Blog

  • ঢাকা মেডিক্যালের তদন্ত প্রতিবেদনে হাইকোর্ট ক্ষুব্ধ

    ঢাকা মেডিক্যালের তদন্ত প্রতিবেদনে হাইকোর্ট ক্ষুব্ধ

    পর পর তিনটি হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব এবং নবজাতক মারা যাওয়ার ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) কর্তৃপক্ষের দেওয়া তদন্ত প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ঢাকা মেডিক্যালের ওই প্রতিবেদন অস্পষ্ট ও স্ববিরোধী।

    গোটা প্রতিবেদনই প্রশ্নবিদ্ধ। এই প্রতিবেদন দেখলে মনে হবে তাদের (ডিএমসিএইচের সংশ্লিষ্ট চিকিৎসক ও স্টাফ) কোনো দোষ নেই। সব দোষ ওই বেচারা গরিব মানুষটির। গরিবরা কি চিকিৎসা পাবে না?

    বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এসব মন্তব্য করেন। আদালত আগামী ২৭ নভেম্বর পরবর্তী আদেশের দিন ধার্য করেন। ডিএমসিএইচের তিন সদস্যের তদন্ত প্রতিবেদন দাখিলের পর তা দেখে ক্ষোভ প্রকাশ করেন আদালত। আদালতে প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

    এদিকে আদালত দৈনিক যুগান্তর ও এশিয়ান এজ পত্রিকাকে এ বিষয়ে প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

    হাইকোর্ট গত ১৯ অক্টোবর স্বতঃপ্রণোদিত হয়ে রাস্তায় সন্তান প্রসবের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে ডিএমসিএইচ ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের পরিচালক এবং আজিমপুর মাতৃসদনের তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন।

    অন্তর্বর্তীকালীন এই নির্দেশনার পাশাপাশি রুল জারি করা হয়। রুলে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং ওই প্রসূতিকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে এ আদেশ দেন আদালত।

    ওই নির্দেশের পর ডিএমসিএইচের সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডা. মো. খলিলুর রহমানকে চেয়ারম্যান এবং আবাসিক সার্জন (গাইনি ও অবস) ডা. রওশন আরাকে সদস্যসচিব করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেন আবাসিক সার্জন (ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি) ডা. মো. আলাউদ্দিন। এই কমিটি গত ৭ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়। এ ছাড়া মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক ডা. আবদুস সালামকে সভাপতি এবং সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সাফিয়া আখতারকে সদস্যসচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন গাইনি বিভাগের ডা. আয়শা সিদ্দিকা ও রুমি নাহরীন।

    এই কমিটি গতকাল প্রতিবেদন দেয়। দুটি প্রতিবেদনই গতকাল আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

    ডিএমসিএইচের প্রতিবেদনে বলা হয়, কোনো নার্স বা স্টাফ টাকা দাবি করেননি। আর রোগিনীর প্রসবের অবস্থা প্রাথমিক পর্যায়ে ছিল। তাই তাকে নরমাল প্রসবের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু তারা কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ছেড়ে যায়। প্রতিবেদনে আরো বলা হয়, এই কমিটি আজিমপুর মেটারনিটিতে তদন্ত করেছে। সেখানে সকাল ১১টায় স্বাভাবিক প্রসব হয়েছে বলে তদন্ত কমিটি জানতে পেরেছে।

    এই প্রতিবেদন দেখে আদালত ক্ষোভ প্রকাশ করেন। আদালত বলেন, আজিমপুর মেটারনিটিতে তদন্ত করার এখতিয়ার এই কমিটির নেই। আর আজিমপুর মেটারনিটিতে স্বাভাবিক প্রসব হয়নি। রাস্তার ওপর প্রসব হয়েছে। সুতরাং এই তদন্ত প্রতিবেদন বানোয়াট, স্ববিরোধী ও অস্পষ্ট। ডিএমসিএইচ ও মিটফোর্ডের প্রতিবেদনে ওই রোগী ভর্তির বিষয়ে যে সময়ের উল্লেখ কর হয় তা দেখে বিস্ময় প্রকাশ করেন আদালত। বলেন, একটি সরকারি হাসপাতাল থেকে আরেকটি সরকারি হাসপাতালে রোগী কি উড়ে গেছে যে এত অল্প সময়ে পৌঁছে গেছে? আদালত বলেন, ডিএমসিএইচের প্রতিবেদন দেখলে মনে হবে তাদের কোনো দোষ নেই। স্টাফদের কত সাফাই গাওয়া হয়েছে। আদালত বলেন, স্বাভাবিক প্রসবই যদি হবে আর প্রাথমিক পর্যায়েই যদি থাকবে তাহলে রাস্তায় কেন প্রসব করা হলো? এ থেকে ধরে নিতে হবে যে এই প্রতিবেদন সত্য নয়? আদালত বলেন, ভর্তির যে ফরম আদালতে দেখানো হচ্ছে তাতে পারুল নামের কোনো রোগীর স্লিপে একটানে

    পারুল কেটে পারভীন করা হয়েছে। আসলে পারভীনকে ভর্তিই করা হয়নি।

    গত ১৭ অক্টোবর আজিমপুর মেটারনিটি হিসেবে পরিচিত আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সামনে খোলা জায়গায় পথচারীদের সহায়তায় সন্তান প্রসব করেন পারভীন আক্তার (২৬)। নবজাতক প্রথমে নড়াচড়া করলেও কিছুক্ষণের মধ্যেই মারা যায়। ওই দিন সন্ধ্যার পর নবজাতককে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

    এ ঘটনায় ‘তিন হাসপাতাল ঘুরে খোলা স্থানে সন্তান প্রসব নিয়ে তোলপাড়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়

  • এবার প্রাডো গাড়ি থেকে উদ্ধার সিংহ ও বাঘ শাবক, আটক ২

    এবার প্রাডো গাড়ি থেকে উদ্ধার সিংহ ও বাঘ শাবক, আটক ২

    প্রাডো গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় যশোরে দুটি সিংহ শাবক ও দুটি বাঘ (লেপার্ড ক্যাট) শাবক উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকুড়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে কামরুজ্জামান বাবু (৩১) ও নরসিংদীর পলাশ উপজেলার বকুলনগর গ্রামের মান্নান ভূইয়ার ছেলে রানা মিয়া (২৮)। সোমবার শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাডো গাড়ি থেকে এসব শাবক উদ্ধার করা হয়। ভারতে পাচারের জন্য ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল।

    যশোরের বিভাগীয় বন কর্মকর্তা জানান, প্রাণী চারটির মধ্যে বড় দুটি সিংহের বাচ্চা বলে মনে হচ্ছে। অপর দুটি বাঘ প্রজাতির। এদের বলা হয় লেপার্ড ক্যাট। এগুলো সচারচার বাংলাদেশের সিলেট এবং ভারতের মেঘালয়, আসাম বা মিজোরাম অঞ্চলের চা বাগানে দেখা যায়। চিতা বাঘের মতো দেখতে। তবে এগুলো বিরল।

    আর সিংহের বাচ্চা আমাদের দেশের না। এগুলো বাইরের কোনো দেশ থেকে আনা হতে পারে।

    পুলিশ সুপার জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন চারটি বাঘের বাচ্চা পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে চাঁচড়া চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাডো গাড়িতে দুটি কাঠের বাক্সে লুকিয়ে রাখা ওই চারটি শাবক উদ্ধার করা হয়। আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। একই সাথে প্রাণী চারটি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। জিপ গাড়িটিও জব্দ করা হয়েছে।

    চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বাচ্চাগুলোকে খাঁচা থেকে বের করে শনাক্তের জন্য বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা এসে প্রাথমিকভাবে দুটি শাবককে সিংহের এবং দুটিকে লেপার্ড (বাঘ প্রজাতি)  শাবক হিসেবে শনাক্ত করেন।

  • সিরিয়ায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩

    সিরিয়ায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩

    সিরিয়ায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

    গতকাল সোমবার দেশের উত্তরাঞ্চলীয় একটি মার্কেটে ভয়াবহ এ হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

    ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আতারেবে অবস্থিত একটি মার্কেটে কমপক্ষে তিন দফা হামলা চালানো হয়েছে। আর এসব হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ৫ শিশু এবং তিনজন নারীও ছিল।

    মানবাধিকার সংস্থাটি আরো জানায়, এ হামলায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

    এদিকে এক টুইটবার্তায় স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, এ হামলায় মার্কেটের প্রায় ১০০ দোকান ধ্বংস হয়েছে।

    বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, বিমান হামলা কারা চালিয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি মার্কেটে হামলা চালানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

    উল্লেখ্য, ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত চার লাখেরও বেশি সিরীয় নাগরিক মারা গেছেন।

  • শুল্ক গোয়েন্দার অভিযানে ড্রোনসহ বিপুল পরিমাণ ফোন আটক

    শুল্ক গোয়েন্দার অভিযানে ড্রোনসহ বিপুল পরিমাণ ফোন আটক

    রাজধানীর বিভিন্ন মার্কেটে চোরাই ফোন আটকের অভিযানে নেমে শুল্ক গোয়েন্দারা অত্যাধুনিক ড্রোনসহ বিপুল পরিমাণ ফোন আটক করেছে। গতকাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গুলশান, বসুন্ধরা সিটি মার্কেট ও ধানমণ্ডি এলাকায় অবৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোন সেট আটকে বিশেষ অভিযান পরিচালনা করে।

    অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ফোর্স এবং বিটিআরসি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, বসুন্ধরা মার্কেটের ৯টি দোকান, গুলশান এভিনিউর ১টি ও ধানমণ্ডির অরচার্ড পয়েন্টে ১টিসহ মোট ১১টি দোকানে এই অভিযান চালানো হয়। এই অভিযানে চোরাইপথে আনীত আইফোন১০ সহ অন্যান্য মূল্যবান ব্র্যান্ডের প্রায় ২ শতাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। এইসব ব্র্যান্ডের মধ্যে আইফোন, স্যামসাং গ্যালাক্সি এস৮, নোকিয়া এক্স৩, ব্ল্যাকবেরি রয়েছে।

    আটককৃত মোবাইল সেটগুলোর মধ্যে ১৫টি আইফোন১০, অন্যান্য মডেলের আইফোন ১১৮টি, অ্যাপল আইপ্যাড ৮টি, স্যামসাং ৫৮টি, নোকিয়া ২টি সহ আরো অনেক ব্র্যান্ডের সেট রয়েছে। আটক এসব মোবাইলের দাম প্রায় এক কোটি টাকা। দোকানগুলোর মধ্যে ফোন এক্সচেঞ্জ থেকে বেশি সংখ্যক চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। গুলশান ও বসুন্ধরা মার্কেটের ফোন এক্সচেঞ্জের দুটো শো-রুম থেকে মোট ৮৮টি দামি সেট উদ্ধার করা হয়েছে। ফোন এক্সচেঞ্জের গুলশান শো-রুম থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে।

    এটি এখন আমদানি নিষিদ্ধ পণ্য।

  • প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

    প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

     

    প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

    এ ব্যাপারে আজ মঙ্গলবার তিনি গণমাধ্যমকে বলেন, “পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র আজ আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। ”

    প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে এক মাসের বেশি ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর বিদেশে যান বিচারপতি সিনহা। সেই ছুটি শেষে গত শনিবার তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানায় বঙ্গভবন। যদিও বয়স অনুযায়ী ২০১৮ সালের ৩১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু পদত্যাগের কারণে ৮১ দিন আগেই তার কার্যকাল শেষ হচ্ছে। ২০১৫ সালের ১৭ জানুয়ারি ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।

  • বিনামূল্যের পাঠ্যবইয়ে ১৬ স্তরে দুর্নীতি টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ

    বিনামূল্যের পাঠ্যবইয়ে ১৬ স্তরে দুর্নীতি টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ

    প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের পান্ডুলিপি প্রণয়ন ও পাঠ্যপুস্তক প্রকাশনা ও সরবরাহের ২০টি ধাপের মধ্যে ১৬টি ধাপেই অনিয়ম-দুর্নীতি হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি): পান্ডুলিপি প্রণয়ন ও প্রকাশনা ব্যবস্থায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গতকাল টিআইবি’র ধানমন্ডিস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
    গবেষণায় বলা হয়, আইনগতভাবে স্বায়ত্তশাসিত হলেও এনসিটিবি’র কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রভাব ও নিয়ন্ত্রণ রয়েছে। লেখক কমিটি, শিক্ষাক্রম উন্নয়ন কমিটি ও টেকনিক্যাল কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য নিয়োগে রাজনৈতিক প্রভাব কাজ করে। এনসিটিবি’র কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করতে না পারায় তারা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা এম আকরাম। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবি’র গবেষণা ও পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোরশেদা আক্তার।
    প্রতিবেদনে বলা হয়, পরিদর্শন ও তদারকিতে ঘাটতির কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মত পাঠ্যবই সরবরাহ করা সম্ভব হয় না। পাঠ্যবই লেখার মতো বিশেষায়িত বিষয় যথাযথ গুরুত্ব দেওয়া হয় না এবং অনেক ক্ষেত্রে প্রকৃত বিশেষজ্ঞদের এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হয় না। পাঠ্যবইয়ে ক্ষমতাসীন দলের মতাদর্শী ধারার ভাষা ব্যবহারের প্রবণতা এবং ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রভাব রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে বিশেষজ্ঞ, জনবল ও কারিগরি দক্ষতার যথেষ্ট ঘাটতি রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।
    নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এনসিটিবি’র দরপত্র কমিটির একাংশের বিরুদ্ধে পছন্দের প্রতিষ্ঠানকে আগেই দর জানিয়ে দেওয়ার মাধ্যমে অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করছে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া দরপত্র আহ্বানের পর এনসিটিবি’র কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে বেনামে মুদ্রণ প্রতিষ্ঠানের মালিক হিসেবে দরপত্রে অংশগ্রহণ ও কার্যাদেশ প্রাপ্তির অভিযোগ রয়েছে।
    গবেষণায় উঠে এসেছে, অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মুদ্রণ, বাঁধাই ও লেমিনেশনের কার্যাদেশ প্রাপ্তির পর কাজের বেশিরভাগই অবৈধভাবে সাব-কন্ট্রাক্টে দেওয়া হয়। এছাড়া অবৈধ আর্থিক সুবিধার বিনিময়ে বিএসটিআই সনদবিহীন কাগজের কারখানাকে এনসিটিবি কর্তৃক কাগজ সরবরাহের কার্যাদেশ প্রদান করা হয়।
    এছাড়া মান নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত তদারকি প্রতিষ্ঠান কর্তৃক সার্বক্ষণিক উপস্থিত না থেকেও উপস্থিতির প্রতিবেদন দেওয়া, মুদ্রণ কাজে নিম্নমানের কাগজ ও কালির ব্যবহার, নির্ধারিত সময়ের মধ্যে মুদ্রণ সম্পন্ন না হওয়া সত্ত্বেও আর্থিক সুবিধার বিনিময়ে সন্তোষজনক প্রতিবেদন প্রদানের তথ্য গবেষণায় উঠে এসেছে।
    প্রতিবেদনে বলা হয়, লেখক দল বই রচনা, পরিমার্জন বা পরিবর্ধন করার পর এনসিটিবির সম্পাদনা বিভাগে জমা দিয়ে থাকেন। একাধিক তথ্যদাতার তথ্য দিয়ে প্রতিবেদনে বলা হয়, সম্পাদক নিজের মতো করে সম্পাদনা করেন। সম্পাদনার সময় লেখক-সম্পাদক একসাথে বসে লেখার উদ্দেশ্য ও বিষয় সম্পর্কে আলোচনার মাধ্যমে সম্পাদনা করার নিয়ম থাকলেও এই কাজটি না করার অভিযোগ রয়েছে। এনসিটিবি এ কাজটি সময় স্বল্পতার অজুহাতে করে না বলে অভিযোগ রয়েছে।
    প্রতিবেদনে বলা হয়, এনসিটিবির অন্যতম কাজ হচ্ছে কারিকুলাম তৈরি হওয়ার পর একবছর পর রচিত পাঠ্যবইয়ের ওপর মাঠ পর্যায় থেকে মতামত নেওয়া। অভিযোগ রয়েছে পাঠ্যক্রম বিভাগ এই পদ্ধতিতে প্রাপ্ত মতামত যথাযথভাবে বিশ্লেষণ করে না। মাঠ পর্যায়ের তথ্য ব্যবহার করে পাঠ্যপুস্তকে প্রয়োজনীয় পরিবর্তন করা হয় না।
    ্এছাড়া কারিকুলাম অনুসরণ না করে অনিয়মতান্ত্রিকভাবে লেখা পরিবর্তন করা হয়। লেখকদের অজ্ঞাতে পাঠ্যবইয়ে লেখা সংযোজন-বিয়োজন এবং কোনো কোনো ক্ষেত্রে লেখা পরিবর্তনে সম্পাদকদের বাধ্য করা হয়। এছাড়াও ২০১৩ শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে শিক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কবিতা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে অন্তর্ভুক্ত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
    সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান বলেন, সম্প্রতি একটি বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠীর চাহিদার প্রেক্ষিতে এনসিটিবি কর্তৃক পাঠ্যপুস্তকে পরিবর্তন ও সংশোধন আনা হয়েছে, যার অনেক কিছুই মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মৌলিক চেতনার পরিপন্থী।
    অন্যদিকে, দীর্ঘদিনেও এনসিটিবি’র পরিচালনার জন্য প্রয়োজনীয় বিধি জারি না হওয়ায় মন্ত্রণালয়ের দ্বারা আদিষ্ট হয়ে এনসিটিবি’কে তার কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
    মোরশেদা আক্তার বলেন, দরপত্র নির্দেশিকা তৈরি, বিজ্ঞপ্তি প্রকাশ, সিএস তৈরি, কার্যাদেশ প্রদান, প্রতি লটের কাগজের হিসাব, কাগজের বরাদ্দপত্র জারি, কার্যাদেশ অনুযায়ী উপজেলায় বই সরবরাহ বাবদ গত ৩ বছরে ৫১ লাখ টাকা বিধি বহির্ভূতভাবে সম্মানী নিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান থেকে এমএলএস পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা।
    পাণ্ডুুলিপি প্রণয়ন ও প্রকাশনা প্রক্রিয়ায় সুশাসন ও কার্যকর জবাবদিহিতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এনসিটিবি’র কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ ও প্রভাব হ্রাস করার কথা বলা হয়েছে টিআইবির সুপারিশে। এছাড়া অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের এনসিটিবি’র বোর্ডে সদস্য হিসেবে নিয়োগ, এনসিটিবি’র কর্মীদের জন্য আচরণবিধি প্রণয়ন এবং সকল তদন্ত প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থার কথা বলা হয়েছে সুপারিশে।
  • বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইতালির ফুটবলারদের অবসরের হিড়িক

    বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইতালির ফুটবলারদের অবসরের হিড়িক

    ছয় দশক পর বিশ্বকাপ থেকে বাদ ইতালি। এই ধাক্কা যেন কোনোভাবেই সইতে পারছে না দেশটির ফুটবল। তাই বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর দলের ফুটবলারদের যেন অবসর নেয়ার হিড়িক পড়ে গেছে। ইতোমধ্যে দলের বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার অবসরের ঘোষণা দিয়েছেন।
    অবসর নেয়া ফুটবলারদের মধ্যে জিয়ানলুইজি বুফনের বিষয়টা আগে থেকেই অনুমিত ছিল। কারণ বিশ্বকাপের পর অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন গোলপোস্টের এই অতন্ত্র প্রহরী। যেহেতু দল চূড়ান্তপর্বে কোয়ালিফাই করতে পারেনি, তাই ৩৯ বছর বয়সী বুফনের অবসরে যাওয়ার ঘোষণাটা সেভাবে আকস্মিক ছিল না।
    তবে বুফন ছাড়াও এরই মধ্যে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিযেছেন ডিফেন্ডার আন্দ্রে বার্জাগলি, মিডফিল্ডার ড্যানিয়েলে ডি রোসি ও জর্জিও চিলিয়েনি। এর মধ্যে ৩৬ বছর বয়সী বার্জাগলি ৭৩ ম্যাচ খেলেছেন ইতালির জার্সি গায়ে। আর ৩৪ বছর বয়সী রোসি ইতালির হয়ে চতুর্থ সর্বোচ্চ ১১৭ ম্যাচ খেলে গোল করেছেন ২১টি। আর ৩৩ বছর বয়সী ডিফেন্ডার চিলিয়েনি ৯৬ ম্যাচে অংশ নিয়ে করেছেন ৮ গোল।
    এর আগে সোমবার রাতে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের বাছাই থেকেই বিদায় হয়ে যায় ইতালির। দুই লেগ মিলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ১৯৫৮ সালের পর প্রথম দলটি বিশ্বকাপের বাইরে ছিটকে পড়ে। এই সময়টাকে দেশের ফুটবলের অন্ধকার সময় উল্লেখ করে রোসি বলেন, ‘আমাদের ফুটবলে এটা অন্ধকার সময়| বিশেষ করে যারা বিগত দুই বছর দলের সঙ্গে আমরা ছিলাম তাদের জন্য আরও বেশি অন্ধকারাচ্ছন্ন।’
    অপরদিকে চিলিয়েনি আশা করেছেন তরুণদের হাত ধরে ফের ঘুরে দাঁড়াবে ইতালির ফুটবল। তিনি বলেন, ‘আমাদের অনেক তরুণ ছেলে আছে। আগামী কয়েক বছর তাদের জন্য একইভাবে ভালবাসা ও সমর্থন দিয়ে যেতে হবে।’
    বার্জগাল ইতালির এই ব্যর্থতাকে ‘একটা যুগের সমাপ্তি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ফুটবলে এটি আমার জীবনের সবচেয়ে বড় হতাশার ঘটনা।’
  • গণমাধ্যমের স্বাধীনতা

    গত কয়েক বছরে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা যে আরও সংকুচিত হয়েছে, তা অনুধাবন করার জন্য বিদেশি পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষণের দিকে না তাকালেও চলে। এ দেশের গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিক থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী নাগরিক পর্যন্ত প্রত্যেকেই তা উপলব্ধি করছেন। তথাপি প্যারিসভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) সর্বসাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান আমলে নেওয়া প্রয়োজন।
    আরএসএফের প্রতিবেদন বলছে, গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশ গত এক বছরে দুই ধাপ নিচে নেমে গেছে। ১৮০টি দেশের মধ্যে ভালো থেকে খারাপের দিকে বাংলাদেশের অবস্থান এখন ১৪৬তম। আগের বছর আমাদের স্থান ছিল ১৪৪তম। একদিকে সরকারি তরফ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের, কিছু ওয়েবসাইট বন্ধ করে দেওয়া, অন্যদিকে ইসলামপন্থী জঙ্গিদের তরফ থেকে প্রত্যক্ষ-পরোক্ষ হুমকি বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার পরিবেশ সংকুচিত করেছে বলে আরএসএফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের প্রায় সব অঞ্চলে সংবাদকর্মীরা স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের পক্ষ থেকে ভয়ভীতি, এমনকি শারীরিক আক্রমণেরও শিকার হন। জঙ্গিরা কয়েক বছর ধরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাকটিভিস্ট ও ব্লগারদের হত্যা করে আসছে। তাদের পক্ষ থেকে হত্যার হুমকি স্বাধীন মতপ্রকাশের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করেছে এবং সার্বিকভাবে একটা ভীতির পরিবেশ কাজ করছে।
    কিন্তু গণমাধ্যম তথা স্বাধীন মতপ্রকাশের চর্চাকারী ব্যক্তিদের ওপর উগ্রপন্থীদের আক্রমণ ও হুমকি প্রদানের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেনি, বরং একধরনের নমনীয়তা প্রদর্শন করে এসেছে। এর ফলে গণমাধ্যমের স্বাধীনতাসহ স্বাধীন মতপ্রকাশের ওপর আক্রমণকারী ব্যক্তি ও গোষ্ঠীগুলো ‘সিস্টেম্যাটিক ইমপিউনিটি’ বা ব্যবস্থাগত দায়মুক্তি ভোগ করে আসছে।
    এই পরিস্থিতি দেশের সামগ্রিক মঙ্গলের প্রতিবন্ধক, কেননা এতে জাতির গণতান্ত্রিক বিকাশের পথ রুদ্ধ হয়। রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের পরিবেশে যখন সুশাসন, জবাবদিহি, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে, তখন গণমাধ্যমই জনগণের পক্ষে এসবের প্রধান রক্ষাকবচ হিসেবে ক্রিয়াশীল থাকে। জনগণের দেওয়া ম্যান্ডেট যখন ক্ষমতার অপব্যবহারে রূপান্তরিত হয় এবং এর বিরুদ্ধে রাজনৈতিক কোনো প্রতিরোধ থাকে না, তখন গণমাধ্যম সঠিক তথ্য প্রদান ও গঠনমূলক সমালোচনার দ্বারা শাসনযন্ত্রকে সঠিক পথে চলতে সহযোগিতা করে। সর্বোপরি, গণমাধ্যম গণতন্ত্র ও আইনের শাসন অটুট রাখার পক্ষে কাজ করে।
    সেই গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হলে জাতি ক্ষতিগ্রস্ত হয়। তাই সরকারের দায়িত্ব গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার অনুকূল পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখা। তার উল্টোটা নয়।

  • আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    জব ডেস্ক: লজিস্টিক অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে।

    পদের নাম: Logistics Officer
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ/বিএসসি/এমএ/এমএসসি/B.Com / M.Com /বিবিএ/এমবিএ ডিগ্রি।
    চাপের অধীনে কাজ করার ক্ষমতা থাকতে হবে।ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
    এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়েব ব্রাউজিং সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।বিভিন্ন দল, এজেন্ট এবং বিক্রয় পরিচালনার মধ্যে সরবরাহ ফাংশন সমন্বয় করতে হবে।

    অভিজ্ঞতা: ০১-০২ বছর।
    কর্মস্থল: ঢাকা।

    বেতন: আলোচনা সাপেক্ষে।

    আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর, ২০১৭

    আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা নিচের ইমেইলে সিভি পাঠাতে পারবেন।
    hr.almadinapharma@gmail.com

  • সেলস্ অফিসার পদে নিয়োগ

    ঢাকা: মাশরিফা ফুড প্রোডাক্টস লিঃ কনজ্যুমার, ব্ল্যাক এবং ড্রিকিং ওয়াটার প্রোডাক্ট বাজারজাত করতে কিছু সংখ্যক পরিশ্রমী, উদ্যমী, ও পরিপাটি পুরুষ জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে।

    পদের নাম: সেলস্ অফিসার

    নির্ধারিত এলাকার বাজেট ও উদ্দেশ্য অনুযায়ী বিক্রয়ের লক্ষ্য মাত্রা অর্জন করা।

    যোগ্যতাঃ যেকোনো বিষয়ে নূন্যতম এসএসসি/সমমান।ভাল সৃষ্টিশীল, কৌশলগত, বিশ্লেষণী ও নেতৃত্ব দক্ষতা এবং ইতিবাচক মানসিকতার অধিকারী।ভাল আন্তঃব্যক্তিগত দক্ষতা হতে হবে।কনজ্যুমার, ব্ল্যাক এবং ড্রিকিং ওয়াটার প্রোডাক্ট বাজারজাত করণের অভিজ্ঞতা থাকতে হবে।যেকোনো পরিস্থিতে প্রতিষ্ঠানের স্বার্থে স্বাধীনভাবে কাজ করার যোগ্যতা থাকতে হবে।মার্কেটের চাহিদা বুঝতে হবে এবং চাহিদা অনুযায়ী পণ্য বিক্রয়ের দক্ষতা থাকতে হবে।প্রতি দিনের সেল্স রিপোর্ট জমা দিতে হবে।নতুন ও ভালো ব্যবসায়ী/পরিবেশক নিয়োগ দানে পারদর্শী হতে হবে। কর্পোরেট সেলসে অভিজ্ঞতা থাকতে হবে।

    অভিজ্ঞতা: তিন বছর।
    কর্মস্থল: চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগ।
    বেতন: কোম্পানির পলিসি অনুযায়ী।

    আবেদনের শেষ তারিখ: ০৪ ডিসেম্বর, ২০১৭
    আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মাশরিফা ফুড প্রোডাক্টস্ লিঃ, মডেল শিল্প এলাকা ঈগল ষ্টার রোড, সলিমপুর,সীতাকুন্ড,চট্টগ্রাম,
    Mobile- 01777-797321,01835-036810,Hot Line No:-01755-660299
    E-mail: info@mashrifafoods.com
    E-mail: mashrifabd@yahoo.com