Blog

  • চলে গেলেন গেইল-ম্যাককালাম

    চলে গেলেন গেইল-ম্যাককালাম

    শুধু বিপিএল কেন, বিশ্বের যে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের সেরা আকর্ষণ থাকেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। বরাবরের মত এবারও বিপিএলে তিনি খেলেছেন। প্রথম থেকে না হলেও টুর্নামেন্টের কয়েক ম্যাচ যাওয়ার পরই তিনি এসে যোগ দেন রংপুর রাইডার্সের সঙ্গে।

    শুধু ক্রিস গেইলই নন, এবারের বিপিএলে অন্যতম আকর্ষণ ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, ক্যারিবীয় ব্যাটসম্যান কাইরন পোলার্ড, এভিন লুইস, পাকিস্তানি আফ্রিদি, মোহাম্মদ আমির কিংবা হাসান আলিরা।

    শেষ পর্যন্ত ক্রিস গেইলই হলেন নায়ক। শেষ তিন ম্যাচে ২টি সেঞ্চুরিসহ মোট ৪৮৫ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি। শুধু তাই নয়, ফাইনালের মত মহা গুরুত্বপূর্ণ ম্যাচে একা ক্রিস গেইলের হাতেই শেষ হয়ে গেছে আগেরবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ৬৯ বলে ১৪৬ রানের বিধ্বংসী ইনিংসে রেকর্ড গড়লেন ১৮টি ছক্কা মেরে।

    গেইলের একার রানই কেবল করতে পেরেছিল ঢাকা। তাদের ইনিংস শেষ হয়েছিল ১৪৯ রানে। গেইল তাণ্ডবের সামনেই উড়ে গেলো ঢাকা। চ্যাম্পিয়ন হলো রংপুর রাইডার্স।

    রংপুরকে চ্যাম্পিয়ন করার পর একদিনও ঢাকায় থাকলেন না ক্রিস গেইল। আজই চলে গেলেন তিনি। রংপুর রাইডার্সের লজিস্টিক ম্যানেজার রনি জাগো নিউজকে জানিয়েছেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে একই ফ্লাইটে নিউজিল্যান্ডে উড়ে গেলেন ক্রিস গেইল।

    গেইল কেন নিউজিল্যান্ডে গেলেন? ২০ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে রয়েছেন গেইল। এ কারণেই তিনি সোজা নিউজিল্যান্ডে উড়ে গেলেন। রংপুরের আরেক ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়, জনসন চার্লস দেশে ফিরে গেছেন আজ সকালেই।

  • মার্কিন হেলিকপ্টারের জানালা খুলে পড়লো শিক্ষার্থীর ওপর

    মার্কিন হেলিকপ্টারের জানালা খুলে পড়লো শিক্ষার্থীর ওপর

    মার্কিন হেলিকপ্টারের একাংশ জাপানের ওকিনাওয়ার একটি স্কুলের সামনের মাঠে খসে পড়েছে। বুধবার হেলিকপ্টারের ওই জানালা খসে পড়ে স্কুলের একজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা কিয়োদো।

    ওকিনাওয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপে মার্কিন বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। ঘাঁটির আশেপাশে গত কয়েক বছরে বেশ কয়েকবার দুর্ঘটনা এবং অপরাধ সংঘটিত হয়েছে। নতুনভাবে হেলিকপ্টারের জানালা খসে পড়ে একজন আহত হওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    জাপানের মন্ত্রি পরিষদের সচিবের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ধরনের ঘটনা কেবল স্কুলের সঙ্গে সম্পৃক্তদেরই উদ্বেগের কারণ নয়; ওকিনাওয়ার মানুষ চায়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।

    মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগটি আমরা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত করা হবে।

    বিবৃতিতে আরও জানানো হয়েছে, এটা একেবারেই দুঃখজনক ঘটনা। এখানকার বাসিন্দাদের উদ্বেগ সৃষ্টির জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি।

    গত অক্টোবরে মার্কিন এক হেলিকপ্টারের ভূপাতিত হয়ে বিস্ফোরিত হয়েছে। সেই ঘটনাটি ঘটেছিল ওকিনাওয়ার উত্তরে।

    সূত্র : বিবিসি

  • সাংবাদিক পেটানোর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে কারাগারে

    সাংবাদিক পেটানোর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে কারাগারে

    পাবনার ৪ সাংবাদিককে পিটিয়ে আহত করার মামলায় ভূমিমন্ত্রীর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল এখন জেলহাজতে।

    বুধবার দুপুর ১টার দিকে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের ১-নং আমলী আদালতে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল জামিন নিতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

    গত ২৯ নভেম্বর ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গেটে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভূমিমন্ত্রীর ছেলে ও তার ক্যাডার বাহিনীর হামলায় পাবনার ৪ সাংবাদিক গুরুতর আহত হন।

    এরা হলেন- সময় টিভির পাবনা প্রতিনিধি এসএ আসাদ, এটিএন নিউজ’র রিজভী জয়, ডিবিসি নিউজের পার্থ হাসান এবং ক্যামেরাপার্সন মিলন।

    এ ঘটনায় ৩০ নভেম্বর ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ২০/২৫ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেন ডিবিসি নিউজের পার্থ হাসান।

    এদিকে, ৪ সাংবাদিকের ওপর হামলা এবং তাদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রাখেন পাবনায় কর্মরত সাংবাদিকরা।

    পাবনা প্রেস ক্লাব মঙ্গলবার রাতে নির্বাহী কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করে সিদ্ধান্ত নেয়, অবিলম্বে শিরহান শরীফসহ অন্য জড়িতদের গ্রেফতার করা না হলে প্রেস ক্লাব বৃহত্তর কর্মসূচি দেবে।

  • রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান

    রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান

    মিয়ানমার থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আগমনের ফলে বাংলাদেশের বন ও পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের অভিযোজনের ওপর মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর আহ্বানে আয়োজিত ওয়ান প্ল্যানেট সামিটে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ রোহিঙ্গা আসার ফলে বাংলাদেশ বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। মানবিক কারণে আমরা কক্সবাজারে ১৭৮৩ হেক্টর বনভূমিতে তাদেরকে আশ্রয় দিয়েছি। বনায়ন হুমকির মুখে পড়েছে ওই অঞ্চলে। রোহিঙ্গা সংকট আমাদের বন ও পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব সৃষ্টি করেছে। ‘

    শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, যদিও এই ঝুঁকির জন্য আমরা দায়ী নই। ‘ তিনি বলেন, ‘আমরা সীমিত সম্পদ নিয়ে জলবায়ু পরিবর্তনের পরিণতি প্রশমন ও অভিযোজন করে যাচ্ছি। ‘

    শেখ হাসিনা আরো বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে প্রণীত টেকসই উন্নয়ন কৌশলের মূল স্রোতে জলবায়ু পরিবর্তন ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় জিডিপির ১ শতাংশ ব্যয় করে আসছে। ‘

    সকল অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশ কর্মকাণ্ডে ওয়াটার সাসটেইনেবিলিটি ইস্যুকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করেন তিনি।

    এ শীর্ষ সম্মেলনে বিশ্বের প্রায় আশিটি দেশের রাষ্ট্রপ্রদান, কুটনীতিবিদ পরিবেশবিদ ও সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইং কিম ও ফরাসি প্রেসিডেন্ট বক্তব্য দেন। সম্মেলনের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট তা স্বাগত বক্তব্যে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানান।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিস চুক্তি বাস্তবায়নে তাঁর অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করেন এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর নেতৃত্বের প্রশংসা করেন।

    শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে ব্যাপক প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশে ইউনেস্কো  ঘোষিত বিশ্ব ঐতিহ্য ও বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন রক্ষায় ৫০ দশমিক ৭৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি বিশাল প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। তিনি বলেন, ‘উপকূলীয় এলাকার জনগণকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভাঙন এবং লবণাক্ত পানি থেকে রক্ষায় সবুজ বেষ্টনি সৃষ্টি করা হয়েছে। প্রায় ৬৭ হাজার হেক্টর জমি এসব এলাকায় বনায়নের জন্য চিহ্নিত করা হয়েছে।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার আগামী পাঁচ বছরে বাংলাদেশে বনায়ন দুই শতাংশ বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে। ফলে বিদ্যমান বনভূমি ২২ শতাংশ থেকে প্রায় ২৪ শতাংশে উন্নীত হবে। তিনি বলেন, ‘পার্টনারদের সমর্থনসহ আমাদের নিজস্ব সম্পদ দিয়ে এই টার্গেট পূরণে আমরা প্রচেষ্টা জোরদার করব। ‘

    শেখ হাসিনা জলবায়ু ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারপূরণ এবং ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।

  • বিচার বিভাগ সরকারের দখলে পরিণত হয়েছে: দুদু

    বিচার বিভাগ সরকারের দখলে পরিণত হয়েছে: দুদু

    এই দেশের মানুষের সর্বশেষ যে আশ্রয়স্থল ছিল বিচার বিভাগ সেটি নিচ থেকে ওপর পর্যন্ত সরকারের দখলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    বিএনপির এই নেতা বলেন, এ দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে শুধু মিথ্যা মামলা দেওয়া হয় না, তাকে হেনস্তা করার জন্য এমন কোনো কাজ নাই যা করা হচ্ছে না। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে শুধু সাজাই দেওয়া হয় নাই এখনও তাকে একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে এবং বিচার করা হচ্ছে।

    শামসুজ্জান দুদু বলেন, এ দেশে অর্থনৈতিক ব্যবস্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে লুটপাট করে। একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। শিক্ষাঙ্গনে বিরোধী মতের ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন অবস্থান করতে পারে না। পেশাজীবীরা যে যেখানে আছে তারা যখনি সরকারের অন্যায় ফ্যাসিবাদী কার্যকালাপের বিরোধিতা করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়।

    দেশে বেনামে বাকশালী শাসন ব্যবস্থা চলছে বলে মন্তব্য করে দুদু বলেন, এই বাকশাল ৭৫ সালের বাকশাল না। এই বাকশাল সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছে। এখানে নির্বাচন ব্যবস্থা বলে কিছু নাই।

    এই দেশে এখন মুক্তচিন্তা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগঠন গড়ে তুললেই মিথ্যা মামলা দেওয়া হয়। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ যদি অন্যায়কারীদের দখলে থাকে গণতন্ত্র এবং ন্যূনতম ভোটাধিকার না থাকে তাহলে স্বাধীনতার ৪৬ বছর আগে আমরা যে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলাম সেটি মিথ্যা হিসাবে চিহ্নিত যাবে।

  • স্ত্রীকে ‘তিন তালাক’ দিয়ে শ্যালিকাকে নিয়ে পলায়ন!

    স্ত্রীকে ‘তিন তালাক’ দিয়ে শ্যালিকাকে নিয়ে পলায়ন!

    স্ত্রীকে ‘তিন তালাক’ বলে স্ত্রীর ছোটবোনকে নিয়ে পালিয়েছে এক ব্যক্তি। এমন ঘটনা ভারতের উত্তর প্রদেশের সহারানপুর জেলার দেববন্দ এলাকার পাঠানপুরা কলোনিতে  ঘটেছে।

    প্রসঙ্গত, শুধু মুখে তিন তালাক বলে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের বহুল চর্চিত অপপ্রথার বিরুদ্ধে সম্প্রতি রায় দেয় দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু আইনে নিষেধ হলেও বাস্তবে এর চল রয়েই গেছে। এরই সর্বশেষ উদাহরণ এ ঘটনা।

    ঘটনার শিকার নূরজাহান বেগম (২৭) অভিযোগ করেন, যৌতুকের দাবি মেটাতে না পারায় স্বামী শুধু তাকে তিন তালাক বলে ত্যাগই করেনি একই সঙ্গে তার ছোট বোনকে নিয়ে পালিয়েছে। থানায় দায়ের করা অভিযোগে তিনি জানান, প্রতিবেশী এলাকার আরশাদ আহমদের সঙ্গে তিন বছর আগে তার বিয়ে হয়। তাদের ঘরে এক কন্যা সন্তান রয়েছে।

    অভিযোগে নূরজাহান আরো জানান, আরশাদ যৌতুকের জন্য হরহামেশাই পেরেশান করতেন। এরই ধারাবাহিকতায় গত ৭ ডিসেম্বর তাকে বেদম মারপিট করে এক পর্যায়ে জ্যান্ত পুড়িয়ে মারতে চায়। কিন্তু প্রতিবেশীরা এসে তাকে রক্ষা করে।

    নূরজাহানের অভিযোগে জানান যায়, এরপর আরশাদ তাকে ‘তিন তালাক’ উচ্চারণের মাধ্যমে তালাক দেয় এবং তার স্বর্ণালংকারগুলোসহ তার ছোটবোনকে নিয়ে পালিয়ে যায়।

    সাহারানপুরের এএসপি বাবলু কুমার জানান, তদন্তের পর অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এনবিটি

  • আকায়েদের জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি

    আকায়েদের জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি

    কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, আকায়েদ উল্লাহ দেশে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ দেশের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গেও তার জড়িত থাকার প্রমাণ এ পর্যন্ত মেলেনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ইন্টারনেটের মাধ্যমে তিনি জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হতে পারেন।

    আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    মনিরুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি আকায়েদ ইন্টারনেটের মাধ্যমে সেলফ র‌্যাডিকালাইজড হয়েছে। তার স্ত্রী ও শ্বশুর-শ্বাশুড়িকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা তাদের কাছ থেকে যেসব তথ্য পেয়েছি তাতে মনে হয়েছে ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ পর্যন্ত আকায়েদ বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী ছিল।

    ঢাকার পুলিশ সূত্রে জানা যায়, আকায়েদ উল্লাহর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য তাদের জিগাতলার বাসা থেকে মিন্টু রোডের কাউন্টার টেররিজম ইউনিটের কার্যালয়ে নেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, স্থানীয় সময় সোমবার সকালে নিউইয়র্কের ম্যানহাটনের একটি বাস টার্মিনালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহকে আটক করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

  • শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবেন’

    শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবেন’

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবেন। আজকের এ শোকাবহ দিনে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই-আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করি।

    শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ এক বিবৃতিতে তিনি এসব বলেন।

    বেগম খালেদা জিয়া বলেন, ১৪ ডিসেম্বর একটি বেদনাময় দিন। বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে এ দিনে হানাদার বাহিনীর দোসররা দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করোছিলো।

    সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, অমর বুদ্ধিজীবীগণ দেশের বরেণ্য শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তারা ন্যায়বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক সমাজের প্রত্যাশা করেছিলেন। দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা আন্তর্জাতিক অপশক্তি তাদের সে প্রত্যাশাকে বাস্তবায়িত হতে দেয়নি।

    খালেদা জিয়া বলেন, আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং দেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, স্ব-স্ব অবস্থানে থেকে দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে। শহীদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির চেয়ারপারসন।

  • বরিশালে সরকারি হচ্ছে আরও ৫ মাধ্যমিক বিদ্যালয়

    বরিশালে সরকারি হচ্ছে আরও ৫ মাধ্যমিক বিদ্যালয়

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ উপজেলার বাখেরগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গৌরনদী উপজেলার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বরগুনার তালতলী উপজেলার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালীর রাঙ্গবালী উপজেলার মৌডুবী মাধ্যমিক বিদ্যালয়সহ নতুন করে দেশের আরও ৩৭ টি উপজেলার মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে। এসব স্কুল জাতীয়করণে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। একই সঙ্গে নতুন করে শিক্ষক-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনার চিঠি মাউশিতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩৭টি হাইস্কুল জাতীয়করণ করতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

    স্কুলগুলো হলো, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদীর শিবপুর উপজেলার শহীদ আসাদ কলেজিয়েট বালিকা স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইলের সখীপুর উপজেলার সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার পেকুপা উপজেলার পেকুয়া মডেল জিএসসি ইনস্টিটিউশন, ফেনীর পরশুরাম উপজেলার পরশুরাম মডেল পাইলট হাইস্কুল, কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, নালঙ্গকোট উপজেলার নাঙ্গলকোট এআর মডেল উচ্চ বিদ্যালয়, তিতাস উপজেলার গাজীপুর খান মডেল বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ, মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহারাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়, বিজয়নগর উপজেলার দাউদপুর উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কমলনগর উপজেলার হাজীরহাট মিল্লাত একাডেমী, সিলেটের ওসমানীনগর উপজেলার মঙ্গচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়, রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা উচ্চ বিদ্যালয়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া মডেল উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার তেতুঁলিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছার ঝিকরগাছা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর উপজেলার কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, শার্শা উপজেলার শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর উপজেলার মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ উপজেলার বাখেরগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গৌরনদী উপজেলার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বরগুনার তালতলী উপজেলার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালীর রাঙ্গবালী উপজেলার মৌডুবী মাধ্যমিক বিদ্যালয়, নাটোরের লালপুর উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয়।

    মাউশিকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি স্কুল-কলেজবিহীন উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের ধারাবাহিকতায় ৩৭টি স্কুল জাতীয়করণে প্রধানমন্ত্রীর সম্মতিপ্রাপ্ত ৩৭টি স্কুল দ্রুত পরিদর্শন করে সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। একই সঙ্গে এসব স্কুলে সব ধরনের নিয়োগ, পদোন্নতি ও স্থাবর-অস্থাবর সম্মতি হস্তান্তরে দ্রুত নিষেধাজ্ঞা জারি করতে বলা হয়েছে।
    এ ব্যাপারে জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, স্কুলগুলো দ্রুত পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাব। শিক্ষক-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও স্থাবর-অস্থাবর সম্মতি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করব।

  • ৭১’র চতনায় উজ্জীবিত  হচ্ছে বরিশাল নগরীর শিশু কিশোর ও তরুণরা

    ৭১’র চতনায় উজ্জীবিত হচ্ছে বরিশাল নগরীর শিশু কিশোর ও তরুণরা

    শেখ সুমন

    সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন ৭১’র চেতনার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাহান বিজয়ের মাস উপলক্ষে বরিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শপথ পাঠ করানো, মাদক বিরোধী আন্দোলন, বাল্যবিবাহ রোধে সচেতনা বৃদ্ধি ও মানব স্বাক্ষর পতাকা তৈরির কার্যক্রম এগেয়ে চলছে ভালো কাজের দৃষ্টান্ত হয়ে ।

    তার এ ধারাবাহিকতায় আর বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী, কর্মকর্তা -কর্মচারী ও ৭১’র চেতনার সদস্যদের উপস্থিততে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো উক্ত কার্যক্রম । সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আয়োজক কমিটির আহবায়ক মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাহাত আনোয়ার হসপিটালের পরিচালক এ্যাডভোকেট লস্কর নুরুল হক, সমাজসেবক ও এ্যাপলো ডায়াগনস্টিক প্রাঃলিঃ এর পরিচালক শারমিন আনোয়ার সংস্কৃতিজন ও আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন।

    অতিথিরা তাদের বক্তব্যে এই তরুণ প্রজন্মকে পড়াশুনার পাশাপাশি দেশের জন্য কাজ করার আহ্বান জানান। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে যেন মুক্তিযুদ্ধের আবেগ ঝরানো এই কার্যক্রম কে স্বাগত জানাচ্ছে নগরীর সর্বোস্তরের মানুষ।বিশিষ্ট সংগঠক ড. বাহাউদ্দিন গোলাপের মতে “এ ধরণের আয়োজন কে আরো বেশি ছড়িয়ে দিতে হবে সকল তরুণ প্রজন্মের মাঝে, তবেই তারা বড় হয়ে উঠবে স্বাধীনতার সপক্ষের সুনাগরিক হয়ে ” । সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিবুল আহসানের কাছে জানতে চাইলে বলেন – সকলের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে তারা এই ধরণের আয়োজন সারা দেশব্যাপী বৃহৎ আকারে করার করতে প্রস্তুত।
    উল্লেখ্য পুরো মাসজুড়ে সংগঠনটির এ কার্যক্রম চলবে বরিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে।