Category: জাতীয়

  • স্বরাষ্ট্র উপদেষ্টার যে আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ালেন আনসাররা

    স্বরাষ্ট্র উপদেষ্টার যে আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ালেন আনসাররা

    আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
    রোববার বিকালে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।

    এদিকে রোববারের এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছেন আনসার সদস্যরা।

    উল্লেখ্য, রোববার চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত কয়েক হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। বিকালে ওই বৈঠক শেষে আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • কোটা আন্দোলনে নিহত সব শহিদ পরিবারকে পুনর্বাসন করা হবে: ড. ইউনূস

    কোটা আন্দোলনে নিহত সব শহিদ পরিবারকে পুনর্বাসন করা হবে: ড. ইউনূস

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহিদ পরিবারকে পুনর্বাসন করা হবে।পাশাপাশি আহতদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। বর্তমান সরকারে ছাত্র প্রতিনিধি থেকে দুজন উপদেষ্টা আছেন। তাদের মাধ্যমে আহত ও নিহতদের তালিকা প্রস্তত করা হচ্ছে।  

    রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। 

    ড. ইউনূস বলেন, আমরা অনুধাবন করছি আমাদের কাছে জাতির প্রত্যাশা অনেক। প্রত্যাশা পূরণে সহযোগিতা ও সময় দিতে হবে আমাদের। নিশ্চয় আপনাদের মনে আছে, আমাদের সরকার যখন দায়িত্ব নেই তখন আইনশৃঙ্খলাবাহিনীর পরিস্থিতি ভালো ছিল না। এটা অল্প সময়ের মধ্যে শৃঙ্খলা ফিরে এসেছে।   

  • বন্যায় শিশুদের জটিল স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা ও প্রতিরোধ

    বন্যায় শিশুদের জটিল স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা ও প্রতিরোধ

    বন্যার মতো এই কঠিন দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশুরা। তাদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বন্যার সময় শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, যা পানি দূষিত হওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস এবং সংক্রামক রোগের বিস্তারের কারণে হতে পারে। এই ধরনের রোগের প্রতিরোধ এবং চিকিৎসার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

    বন্যার সময় সবচেয়ে সাধারণ রোগগুলোর মধ্যে একটি হলো ডায়রিয়া রোগ। যেমন কলেরা এবং আমাশা। এই রোগ সাধারণত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে বারবার পাতলা পায়খানা হওয়া, শরীরে পানি শূন্যতা, পেটব্যথা, বমি এবং জ্বর। ডায়রিয়ার চিকিৎসায় ওরাল রিহাইড্রেশন সলিউশন (ORS) খুবই কার্যকর, যা শরীরে পানি শূন্যতা প্রতিরোধে সাহায্য করে। এছাড়া, সংক্রমণ ব্যাকটেরিয়াল হলে আজিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। ডায়রিয়ার সময়কাল ও তীব্রতা কমাতে জিঙ্ক সাপ্লিমেন্টও প্রয়োজনীয়। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা, সঠিক স্যানিটেশন মেনে চলা এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করা।
    বন্যার সময় ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকার কারণে শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়, যেমন নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস। এই ধরনের সংক্রমণের লক্ষণগুলোর মধ্যে রয়েছে কাশি, জ্বর, শ্বাসকষ্ট এবং বুক ব্যথা। ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে অ্যামোক্সিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে, এবং জ্বর নিয়ন্ত্রণে প্যারাসিটামল দেওয়া যেতে পারে। গুরুতর সংক্রমণের ক্ষেত্রে অক্সিজেন থেরাপির প্রয়োজন হতে পারে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শিশুকে উষ্ণ, পরিষ্কার এবং শুকনো রাখতে হবে এবং আশ্রয়স্থলের পর্যাপ্ত বায়ুচলাচল নিশ্চিত করতে হবে।

    টাইফয়েড জ্বর হলো আরেকটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি, যা দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে সংক্রমিত হয়। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী জ্বর, পেটব্যথা, দুর্বলতা এবং মাথাব্যথা। টাইফয়েডের চিকিৎসায় আজিথ্রোমাইসিন বা সেফট্রিয়াক্সন জাতীয় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। পর্যাপ্ত তরল গ্রহণ নিশ্চিত করতে হবে যাতে শরীরে পানিশূন্যতা না হয়। গুরুতর ক্ষেত্রে বা জটিলতার জন্য হাসপাতালে ভর্তি করা প্রয়োজন হতে পারে। টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ, বিশুদ্ধ পানির ব্যবহার এবং সঠিক খাদ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ত্বকের সংক্রমণও বন্যার সময় একটি সাধারণ সমস্যা হতে পারে, যা দীর্ঘ সময় ধরে পানির মধ্যে থাকার এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে হয়। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে ত্বকে লালভাব, ফুলে যাওয়া, চুলকানি, ফুসকুড়ি এবং ফোসকা। ত্বকের ছত্রাক সংক্রমণের জন্য ক্লোট্রিমাজল জাতীয় অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করা যেতে পারে, এবং ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য ফ্লুক্লক্সাসিলিনের মতো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। ক্ষতস্থান জীবাণুমুক্তভাবে পরিষ্কার করে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা জরুরি। সংক্রমিত স্থান শুকনো রাখতে হবে এবং শিশুকে শুকনো পোশাক পরানোর চেষ্টা করতে হবে। ত্বক নিয়মিত পরিষ্কার এবং শুকনো রাখলে সংক্রমণ প্রতিরোধ করা যায়।

    বন্যার সময় মশার প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়, যা ডেঙ্গুর মতো রোগের ঝুঁকি বাড়ায়। ডেঙ্গুর লক্ষণগুলোর মধ্যে রয়েছে উচ্চ জ্বর, ঠান্ডা লাগা, মাথাব্যথা, পেশী ও গিঁটের ব্যথা এবং ত্বকে র‍্যাশ। ডেঙ্গুর চিকিৎসায় শরীরের পানি শূন্যতা যাতে না হয় তা নিশ্চিত করতে হবে এবং জ্বর নিয়ন্ত্রণে রাখতে হবে। এনএসএআইডি (NSAID) বা ব্যথার ঔষধ এড়িয়ে চলা উচিত, শুধুমাত্র প্যারাসিটামল দেওয়া উচিত। ডেঙ্গু প্রতিরোধে মশারি ব্যবহার এবং মশা তাড়ানোর জন্য রিপেলেন্ট ব্যবহার করা উচিত, যাতে নতুন করে সংক্রমণ না হয়।

    বন্যার সময়ের ট্রমাটিক অভিজ্ঞতা এবং বাস্তুচ্যুতি শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে, যার ফলে উদ্বেগ, বিষণ্নতা, ঘুমের সমস্যা এবং অন্তর্মুখী আচরণের মতো মানসিক সমস্যা দেখা দিতে পারে। মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় কাউন্সেলিং এবং মানসিক সমর্থন অত্যন্ত জরুরি। পরিবারের সমর্থন একটি স্থিতিশীল এবং সহায়ক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুকে বিভিন্ন কার্যকলাপে ব্যস্ত রাখা উচিত যাতে মনোযোগ সরানো যায় এবং স্বাভাবিক জীবনযাত্রার অনুভূতি ফিরিয়ে আনা যায়। প্রাথমিক হস্তক্ষেপ এবং কমিউনিটি সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সমস্যার প্রাদুর্ভাব কমানো সম্ভব।

    বন্যাজনিত রোগ প্রতিরোধ ও চিকিৎসার সাধারণ সুপারিশগুলোর মধ্যে রয়েছে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, সঠিক স্যানিটেশন সুবিধা স্থাপন করা, স্বাস্থ্য শিক্ষা প্রদান করা এবং রোগ জটিল দিকে যাওয়ার আগেই শিশুর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা। এই পদক্ষেপগুলো বন্যার সময় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হতে পারে এবং রোগের ঝুঁকি থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা পালন করবে। প্রতিটি জীবন খুবই মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে হেফাজত করুন।

    লেখক: ডা. আহমাদ হাবিবুর রহিম
    রেসিডেন্ট, এমডি নিওনেটোলজী, বিএসএমএমইউ।

  • খোলা রয়েছে মুছাপুর রেগুলেটরের ২৩ গেট, দ্রুত নামছে পানি

    খোলা রয়েছে মুছাপুর রেগুলেটরের ২৩ গেট, দ্রুত নামছে পানি

    নোয়াখালী ও ফেনীর ভয়াবহ বন্যার পানি নামাতে কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটরের ২৩টি গেট খোলা রয়েছে। সেখানে প্রতি সেকেন্ডে ৭৫০ ঘন মিটারের বেশি পানি নিষ্কাশন হচ্ছে। তবে বৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

    জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ভারতের ত্রিপুরা থেকে উজানের ঢল আন্তঃসীমান্ত কাকড়ি ও ডাকাতিয়া নদী হয়ে ছোট ফেনী নদীর মুখে মুছাপুর ক্লোজার গেটের মাধ্যমে সন্দ্বীপ চ্যানেলের বঙ্গোপসাগরে পড়ছে। কাকড়ী নদী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ও কাশিনগর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ডাকাতিয়া নদীতে মিশেছে।

    এছাড়া ডাকাতিয়া নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার বাগসারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি কুমিল্লা-লাকসাম চাঁদপুর হয়ে মেঘনা নদীতে মিশেছে; যা লক্ষ্মীপুরের হাজিমারা পর্যন্ত বিস্তৃত।

    জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ ভূঁইয়া জানান, রেগুলেটরের তিন মিটার বাই তিন মিটার আয়তনের ২৩টি গেটের সব গেট খোলা রয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার হলে এটি নিজে থেকে নিষ্কাশন বন্ধ হয়ে যায়।

    সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম জানান, রেগুলেটর দিয়ে প্রতি সেকেন্ডে ৭৫০ ঘনমিটারের বেশি পানি নেমে যাচ্ছে। জোয়ার-ভাটার কারণে কয়েক ঘণ্টা পানি নিষ্কাশন বন্ধ থাকলেও অল্প সময়ে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

    পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল জানান, গেলো ১৫ ঘণ্টায় নোয়াখালীতে ৪০ মিলিমিটার পানি কমেছে। আর ৩ ঘণ্টায় পানি কমেছে ১০ মিলিমিটার। অর্থাৎ পানি দ্রুতই কমে যাচ্ছে। বৃষ্টিপাত কমে এলে এবং এভাবে ক্লোজার দিয়ে পানি নামতে থাকলে নোয়াখালীতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার উল্লেখযোগ্য উন্নতি হবে এবং মানুষ অনেকটাই স্বস্তি পাবে।

    এদিকে জেলায় বন্যার পানি ৪ থেকে ৫ ইঞ্চি নেমে গেলেও শনিবার রাতের বৃষ্টিতে আবারো পানি বৃদ্ধি পাওয়ায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।

    জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা জানান, জেলার ৮ উপজেলার ২ লাখ মানুষ বন্যাকবলিত। এর মধ্যে ৮৬৬ আশ্রয়কেন্দ্রে এক লাখ ৫৩ হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। এতে সব মানুষকে খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইনসহ গোখাদ্য সরবরাহ চ্যালেঞ্জ হয়ে পড়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

  • ফের ৪ দিনের রিমান্ডে দীপু মনি

    ফের ৪ দিনের রিমান্ডে দীপু মনি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    শনিবার তাদের আদালতে হাজির করে পুলিশ।এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিম তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    গত সোমবার রাতে ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২০ আগস্ট) তাকে আদালতে হাজির করেন পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতিস্মরণী রাস্তার উপর আসামীরা এলোপাতারীভাবে গুলি করে ছেলে মো: সুমন সিকদার (৩১) কে হত্যা করে। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করেন।

  • কারাগারে পাঠানো হলো বিচারপতি মানিককে

    কারাগারে পাঠানো হলো বিচারপতি মানিককে

    সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    শনিবার বিকার ৪টা ১০ মিনিটে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আলমগীর হোসেনের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
    বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের কোর্ট ইনসপেক্টর জামসেদ আলম। 

    তিনি বলেন, এইচ এম শামসুদ্দিন মানিককে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে কোর্টের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
    জামশেদ আলম বলেন, আদালতে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আসামি সাবেক বিচারপতি হওয়ায় আদালত জেলকোড অনুসারে সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

    এ ছাড়াও আসামি আদালতকে জানিয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। আদালত এই বিষয়টি আমলে নিয়ে জেলকোড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

    প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। 

    পরে শনিবার ভোরে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সালমান-আনিসুল-জিয়াউল আরও ৫ দিনের রিমান্ডে

    সালমান-আনিসুল-জিয়াউল আরও ৫ দিনের রিমান্ডে

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং অব্যাহতি পাওয়া আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড আবেদন করা হয়।

    শনিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিম তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এদিন নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিন এবং জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে ছিলেন। এ মামলায় তাদের রিমান্ড শেষ হওয়ায় তাদের আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় গ্রেফতার দেখানো পূর্বক দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

    রিমান্ড আবেদনে বলা হয়, ছাত্রজনতার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকাল ৬ টায় লালবাগ থানার আজিমপুর সরকারী আবাসিক এলাকায় হত্যার উদ্দেশ্যে নিরাপরাধ নিরস্ত্র ছাত্র জনতার ওপর হামলা চালায়। হামলায় তানভীর, ইসমাইলসহ অনেক আহত হয়। তাদের মধ্যে বাদীর ছেলে খালিদ হাসান সাইফুল্লাহ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার মূল রহস্য উদঘাটন, অপরাপর পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ পূর্বক আসামিদের গ্রেফতারসহ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস জানার জন্য জিজ্ঞসাবাদের নিমিত্তে ১০ দিনের পুলিশ রিমান্ডের একান্ত প্রয়োজন।

    এর আগে ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।

    বুধবার নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুইজনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

    এদিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনগত রাতে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়।

    পরের দিন ১৬ আহস্ট তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন।

    শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • বন্যা মোকাবিলা এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

    বন্যা মোকাবিলা এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

    বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানন।

    শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিও প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। উপকূল ও দুর্গত এলাকায় কর্মরত ৪৪টি এনজিওর কর্তাব্যাক্তিরা বৈঠকে অংশগ্রহণ করেন।

    পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।

    শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমাদের অব্যশই এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সবাই মিলে এ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

    ড. ইউনূস বন্যা মোকাবিলায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণসহ আনুষঙ্গিক কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘বন্যা মোকাবিলায় সরকার, এনজিওসহ যারা যারা কাজ করছেন, তাদের সবার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সম্ভব হলে জেলা পর্যায়েও বন্যা মোকাবিলার কাজে সমন্বিতভাবে করতে হবে।’

    প্রধান উপদেষ্টা বলেন, কোটি কোটি মানুষ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ নিয়ে এগিয়ে আসছে। তাদের মহৎ উৎসাহের যথার্থ ব্যবহার নিশ্চিত করা জরুরি। এজন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।

    টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বন্যায় বিপর্যস্ত হয়েছে ১১টি জেলা। ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

    বৈঠকে মুহাম্মদ ইউনূস বন্যার পানি নেমে যাওয়ার পরে আরও বেশি কাজ করতে হবে বলে উল্লেখ করে বন্যা পরবর্তী খাদ্য ও স্বাস্থ্যঝুঁকিসহ সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।

    ছাত্র-জনতার অভুত্থানের মাধ্যমে দেশে দ্বিতীয় বিপ্লব সংঘটিত হয়েছে উল্লেখ করে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস বলেন, ‘তরুণরা আমাদের জন্য মহৎ সুযোগ তৈরি করে দিয়েছে। দ্রুত এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করতে হবে।’

    সরকার প্রধান আরও বলেন, কেবল বন্যা মোকাবিলায় গুরুত্ব দিলে হবে না, কিভাবে দেশকে বন্যামুক্ত রাখা যায় সেদিকেও মনোযোগী হতে হবে।

  • বিএনপি নেত্রী শামা ওবায়েদের নামে হত্যা মামলা

    বিএনপি নেত্রী শামা ওবায়েদের নামে হত্যা মামলা

    ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদকে (৫২) আসামি করে মামলা করা হয়েছে।

    শুক্রবার রাত ১টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে এ মামলাটি করেন।

    নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন, নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে শনিবার (২৪ আগস্ট) এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

    লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলমগীর হোসেন বকুল, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুবদল নেতা মাসুদুর রহমান তৈয়ব, হেলালউদ্দীন হেলাল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফসহ মোট ৩৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

    এর আগে গত বুধবার (২১ আগস্ট) কৃষক দল নেতা শহীদুল ইসলামের মোটর শোভাযাত্রা করে ঢাকা থেকে ভাঙ্গা চৌরাস্তা হয়ে নগরকান্দা উপজেলা সদর ও তালমার মোড় হয়ে ফরিদপুর শহরে এসে শেষ হওয়ার কথা ছিল। তবে নগরকান্দা সদরে শামা ওবায়েদের সমর্থকরা শহীদুল ইসলামের সমর্থকদের ওপর হামলা করে নিজেদের দখলে নিয়ে নেয় এবং বাজারে সশস্ত্র মহড়া দেয়।

    এ হামলায় শহীদুল ইসলামের সমর্থক নগরকান্দা পৌরসভার ছাগলদী মহল্লার বাসিন্দা কবির ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। পরে শহীদুল ইসলাম নগরকান্দা উপজেলা সদরে না গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করেন। পরে ওই দিন সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে শহীদুল ইসলাম অভিযোগ করে বলেছিলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলি, এই খুনের নির্দেশদাতা শামা ওবায়েদ ইসলাম। স্পষ্টভাবে আমি এ কথা বলছি। তিনিই খুনের মদদদাতা, নির্দেশদাতা।

    এ প্রেক্ষাপটে বুধবার (২১ আগস্ট) রাতেই বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আলাদা দুই পত্রে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ শহীদুল ও শামা ওবায়েদের সকল পদ স্থগিত করেন।

  • প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন বিচারকরা

    প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন বিচারকরা

    চলমান বন্যা পরিস্থিতিতে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন জেলা আদালতে কর্মরত বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার গঠিত ত্রাণ তহবিলে এ অনুদান প্রদান করা হবে। শুক্রবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বিচারকবৃন্দ। জেলা আদালতে কর্মরত বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন ২৩ আগস্ট এই সিদ্ধান্ত নিয়েছে’।

    ‘সারা দেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের একদিনের বেতনের অর্থ দিয়ে একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। এছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও অংশ নিচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে দুর্গত এলাকাগুলোতে বন্যাকবলিত জনসাধারণের মধ্যে শুকনো খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে’।

    এতে আরো বলা হয়, ‘সংগঠনটির জরুরি ত্রাণ তহবিলে অনুদান প্রেরণের ক্ষেত্রে ইতোমধ্যে বিচারকরা আশাব্যঞ্জক সাড়া প্রদান করেছেন। আগামী দুই দিনের মধ্যে বিচারকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে উক্ত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।