Blog

  • শিক্ষার মানোন্নয়নের বিকাশ ঘটিয়েছে আ’লীগ – আবুল হাসানাত আবদুল্লাহ

    শিক্ষার মানোন্নয়নের বিকাশ ঘটিয়েছে আ’লীগ – আবুল হাসানাত আবদুল্লাহ

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বরিশালের গৌরনদী উপজেলার ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ এসব ল্যাপটপ বিতরণ করেন।

    বৃহস্পতিবার  সকালে গৌরনদী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তৃতায় আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ সরকার ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার প্রসার ও মানোন্নয়নের বিকাশ ঘটিয়েছে। ফলে শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে।

    উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল এবং বাউরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মাহাবুর রহমান প্রমুখ

  • ‘বীর সৈনিক’ উপাধি পেল শিহাব-লিটন

    ‘বীর সৈনিক’ উপাধি পেল শিহাব-লিটন

    মাফলার বীর’ থেকে এবার ‘ট্রেন রক্ষার বীর সৈনিক’ উপাধি পেয়েছে রাজশাহীতে ট্রেন রক্ষা করে আলোচনায় আসা দুই শিশু সিহাবুর রহমান (৬) ও লিটন আলী (৭)। বৃহস্পতিবার দুপুরে তাদের আনুষ্ঠানিকভাবে এ উপাধি দিয়েছে রেলপথ বিভাগ।

    রাজশাহী রেলওয়ে স্টেশনে ওই দুই শিশুর সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম। রেলপথ মন্ত্রী মুজিবুল হকের পক্ষ থেকে সংবর্ধনা দিতে এ আয়োজন করে পশ্চিমাঞ্চল রেল। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে ওই দুই শিশু।

    পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক সাবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিহাব ও লিটনের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। তাদের বাবা-মায়ের হাতে রেলপথ মন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় ৫০ হাজার করে এক লাখ টাকা। এছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিক লীগের পক্ষ থেকেও দেয়া হয় আর্থিক পুরস্কার। এর আগে দুই মাফলার বীরকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করে রেল বিভাগ।

    অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম ট্রেন রক্ষাকারী দুই শিশুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

    অনুষ্ঠানে সিহাব ও লিটন জানায় তাদের অনুভূতি। তারা বলে, রেললাইনের পাশে খেলতে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত লাইন দেখতে পায়। এরপরই তারা বাড়ি থেকে লাল মাফলার নিয়ে গিয়ে তা রেললাইনের ওপর টেনে ধরে। এরপর ট্রেনটি থামিয়ে দেয় চালক। পরে ট্রেন চালক নেমে গিয়ে তাদের সালাম দেয়।

    বক্তব্য দেন দুই শিশুর বাবা-মায়েরাও। তারা বলেন, তাদের ছোট এই সন্তানেরা ট্রেন থামিয়ে এমন বুদ্ধিমত্তার পরিচয় দেবে তা তারা ভাবতেও পারেননি। এখন তারা তাদের সন্তানদের নিয়ে গর্বিত। তারা চান প্রতিটি ঘরেই এমন সচেতন শিশুর জন্ম হোক। কাজ করুক দেশের জন্য।

    এর আগে সকালে বাঘা উপজেলা পরিষদ হল রুমে রাজশাহী বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে সিহাব ও লিটনকে সংবর্ধনা দেয়া হয়। বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান তাদের হাতে তুলে দেন ক্রেস্ট। এছাড়া নগদ পাঁচ হাজার করে টাকা ও গরম কাপড়ও দেয়া হয় তাদের। জানানো হয় ফুলেল শুভেচ্ছা।

    বাঘা উপজেলার ঝিনা গ্রামের সুমন আলীর ছেলে সিহাব এবং শহীদুল ইসলামের ছেলে লিটন। সিহাব ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে এবং লিটন একই স্কুলে পড়ে দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে। একেবারেই হতদরিদ্র পরিবারের সন্তান তারা। গত সোমবার বাড়ির পাশের রেললাইন ভাঙা দেখে মাফলার দেখিয়ে তেলবাহী একটি ট্রেন থামিয়ে দেয় তারা। এতে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় ৩২ বগির বিশাল ট্রেনটি।

    এ ঘটনার পরই স্থানীয় এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুই শিশুকে ‘আড়ানীর নায়ক’ উপাধি দিয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। পরে তাদের সংবর্ধনা জানান উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া বুধবার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের পক্ষ থেকেও তাদের সংবর্ধনা দেয়া হয়।

  • খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা

    খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা

    খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়‌দিন উপল‌ক্ষে সম্প্রদা‌য়ের বিশিষ্ট নাগ‌রিক‌দের সঙ্গে শু‌ভেচ্ছা বি‌নিময় কর‌বেন বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া।

    আগামী শ‌নিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারস‌নের গুলশান রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে এ শু‌ভেচ্ছা বি‌নিময় অনু‌ষ্ঠানের কথা রয়েছে।

    বৃহস্পতিবার রাতে বিএন‌পি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল ক‌বির খান এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

    তিনি জানান, শুভেচ্ছা বিনিময়কালে দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।

  • নিজ কেন্দ্রেও হারলেন ঝন্টু

    নিজ কেন্দ্রেও হারলেন ঝন্টু

    রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) বিদায়ী মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নিজের কেন্দ্রেই ভোটে হেরে গেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত রসিক নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এই কেন্দ্রে তিনি পেয়েছেন ৭৪২ ভোট।

    কেন্দ্রটিতে ৯৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। বিএনপির প্রার্থী কাওসার জামান পেয়েছেন ২৪০ ভোট।

    রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

    এদিকে মোস্তফা নিজের কেন্দ্র ২২ নম্বর ওয়ার্ডের আলমনগর কলেজ রোড সরকালি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও বড় ব্যবধানে জয় পেয়েছেন। এ কেন্দ্রে মোস্তফার লাঙল প্রতীক পেয়েছে ১ হাজার ৫৭৫ ভোট। নৌকা প্রতীকের ঝন্টু পেয়েছে ২৫৪ ভোট।

    রাত সাড়ে ৯টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১২৪টি কেন্দ্রের ফলাফলে মেয়র পদে লাঙল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি ১২৪টি কেন্দ্রের ফলাফলে এক লাখ ৭ হাজার ৭৬৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৪০ হাজার ৯০৭ ভোট। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ২০ হাজার ৬০৭ ভোট।

    বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীভাবে রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন গণনা চলছে। রাতেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে

  • রসিক মেয়র মোস্তফা

    রসিক মেয়র মোস্তফা

    রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচনে মোট ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে তিনি ১৬০৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    তার নিকটতম প্রতিদন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু। তিনি পেয়েছেন ৬২৪০০ ভোট। অপর দিকে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫১৩৬ ভোট।

    বিস্তারিত আসছে…

  • এখন সবার ওপরে শেখ জামাল

    এখন সবার ওপরে শেখ জামাল

    ক্রীড়া প্রতিবেদক : সলোমন-রাফায়েলের গোল মিছিলে ভাসছে শেখ জামাল ধানমণ্ডি। কালও দুই বিদেশি গোল-উৎসব করেছেন, সুবাদে এত দিন শিরোপা লড়াইয়ে থাকা শেখ জামাল ধানমণ্ডি কাল উঠে গেছে শীর্ষস্থানে।

    ব্রাদার্সকে ৩-২ গোলে হারিয়ে তারা ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে এককভাবে। সুবাদে শিরোপার সুরভিও তাদের নাকে লাগতে শুরু করেছে। দুই আবাহনী ১ পয়েন্ট করে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে।

    ৫ মিনিটে শেখ জামালের লিড যেন একতরফা ম্যাচের ইঙ্গিত দিয়েছিল। সেটা হয়নি। ব্রাদার্স ইউনিয়ন মরিয়া হয়ে আক্রমণ করে গোলের জবাব দিয়েছে পাল্টা গোলে। কিন্তু শেষ পর্যন্ত সলোমন-রাফায়েলের গোল মিছিলের সঙ্গে পেরে ওঠেনি তারা। কালও সলোমন কিংয়ের জোড়া গোলের সঙ্গে রাফায়েলের আছে এক গোল। দারুণ খুশি শেখ জামালের কোচ মাহবুব হোসেন রক্সি, ‘শেষ কয়টি ম্যাচ বাকি আছে।

    আমাদের লক্ষ্য হলো, এক-একটি ম্যাচ জিতে এই লিড ধরে রাখা শেষ পর্যন্ত। এভাবে খেলতে পারলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব। ’

    চট্টগ্রাম আবাহনী যখন নিজের সেরাটা হারিয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ছে, তখন শেখ জামাল খেলছে দুর্দান্ত ফুটবল। দারুণ ফর্মে তাদের খেলোয়াড়রা। আরামবাগের জালে ৬ গোল দেওয়ার পর তারা পরের ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে ৩-১ গোলে। সেই ধারায় গতকালও শুরু করেছিল ৫ মিনিটে লিড নিয়ে। ডান দিক থেকে জাভেদ খানের ক্রসে গাম্বিয়ান সলোমন কিংয়ের হেড ব্রাদার্সের জালে পৌঁছে যায়। লিড নিয়ে তারা চাপ ধরে রাখে প্রতিপক্ষের ওপর। বেশ কয়েকটি সুযোগ নষ্টের পর ৪৪ মিনিটে আবার ব্যবধান বাড়ান ওই গাম্বিয়ান। আফসারের লং বলটি আয়ত্তে নিয়ে তিনি চমৎকার ফিনিশ করেন। জোড়া গোলের সুবাদে ১২ গোল নিয়ে সলোমন হয়ে গেলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ব্রাদার্স কিন্তু দমেনি। তাদের এক কাউন্টারে সুইট ব্রাদার্সের কঙ্গোর ফরোয়ার্ড জুনাপিওকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় ব্রাদার্সকে। পেনাল্টি থেকে গোল করেন জুনাপিও আর ২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাদার্স। এই পেনাল্টি মেনে নিতে পারছেন না শেখ জামাল কোচ মাহবুব হোসেন রক্সি, ‘ওটা কোনোভাবে পেনাল্টি হয় না। আমার খেলোয়াড় বল ক্লিয়ার করেছে, সেটা আয়ত্তে নিতে না পেরে জুনাপিও পড়ে গেছে। ’

    ফেরার পর শেখ জামাল লিড ধরে রাখতে একটু ডিফেন্সে মনোযোগী হলে ব্রাদার্স আক্রমণের চাপ বজায় রাখে। কিন্তু ফল হয়েছে উল্টো। ৭৮ মিনিটে শেখ জামালের দুই বিদেশি ফরোয়ার্ড ওয়ান-টু খেললে এলোমেলো হয়ে যায় ব্রাদার্সের ডিফেন্স। সালোমনের বাড়ানো বলটি রাফায়েল জালে পৌঁছে দিয়ে ৩-১ গোলের লিড নেন। তাতে এই নাইজেরিয়ান স্ট্রাইকার ১৪ গোল নিয়ে এখন সর্বোচ্চ গোলদাতার আসনে। ব্রাদার্সের ম্যাচে ফেরা আরো কঠিন হয়ে গেল। তার পরও তারা হাল ছাড়েনি। মধ্যবর্তী দলবদলে শেখ জামাল ছেড়ে যাওয়া যোশেফ নূরের এক দুর্দান্ত ফ্রি-কিক বুমেরাং হয়ে ফিরেছে তার পুরনো দলে। তাতে গোল হয়নি, তবে শটটি এত মাপা হয়েছে, বিশাল তাতে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-২ করে ফেলেন। পরের দশ মিনিট চাপেই কাটিয়ে শেখ জামাল টানা তৃতীয় ম্যাচ জিতে পৌঁছে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। তিন ম্যাচ আগে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর শেখ জামালের দুই ফরোয়ার্ডের পায়ে যেন গোলের ফুল ফুটেছে। রাফায়েলের সর্বোচ্চ ১৪ গোলের পর দ্বিতীয় স্থানে আছেন ২১ গোল নিয়ে সলোমন কিং। তাঁদের নতুন কোচ মাহবুব হোসেন রক্সি এটাকেই প্লাস পয়েন্ট মানছেন, ‘আমাদের গোল নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। দুই বিদেশি দুর্দান্ত খেলে গোল করছে। আমাদের ডিফেন্স একটু সাপোর্ট করলে জয়ের ধারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারব। এই ধারাটা ধরে রাখতে হবে। ’

    দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ ৩-০ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। এই ম্যাচে রহমতগঞ্জ ফেভারিট থাকলেও ৮ মিনিটে মিনহাজুল আবেদীনের গোলে এগিয়ে ফরাশগঞ্জ। পরে চিনেডো ম্যাথু ও মান্না আরো দুই গোল করে ফরাশগঞ্জের জয় নিশ্চিত করেছেন। ফরাশগঞ্জ এককভাবে আর তলানিতে নয়, ১৩ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জকে সঙ্গে নিয়ে যুগ্মভাবে সবার নিচে।

  • যুক্তরাষ্ট্রের নতুন নীতি বিশ্বের শতকরা ৯০ ভাগ মানুষের জন্য ভীতিকর

    যুক্তরাষ্ট্রের নতুন নীতি বিশ্বের শতকরা ৯০ ভাগ মানুষের জন্য ভীতিকর

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিরাপত্তা নীতি ঘোষণার সময় পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তোলা ও তা ব্যবহারের যে ইঙ্গিত দিয়েছেন তাতে রাশিয়া ও চীন কোনও ভাবেই ভীত হবে না বলে মন্তব্য করলেন মার্কিন লেখক ও প্রাক্তন অধ্যাপক জেমস পেত্রাস।

    গত কয়েকদিন আগে নতুন নিরাপত্তা নীতি ঘোষণার সময় ট্রাম্প দাবি করেন, আমেরিকার বিরুদ্ধে আগ্রাসন প্রতিহত করে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা হচ্ছে তার দেশের নিরাপত্তা নীতির ভিত্তি।

    তিনি বলেছেন, যদিও পরমাণু অস্ত্র সব সংঘাত প্রতিহত করতে পারে না তবে পরমাণু হামলাসহ বড় রকমের যে কোনও হামলা ঠেকানোর জন্য এগুলো জরুরি।

    আন্তর্জাতিক ইস্যুতে কয়েক ডজন বইয়ের খ্যাতিমান লেখক জেমস পেত্রাস ইরানের প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বলদর্পিতার মাধ্যমে বিশ্বে আমেরিকার আধিপত্য ধরে রাখতে চাইছেন। কিন্তু এই নীতি চীন, রাশিয়া, ইরান এবং বিশ্বের অন্য দেশগুলোর জন্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

    তিনি আরও বলেন, এখন আমরিকা বিশ্বের একমাত্র শক্তি নয় যে, সে পরমণু অস্ত্রের মজুত গড়ে তুলে চিন, রাশিয়া ও ইরানকে ভীত-সন্ত্রস্ত করে তুলবে। জেমস পেত্রাস মার্কিন নীতিকে বিপজ্জনক খুবই উল্লেখ করে বলেন, এতে কোনও দেশ বিশেষ করে চিন ও রাশিয়া মোটেই ভয় পাবে না।

    তিনি বলেন, মার্কিন নতুন নীতি বিশ্বের শতকরা ৯০ ভাগ মানুষের জন্য ভীতিকর।

  • দিল্লিতে বিরুশকার গ্র্যান্ড রিসেপশন

    দিল্লিতে বিরুশকার গ্র্যান্ড রিসেপশন

    সিঁথিতে চওড়া সিঁদুর, পরনে লাল শাড়ি, গলায় ভারি গয়না। দিল্লিতে রিসেপশন মঞ্চে জনসমক্ষে এভাবেই হাজির হলেন নববধূ আনুশকা শর্মা কোহলি।

    আর বিরাটের পরনে ছিল কালো গর্জাস শেরওয়ানি এবং সাদা চোস্তা।

    ইতালিতে বিয়েটা লুকিয়ে সারলেও, নিজ দেশে ফিরে রাজধানীর বুকে ঘটা করে রিসেপশনের আয়োজন করেছেন নবদম্পতি। বৃহস্পতিবার বিরুশকার সেই রিসেপশনের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।

    বিয়ের পাশাপাশি আনুশকার রিসেপশনের শাড়ি ও গয়নারও ডিজাইন করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে যখন রিসেপশন মঞ্চ বাঁধার কাজ চলছিল, প্রকাশ্যে আসে সেই ছবিও।

  • শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়েছে : আইনমন্ত্রী

    শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়েছে : আইনমন্ত্রী

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, শিশু হত্যা ও সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে।

    তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিদ্যমান ৫৪টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাশাপাশি আরো ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে।

    মন্ত্রী  রাজধানীর আগারগাঁও-এ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স আয়োজিত ‘চাইল্ড পার্লামেন্ট অধিবেশন-২০১৭’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৩৯ দশমিক ৭ শতাংশই শিশু। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আমাদের রূপকল্প ও কৌশলগত পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এদেরকে আমাদের কর্মকাণ্ডের কেন্দ্রে রাখতে হবে। সে লক্ষ্যে সরকার সব শিশুর জন্য নিরাপদ আবাস, মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    জাতীয় এবং স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে
    আইনমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরে ১৩টি মন্ত্রণালয় বা বিভাগের অনুকূলে ৫৬ হাজার কোটি টাকার শিশু কেন্দ্রিক বাজেট বরাদ্দ রাখা হয়েছে যা বিগত ২০১৬-২০১৭ অর্থ বছরের চেয়ে ১৪ দশমিক ৮ শতাংশ বেশি।

    প্রধানমন্ত্রীকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লিগ্যাল নোটিশ প্রেরণ প্রসঙ্গে আইন মন্ত্রী বলেন, লিগ্যাল নোটিশ হচ্ছে একটি আইনি প্রক্রিয়া তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর জবাব দেওয়া হবে।

    ‘শিশুর প্রতি সহিংসতা বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাইল্ড পার্লামেন্টের ১৫তম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শিশুদেরকে সমতা এবং বৈষম্যহীন পরিবেশে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর নির্ভর করছে আমাদের সমৃদ্ধ ভবিষ্যত। তাই শিশু অধিকার আইন বাস্তবায়নে ও শিশু অধিকার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন সরকার তার সবই করছে।

    তিনি বলেন, শিশু অধিকার রক্ষা সংক্রান্ত দুটি চুক্তি যথা, শিশু অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন (ইউএনসিআরসি) এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক কনভেনশন (সিআরপিডি) এর অনুস্বাক্ষরকারী প্রথম কয়েকটি দেশের অন্যতম হলো বাংলাদেশ।

    শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সরকার যে ধরনের পদক্ষেপ, পরিকল্পনা ও কর্মসূচি নেওয়া প্রয়োজন তা নেওয়া হয়েছে এবং হচ্ছে।

    মন্ত্রী বলেন, ইতোমধ্যে শিশু সংক্রান্ত বিভিন্ন আইন, বিধি ও নীতি প্রণয়ন করা হয়েছে এবং শিশুর প্রতি সহিংসতা দমন বিষয়ক আইনগুলোকে আরও বেশি কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে।

    অধিবেশনে দেশের ৬৪টি জেলার চাইল্ড পার্লামেন্টারিয়ানবৃন্দ এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বাংলাদেশ শিশু একাডেমিসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নির্বাচনে পরাজয় হলেও আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে

    নির্বাচনে পরাজয় হলেও আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে

    রংপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় হলেও আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    তিনি বলেছেন, এই নির্বাচনে আমাদের নিবাচনী পরাজয় হয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে।

    সবচেয়ে বড় কথা হলো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার মাঝপথেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    ওবায়দুল কাদের বলেন, সবচেয়ে বড় কথা হলো অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনে নির্বাচন কমিশন যে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ নির্বাচনের রেকর্ড রেখে যাচ্ছে। এবং এটা হলো গণতন্ত্রের বিজয়।

    তিনি বলেন, আমরা এ নির্বাচনের ফলাফলকে গণতন্ত্রের বিজয় হিসেবেই দেখছি। মনে করি, এ নির্বাচনের রেজাল্ট জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির জন্য একটা রেকর্ড রেখে যাচ্ছে।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব নির্বাচনেই কি জিততে হবে? আমাদের নির্বাচিত মেয়রতো নারায়ণগঞ্জে বিজয়ী হয়েছে। বিগত নির্বাচনে তিনি (সরফ উদ্দিন আহমেদ ঝন্টু) স্বতন্ত্রভাবে বিজয়ী হয়েছেন। এবারই আমরা তাকে মনোনয়ন দিয়েছি।

    আমরাতো কুমিল্লায় হেরে গিয়েছিলাম, সেটার রেজাল্টতো মেনে নিয়েছি। আমরা এটাকে রাজনৈতিকভাবে দেখছি, এটাতে গণতন্ত্র বিজয় হয়েছে। এর ভিক্টর হচ্ছে জনগণ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, মতিয়া চৌধুরী, দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া, এসএম কামাল হোসেন, রিয়াজুল কবির কাওছার, আমিরুল আলম মিলন, আনোয়ার হোসেন প্রমুখ।