Blog

  • মেনন ৬ দিন ও ইনুর ৭ দিন রিমান্ড মঞ্জুর

    মেনন ৬ দিন ও ইনুর ৭ দিন রিমান্ড মঞ্জুর

    বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পোশাকশ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোসহ ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ৬ দিনের মঞ্জুর করেছে আদালত।

    এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    এর আগে ২৩ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    গত ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন।

    মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছুড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি।

    মামলায় আসামির তালিকায় দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ শ্রমিক লীগ, বাংলাদেশ তাঁতী লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ মৎসজীবী লীগের নামও রয়েছে।

  • কর্মসূচি প্রত্যাহার করলেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা

    কর্মসূচি প্রত্যাহার করলেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা

    অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন।

    মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ৮০ ভাগ অঞ্চলের প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহকারী ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতশাসন ও ৪৭ বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ২ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া চলমান।

    দেশের বর্তমান প্রেক্ষাপটে বন্যাদুর্গত মানুষের কথা বিবেচনায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়, ছাত্র সমন্বয়ক এবং দেশের সুশীল সমাজের আহ্বান এবং সর্বোপরি আপামর জনসাধারণের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করা হলো।

    বাপবি বোর্ডের নব যোগদানকৃত চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগ দায়িত্ব নিয়ে আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির রিফর্ম কার্যক্রম ও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন করবেন এবং অনতিবিলম্বে কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হবে মর্মে প্রতিশ্রুতি প্রদান করেছেন।

    এমতাবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্তে একমত হয়েছেন।

  • আইসিটি’র ফেসবুক-ইউটিউব বন্ধ, পাসওয়ার্ড জানেন শুধু পলক

    আইসিটি’র ফেসবুক-ইউটিউব বন্ধ, পাসওয়ার্ড জানেন শুধু পলক

    আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বন্ধ রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। বিভাগের ওয়েবসাইটে তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের লিংকে ক্লিক করলে কিছু পাওয়া যায় না।

    খবর নিয়ে জানা গেছে, আইসিটির ফেসবুক পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন কেবল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    আইসিটি বিভাগ সূত্র জানায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা করতো ঢাকা লাইভ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম। পাশাপাশি আইসিটি বিভাগের নানা আয়োজন সামাজিকমাধ্যমে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। আর এই সব কিছু এককভাবে তদারকি করতেন জুনাইদ আহমেদ পলক।

    খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর কাওরান বাজারে ঢাকা লাইভের প্রধান কার্যালয়টি বন্ধ। তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজও বন্ধ রয়েছে।

    আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধের বিষয়ে জানতে চাইলে আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করতেন। এগুলোর পাসওয়ার্ড তার জানা। তবে এসব পাসওয়ার্ড পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

    সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে সক্রিয় এবং অনুসারীর দিক দিয়ে শীর্ষে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। ফেসবুকে তার নিজের নামেও ভেরিফায়েড পেজ ছিল। সেটাও এখন বন্ধ।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি বিভিন্ন বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রাষ্ট্রীয় অংশ। এটির নিয়ন্ত্রণ ও পরিচালনায় সঠিক বিধি তৈরি হওয়া উচিত। কোনও ব্যক্তির পরিবর্তন হবে, কিন্তু পেজ ও চ্যানেল সচল থাকবে।

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে না দিয়ে সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। তিনি শেষ সময়ে পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

    গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলটির নেতাকর্মীরা। কেউ কেউ গ্রেফতারও হয়েছেন। গত ৬ আগস্ট দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটক হন সাবেক প্রতিমন্ত্রী পলকও। এরপর ১৪ আগস্ট হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।

  • নিখোঁজের চার দিন পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

    নিখোঁজের চার দিন পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার দিন পর দুই নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রাস্তার পাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

    মৃতরা হলো- নাইমা আত্তার (১৩) সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসিমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও মাইমুনা আক্তার (১৫) সাদেকপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার মেয়ে।

    তারা দুজন স্থানীয় আবুল খায়ের মিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল এবং তারা মাদ্রায়ই থাকত।

    স্থানীয় হুজুরদের বরাত দিয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, তারা ধারণা করছেন এটা জিন-ভূতের কাণ্ড। মামলা করবেন কিনা তারা সিদ্ধান্ত নেননি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, দুই শিক্ষার্থী গত শনিবার রাত থেকে নিখোঁজ হয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যসহ মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করেন। ভোরে সাদেকপুর রাস্তার পাশে দুজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

    পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

  • ক্রিকেটে বিরল ঘটনা, ১৩৭ বলে রান ০!

    ক্রিকেটে বিরল ঘটনা, ১৩৭ বলে রান ০!

    ক্রিকেটে অনেক অদ্ভুত ঘটনারই দেখা মেলে। তবে ইংল্যান্ডের ডার্বিশায়ার ক্রিকেট লিগে ব্যাটার ইয়ান বেস্টউইক যে কাণ্ড ঘটিয়েছেন, তা রীতিমত অবিশ্বাস্য। নিজের দল ডার্লি অ্যাবির হয়ে ইনিংস শুরু করতে নেমে ১৩৭ বল খেলেছেন তিনি, কিন্তু এতসংখ্যক বল খেলেও রানের খাতা খোলা হয়নি তার।

    বেস্টউইকের এই অদ্ভুতুড়ে ইনিংসে ভর করে মিকলওভার ক্রিকেট ক্লাবের সঙ্গে ড্র করেছে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব।

    ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে মিকেলওভারের তৃতীয় একাদশ। তারা ৩৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ৪৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে মাত্র ২১ রান সংগ্রহ করে।`

    ইয়ান বেস্টউইক ১৩৭ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন। অর্থাৎ, ৪৫ ওভারের মধ্যে প্রায় ২৩ ওভার একাই ব্যাট করে কোনো রান সংগ্রহ করেননি তিনি।

    অপর ওপেনার উইলিয়াম কাটিং ১৪ বলে ৮ রান করেন। রাইলি ফিৎজপ্যাট্রিক আউট হন রানের খাতা না খুলেই। টমাস বেস্টউইক ৭১ বলের মধ্যে ৭০টিই ডট খেলেন, ১টি বাউন্ডারির সাহায্যে করেন ৪ রান। আর ৩৪ বলে কোনো রান না করে অপরাজিত ছিলেন ডার্লি অ্যাবির নিকোলাস কাটিং। ডার্লি অ্যাবির এমন রহস্যময় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে।

    তথ্যসূত্র: বিবিসি

  • অন্তর্বর্তী সরকারে ফের দফতর পুনর্বন্টন

    অন্তর্বর্তী সরকারে ফের দফতর পুনর্বন্টন

    অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

    সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনুস পেয়েছেন ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব।

    এগুলো হলো– ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. খাদ্য মন্ত্রণালয়; ৫. জনপ্রশাসন মন্ত্রণালয়; ৬. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

    উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন– অর্থ মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

    উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়।

    উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পেয়েছেন– বস্ত্র ও পাট মন্ত্রণালয়; নৌ-পরিবহন মন্ত্রণালয়।

    উপদেষ্টা শারমীন এস মুরশিদ পেয়েছেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

    রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন।

  • লাশ ভাসছে কলাগাছের ভেলায়

    লাশ ভাসছে কলাগাছের ভেলায়

    কুমিল্লার বুড়িচংয়ে বন্যার পানিতে কলাগাছের ভেলায় ভাসছে কাফনে ঢাকা লাশ। এই লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

    স্থানীয়রা বলছেন, কোথাও দাফন কাফন করার পর চারদিকে পানি আর পানি তাই হয়তো কেউ এই লাশ কলাগাছের ভেলায় ভাসিয়ে দিয়েছেন।

    অনেক বলেছেন, এই প্রথম দেখেছি লাশ কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হচ্ছে।

    বুড়িচং ব্রাহ্মণপাড়া দুই উপজেলার মানুষ মারা গেলে এই মুহূর্তে কোথাও মাটি দেওয়ার মতো জায়গা নেই। চতুর্দিকে শুধু পানি আর পানি। তবে এই লাশ ভাসতে ভাসতে কোথা থেকে এলো তা জানা যায়নি। তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

  • হাসানুল হক ইনু গ্রেফতার

    হাসানুল হক ইনু গ্রেফতার

    রাজধানীর উত্তরা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার কাজী জিয়া উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যে কোনও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

    হাসানুল হক ইনুর দল জাসদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া-২ আসনে নির্বাচনে দাঁড়িয়েও তিনি হেরে যান।

    এর আগে ২০১৪ থেকে ২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

  • বরিশালে ৯৫ জনের বিরুদ্ধে মামলা

    বরিশালে ৯৫ জনের বিরুদ্ধে মামলা

    বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদকসহ ৯৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতের নালিশী অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতের বিচারক নালিশী অভিযোগ আমলে নিয়ে বানারীপাড়া থানায় এজাহারভুক্ত করার জন্য ওসিকে নিদের্শ দিয়েছেন।

    সোমবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোঃ রেজাউল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বানারীপাড়া পৌরসভার এক নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনিচ মৃধা বাদি হয়ে রোববার শেষ কার্যদিবসে আদালতে নালিশী অভিযোগটি দায়ের করেছেন।

    মামলার অন্যতম আসামির হলেন, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সদ্য সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সভাপতি শুভ্র কুন্ডু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফোরকান হাওলাদার, চাখার ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক টুকুসহ ৫৫ জন নামধারী ও অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

    মামলায় বাদি বিবাদীদের বিরুদ্ধে ২০১৮ সালের ২ মে বাদির ব্যবসা প্রতিষ্ঠান, পাইপসহ ড্রেজার মেশিন ও বাড়ি ঘরে হামলা-অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ এনেছেন। একইসাথে হামলার সময় বাড়ির নারীদের শ্লীলতাহানীর অভিযোগ করেছেন।

  • বন্যা পরিস্থিতিতে প্রশংসায় ভাসছেন বরিশালের কাজী সুজন

    বন্যা পরিস্থিতিতে প্রশংসায় ভাসছেন বরিশালের কাজী সুজন

    বন্যা দূর্গতদের উদ্ধার করতে গিয়ে মুখ লুকিয়ে নিজের হাঁটুকে সিঁড়ি বানিয়ে অসংখ্য নারীদের উদ্ধার করে রিতীমতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ সেনা বাহিনীর গর্বিত ল্যান্স কর্পোরাল কাজী সুজন।

    গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন নেটিজেন পৃথিবীর ইতিহাসে নজির স্থাপন করা সেনা বাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজনের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। মুহুর্তের মধ্যে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকেই কাজী সুজনকে সেনা বাহিনীর সুপার হিরো আখ্যা দিয়ে পোস্ট করেছেন।

    খোঁজ নিয়ে জানা গেছে, সেনা বাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন বরিশালের গৌরনদী উপজেলার টরকীর কাঠালতলী গ্রামের সন্তান। বর্তমানে তিনি বাংলাদেশ সেনা বাহিনীর তার আর্টিলারী কোরে কমর্রত রয়েছেন।

    গত কয়েকদিন পূর্বে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপূরে বন্যার্ত এলাকার রেসকিউট টিমের উদ্ধার কাজে যান কাজী সুজন। এ সময় তিনি নারীদের সম্মান দেখিয়ে নিজের মুখ লুকিয়ে হাঁটুকে সিঁড়ি বানিয়ে অসংখ্য নারীদের উদ্ধার করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    পৃথিবীর ইতিহাস নজির স্থাপন করা এ দৃশ্য কোন এক নেটিজেন ভিডিও ধারণ করে ‘এটা বাংলাদেশ সেনা বাহিনী বলেই সম্ভব’ ক্যাপশন লিখে ফেসবুকে ছড়িয়ে দেয়। মুহুর্তের মধ্যেই ওই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে।

    সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ২০ জুন ল্যান্স কর্পোরাল কাজী সুজন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষ করে বাংলাদেশে এসেছেন। তিনি মিশন এরিয়াতে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম করে আন্তর্জাতিক মন্ডলে দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রেখেছেন।

    ছাত্রজীবন থেকেই কাজী সুজন নিজ এলাকা গৌরনদীর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন। মুমূর্ষ অসহায় রোগীদের জন্য তিনি দীর্ঘ বছর পূর্বে প্রতিষ্ঠা করেছেন গৌরনদী ব্লাড ডোর্নাস ক্লাব (জিবিডিসি)। যা একঝাঁক তরুন ও যুব শিক্ষার্থীদের নিয়ে সুনামের সাথে পরিচালিত হচ্ছে।

    সেনা বাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন বলেন, ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নে কাজ করে আসছি। দেশ সেবার জন্য বাংলাদেশ সেনা বাহিনীতে যোগদান করেছি। দেশের মানুষের কল্যাণেনিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাবো।

    তিনি আরও বলেন, একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে গত ছয় বছরে ব্যাপক মানবিক কর্মকা- পরিচালিত হয়েছে। যা ভবিষ্যতেও চলমান থাকবে।

    বর্তমানে দেশের মানুষের সহযোগিতায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরনের কার্যক্রম পরিচালনা করছেন ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা। এছাড়াও ব্লাড ডোনার্স ক্লাবের মাধ্যমে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, অসহায় রোগীকে স্বেচ্ছায় রক্তদান, অন্যকে রক্তদানে আগ্রহী করে তোলা, থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন,

    বাল্যবিবাহ রোধে জনসচেতনতা সৃষ্টি, যৌতুক প্রথারোধে জনসচেতনতা, গরিব অসহায়কে সাহায্য ও তাদের পাশে দাঁড়ানো, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষ রোপণ, অসহায় শিক্ষার্থীদের লেখা-পড়ার সুযোগ করে দেওয়া, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ সামগ্রী এবং শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন করা ও জনসচেতনতা সৃষ্টি করা, আত্মহত্যা প্রতিরোধে সচেতনমূলক কর্মসূচি অব্যাহত রয়েছে।