Blog

  • সারিন গ্যাস পূর্ণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম উত্তর কোরিয়া: জাপান

    সারিন গ্যাস পূর্ণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম উত্তর কোরিয়া: জাপান

    আর্ন্তজাতিক মহলের নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তাদের প্রত্যেকটি অস্ত্র বিষাক্ত সারিন গ্যাস দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করছে জাপান।

    শুধু তাই নয়, জাপানের দাবি অনুসারে, সারিন গ্যাস ভরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতাও রয়েছে উত্তর কোরিয়ার। আর যদি এ হামলা করা হয় তাহলে সারা বিশ্বে কোটি কোটি মানুষের মৃত্যু হবে বলেও জানিয়েছে দেশটির সামরিক পর্যবেক্ষক দল।

    প্রসঙ্গত, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সম্প্রতি দাবি করেন, উত্তর কোরিয়া যেকোনো দিন জাপানের ওপর সারিন গ্যাস হামলা চালাতে পারে।  আবে আরো বলেন, ‘আমরা সিরিয়া নিয়ে কথা বলছি।  অথচ, উত্তর কোরিয়ারও ক্ষমতা আছে, সারিন গ্যাস হামলা চালানোর। ‘

    এদিকে দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের অভিযোগ, ১৯৮০ সাল থেকে রাসায়নিক অস্ত্রভাণ্ডার মজুদ করছে পিয়ংইয়ং। সিউলের দাবি, বর্তমানে পিয়ংইয়ংয়ের কাছে ২৫০০ থেকে ৫০০০ টন রাসায়নিক অস্ত্র রয়েছে। ২০১২ সালের এছাড়া একটি প্রতিবেদনে আমেরিকা জানিয়েছিল, বহু দিন ধরে রাসায়নিক কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া। তাদের ভাণ্ডারে প্রাণঘাতী নার্ভ গ্যাস রয়েছে।

    উল্লেখ্য, সিরিয়ায় বিষাক্ত সারিন গ্যাস হামলার পর পরই উত্তর কোরিয়ার একটি উপদ্বীপের দিকে নৌবহর পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। যার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকেও পাল্টা হুমকি দিতে ছাড়েননি উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উন।

  • প্রধান বিচারপতির সঙ্গে কী কথা হলো কাদেরের

    প্রধান বিচারপতির সঙ্গে কী কথা হলো কাদেরের

    নিজস্ব প্রতিবেদক।।

    গতকাল দিনভর আলোচনায় ছিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক প্রসঙ্গ। রাজনৈতিকসহ সর্বমহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কী কথা হলো প্রধান বিচারপতির সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের? নৈশভোজে কী খেলেন ওবায়দুল কাদের? তাদের আলোচনা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ? নাকি সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ নিয়ে তাদের মধ্যে আলাপচারিতা হয়েছে।

    ইতিমধ্যে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আমরা শঙ্কিত হয়ে গেছি পত্রিকার খবর দেখে। সরকার রায় নিয়ে প্রধান বিচারপতির ওপর ‘চাপ সৃষ্টির চেষ্টা করছে’। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেছেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনায় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে অবজারভেশন ছিল তা নিয়ে পার্টির বক্তব্য তুলে ধরা হয়েছে। আলোচনা আরও হবে, আলোচনা শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চাই না। ’ গত শনিবার রাত ৮টার দিকে প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে নৈশভোজে অংশ নেন ওবায়দুল কাদের। নৈশভোজ ছাড়াও তাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা একান্তে বৈঠক হয়।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সাক্ষাতে ওবায়দুল কাদের প্রধান বিচারপতিকে জানিয়েছেন, এ রায় নিয়ে রাজনৈতিক মহলে অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা অনভিপ্রেত। রায়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হোক বা বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের মুখোমুখি অবস্থান সরকার চায় না। তাই রায়ে থাকা অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাদ দিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বিচার বিভাগের দায়িত্ব আছে। প্রধান বিচারপতিকে এ দায়িত্ব নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসন করতে অনুরোধ জানান ওবায়দুল কাদের। তবে প্রধান বিচারপতি তাত্ক্ষণিকভাবে তার কোনো অবস্থান ওবায়দুল কাদেরকে জানাননি।

    জানা গেছে, সাক্ষাতের অগ্রগতি সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন ওবায়দুল কাদের। গতকাল সকালে এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে ওবায়দুল কাদের বলেন, একেক পত্রিকা একেক রকম খবর লিখেছে। কেউ লিখেছে, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে গণভবনে গিয়েছি। আবার কেউ লিখেছে, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের আগে গণভবনে গিয়েছিলাম। আসলে আজ (গতকাল) দলীয় সভানেত্রীর সঙ্গে দেখা করলাম। কী কথা হয়েছে? এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বৈঠকের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর দুজন নেতা জানান, প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা আরও চলবে। আমরা মনে করি, আলোচনার মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসন হবে।

  • এবার সালমান শাহকে নিয়ে ছবি

    এবার সালমান শাহকে নিয়ে ছবি

    জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুর ২১ বছর পরও আলোচনার শীর্ষে তিনি। এবার কিংবদন্তি এই অভিনেতার জীবন ও কর্ম তুলে ধরা হবে ‘আমাদের সালমান শাহ’ নামের চলচ্চিত্রে।

    ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন।

    এ ব্যাপারে নির্মাতা জানান, বায়োগ্রাফিক্যাল ছবি না হলে এতে সালমানের জীবনসংশ্লিষ্ট অনেক ঘটনাই উঠে আসবে। রহস্যজনক মৃত্যু, তার স্ত্রী ও পরিবার এবং ক্যারিয়ারের জানা-অজানা গল্প তুলে ধরা হবে।
    তবে এই ছবিতে সালমান শাহর ভূমিকায় কে অভিনয় করবেন? এমন প্রশ্নের জবাবে মামুন জানান, সালমান শাহর আদর্শে বিশ্বাস করেন এবং তাকে হৃদয়ে লালন করেন এমন নায়ককেই খুঁজছেন তারা। জানা যায়, লাইভ টেকনোলিজিস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ‘আমাদের সালমান শাহ’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে।

    উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকায় ভাড়া বাসায় পাওয়া যায় অভিনেতা সালমান শাহর লাশ। ওই ঘটনায় সালমানের বাবা রমনা থানায় অপমৃত্যুর মামলা করেন। ২০০২ সালে মারা যান সালমান শাহর বাবা। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা সালমান শাহের বিউটিশিয়ান রাবেয়া সুলতানা রুবি বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন নীলা চৌধুরী।

    সম্প্রতি রুবির ফেসবুকে এক ভিডিও ফুটেজ নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। ওই ভিডিও ফুটেজে রুবি দাবি করেন- ‘আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের স্বীকার হয়েছিলেন সালমান শাহ’। একদিন পরেই আবার তিনি বিষয়টি অস্বীকার করেন।

  • বিটিভিতে মেঘ ও পরীর গল্পে রওনক-আলভী

    বিটিভিতে মেঘ ও পরীর গল্পে রওনক-আলভী

    বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে প্রচার হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘মেঘ ও পরীর গল্প’। এর রচনা করেছেন অহনা নাসরিন ও পরিচালনা করেছেন আলী সুজন। অহনা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটি আগামীকাল রোববার (১৩ আগস্ট) রাত ৯ টায় থেকে প্রচারে যাবে।

    নাটকটিতে একসঙ্গে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই তারকা রওনক হাসান ও লাক্স সুন্দরী আলভী। এছাড়া আরও আছেন ফজলুর রহমান বাবু, জয়রাজ, দীপা খন্দকার, রিফাত চৌধুরী, ফাহমিদা শারমিন, আফরোজা হোসেন, সাহেলা ইসলাম, এস এম কামরুল বাহার, সুমন আহমেদ বাবু, রফিক উল্লাহ সেলিম, অবিদ রেহান, মমর রুবেল, আমিন শিকদার, সোহেল রানা, শিশু শিল্পী মোহনা প্রমুখ।

    নাটকের গল্প সম্পর্কে পরিচালক সুজন বলেন, মেঘ কথা বলতে পারে না। তার চিকিৎসার জন্য গ্রামের ডাক্তারের পরামর্শে তার মা তাকে নিয়ে ঢাকা যায়। ঘটনাক্রমে তার মা স্মৃতি হারায় এবং মেঘ হারিয়ে যায়। অপরিচিত মেঘকে একজন সাংবাদিক পরী নাম দিয়ে নিজের কাছে রাখেন।

    এদিকে মেঘের মা স্মৃতি ফিরে পেয়ে মেঘকে খুঁজতে থাকে। মেঘের পরী হবার গল্পটা থেকে আবার মেঘ হয়ে বাবা-মায়ের কোলে ফেরার সংগ্রামই মেঘ ও পরীর গল্পের মূল উপজীব্য।

  • সালমান হত্যার বিচার না হলে আত্মহত্যার হুমকি

    সালমান হত্যার বিচার না হলে আত্মহত্যার হুমকি

    অমর নায়ক সালমান শাহের মৃত্যুজট নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে আমেরিকা প্রবাসী রুবির ভিডিও বার্তায়। তিনি বলেন, সালমান আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছিল। এই রুবি সালমান খুনের মামলায় ৭ নম্বর আসামি।

    রুবির ভিডিও বার্তার সূত্রে খুনিদের বিচারের দাবিতে ফুলে ফেঁপে উঠেছে সারাদেশের সালমান শাহের ভক্তরা। বিচারের দাবিতে যোগ হয়েছে একটি নারীর ভিডিও বার্তা। যদিও তার নাম-পরিচয় জানা যায়নি। চার মিনিটের ভিডিওটি শনিবার সকাল থেকেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    ওই নারী সালমান শাহের খুনিদের বিচারের দাবি তুলে বলেন, ‘সালমান শাহ মারা যাওয়ার পর (১৯৯৬) সারাদেশে ৪০ জনের বেশি ছেলেমেয়ে আত্মহত্যা করেছিল। এখন নতুন করে সালমান শাহের মৃত্যুর বিষয়টি পরিষ্কার হয়েছে। রুবি নামের মহিলা সব জানে কে বা কারা সালমান শাহকে খুন করেছে। সালমান শাহ হত্যার বিচার না হলে আমি আত্মহত্যা করব, এর দায় নেবে প্রধানমন্ত্রী। রুবির ভিডিওতে প্রমাণ হয় সালমান শাহকে খুন করা হয়েছে। বিচার না হলে আমি আত্মহত্যা করে প্রমাণ করব যে, সালমানের ভক্তরা এখনও পৃথিবীতে আছে।’

    তিনি বলেন, ‘শুধু আমি না, পুরো পৃথিবীর মানুষ সালমান শাহ হত্যার বিচার চায়। বেশি কিছু বলতে পারছি না। আমি খুব নার্ভাস ফিল করছি। মাননীন প্রধানমন্ত্রী আপনি এর বিচার করুন। আপনিও তো ভাই হারা, বাবা হারা। আপনি এই কষ্টটা করেন। সালমান শাহের শ্বশুর কীভাবে সালমানকে নিয়ে খারাপ কথা বলে? প্লিজ এর বিচার করুন।’

    ‘কেন সালমানের খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? কী অপরাধ ছিল আমাদের সালমানের? মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিচার করুন নইলে আমি যে কোনো মুহূর্তে মূআত্মহত্যা করব’- এই কথাও বলেন এই নারী।

    উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তখন এটিকে আত্মহত্যা বলা হলেও পরবর্তীতে বিভিন্ন আলামতে বোঝা যায়, সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। গেল সোমবার রুবি নামের এক আমেরিকা প্রবাসী নারী ফেসবুক লাইভে এসে জানান, সালমান শাহকে খুন করা হয়েছিল। তিনি সব জানেন। যদিও দুদিন পর রুবি সব অস্বীকার করেন।

    গত দুই দশকেও এই মামলার রহস্য উদঘাটন হয়নি। পুলিশ দুই দফা ময়নাতদন্ত করে একে আত্মহত্যাই বলেছিল। কিন্তু নারাজি আবেদন করেছে সালমান শাহের পরিবার। মামলাটির বিচার বিভাগীয় তদন্তও হয়েছিল। এখন মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ে রয়েছে।

  • ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

    ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

    মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

    আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন তারা।

    শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে। আগামীকাল রোববার (১৩ আগস্ট) থেকে নতুন এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে, গত ২৮ জুলাই সর্বশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।

    বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বনিম্ন ৫৮৪ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে প্রতিভরি ৪৮ হাজার ৬৩৮ টাকা। ২১ ক্যারেটে এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট মানের স্বর্ণের দাম এক হাজার ১৭৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১৮ ক্যারেট স্বর্ণের দাম এখন ৪০ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়াও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম ৫৮৪ টাকা বাড়িয়ে ২৬ হাজার ২৪৪ টাকা এবং ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম অপরিবর্তিত রেখে এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • উ. কোরিয়া যুক্তরাষ্ট্র বাকযুদ্ধে উদ্বিগ্ন বিশ্বনেতারা

    উ. কোরিয়া যুক্তরাষ্ট্র বাকযুদ্ধে উদ্বিগ্ন বিশ্বনেতারা

    কিমের দেশ উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। প্রশান্ত মহাসাগরের পার্শ্ববর্তী দ্বীপ গুয়ামে মাঝারি ধরনের চারটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিচ্ছে পিয়ংইয়ং। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর সামরিক হামলা চালানোর ব্যাপারে পিয়ংইয়ংকে সতর্ক করে দিয়েছেন।

    দেশ দু’টির মধ্যে চলমান কথার লড়াইয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনেতারা। কথার এই লড়াই পরিস্থিতিকে আরও অশান্ত করে তুলবে বলে অাশঙ্কা প্রকাশ করেছেন তারা। তারপরেও কোনো পক্ষের দিক থেকেই ক্ষান্ত হওয়ার আলামত মিলছে না।

    এর আগে ট্রাম্প দাবি করেন, মার্কিন সেনাবাহিনী গুলি ভরা বন্দুকের মতই সতর্ক রয়েছে। ট্রাম্পের ওই বক্তব্যে শোরগোল পড়ে যায়। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া অভিযোগ করে প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতিকে একটি পারমানবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।

    ট্রাম্প এবার নিউই জার্সিতে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, তিনি তার আগের ওই বক্তব্যে এখনও অটল রয়েছেন। তিনি আরও বলেন, খুব সতর্কতার সঙ্গে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। আমার কথার মাধ্যমে পরিস্থিতির গুরুত্ব সম্পূর্ণ রূপে উত্তর কোরিয়া অনুধাবন করতে পেরেছে বলেই মনে হয়। আমার ওপর আস্থা রাখুন। এই লোক (কিম) যা করছে, তাতে তিনি পার পাবেন না।

    দেশ দুটির নেতাদের কথার লড়াইয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের শক্তিশালী দেশগুলোর নেতারা। রাশিয়ার ধারণা, কথার লড়াইয়ের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলছেন, পরিস্থিতি যখন এমন হয়ে যায় যে যেকোনো সময় পারমাণবিক হামলা হবে, সেরকম পরিস্থিতিতে অামার মনে হয় পরিস্থিতি শান্ত করার প্রথম উদ্যোগটা শক্তিশালী এবং চটপটে পক্ষকেই নিতে হবে।

    ল্যাভরভের এই ইঙ্গিত যে যুক্তরাষ্ট্রের দিকে তা আর বলার অপেক্ষা রাখে না। কথার এই লড়াইকে একেবারেই ভুল হিসেবে দেখছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। এদিকে চীন জানিয়েছে, উভয় পক্ষই যেন শব্দ এবং বাক্য চয়নের ব্যাপারে সতর্ক হয়। বিবিসি বাংলা।

  • বিয়ের বয়স পেরিয়ে গেছে ৪০ লাখ সৌদি তরুণীর

    বিয়ের বয়স পেরিয়ে গেছে ৪০ লাখ সৌদি তরুণীর

    সৌদি আরবে ৪০ লাখ তরুণীর বিয়ের বয়স পেরিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় সময় কাটছে তাদের পরিবারের সদস্যদের। মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দেশটির অনেক পরিবারই উদ্বিগ্ন। শনিবার দেশটির জাতীয় দৈনিক আল-রিয়াদ এক পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, ২০১৫ সালে সৌদি আরবে বিয়ের বয়স পার হয়েছে এমন তরুণীর সংখ্যা ৪০ লাখে পৌঁছেছে। দেশটির সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলোর মধ্যে তরুণীদের বিয়ের বয়স পেরিয়ে যাওয়া অন্যতম একটি। ক্রমবর্ধমান হারে অবিবাহিত তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে।

     ইমাম ডা. আহমেদ আলবো আলী বলেন, ৩০ বছরের বেশি বয়সের দুই তৃতীয়াংশ সৌদি তরুণী গত দশ বছরে বিয়ে করেননি 

    দেশটির আল-আশা সিটির একটি মসজিদের ইমাম ডা. আহমেদ আলবো আলী বলেন, বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে গেছে এমন নারীর সংখ্যা ২০০৫ সালে ১৫ লাখ ছিল। ২০১৫ সালে এই সংখ্যা লাফিয়ে ৪০ লাখে পৌঁছেছে। এর মানে হচ্ছে, ৩০ বছরের বেশি বয়সের দুই-তৃতীয়াংশ সৌদি তরুণী গত ১০ বছরে বিয়ে করেননি।

    তিনি বলেন, ‘বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের পূর্ণ অধিকার দিয়েছে ইসলাম; তারা চাইলে আবার বিয়ে করতে পারেন। দুর্ভাগ্যবশত অনেক পুরুষই এমন মেয়েকে বিয়ে করতে চান; যার আগে বিয়ে হয়নি। ফলে বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীরা পুনরায় বিয়ের সুযোগ পাচ্ছেন না। এ কারণেই সৌদি বিয়ের বয়স পেরিয়ে যাওয়া নারীদের সংখ্যা বেড়েছে এবং ক্রমবর্ধমান হারে বাড়ছে।’

    ‘বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারীদের কোনো অপরাধ নেই। অনেক ক্ষেত্রে প্রথম বিয়ে যারা করেননি তাদের চেয়ে বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারীদের মধ্যে বিয়ে সম্পর্কে সচেতনতার মাত্রা অনেক ভালো। অনেক তালাকপ্রাপ্ত নারী আবার বিয়ে করেছেন এবং এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।’

    আল-উইয়ুন সিটি পরিবার উন্নয়ন কেন্দ্রের পরিচালক মুহাম্মদ আল-সালিম বলেন, আরব সমাজে তালাকপ্রাপ্ত নারীদেরকে ভিন্নভাবে দেখা হয়; সামাজিক কুসংস্কারও আছে। তালাকপ্রাপ্ত নারীদের সঙ্গে সামাজিক কলঙ্ক লেপে দেয়া হয়। ঘর ভেঙে যাওয়ায় অনেকেই তালাকপ্রাপ্ত নারীদেরকে দোষারোপ করেন এবং তাদের সম্পর্কে বাজে চিন্তা-ভাবনাও করা হয়।

  • হজ ফ্লাইট নিয়ে বিপাকে বিমান

    নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত হজযাত্রী পরিবহনে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ব্যর্থতার শঙ্কা দেখা দিয়েছে। শুরু থেকে হজযাত্রী পরিবহনে নানা সমস্যায় শেষ পর্যন্ত অন্তত কয়েক হাজার হজযাত্রী পরিবহন করা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে এবার হজ ফ্লাইট নিয়ে অনেকটাই বিপাকে পড়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান।

    সূত্র জানায়, নির্দিষ্ট ৩৪ দিনের মধ্যে মোট ৬৩ হাজার ৫৯৯ জন (ব্যালটি ও নন-ব্যালটি) হজযাত্রী পরিবহন করার কথা রয়েছে বিমানের। কিন্তু গত ২০ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে মাত্র ২৭ হাজার ৪ জন হজযাত্রী। হাতে আর সময় রয়েছে মাত্র ১৪ দিন।

    এই ১৪ দিনে বাকি ৩৬ হাজার ৫৯৫ জন হজযাত্রী পরিবহন করতে হবে বিমানকে। যা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্য নুরুল আমিন হাওলাদার।

    তিনি বলেন, এ অবস্থায় বিমানের হাতে কোনো পরিকল্পনা নেই। আর বিশেষ কোনো ব্যবস্থা না করা গেলে এবার টার্গেটের অর্ধেক হজযাত্রী পরিবহন করতে পারবে না রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান। ফলে এরইমধ্যে ১০ হাজারের মতো হজযাত্রীর এবারের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু এর দায় নিতে চাচ্ছে না সংশ্লিষ্ট কোনো সংস্থা।

    খোঁজ নিয়ে জানা গেছে, অতিরিক্ত মুনাফালোভী এজেন্সি মালিকদের কারসাজি এবার হজ ব্যবস্থাপনাকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। ইতোমধ্যে বাতিল হওয়া ফ্লাইটগুলোর আটকা পড়া হাজার হাজার হজযাত্রীর ফ্লাইট দেওয়ার বিষয়ে সন্দিহান হয়ে পড়েছে স্বয়ং বিমান কর্তৃপক্ষ। বিশৃঙ্খল পরিস্থিতির কারণ হিসেবে এতদিন ভিসা জটিলতার কথা বলা হলেও এখন স্পষ্ট ও ভিন্ন ধারণা পাওয়া যাচ্ছে।

    এদিকে, মোয়াল্লেম ফি ও বাড়ি ভাড়া অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ এজেন্সি এখন পর্যন্ত বাড়ি ভাড়া করেননি। শেষদিকে এসে চেষ্টা করলে কম টাকায় বাড়ি ভাড়া করা যাবে, এমন আশায় বসেছিলেন অধিকাংশ এজেন্সি মালিক। যে কারণে প্রথমদিকে কনফার্ম করা টিকিট বাতিল করা হয়েছে। কারণ বাড়ি ভাড়া না করে হজযাত্রী পাঠানোর কোনো সুযোগ নেই।

    জানা গেছে, যেসব হজযাত্রীদের কারণে বিমানের ২১টি ফ্লাইট বাতিল করতে হয়েছে তাদের সবার ভিসা রয়েছে। কিন্তু অসাধু এজেন্সি মালিকরা বাড়ি ভাড়া না করায় এসব হজযাত্রীদের পাঠাতে পারছে না। বাস্তবতা এমন হলেও সমাধানে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না ধর্ম মন্ত্রণালয় থেকে।

    এ বিষয়ে হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি খারাপ আমরা সবাই জানি। তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।

    এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএম মোসাদ্দিক আহমেদ বলেন, বিমান এ বছর খুবই পরিকল্পিতভাবে হজ ফ্লাইটের সিডিউল তৈরি করেছে। হজযাত্রী পরিবহনে এরইমধ্যে বিমানের বহরে নিজস্ব ৪১৯ আসনের সুপরিসর বোয়িং৭৭৭ উড়োজাহাজ রয়েছে। এছাড়া লিজে আনা ৪০৬ আসনের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজে হজযাত্রী পরিবহন করা হচ্ছে।

    বর্তমান পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি জটিল, তবে চেষ্টা করলে ওভারকাম সম্ভব। হজযাত্রী পেলে বিমান তাদের পরিবহন করতে পারবে। অতিরিক্ত ফ্লাইটের জন্যে আমরা স্লট পেয়েছি, আরও পাব বলে আশা করছি।

    বর্তমান সংকট নিয়ে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। সবাই মিলে চেষ্টা চলছে। এই পরিস্থিতি থেকে যেকোনোভাবে উত্তরণ প্রয়োজন।

    এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

  • পিরোজপুরে স্কুলছাত্রীর মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ

    পিরোজপুরে স্কুলছাত্রীর মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ

    পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীর মুখে ও গলায় গামছা পেঁচিয়ে ধর্ষণ করেছে স্থানীয় বখাটে এক যুবক। শনিবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ পোরগোলা গ্রামে এ ঘটনা ঘটে। মামলা শেষে রাতে ধর্ষিতাকে সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

    পুলিশ অভিযুক্ত আসামি আমজেদ সরদারের ছেলে সাইদুল সরদারকে (২৮) গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। ধর্ষিতা স্থানীয় কদমতলা গালর্স হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।

    ধর্ষিতার মা জানান, স্কুলের মধ্যাহ্ন বিরতির সময় তার মেয়ে বৃষ্টিতে ভিজে বাড়িতে গিয়ে পুকুরে হাত-পা ধৌত করছিল। এসময় হঠাৎ করেই প্রতিবেশী বখাটে সাইদুল তার মুখে ও গলায় গামছা পেঁচিয়ে পাশের একটি বাগানে নিয়ে যায়। এসময় মেয়েটি নরপশুর হাত থেকে আত্মরক্ষার জন্য ছটফট করলে তার ওপর চালায় অমানুষিক নির্যাতন। একপর্যায় সে ঝিমিয়ে পরলে তার ওপর চলে নরপশুর নগ্ন থাবা। বৃষ্টি কমলে বাড়ির লোকজন পুকুর ঘাটে এসে মেয়েটিকে পড়ে থাকতে দেখে।

    ধর্ষিতার বাবা হুমায়ূন কবির শেখ জানান, আমার বোন ফিরোজা বেগম আমাদের বাড়িতে থাকে। সে পুকুর পাড়ে গেলে মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের ডাক দেয়। এরপর মেয়েকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি।

    পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক শিশির রঞ্জন অধিকারী জানান, রোববার কিশোরীর ডাক্তারি পরীক্ষা হবে।

    কদমতলা ইউনিয়ন চেয়ারম্যান হানিফ খান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম সাহা হাসপাতালে এসে ধর্ষিতার খোঁজ খবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, আসামি গ্রেফতারে সব ধরনের প্রস্তুতি রয়েছে।