Blog

  • প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে পুড়িয়ে মারল যুবক

    প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে পুড়িয়ে মারল যুবক

    প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারল এক বখাটে যুবক। চেন্নাইয়ের আড়মবক্কম এলাকার সরস্বতীনগরে এই ঘটনা ঘটে।

    দীর্ঘদিন ধরে ২২ বছরের ওই তরুণীকে উত্ত্যক্ত করত আকাশ। কলেজ ড্রপ আউট আকাশের প্রস্তাবে রাজি হননি তরুণী। সম্প্রতি আকাশ জানতে পারে ওই তরুণীর বিয়ে ঠিক করেছে তার পরিবার।

    এরপরই সোমবার কেরোসিন নিয়ে ওই তরুণীর বাড়িতে যায় আকাশ। তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা আকাশকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তরুণীকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তার মা ও বোন।

  • সাদা পোশাকে তুলে নেয়ার ৩ দিন পর ইউপি সদস্য অস্ত্রসহ গ্রেফতার

    সাদা পোশাকে তুলে নেয়ার ৩ দিন পর ইউপি সদস্য অস্ত্রসহ গ্রেফতার

    অপহরণের তিনদিন পর মেহেপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের মেম্বর হাসানুজ্জামান ওরফে বড় হাসানকে অস্ত্রসহ গ্রেফতারের দাবি করেছে পুলিশ। চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মঙ্গলবার ভোরে উথলী বাজার থেকে একটি দেশীয় শার্টারগানসহ তাকে গ্রেফতার করে বলে জানানো হয়েছে।

    মঙ্গলবারের এই ঘটনা ঘটলেও বুধবারই তার গ্রেফতারের বিষয়টা নিশ্চিত হওয়া যায়।

    এর আগে, গত শনিবার সন্ধ্যায় তিনি তার নিজবাড়ি চাঁদপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে অপহৃত হন।

    রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু জানান, গত শনিবার সন্ধ্যায় এ ইউপির ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বর) হাসান গ্রামের একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এসময় ৭/৮ জন লোক নিজেদেরকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। তারপর থেকেই হাসানের পরিবারের পক্ষ থেকে গাংনী থানা, মেহেরপুর ডিবি ও প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গার বিভিন্ন থানা ও ডিবিতে খোঁজ নিয়েও কোন সন্ধান না পেয়ে গাংনী থানায় একটি জিডি করেন। যার নম্বর- ৫৬৫/১৭ তারিখ- ১২/১১/১৭ ইং। মঙ্গলবার সকালে সংবাদ আসে যে, হাসান মেম্বরকে চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

    জীবননগর থানার ওসি এনামুল হক জানান, হাসান মেম্বর অপহরণ হয়েছিল কিনা তা জানা নেই। তবে মঙ্গলবার ভোরে স্থানীয় উথুলী বাজারে টহলরত পুলিশ তাকে একটি শার্টারগানসহ আটক করে।

    পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

    গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হাসান মেম্বরকে সাদা পোশাকে তুলে নেয়ার পর তার পরিবারের লোকজন কোথাও সন্ধান না পেয়ে থানায় একটি জিডি করেছেন।

  • ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইসরাইলিরা

    ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইসরাইলিরা

    ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইসরাইলের নাগরিকরা। সোমবার ইসরাইলের আইনমন্ত্রী আয়ালেত শাকেদ স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    খবর ডেইলি সাবাহার।

    আয়ালেত শাকেদ গণমাধ্যমকে বলেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র ইসরাইলি নাগরিকদের প্রবেশে ভিসার শর্ত বাতিল করবে।

    এর আগে তিনি এক টুইট বার্তায় বলেন,  ইসরাইলি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আর ভিসার প্রয়োজন হবে না। ইসরাইলি নাগরিকদের তথ্যের গোপনীয়তা সংরক্ষণে এটি করা হচ্ছে।

    প্রসঙ্গত, ইসরাইলের নাগরিকদের পাসপোর্টে বায়োমেট্রিক তথ্য রয়েছে। এসব তথ্য অন্য কোনো দেশ বা সংস্থা জানুক তা তারা চায় না। এ কারণে তারা ভিসা লাগানোর জন্য এ পাসপোর্ট ব্যবহার করতে চায় না। নাগরিকদের ওইসব তথ্য গুরুতর কোনো অনুসন্ধানের কাজে ছাড়া ব্যবহার করা হয় না।

    এটি দেশটির সংসদে অনুমোদিত।

  • কাকরাইলে তাবলীগের মারকাজ মসজিদে ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

    কাকরাইলে তাবলীগের মারকাজ মসজিদে ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

    রাজধানীর কাকরাইলে তাবলীগ জামাতের মারকাজ মাসজিদে মুসল্লিদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মওলানা জুবায়ের ও মওলানা ওয়াসিফুল হক গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

    পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    মুসল্লিদের সূত্রে জানা যায়,  কয়েকদিন আগে মওলানা জুবায়ের পাকিস্তান যান। সেখানে তাবলীগ নেতা মওলানা আহমেদ লাটসাহেব বাংলাদেশে তাবলীগ মুসল্লিদের একটি বিশেষ বার্তা দেন। মওলানা জুবায়ের দেশে ফিরে আসার পর তিনি ওই বার্তা মুসল্লিদের কাছে জানাননি। এরইমধ্যে পাকিস্তান থেকে আহমেদ লাটসাহেব তার বার্তা অন্য মুসল্লিদের কাছে পৌঁছে দেন। এ খবর জানাজানি হলে মওলানা জুবায়েরের বিরুদ্ধে একটি গ্রুপ সোচ্চার হয়ে ওঠে। এরই জের ধরে আজ সকালে কথাকাটা, হাতাহাতি ও একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ওসি কাজী মাইনুল হক জানান, আজ এখানে তাদের একটি শুরা মিটিং ছিলো। মিটিংয়ে মতাদর্শগত বিরোধের সূত্র ধরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, তাবলীগের ঊর্ধ্বতন মুরব্বিদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। বড়ধরনের কোন ঘটনা না ঘটে সেজন্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

  • শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর জন্মদিন আজ

    শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর জন্মদিন আজ

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ৭৭তম জন্মদিন আজ। ১৯৪১ সালের আজকের এই দিনে ঝালকাঠির এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম।

    বর্ষীয়ান এই রাজনীতিবিদ দেশের বাইরে থাকায় জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও রাজধানীর ইস্কাটনের বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানাবেন তার অসংখ্য ভক্ত-অনুসারী ও দলীয় কর্মী-সমর্থকরা। প্রিয় নেতাকে শুভেছা জানাবেন জন্মদিনের কেক কেটে। তার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে আমু পরিবার। জন্মদিনের এই শুভক্ষণে নাইজেরিয়ায় অবস্থান করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

  • জাভা সুন্দরী হলেন ‘মিস ইন্টারন্যাশনাল’

    জাভা সুন্দরী হলেন ‘মিস ইন্টারন্যাশনাল’

    ৬৮ জন প্রতিযোগীকে হারিয়ে ২০১৭ সালের মিস ইন্টারন্যাশনাল নির্বাচিত হয়েছেন ইন্দোনেশিয়ার সুন্দরী কেভিন লিলিয়ানা। মঙ্গলবার টোকিওতে প্রতিযোগিতার চূড়ান্তে পর্বে তার মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৬ সালের মিস ইন্টারন্যাশনাল ফিলিপাইনের কাইলি ভারসোজা।

     

    জাকার্তা পোস্টের খবর, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপের ২১ বছরের এই সুন্দরী একই সঙ্গে এবারের আসরের মিস বেস্ট ড্রেসারের পুরস্কারও জিতে নিয়েছেন।

    এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন কারাকাওয়ের চ্যানেলি মারিয়া, দ্বিতীয় ভেনেজুয়েলা ডায়ানা গারশিয়া, তৃতীয় অস্ট্রেলিয়ার অ্যাম্বার দেউ এবং চতুর্থ রানার-আপ হয়েছেন মিস জাপান নাতসুকি সুতসুই।

  • নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে ইসি সিদ্ধান্ত নেয়নি : সিইসি

    নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে ইসি সিদ্ধান্ত নেয়নি : সিইসি

    আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

    নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সোমবার সেনা মোতায়েন বিষয়ে বক্তব্য প্রসঙ্গে মঙ্গলবার বাসসকে একথা বলেন সিইসি।

    নুরুল হুদা বলেন, ‘বক্তব্যটি তার ব্যক্তিগত। এ ব্যাপারে কমিশন এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। তবে সেনাবাহিনী নির্বাচনে থাকতে পারে কি না এ ব্যাপারে কথা বার্তা হচ্ছে। ’

    এ প্রসঙ্গে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাচনের এখনও এক বছর বাকি। কমিশন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। ’

    সেনাবাহিনীকে আইন-শৃংখলাবাহিনীর সংজ্ঞায় অন্তর্ভূক্ত করা প্রসঙ্গে সচিব বলেন, ‘সেনাবাহিনীকে আইন-শৃংখলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভূক্ত করতে হলে- গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), সংবিধান ও সিআরপিসি সংশোধন করতে হবে। সেনাবাহিনী হচ্ছে দেশ রক্ষা বাহিনী, এরা আইন-শৃংখলা বাহিনী না। ’

    তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নেবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন হবে না অন্য কোন পদ্ধতিতে হবে।

     

    নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন বিষয়ে বিএনপি’র দাবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ইতোপূর্বে দেশে যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে, প্রত্যেকটিতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত কোনো নির্বাচনেই বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন হয়নি। ’

    ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আগামী নির্বাচনে ভোট গ্রহণ হবে কি না এ বিষয়েও এখনো কমিশন কোন সিদ্ধান্ত নেয়নি জানিয়ে তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে। জাতীয় নির্বাচনে কি হবে এটা পরে সিদ্ধান্ত নেয়া হবে।

    প্রসঙ্গত, সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হবে। কিন্তু কীভাবে হবে, নির্বাচন প্রক্রিয়াতে সেনাবাহিনী কীভাবে যুক্ত হবে, তা এখনো বলার সময় হয়নি। তিনি বলেন, এ ব্যাপারে কমিশনের একটা সিদ্ধান্ত হতে হবে। আমি কখনই বলব না, যে সেনা মোতায়েন হবে না। তিনি বলেন, সময় বলে দেবে সেনা মোতায়েন কীভাবে হবে। এছাড়া আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চিন্তা নেই বলেও জানান তিনি।

  • বিয়ের আগে যে ৫টি কথা প্রতিটি মায়ের উচিত পুত্রকে জানানো

    যেহেতু ছেলের মা একজন নারী, তাই পুত্রবধুর সুবিধা অসুবিধার বিষয় গুলো ছেলের চাইতে তিনিই ভালো বুঝবেন, এটাই স্বাভাবিক। আর তাই বিয়ের আগেই কিছু বিষয় ছেলেকে আগে থেকেই বুঝিয়ে দিলে পারিবারিক সমস্যা এড়ানো যায় সহজেই। আসুন জেনে নেয়া যাক ৫টি কথা যেগুলো সব মায়েরই উচিত বিয়ের আগে ছেলেকে বুঝিয়ে বলা।

    স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা উচিত না অধিকাংশ পুরুষই বিয়ের পর স্ত্রীর সাথে মায়ের তুলনা করে। ‘তোমার চাইতে আমার মায়ের রান্না ভালো’ কিংবা ‘তোমার যায়গায় মা হলে এটা করতেন না’ এই ধরনের নানান রকম কথা স্বামীরা স্ত্রীদেরকে বলে থাকেন। এতে স্ত্রীরা নতুন সংসারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং হতাশায় ভোগে। এই ধরনের কথাবার্তার কারণে শাশুড়ির প্রতি শ্রদ্ধাবোধও হারিয়ে ফেলে অনেক বউ। তাই সব মায়েরই উচিত ছেলেকে বিয়ের আগে বুঝিয়ে বলা যে স্ত্রীকে তাঁরা যেন মায়ের সাথে তুলনা না করে।

    অতিরিক্ত প্রত্যাশা করা উচিত না ছেলেকে বিয়ে করানোর আগে মায়েদের উচিত ছেলেকে বুঝিয়ে বলা যেন তাঁরা স্ত্রী কাছে অতিরিক্ত প্রত্যাশা না করে। নতুন সংসারে সব কিছু গুছিয়ে নিতে স্বাভাবিক ভাবেই নানান রকম সমস্যা হতে পারে। সব কিছু স্বামীর মন মতই হবে এমনটা প্রত্যাশা করা উচিত না একেবারেই। অতিরিক্ত প্রত্যাশা থাকলে ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকবে। তাই নতুন সংসারে প্রত্যাশার পরিমাণ কমিয়ে স্ত্রীর সুবিধা অসুবিধা ও দূর্বলতাগুলো বোঝার চেষ্টা করা উচিত।

    স্ত্রীকে সম্মান করা উচিত আমাদের সমাজে অধিকাংশ নারীরাই স্বামীর কাছে নানান রকম অপমানের স্বীকার হয়। শারীরিক ও মানসিক নির্যাতন গুলো মুখ বুজেই সহ্য করে যায় অধিকাংশ নারী। কিন্তু এতে সংসার জীবন মোটেও সুখের হয় না। তাই ছেলের মায়েদের উচিত বিয়ের আগেই ছেলেকে এই বিষয়ে বুঝিয়ে বলা। ছেলেকে বুঝিয়ে বলা উচিত যে স্ত্রীকে সম্মান করলেই সে তার শ্বশুরবাড়ির সবাইকে ভালোবাসবে। নতুবা নতুন সংসারের সব কিছুর প্রতিই তার বিতৃষ্ণা দেখা দিবে।

    জীবনের প্রতিটি ধাপেই স্ত্রীকে সাহায্য করা উচিত সব স্বামীরই উচিত নিজের স্ত্রীকে জীবনের প্রতিটি ধাপেই সাহায্য করা। ইদানিং বেশিরভাগ নারীই সংসারের পাশাপাশি চাকরী করে থাকেন। ফলে সারাদিন চাকরী করার পর দিন শেষে একা একা সংসার সামলাতে বেশ কষ্ট হয় তাদের। তাছাড়া সন্তানকে স্কুলে নেয়া, ঘর গুছানো, মেহমানকে খাওয়ানো ইত্যাদি নানা কাজ করতে হিমসিম খেতে হয় তাদেরকে। তাই স্বামী উচিত কিছু কাজ স্ত্রীর সাথে ভাগ করে নেয়া।

    আর এই কথাগুলো বিয়ের আগেই নিজের ছেলেকে বুঝিয়ে বলা উচিত মায়ের। স্ত্রীকে সারাজীবন ভালোবাসা প্রকাশ করা উচিত জীবনে যা কিছুই হোক না কেন সারা জীবন স্ত্রীর হাত দুটি ধরে রাখার পরামর্শ দেয়া উচিত মায়ের। বিয়ের আগেই ছেলেকে বলে দিন যে ছেলের জীবনে অনেক সুযোগ আসলেও স্ত্রীর সাথে যেন সে কখনোই প্রতারণা না করে

  • হরকাতুল জিহাদের (হুজি) এক সক্রিয় সদস্যকে আটক

    হরকাতুল জিহাদের (হুজি) এক সক্রিয় সদস্যকে আটক

    সিমু আক্তার

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে মো. সোহেল (৪৩) নামে হরকাতুল জিহাদের (হুজি) এক সক্রিয় সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা। এসময় তার কাছ থেকে জিহাদী বই জব্দ করা হয়।

    সোমবার (১৩ নভেম্বর) বিকেল উপজেলার লাটিমী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আবুল মহসীন চৌধুরীর ছেলে। ফেনী র‌্যাব ক্যাম্পের অধিনায়ক শফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে হরকাতুল জিহাদের (হুজি) সক্রিয় সদস্য সোহেলকে আটক করা হয়।

    এ সময় তার কাছে থাকা জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে। তিনি গোপনে ওই এলাকায় অবস্থান করে জঙ্গি কার্যক্রম চালাচ্ছিলেন। তিনি আরও জানান, ২০১২ সালের ১৬ মে মাসে জঙ্গি কর্মকাণ্ডে অংশ নেওয়ায় সোহেলের বিরুদ্ধে কিশোরগঞ্জের তারাইল থানায় একটি মামলা রয়েছে।

  • এক বছরের ভালোবাসা ,বিয়ের পরদিন শেষ

    এক বছরের ভালোবাসা ,বিয়ের পরদিন শেষ

    এক বছর ধরে ভালোবাসার সম্পর্কের পর পাঁচ লাখ টাকা দেনমোহরে আমার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রিফাতুজ্জামান রিফাতের। কিন্তু বিয়ের পরদিনই রিফাতের ভালোবাসা শেষ হয়ে যায়। বিয়ের পরদিন রিফাত থানায় আমাদের বিরুদ্ধে মামলা করে জানিয়েছে, তাকে নাকি আমি জোর করে বিয়ে করেছি। আমি এ ব্যাপারে পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়ে সমাধান চেয়েছি।

    এদিকে, সাতক্ষীরা থানা পুলিশের ওসি (আইসিটি) মহিদুল ইসলাম আমাকে বলেছেন, তুমি দুই লাখ টাকা নিয়ে ওকে ডিভোর্স দাও। আর সাতক্ষীরা সদরের এমপির ভাই মাহি আলমও একই কথা বলে আমাকে চাপ দিচ্ছেন। তবে এ বিষয়ে ওসি মহিদুল ইসলাম জানান, তিনি এ ধরনের কোনো কথা ওই মেয়েকে বলেননি। তদন্তের জন্য রিপার সঙ্গে তিনি কথা বলেছেন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন সাতক্ষীরা সদরের লাবসা গ্রামের সাবিনা ইয়াসমীনের মেয়ে নাজমা সুলতানা রিপা। তার স্বামী রিফাত কালিগঞ্জ উপজেলার ঘুষুড়ি রাজাপুর গ্রামের আসাদ গাজির ছেলে। তিনি বর্তমানে সাতক্ষীরা ফায়ার স্টেশনে চাকরি করেন।

    রিপা বলেন, গত ৬ অক্টোবর রিফাতের সঙ্গে আমার বিয়ের একদিন পর থানায় অভিযোগ দেয় রিফাত। এদিকে, দুই লাখ টাকা নিয়ে পুলিশের মীমাংসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্বামী রিফাত ১৫ অক্টোবর রিপাকে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনার পর গত কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সংবাদ সম্মেলনে রিপা আরও বলেন, আমি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করি রিফাতের বিরুদ্ধে। আদালত সাতক্ষীরা থানাকে একটি এফআইআর করার নির্দেশ দেন। থানায় রেকর্ডকৃত মামলা নম্বর ৭৪।

    এরই মধ্যে স্বামী রিফাতের দেয়া মামলায় রিপার মামলার সাক্ষী অ্যাডভোকেট নজরুল ইসলাম ও ম্যারেজ রেজিস্ট্রার মো. সাইদুজ্জামানসহ কয়েকজনকে আসামি করা হয়। তার ম্যারেজ রেজিস্ট্রার সাইদুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, রিফাতের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। বরং রিফাতের দেয়া মামলায় রিপার পরিবার ও সংশ্লিষ্টদের গ্রেফতার করেছে পুলিশ। তাদের কেউ কেউ জামিনে রয়েছেন।

    এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে ২৪ অক্টোবর তদন্ত অনুষ্ঠিত হয়। তাতেও কোনো সুরাহা হয়নি বলে জানান রিপা। এ সময় সংবাদ সম্মেলনে রিপার মা সাবিনা খাতুন উপস্থিত ছিলেন।