Blog

  • বরিশালে ডেঙ্গুতে ৪ নারীর মৃত্যু

    বরিশালে ডেঙ্গুতে ৪ নারীর মৃত্যু

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চার নারীর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৬৬ জন।

    মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

    মৃতরা হলেন, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নিলুফা (৫৫), বানারীপাড়া উপজেলার সেনেহুয়ারা (৬০), পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সেতারা (৬০) ও মঠবাড়িয়া উপজেলার ফরিদা (৫৫)। তাদের মধ্যে নিলুফা মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৫ হাজার ৪৭৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৬৮৮ জন। বিভাগে এখন পর্যন্ত ১৭১ রোগীর মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৫৪, পটুয়াখালীতে ৩২, পিরোজপুরে ৫১, ভোলায় ৯, বরগুনায় ১৩ ও ঝালকাঠিতে সাত জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

  • বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    বরিশালে ভার্চ্যুয়ালি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে বরিশালে এসব প্রকল্পও ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন তিনি।

    বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয়/বিভাগের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সেখানে বরিশালে উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ১৮টি ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ গৃহ নির্মাণ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৫৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার একাডেমি ভবন, গণপূর্ত বিভাগের মাধ্যমে আটটি অবকাঠামো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে দুটি প্রকল। সমাজসেবা অধিদপ্তরের একটি প্রকল্প। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্প। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ।

    জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছেন, সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়েলর সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও করফারেন্সিং এ যুক্ত হয় তারা। এ সময় বরিশাল প্রান্তে জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য (এমপি) পঙ্কজ দেবনাথ, এমপি সংরক্ষিত নারী আসনের বেগম সৈয়দা রুবিনা আক্তার, বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

  • পটুয়াখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    পটুয়াখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    পটুয়াখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গনভবন থেকে ভার্চুয়াল ভাবে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এসময় পটুয়াখালী প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৫ জন সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র, বিভিন্ন দপ্তর প্রধানগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এসময় প্রধানমন্ত্রীর কার্যালয় এর আওতায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ১১৩টি ঘরের শুভ উদ্বোধন ও গৃহ হস্তান্তর। এলজিইডি’র আওতায় পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন ধারান্দি জিসি-পটুয়াখালী হেড কোয়ার্টার (লোহালিয়া খেয়াঘাট) ভায়া কাশিপুর বাজার সড়কে লোহালিয়া নদীর উপর নির্মিত ৫৭৬.২৫ মিটার পিসি গার্ডার ব্রিজ এবং জেলার বিভিন্ন স্থানে নির্মিত ১২টি সাইক্লোন সেল্টার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা নার্সিং ইনস্টিটিউট, বাউফল, পটুয়াখালী এবং জেলার বিভিন্ন স্থানে নির্মিত ০৭টি কমিউনিটি ক্লিনিক, আইন ও বিচার বিভাগের আওতাধীন গলাচিপা সাব-রেজিস্ট্রি অফিস ভবন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ০৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন, ০১টি পোস্ট গ্রাজুয়েট কলেজের উন্নয়ন এবং ০১ টি ওঈঞ সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

    এছাড়া পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী শির্ষেন্দু বিশ্বাসকে প্রতিশ্রুুতি দেয়ায়সেতু বিভাগ কর্তৃক ১০৪২.২৮কোটি টাকা ব্যয়ে কচুয়া বেতাগী পটুয়াখালীূ লোহালিয়া – সড়কের ১৭তম কিলোমিটারে (জেড ৮০৫২) পায়রা নদীর উপর পায়রা কুঞ্জ সেতু নির্মাণের ভিত্তি প্রস্তুর এবং শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, পটুয়াখালী এর ভিত্তি প্রস্তুর স্থাপন করেন তিনি।

  • দায়িত্ব নিয়েই প্রথম মসজিদের বিলে সই করলেন মেয়র খোকন

    দায়িত্ব নিয়েই প্রথম মসজিদের বিলে সই করলেন মেয়র খোকন

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।

    অভিষেক অনুষ্ঠানের পর মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা দেড়টায় নগর ভবনের দোতলায় মেয়রের কক্ষে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলীর উপস্থিতিতে তিনি দায়িত্বভার নেন।

    এ সময় তার স্ত্রী লুনা আব্দুল্লাহ, ছেলে আবিদুর সেরনিয়াবাত, বরিশাল সদর আসনের সাংসদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুম শামীম এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

    এসব তথ্য নিশ্চিত করেছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার।

    তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার কাগজপত্রে সই করার পর দোয়া-মোনাজাত হয়; তারপর প্রতিমন্ত্রী জাহিদ ফারুম নতুন মেয়রকে মিষ্টি মুখ করান। লুনা আব্দুল্লাহও তার স্বামীকে মিষ্টি খাওয়ান।

    মেয়রের একান্ত সচিব রুবেল হাওলাদার জানান, খোকন সেরনিয়াবাত দায়িত্ব নেওয়ার পরপরই নিয়মানুযায়ী অফিস করেন। নগরের বাংলাবাজার এলাকার একটি মসজিদের বিলে সই করেন।

    এসবের আগে নতুন মেয়রের আগমনে সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল নগর ভবন ও তার আশপাশের এলাকা। শুরুতে লালগালিচায় সংবর্ধনার পাশাপাশি ফুলেল শুভেচ্ছাও জানান তারা। দায়িত্বগ্রহণের আগে ফজলুল হক অ্যাভিনিউতে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণও মানুষেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নগরভবন কেন্দ্রিক মানুষের ভিড় সামাল দিয়ে নগরে নির্বিঘ্ন যানবাহন চলাচল বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকেও হিমশিম খেতে হয়।

    দলীয় নেতাকর্মীরা বলছেন, সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেনের পর খোকন সেরনিয়াবাতকে নিয়ে বরিশালবাসীর প্রত্যাশা অনেক। যার প্রতিফলন ঘটেছে অভিষেক অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি। তবে অভিষেক অনুষ্ঠানে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কিংবা তার পরিবার ও অনুসারীদের কাউকে দেখা যায়নি।

  • বিসিসির মেয়রের দায়িত্ব বুঝে নিলেন আবুল খায়ের আব্দুল্লাহ

    বিসিসির মেয়রের দায়িত্ব বুঝে নিলেন আবুল খায়ের আব্দুল্লাহ

    বরিশাল ॥ বরিশাল সিটি কপোরেশনের (বিসিসি) পঞ্চম পরিষদের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। নগর ভবনে আজ মঙ্গলবার দুপুর দেড়টায় তাঁকে দায়িত্বভার হস্তান্তর করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার।

    এর আগে বেলা সাড়ে ১১ টায় নগর ভবন চত্ত্বরে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও নির্বাচিত কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, বানারীপাড়া- উজিরপুর আসেনর সংসদ সদস্য শাহে আলম এমপি। এ ছাড়া অভিষেক অনুষ্ঠানে বরিশালের রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সামাজিক সাংস্কৃতিক, শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বরিশাল বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘নির্বাচনে ইশতেহারে আমি যে ৩৫টি কার্যক্রম বাস্তবাযনের ঘোষণা দিয়েছি, তা অচিরে বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী বরিশালের উন্নয়নে যে বরাদ্দ দিয়েছেন তা সঠিকভাবে বরিশালের উন্নয়নে ব্যায় হবে। এ জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। পাশাপাশি বরিশালকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, ‘আমরা চাই বরিশালের উন্নয়ন হোক। বিগত বছরগুলোতে বরিশাল ছিল অবহেলিত। তাই বরিশাল সিটি কপোরেশনের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ৭৯৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রী চান বরিশালের উন্নয়ন হোক। অন্যসব সিটি কপোরেশনের চেয়ে বরিশাল এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।’

    এ সময় তিনি নতুন মেয়রের সঙ্গে থেকে বরিশালের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

    উল্লেখ, গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশনে ভোট হয়। এতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ৫৩ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে তাঁর প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমকে পরাজিত করেন।

  • নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি হলেন যুবলীগ নেতা অসীম দেওয়ান

    নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি হলেন যুবলীগ নেতা অসীম দেওয়ান

    বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের বাস মালিক সমিতির সভাপতি মনোনীত হলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য অসীম দেওয়ান। রোববার (১২ নভেম্বর) বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের পরিবর্তে অসীম দেওয়ানকে সভাপতি করা হয়। তিনি বরিশাল সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর খোকন সেরনিয়াবাতের সমর্থক।

    সভাপতি পদে পরিবর্তনের সত্যতা নিশ্চিত করে জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। তিনি বলেন, আফতাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও নবনির্বাচিত মেয়রের নেতৃত্ব অস্বীকার করায় তার বিরুদ্ধে মালিকেরা অনাস্থা দেন। পরে যুবলীগ নেতা অসীম দেওয়ানকে সভাপতি করা হয়েছে।

    সূত্র জানায়, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে আফতাব হোসেনের বিরুদ্ধে। পূর্বে প্রকাশ্যে বাস টার্মিনাল এলাকায় পুলিশ পিটিয়ে হিরো হয়েছিলেন তিনি। তার সন্ত্রাসী হামলায় রাষ্ট্রীয় উদ্যােগে আহত পুলিশ সদস্যকে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা নেয়া হয়েছিল। সন্ত্রাসী হামলাসহ নানা অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে আফতাব হোসেনের বিরুদ্ধে। সভাপতি পদে নেতৃত্ব পরিবর্তনের খবর ছড়িয়ে পড়া মাত্রই শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

    সম্প্রতি ক’দিন ধরে টার্মিনাল এলাকায় নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন চলছিল। রোববার মালিক সমিতির সভায় সভাপতি আফতাব হোসেনের বিরুদ্ধে অনাস্থা জানানো হয়। একই সভায় অসীম দেওয়ানকে সভাপতি মনোনীত করা হয়েছে। বিদায়ী সভাপতি আফতাব হোসেন মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি। সিটি নির্বাচনের প্রচার চলাকালে গত ২০ মে বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ গ্রুপকে হটিয়ে আফতাব হোসেন টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। এছাড়া গত ঈদুল আজহায় নবনির্বাচিত মেয়রের নাম ভাঙিয়ে প্রতিটি বাস থেকে ৪০০ টাকা করে চাঁদা তোলেন আফতাব হোসেন। এ নিয়ে শ্রম আদালতে মামলাও হয়েছে। এতে ক্ষুব্ধ হন নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত, এরপর থেকে আফতাব হোসেনকে অপসারণের তৎপরতা শুরু হয়।

  • উদ্বোধন হলো ইসির অ্যাপ,ঘরে বসেই জমা দেওয়া যাবে মনোনয়নপত্র

    উদ্বোধন হলো ইসির অ্যাপ,ঘরে বসেই জমা দেওয়া যাবে মনোনয়নপত্র

    রবিবার (১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ অ্যাপ উদ্বোধন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম এসময় উপস্থিত ছিলেন।

    ইসি আহসান হাবিব বলেন, আমাদের কমিশন প্রযুক্তি নির্ভর। অতীতে ঢাক–ঢোল বাজিয়ে, হাতি–ঘোড়া নিয়ে মনোনয়ন সাবমিমশন করা হতো। ফলে আচরণবিধি ভঙ্গ হতো। এছাড়া নমিনেশন সাবমিশনে বাধা দেওয়া হতো। তবে এ অ্যাপসে সেই সমস্যা থাকবে না। ঘরে বসেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ভোটার যোগ্য প্রার্থী বেছে নিতে পারবেন। আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি, এটা স্বচ্ছতার প্রতীক। এ অ্যাপ ফেয়ার এবং ট্রান্সপারেন্ট। আশা করি অ্যাপসের সুফল ভোগ করবো। এ উদ্যোগ বিদেশেও প্রসংশিত হবে।

    এ অ্যাপসের মাধ্যমে বিভাগওয়ারী আসনগুলোর তথ্য, যেমন–মোট ভোটার, মোট আসন, আসনের প্রার্থী, প্রার্থীদের বিস্তারিত তথ্য (হলফনামা, আয়কর সম্পর্কিত তথ্য, নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী) জানতে পারবেন।

    এছাড়া, অ্যাপসটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য জানা যাবে এবং সমসাময়িক তথ্যাবলী ‘নোটিশ’ আকারে প্রদর্শিত হবে। অ্যাপসটির সাহায্যে প্রতি ২ ঘণ্টা অন্তর চলমান ভোটিং কার্যক্রমের periodical তথ্য (casted vote) জানা যাবে বলে জানান এ নির্বাচন কমিশনার।

    আহসান হাবিব খান জানান, নির্বাচনী ফলাফলের সার্বিক অবস্থাসহ

    ‘ফলাফল বিশ্লেষণ’ নামক অপশনের মাধ্যমে একজন ভোটার পূর্বতন নির্বাচন এবং বর্তমান নির্বাচনের ফলাফলের গ্রাফিক্যাল বর্ণনাও পাবেন।

    প্রযুক্তিনির্ভর ভোট ব্যবস্থাপনার বিষয়টি নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনায় ছিল উল্লেখ করে এ নির্বাচন কমিশনার জানান, এ ধারাবাহিকতায় মনোনয়নপত্র অনলাইনে দাখিল ও মোবাইল অ্যাপস এক যুগান্তকারী পদক্ষেপ। নির্বাচন ব্যবস্থাপনাও এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ যুগে যুক্ত হল। তফসিল ঘোষণার পর তা সবার জন্য উন্মুক্ত হবে।

    মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় শোডাউন, মিছিল করে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা যেমন রোধ হবে, এছাড়াও নেমিনেশন জমাদানে বাধা দেওয়া অথবা প্রত্যাহারের জন্য চাপ (বিভিন্ন সময় অভিযোগ আসে) করা সম্ভব হবে না। সংসদ নির্বাচন ছাড়াও স্থানীয় সরকারেরর যে কোনো নির্বাচনে মনোনয়ন জমাসহ নির্বাচনী সেবা সহজতর হবে। এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে নির্বাচনী হলফনামা, ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য, নির্বাচনী তথ্য মিলবে।

    নির্বাচন ব্যবস্থাপনায় যে ধরনের পরিবর্তন আনবে

    ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ভৌগলিক অবস্থান সম্পর্কে পূর্ব ধারণা নিশ্চিতভাবে ভোটার সময়ের অপচয়, বিড়ম্বনা এবং কিছুক্ষেত্রে, ‘হয়রানি’ হতে রক্ষা করবে।
    ভোটার নম্বর জানা থাকার কারণে ভোটার তালিকায় সিরিয়াল নম্বর সহজে নির্ণয় হবে, এ জন্য কোনো রাজনৈতিক দলের ক্যাম্পেইনের শরণাপন্ন হতে হবে না।
    “ নির্বাচনে প্রার্থীদের তথ্য সম্পর্কে সহজে অবহিত হওয়া, তথ্যের তুলনামূলক বিশ্লেষণ, সমসাময়িক ফলাফলের পাশাপাশি নির্বাচনী ফলাফল জ্ঞাত হওয়ার মতো বিষয়গুলো ভোটারদের উদ্দীপ্ত করবে– বলে আশা করা যায়।

    অ্যাপসের মাধ্যমে একজন ভোটার প্রার্থীদের তথ্যাবলী বিশ্লেষণ করে পছন্দসই প্রার্থী বেছে নিতে পারেন।
    ভোটার তার নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা জানতে পারবেন, যাতে করে চূড়ান্ত ফলাফলে ভোটসংখ্যা সংক্রান্ত কোনো বিভ্রান্তির অবকাশ থাকবে না।
    “তৃণমূল পর্যায় পর্যন্ত তথ্যের অবাধ প্রবাহ থাকার কারণে প্রার্থীরাও তাদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হবেন। সর্বোপরি ভোটার, প্রার্থী, জনগণ এ তিনের আস্থা/বিশ্বাস অর্জনে একধাপ এগিয়ে থেকে নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হওয়ার দিকে অগ্রগামী হবে। আর সার্বিক বিষয়াবলী নির্বাচন ব্যবস্থাপনাকে সহজ, trustworthy করবে” এ অ্যাপ।

  • দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার নরসিংদীতে নবনির্মিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা (জিপিইউএফএফ) উদ্বোধন করেছেন। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ ধরনের বৃহত্তম কারখানা। এটি সার আমদানি উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করবে।

    পলাশ উপজেলায় জিপিইউএফএফ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন সার উৎপাদনের ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিভিত্তিক এ কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

    তিন দশকের পুরোনো কারখানাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন করে অত্যাধুনিক প্রযুক্তি স্থাপন এবং প্রকল্পের শুরু থেকেই বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল প্রস্তুত করা হয়েছে।

    পরিবহনসুবিধার লক্ষ্যে ঘোড়াশাল রেলস্টেশনের সঙ্গে কারখানার সংযোগের জন্য একটি রেললাইন নির্মাণের কাজ চলছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সার কারখানা পরিদর্শন করেন।

    প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং জিপিইউএফএফ উদ্বোধনের দিনটিকে চিহ্নিত করে একটি বিশেষ সিলমোহরও প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রকল্পের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

    এ সময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

    কারখানার কার্যক্রম শুরু হলে সার আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। কারণ দেশের মোট বার্ষিক ২৬ লাখ টন চাহিদার বিপরীতে স্থানীয় কারখানাগুলো একসঙ্গে ১৯ দশমিক ২৪ লাখ মেট্রিক টন সার উৎপাদন করবে।

    স্থানীয় কারখানাগুলো বর্তমানে প্রায় ১০ লাখ টন উৎপাদন করছে এবং বাকি বার্ষিক চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করা হচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জানায়, কারখানাটি ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে। ১১০ একর জমিতে ১৫ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারখানাটির দৈনিক সার উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন।

    মোট ব্যয়ের মধ্যে সরকার ৪ হাজার ৫৮০ দশমিক ২১ কোটি টাকা দিয়েছে এবং ১০ দশমিক ৯২০ কোটি টাকা জাইকা, এইচএসবিসি ও ব্যাংক অব টোকিও মিত্সুবিশি ইউএফজে লিমিটেড থেকে ব্যবসায়িক ঋণ প্রকল্পের মাধ্যমে পেয়েছে।

    কারখানার দুটি বাষ্পীয় গ্যাস জেনারেটর ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এবং প্ল্যান্টটি চালানোর জন্য ২৮ মেগাওয়াট প্রয়োজন।

    এটি বাংলাদেশের প্রথম সার কারখানা, যেখানে প্রাথমিক পর্যায়ে ফ্লু গ্যাস থেকে পরিবেশদূষণকারী আহরণ করা হবে এবং ক্যাপচার করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ইউরিয়া সারের উৎপাদন বৃদ্ধি করা হবে (প্রায় ১০ শতাংশ)। এটি দেশে ‘অত্যাধুনিক, শক্তি সাশ্রয়ী ও সবুজ’ সার কারখানা, যা ইউরিয়া সারের আমদানি কমিয়ে দেবে এবং কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।

  • বরিশালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার

    বরিশালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার

    বরিশালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের সময় বাসের হেলপার ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকলেও তিনি টের পেয়ে লাফিয়ে বের হয়ে প্রাণ রক্ষা করেন। রোববার (১২ নভেম্বর) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, রাতে বাসটি মহাসড়কের পাশে রেখে ভেতরে হেলপার রাজু ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে কোনোভাবে বাসের ভেতর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান তিনি। তার চিৎকারেই আশপাশের লোকজন ছুটে আসে।

    হেলপার রাজু জানান, নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া ও ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয়ে কাশিপুর আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভুঁইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে মা এন্টারপ্রাইজের এই বাসটি রাখা হতো। ওখানেই বাসচালক অসিমের বাসা।

    বাসে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, মা এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর বাসটিকে থানায় পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে। অবরোধের সমর্থনকারীরা এ ঘটনা ঘটিয়েছে।

  • বরিশালে ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু

    বরিশালে ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২২৮ জন।

    রোববার (১২ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এতথ্য নিশ্চিত করেন।

    মারা যাওয়া ব্যক্তিরা হলেন পিরোজপুরের নেসারাবাদ উপজেলার রাফিয়া (৭) ও শিপলু (৫০) এবং একই জেলার কাউখালী উপজেলার ফিরোজা (৫০)। তারা তিনজনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৫ হাজার ১০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৩২১ জন। আর মৃত্যু হয়েছে ১৬৬ জনের। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে ১৩০, ভোলা সদরে ১০, বরগুনা সদরে পাঁচ, পিরোজপুর সদরে ১২, পটুয়াখালীর দুই হাসপাতালে আট ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৮২, পটুয়াখালীতে ২০, পিরোজপুরে ৬৯, ভোলায় ২০, বরগুনায় ৩০ ও ঝালকাঠিতে সাতজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬১৩ ডেঙ্গু রোগী।