Blog

  • ধর্ষক শিক্ষকের বিচারের দাবিতে ছাত্রীর আত্মহত্যার হুমকি!

    ধর্ষক শিক্ষকের বিচারের দাবিতে ছাত্রীর আত্মহত্যার হুমকি!

    বরিশালের আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক ফকিরের বিরুদ্ধে একাধিক ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। শিক্ষক ফারুকের লালসার শিকার এক ছাত্রী ধর্ষকের (ফারুক) বিচার না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে।

    অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি বাকাল গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ পরিবারের মেয়ে। একই গ্রামের বাসিন্দা প্রভাষক ফারুকের কাছে পড়াশুনায় সহযোগীতা কামনা করেন তিনি। তার সরলতার সুযোগে শিক্ষক ফারুক বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।

    ওই ছাত্রীর দাবি তার মতো অনেক ছাত্রী ফারুকের লালসার শিকার হলেও লোকলজ্জা আর মানসম্মানের ভয়ে কেউ মুখ খোলেনি। এর আগে ফারুকের লালসার শিকার হয়েছে একই গ্রামের সংখ্যালঘু অপর এক ছাত্রী। এছাড়াও সাবেক এক প্রকৌশলীর মেয়ের শ্লীলতাহানী ঘটায় এই ফারুক। বিষয়টি জানাজানি হলে ফারুক ওই ছাত্রীর পরিবারের কাছে মাফ চেয়ে নিস্তার পায়। খ্রিষ্টান সম্প্রদায়ের এক ছাত্রীর সর্বনাশ করায় ফারুকের বিরুদ্ধে মামলা হয়। এ কারণে কলেজ থেকে বহিস্কারও করা হয়।

    বহিস্কারাদেশ প্রত্যাহার করতে কলেজ গভর্নিং বডির কতিপয় সদস্যকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে ছাত্রীকে বিভিন্ন রকম ভয়ভীতি দিয়ে মামলা তুলে নিতে বাধ্য করা হয়। অভিযুক্ত প্রভাষক ফারুকের বিচার না হলে ওই ছাত্রী আত্মহত্যার হুমকি দিয়েছে।

    কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমলা রানী মন্ডল অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, অভিযোগের মধ্যে অনেক ঘটনাই সত্য। অভিযোগ পেয়ে ম্যানেজিং কমিটির সভায় নৈতিকতা ও শৃংখলা পরিপন্থী এজেন্ডায় ফারুককে সতর্ক করে তার অভিভাবককে বিয়ের জন্য এক মাসের সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে বিয়ে না করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

    আগৈলঝাড়ার ইউএনও আশ্রাফ আহম্মেদ রাসেল বলেন, অভিযোগকারী তার কাছে লিখিত অভিযোগ করলে তিনি কঠোর আইনগত ব্যবস্থা নেবেন। তারপরও ওই শিক্ষককে নজরদারীতে রাখতে অধ্যক্ষকে পরামর্শ দেয় হয়েছে বলে ইউএনও জানান।

  • অগ্রগতি হচ্ছে দোহাজারি-কক্সবাজার রেললাইনের

    অগ্রগতি হচ্ছে দোহাজারি-কক্সবাজার রেললাইনের

    দ্রুত অগ্রগতি হচ্ছে দোহাজারী-রামু-কক্সবাজার ও ঘুমধুম রেললাইন প্রকল্পের কাজের। তৈরি হচ্ছে কক্সবাজার সদরেই ঝিনুক আকৃতির রেলওয়ে স্টেশনও। ঝিনুক আকৃতির এ স্টেশন দেখলেই বোঝা যাবে এটি সমুদ্র সৈকতের রেলওয়ে স্টেশন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অগ্রাধিকার প্রকল্পটির অগ্রগতি দেখার জন্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি, সচিবসহ উর্ধতন কর্মকর্তারা একাধিকবার পরির্দশন করেছেন।

    সর্বশেষ গত শনিবার রেলের মহাপরিচালক (ডিজি) মো. আমজাদ হোসেন কক্সবাজার দোহাজারি রেললাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেছেন।

    গতকাল রবিবার রেলের ডিজি মো. আমজাদ হোসেন চট্টগ্রামে উপস্থিত হয়ে রেলের এ প্রকল্পসহ বিভিন্ন কাজের দিক-নির্দেশনামুলক রেলের উধর্তন কর্মকর্তাদের সাথে বৈঠক ও আলোচনা হয়েছে। ডিজি আমজাদ হোসেনের সাথে জরুরী বৈঠকে ছিলেন পূর্বাঞ্চলের এডিশনাল জিএম (ভারপ্রাপ্ত জিএম) ইশা-ই-খলিল, প্রধান বৈদ্যুতিক কর্মকর্তা আনোয়ার হোসেন, কক্সবাজার-দোহাজারি প্রকল্পের পিডি মফিজুর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা।

    এর আগে রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি, রেল মন্ত্রনালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, পূর্বাঞ্চলের জিএম প্রকৌশলী আবদুল হাইসহ দায়িত্বশীল কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

    রেলের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মো. আমজাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দোহাজারী-রামু-কক্সবাজার ও ঘুমধুম রেললাইন প্রকল্পের আওতায় এ কাজ শেষ হবে ২০২২ সালের মধ্যে। চট্টগ্রাম-কক্সবাজার-ঘুনধুম রেললাইন স্থাপিত হলে যোগাযোগসহ দেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বারও খুলবে। তবে এবার আর মিটারগেজ সিঙ্গেল লাইন নয়, ব্রডগেজসহ ডুয়েল লাইনের মাধ্যমেই বাস্তবায়িত হতে যাচ্ছে এ প্রকল্পটি।

    বর্তমান সরকার অগ্রাধিকার প্রকল্প হিসেবে শুরু করেছে এ প্রকল্পের কাজ। এ প্রকল্পের মাধ্যমে পর্যটন শহর কক্সবাজার রেল নেটওর্য়াকের আওতায় আসবে। এতে পর্যটনশিল্পের যেমন বিকাশ ঘটবে, তেমনি বিস্তৃত হবে সেখানকার ব্যবসা-বাণিজ্যও।

    তবে এর আগে ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার এবং রামু-ঘুনধুম পর্যন্ত মিটারগেজ রেলপথ নিমার্ণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই কথা বললেন প্রকল্প পরিচালক (পিডি) মো. মফিজুর রহমান

    রেলওয়ে সূত্র জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আকর্ষণ করার জন্যই সেখানে আইকনিক ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝিনুক আকৃতির এ স্টেশন দেখলেই বোঝা যাবে এটি সমুদ্র সৈকতের স্টেশন। স্টেশনটির অবস্থান হবে কক্সবাজার বাস টার্মিনালের বিপরীতে চৌধুরীপাড়ায়। তবে এ প্রকল্পটি হচ্ছে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮টি অগ্রাধিকার প্রকল্পের একটি। তাই এ প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

  • পারমাণবিক জুয়া খেলায় মেতেছেন ট্রাম্প, উ. কোরিয়ার হুঁশিয়ারি!

    পারমাণবিক জুয়া খেলায় মেতেছেন ট্রাম্প, উ. কোরিয়ার হুঁশিয়ারি!

    উত্তর কোরিয়া বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে একের পর এক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে গেছে, সেকথা স্বীকারও করে নিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের হুঁশিয়ারি, কোরীয় উপদ্বীপে ট্রাম্প একটি ভয়াবহ বিপজ্জনক পারমাণবিক জুয়া খেলায় মেতে উঠেছেন। বিবৃতিতে ট্রাম্পকে একটি ‘পারমাণবিক রাক্ষস’ এবং ‘বিশ্ব শান্তি বিনষ্টকারী’ হিসেবে অভিহিত করা হয়েছে।

    উত্তর কোরিয়ার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ‘আন্তরিকভাবে পরমাণু যুদ্ধ কামনা’ করছে। পিয়ংইয়ংকে ভয় দেখাতে যখন বিশাল সামরিক মহড়া করছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া, ঠিক তখন এমন হুঁশিয়ারি দিলেন কিম জং উন। উত্তর কোরিয়া গত মঙ্গলবার এই যাবতকালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ওয়াশিংটন ও সিউল এক মহড়ার কর্মসূচি ঘোষণা করে। ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরদিন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি নিরাপত্তা পরিষদের এক বৈঠকে উত্তর কোরিয়াকে ‘পুরোপুরি ধ্বংস’ করে ফেলার হুমকি দেন। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছেন।

    এদিকে, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডি’র ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মাইকেল ইলম্যান জানান, সম্প্রতি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের যে সব ছবি প্রকাশ করেছে, তা আগের ক্ষেপণাস্ত্র চেয়ে অনেক বড় এবং শক্তিশালী। প্রাথমিকভাবে হিসেব করে জানা যাচ্ছে- মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোন প্রান্তে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে।

  • শাহজালালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ

    শাহজালালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১,৫০,০০০ সৌদি রিয়াল(বৈদেশিক মুদ্রা) জব্দ করেছে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ দল। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ দল রবিবার রাতে (৩ ডিসেম্বর) ঢাকা-সিংগাপুরগামী US Bangla এয়ারলাইন্স’র Flight BS307 যোগে সিংগাপুর যাওয়ার প্রাক্কালে বোর্ডিং ব্রিজ এলাকা থেকে মো. আব্দুর রহমান (৩১) নামে এক যাত্রীকে আটক করে। আটক যাত্রী মো. আব্দুর রহমানের (৩১) গ্রামের বাড়ি রামগঞ্জের লক্ষীপুরে।

    জিজ্ঞাসাবাদে আটক মো. আব্দুর রহমান জানিয়েছেন, ‘তার বড় ভাই মো. ইলিয়াসের অনুরোধে তার বন্ধু জনৈক কাদেরের নিকট থেকে বায়তুল মোকাররম মার্কেটের সামনে থেকে মুদ্রাসহ ব্যাগটি গ্রহণ করেন। জনৈক কাদের তাকে বলেন, সিঙ্গাপুর এয়ারপোর্টে একজন ফোনে যোগাযোগ করে তার নিকট থেকে ব্যাগটি নিবেন। ‘

    এব্যাপারে বৈধ অনুমোদন ব্যতীত পাচারের উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা বহন করার দায়ে শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়।

  • আইন শৃংখলা বাহিনী, গনমাধ্যম কর্মীসহ দলীয় নেতাকর্মীদের সাদিক আবদুল্লাহর ধন্যবাদ জ্ঞাপন

    আইন শৃংখলা বাহিনী, গনমাধ্যম কর্মীসহ দলীয় নেতাকর্মীদের সাদিক আবদুল্লাহর ধন্যবাদ জ্ঞাপন

    শেখ সুমন

    পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে রবিবার নগরীর ফজলুল হক এভিনিউতে বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা ও মহানগর এর আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উক্ত আনন্দ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ন এবং সুশৃংখল ভাবে সফল করায় সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ ও বরিশাল মহানগর আওয়ামীলীগ এর পক্ষ থেকে আগত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছেন।

    বিশেষ ভাবে ধন্যবাদ জানান, আইন-শৃংখলা বাহিনী, গনমাধ্যম কর্মী, দলীয় কর্মীসহ অনুষ্ঠানের সাথে জরিত সকলের প্রতি।

  • বরিশালে কলেজ ছাত্রীকে গনধর্ষনের পর হত্যা- মরদেহ গুম, আটক ১

    বরিশালে কলেজ ছাত্রীকে গনধর্ষনের পর হত্যা- মরদেহ গুম, আটক ১

    বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) কলেজের ছাত্রী সাদিয়া আক্তারকে (২১) গণধর্ষণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে।

    এ ঘটনায় সিরাজুল ইসলাম (২৫) নামের এক যুবককে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর সাদিয়ার মরদেহ খালে ফেলে দেয় প্রেমিক ও তার সহযোগীরা। সাদিয়ার মরদেহ উদ্ধারে রোববার মঠবাড়িয়ার বিভিন্ন এলাকায় সিরাজুলকে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে বিকেল পর্যন্ত ওই শিক্ষার্থীর মরদেহের সন্ধান মেলেনি।

    সাদিয়া বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কলেজের প্যাথলজি বিভাগের শেষ বর্ষের ছাত্রী এবং বরিশাল নগরীর ডেফুলিয়া খান বাড়ির আলমগীর হোসেন খানের মেয়ে। গ্রেফতার সিরাজুল মঠবাড়িয়ার খেজুরবাড়িয়া গ্রামের ইব্রাহীম হাওলাদারের ছেলে। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই আব্দুল ওহাব জানান, গত ২০ নভেম্বর সাদিয়া নগরীর বাসা থেকে কলেজের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন।

    এ ঘটনায় সাদিয়ার বাবা ২২ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। জিডির সূত্র ধরে এবং ওই ছাত্রীর মোবাইল নাম্বার ট্র্যাকিংয়ের মাধ্যমে কোতোয়ালি মডেল থানা পুলিশের তথ্যের ভিত্তিতে গত শনিবার মঠবাড়িয়া থানা পুলিশ সিরাজুল ইসলামকে গ্রেফতার করে।

    মঠবাড়িয়া থানা পুলিশের ওসি কেএম তারিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে সিরাজ স্বীকার করেছেন ঘটনার ১৫ দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে গত ২০ নভেম্বর ওই ছাত্রীকে বরিশাল থেকে মঠবাড়িয়ায় এনে সহযোগীদের নিয়ে একাধিকার ধর্ষণ করা হয়।

    পরে ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী ফাঁস করার হুমকি দেয়ায় তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়া হয়। এখন পর্যন্ত নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে গ্রেফতার সিরাজ উল্টাপাল্টা তথ্য দিচ্ছে। একেক বার একেক কথা বলছে। আবার বলে মরদেহ কোথায় জানে না।

    বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই আব্দুল ওহাব জানান, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সাদিয়ার মরদেহ উদ্ধারে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। তবে তার মরদেহ পাওয়া যায়নি। তল্লাশি অব্যাহত রয়েছে। তবে মরদেহ উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাতে সিরাজুল পুলিশকে বিভ্রান্তকর তথ্য দিয়ে হয়রানি করে যাচ্ছে।

  • বরিশালে যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন

    বরিশালে যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন

    হুজাইফা রহমান: বরিশালে পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সমাবেশ ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। নগরীর ফজলুল হক এভিউনিতে রবিবার বেলা সাড়ে এগারোটায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলীয় ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে সাধারন জনতা এই সমাবেশ ও র্যালীতে অংশ নেয়।

    নগরীর ফজলুল হক এভিনিউ নগর ভবনের সামনে মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ-সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    এরপর জাতীয় পতাকা হাতে হাজার হাজার নেতা কর্মী ও সাধারন জনতার উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার সামনে নেতৃত্ব দেন পার্বত্য শান্তি চুক্তির প্রনেতা, সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর বড় ছেলে যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মহানগরীর ৩০টি ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সকল সংগঠন এর নেতাকর্মীরা স্বতঃস্ফুর্ত ভাবে এই র্যালীতে অংশগ্রহন করেন। বিবিরপুকুর পাড় থেকে শুরু করে নাজিরের পুল হয়ে বাজার রোড, চকবাজার, গির্জামহল্লা প্রদক্ষিণ করে র্যালীটি শেষ হয়।

    উল্লেখ্য, বর্ণিল সাজে সজ্জিত এই র্যালীটিতে হাতি, ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন প্লাকার্ড ও অসংখ্য নারী নেতাকর্মীরা ফুল দিয়ে নগরবাসীকে শুভেচ্ছা জানায়। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, কৃষকলীগ, মহিলা লীগ এর হাজারো নেতাকর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এবং তাদের বিভিন্ন ভবন এর ছাদ থেকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান অসংখ্য নারী ও শিশুরা।

  • প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন মেয়র আনিসুলের স্ত্রী

    প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন মেয়র আনিসুলের স্ত্রী

    সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ১টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রী মেয়রের বাসায় যান। তিনি সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করেন।

    এ সময় মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দেন। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা জানান প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী মেয়রের মরদেহের পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা পাঠ করেন। এরপর আনিসুল হকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আনিসুল হকের একমাত্র ছেলে নাভিদুল হক ও ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল শফিউল হক এ সময় উপস্থিত ছিলেন।

    এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেয়রের মরদেহ বহনকারী যাত্রীবাহী বিমানটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর দুপুর ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইটটি।

    পরে সেখান থেকে তার মরদেহ বনানীর বাসায় নেয়া হয়। এ বাসা থেকেই গত ২৯ জুলাই নাতির জন্ম উপলক্ষে ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্য যান আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে লন্ডনের ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকরা। প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার মারা যান তিনি।

    শনিবার দুপুরে মরদেহ বাসায় নিয়ে আসার পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বাসায় ভিড় জমান বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় নগরপিতাকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন নগরবাসীরাও।

    আনিসুল হকের মরদেহ বিকেল ৩টার দিকে রাখা হয় আর্মি স্টেডিয়ামে। বাদ আছর জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

    এর আগে শুক্রবার বাদ জুমা আনিসুল হকের প্রথম জানাজা লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও জানাজায় উপস্থিত ছিলেন।

  • টানা দ্বিতীয় জয় চেলসির

    টানা দ্বিতীয় জয় চেলসির

    ইংলিশ প্রিমিয়ার লিগে এডেন হ্যাজার্ডের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে চেলসি। শনিবার নিজেদের মাঠে ৩-১ গোলে জিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। বাকি গোলটি করেছেন আলভারো মোরাতা।

    স্ট্যামফোর্ড ব্রিজে দ্বাদশ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ডুয়াইট গেইলের গোলে পিছিয়ে পড়ার নয় মিনিট পর হাজার্ডের লক্ষ্যভেদে সমতায় ফেরে চেলসি। ৩৩তম মিনিটে ভিক্টর মোজেসের ক্রসে কাছ থেকে হেডে দলকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। আর ৭৪তম মিনিটে সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন হ্যাজার্ড।

    ১৫ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।

  • ফের দেখা যাবে ‘সুপারমুন’!

    ফের দেখা যাবে ‘সুপারমুন’!

    আগামীকাল রবিবার ফের একবার বিরল ঘটনার সাক্ষী থাকবেন পৃথিবীবাসী ! ফের রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদের। যা ‘সুপারমুন’ হিসাবে পরিচিত। আর সেটাই দেখা যাবে রবিবার রাতের আকাশে।

    সুপারমুন অন্য দিনের চাঁদের তুলনায় আলাদা। স্বাভাবিকের থেকে অনেক বড় দেখাবে চাঁদকে। মহাকাশ গবেষকরা বলছেন, স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে। একইসঙ্গে, চাঁদকে আরও উজ্জ্বল গোলাকার থালার মত দেখতে লাগবে। ‘সুপারমুন’ দশায় চাঁদের ঔজ্জ্বল্যের পরিমাণ বেড়ে যায় প্রায় ৩০ শতাংশ। চলতি বছরে এটাই প্রথম ও শেষ ‘সুপারমুন’। এর আগে শেষবার ‘সুপারমুন’ দেখা গিয়েছিল ২০১৬-র ১২ ডিসেম্বর।