Blog

  • ১০১ বছর বয়সী বাবা‌কে মারধর কর‌ল ৪ ছে‌লে

    ১০১ বছর বয়সী বাবা‌কে মারধর কর‌ল ৪ ছে‌লে

    কাঁদতে কাঁদতে ১০১ বছরের মো. জামিরুদ্দিন শেখ জানালেন আল্লাহ এত্ত মানুষেরে নিয়া যায় আমারে ক্যান নিয়া যায় না।

    তিনি জানান, ৫২ বিঘা সম্পত্তি থাকার পরও তার ৫ ছেলের মধ্যে ৪ ছেলের হাতেই মার খাচ্ছেন প্রতিনিয়ত। বড় ছেলে সাহেব আলী তাকে দুই বার মেরেছে, সেজ ছেলে আইয়ুব আলীও তাকে দুই বার মেরেছে, তৃতীয় ছেলে আলতাফ তাকে মেরেছে ৩ বার আর সর্ব কনিষ্ঠ ছেলে মশিয়ার তাকে মেরেছে দুই বার। বেশ কিছুদিন ছিলেন মেজ ছেলের সঙ্গে। কিন্তু ছেলের বৌ অভিযোগ তুলে বলে যখন কেউ তাকে খেতে দেয় না, তখন আমরাও তাকে খেতে দেব না। এই বলে বাড়ি থেকে বের করে দেয়।

    তিনি আবারও অঝরে কাঁদতে থাকেন। একটু স্বাভাবিক হয়ে আবার বলতে শুরু করেন জীবনের করুন কাহিনী। তিনি জানান, মেজ ছেলের বাড়ি থেকে বের হয়ে সোজা চলে গেলেন বৃদ্ধাশ্রমে। সেখানে ছিলেন প্রায় দুই মাস। সেখান থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে আসেন বড় ছেলের মেয়ে ও তার জামাই। আবার বড় ছেলের বাড়িতে রেখে আসে তারা। এখন কেউ তার সঙ্গে কোনো কথা বলে না। আর বিভিন্ন অছিলায় আমার উপর চলে শারীরিক নির্যাতন।

    শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গণি জানান, মৃত মাদু শেখের ছেলে মো. জামিরুদ্দিন শেখ। জন্ম ১০ অক্টোবর ১৯১৭ সালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিপ্র-বগদিয়া গ্রামে। ৫ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। জামিরুদ্দিন অভিযোগ এনেছেন, অসুস্থতার সুযোগে ৫২ বিঘা সম্পত্তি জোর করে লিখে নিয়েছেন ছেলেরা। আবার শারীরিক নির্যাতনও করছে প্রতিনিয়ত। এরপর নিজের জমি উদ্ধারের জন্য আদালতে মামলা করেন।

    জেলা প্রশাসক মো. জাকির হোসেন জানান, তার কাছেও এসেছিলেন জামিরুদ্দিন শেখ। তার করুন কাহিনী শুনে তিনি শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেয়ার। দোষীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

  • আন্তর্জাতিক যুব দিবস যুব সংলাপে বক্তারা – শান্তি প্রতিষ্ঠায় যুবশক্তি, কর্মসংস্থানে দারিদ্র্যমুক্তি

    আন্তর্জাতিক যুব দিবস যুব সংলাপে বক্তারা – শান্তি প্রতিষ্ঠায় যুবশক্তি, কর্মসংস্থানে দারিদ্র্যমুক্তি

    যুবরাই দেশের বর্তমান ও ভবিষ্যৎ। যুবদের হাত ধরেই বাংলাদেশ শিল্প, সংস্কৃতি, অর্থনীতি সব দিকে এগিয়ে যাচ্ছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ  সকল ক্ষেত্রে যুবদের অবদান রয়েছে। দেশের অগ্রগতি তাঁদের হাত ধরেই হবে। বেকারত্ব দূর করে যুবদের একটি শক্তিশালী সম্পদ হিসেবে ব্যবহার করতে পারলে তা দেশ ও জাতির জন্য হবে মঙ্গলজনক।

     

    আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে আয়োজিত যুব সংলাপে অংশ নিয়ে বক্তারা এ কথা বলেন। অক্সফামের সহযোগিতায় বাকেরগঞ্জ অডিটরিয়ামে এই যুব সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন । এতে অতিথি হিসেবে প্যানেল আলোচক ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার  মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী অফিসার মো: জয়নুল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএম ফারুক, অক্সফাম  বাংলাদেশের এম্পাওয়ার ইয়্যুথ ফর ওয়ার্ক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জলিনূর হক প্রমুখ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি মো: শহিদুল ইসলাম (স্বজন), সাংবাদিকখান মো: সেলিম । স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশন এর  এম্পাওয়ার ইয়্যুথ ফর ওয়ার্ক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান । জেলা যুব উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের প্রধান নির্বাহী সোহানুর রহমানের  সঞ্চালনায় প্রশ্ন উত্তর ও সংলাপ পর্বে বাকেরগঞ্জ পৌরসভার মেয়র জনাব, লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: জয়নুল আবেদীন যুবদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর প্রদান করেন । মেয়র  বলেন, ‘তরুণদের হাত ধরে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। এখন আমরা ভিশন ২০২১-এর স্বপ্ন দেখছি। পদ্মা সেতু হয়ে গেলে এ এলাকা মিনি সিঙ্গাপুর হয়ে যাবে। তাই এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যুবসমাজকে দায়িত্ব নিতে হবে। আমাদের স্বপ্ন ২০৪১ সালে উন্নত দেশের পর্যায়ে পৌঁছানো।’ উপজেলা নির্বাহী অফিসার  বলেন, ‘বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতির পেছনে রয়েছে যুবসমাজের অবদান। তাঁদের হাত ধরে বাংলাদেশ আগামী দিনে উন্নত দেশে পরিণত হবে। তাই তাদের যোগ্য ও কর্মক্ষম করে গড়ে তোলার কোন বিকল্প নেই’।  আলোচনায় অংশ নিয়ে তরুণদের অণুপ্রাণিত করেন বরিশাল জেলা উইম্যান চেম্বার অব কর্মাসের এর সভাপতি ও সফল নারী উদ্যেক্তা ‘জয়ীতা’ বিলকিস আহম্মেদ লিলি ও তরুন উদ্যোক্তা সফল আত্বকর্মী  মো: আরিফুর রহমান। আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের  বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বাকেরগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তরুনদের প্রত্যাশা বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন, সফল উদ্যোক্তাদের  সাফল্যগাথা উপস্থাপন, স্থানীয় নীতিনির্ধারকদের  সাথে যুবদের  স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর ও সংলাপ।  এম্পাওয়ার ইয়্যুথ ফর ওয়ার্ক প্রকল্পের আওতায় বাকেরগঞ্জ উপজেলার ১৫-২৯ বছর বয়সী প্রায় ১৫০ জন তরুন তরুণী এতে অংশ নেন। মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সংগঠক য্বুায়ের ইসলাম, ম্পাওয়ার ইয়্যুথ ফর ওয়ার্ক প্রকল্পের টেকনিক্যাল অফিসার শোয়েব আহমেদ প্রমুথ। 

  • মরণোত্তর চক্ষুদান করবেন সানজিদা তন্ময়

    মরণোত্তর চক্ষুদান করবেন সানজিদা তন্ময়

    অভিনেত্রী সানজিদা তন্ময় মরণোত্তর চক্ষুদান করবেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল অধিভুক্ত সন্ধানী আন্তর্জাতিক চক্ষুব্যাংকে গিয়ে মৃত্যুর পর নিজের দু’চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    মূলত দেশের অন্ধত্ব দূর করতে সানজিদা তন্ময় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। স্বেচ্ছায় চক্ষুদান প্রসঙ্গে সানজিদা তন্ময় বলেন, ‘আমি এর আগে তিনবার স্বেচ্ছায় রক্তদান করেছি। আর মৃত্যুর পর স্বেচ্ছায় চোখ দান করব এই সিদ্ধান্ত অনেক আগে থেকেই ভাবছিলাম।’

    ‘বাপজানের বায়োস্কোপ’ ছবির এই নায়িকা বলেন, ‘বাবা-মা এবং আমার স্বামীর অনুমতি নিয়েই চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছি। আমি অনেক বড়লোক নই। তাই বেশি টাকা-পয়সা দিয়ে মানুষকে সাহায্য করতে পারব না। আমার মনে হয়েছে আমি মারা গেলে আমার চোখ দিয়ে আরেকজন মানুষ দুনিয়াটা দেখতে পাবে। তার মাধ্যমেই আমার চোখ দুটো বেঁচে থাকবে।’

    এই ভিট তারকা মনে করেন, মানুষ অবিনশ্বর নয়। তাকে আজ হোক কিংবা কাল, থামতেই হবে। মৃত্যুর পর তার দুটি চোখ দিয়ে যদি কেউ এই সুন্দর পৃথিবীটা দেখতে পারে তবে কেন নয়! তাই তন্ময় মরণোত্তর চক্ষুদান করার সিদ্ধান্ত নিয়েছেন।

    ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন সানজিদা তন্ময়। নাটক-বিজ্ঞাপন ছাপিয়ে তন্ময় কাজ করেছেন চলচ্চিত্রেও। তার অভিনীত বাপজানের বায়োস্কোপ, শূন্য ও শেষ চুম্বন এই তিনটি ছবি মুক্তি পেয়েছে। বর্তমানে তন্ময় ব্যস্ত আছেন ঈদ নাটকের শুটিং নিয়ে।

  • ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদে বদলি

    ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদে বদলি

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদে চারজনকে বদলি করা হয়েছে। ডিএমপি সদর দফতরের উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মহা. আশরাফুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

    বদলিকৃতরা হলেন- লাইনওআর পুলিশ পরিদর্শক (নি.) মো. মিরাজ হোসেন মাতুব্বরকে গোয়েন্দা-উত্তর বিভাগ, লাইনওআর পুলিশ পরিদর্শক (নি.) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীকে গোয়েন্দা দক্ষিণ বিভাগ, লাইনওআর পুলিশ পরিদর্শক (নি.) মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়াকে গোয়েন্দা পশ্চিম বিভাগ ও লাইনওআর পুলিশ পরিদর্শক (নি.) মো. আব্দুল মতিনকে গোয়েন্দা পশ্চিম বিভাগ ঢাকায় বদলি করা হয়েছে।

  • পুতিনকে ট্রাম্পের ধন্যবাদ

    পুতিনকে ট্রাম্পের ধন্যবাদ

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭৫৫ মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দেয়ার ঘটনাকে কেন্দ্র করেই পুতিনকে ধন্যবাদ দিয়েছেন ট্রাম্প।

    ট্রাম্প বলেছেন, রাশিয়া থেকে মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করায় তিনি পুতিনের ওপর খুবই কৃতজ্ঞ। পুতিনের এমন সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র সরকারের খরচ কমেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

    ট্রাম্প আরো বলেন, ওই ৭৭৫ মার্কিন কূটনীতিক এবং প্রযুক্তি কর্মীর রাশিয়ায় কাজ করে যাওয়ার কোনো কারণই তিনি দেখতে পাচ্ছেন না।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। কারণ আমরা সরকারের খরচ কমানোর চেষ্টা করছিলাম। বহু সংখ্যক মানুষকে বহিষ্কার করায় তাকে অনেক ধন্যবাদ।

    তিনি আরো বলেন, তার এমন সিদ্ধান্তের কারণেই এখন আমাদের খরচ অনেক কমে গেল। তাদের পুণরায় রাশিয়ায় ফিরে যাওয়ার আসলেই আর কোনো কারণ নেই। আমি সত্যিই এই ঘটনাকে স্বাগত জানাই। এখন আমরা অনেক বেশি অর্থ সঞ্চয় করতে পারব।

    তবে ট্রাম্প কি সত্যিই এটা পুতিনের প্রশংসা করে বলেছেন নাকি তিনি মজা করেছেন তা পরিস্কার নয়।

  • উ. কোরিয়া আগে হামলা চালালে নিরপেক্ষ থাকবে চীন

    উ. কোরিয়া আগে হামলা চালালে নিরপেক্ষ থাকবে চীন

    চলমান অস্থিরতার মধ্যে উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্রে আগে হামলা চালায়, তাহলে বেইজিং নিরপেক্ষ থাকবে বলে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র জানিয়েছে। উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যে মরণখেলা শুরু করতে যাচ্ছে তাতে চলমান পরিস্থিতি একটা যুদ্ধের দিকে ধাবিত হওয়ার আন্দাজ করে শুক্রবার ‘দ্য ন্যাশনালিস্টিক গ্লোবাল টাইমস’ ট্যাবলয়েডে লেখা সম্পাদকীয়তে এ ধরনের মন্তব্য করা হয়।

    ওই সম্পাদকীয়তে আরও উল্লেখ করা হয়, চীনকে অবশ্যই এটা পরিষ্কার করতে হবে যে, যদি যুক্তরাষ্ট্রের মাটিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আগে আঘাত হানে এবং তারপর যুক্তরাষ্ট্র প্রতিশোধ নেয়, তাহলে চীন নিরপক্ষে থাকবে।

    তবে এ কথাও বলা হয়, যদি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে উত্তর কোরিয়ার উপর আঘাত হানে এবং কোরীয় দ্বীপের রাজনৈতিক পরিস্থিতি বদলে দেয়ার চেষ্টা করে, তাহলে চীন তাদের বাধা দেবে।

    সম্প্রতি উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানোর হুমকির মধ্যেই চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকার সম্পাদকীয়তে এ ধরনের মন্তব্য করা হল।

    যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির অবস্থানস্থল প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে চারটি মাঝারি ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। তবে চীনের দাবি, একমাত্র রাজনৈতিকভাবে আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান করা সম্ভব।

    বেইজিং থেকে আল জাজিরার আদ্রিয়ান ব্রাউন জানান, সম্পাদকীয়তে কিন্তু বলা হচ্ছে যে, যুক্তরাষ্ট্র যদি কাউকে সঙ্গে নিয়ে কোরীয় দ্বীপে হামলা চালিয়ে রাজনৈতিক পট পরিবর্তন করে দেয়, তাহলে চীন চুপ করে বসে থাকবে না। কিন্তু বেইজিং ঠিক কী করবে তা স্পষ্ট করে বলা হয়নি।

    তিনি আরও বলেন, বর্তমানে উত্তর কোরিয়ার একমাত্র মিত্র রাষ্ট্র চীন। কিন্তু জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার বিপক্ষে রয়েছে বেইজিং। এতে করে বুঝতে কষ্ট হয় না, সীসা, লোহা, কয়লা এবং খাদ্যসামগ্রী উত্তর কোরিয়ায় রফতানি করবে না চীন।

    তবে কিছুদিন আগে রয়টার্সের প্রতিনিধি উত্তর কোরিয়া ঘুরে যাওয়ার পর এক প্রতিবেদনে উল্লেখ করেন, বাইরের দেশের ওপর নির্ভর না করে নিজেদের দেশেই খাদ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন করছে দেশটি। এতে করে চীন খাবারের প্রতি তাদের আর নির্ভরশীল থাকার কথা নয়।

    সম্প্রতি উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হওয়ারও দাবি করেছে। গুয়াম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো রকেট ওই অঞ্চলে আঘাত হানতে মাত্র ১৪ মিনিট সময় লাগবে। একমাসের মধ্যেই সেই হামলা চালানোর কথা বলছে পিয়ংইয়ং। এখন দেখার বিষয় শেষাবধি কী ঘটে।

    সূত্র : আল জাজিরা

  • পাওলো দিবালার স্বপ্নপূরণ

    পাওলো দিবালার স্বপ্নপূরণ

    বছর দুয়েক আগে পালেরমো থেকে জুভেন্তাসে পাড়ি জমান পাওলো দিবালা। ইতালিয়ান জায়ান্ট ক্লাবটিতে নিজের অবস্থান বেশ শক্ত করে ফেলেছেন। দলটির আক্রমণভাগের অন্যতম ভরসা তিনি।

    এবার একটি স্বপ্নপূরণ হলো দিবালার। জুভেন্তাসের ‘১০ নম্বর’ জার্সি পেয়েছেন তিনি। দুর্দান্ত পারফর্ম করার ফলই পেয়েছেন এই আর্জেন্টাইন। আগের মৌসুমে ২১ নম্বর জার্সি পরে খেলেছিলেন দিবালা।

    জুভদের ১০ নম্বর জার্সি পরা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিবালা। লিখেছেন, ‘১০ নম্বর জার্সিটা বিশেষ কিছু। এটা পরতে পারাটা সম্মানের ব্যাপার। অনেক বড় দায়িত্বও। জুভেন্তাসের মতো গ্রেট ক্লাবের ইতিহাস বয়ে বেড়ানো। জুভেন্তাসের অনেক চ্যাম্পিয়ন ফুটবলাররা এই জার্সি পরে খেলতেন। বিশেষ করে, আলেসান্দ্রো পিরলো, কার্লোস তেভেজ, রবার্তো বাজ্জিও, মিশেল প্লাতিনি, ওমর সিভোরি ও পল পগবারা এই জার্সি গায়ে জড়িয়েছিলেন।’

    ‘আজ দশ নম্বর জার্সি পাওয়ায় আমার স্বপ্নপূরণ হলো। শুধু শৈশবের স্বপ্নই পূরণ হয়নি, পাশাপাশি প্রত্যেকটি ম্যাচ, প্রতিযোগিতা ও শিরোপা জয়ের দায়বদ্ধতাও বেড়ে গেল।’- যোগ করেন দিবালা।

  • ‘মেসি-রোনালদোর পর্যায়ে যাবে নেইমার’

    ‘মেসি-রোনালদোর পর্যায়ে যাবে নেইমার’

    গত নয়টি বছর বর্ষসেরা ফুটবলারের লড়াইটা চলছে দুজনের মধ্যেই। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। গ্রহের অন্যতম সেরা দুই ফুটবলারই ভাগাভাগি করে নিচ্ছেন ব্যালন ডি’অর পুরস্কার।

    এই দ্বৈরথ আর কত চলবে? মেসি-রোনালদোর আধিপত্য খর্ব হবে কার ধরে? এমন প্রশ্নই বিরাজ করছে ফুটবল দুনিয়ায়। অনেকেই মনে করেন, এক্ষেত্রে নেইমারই যোগ্য প্রতিদ্বন্দ্বী। ব্রাজিল কোচ তিতেও দিলেন সেই ইঙ্গিত।

    ব্রাজিলিয়ান এই কোচ জানালেন, ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে মেসি-রোনালদোর সঙ্গে লড়বেন নেইমার। মেসি-রোনালদোর পর্যায়ে যাবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমার নিজেকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়।

    ব্যালন ডি’অরের লড়াই নিয়ে তিতে বলেন, ‘এক্ষেত্রে (ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে) লড়াইটা হবে তিনজনের : ক্রিশ্চিয়ানো, মেসি ও নেইমারের। ক্রিশ্চিয়ানো ও মেসি ভিন্ন প্রজন্মের। নেইমার তাদের পর্যায়ে যাবে। এটা অবশ্য তার পারফরম্যান্সের ওপর নির্ভর করে। সে মেসির সঙ্গে খেলছে কিনা, সেটা কোনো বিষয় না!’

  • কুমিল্লায় বাটলারকে সঙ্গী পেলেন তামিম

    কুমিল্লায় বাটলারকে সঙ্গী পেলেন তামিম

    ক্রিকেট বিশ্বে মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত জস বাটলার। ইংল্যান্ড জাতীয় দলে খেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে। টি-টোয়েন্টির আদর্শ ক্রিকেটার তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে সেই বাটলারকে সঙ্গী হিসেবে পেলেন তামিম ইকবাল।

    তবে এটা নতুন খবর নয়। কয়েকদিন আগেই (৬ আগস্ট) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে দেয়া হয়। আজ ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবর, প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন বাটলার।

    ইংলিশ এই উইকেটরক্ষকে দলে ভেড়াতে কুমিল্লা খরচ করেছে ২ লাখ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। বাটলারকে নাকি চেয়েছিল বেশ কয়েকটি দল। অর্থের পরিমাণ বাড়িয়ে বাটলারকে কিনে নিয়েছে কুমিল্লা।

  • ভারত থেকে আমদানিকৃত চাল পৌঁছেছে মোংলা বন্দরে

    ভারত থেকে আমদানিকৃত চাল পৌঁছেছে মোংলা বন্দরে

    দীর্ঘ আট বছর পর শুক্রবার দুপুরে ৪ হাজার ৭শ মেট্টিক টন চাল নিয়ে ভিয়েতনামের পতাকাবাহী এমভি ‘ডং আন কুইন’ জাহাজটি মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় ভিড়েছে।

    দুর্যোগ ও আপদকালীন সংকট মোকাবেলায় এবং চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে সরকার এই চাল আমদানি করে। সেই চালানের অংশ হিসেবে শুক্রবার দুপুরে প্রথম দফায় প্রায় ৪ হাজার ৭শ মেট্টিক টন চাল নিয়ে ওই বিদেশি জাহাজ এখন মোংলা বন্দরে অবস্থান করছে।

    সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, আমদানিকৃত চালের গুণগতমান পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার দিবাগত রাতে চাল খালাস করা হতে পারে। ইতোমধ্যে প্রাথমিকভাবে আমদানিকৃত চালের গুণগতমান দেখে খাদ্য বিভাগসহ সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।

    খাদ্য বিভাগ ও মোংলা বন্দর সংশ্লিষ্টরা জানায়, দেশের চলমান দুর্যোগে খাদ্য সংকট মোকাবেলায় সরকারিভাবে ভিয়েতনাম থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার মেট্টিক টন এবং ভারত থেকে প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার মেট্টিক টন চাল আমদানির চুক্তি হয়। সম্প্রতি চুক্তি হওয়া ভারতীয় চালের প্রায় ৪ হাজার ৭শ মে: টন চাল নিয়ে গত বুধবার (৯ আগস্ট) মোংলা বন্দরে ভিড়ে ভিয়েতনামের পতাকাবাহী জাহাজ এমভি ‘ডং আন কুইন’।

    গত ৭ আগস্ট ভারতের কলকাতা বন্দর থেকে এ চাল বোঝাই করে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশি ওই জাহাজটি। ইতোমধ্যে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তরা বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় আমদানিকৃত চালবাহী জাহাজ পরিদর্শন ও চালের নমুনা সংগ্রহ করেছেন। জাহাজটিতে প্রায় ৯৪ হাজার ২০ ব্যাগ চাল রয়েছে। প্রত্যেকটি পলি ব্যাগে রয়েছে ৫০ কেজি করে চাল।

    জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স খুলনা এন্টারপ্রাইজের প্রতিনিধি বিকে চক্রবর্তী পল্টু জানান, আমদানিকৃত চালের গুণগতমান বেশ ভালো। এ চাল খালাসের জন্য শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।

    মোংলা শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠান মোসার্স খালিদ ব্রাদাসের্র সুপারভাইজার আবুল কাসেম জানান, চাল খালাসের জন্য তাদের সকল প্রস্তুতি রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের অনুমতি পেলেই খালাস প্রক্রিয়া শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকেল এ চাল খালাসে আগামী ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে বলে তিনি জানান।

    খাদ্য বিভাগ সূত্র জানায়, দীর্ঘ প্রায় আট বছর ধরে এ বন্দরে চাল বোঝাই কোনো জাহাজ ভেড়েনি। এবার দুর্যোগকালীন খাদ্য সংকট মোকাবেলায় ভারত থেকে সরকারে আমাদানীকৃত চালের প্রথম চালান নিয়ে জাহাজটি বন্দরে এসেছে। এটি আমাদানিকৃত খাদ্য শস্যের চলমান প্রক্রিয়া।

    মোংলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম জাহাঙ্গীর জানান, লাইটার (নৌযান) জাহাজের মাধ্যমে খালাস হয়ে এ চাল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাসমূহের বিভিন্ন খাদ্যগুদামে পৌঁছাবে। ভারত থেকে সরকারিভাবে আমদনিকৃত এ চালের দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুব্রি এ্যাগো এ্যানার্জি। আমদানিকারক প্রতিষ্ঠান, লোকাল এজেন্ট ও খাদ্য বিভাগ যৌথভাবে এ চাল খালাসের কাজ এবং দেখভালের দায়িত্ব পালন করছে।

    এছাড়াও ভারত থেকে পর্যায়ক্রমে মোংলা ও চট্টগ্রাম বন্দরে আসবে আরও প্রায় ৫০ হাজার মেট্টিক টন চাল। বন্দরে এ চাল খালাসের মধ্যে দিয়ে আমদানিকৃত খাদ্য শস্য মোংলা বন্দরে শতকরা ৪০ ভাগ এবং চট্টগ্রাম বন্দরে ৬০ ভাগ খালাস হবে।