Blog

  • ১ হাজার এফপিএস ক্যামেরা আনছে স্যামসাং

    ১ হাজার এফপিএস ক্যামেরা আনছে স্যামসাং

    জাপানি প্রতিষ্ঠান সনির আদলে ১ হাজার এফপিএস ক্যামেরা তৈরির ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং।

    সম্প্রতি সেকেন্ডে ৯৬০ ফ্রেম ধারণ করতে সক্ষম ক্যামেরা সেন্সর বাজারে নিয়ে এসেছে সনি। যা প্রথমবারের মত সনি এক্সপেরিয়া এক্সজেড ফোনে ব্যবহার করা হয়েছিল। একটি ক্যামেরা সেকেন্ডে কয়টি ছবি ধারণ করতে পারবে তা অনেকটাই হার্ডওয়্যারের ওপর নির্ভর করে। কিন্তু ফোনের ক্ষেত্রে এমন হাই ফ্রেমরেটে ভিডিও ধারণের মূল সীমাবদ্ধতা হচ্ছে প্রসেসরের প্রতিটি ফ্রেম সঠিকভাবে প্রসেস করার গতি ও ফোনের স্টোরেজের গতি।

    সনি এই দুটি সমস্যা এড়াতে ক্যামেরার সেন্সরের সঙ্গে একটি ক্যাশ র‌্যাম যুক্ত করে। এর ফলে ক্যামেরার ধারণকৃত কিছু ফ্রেম র‌্যামে জমা থাকে, যা পরে ধীরে ধীরে প্রসেস করা হয়।

    একই প্রযুক্তির সেন্সর নিয়ে স্যামসাং ও ইতোমধ্যে গবেষণা শুরু করেছে। তাদের সেন্সরের সঙ্গে আরও দ্রুতগামী  ও বেশি পরিমাণ ডির‌্যাম যুক্ত করার ফলে ক্যামেরাটি ১০০০ এফপিএস এ ভিডিও ধারণ করতে পারবে বলে তারা দাবি করেছে। এধরনের সুপার স্লো মোশন ভিডিও প্রযুক্তি খুব সম্ভবত গ্যালাক্সি এস ৯ ও নোট ৯ ফোনে যুক্ত করা হবে।

    সনির যেখানে ডির‌্যাম ক্যাশের জন্য মাইক্রোনের ওপর নির্ভর করতে হয়, সেখানে স্যামসাং নিজস্ব ডির‌্যাম উৎপাদন করার ফলে সেন্সরের মূল্য কমে আসবে। ফলে অদূর ভবিষ্যতেই এমন সুপার স্লো-মোশন ক্যামেরা মাঝারি মূল্যের ফোনেও দেখা যেতে পারে।

  • বাবা হত্যার বিচার চেয়ে রাজপথে জান্নাত

    বাবা হত্যার বিচার চেয়ে রাজপথে জান্নাত

    চলতি মাসের শুরুর দিকে খুন হন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু। তার একমাত্র সন্তান মেহের নিগার খান জান্নাত। প্রায় চার বয়সী এই ছোট্ট শিশুটি বাবার হত্যাকারীদের ফাঁসি চেয়ে দাঁড়াল রাজপথে। আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে শিমু হত্যার বিচার চেয়ে তার পরিবার ও স্বজনদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে চোখে-মুখে বোবা কান্না নিয়ে এক আত্মীয়ের কোলে বসেছিল মেহের নিগার খান জান্নাত। তার সামনে প্ল্যাকার্ডে লিখা ছিল, ‘আমার আব্বুর হত্যাকারীদের ফাঁসি চাই’। মানববন্ধনে আসা এবং সামনের সড়ক দিয়ে যাওয়া জনসাধারণের মনকে যেন বিষাদময় করে তুলেছিল জান্নাত।
    এদিকে, মানববন্ধনে শিমুর সকল হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি চেয়ে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন রানু প্রমুখ।

  • স্ট্রোকের ঝুঁকি কমায় সবুজ শাক-সবজি

    স্ট্রোকের ঝুঁকি কমায় সবুজ শাক-সবজি

    সবুজ শাক-সবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বহু জটিল রোগ প্রতিরোধ করতে সাহায্য করে সবুজ এবং তাজা শাক-সবজি। সম্প্রতি একটি তথ্য প্রকাশ হয়েছে যে, রোজের ডায়েটে সবুজ তাজা শাক-সবজি রাখলে তা স্ট্রেস কমাতে সাহায্য করে এবং স্ট্রোকের ঝুঁকিও কম করে।

    মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য এবং তার সঙ্গে উচ্চ রক্তচাপের কারণে ৯০ শতাংশ ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা দেখা গেছে।

    সমীক্ষায় দেখা গেছে, যারা প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি খেয়ে থাকেন, তাদের মধ্যে স্ট্রোক হওয়ার ঝুঁকি ৬৪ শতাংশ কমে গেছে।

    বর্তমানে বিভিন্ন কারণে আমাদের মধ্যে স্ট্রোক হওয়ার ঝুঁকি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তাই আপনি যদি স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে চান, তাহলে এখনই রোজকার ডায়েটে সবুজ তাজা শাক-সবজি রাখুন।

  • ফ্রান্সে নারীদের কটূক্তি করলেই জরিমানা

    ফ্রান্সে নারীদের কটূক্তি করলেই জরিমানা

    নারীদের প্রতি বেড়ে চলা যৌন হয়রানি রুখতে নতুন আইন প্রণয়ন করেছে ফ্রান্স। যেখানে নারীদের নিয়ে কোনো রকম কটূক্তি করলে ৯০ ইউরো (৯ হাজার ৩১৪ টাকা জরিমানা) নির্ধারণ করা হয়েছে।

    মূলত, নারীদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতেই এ পদক্ষেপ গ্রহণ করেছে প্যারিস প্রশাসন।

    আইনে বলা হয়েছে, প্রকাশ্যে যদি কেউ কোনোভাবে নারীদের সঙ্গে অপমানজনক ব্যবহার করে তাহলেই সেই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে ধরে নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তি সাধারণ মানুষও হতে পারে। হতে পারেন কোনো বিখ্যাত ব্যক্তিত্ব। তবে যেই হন না কেন, শাস্তির বহর কিন্তু ব্যক্তি বিশেষে বদলাচ্ছে না। শাস্তি একটাই। নারীদের কোনোভাবে হেনস্তা করলেই দিতে হবে ৯০ ইউরো জরিমানা।

    যৌন আগ্রাসন রুখতে চালু হওয়া সরকারি পদক্ষেপে সমর্থন জানিয়েছে প্যারিসের প্রত্যেক রাজনৈতিক দল।

    উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই নারীদের যৌন হয়রানি সংক্রান্ত খবরে উত্তাল হয়েছিল প্যারিস। শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছিল। প্রকাশ্যে রাজপথেই নারীরা যৌন হেনস্থার শিকার হচ্ছিলেন। একাকি নারী দেখলেই আক্রমণ করছিল দুর্বৃত্তরা। পুলিশি সক্রিয়তা বাড়লেও হেনস্তার ঘটনা রুখে দেওয়া যায়নি।

    অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অনেক অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে ওই পর্যন্তই। দিন দুয়েক জেলে কাটিয়ে ছাড়া পেয়ে গেছে সেই কীর্তিমান। বিষয়টি নিয়ে নগরবাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত আসরে নামে প্রশাসনিক কর্তাব্যক্তিরা। রাজনৈতিক নেতা ও পুলিশকে সঙ্গে নিয়ে বৈঠকে বসা হয়। তারপরেই এই সিদ্ধান্তে নেয় ফ্রান্স সরকার।

  • ২১ দিন অন্ধকার ঘরে বন্দি ছিলেন রণবীর

    ২১ দিন অন্ধকার ঘরে বন্দি ছিলেন রণবীর

    পদ্মাবত’ ছবিটির যে চরিত্রটি ইতিমধ্যে দর্শকদের মনে দাগ কেটেছে তা হলো আলাউদ্দিন খলজির হিংস্র, উন্মাদ, রাক্ষুসে স্বভাব। চরিত্রটা অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গোটা সিনেমায় রণবীরের খলজি রূপের পৈশাচিক নাদ শুনলে দর্শকদের গায়ে কাঁটা দেবে। এক কথায় তাঁর অভিনয় অনবদ্য বললেও কম বলা হবে। কিন্তু রণবীর সিং কীভাবে হয়ে উঠেছিলেন আলাউদ্দিন খলজি?

    ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ”আমি গোড়েগাঁও-এর বাড়িতে টানা ২১ দিন গৃহবন্দি ছিলাম। এসময় আমি সবকিছু থেকে বিচ্ছিন্ন ছিলাম। এই পুরো সময়টা আমি ওয়ার্কশপ করেছি। ধীরে ধীরে আমি নিজেকে খলজির মতো করে তৈরি করেছি। প্রথমে কিছুতেই আমি খলজির মতো এতটা ধান্দাবাজ, লোভী উচ্চাকাঙ্ক্ষী একটা চরিত্রের সঙ্গে নিজেকে কিছুতেই মেলাতে পারছিলাম না। এই ভয়ানক অভিজ্ঞাতা, খলজি যেভাবে পৃথিবীটাকে দেখে আমি তো সেভাবে ভাবেতেই পারি না। আমি ধীরে ধীরে এই চরিত্রের মধ্যে প্রবেশ করেছি। তারপর শরীরচর্চা, গলার স্বর সবকিছুই তৈরি করছিলাম। আর তারপর যখন শেষমেশ শুটিং শুরু হল তখন সেটে সবকিছু বনশালির উপর ছেড়ে দিয়েছিলাম।”

    রণবীর সিং আরও বলেন, ”তারপর উনি যেভাবে চরিত্রটাকে তৈরি করতে চেয়েছেন আমি সেভাবেই কাজ করেছি। কারণ এই চরিত্রটা সম্পর্কে আমার থেকেও বেশি উনি জানেন। পুরো কৃতিত্বটাই ওনার।”

  • গোপনে বিয়ে করলেন নুসরাত!

    গোপনে বিয়ে করলেন নুসরাত!

    ব্যাচেলর নয়। নুসরাত জাহান নাকি বিবাহিত। শোনা যাচ্ছে তেমনই। টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী নুসরাত জাহান কয়েক বছর আগে ডিসেম্বরেই নাকি বিয়ে সেরে ফেলেছেন। পাত্রের নাম ভিক্টর ঘোষ। তবে তারা কিন্তু জনসমক্ষে লিভ ইন রিলেশনশিপে আছেন বলে জানান।

    রাজ চক্রবর্তীর শত্রু ছবি দিয়ে টলিউডে আত্মপ্রকাশ নুসরাতের। তারপর টলিউডে একের পর এক ছবিতে সফল নুসরাত। ছবির শুটিংয়ের জন্য তাকে বিদেশ যেতে হত। তখন থেকেই নাকি ভিক্টরের সাথে তার পরিচয়। জামশেদপুরের ছেলে ভিক্টর। সিভিল অ্যাভিয়েশনে চাকরি করে সে। শোনা যায়, বিয়ের পর থেকে নাকি নুসরাত ও ভিক্টর বালিগঞ্জে ঘর বাঁধেন।

    ঘনিষ্ঠ সূত্রে খবর, ওরা বিবাহিত। ব্যক্তিগত ও পেশাগত কারণে নুসরাত সবার সামনে বিয়ের কথা স্বীকার করে না। কিন্তু ওদের সমস্ত ঘনিষ্ঠ বন্ধুরা বিয়ের কথা জানে। এমনকী, নুসরাতের বুকে ভিক্টরের নামের একটি ট্যাট্যুও রয়েছে।

    নুসরাত ও ভিক্টরকে যারা কাছ থেকে চেনে, তাদের মনে ওরা দুজনেই খুব সাপোর্টিভ। একদিকে যেমন নুসরাতের ফিল্ম নিয়ে মতামত জানান ভিক্টর, তেমনই ভিক্টরের রেস্তোরাঁর ব্যবসা সাপোর্ট করেন নুসরাত।

    টলিউডের এক প্রযোজকের সাথে জড়িয়েছে নুসরাতের নাম। কিন্তু তাতে নুসরাতের কিছু আসে যায় না। সবার কাছে ভিক্টরকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেন নুসরাত। ভিক্টরও তার ফেসবুক স্টেটাসে লিখে রেখেছেন, ‘ইন আ রিলেশনশিপ’।

    কিন্তু বিয়ের কথা অস্বীকার করেন নুসরাত। সবাইকে তিনি একটাই কথা বলেন, তারা খুব শিগগিরই বিয়ে করবেন। আর যখন বিয়ে করবেন, তখন সবাইকে জানিয়েই করবেন। অতএব এখন যেন গুজবে কান না দেওয়া হয়।

  • বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে ফের এমপি মোতাহারের মামলা

    বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে ফের এমপি মোতাহারের মামলা

    লালমনিরহাটে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকসহ ৪ জনের বিরুদ্ধে ফের মানহানির মামলা করেছেন এমপি মোতাহার হোসেন। রবিবার সকালে মোতাহার হোসেন বাদী হয়ে লালমনিরহাট আমলী-৪ আদালতে মামলাটি করেন।

    গত ২১ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় লালমনিরহাটে মোতাহার  সাম্রাজ্য’শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হলে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। প্রতিবেদনে উঠে আসে এমপি মোতাহার ও তার পরিবারের নানা অপকাহিনী। এই প্রতিবেদনের ফলে জেলার সর্বস্তরের মানুষ ও সুশীল সমাজ বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রতিবেদকদ্বয়কে অভিনন্দন জানালেও ক্ষুদ্ধ হন এমপি মোতাহার ও তার পরিবারের লোকজন।

    এরই জের ধরে সকালে মোতাহার হোসেন বাদী হয়ে লালমনিরহাট আমলী-৪ আদালতে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান রিমন ও গোলাম রাব্বানীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বাদী পক্ষের শুনানী শেষে আদালতের বিচারক মোঃ আফাজ উদ্দিন আসামিদের বিরুদ্ধে আগামী ১৮ মার্চ আদালতে হাজির হওয়ার নিদেশ দিয়ে সমন জারি করেন।

    উল্লেখ্য, এর আগেও লালমনিরহাট-১ আসনের এই এমপি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিকের নামে একটি মানহানির মামলা দায়ের করেন। যে মামলাটি বর্তমানে আদালতে চলমান।

  • স্ত্রীকে খুন করে স্টোভে রান্না করল স্বামী!

    নারী বিদ্বেষী হওয়ায় নিজের প্রাক্তন স্ত্রীকে খুন করে, তার দেহ টুকরো টুকরো করে কেটে তা স্টোভে রান্না করেছে এক ব্যক্তি। নারকীয় এই ঘটনা ঘটেছে মেক্সিকোতে। নিহত ওই নারী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

    জানা গেছে, ওই নারীর প্রাক্তন স্বামী নারী বিদ্বেষী ছিল। সে কারণেই সে তার স্ত্রীকে নৃশংসভাবে খুন করে।

    তদন্তকারী গোয়েন্দাদের কাছ থেকে জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারি ২৮ বছরের ম্যাগডালেনা আগুইলার রোমেরো তার সন্তানদের ট্যাস্কোতে তার প্রাক্তন স্বামীর বাড়ি থেকে আনতে যান। কিন্তু স্বামীর বাড়ি থেকে আর তিনি ফিরে আসেননি। পরে পুলিশ অভিযুক্ত সিজার লোপেজের বাড়ি থেকে নারীর দগ্ধ দেহ উদ্ধার করে।

    স্টোভের ওপর একটি পাত্রে নারীর টুকরো করা দেহাবশেষ পোড়া অবস্থায় পাওয়া যায়। কিছুটা দেহের টুকরো প্ল্যাস্টিক ব্যাগে করে ফ্রিজে রাখা ছিল, সেটাও উদ্ধার করে পুলিশ।

    পুলিশ ধারণা করছে, দেহটিকে টুকরো করে রান্না করা হয়েছিল। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

  • কক্সবাজারে জেমস বন্ডের নায়িকা

    কক্সবাজারে জেমস বন্ডের নায়িকা

    কক্সবাজারের উখিয়ার বালুখালি শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন জেমস বন্ডের ‘জিরো জিরো’ছবির নায়িকা মালয়েশিয়ান বংশোদ্ভূত মিশেল ইয়ো।

    শনিবার বিকেল সাড়ে ৪টায় বালুখালীর দুই ক্যাম্পে স্থাপিত স্বাস্থ্যসেবা ও ত্রাণ কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

    প্রসঙ্গত, রবিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান মালয়েশিয়ার চিফ অব ডিফেন্স ফোর্সেস রাজা মোহাম্মদ আফফানদি বিন রাজা মোহাম্মদ নুরসহ ৪৯ সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য হয়ে মিশেল ইয়োও রবিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

    হলিউড অভিনেত্রী মিশেল ইয়ো জেমস বন্ড সিরিজের পিয়ার্স ব্রসনানের সঙ্গে (টুমরো নেভার ডাইস- ১৯৯৭) অভিনয়ের মাধ্যমে আলোচিত হন। এছাড়া হলিউডের আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি বিশ্বব্যাপী প্রশংসা কুড়ান। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী।

  • কখনো বলিনি ফেসবুক বন্ধ করে দেব : শিক্ষামন্ত্রী

    কখনো বলিনি ফেসবুক বন্ধ করে দেব : শিক্ষামন্ত্রী

    পরীক্ষা চলাকালে ফেসবুক বন্ধ করে দেওয়ার কোনো কথা কখনো বলেননি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, এটা বন্ধ করার ক্ষমতাও আমাদের নেই। আমারা বিটিআরসির সাথে একটি নির্দিষ্ট সময়ের জন্য বা কয়েকঘণ্টার জন্য ফেসবুক বন্ধ রাখতে পারেন কি-না, সেটা নিয়ে আলাপ করেছি। বিটিআরসি জানিয়েছে, বিভিন্ন পদ্ধতিতে এসব প্রশ্ন আসে, তাই পরীক্ষার সময়টাতে তারা সেখানে লোক নিয়োগ করে রাখবেন।

    সংসদরে শীতকালীন অধিবেশনে রবিবারের বৈঠকে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। প্রশ্নকর্তা সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত শিক্ষামন্ত্রীর বক্তব্যের বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালে ফেসবুক বন্ধের কথা বলেছেন। বিষয়টি সংসদে পরিষ্কার করতে বললে, এসময় শিক্ষামন্ত্রী বলেন, আমি এই কথা কখনো বলিনি যে, আমরা ফেসবুক বন্ধ করে দেবো। এই ক্ষমতাও আমাদের নেই। তিনি বলেন, পরীক্ষার সময় যদি কিছু হয়, তাৎক্ষণিকভাবে জানাবেন, সে অনুসারে পুলিশ ব্যবস্থা নিতে পারবে। আমরা কখনো বন্ধ করে  ফেলবো, এই কথা বলতে পারি না, আমাদের ক্ষমতাই নেই। বিটিআরসি বলেছে সহযোগিতা করবে, তারা বলেছে বন্ধ না করেও অন্যভাবে সহযোগিতা করবে। জনগণের ব্যাঘাত সৃষ্টির জন্য আমরা কিছু বলিনি।

    তিনি আরও বলেন, দেড় মাস ধরে এসএসসি-এইচএসসি পরীক্ষা হয়। এই দীর্ঘ দিন হাজার হাজার কেন্দ্রে পাহারা দিয়ে প্রশ্ন রাখা বড় কঠিন কাজ। প্রশ্নগুলো যখন স্কুলে পৌঁছায়, কিছু শিক্ষক আছেন, তারা প্রশ্ন বিলির আগে খুলে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে পাঠিয়ে দেন। আমরা এই জায়গাটায় আটকে গেছি। তাই বলেছি, বিটিআরসি’র (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) সঙ্গে আলাপ করবো।

    প্রশ্ন ফাঁসে জড়িতদের সর্বোচ্চ ১০ বছরের জেল
    মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা আইন-১৯৮০ (সংশোধিত ১৯৯২) এর ধারা ৪ অনুযায়ী প্রশ্ন ফাঁসে জড়িতদের অন্যূন ৩ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।