ কো‌টি ডলার (১.৩১ বিলিয়ন)।

    মুখপাত্র জানান, এখন গ্রস রিজার্ভ আ‌ছে ২ হাজার ৪৬৬ কোটি (২৪ দশমিক ৬৬ বিলিয়ন) ডলার। বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ এক হাজার ৯১৩ কোটি লাখ ডলার বা ১৯ দশমিক ১৩ বিলিয়ন।

    তিনি বলেন, এ মা‌সে রে‌মিট্যান্সসহ ডলার আসার প্রবাহ ইতিবাচক রয়েছে। স‌ঙ্গে দাতা সংস্থার ঋণ যোগ হ‌চ্ছে। কিছু খরচ হ‌বে, ত‌বে আ‌য়ের চে‌য়ে ব্যয় কম হ‌বে। তাই রিজার্ভ কমার কারণ নেই।‌ ডিসেম্বরে হিসাব করে বলা যা‌বে। ত‌বে জানুয়ারিতে আকুর পেমেন্ট আ‌ছে এক বিলিয়নের মতো। সব মি‌লি‌য়ে রিজার্ভ ভা‌লো হ‌বে বলা যায়।

    মঙ্গলবার ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করা হয়।

  • বছরের প্রথম দিনেই উৎসব, সময় লাগবে সব বই পেতে

    বছরের প্রথম দিনেই উৎসব, সময় লাগবে সব বই পেতে

    নতুন বই ছাপানো নিয়ে এখনও লেজেগোবরে অবস্থায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সঙ্গে জাতীয় নির্বাচনের তৎপরতা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হবে ভোটকেন্দ্র। নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন শিক্ষকরা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বছরের প্রথম দিনে এবার কি শিক্ষার্থীরা নতুন বই উৎসব থেকে বঞ্চিত হবে?

    সেই প্রশ্নের উত্তরে ২৬ নভেম্বর এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, নির্বাচনের কারণে বই উৎসবটা এবার ১০-১১ তারিখেও হতে পারে।

    এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদরা অসন্তুষ্টির সুরে প্রতিক্রিয়া জানান। এনসিটিবি, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের মধ্যে দেখা দেয় ‘অস্বস্তি’। তবে সব সংশয়-অস্বস্তি পেছনে ফেলে ১ জানুয়ারিই বই উৎসব করার পথে হাঁটছে শিক্ষা মন্ত্রণালয়, পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্টরা।

    জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘বই লেখা, ছাপানো এবং উপজেলা পর্যায়ে সরবরাহ করাটা আমাদের কাজ। বই উৎসব কবে হবে, তা ঠিক করে সরকার। তবে অংশীজন হিসেবে মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আমাদের সবসময় যোগাযোগ থাকে, বৈঠক হয়। এ পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য, তা হলো, প্রতি বছর ১ জানুয়ারি বই উৎসব হয়, এবারও সেটাই হবে বলেই জানি। এর ব্যতিক্রম কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, সেটা আমরা জানি না।’

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক-১ শাখার একজন উপসচিব বলেন, ‘এটা নিয়ে অস্পষ্টতা ছিল। বই ছাপানোও শেষ হয়নি বলে জানিয়েছিল পাঠ্যপুস্তক বোর্ড। তবে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় ১ তারিখেই (জানুয়ারি) বই উৎসব করার প্রস্তুতি চলছে। বড় কোনো ঝামেলা না হলে বছরের প্রথম দিনে এটা শুরু হবে।’

    বই উৎসব ১ জানুয়ারি শুরু হলেও সব বই সেদিন পাবে না শিক্ষার্থীরা। এমনকি নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে কোনো বই নাও দেওয়া হতে পারে প্রথম দিন। অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা ১০-১২ তারিখে বই পেতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে চলতি ডিসেম্বর মাসের বাকি ১৯ দিনে বই ছাপানোর কাজ কতটা গুছিয়ে উঠতে পারছে পাঠ্যপুস্তক বোর্ড।

    জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। এনসিটিবির কর্মকর্তারা জানান, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে হয়তো ক্লাস শুরু হতে পারে। ক্লাস শুরুর আগেই তারা ধাপে ধাপে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে চান।

    এনসিটিবির সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, বই তো সব একদিনে হাতে তুলে দেওয়াটাও কঠিন। এটা নিয়ে অযাচিত সমালোচনা দেখি আমরা অনেক সময়। বিষয়টি বুঝতে হবে। কয়েকদিনের মধ্যেই কিন্তু সব শিক্ষার্থী শতভাগ বই পেয়ে যায়। শুধু সমালোচনা করার অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।

  • ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই জেলে আহত

    ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই জেলে আহত

    পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে আহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার ধোলাই মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন, হারুন পহোলান ও আবুল সরদার। তাদের প্রথমে কলাপাড়া হাসপাতালে পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

    স্থানীয়রা জানায়, রাতে ট্রলারটি ছয় জেলে নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় রাতের খাবারের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন হারুন নামের এক জেলে। এ সময় হঠাৎ বিস্ফোরণে ট্রলারের সামনের অংশ উড়ে যায়। এ সময় হারুন পহোলান ও আবুল সরদার দগ্ধ হন।

    উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরণের সময় পুরো এলাকায় কম্পন ধরে যায়।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় দুর্ঘটনাটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত কারণে হয়েছে।