Blog

  • বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় তুরস্ক পাশে থাকবে

    বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় তুরস্ক পাশে থাকবে

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আজ দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থে একযোগে কাজ করা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

    দুই নেতা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোসহ দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং পরস্পরকে সমর্থন করার অঙ্গিকারও পুনর্ব্যক্ত করেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত তুর্কী প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আজ এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে পৃথক বিবৃতিতে এসব কথা বলেন।

    বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মামুদ আলী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রমুখ।

    তুরস্কের পক্ষে ছিলেন-উপ-প্রধানমন্ত্রী ও তুর্কি-বাংলাদেশ যৌথ কমিশনের কো-চেয়ার বেকির বোজাগ ও বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক প্রমুখ।

    তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুই দিনের সরকারি সফরে গতকাল সোমবার বাংলাদেশে আসেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিবৃতিতে আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় তুরস্ক পাশে থাকবে।

    তিনি বাংলাদেশ ও মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে ধন্যবাদ জানান।

    তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে খুবই সুদৃঢ় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। তিনি বলেন, তুরস্কের গণতন্ত্র ও সরকারের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা তুরস্ক ভুলে যায়নি।

    শেখ হাসিনা বলেন, তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে।

    তিনি বলেন, ‘আমরা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোসহ দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং পরস্পরকে সমর্থন করার অঙ্গিকারও পুনর্ব্যক্ত করেছি। ’

    শেখ হাসিনা বলেন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা, পর্যটন ও যোগাযোগের মত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা সংহত করার ব্যাপারেও তিনি তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

    তিনি আশা প্রকাশ করেন যে, দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), শিল্প উৎপাদন, স্ট্যান্ডার্ডাইজেশন, সামর্থ্য বিনির্মাণ, জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সহায়ক হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য বিনালি ইলদিরিমকে ধন্যবাদ জানান।

  • বিভাগীয় কমিশনারের আশ্বাসের ৮ রুটে সড়ক অবরোধ স্থগিত

    বিভাগীয় কমিশনারের আশ্বাসের ৮ রুটে সড়ক অবরোধ স্থগিত

    বরিশাল বিভাগীয় কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে বুধবার বিকেলে ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে। এর আগে গতকাল সোমবার জেলার নলছিটির জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে বরিশাল-পটুয়াখালী-বরগুনাসহ ৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এ সময় কুয়াকাটা থেকে আসা একটি বাস ভাঙচুর করে শ্রমিকরা।

    এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জিরো পয়েন্টে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে। গত ১৮ ডিসেম্বর থেকে ঝালকাঠি বাস মালিক সমিতির গাড়ি বরিশাল-পটুয়াখালী-বরগুনাসহ ৮টি রুটে চালাতে না দেয়ার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয়। এরই ধারাবাহিকতায় বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রায়াপুর নামকস্থানে অবস্থান নিয়ে মালিক সমিতি বরিশাল মালিক সমিতির গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

    বরিশাল বিভাগীয় কমিশনারের আশ্বাসের বিষয়ে ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু বলেন, বিভাগীয় কমশিনারের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের জিরো পয়েন্টের অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। দাবি পূরণ না হলে কর্মসূচি চলবে।

  • বরিশালের দর্শকদের সাথে প্রতারণা করলেন নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি

    বরিশালের দর্শকদের সাথে প্রতারণা করলেন নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি

    বরিশালের দর্শকদের সাথে প্রতারণা করলেন অন্তর জ্বালা ছবির নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি। বরিশালে আসার কথা বলে কাউকে না জানিয়েই প্রোগ্রাম বাতিল করেন তারা। যার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে বরিশালের সিনেমা দেখার দর্শকরা। আজ মঙ্গলবার বরিশালে আসার কথা ছিল তাদের। নায়ক জায়েদ খান তার নিজস্ব ফেইসবুক পেইজেও বরিশালে আসার বিষয়ে পোষ্ট দিয়েছিলেন আজ মঙ্গলবার দুপুরের দিকে। তাদের আসার কথা শুনে বরিশাল নগরীর অভিরুচি সিনেমা হল ও বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) উপস্থিত হয়েছিল অনেক দর্শক। দর্শকরা তাদের অপেক্ষায় থাকে কয়েক ঘন্টা।

    দুপুর ১১ টায় বরিশালে আসার কথা থাকলেও বিকেল ৪টা পর্যন্ত বরিশালের কারও ফোন ধরেননি আর কাউকে ফোনও করেননি তারা। যার কারনে বরিশালের দর্শকসহ কেউই জানতে পারেনি নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি কখন আসছেন ,না আসছেন না! বিকেল সাড়ে তিনটার দিকে বরিশাল অভিরুচি সিনেমা হল কর্তৃপক্ষ লোক মারফত জানতে পারে তারা বরিশালে আসবেন না। তাদের বরিশালে না আসার কথা শুনে ক্ষুদ্ধ হয়ে উঠে অভিরুচি সিনেমা হলের দর্শকরা। ক্ষিপ্ত হয় হল কর্তৃপক্ষের উপর।

    এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে হল কর্তৃপক্ষ চলে যায়। পরে সিনেমা হলে আগত দর্শকরাও ভারাক্রান্ত মন নিয়ে চলে যায়। দর্শকদের মধ্যে অনেককে ফুল নিয়ে আসতে দেখা গেছে। বরিশালে আসা না আসার বিষয়ে জানতে অন্তর জালা ছবির নায়ক জায়েদ খানের মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করলে তিনি রিসিভ করেননি। এবিয়ে জানতে চাইলে বরিশাল অভিরুচি সিনেমা হলের ব্যবস্থাপক সৈয়দ রেজাউল কবির জানান, আজ মঙ্গলবার সকাল ১১ টায় বরিশালে আসার কথা ছিল তাদের। দুপুর সাড়ে ১২ টায় অভিরুচি সিনেমা হলে দর্শকদের সাথে ছবি দেখার কথা ছিল। কিন্তু ১১ টার পরে তারা কারও ফোন রিসিভ করেনি তাই আমারা তাদের আসা না আসার বিষয়ে জানতে পারিনি। বিকেল ৩ টার দিকে লোক মারফত জানতে পারি তারা বরিশালে আসবেন না। তাদের না আসার কথা শুনে সিনেমা হলে উপস্থিত উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে উঠে।

  • ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের গোলটেবিল বৈঠক আয়োজিত

    ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের গোলটেবিল বৈঠক আয়োজিত

    আজ বরগুনার পৗরসভা মিলনায়তনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তরুণ রাজনৈতিক নেতাদের নিয়ে ‘শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তরুণ নেতৃত্বের বিকাশ ও অংশগ্রহণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করল ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, বরিশাল অঞ্চল। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল -এর বরিশাল বিভাগের বরগুনার তরুণ নেতৃবৃন্দের জন্য আয়োজিত ফেলোশিপ কার্যক্রমের আওতায় প্রাক্তন ও বর্তমান ফেলোবৃন্দ এই অনুষ্ঠানের মাধ্যমে দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রাজনীতিতে তরুণ নেতৃত্বের বিকাশের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুপারিশমালা উপস্থাপন করেন।

    তাদের সুপারিশসমূহের মধ্যে রাজনৈতিক দলের নির্বাহী কমিটিগুলোতে তরুণ নেতৃত্বের সংখ্যা বৃদ্ধি, নির্বাচনে প্রার্থী হিসেবে আরো বেশি সংখ্যক তরুণ নেতাদের মনোনয়ন, দলগুলোর সাথে সংশ্লিষ্ট ছাত্র ও যুব সংগঠনসমূহকে আরো শক্তিশালী করা, সহনশীল রাজনীতি এবং শান্তিপূর্ণ নির্বাচনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়।

    এ আয়োজনে উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বরগুনা জেলা; মো: মনিরুজ্জামান নশা, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বরগুনা জেলা;মো: মাহবুবুল আলম ফারুক মোল্লা, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বরগুনা জেলা; এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বরগুনা জেলা সহ অন্যান্য বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। আয়োজনে আরো উপস্থিত ছিলেন দিপু হাফিজুর রহমান, সিনিয়র রিজিওনাল কোঅর্ডিনেটর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, বরিশাল।

    আয়োজনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের আলোচনার মধ্য দিয়ে উঠে আসে স্থানীয় সরকার নির্বাচনে বয়সের সীমা বেঁধে দেয়া এবং জাতীয় সংসদ নির্বাচনে এক তৃতীয়াংশ আসনে তরুণদের মনোনয়ন দেয়া, পরপর দুই বার নির্বাচনের পর কোন প্রার্থী পরবর্তী দু্ই নির্বাচনে অংশ নিতে পারবে না – এরূপ বিষয়সহ আরো অনেক বিষয়। এই অনুষ্ঠানটি ইউএসএআইডি ও ইউকেএইড এর যৌথ অর্থায়নে `Strengthening Political Landscape in Bangladesh’ শীর্ষক প্রকল্পের অধীনে আয়োজন করা হয়।

    উল্লেখ্য, ইউএসএ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) আরও বেশি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিশ্ব অর্জনের লক্ষ্যে সক্রিয় নাগরিকবৃন্দ ও সংবেদনশীল সরকার সমূহকে সহায়তা প্রদান করছে এবং সুশীল সমাজ ও রাজনৈতিক দলসমূহকে সাথে নিয়ে কাজ করছে। ২০১১ সাল থেকে ডিআই বাংলাদেশে অধিকতর অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ অর্জনে কাজ করছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত সারা দেশের ২২৮ জন তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলোশিপ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তারা ১৫,০০০ -এরও বেশি তরুণ রাজনৈতিক কর্মীদের কে বিভিন্ন গঠনমূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছেন।

  • বরিশাল লাইভ ২৪ ডট কম’র নির্বাহী সম্পাদক’র পিতার মৃত্যূ

    বরিশাল লাইভ ২৪ ডট কম’র নির্বাহী সম্পাদক’র পিতার মৃত্যূ

    জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বরিশাল লাইভ টুয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদক মফিজুল ইসলাম মিলনের বাবা ডা: হাবিবুর রহমান হৃদরোগে অাক্রান্ত হয়ে অাজ দুপুর ১০ টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
    এদিকে বরিশাল লাইভ টুয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদকের পিতার মৃত্যূতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল লাইভের প্রধান সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, সম্পাদক এ.এফ.এম অানোয়ারুল হক, প্রধান নির্বাহী সম্পাদক অারেফিন ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক কাজী অাফরোজা,সহ সম্পাদক রাফসান হক, প্রতিষ্ঠাতা সাঈদ বারীসহ অন্যরা।
  • পানি উন্নয়ন শ্রমিক কর্মচারীর বরিশাল আঞ্চলিক কমিটি ঘোষণা

    পানি উন্নয়ন শ্রমিক কর্মচারীর বরিশাল আঞ্চলিক কমিটি ঘোষণা

    গত ১৮ ডিসেম্বর সোমবার বাংলাদেশ জাতীয় পানি উন্নয়ন শ্রমিক কর্মচারী লীগ রেজি নং বি-১৮৮৮এর বরিশাল আঞ্চলিক পরিষদের ৩০সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।উক্ত কমিটিতে বরিশাল জেলা শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য জনাব আবুল কালাম খান কে উপদেষ্টা, জনাব মোঃ হুমায়ুন কবিরকে সভাপতি, জনাব মোঃ আনোয়ার হোসেনকে নির্বাহী সভাপতি,জনাব মোঃ কাওসার হোসেনকে সাধারণ সম্পাদক, জনাব শরিফুল ইসলাম শাহীনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও জনাব মোঃ কামরুল হককে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।

  • সব উন্নয়ন কাজে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ আছে : প্রধানমন্ত্রী

    সব উন্নয়ন কাজে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ আছে : প্রধানমন্ত্রী

    দেশের যেকোনো উন্নয়ন কাজেই সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও কাজ করছে।

    আজ সোমবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    তিনি বলেন, আমরা যখনই সরকার গঠন করেছি, চেয়েছি সশস্ত্র বাহিনীকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে। দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করছে। দুর্যোগ-দুর্বিপাকেও অগ্রভাগে থাকছে সশস্ত্র বাহিনী। কোনো কঠিন কাজে দরকার পড়লেই এগিয়ে আসে আমাদের সেনাবাহিনী।

    সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, দেশকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে আমরা কেবল শহরভিত্তিক নয়, গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়েও কাজ করছি।

  • টিটু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

    টিটু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

    রাজধানীর কদমতলী থানাধীন হুমায়ুন কবির টিটু হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সোহাগ ওরফে বড় সোহাগ, মামুন শেখ ও রবিন শেখ।

    আজ সোমবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলায় তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

    ২০১০ সালের ২৬ নভেম্বর হুয়ামুন কবির টিটুকে রাজধানীর কদমতলী থানাধীন আউটার সার্কুলার রোড (নোয়াখালী পট্টি) এলাকার নান্নু জেনারেল স্টোরের সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার এ দিলেন আদালত।

  • অপহরণের ৬ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

    অপহরণের ৬ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

    মাদারীপুরের শিবচরে অপহরণের ৬ দিন পর ওবায়দুর চোকদার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে মাদবরেরচর এলাকার পুরাতন জাহাজঘাট এলাকার নদীর মধ্যে মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মারুফ (২০), ইমরান (১৮), মনির(১৭) ও রাকিব (২০) নামের চার যুবককে আটক করেছে পুলিশ। তবে আটক মারুফ ও তার বাবা ঘটনার মূলহোতা বলে পুলিশ জানিয়েছে।

    গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশের দোকানে গেলে ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। নিহত ওবায়দুর উপজেলার মাদবরের চর ইউনিয়নের পূর্ব খাড়াকান্দি গ্রামের রতন চোকদারের ছেলে। সে খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

    শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওবায়দুরকে অপহরণের পর বুধবার সন্ধ্যায় একটি নম্বর থেকে ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে ৬ লাখ টাকা দাবি করে। এরপর থেকেই ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে গত শুক্রবার শিবচর থানায় জিডি করা হলে পুলিশ কৌশলে মারুফ নামের যুবককে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করলে পুলিশ অন্যদের আটক করে এবং তাদের দেয়া তথ্যানুযায়ী মরদেহটি উদ্ধার করে।

  • দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

    দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

    ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর বেলা ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেই থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর এখানে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়।

    সেদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন পশ্চিম জোন-১ এর জোনাল চেয়ারম্যান মরহুম এম আব্দুর রহিম।

    এসময় মিত্রবাহিনীর এই অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার ফরিদ ভাট্টি ও কর্নেল শমসের সিংয়ের নেতৃত্বে একটি চৌকস দল এম আব্দুর রহিমকে গার্ড অব অনার প্রদান করেন। এ দিনটি দিনাজপুরবাসীর জন্য একটি গৌরবের দিন। দিবসটি পালন উপলক্ষে দিনাজপুরে বিস্তর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।