Category: জাতীয়

  • হজে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু

    হজে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু

    চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আজ পর্যন্ত ২৬ জন বাংলাদেশির মৃত্যুর হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের মধ্যে পুরুষ ২২ জন এবং নারী চারজন। এরা মক্কায় মারা যান ২২ জন এবং মদিনায় চারজন।

    আজ মঙ্গলবার (২৭ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে। ডেথ সার্টিফিকেট সংযুক্ত ও তারিখ উল্লেখ করে পোর্টালে বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উক্ত হাজি … তারিখে ইন্তেকাল করেন।

    পিলগ্রিম সূত্রে জানা যায়, এবার হজে গিয়ে ৩১ মে প্রথম মারা যান গাইবান্ধার গোবিন্দগঞ্জের মো. আব্দুল ওয়াহেদ (৪৬), ২ জুন শাহানারা বেগম (৬৪) ও ড. মো. শফিকুল ইসলাম (৫৮), তাদের বাড়ি যথাক্রমে ঢাকার বাটামারা ও পাবনার সদরে; ৩ জুন শেরপুরের ঝিনাইগাতির মো. আলী হোসেন (৬৭), ৪ জুন ঢাকার খিলগাওয়ের মো. আয়ুব খান (৪৮), ৬ জুন পঞ্চগড়ের রাধানগরের মো. শহিদুল আলম (৬৭), ৭ জুন বগুড়ার সান্তাহারের রোকেয়া বেগম (৬২), ৮ জুন মো. আদম উদ্দিন মণ্ডল (৭১) ও মো. আমজাদ হোসেন প্রধান (৫৭), তাদের বাড়ি যথাক্রমে নওগাঁর আত্রাই ও গাইবান্ধার বোনারপাড়া।

    এ ছাড়া ৯ জুন মারা যান রংপুরের সদরের মো. মতিউর রহমান (৬৮), ১০ জুন নোয়াখালীর সোনাইমুড়ির আব্দুল মান্নান (৫৯), ১৩ জুন সাতক্ষীরার বাঁশদহার মাখতুরা খাতুন (৬১), ১২ জুন কুমিল্লার বরুড়ার মোহাম্মদ আবুল হাশেম (৬১), ১১ জুন রংপুরের বদরগঞ্জের মো. শহিদুল্লাহ মন্ডল (৭৬), ৭ জুন কুমিল্লার দেবীদ্বারের মো. আবুল হোসেন ভূইয়া (৭১), ১০ জুন চাঁদপুরের হাজিগঞ্জের মো. আব্দুল মতিন (৬০), ১২ জুন মাগুরার মোহাম্মদপুরের সৈয়দ নাইমুল হক (৬২), ১৪ জুন মারা যান রাজশাহীর বুলুনপুরের মো. শাজাহান আলী (৬৬), কুমিল্লার বরুড়ার মো. আবুল কাশেম (৪৬) ও কক্সবাজারের বদরখালীর মো. রিদওয়ান (৬৪)।

    গত ১৫ জুন মারা যান নারায়ণগঞ্জের আড়াইহাজারের আব্দুল গফুর (৬১), ১৭ জুন যশোরের বাঘের পাড়ার মো. আব্দুল কুদ্দুস খান (৬৪), ১৮ জুন টাঙ্গাইলের ধনবাড়ির মো. আব্দুল আজিজ (৬৩), ২৩ জুন লালমনিরহাটের মো. আবুল ফাত্তাহ (৬৪) ও সিলেটের খাজাঞ্চির মো. সুলেমান খান (৭৫) এবং ২৪ জুন মারা যান কক্সবাজারের মনোয়ারা বেগম (৭২)।

    সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

    মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।

    গত ২১ মে থেকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ছিল ২২ জুন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ হবে ২ আগস্ট।

  • মহাসড়কে ৪ দিন চলবে না ট্রাক, কাভার্ডভ্যান ও লরি

    মহাসড়কে ৪ দিন চলবে না ট্রাক, কাভার্ডভ্যান ও লরি

    আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মহাসড়কে চার দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।বৃহস্পতিবার (২২ জুন) গণপরিবহন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ঈদের আগের তিন দিনসহ ঈদের দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

    তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা-চামড়া, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানিবহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।
    এছাড়া পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন না করা এবং টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকার রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

  • ঈদের ছুটি বাড়ল একদিন

    ঈদের ছুটি বাড়ল একদিন

    আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগামী ২৭ জুন থেকে এ ছুটি কার্যকর হচ্ছে।

    সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

  • সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা, জানা যাবে ঈদের তারিখ

    সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা, জানা যাবে ঈদের তারিখ

    হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সোমবার (১৯ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

    ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নে উল্লেখিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

    টেলিফোন নম্বরগুলো হলো- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর – ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

  • পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

    পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

    একাদশ জাতীয় সংসদের “পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১ তম বৈঠক জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত ১নং স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়।

    ১৮ জুন সকালে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন এর সভাপতিত্বে সিলেট, ব্রাক্ষনবাড়িয়া, লালমনিরহাট ও ভোলা জেলার নদীর ভাঙ্গন প্রতিরোধে নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, ২০২৩-২৪ অর্থ বছরে জাতীয় বাজেটে জরুরী জনগুরুপূর্ণ প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য প্রকল্পের প্রাক্কলন তৈরী পূর্বক প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সময়ে স্থায়ী কমিটির সদস্যদের পরিদর্শনকৃত প্রকল্পের প্রতিবেদন উপস্থাপন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি,পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, সালমা চৌধুরী মহিলা আসন-৩৪ সহ মন্ত্রনালয়ের সচিব, পানি সম্পদ মহাপরিচালক ও সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

    পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মাননীয় সংসদ সদস্যগণের সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশে যক্ষ্মা নির্মূলে রাজনৈতিক প্রতিশ্রুতি বৃদ্ধি করা ও চলমান যক্ষ্মার স্বাস্থ্যসেবা এবং অন্যান্য বিষয়ের মান উন্নয়নে যথাযথ নীতি-নির্ধারনীমূলক উদ্যোগ গ্রহনের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্যদের অংশগ্রহনে “যক্ষ্মা নির্মূলে Parliamentary TB Caucus বিষয়ক সভা” পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত হয়।

    স্বাস্থ্য অধিদপ্তর এর লাইন ডিরেক্টর, টিবি-এল এন্ড এএসপি ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এর সভাপতিত্বে প্রিপ ট্রাষ্ট ও আইসিডিডিআর,বির সহায়তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

  • এইচএসসির ফরম পূরণ শুরু ৯ জুলাই

    এইচএসসির ফরম পূরণ শুরু ৯ জুলাই

    আগামী ৯ জুলাই থেকে ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ২৪ জুলাই পর্যন্ত। ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা আগামী ৫ জুলাই প্রকাশ করা হবে। আর, আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা।

    বৃহস্পতিবার (১৫ জুন) এ তথ্য জানিয়ে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

    এতে বলা হয়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ সর্বোচ্চ ২৬২৮ টাকা, ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখায় ২১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, ব্যবসা ও মানবিক শাখায় কোনো শিক্ষার্থীর অতিরিক্ত ব্যবহারিক বিষয় থাকলে ১৪০ টাকা যোগ করতে হবে।

  • বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা: যে কোনো সময় গ্রেপ্তার

    বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা: যে কোনো সময় গ্রেপ্তার

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। রোববার (২০ মে) রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি করেন।

    এ বিষয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন জানান, এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে। আসামি আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

    এদিকে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর’ হুমকি দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। শুক্রবার (১৯ মে) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে রাজশাহী মহানগর এবং জেলা বিএনপির জনসমাবেশে তিনি এ হুমকি দেন। এ সংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    ওই ভিডিওর বক্তব্যে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।

    অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ এবং বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের দাবিতে সোমবার রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় মামলার শিকার হয়েছেন রাজশাহীর এ বিএনপি নেতা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারের করা মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। কয়েক মাস আগেই জামিনে ছাড়া পেয়েছেন সাঈদ।’

  • হজ কার্যক্রমের উদ্বোধন কাল, প্রথম ফ্লাইট ২০ মে

    হজ কার্যক্রমের উদ্বোধন কাল, প্রথম ফ্লাইট ২০ মে

    রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সশরীরে উপস্থিত থেকে শুক্রবার চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২০ মে দিবাগত রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে।

    ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামীকাল প্রধানমন্ত্রী চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন। গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, এবার সশরীরেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে দুই-একজন হজযাত্রীর সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

    তবে উদ্বোধনী অনুষ্ঠানের নির্দিষ্ট সময় উল্লেখ করেনি মন্ত্রণালয়।

    মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, আগামী ২০ মে রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে। এরই মধ্যে হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

    উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি।

    চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে সাড়ে তিন হাজার হজযাত্রীর কোটা খালি থাকবে, তা সৌদি আরবে ফেরত যাবে বলে জানিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

  • ঐচ্ছিক বিদেশ ভ্রমণের অনুমতি পাচ্ছে না পুলিশ

    ঐচ্ছিক বিদেশ ভ্রমণের অনুমতি পাচ্ছে না পুলিশ

    ডলারের মজুত বাঁচাতে পুলিশ সদস্যদের বিদেশ ভ্রমণে কাটছাঁট এনেছে সরকার। বাংলাদেশ পুলিশের সূত্রে জানা গেছে, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঐচ্ছিক কারণে বিদেশ ভ্রমণ বন্ধ বিষয়ক নির্দেশনা এসেছে। ইতোমধ্যে অনেকাংশে তা কার্যকরও হয়েছে।

    পুলিশ সদর দপ্তরের একটি সূত্র এ ব্যাপারে জানিয়েছে— স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সদর দপ্তর যৌথভাবে এই সিদ্ধান্তে এসেছে যে, চিকিৎসা ও ধর্মীয় দরকার ছাড়া ঐচ্ছিক কারণে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান আপাতত স্থগিত রাখা হবে। চলমান অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

    পুলিশের কনস্টেবল থেকে সব স্তরের কর্মকর্তাদের ওপর ইতোমধ্যে এই নিয়ম প্রযোজ্য হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য ও কর্মকর্তাদের নতুন এই পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছে সদর দপ্তর সূত্র।

    ডলারের অপব্যয় রোধে গত বছর সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কাটছাঁট করার উদ্যোগ নেয় সরকার। ২০২২ সালের ১১ মে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানান, বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

    সরকারের অন্যান্য দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের মতো পুলিশেও এ সিদ্ধান্ত কার্যকর হয়। এখনো সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়নি। এর মধ্যেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হলো। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা ঢাকা পোস্টকে জানিয়েছেন, চলমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

    পুলিশ সদস্যদের ঐচ্ছিক বিদেশ ভ্রমণের বিষয়ে অনুমতি দেয় পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে কনস্টেবল থেকে উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদের ঐচ্ছিক বিদেশ ভ্রমণের অনুমতি দেয় পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা-৩। অন্যদিকে পরিদর্শক থেকে বাকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঐচ্ছিক বিদেশ ভ্রমণের বিষয়ে অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, চলমান অবস্থায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যেন চাপ না পড়ে সেই জন্য গত বছরের শেষ দিকে অর্থ মন্ত্রণালয় বিশেষ কারণ ছাড়া সরকারি সফর বন্ধ করেছে। এই নির্দেশনার পর থেকে এমনিই পুলিশের কোনো সদস্য অতীব জরুরি কোনো কারণ ছাড়া সরকারি খরচে বিদেশ সফর করতে পারছে না। অর্থ মন্ত্রণালয়ের এমন নির্দেশনার পর থেকে দেশের প্রতি নৈতিক দায়িত্ব থেকে পুলিশ সদর দপ্তর সিদ্ধান্ত নেয় পুলিশ সদস্যরা হজ, ওমরা ও চিকিৎসাসহ জরুরি কারণ ছাড়া নিজে খরচেও বিদেশ ভ্রমণ করতে পারবেন না। তারপরেও যদি কেউ চান সে ক্ষেত্রে ওই কর্মকর্তা বা সদস্যকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করা হবে। এতে করে চলমান অবস্থায় দেশ থেকে বৈদেশিক মুদ্রা বের হয়ে যাওয়া কিছুটা হলেও কমবে।

    পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা-৩ সূত্রে জানা গেছে, করোনাকালে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ঐচ্ছিক বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক অবস্থার জন্য নিরুৎসাহিত করার প্রক্রিয়া আরও জোরদার করা হয়।

    এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট ৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহরিয়ার বলেন, ‘ওমরা, হজ ও চিকিৎসা সংক্রান্তসহ জরুরি কোনো কাজ ছাড়া পুলিশে কর্মরত সকল সদস্যদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর থেকে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত কনস্টেবল থেকে এসআই পর্যন্ত পদমর্যাদার পুলিশ সদস্যদের অনুমতিগুলো দেখি। তাদের হজ, ওমরা ও চিকিৎসা জনিত কারণ ছাড়া বিদেশ ভ্রমণের অনুমতি আপাতত দেওয়া হচ্ছে না।’

    ‘এরপরেও যদি কেউ অনুমতি চান তাহলে সেই আবেদনটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তখন আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেন।’

    এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এসআই পদ মর্যাদার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত কারণে গত ডিসেম্বর মাসে পার্শ্ববর্তী একটি দেশে ঐচ্ছিক ভ্রমণের জন্য আবেদন করেছিলাম। কিন্তু হজ, ওমরা ও চিকিৎসা এই তিন কারণের মধ্যে আমার কারণগুলো না থাকায় অনুমতি দেওয়া হয়নি। আমার পরিচিত আরও কয়েকজনকেও ঐচ্ছিক ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। যতটুকু জানি ডলার সংকট থাকায় বিদেশি মুদ্রা যেন এই মুহূর্তে দেশ থেকে বের হয়ে না যায় সে কারণে অনুমতি দেওয়া হচ্ছে না।’

    এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার এক কর্মকর্তা জানান, সম্প্রতি তিনি পরিবারসহ ঐচ্ছিক বিদেশ ভ্রমণের জন্য আবেদন করেছিলেন। কিন্তু মন্ত্রণালয় থেকে সেই আবেদনের অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে কোনো কারণও তাকে জানানো হয়নি। তবে তিনি ধারণা করছেন ডলার সংকট সংক্রান্ত কারণে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে না।

  • মোখার প্রভাবে গ্যাস-বিদ্যুৎ সংকট, যেভাবে প্রস্তুতি নিতে হবে

    মোখার প্রভাবে গ্যাস-বিদ্যুৎ সংকট, যেভাবে প্রস্তুতি নিতে হবে

    ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে। গ্যাস সংকটে শনিবার দিনভর বাসিন্দাদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়।

    গ্যাসচালিত চারটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ বা আংশিক চালু থাকায় শনিবার সকাল থেকে রাজধানীসহ সারা দেশে ঘন ঘন লোডশেডিং হয়েছে। রাজধানীর সিএনজি স্টেশন ও বাসাবাড়িতেও ছিল গ্যাসের সংকট। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের জন্য গাড়ির লম্বা লাইন দেখা গেছে।

    এদিকে ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি কমাতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি সতর্কতামূলক নানা পদক্ষেপ নিয়েছে সরকার। পাশাপাশি নাগরিকদের সচেতনতাও ক্ষয়ক্ষতি কমাতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে।

    ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ থাকতে যা যা করা যেতে পারে-
    ১. আগামী দুদিনের জন্য আজ দুপুরের মধ্যে খাবার রান্না করুন।
    ২. জিপ ব্যাগ বা মজবুত পলি ব্যাগে পানি রাখুন এবং বরফ তৈরি করতে ডিপ ফ্রিজারে সংরক্ষণ করুন। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকলে, এই বরফ ব্যাগগুলো কিছু সময়ের জন্য ফ্রিজারের তাপমাত্রা কম রাখতে সাহায্য করবে।
    ৩. নিশ্চিত করুন যে আপনার সমস্ত চার্জার লাইট সম্পূর্ণরূপে চার্জ করা আছে। আপনার আইপিএস থাকলে, ব্যাটারির পানির স্তর পরীক্ষা করে নিন।
    ৪. কিছু মোমবাতি ও একটি লাইটার কিনে রাখুন।
    ৫. আপনার ভবনের সুপারভাইজারকে জেনারেটরের জন্য ডিজেল সংরক্ষণ করতে বলুন।
    ৬. আপনার গাড়ির ট্যাঙ্ক পেট্রোল/সিএনজি দিয়ে পূর্ণ রাখুন।

    শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা। অভিযোগ জানিয়ে অনেকে সামাজিক মাধ্যমে পোস্টও দেন। এদিন ঢাকায় সরকারি অফিস বন্ধ থাকার পরও ২-৩ ঘণ্টা পর পর লোডশেডিং করেছে বিদ্যুৎ কোম্পানিগুলো।

    একই সঙ্গে রাজধানী ঢাকার সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিটি সিএনজি স্টেশনে গ্যাসের জন্য গাড়ির লম্বা লাইন দেখা গেছে। সিএনজি স্টেশনের কর্মীরা জানিয়েছেন, গ্যাসের চাপ কম থাকায় গাড়িতে দ্রুত গ্যাস দেওয়া যাচ্ছে না। এ কারণে দীর্ঘ লাইন জমে যায়।

    শনিবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, মোখার প্রভাবে চট্টগ্রাম, মেগনাঘাট, হরিপুর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ বা আংশিক চালু থাকতে পারে।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রাকৃতিক এই দুর্যোগের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, অতিদ্রুত গ্যাস, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে। একইসঙ্গে তিনি বৈদ্যুতিক ছেঁড়া তার স্পর্শ না করে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য গ্রাহকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন।