Category: জাতীয়

  • বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাতসহ ও তার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের বিষয়টি এখনো অনিশ্চিত।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ড. ইউনূসের। এর পাশাপাশি মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

    জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বেশ কজন পদস্থ কর্মকর্তার সঙ্গেও বৈঠক হবে ড. ইউনূসের। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্যসব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে ড. ইউনূসও অংশ নেবেন। এটি অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’র বিশাল মিলনায়তনে।

    প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন সে সময় সবাইকে স্বাগত জানাবেন এ ডিনার পার্টিতে। এ সময় অতিথিদের সঙ্গে ফটোসেশনেও মিলিত হবেন ফার্স্টলেডি ও প্রেসিডেন্ট।

    জাতিসংঘে ভারতীয় মিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১-২২ এবং ২৩ সেপ্টেম্বর থাকবেন জাতিসংঘের কার্যক্রমে। শীর্ষ সম্মেলনে মোদির প্রতিনিধিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাই নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক অথবা সাক্ষাতের এ মুহূর্তে কোনো সম্ভাবনা নেই।

    আগামী ২৭ সেপ্টেম্বর সকালে ড. ইউনূস সাধারণ অধিবেশনে (৮ নম্বর বক্তা হিসেবে) বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে। এদিন রাতের ফ্লাইটে ড. ইউনূস ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।

    এদিকে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটিতে টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে নাগরিক সমাবেশে ড. ইউনূসের ভাষণ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমর্থক সাধারণ প্রবাসীরা হতাশা ব্যক্ত করেছেন।

    অন্যদিকে, ২৪ সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে ড. ইউনূসকে কালো পতাকা প্রদর্শনসহ ব্যাপক বিক্ষোভ দেখানোর প্রস্তুতি চলছে আওয়ামী লীগের পক্ষ থেকে। কানাডা ও আমেরিকার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, শেখ হাসিনা পরিষদের সমর্থকরা জেএফকে এয়ারপোর্টে উপস্থিত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    এছাড়া ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় জাতিসংঘ সদর দফতরের সামনেও ড. ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

  • শুধু কাগজে কলমে নয়, পুলিশকে বাস্তবে জনবান্ধব হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    শুধু কাগজে কলমে নয়, পুলিশকে বাস্তবে জনবান্ধব হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শিক্ষিত। আইন কারও হাতে নেওয়ার অধিকার নেই। সবাইকে সচেতন হতে হবে।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন উপদেষ্টা।

    আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

    মামলায় ঢালাও আসামি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন ৩০০ থেকে ৪০০ জনকে ঢালাও আসামি করে মামলা হচ্ছে।’ মামলার বাদীকে প্রকৃত দোষীকে আসামি করার অনুরোধ করেন তিনি। উপদেষ্টা জানান, এভাবে ঢালাও মামলার বিষয়ে একজন বাদীকে তিনি প্রশ্ন করেছিলেন। জবাবে ওই বাদী তাঁকে জানিয়েছেন, ‘যিনি মামলা ড্রাফট করেছেন, তিনি এইভাবে সাজিয়ে দিয়েছেন।’

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢালাও আসামি করলে তদন্তে সময় বেশি লাগছে এবং নির্দোষ ব্যক্তি হেনস্তার শিকার হচ্ছেন। এ জন্য পত্রপত্রিকায় এর আগেও বক্তব্য দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে ক্রিমিনাল (দোষী) ধরতে, সাধারণ মানুষকে নয়।’

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মন উজ্জীবিত করে তাদের পুরোনো গৌরব ফিরে পেতে হবে। শুধু কাগজে কলমে নয়, পুলিশকে বাস্তবে জনবান্ধব হতে হবে। থানায় গিয়ে লোকজন যেন সেবা পায়, সে বিষয়ে পুলিশকে তৎপর থাকতে হবে।

    রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য পুলিশকে নির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্রব্যমূল্য বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ করা গেলে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।

    ঘুষ-দুর্নীতি সমাজকে গ্রাস করে নিয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলো বন্ধ করার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

    আজ সকাল ১০টার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী অ্যাভিনিউয়ে অবস্থিত ডিএমপি সদর দপ্তরে যান। এ সময় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

    এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম, ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান, ডিএমপি সদর দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

  • হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার ২৮ অভিযোগ

    হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার ২৮ অভিযোগ

    পদত্যাগের পর দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে এ পর্যন্ত ২৮টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে। এর মধ্যে কয়েকটিতে তার দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    অভিযোগে রয়েছে শেখ হাসিনা সরকারের কয়েকজন মন্ত্রী, পুলিশের তৎকালীন আইজিসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন ওসি, পরিদর্শক, এসআই, এএসএসআই, কনস্টেবল, র‌্যাবের তৎকালীন ডিজি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতার নাম। এমনকি কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো তদন্ত পর্যায়ে রয়েছে।

    এর মধ্যে বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ১০ জনকে নতুন করে তদন্ত সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছে। তবে কোনো বিচারিক প্যানেল না থাকায় এসব অভিযোগের বিচার প্রক্রিয়া তথা আসামি গ্রেপ্তারের কোনো আদেশ নিতে পারছে না প্রসিকিউশন।

    বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আজকের তিনটিসহ ট্রাইব্যুনালে (প্রসিকিউশন ও তদন্ত সংস্থায়) এ পর্যন্ত ২৮টি অভিযোগ এসেছে। সবগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর নাম রয়েছে। আইনের বিধান অনুযায়ী তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন পর্যালোচনা করে যাদের মূল আসামি মনে হবে, তাদের নাম ট্রাইব্যুনালে পেশ করা হবে। বাদী পক্ষ যেটা নিয়ে এসেছেন পর্যালোচনা করে তার সাথে সংযোজন বিয়োজন হতেই পারে। ট্রাইব্যুনাল গঠনের পর যেটা দাখিল করব, সেটাই হবে প্রোপার মামলা। কোর্ট বসামাত্র আমরা এ বিষয়ে যথাযথ আবেদন করব।

    প্রথম অভিযোগটি দায়ের করা হয়েছিল ১৪ আগস্টে। কোটা সংস্কার আন্দোলনের শহীদ আরিফ আহমেদ সিয়ামের বাবা মো. বুলবুল কবির এ অভিযোগ তদন্ত সংস্থায় দায়ের করেন। আবেদনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এ সময়ে আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবেন। ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশকে।

    অপরাধের ধরনে বলা হয়েছে, আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অপরাধ।

    অভিযোগে ব্যক্তি ছাড়াও সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনগুলোর নাম উল্লেখ করা হয়েছে।

    সবশেষ বৃহস্পতিবার অভিযোগটি প্রসিকিউশনের কাছে দাখিল করে ৩ আগস্ট উত্তরায় গুলিবিদ্ধ হওয়া ভ্যানচালক জসিম উদ্দিনের পরিবার।

  • ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের বিষয়টি সত্য হলে উৎসব করতাম

    ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের বিষয়টি সত্য হলে উৎসব করতাম

    দ্বীপ জেলা ভোলায় ৫ দশমিক ১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ থাকার তথ্য সঠিক নয় বলে জ্বালানি মন্ত্রণালয়ের তরফে নতুন বার্তা দেওয়া হয়েছে। বর্তমানে সেখানকার বিভিন্ন গ্যাস ক্ষেত্রে ২ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের প্রমাণিত মজুদ রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

    বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সচিবালয়ে বলেছেন, ‘ভোলায় ৫ দশমিক ১০৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই তথ্যটা যদি সঠিক হত, তাহলে আজ আমরা উৎসব করতাম। তাহলে আমাদের গ্যাসের কোনো সংকট থাকত না। আমদানির প্রয়োজন হত না।

    চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ও রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের এক যৌথ গবেষণা প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যমে খবর আসে ভোলায় ৫ দশমিক ১০৯ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে।

    ওই প্রতিবেদনের বিষয়ে তখন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা ইতিবাচক বক্তব্য দিয়েছিলেন।

    তবে কয়েকদিন না যেতেই পরিস্থিতি পাল্টে যায়। এ নিয়ে উচ্ছ্বাস ও সংশয়ের মধ্যে বৃহস্পতিবার এত বিপুল গ্যাস থাকার বিষয়টি নাকচ করা হয়।

    এদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী সংস্থা বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম ও তামিমসহ আরও কয়েকজনকে নিয়ে পর্যালোচনায় বসেন।

    মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর উপদেষ্টা বিষয়টি খোলাসা করেন। বলেন, এত বেশি গ্যাস পাওয়া গেলে তা সবার জন্য উৎসবের খোরাক যোগাত।

    তিনি বলেন, যেই জায়গাটার কথা বলা হচ্ছে সেখানে আমরা সাইসমিক সার্ভে ও ড্রিলিং শুরু করব। বুধবার একনেকে ৪টি কূপ খননের জন্য প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

    বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব বলেন, ভোলার চরফ্যাশনে কোনো সাইসমিক জরিপের ডাটা নেই। শাহবাজপুর, ভোলা ও ইলিশা গ্যাসক্ষেত্রে ২ দশমিক ৪৭ টিসিএফ (উত্তোলনযোগ্য ১.৪৩২ টিসিএফ) প্রমাণিত গ্যাস রিজার্ভ রয়েছে। ভোলা জেলার অন্তর্গত ৩টি (শাহবাজপুর, ভোলা ও ইলিশা) গ্যাসক্ষেত্রে এ পর্যন্ত সর্বমোট ৯টি কূপ খনন করা হয়েছে।

    ভোলায় বাপেক্স ও গ্যাজপ্রমের যৌথ পরিচালিত ভূকম্পন জরিপের ডাটা বিশ্লেষণের তথ্য তুলে ধরে তিনি বলেন, ভোলা জেলার দক্ষিণাংশে চরফ্যাশন এলাকায় ১০ শতাংশ সম্ভাব্যতা হিসেবে ২ দশমিক ৬৮৬ টিসিএফ এবং শাহবাজপুর, ভোলা ও ইলিশা গ্যাসক্ষেত্র এলাকার নতুন জোনে ও গ্যাসক্ষেত্রের মধ্যবর্তী স্থানে ১০ শতাংশ সম্ভাব্যতা হিসেবে ২ দশমিক ৪২৩ টিসিএফ অর্থাৎ মোট ৫ দশমিক ১০৯ টিসিএফ গ্যাস রিসোর্স হিসেবে থাকতে পারে বলে প্রতিবেদনে এসেছে।

    তিনি বলেন, প্রতিবেদনে ওই প্রাক্কলন নিশ্চিত করার জন্য ওই এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের প্রস্তাব দেওয়া হয়েছে।

    ‘ওই দুটি এলাকায় ১০ শতাংশ সম্ভাব্যতা বিবেচনায় মোট ৫ দশমিক ১০৯ টিসিএফ সম্ভাব্য রিসোর্সের কথা উল্লেখ করে খবর প্রকাশ করা হয়েছে, যা প্রমাণিত মজুদ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

    জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, গ্যাসের মজুদ নির্ণয়ের জন্য প্রথমে ভূকম্পন জরিপ করা হয়। তারপর তথ্য উপাত্ত দেখে কোম্পানিগুলো ঠিক করে সবচেয়ে বেশি কোথায় সম্ভাবনা রয়েছে গ্যাসের। সেখানে তারা ড্রিল করে। ড্রিল করে যদি গ্যাস পাওয়া যায় তখন তারা এটাকে প্রমাণিত মজুদ হিসেবে ঘোষণা দেয়।

    তিনি বলেন, প্রমাণিত কিংবা প্রভাবল না হলে আমরা কোনো গ্যাসের মজুদ হিসাবে আনি না। মজুদের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা মিস লিডিং। ভোলায় মোট গ্যাসের মজুদ ২ ট্রিলিয়ন ঘনফুট।

    বদরুল ইমাম বলেন, ভোলাতে যে ৫ টিসিএফ গ্যাসের কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। এটা রিসোর্স হতে পারে। মজুদ নয়, আপনি ড্রিলিং করে না পেলে মজুদ বলতে পারবেন না।

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ছেলে সাফি কারাগারে

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ছেলে সাফি কারাগারে

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় বৃহস্পতিবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

    পরিপ্রেক্ষিতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪ নম্বর আসামি সাফি।

    মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র ও ড. মো. সাজ্জাদ হোসেন।

  • ওরিয়ন গ্রুপের কর্ণধার ওবায়দুল করিমের ব্যাংক হিসাব জব্দ

    ওরিয়ন গ্রুপের কর্ণধার ওবায়দুল করিমের ব্যাংক হিসাব জব্দ

    ওরিয়ন গ্রুপের কর্ণধার ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

    বুধবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াাল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

    চিঠিতে বলা হয়, এই ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত হওয়া ব্যাংক হিসাব জব্দ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় পরবর্তীতে বাড়ানো হবে।

    চিঠিতে ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম, মেহেদি হাসান ও মেয়ে জারিন করিমের নামসহ জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। এছাড়া রেজাউল করিমের নামসহ জাতীয় পরিচয়পত্রের তথ্যও দেওয়া আছে।

    বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার দিন থেকে পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

  • কোটি টাকা চাঁদা দাবি: আজিজ-বেনজির-হারিস-জোসেফের নামে মামলা

    কোটি টাকা চাঁদা দাবি: আজিজ-বেনজির-হারিস-জোসেফের নামে মামলা

    সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, পুলিশ প্রধান বেনজির আহমেদ, আজিজের ভাই হারিস আহমেদ ও জোসেফ আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে এনে মামলা করা হয়েছে।

    মামলার অপর আসামি হচ্ছেন- র‌্যাব-৩ এর সাবেক অধিনায়ক শাফী উল্লাহ বুলবুল।

    বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলাটির আবেদন করেন জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপার্সের চেয়ারম্যান সেলিম প্রধান।

    আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর অন্যান্য আসামিদের নির্দেশে শাফী উল্লাহ বুলবুল সেলিম প্রধানের গুলশানের বাসায় গিয়ে রেঞ্জ রোভার গাড়ি চাঁদা দাবি করেন। আবারও ওই বছরের ২৪ সেপ্টেম্বর তার বাসায় গিয়ে ১০০ কোটি টাকা চাঁদা দাবি করেন আসামিরা।

    আরও বলা হয়, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাচ্ছিলেন। ওই সময় বিমানের ভেতর থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ করা হয়। পরে তাকে র‌্যাব-১ অফিসে নিয়ে নির্যাতন করা হয়। রেঞ্জ রোভার গাড়ি ও ১০০ কোটি টাকা চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। তার সঙ্গে থাকা ১০ কোটি টাকার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে বাদী এজাহারে উল্লেখ করেন।

  • এস আলম গ্রুপের তথ্য চেয়ে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থার চিঠি

    এস আলম গ্রুপের তথ্য চেয়ে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থার চিঠি

    এস আলম গ্রুপ ও এর মালিকদের দেশে-বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ)। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়ে একটি ই-মেইল পাঠিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

    বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    সূত্রটি জানায়, এস আলম গ্রুপ ও এর মালিকদের দেশে-বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতে চেয়ে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একটি ই-মেইল পাঠিয়েছে। বিস্তারিত তথ্য প্রস্তুত করা হচ্ছে এবং সেই তথ্য তাদের কাছে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাকে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন সংক্রান্ত তথ্য পাঠানো বিএফআইইউ-এর দায়িত্ব বলে জানায় সূত্রটি।

    এস আলম গ্রুপের দেশে-বিদেশে থাকা সম্পদ নিয়ে সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পর সিঙ্গাপুরসহ বিদেশে এস আলমের বিপুল সম্পদের তথ্য প্রকাশ্যে আসে। প্রতিষ্ঠানটির মালিক সাইফুল আলম সিঙ্গাপুরে প্রায় এক বিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলেছেন বলে এসব প্রতিবেদনে ওঠে আসে।

  • আসাদুজ্জামানের বাসায় মিলল হরিণের শিং চামড়া মদ ও ফেনসিডিলের বোতল

    আসাদুজ্জামানের বাসায় মিলল হরিণের শিং চামড়া মদ ও ফেনসিডিলের বোতল

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালিয়েছে আশুলিয়া থানা পুলিশসহ যৌথবাহিনীর একটি দল। মঙ্গলবার রাতের ওই অভিযানে তার বাসা থেকে হরিণের শিং, চামড়া এবং মদ-ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়েছে।

    আসাদুজ্জামানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি গ্রেফতার হয়ে পুলিশের রিমান্ডে যাওয়ার চার দিনের মাথায় এ অভিযান চালানো হয়।

    ডিএমপির তেজগাঁও বিভাগের এক পুলিশ কর্মকর্তা বলেন, জ্যোতি আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন। মূলত এটা তাদেরই অভিযান। আমরা শুনেছি জ্যোতিকে সঙ্গে নিয়েই তারা বাসায় তল্লাশি চালায়।

    তল্লাশিতে কী কী পাওয়া গেছে প্রশ্নে তিনি বলেন, জ্যোতির রুম থেকে দুটি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। এছাড়া, মদ ও ফেনসিডিলের তিনটি খালি বোতল উদ্ধার করা হয়েছে।

    তবে অভিযানের সময় সাবেক এই মন্ত্রীর বাসা থেকে চারজনকে আটকের কথা জানিয়েছেন তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।

    তিনি বলেন, আটক চারজন বাসার কেউ না, তারা হয়ত অভিযানের সময় ঢুকে পড়েছিল। তাদের কাছে মোবাইল, টাকাসহ কিছু জিনিস পাওয়া গেছে। তাই তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা হবে।

    প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশের এই পরিদর্শক।

    গত শুক্রবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয় জ্যোতিকে। হত্যাচেষ্টার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর আশুলিয়া থানায় রবিউল সানি নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

    পরদিন জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতদিনের রিমান্ড আবেন করলে তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

    গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের কয়েকজন নেতা গ্রেফতার হলেও আসাদুজ্জামান খান কামাল এখন পর্যন্ত লোকচক্ষুর আড়ালে রয়েছেন।

  • ভিসি সৌমিত্র, লিকু ও মোস্তাফিফের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

    ভিসি সৌমিত্র, লিকু ও মোস্তাফিফের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পদত্যাগ করা ভিসি অধ্যাপক ড. সৌমিত্র শেখর, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-২ (সহকারী একান্ত সচিব) গাজী হাফিজুর রহমান লিকুর দুর্নীতি নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বুধবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

    দুদকের তথ্য অনুযায়ী, অধ্যাপক সৌমিত্র শেখর ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষক-কর্মচারী নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

    এছাড়া, সৌমিত্র শেখরের বিরুদ্ধে এক ঠিকাদারের সোনালী ব্যাংকের আমানত রূপালী ব্যাংকে স্থানান্তরে প্রতি কোটিতে ৫০ হাজার টাকা আদায়, গাড়ির জ্বালানির জন্য বরাদ্দ সরকারি তহবিল আত্মসাৎ এবং অবৈধ অর্থে শেরপুরে জমি কিনে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার অভিযোগ পেয়েছে দুদক।

    তার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় একাধিক ফ্ল্যাটের মালিকানা এবং শেরপুরে সম্পত্তির সন্ধান পেয়েছে দুদক।

    এদিকে সাবেক প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু-ও দায়িত্ব গ্রহণের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়ে ওঠেন।

    তার স্ত্রীর নামে রামদিয়া কাশিয়ানীতে মেসার্স রাফি এগ্রো এন্ড ফিসারিজ এর নামে বিভিন্ন মৌজায় কয়েক শত বিঘা জমি ও মোহাম্মদপুর মধুসিটিতে ৬ নম্বর রোডে ৫৮৩ নম্বর বাড়ির এ-৬নং ফ্ল্যাট ক্রয়; ঢাকার উত্তরায় ১৭ নম্বর সেক্টরে ৩ নম্বর রোডে ৪৬ নম্বর সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেয়া হয়।

    পাশাপাশি গোপালগঞ্জে পৌরসভায় ১০ শতক জমি কিনেছেন, পৈত্রিক জমিতে নির্মাণ করেছেন ৫ তলা বাড়ি। তার শ্যালকের নামে ৬ তলা বাড়ি, ১০ তলা কর্মাশিয়াল ও আবাসিক ভবন, ঢাকার মোহাম্মদপুরে মধুসিটিতে ১ বিঘার জমির ওপর ৬ তলা ভবন নির্মাণ, কুয়াকাটার লাইট হাউজের পাশে ওশান ব্লু রিসোর্ট রয়েছে। এছাড়াও নামে-বেনামে নিজ ও বিভিন্ন আত্মীয়-স্বজনের নামে বিপুল সম্পদ রয়েছে লিকুর। তার অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বর্হিভূত সম্পদ রয়েছে।

    অপরদিকে, চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে দুদকের প্রাথমিক তদন্তে জানা যায়, ২০১৪ সালে হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ছিল ১৫ হাজার টাকা। ২০২৪ সাল নাগাদ তা বেড়ে দাঁড়ায় ৩২ লাখ টাকা।

    এছাড়া, তার মালিকানাধীন ৩৭ লাখ টাকা মূল্যের একটি টয়োটা প্রাডো জিপ ও ৮৪ লাখ টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার স্টেশন ওয়াগনের খোঁজ পাওয়া গেছে। তার আরও ৪ একর পৈতৃক জমি, রাজউকের বরাদ্দ করা ৩ কাঠা প্লট, ১৪ গন্ডা অকৃষি জমি, ৪ কাঠা প্লট এবং চকবাজার সুপার মার্কেটে একটি দোকান। তার স্ত্রী ঢাকার কাফরুলে একটি পাঁচতলা বাড়ি এবং ১৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাটের মালিক।

    সাবেক এমপি মোস্তাফিজ ও তার আত্মীয়রা নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে প্রচুর সম্পদ অর্জন করেছেন বলে দুদক প্রমাণ পেয়েছে।