Blog

  • জরুরি প্রয়োজনে জীবন বাঁচাবে ‘৯৯৯’ এর যাত্রা শুরু

    জরুরি প্রয়োজনে জীবন বাঁচাবে ‘৯৯৯’ এর যাত্রা শুরু

    কাজী সাইফুল

    নাগরিকদের জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে আজ থেকে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো ইমার্জেন্সি হেল্পলাইন ‘৯৯৯’। রাজধানীর আবদুল গনি রোডের ডিএমপি’র কন্ট্রোল রুমে এই সার্ভিসের প্রধান কার্যালয় করা হয়েছে। সেখানে আজ বেলা ১১টার দিকে এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।উদ্বোধনের পর সজীব ওয়াজেদ জয় জাতীয় জরুরি সেবা-৯৯৯ কেন্দ্রের কল সেন্টার পরিদর্শন করেন। ৯৯৯ সেবাটি ডিএমপির এই কন্ট্রোল থেকে বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

    যেভাবে পাবেন ‘৯৯৯’ জরুরি সেবাবিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোর মতো নাগরিকদের জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে আজ থেকে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হল ইমার্জেন্সি হেল্পলাইন ‘৯৯৯’। দেশের যেকোনো প্রান্ত থেকে এই নম্বরে ডায়াল করলেই পাওয়া যাবে জরুরি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশি সেবা।আপনার চোখের সামনে কোনো অপরাধের ঘটনা ঘটলে, অগ্নিকাণ্ডের ঘটনা অথবা জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে এই একটি নম্বরেই ফোন করলে পাওয়া যাবে সব সমাধান। আপনার কাছে পৌঁছে যাবে নিরাপত্তা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল অথবা অ্যাম্বুলেন্স।

    পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সহেলী ফেরদৌস বলেন, ৯৯৯ নম্বরে কল করতে কোনও টাকা খরচ হবে না। কেউ সংশ্লিষ্ট বিষয়ে সহায়তা চাইলে সার্ভিসের প্রশিক্ষিত এজেন্টরা জরুরি মুহূর্তে মানুষের প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস, পুলিশ বা অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন।
    তিনি বলেন, রাজধানীর আবদুল গনি রোডের পুলিশ কন্ট্রোল রুমে এই সার্ভিসের প্রধান কার্যালয় করা হয়েছে। জনগণকে পরিপূর্ণভাবে এই সেবা দিতে ইতোমধ্যে পাঁচ শতাধিক জনবল নিয়োগ দেয়া হয়েছে। দৈনিক তিন শিফটে ২৪ ঘণ্টায় তারা জনগণকে সেবা দেবেন।

    ইমার্জেন্সি হেল্পলাইন ‘৯৯৯’ সেবা বাংলাদেশ পুলিশ তদারকি করছে জানিয়ে সহেলী ফেরদৌস বলেন, একই সময়ে ৩০-৫০ জন সাহায্যপ্রার্থী ইমার্জেন্সি হেল্পলাইনে ফোন করে কথা বলতে পারবেন এবং সাহায্য পাবেন। এছাড়া মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমেও সরাসারি কথা বলা যাবে। শিগগিরই ফেসবুকেও এই সেবার একটি প্লাটফর্ম যুক্ত করা হবে বলে জানান তিনি।৯৯৯ হেল্প ডেস্ক মোবাইল অ্যাপলিকেশন ডাউনলোড লিংক: http://bit.ly/2fqnhey

    মোবাইল অ্যাপ ব্যবহার করে ৯৯৯ জরুরি সেবার কল সেন্টারে সরাসরি ফোন, লাইভ চ্যাট, বিভিন্ন তথ্য খোঁজার জন্য সার্চ অপশন ব্যবহার করতে পারবেন নাগরিকেরা। এ ছাড়া এই অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে জরুরি প্রয়োজনে জরুরি সেবার বিভিন্ন তথ্য লোকেশনসহ জানা যাবে।

    এআইজি সহেলী ফেরদৌস আরও বলেন, জরুরি সেবা পেতে সাহায্যপ্রার্থীকে অবশ্যই তার নাম ও ঠিকানা পূর্ণাঙ্গভাবে বলতে হবে। ফোনকারীর সঠিক অবস্থান না জানা থাকলে পাশের বড় রাস্তা, বাজার বা মহাসড়কের নাম বলতে হবে। তবে অকারণে বা হয়রানিমূলক ফোন না করার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে। কেউ হয়রানিমূলক ফোন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।দেশের বিপুল জনগোষ্ঠীর জরুরি সেবা নিশ্চিত করতে কল সেন্টারটি সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে। ইতোমধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ৯৯৯-এর ব্যবহার, প্রচার ও কমিউনিটি সেফটি অ্যাওয়ারনেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    উল্লেখ্য, ২০১৫ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রথম ন্যাশনাল হেল্প ডেস্ক ‘৯৯৯’ এর কাঠামো তৈরির কাজ শুরু করে। ৯৯৯ নম্বরের মাধ্যমে জনগণকে পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবা প্রদানের লক্ষ্যে ২০১৬ সালের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই সার্ভিসটির পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়।

  • পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মুখ ফেরাচ্ছে বিদেশি শিক্ষার্থীরা

    পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মুখ ফেরাচ্ছে বিদেশি শিক্ষার্থীরা

    দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি শিক্ষার্থীরা। এ কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক বিদেশিদের ভর্তি সংখ্যা গত কয়েক বছর থেকে হ্রাস পাচ্ছে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদনে জানা গেছে।

    তবে আশার কথা হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান বৃদ্ধি পাওয়ায় বিদেশি শিক্ষার্থীরা সেদিকে ছুটছেন। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংখ্যা কমলেও বিদেশি শিক্ষার্থী সংখ্যা বেড়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে।
    সূত্র মতে ইউজিসির বার্ষিক প্রতিবেদন-২০১৬ এর এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৬ সালে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টিতে মাত্র ৩৫৫ বিদেশি শিক্ষার্থী অধ্যায়ন করেছে। অন্যদিকে দেশের চলমান ৯০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৪ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে ১৯২৭ বিদেশি শিক্ষার্থী ।

    পরিসংখ্যানে দেখা গেছে, ২০১০ সালে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ছিল ৩৫৯ জন, ২০১১ সালে তা কমে দাঁড়ায় ২১০ জনে, আবার ২০১২ সালে বেড়ে দাঁড়ায় ৫২৫ জনে, ২০১৩ সালে আবারও প্রায় দুইশত শিক্ষার্থী কমে দাঁড়ায় ৩২৬ জনে, ২০১৪ সালে একশ বেড়ে শিক্ষার্থী সংখ্যা দাঁড়ায় ৪৩২ জনে, ২০১৫ সালেও অন্তত দেড়শ বেড়ে দাঁড়ায় ৫৯৩ জন এবং সর্বশেষ ২০১৬ তে শিক্ষার্থী কমে দাঁড়িয়েছে ৩৫৫ জনে। অর্থাৎ ছয় বছর আগে ২০১০ সালে যা ছিল তার চেয়ে চারজন কম শিক্ষার্থী অধ্যায়ন করেছে ২০১৬ সালে।

    এদিকে, ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিল ১৫৪৮ জন। ২০১৬ সালে ৩৭৯ শিক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে ১৯২৭ জনে।

    ২০১৬ সালে সব থেকে বেশি অন্তত ৩৪ শিক্ষার্থী এসেছে মিসর থেকে। তারা ৩৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এছাড়া ইউনাইটেড আরব আমিরাত (ইউএই) থেকে এসেছে ৩২, ফিলিপাইনের ৩১, মিয়ানমারের ৩০ জন।

    এ ছাড়া জিম্বাবুয়ে, জাম্বিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, গিরিসন, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান এবং ভরত থেকেও পড়াশোনা করতে দেশে এসেছে শিক্ষার্থীরা। সব থেকে কম শিক্ষার্থী মাত্র একজন এসেছে ভারত থেকে।

    ইউজিসির প্রতিবেদন থেকে দেখা গেছে, প্রতিবছরই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ বর্তমানে দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক ডিজিটালাইজেশন হয়েছে। ফলে বিদেশি শিক্ষার্থীরা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে উচ্চশিক্ষার কোর্স-কারিকুলাম, সিলেবাস ইত্যাদি দেখে বাংলাদেশে পড়তে উদ্বুদ্ধ হচ্ছে।

    পরিসংখ্যানে আরও দেখা যায়, বেশ কয়েকটি উন্নত দেশ  (যুক্তরাষ্ট্র, জাপান, চীন, কানাডা, ইত্যাদি) থেকে শিক্ষার্থীরা পড়তে এসেছে। সে কারণে বর্হিবিশ্বে একদিকে যেমন দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে অপরদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের হারও বৃদ্ধি পাচ্ছে।

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি বিদেশি শিক্ষার্থীদের এমন আগ্রহের পেছনে চারটি কারণ রয়েছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় সমিতির সহ-সভাপতি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।

    তিনি বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খরচ কম, আফ্রিকান দেশগুলোর চেয়ে বাংলাদেশের আবহাওয়া-পরিবেশ অনেক ভালো, শিক্ষার গুণগতমান ঠিকঠাক রাখার চেষ্টা এবং উচ্চ শিক্ষার মান নিশ্চিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে।

    এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের অন্যান্য দেশে ক্যাম্পেইন করে। যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে সম্ভব নয়। এছাড়া বিদেশি শিক্ষার্থীদেরকে তারা আলাদাভাবে হোস্টেল সুবিধাসহ অন্যান্য সুবিধা দেয়। ভর্তির যোগ্যতায় যা চাওয়া হয় তা পাবলিকের চেয়ে অনেকটা সহজ। ফলে বিদেশি শিক্ষার্থীরা সে দিকেই যাচ্ছে।

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী না বাড়ার কারণ হচ্ছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য তেমন প্রচার প্রচারণা করে না। তাছাড়া যেসব দেশে এক সময় উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ছিল না সেসব দেশে এখন বিশ্ববিদ্যালয় হয়েছে। ফলে ওইসব দেশ থেকে শিক্ষার্থী তেমন আসে না। যেমন, ভুটান, নেপাল, মালায়শিয়াতে এক সময় উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ছিল না। এখন তারা অনেক উন্নত। আবার বেশিরভাগ দেশে উচ্চশিক্ষার চেয়ে কারিগরি ও কর্মমূখী শিক্ষার প্রতি জোর দিয়েছে। এ কারণেও তারা উচ্চশিক্ষা নিতে বাংলাদেশে আসে না।

  • বিদেশি মাশরুম খেয়ে ফর্সা হয়েছেন মোদি!

    বিদেশি মাশরুম খেয়ে ফর্সা হয়েছেন মোদি!

    তাইওয়ান থেকে আমদানি করা দামি মাশরুম খেয়ে ভারতের প্রধানমন্ত্রী নিজের গায়ের রং বদলে ফেলেছেন বলে দাবি করেছেন নরেন্দ্র মোদিরই রাজ্য গুজরাটের কংগ্রেস নেতা অল্পেশ ঠাকোর।

    আগামী ১৪ ডিসেম্বর গুজরাটের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। তার আগে প্রচারের শেষ দিনে মঙ্গলবার সব পক্ষের নেতারাই ঝাঁপিয়ে পড়লেন ভোটারদের মন জয় করতে। এরই মধ্যে এমন মন্তব্য করলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া এই নেতা। খবর এবেলার।

    কংগ্রেস নেতা অল্পেশের দাবি, ‘‘আমাকে একজন বলেছেন মোদিজি এমন খাবার খান, যা আপনারা খেতে পারবেন না। কারণ সেগুলো ‘গরিবের খাবার নয়’। ”

    তিনি জিজ্ঞাসা করে নাকি জানতে পেরেছেন, নরেন্দ্র মোদি মাশরুম খান। ‘‘তো আমি জিজ্ঞাসা করলাম, মাশরুম খাওয়ায় ভুল কী আছে? মাশরুম তো সব জায়গায় পাওয়া যায়। তো সেই ব্যক্তি বললেন, মোদিজি সেই মাশরুম খান যেগুলি তাইওয়ান থেকে আসে এবং একটি মাশরুমের দাম ৮০ হাজার টাকা। ’’

    মোদি দিনে এমন ৫টি মাশরুম খান।

    এটা প্রধানমন্ত্রী হওয়ার পরে নয়, যখন নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই তাঁর এই অভ্যাস। এমনটাই দাবি অল্পেশের।

    অল্পেশ ঠাকোর এর পরে বলেন, তিনি আগে এই ধরনের কথায় বিশ্বাস করতেন না। কিন্তু এখন মোদির পুরনো ও বর্তমান ছবির তুলনা করে তিনি নিশ্চিত মাশরুমের গুণেই মোদি ফর্সা হয়েছেন।

    অল্পেশের দাবি, ‘‘আমি মজা করেই সেই ব্যক্তিকে বললাম, উনি তো আমার মতোই কালো ছিলেন। কীভাবে ফর্সা হয়ে গেলেন? আমি ৩৫ বছর আগের ছবি দেখেছি, তাতে তিনি আমার মতো কালো ছিলেন। তাহলে বুঝে দেখুন ব্যাপারটা। ’’

  • দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন রংপুর

    দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন রংপুর

    ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা ঘরে তুলেছে রংপুর রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে ক্রিস গেইলের ১৪৬ রানের টর্নেডো ইনিংসের ওপর ভর করে ২০৬ রান করে ঢাকা। জবাব দিতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় বিপিএলের চতুর্থ আসরের চ্যাম্পিয়নরা।

    মঙ্গলবার দুপুরে টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। শুরুটা অবশ্য ভালো হয়নি রংপুরের। দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই গত ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লসকে ফিরিয়ে দেন ঢাকার অধিনায়ক সাকিব। যদিও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রংপুরের। ব্র্যান্ডন ম্যাককালামকে নিয়ে পুরো ২০ ওভার খেলেন গেইল। একই সঙ্গে চলে চার ও ছক্কার ফুলঝুড়ি। ৩৩ বলে অর্ধশতকের পর ৫৭ বলে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৬৯ বলে ১৮ ছক্কা এবং ৫ চারে ১৪৬ রানে অপরাজিত থাকেন গেইল।

  • গুলিবিদ্ধ আওয়ামীলীগ নেতাকে হাসপাতালে দেখতে গেলেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

    গুলিবিদ্ধ আওয়ামীলীগ নেতাকে হাসপাতালে দেখতে গেলেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

    বরিশালের বাকেরগঞ্জে গুলিবিদ্ধ আওয়ামীলীগ নেতা সৈয়দ সুলতান হোসেন ও বিমল সাহাকে মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। তার সাথে ছিলেন তার পুত্র বরিশাল মহানগর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এসময় বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য স্থানীয় সরকার পল্লী উন্নায়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি অসুস্থ আ.লীগ নেতা সুলতান ও বিমল সাহার চিকিৎসার বিষয়ে খোজখবর নেন।

    উল্লেখ্য, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে আওয়ামী লীগ নেতা সৈয়দ সুলতান হোসেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএনপির ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- নেয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মৃধা, শেখ জসিম, ফয়সাল হাওলাদার, জহিরুল ইসলাম, সোহেল খান, ইব্রাহীম, কামরুল ইসলাম ও বশির হাওলাদার। সোমবার ঘটনার পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশ। এদিকে সকালে ঘটনাস্থল মহেষপুর বাজার পরিদর্শনে যান এসপি সাইফুল ইসলাম। তিনি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।সৈয়দ সুলতান বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মহেষপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে সুলতান হোসেন ও নেয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল সাহা মহেষপুর বাজারের চায়ের দোকানে বসে কথা বলার পাশাপাশি চা পান করছিল। এ সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে মারধরের পাশাপাশি সুলতানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সুলতান মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় আহত নেয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল সাহা অভিযোগ করেন, বিএনপি নেতা ছালাম সিকদারসহ মুখোশধারী ১০/১২ জন দুর্বৃত্ত অতর্কিত সেখানে গিয়ে তাদের মারধর করতে থাকে। মারধরের একপর্যায়ে তিনি পড়ে গেলে দুর্বৃত্তরা সুলতানকে গুলি করে। সুলতান রাস্তায় লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শের-ই-বাংলা মেডিকেলের চিকিৎসক শাহে আলম জানিয়েছেন, সুলতানের পেটের মাঝামাঝি স্থান থেকে গুলি বের করা হয়েছে। তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। এদিকে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান জানিয়েছেন, আওয়ামী লীগ নিজেদের দ্বন্দ্বে এ হামলার ঘটনা ঘটেছে।

    সেখানে অহেতুক বিএনপি নেতা-কর্মীদের জড়িয়ে তাদের হয়রানি করা হচ্ছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের পুলিশ গ্রেফতার না করে বিএনিপ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালানোর কারণে সেখানকার বিএনপি নেতা-কর্মীরা এলাকা ছাড়া হয়েছেন। তিনি সত্যিকার ঘটনা উদঘাটন করে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার দাবি জানিয়েছেন। বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আজিজুর রহমান জানান, ঘটনার পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে মামলা দেয়ার প্রক্রিয়া চলছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তারাও এ মামলায় আসামি হবে।

    এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঢালাও ভাবে বিএনপি নেতা-কর্মীদের আটকের অভিযোগের বিষয়ে ওসি বলেন, ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদের আটক করা হচ্ছে। এদের মধ্যে কে কোন দল করে আমার জানা নেই।

  • মাশরাফি যেন পরশ পাথর!

    মাশরাফি যেন পরশ পাথর!

    মাশরাফি যেন পরশ পাথর! যেখানেই তার হাতের স্পর্শ পড়ে, সেখানেই সোনা ফলে। বিশেষ করে দেশের সবচেয়ে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল মানেই এখন মাশরাফি বিন মর্তুজা। বিপিএল আর মাশরাফি এখন সমোচ্চারিত শব্দ। বিপিএলের ইতিহাসে একমাত্র অধিনায়ক মাশরাফি, যিনি পাঁচ আসরের চারটির ফাইনাল খেলছেন এবং শিরোপা জিতেছেন প্রথম তিনটিতে। আজ রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করালেই লিখে ফেলবেন ইতিহাস। হ্যাটট্রিক শিরোপা জিতে এমনিতেই বিপিএলের ইতিহাসে নাম লিখিয়েছেন মাশরাফি। এখন অপেক্ষা শুধু সংখ্যাটাকে তিন থেকে চারে উন্নীত করা। আজ সেই ইতিহাস গড়ার হাতছানি। যদি ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স, তাহলেই মাশরাফি হবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র বা অদ্বিতীয় ক্রিকেটার, যার নামের পাশে লেখা থাকবে বিপিএলের প্রথম পাঁচ আসরের চারটির চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। তার অধিনায়কত্বে বিপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং তৃতীয় আসরে চ্যাম্পিয়ন করান কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। চার নম্বর আসরে শুধু ফাইনাল খেলতে ব্যর্থ হন।

    এক আসর বিরতি দিয়ে এবার ফের ফাইনাল খেলছেন মাশরাফি। অমায়িক অথচ পর্বতের মতো দৃঢ় চরিত্রের মাশরাফি রংপুরের ফাইনাল খেলাকে দলের সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন পুরোটা, ‘টুর্নামেন্টের মাঝপথে কখনই মনে হয়নি আমরা ফাইনাল খেলব। কিন্তু এখন আমরা ফাইনাল খেলছি একটি দল হয়ে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের ড্রেসিং রুমে বাড়তি কোনো চাপ নেই। সবাই খুব এনজয় করে মুহূর্তগুলো। ’ রংপুর রাইডার্স সিলেট পর্বে বিপিএল শুরু করেছিল জয় দিয়ে। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে কক্ষচ্যুত হয়ে পড়ে। তখন মনে হয়েছিল সুপার ফোর খেলা কঠিন হবে। যদিও দলের টার্গেট ছিল সুপার ফোর খেলা। লিগ পর্বের শেষ দিকে দারুণ ক্রিকেট খেলে জায়গা নেয় সুপার ফোরে।

    সুপার ফোরে টানা দুই ম্যাচে ক্রিস গেইল ও জনসন চার্লসের সেঞ্চুরিতে যথাক্রমে খুলনা টাইটানস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো জায়গা করে নেয় ফাইনালে। রংপুরকে ফাইনালে টেনে নিয়ে যান দুরন্ত নেতৃত্ব দিয়ে মাশরাফি বিন মর্তুজা। দেশের সবচেয়ে সফল ক্রিকেটার এখন সবচেয়ে জনপ্রিয়ও। শুধু তার খেলা দেখতেই মাঠে হাজির হন হাজারো ক্রিকেটপ্রেমী। এমনটা আর কোনো ক্রিকেটারের ক্ষেত্রে দেখা যায় না।

  • বিপিএলে মাশরাফির আরেকটি মাইলফলক

    বিপিএলে মাশরাফির আরেকটি মাইলফলক

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন লিজেন্ড ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের পঞ্চম বোলার হিসেবে ৫০ উইকেটে নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন ম্যাশ।

    দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষে বোলিংয়ে নেমে একটি উইকেট নিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে ৫৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ৪৯টি। সোমবার তামিম ইকবালকে আউট করে ৫০ উইকেট শিকারিদের তালিকায় নাম লেখান মাশরাফি।

    বিপিএলে সর্বপ্রথম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন কুপার। পরবর্তীতে এই রেকর্ডে ভাগ বসান বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব অবশ্য বর্তমানে ৮২ উইকেট নিয়ে কুপারকে টপকে সবার শীর্ষে রয়েছেন।

    ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি এ টুর্নামেন্টের এবারের আসরে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী  ও বাংলাদেশের শফিউল ইসলাম তৃতীয় ও চতুর্থ বোলার হিসেবে ৫০ উইকেট নিয়েছিলেন। শফিউল বর্তমানে ৫৪ ও নবী ৫০ উইকেটের মালিক।

  • আমি চাই না অপু জল ঘোলা করুক: শাকিব

    আমি চাই না অপু জল ঘোলা করুক: শাকিব

    চিত্রনায়ক শাকিব খানের মতে, অপু বিশ্বাসের সঙ্গে তার বিয়ের দেনমোহর ৭ লাখ ১ টাকা। তার স্ত্রী অপুর দাবি, অঙ্কটা ১ কোটি ৭ লাখ টাকা। এ নিয়ে অপুর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগও তুলেছেন তার স্বামী শাকিব। অপুও তার প্রতিবাদ করেছেন। তবে নিজেদের বিয়ে, সন্তানসহ অন্য সব ইস্যুর মতো এ ইস্যুতেও জল ঘোলা হোক তা চান না শাকিব।

    শাকিব বলেন, অপু ৭ লাখ ১ টাকাকে সে উল্টো ১ কোটি ৭ লাখ টাকা বানাতে চাইছে। এই জালিয়াতির অপরাধে তাকে আইনগতভাবে শাস্তি পেতে হবে। অনেক সেলেব্রেটির জীবনে বিচ্ছেদ এসেছে। আর এজন্য জল ঘোলা করেনি কেউ। আমিও চাই না অপু এমন কিছু করুক। আর আমার ছেলে বড় হয়ে বাবা ও মা সম্পর্কে খারাপ কোনো কথা জানুক এটাও আমি চাই না।

    অপু বলছেন, যদিও আমার কাছে কাবিননামার কোনো কপি নেই, তারপরও মনে পড়ছে কাবিননামায় ১ কোটি ৭ লাখ টাকাই উল্লেখ ছিল। আমাকে ডিভোর্স দিলে এই অঙ্কের টাকাই দিতে হবে।

    এ নিয়ে শাকিব খান বলেছেন, আমি আর কোনো ঝামেলার মধ্যে নেই। আইনই সব দেখবে। যার সঙ্গে মতের মিল হয় না, তার সঙ্গে কখনো এক ছাদের নিচে বসবাস করা যায় না। অনেক কষ্ট সহ্য করে ৯ বছর সংসার করেছি। জয়ের (অপু-শাকিবের ছেলে) উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই সেপারেশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

    ডিভোর্সের সিদ্ধান্তে অপু বলেছেন, শাকিবের সিদ্ধান্ত মেনে নিতাম যদি একই ধর্মের হতাম। আমাকে ও জোর করে ধর্মান্তরিত করেছে, বিয়ে করেছে। তাই তার এই অমানবিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেব না। শাকিবের মা, বাবাকে বলেছি আমি নামাজ, রোজা, হজ আদায় করব আর শাকিবের সঙ্গে সুখে সংসার করব। তারাও আমার কথায় সম্মত হয়েছিলেন। এরপর এমন কী ঘটনা ঘটল যে, সে আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল? শাকিবের এখন মাথা ঠিক নেই। সে দেশে এসে যা অভিযোগ করার করুক। হায়দরাবাদে বসে কী বলল আর আমি তার পরিপ্রেক্ষিতে জবাব দিলাম, সেটা হতে পারে না। কাবিননামায় দেনমোহর কত টাকা ছিল তার সাক্ষী আছেন যারা, তারা ভালো করে জানেন।

  • চীনকে আরো সতর্ক নজরে রাখছে ভারত!

    চীনকে আরো সতর্ক নজরে রাখছে ভারত!

    সম্প্রতি ভারত মহাসাগরে চীনা বিমানের তৎপরতা বেড়েছে। তা ঠেকাতে এবং তাদের গতিবিধির ওপর নজর রাখতে প্রস্তুত ভারতীয় নৌসেনা। জানা যায়, যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িং পি ৮১ পোসেডন এবার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বেআইনি পথে ভারতের সীমান্তে ঢুকে পরা যেকোনও যুদ্ধজাহাজের উপর। বিশাল এলাকা জুড়ে নজরদারি চালিয়ে যাবে পি ৮১ যুদ্ধবিমান। সাগরের পানির নীচে ডুবে থাকা জাহাজই হোক বা ভাসমান, কোনও কিছুই এর নজর এড়িয়ে যেতে পারবে না। ভারতীয় নৌসেনার হাতে এই মুহুর্তে আছে আটটি পি ৮১। সাগরের এপ্রান্ত থেকে ওপর প্রান্তে ঘুরে বেড়াবে যাতে সাগরে সীমারেখায় একটি সূচ গলতে না পারে।

    কলকাতা টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ এ ভারত সরকার আটটি পি ৮১ বিমান কেনার অনুমোদন দেয়। বরাদ্দ করা হয় দুই দশমিক শূণ্য এক বিলিয়ন ডলার। ২০১২ থেকে ২০১৫এ আটটি পি ৮১ বিমান হাতে পেয়ে যায় ভারতীয় নৌসেনা। ২০১৬ এ ভারত সরকার আরও চারটি পি ৮১ যুদ্ধবিমান কেনার অর্ডার দেওয়া হয় এক বিলিয়ন ডলারের বিনিময়ে।

    এই যুদ্ধবিমানে রয়েছে উন্নত মানের সার্ভাল্যান্স সিস্টেম ও রডার। যা কিনা যেকোন আবহাওয়ায় রাত দিন তথ্য সংগ্রহ করতে পারে। পি ৮১ মূলত ৭৩৭ থেকে ৮০০ যাত্রীবাহি বোয়িং বিমানের ওপর ভিত্তি করে তৈরি। আটজন ক্রু মেম্বার এটি পরিচালনার দায়িত্বে থাকেন।

  • যুক্তরাষ্ট্রের উচিত অভিবাসন আইন সংস্কার করা : ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের উচিত অভিবাসন আইন সংস্কার করা : ট্রাম্প

    যুক্তরাষ্ট্র কংগ্রেসের জন্য অভিবাসন আইন সংস্কার করা ‘কতটা জরুরি’ নিউইয়র্কে বোমা হামলার ঘটনা সেটাই দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, চেইন মাইগ্রেশন নামে পরিচিত মার্কিন নীতির বদৌলতে ফ্যামিলি ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিল ওই যুবক।

    ওই অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওই নীতি পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচিত অভিবাসন আইন সংস্কার করা।

    সোমবার নিউ ইয়র্কে বোমা হামলার ওই ঘটনায় আকায়েদ উল্লাহ নামের ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে দায়ী করা হচ্ছে।