Category: জাতীয়

  • মোখায় স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে

    মোখায় স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে

    ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে রবিবার (১৩ মে) ও সোমবার (১৪ মে) এসএসসি ও সমমান স্থগিত পরীক্ষা যথাক্রমে আগামী শনিবার (২৭ মে) ও রবিবার (২৮ মে) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

    মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এর আগে সোমবার (১৫ মে) রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এসএসসি ও সমমানের সব লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে। এরপর যে পরীক্ষাগুলো স্থগিত আছে সেগুলোর সময় তারিখ জানিয়ে দেওয়া হবে।

    বিষয়টি আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সব লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অনুষ্ঠিত হবে।
    ঘূর্ণিঝড় মোখার কারণে সোমবারের (১৫ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (১৪ মে) এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

    প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু মাঝে ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ ও ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়।

  • মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্ব থেকেও পুলিশ সরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্ব থেকেও পুলিশ সরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    শুধু রাষ্ট্রদূত নয়, মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্ব থেকেও পুলিশ সরানো হবে; এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার (১৫ মে) রাতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের অতিরিক্ত প্রটোকল বন্ধ করার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই। বরং আনসার নিয়ে গঠিত নতুন গার্ড রেজিমেন্টের দ্বারা প্রটোকল দেয়া হবে। পুলিশকে অন্য অনেক কাজে লাগে।

    প্রসঙ্গত, এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের মিশন প্রধানরা এখন থেকে অতিরিক্ত প্রটোকল সুবিধা পাবেন না। তবে ডিপ্লোম্যাটদের জন্য নির্ধারিত প্রটোকল সুবিধা বহাল থাকবে।

    পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোনো দূতাবাস চাইলে নির্দিষ্ট ফি দিয়ে অতিরিক্ত নিরাপত্তা সুবিধা নিতে পারবেন।

    এদিকে, বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশে গাড়িতে নিজ দেশের পতাকা ব্যবহার করতে পারবেন কি না এ নিয়েও ভাবা হচ্ছে বলে জানান তিনি। এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মতো দেশগুলোতে বাংলাদেশি রাষ্ট্রদূতরা গাড়িতে নিজ দেশের পতাকা ব্যবহার করতে পারেন না। আমরাও ভাবছি এটা নিয়ে, চাই বৈষম্য উঠে যাক।

  • আ.লীগকে ক্ষমতায় দেখতে চায় না বলেই হয়তো র‍্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: প্রধানমন্ত্রী

    আ.লীগকে ক্ষমতায় দেখতে চায় না বলেই হয়তো র‍্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্র হয়তো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। তাই বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর (র‍্যাব) উপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বিবিসির ইয়ালদা হাকিমের সাথে একটি একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেটা যুক্তরাষ্ট্রের পরামর্শেই ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সকল প্রশিক্ষণ, সরঞ্জাম যুক্তরাষ্ট্র দিয়েছিল। কিন্তু এখন কেন বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিলো, সে প্রশ্নও রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

    র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি জানি না, হয়তো যুক্তরাষ্ট্র চায় না আমার কাজ অব্যাহত থাকুক, আমি বাংলাদেশের জন্য যেসব উন্নতি করেছি, সেটা তারা হয়তো গ্রহণ করতে পারছে না। এটা আমার অনুভূতি। একটা পর্যায়ে সন্ত্রাস সব দেশের জন্য সমস্যা হয়ে উঠেছিল। আমাদের দেশে আমরা সন্ত্রাস নিয়ন্ত্রণ করেছি। এরপর মাত্র একটা ঘটনা ঘটেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ রাখতে কঠোর পরিশ্রম করেছে।

    মার্কিন নিষেধাজ্ঞা জারির আগে বাংলাদেশে বন্দুকযুদ্ধের একটি পরিসংখ্যান তুলে ধরেন বিবিসির ইয়ালদা হাকিম। তিনি জানান, নিষেধাজ্ঞা জারির আগে ২০১৮ সালে ৪৬৬ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ২০১৯ সালে ৩৮৮ মানুষ এভাবে নিহত হয়েছে আর ২০২০ সালে নিহত হয়েছে ১৮৮ জন। কিন্তু নিষেধাজ্ঞার পর এই সংখ্যা মাত্র ১৫ জনে নেমে এসেছে।

    গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১২টি প্রতিষ্ঠান মিলে উদ্বেগ প্রকাশ করলেও যেসব সংখ্যা তারা উল্লেখ করেছে, সেগুলো তারা প্রমাণ করতে পারেনি। বেশিরভাগ ক্ষেত্রেই এসব হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনী করেনি। কারণ আমরা প্রমাণ চেয়েছিলাম, সেগুলো তারা পাঠিয়ে দিক, আমরা তদন্ত করে দেখবো।

    শেখ হাসিনা আরও বলেন, আমার মনে হয়, যুক্তরাষ্ট্রের উচিত তাদের নিজেদের ব্যাপারে আরও মনোযোগী হওয়া। তাদের দেশের কী অবস্থা? আমেরিকায় কী ঘটছে, আপনি দেখতে পাচ্ছেন। সেখানে প্রায় প্রতিদিন একাধিক হত্যাকাণ্ড ঘটছে। এমনকি স্কুল, শপিং মল, রেস্তোরায় হত্যাকাণ্ড ঘটছে। এমনকি স্কুল শিক্ষার্থীরা, সাধারণ মানুষ হয় আইনশৃঙ্খলা বাহিনী অথবা সশস্ত্র ব্যক্তির হাতে নিহত হচ্ছে। তাদের উচিত শিশুদের জীবন রক্ষা করা। তারা নিজেদের লোকজনের ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। তারা যেসব অভিযোগ করেছে, আমরা তাদের কাছে প্রমাণ চেয়েছিলাম। তারা দেয়নি।

    এ সময় ইয়ালদা হাকিম উল্লেখ করেন, ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ৯৬ শতাংশ ভোট পেয়েছে। ভোটের এই হার মিশরের মতো অনেক সামরিক শাসকের চেয়েও বেশি। এটা অনেকটা ভ্লাদিমির পুতিনের ভোটের মতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জবাবে বলেন, কেন নয়! আমাদের কাজের জন্যই মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরা তাদের জন্য কাজ করেছি। আমাদের ১৭০ মিলিয়ন মানুষ রয়েছে। আমাদের জনগণ রাজনৈতিক অধিকারের ব্যাপারে সচেতন। আমরা ক্ষমতায় আসার পর দারিদ্র কমেছে, খাদ্য নিরাপত্তা বেড়েছে, শিক্ষা, স্বাস্থ্য, গৃহায়ন- সব মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। তাহলে মানুষ কেন আমাদের ভোট দেবে না? নির্বাচন কমিশন প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগই আইন করেছে। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে তাই তারা ভোট পেয়েছে।

  • পাঁচ অতিরিক্ত ও তিন উপসচিবের দফতর বদল

    পাঁচ অতিরিক্ত ও তিন উপসচিবের দফতর বদল

    পাঁচ অতিরিক্ত সচিব ও তিন উপসচিবের দফতর বদল করা হয়েছে। দুজন উপসচিব ও একজন যুগ্মসচিবকে বদলি করা কর্মস্থলে যোগদানে তাগিদ দিয়ে বলা হয়েছে, অন্যথায় তাদের স্ট্যান্ডরিলিজ করা হবে।

    এছাড়া এক মেডিকেল অফিসারের প্রেষণাদেশ বাতিল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত নিয়োগ বদলির পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    জারি করা আদেশে, কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. বোরহানুল হককে মহাপরিচালক হিসাবে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপর্ড), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন চৌধুরীকে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব এমএ কামাল বিল্লাহকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামকে মুখ্য সমন্বয়ক (এসডিজি) দফতরে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

    রাজশাহী বঙ্গবন্ধু হাইটেক পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হককে ১২টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক, কুড়িগ্রাম জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসাবে বদলির আদেশাধীন উপসচিব মো. মিনহাজুল ইসলামকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনারের কার্যালয়ে, বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মো. লুৎফর রহমানকে পরিচালক হিসাবে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশনের পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।

    পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব ড. দীপংকর রায়কে ১৫ ডিসেম্বর মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে বদলি করা হয়।

    কিন্তু তিনি বদলি করা পদে যোগদান করেননি। আগামী ২১ মের মধ্যে বদলি কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওই তারিখ থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হবেন।

    পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপিরচালক মো. হুমায়ুন কবিরকে ১৯ ফেব্রুয়ারি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করা হয়। কিন্তু তিনি বদলি করা কর্মস্থলে যোগদান করেননি।

    আগামী ১৮ মের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মনসুর আলমকে ১৩ মার্চ খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়।

  • বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, বিশ্বে অষ্টম

    বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, বিশ্বে অষ্টম

    বাংলাদেশে বাল্যবিয়ের প্রচলন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এবং বিশ্বের মধ্যে অষ্টম সর্বোচ্চ বলে জানিয়েছে ইউনিসেফ। বুধবার (৩ মে) দুপুরে প্রকাশ করা ইউনিসেফের নতুন এক বিশ্লেষণ থেকে এ তথ্য জানা যায়।

    ২০১৯ সালের বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের তথ্য ব্যবহার করে তৈরি করা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ৫১ শতাংশ তরুণীর বিয়ে হয়েছিল তাদের শৈশবে।

    দেশটিতে বাল্যবিয়ের প্রচলন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এবং বিশ্বের মধ্যে অষ্টম সর্বোচ্চ। বাংলাদেশে ৩ কোটি ৪৫ লাখ নারীর বিয়ে হয়েছে তাদের বয়স ১৮ বছর হওয়ার আগে এবং ১ কোটি ৩ লাখ নারীর বিয়ে হয়েছে তাদের বয়স ১৫ বছর হওয়ার আগে।

    ইউনিসেফের বিশ্লেষণে বলা হয়, গত এক দশকে শিশুবিয়ে ধারাবাহিকভাবে কমা সত্ত্বেও সংঘাত, জলবায়ুজনিত অভিঘাত ও কোভিড-১৯ এর বিরূপ প্রভাবসহ একাধিক সংকট এক্ষেত্রে কষ্টার্জিত অর্জনগুলো নস্যাৎ করে দেওয়ার হুমকি তৈরি করেছে।

    বাল্যবিবাহ নির্মূলের ক্ষেত্রে ধীর গতি সবচেয়ে বেশি সাব-সাহারান আফ্রিকায়। ওই অঞ্চলে শিশুবিয়ের অবসানে ২০০ বছরেরও বেশি সময় লাগবে। অগ্রগতি সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় এখনও প্রতি চারজন তরুণীর মধ্যে একজনের বিয়ে হচ্ছে তার ১৮ বছরের আগেই।

    ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এ বিষয়ে বলেন, বিশ্ব একের পর সংকটে জর্জরিত, যা ঝুঁকিতে থাকা শিশুদের আশা ও স্বপ্নকে চুরমার করে দিচ্ছে। বিশেষ করে যেসব মেয়েদের শিক্ষার্থী হিসেবে থাকা উচিত, তাদের বিয়ের কনে হয়ে স্বপ্ন ভাঙছে।

    তিনি আরও বলেন, স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান সশস্ত্র সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব পরিবারগুলোকে শিশুবিয়ের মতো মিথ্যা ধারণার আশ্রয় নিতে বাধ্য করছে।

    শিশুদের পড়াশোনার করার ও সক্ষম জীবনের অধিকারী হওয়ার অধিকার যাতে সুরক্ষিত হয় তা নিশ্চিত করার জন্য আমাদের সাধ্য অনুযায়ী সবকিছু করতে হবে। বিশ্লেষণে অন্তর্ভুক্ত সর্বশেষ বৈশ্বিক হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী জীবিত প্রায় ৬৪ কোটি মেয়ে ও নারীর বিয়ে হয়েছে তাদের ছোটবেলায়।

    প্রতি বছর ১ কোটি ২০ লাখ মেয়ের বিয়ে হয় তাদের ছোটবেলায়। পাঁচ বছর আগে এ বিষয়ে সর্বশেষ হিসাব প্রকাশের পর, এ পর্যন্ত ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়া তরুণীর সংখ্যা ২১ শতাংশ থেকে ১৯ শতাংশে নেমে এসেছে।

    তবে এই অগ্রগতি সত্ত্বেও ২০৩০ সালের মধ্যে শিশুবিয়ের অবসান করার যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণের জন্য বিশ্বব্যাপী ওই কমার গতি ২০ গুণ দ্রুততর হতে হবে।

    শিশু বধূর সংখ্যার দিক থেকে বিশ্বে সাব-সাহারান আফ্রিকার অবস্থান দ্বিতীয় (২০ শতাংশ) এবং এই অঞ্চলে বর্তমানে যে গতিতে শিশুবিয়ের হার কমছে সেই গতিতে চলতে থাকলে শিশুবিয়ে পুরোপুরি বন্ধ করতে ২০০ বছরের বেশি লাগবে।

    চলমান সংকটের পাশাপাশি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বিশ্বের বাকি অংশে প্রত্যাশিত হ্রাসের বিপরীতে এই অঞ্চলে শিশুবধূর সংখ্যা বাড়িয়ে দেবে বলেই প্রতীয়মান হচ্ছে।

    লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলও পিছিয়ে পড়ছে এবং সেখানে বর্তমানের ধারা অব্যাহত থাকলে অঞ্চলভেদে শিশুবিয়ের দিক থেকে ২০৩০ সালের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অঞ্চলে পরিণত হবে। ক্রমাগত অগ্রগতির পর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়াতেও অগ্রগতি স্থবির হয়ে পড়েছে।

    বাল্যবিয়ের বৈশ্বিক হার কমে আসায় বড় ভুমিকা রাখছে দক্ষিণ এশিয়া এবং এই অঞ্চলে বর্তমানে যে গতিতে শিশুবিয়ে কমছে তাতে সেখানে শিশু বিয়ের পুরোপুরি অবসানে প্রায় ৫৫ বছর লাগতে পারে। তবে এই অঞ্চলে এখনও বিশ্বে মোট শিশুবধূর প্রায় অর্ধেকের (৪৫ শতাংশ) বসবাস।

    যদিও সাম্প্রতিক দশকগুলোতে ভারত এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবে তা সত্ত্বেও দেশটি এখনও বিশ্বের মোট শিশুবধূর এক-তৃতীয়াংশের আবাসস্থল।

  • অগ্নিসন্ত্রাসীরা যেন কখনই ক্ষমতায় ফিরতে না পারে: প্রধানমন্ত্রী

    অগ্নিসন্ত্রাসীরা যেন কখনই ক্ষমতায় ফিরতে না পারে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী, খুনী ও অগ্নি সন্ত্রাসীরা আবার তাতে আর কখনই ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ওয়াশিংটনে রিজ কার্লটন হোটেলের হলরুমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় এ আহ্বান জানান।

    তিনি বলেন, ‘খুনি, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধীরা যাতে আর কখনই ক্ষমতায় ফিরতে না পারে তা নিশ্চিত করুন।’ প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত তথাকথিত আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাস্তার পাশের হাজার হাজার গাছ উজাড় করেছে।

    তিনি দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে, এই চক্র দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল যেখানে আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে একে আবারো উন্নয়নের মহাসড়কে তুলেছে।

    তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। আমরা এ স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।’

    প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সুবিধাগুলোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশে বিদেশে রাষ্ট্র বিরোধী অপপ্রচার চালানোর জন্যে বিএনপি জামায়াত জোটের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি।

    বিএনপি-জামায়াত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে কান না দেয়ারও আহ্বান জানান তিনি।

    প্রধানমন্ত্রী দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, লাখো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। তিনি বলেন, সবাইকে মাথা উঁচু করে ও যথাযথ মর্যাদার সঙ্গে বিশ্বে চলতে হবে।

    বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আমরা এটা করতে পেরেছি।

  • পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু

    পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখী মানুষের কথা চিন্তা করে প্রায় ১০ মাস বন্ধ থাকার পর পদ্মা সেতুতে দ্বিতীয়বারের মতো মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে।

    আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা থেকে শুরু হয় মোটরসাইকেল চলাচল। সকাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৭৫৫টি মোটরসাইকেল পার হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী।

    এদিকে ভোর রাত থেকেই মোটরসাইকেল আরোহীদের ঢল নামে টোলপ্লাজা প্রান্তে। নির্দিষ্ট লেনসহ মাওয়া টোল প্লাজার দুইটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল।দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে তারা। এসময় একে অন্যকে নিয়ম মানার বিষয়ে উৎসাহ দেওয়ার চিত্র দেখা যায়।

    সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী জানান, মোটরসাইকেলে টোল আদায়ে একটি কাউন্টার ব্যবহারের কথা থাকলেও বাড়তি চাপের কারণে দুটি কাউন্টার দিয়ে টোল আদায় করা হচ্ছে। প্রতি মিনিটে দুটি কাউন্টার দিয়ে ২৫-৩০টি মোটরসাইকেল সার্ভিস এরিয়া লেন দিয়ে পদ্মা পার হচ্ছে।

    তিনি আরও বলেন, ‘সকাল ৬টা থেকে ৮টা ১০মিনিট পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২ হাজার ৭৫৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

    তবে সকাল সাড়ে ৮টার পর থেকে মোটরসাইকেলের চাপ নেই বললেই চলে। কয়েক মিনিট পর পর একটি দুটি করে মোটরসাইকেল টোল পরিশোধ করে পদ্মা পাড়ি দিচ্ছে। অন্যদিকে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের কোনো চাপ নেই টোল প্লাজা এলাকায়।’

  • শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ৪ জনের যাবজ্জীবন

    শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ৪ জনের যাবজ্জীবন

    সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকিদের ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    মঙ্গলবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় ঘোষণা করেন।

    এ সময় সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৮ জন আসামিকে আদালতের কাঠগড়ায় হাজির করানো হয়।

    এ মামলায় অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও আডভোকেট আব্দুস সামাদ নামের দুই আসামি জামিনে মুক্ত রয়েছেন। এছাড়া ৯ আসামি পলাতক রয়েছেন ও দুজন মারা গেছেন।

  • ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

    ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

    বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    ডা. জাফরুল্লাহর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডা. মামুন মোস্তাফী মৃত্যুর তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নানা রোগে আক্রান্ত এই মুক্তিযোদ্ধা চিকিৎসক। সোমবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

    জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর।

    জাফরুল্লাহর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে। পিতামাতার ১০ সন্তানের মধ্যে তিনি সবার বড়। ঢাকার বকশীবাজারের নবকুমার স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করেন।

    এরপর তিনি ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন।

    বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনসে এফআরসিএস পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না করেই লন্ডন থেকে ভারতে ফিরে আসেন। ফিরে এসে ডা. এম এ মবিনের সঙ্গে মিলে সেখানেই ৪৮০ শয্যাবিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন।

    তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান দেন, যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন। তার এই অভূতপূর্ব সেবাপদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার ল্যানসেতে প্রকাশিত হয়।

    জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার পান।

    এ ছাড়া তিনি ফিলিপাইন থেকে রামন ম্যাগসাইসাই (১৯৮৫) ও সুইডেন থেকে বিকল্প নোবেল হিসাবে পরিচিত রাইট লাইভলিহুড (১৯৯২), মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে ‘ইন্টারন্যাশনাল হেলথ হিরো’ (২০০২) এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান।

  • এবার ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে থাকছে না নিষেধাজ্ঞা

    এবার ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে থাকছে না নিষেধাজ্ঞা

    আসন্ন ঈদুল ফিতরে আন্তঃজেলা বা মহাসড়কে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক পথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা সংক্রান্ত মতবিনিময় সভায় আজ রবিবার দুপুরে তিনি বিষয়টি জানান।

    ওবায়দুল কাদের বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেলের কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকছে না। তাই এক জেলা থেকে অন্য জেলায় দুই চাকার এই যান নিয়ে চলাচল করা যাবে।


    তিনি বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। কোথাও কোথাও কমেছে, কিন্তু বন্ধ হয়নি। অনেক গাড়ি স্টেশন থেকে দূরে গিয়ে যাত্রী উঠায়। ইচ্ছা মতো ভাড়া নেয়।


    তবে এর আগের বছর ঈদুল আজহায় ৭ দিন মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশনা ছিল সড়ক বিভাগের।

    সেই নির্দেশনায় বলা হয়েছিল, যদি ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না। ভাড়ায় চালিত মোটরসাইকেল শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে। এছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না।

    কিন্তু এবার মোটরসাইকেল চলাচলে কোনো বিধিনিষেধ থাকছে না।