Category: সিলেট

  • দিনে তালাক, রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

    দিনে তালাক, রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

    পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক স্ত্রী। গুরুতর আহত অবস্থায় ওই স্বামীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দ্বিনপুরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

    পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার খলাগাঁও গ্রামের এক নারীর সঙ্গে উত্তর কুশিয়ারা ইউনিয়নের দ্বিনপুর গ্রামের এক যুবকের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে।

    বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সোমবার দুপুরে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে তালাক দেন স্বামী। খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি মীমাংসা করতে মেয়ের জামাইয়ের বাড়িতে যান। রাত বেশি হয়ে যাওয়ায় বিষয়টি অমীমাংসিত রেখে স্ত্রীকে আলাদা ঘরে থাকার নির্দেশ দেয় গ্রামের মুরব্বিরা। ভোররাতে ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী। এ সময় স্বামীর চিৎকারে পরিবারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, স্বামীর লিঙ্গ কর্তনের বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে থানায় আনা হয়েছে।

  • মা-মেয়েকে ধর্ষণ, গুলি করে আসামি ধরল পুলিশ

    মা-মেয়েকে ধর্ষণ, গুলি করে আসামি ধরল পুলিশ

    অনলাইন ডেস্ক ::

    সিলেটের ওসমানীনগর উপজেলায় মা ও মেয়েকে ধর্ষণ ও অপহরণ মামলার আসামিকে গুলি করে গ্রেফতার করেছে পুলিশ। খোকন মিয়া (৩০) নামে ধর্ষণ মামলার ওই আসামিকে রোববার রাত ১টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

    একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে খোকন মিয়ার বাবাকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার খোকন বাগেরহাটের কচুয়া উপজেলার ধননগর গ্রামের বাসিন্দা।

    জানা গেছে, খুলনার এক নারীকে বিয়ের কথা বলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওসমানীনগরে একসঙ্গে ভাড়া বাসায় থাকতেন খোকন মিয়া। ১৪ আগস্ট ঢাকায় যাওয়ার কথা বলে ওই নারীর কিশোরী মেয়েকে (১৩) নিয়ে যান খোকন। এরপর থেকে দুজনের খোঁজ পাচ্ছিলেন না ওই নারী। মেয়ে নিখোঁজ উল্লেখ করে থানায় জিডি করেন তিনি।

    এরই মধ্যে ৪ সেপ্টেম্বর মেয়ে গোপনে মাকে ফোন করে জানায় খোকন তাকে অপহরণ করে উমরপুরে নিয়ে গেছে এবং একাধিকবার ধর্ষণ করেছে। বিষয়টি জেনে রোববার রাতে ওসমানীনগর থানায় মামলা করেন কিশোরীর মা।

    পুলিশ জানায়, রোববার রাত ১টার দিকে আসামি ধরতে উমরপুরের কামালপুরে অভিযান চালায় পুলিশ। এ সময় কিশোরীকে উদ্ধার করা হয়। খোকনকে গ্রেফতার করে ফেরার পথে খোকনের বাবা জাহাঙ্গীর আলীর নেতৃত্বে একদল লোক আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ গুলি ছুড়লে খোকনের ডান পায়ে গুলি লাগে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেছে। সেই সঙ্গে জাহাঙ্গীরকেও গ্রেফতার করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আল মামুন বলেন, কিশোরীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ খোকনকেও হাসপাতালে ভর্তি করা রয়েছে। আর খোকনের বাবা জাহাঙ্গীর আলীকে আদালতে পাঠানো হয়েছে।

  • ধলাই নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৫ জনের মৃত্যু

    ধলাই নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৫ জনের মৃত্যু

    সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদীতে ডুবে পৃথক তিনটি ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ছাত্রসহ আরও দুই শিশু। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনীর সদস্যরা।

    রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টুকেরবাজার-রাজনগর নতুন বাজার খেয়াঘাটে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়। বেলা ১টার দিকে সাদাপাথর এলাকায় সাঁতার কাটতে গিয়ে স্রোতে তলিয়ে যায় লিডিং ইউনিভার্সিটির ছাত্র। এর আগে রোববার ভোরে ধলাই নদীর রাজনগরে বালুবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়।

    স্থানীয়রা জানান, রোববার ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে বালুবোঝাই একটি নৌকা ডুবে যায়। এতে পানিতে ডুবে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাতেরটেক গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে নাঈম হোসেন (১৮) ও একই গ্রামের আবু সামা মিয়ার ছেলে জমির হোসেন নামের দুই শ্রমিক মারা যান।

    বেলা সাড়ে ১১টার দিকে ধলাই নদীর টুকেরবাজার-রাগ নগর নতুন বাজার খেয়া ঘাটের একটি খেয়া নৌকা ডুবে যায়। এতে দুই শিশু নিখোঁজ হয়। তাদের পরিচয় এখনো জানাতে পারেনি প্রশাসন। নিখোঁজের ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও বিকেল ৫টা পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি। তারা মারা গেছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর সদস্যরা।

    এ ঘটনায় গুরুতর আহত রাজনগর গ্রামের আব্দুল বাছিরের স্ত্রী জাহেনা বেগম কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    অন্যদিকে, বেলা ১টার উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর বেড়াতে গিয়ে ধলাই নদীতে নিখোঁজ হয়েছেন লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র। তিনি সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার মুগলীরপার চকিদেখি এলাকার মতিউর রহমানের ছেলে হাসানুর রহমান আবির। তাকে বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার করতে পারেননি দমকল বাহিনীর সদস্যরা। নিখোঁজদের উদ্ধারের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

    জানা যায়, কয়েকজন বন্ধুর সঙ্গে রোববার সাদাপাথর পর্যটন এলাকায় বেড়াতে যান বিশ্ববিদ্যালয় ছাত্র আবির। এ সময় তিনি সাঁতার কাটতে নেমে ধলাই নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। আবির লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

    এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নদীতে নৌকা চলাচল বন্ধ রেখে উদ্ধারকাজ চলানো হচ্ছে। টুকেরবাজার ও সাদাপাথরে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে। দমকল বাহিনীর নিখোঁজদের উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের উদ্ধারের সম্ভাবনা নেই।

    কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জি বলেন, নিখোঁজদের উদ্ধোরে বিভিন্ন সংস্থার ডুবুরির পাশাপশি স্থানীয় ডুবুরিরা কাজ করছেন। উদ্ধারকাজের জন্য নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

  • ভাইয়ের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশুর সর্বনাশ

    ভাইয়ের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশুর সর্বনাশ

    ঈদের আনন্দ উপভোগ কতে ভাবির বাড়ি বেড়াতে এসেছিল ৯ বছরের শিশুটি। কিন্তু আনন্দ পরিণত হয়েছে বিষাদে। ভাবির ভাইয়ের (তালতো ভাইয়ের) লালসার শিকার হয়ে সর্বনাশ ঘটেছে তার।

    নির্যাতিতা শিশুটির ঠাঁই হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)। পুলিশ গত শনিবার রাতে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।

    রবিবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

    জানা যায়, ওসমানীনগরের এক শিশু তার ভাবির সাথে তার বাবার বেড়াতে আসে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের পাইকারগাঁওয়ে।

    গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তালতো ভাই মুহিন আহমদ (১৯) শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা জালালাবাদ থানায় মামলা দায়ের করলে গত শনিবার রাতে পুলিশ মুহিনকে গ্রেফতার করে।

    জালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে ধর্ষক মুহিনকে গ্রেফতার করে পুলিশ।

    আজ রবিবার তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সিলেটে বিএনপির ৯ নেতার পদ স্থগিত

    সিলেটে বিএনপির ৯ নেতার পদ স্থগিত

    শোকজের জবাব না দিয়ে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম অব্যাহত রাখায় সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ৯ নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

    একই সাথে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা (বহিষ্কার) নিতে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

    সোমবার সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    পদ স্থগিত হওয়া নেতারা হলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি তাহিদ মিয়া, সহ সভাপতি রইছ উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক নজমুল ইসলাম রুহেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান রিপন, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম নুরুদ্দিন ও সিলেট জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে গত ২ এপ্রিল এই ৯ নেতাকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়ে তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু নোটিশপ্রাপ্তরা জবাব না দিয়ে উল্টো দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রম অব্যাহত রাখেন। তাই তাদের সব ধরনের পদবী স্থগিত করে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

  • ওসমানীতে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

    ওসমানীতে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

    সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

    শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওমানের মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২২২ ফ্লাইট থেকে আবির হোসেন (৩১) নামের ওই যাত্রীকে আটক করা হয়।

    আবির হোসেন নোয়াখালী জেলার হাতিয়ার আব্দুল আজিজের ছেলে। তার গন্তব্যস্থল ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।ওসমানী বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তা নুরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবির হোসেনের হাতব্যাগ তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। বারগুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রাম। এছাড়া ১০০ গ্রাম ওজনের
    স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। আবির হোসেনকে বিমানবন্দর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

  • বিমানবন্দরে হয়রানি বন্ধে সিসি ক্যামেরা স্থাপন করা হবে

    বিমানবন্দরে হয়রানি বন্ধে সিসি ক্যামেরা স্থাপন করা হবে

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশ থেকে বাংলাদেশে আসা প্রবাসীদের হয়রানি বন্ধে বিমানবন্দরে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই কাজ শুরু হয়ে গেছে। সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিনিয়ত মনিটর করা হবে।

    আজ শনিবার সিলেট নগরীর বন্দর বাজারস্থ রাজা জিসি হাইস্কুল এবং জিন্দা বাজারস্থ র সময় মেমোরিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বক্তৃতাকালে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের মহাসচিব ঘোষণা দিয়েছেন, ‘বাংলাদেশ উন্নয়নের রোলমডেল’। আর আমি বলি, বাংলাদেশ ‘মানবাধিকারের রোলমডেল’।

    তিনি বলেন, এক সময় বাংলাদেশ দরিদ্রপীড়িত ছিল। কিন্তু, আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যেখানে বাংলাদেশে মাত্র ৯ শতাংশ মানুষের ঘরে বিদ্যুতের আলো ছিল, এখন প্রায় ৯৩ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। গত দশবছরে এদেশের মানুষের আয় বেড়েছে ৩ গুণ।

    মোমেন বলেন, বাংলাদেশের মানুষকে সুশিক্ষিত করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বছরের প্রথম দিন স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। সারাদেশে এখন স্কুল-কলেজে ডিজিটাল ল্যাব তৈরি করা হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে সারাদেশের ১ লাখ ৫৬ হাজার স্কুলে একটি করে স্মার্টবুক দেওয়া হবে। এ প্রকল্প অনুমোদন হয়ে গেছে। এর মাধ্যমে ছেলে মেয়েরা প্রযুক্তিতে আরো দক্ষ হবে।

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের জন্য বেশ কয়েকটি লক্ষ্য নির্ধারণ করেছেন। তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে দেখতে চান। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। এগুলো অর্জন করতে অনেক পরিশ্রম করতে হবে।

    এসব লক্ষ্যমাত্রা অর্জনে পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি নীতি প্রণয়ন করেছে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, এরমধ্যে একটি হচ্ছে, ইকোনমিক ডিপ্লোমেসি (অর্থনৈতিক কূটনীতি)। যার মাধ্যমে রূপরেখা অর্জনে প্রয়োজনীয় বিনিয়োগ, প্রযুক্তি সহায়তা নেওয়া যায়। দ্বিতীয়ত, বন্ধুপ্রতীম দেশগুলো থেকে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য যোগাযোগ বৃদ্ধি।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে আগামী তিন বছরের জন্য পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সেসব দেশ থেকে কী ধরণের সুযোগ-সুবিধা ও বাণিজ্য বিনিয়োগ করা যায় তার তালিকা তৈরি করতে তাদেরকে বলা হয়েছে।

    তিনি থিংকট্যাঙ্কদের উদ্ধৃত দিয়ে বলেন, তারা বলছে- পৃথিবীর পাঁচটি দেশ খুব সম্ভাবনাময়। এর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এসব অর্জনকে সারাবিশ্বে জানান দেওয়ার পাশাপাশি বাংলাদেশ মানবাধিকারের রোলমডেল, নারীর ক্ষমতায়নের রোলমডেল হিসেবে বিশ্ববাসীকে অবগত করা, এই কর্মসূচির আরেকটি লক্ষ্য বলে জানান মোমেন।

    রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন আহমদ।

    অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

    এর আগে সকালে রাজা জিসি হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী।

  • বাসের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রীর

    বাসের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রীর

    অনলাইন ডেস্ক:

    সিলেটের দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় মাহিয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

    শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মোগলাবাজারের রেঙ্গা হাজিগঞ্জ ধরমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মাহিয়া স্থানীয় সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও মোগলাবাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হেলাল আহমদের মেয়ে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

    এ বিষয়ে মোগলাবাজার থানা পুলিশের ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, বাসের ধাক্কায় মাহিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হলে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন করা হয়।  আবেদেনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • অবশেষে শপথ নিচ্ছেন গণফোরামের মোকাব্বির

    অবশেষে শপথ নিচ্ছেন গণফোরামের মোকাব্বির

    অবশেষে সিলেট-২ আসনের (ওসমানীনগর-বিশ্বনাথ) সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান।

    সিলেটের দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন মোকাব্বির খান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খান। যদিও তিনি এখনো জাতীয় সংসদে শপথ গ্রহণ করেননি।

    তবে এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোকাব্বির খান শপথ নেয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘মার্চ মাস মহান স্বাধীনতার মাস। এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তাই মার্চ মাসেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এলাকাবাসীর ভোটের প্রতিদান দিতে আমি সংসদ সদস্য হিসেবে শপথ নেব।

    ট্রাস্টের চেয়ারপার্সন রবিন পাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. সৈয়দ মুদাচ্ছির আলী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ, সংরক্ষিত নারী সংসদ সদস্য (সিলেট-সুনামগঞ্জ) শামীমা শাহরিয়ার, ইসলামী ফাউন্ডেশনের ডিজি শামীম মুহাম্মদ আফজাল, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. লুৎফুর রহমান, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

  • ৮ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

    ৮ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গারাই একমাত্র নাগরিকত্বহীন জাতি। তাই তারা অনেকটা উগ্র। এজন্যই তারা হয়তো জার্মান সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। এ রকম ঘটনা সত্যিই দুঃখজনক।

    শনিবার দুপুরে সিলেট নগরীর মিরাবাজারস্থ মডেল হাইস্কুলের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

    ড. মোমেন বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার মধ্যে ৮ লাখকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। মিয়ানমারও তাদের ফেরত নিতে সম্মত হয়েছে। কিন্তু রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার মতো পরিবেশ এখনো তৈরি করতে পারেনি মিয়ানমার। এরপরও তাদের নিরাপদে সেখানে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

    সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডা. মুদাচ্ছের আলী, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

    এর আগে সকালে তিনি সিলেট সদর উপজেলার শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।