Category: আন্তর্জাতিক

  • ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি ভারতের, সতর্ক পাকিস্তান

    ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি ভারতের, সতর্ক পাকিস্তান

    ফের ভারত-পাকিস্তানের কাশ্মীর সীমান্তে উত্তেজনা চরমে। শত শত ট্যাঙ্ক মোতায়েনের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের পাকিস্তান সীমান্তে ফের ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। এই পরিস্থিতিতে আক্রমণ ঠেকাতে বাঙ্কার তৈরি করে সতর্ক অবস্থান নিচ্ছে পাকিস্তান।

    এর আগে জম্মু-কাশ্মীরে গেল ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার ঘটনার পর থেকে উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দেশের পাল্টাপাল্টি বিমান হামলার মধ্যে পাকিস্তানের হাতে ভারতের পাইলট আটক হলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এরপর পাল্টাপাল্টি হুমকিতে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়।

    পরে ভারতীয় পাইলট অভিনন্দনকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।  তবে সম্প্রতি পাকিস্তান সীমান্তে রাশিয়ান প্রযুক্তিতে তৈরি ভারতের ৪৬০টি ট্যাঙ্ক মোতায়েন করার ঘোষণা ফের জটিলতার ইঙ্গিত দিচ্ছে।

    বিভিন্ন গণমাধ্যমে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা এমনটাই  দাবি করছেন। ভারত ট্যাঙ্ক মোতায়েন ছাড়াও সীমান্ত এলাকায় যেসব সেনা জওয়ান অভিযানে আছেন তাদেরকেও উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছেন। অন্যদিকে, আক্রমণ থেকে বাঁচতে বাঙ্কার তৈরি করছে পাকিস্তান।

  • নজরদারি বাড়াতে মহাকাশে ‘গুপ্তচর’ উপগ্রহ পাঠাচ্ছে ভারত

    নজরদারি বাড়াতে মহাকাশে ‘গুপ্তচর’ উপগ্রহ পাঠাচ্ছে ভারত

    ভারত অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আকাশে অত্যাধুনিক নজরদারি উপগ্রহ (রিস্যাট-২বিআর১) পাঠাচ্ছে আগামী ২২ মে। এর ফলে আরও নিখুঁত ভাবে শত্রুপক্ষের উপর নজরদারি চালাতে পারবে দেশটি।

    এর আগের রিস্যাট পর্যায়ের উপগ্রহগুলোর থেকে অনেক শক্তিশালী এই রিস্যাট-২বিআর১। এই মুহূর্তে মহাকাশে আছে ভারতের রিস্যাট-১ এবং রিস্যাট-২ উপগ্রহ। তাদের থেকে অনেক নিখুঁত ছবি আর অনেক সজাগ এই নয়া উপগ্রহ। দিনের মতো রাতের বেলাতেও কাজ করবে এই উপগ্রহের শক্তিশালী রেডার। মেঘের আস্তরণ ভেদ করে শত্রু আকাশে দৃষ্টি রাখতে পারবে এই নজরদারি উপগ্রহ। নজরদারির কারণেই কেউ কেউ এই উপগ্রহকে ডাকেন ‘আকাশের গোপন চোখ’ বা গুপ্তচর উপগ্রহ নামেও।

    কোন একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ছবি দিনে দুই থেকে তিনবার তুলতে পারবে ‘আকাশের গোপন চোখ’। এর ফলে কোন বাড়ি বা অঞ্চলে ২৪ঘণ্টার মধ্যে কী পরিবর্তন হচ্ছে, তা নির্ভুলভাবে বলতে পারবে রিস্যাট-২বিআর১।

    এছাড়া এখানে ব্যবহার করা হয়েছে সিন্থেটিক অ্যাপারচার রেডার, যার ফলে উচ্চমানের ছবি তোলা যাবে আকাশ থেকে। নজরদারি ছাড়া প্রাকৃতিক দুর্যোগ-সহ অন্যান্য বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও কাজে লাগানো যাবে এই উপগ্রহ।

  • শ্রীলঙ্কায় মুসলিমদের উপর খ্রিস্টানদের হামলা-ভাঙচুর

    শ্রীলঙ্কায় মুসলিমদের উপর খ্রিস্টানদের হামলা-ভাঙচুর

    শ্রীলঙ্কায় গীর্জায় বোমা হামলা ঘটনার পর দেশটিতে সাম্প্রদায়িক অস্থিরতা বিরাজ করছে। সোমবার উগ্রপন্থী খ্রিস্টানরা রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলের নেগোম্বো শহরে মুসলিমদের বাড়ি-ঘর, দোকানপাট ও যানবাহনে হামলা করেছে । এ ঘটনার পর শহরটিতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে আত্মঘাতী হামলার পর ঐ অঞ্চলের অনেক মুসলিম তাদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন। এর মাঝেই সোমবার মুসলিমদের দোকানপাট, বাড়িঘর ও যানবাহনে এই হামলার ঘটনা ঘটল। যদিও আগে থেকেই মুসলমানদের নিরাপত্তায় সজাগ দৃষ্টি ছিল পুলিশের। দেশটির পুলিশ প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, হামলার সাথে সাথে ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

    এদিকে, মুসলিমদের ওপর এই হামলার ঘটনার পর দেশটির রোমান ক্যাথলিক চার্চের যাজক উভয় সম্প্রদায়কে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আল জাজিরা বলছে, মুসলিমদের কয়েক ডজন বাড়ি-ঘর, দোকানপাট ও যানবাহন আক্রান্ত হওয়ার কারফিউ কার্যকর করার জন্য শহরটিতে নিরাপত্তাবাহিনীর শত শত সদস্য প্রবেশ করেছেন।

    উল্লেখ্য, গত ২১ এপ্রিল দেশটির যে তিনটি গীর্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলা হয়েছিল; রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার উত্তরাঞ্চলের সেন্ট সেবাস্তিয়ান গীর্জাও সেগুলোর একটি। ইস্টার সানডের ওই হামলায় অন্তত ২৫৭ জনের প্রাণহানি ঘটেছে। হামলার চারদিন পর দায় স্বীকার করে বিবৃতি দেয় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

  • শ্রীলঙ্কায় ছুরি ও তলোয়ার থানায় জমা দেওয়ার নির্দেশ

    শ্রীলঙ্কায় ছুরি ও তলোয়ার থানায় জমা দেওয়ার নির্দেশ

    শ্রীলঙ্কার জনগণের কাছে যেসব তলোয়ার ও বড় আকারের ছুরি আছে সেগুলো জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ। তবে দৈনন্দিন কাজে ব্যবহারের জন্যে বৈধ যেসব ছুরি আছে সেগুলো এর আওতায় পড়বে না। একই সঙ্গে লোকজনের কাছে যদি সামরিক বাহিনীর ইউনিফর্মের মতো দেখতে জামা-কাপড় থাকে সেগুলোও স্থানীয় থানায় গিয়ে জমা দিতে বলা হয়েছে।

    সম্প্রতি ইস্টার সান ডে’তে বেশ কয়েকটি গির্জা ও হোটেলে আত্মঘাতী হামলায় বহু মানুষ হতাহত হওয়ার পর সারা দেশে নিরাপত্তার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে এই আহবান জানানো হয়েছে। খবর বিবিসির।

    এদিকে, একুশে এপ্রিলের হামলার পর পুলিশ সারা দেশের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ইতোমধ্যেই শত শত অস্ত্র উদ্ধার করে সেগুলো জব্দ করেছে। ওই হামলায় আড়াইশো জনেরও বেশি নিহত এবং আরো প্রায় পাঁচশো জন আহত হয়েছে।

    পুলিশ বলছে, লোকজনের প্রতি আহবান জানানো হয়েছে তাদের কাছে থাকা বড় আকারের ছুরি এই শনি ও রবিবারের মধ্যেই জমা দেওয়ার জন্য। এগুলো স্থানীয় থানায় গিয়ে জমা দিতে বলা হয়েছে।

    পুলিশের একজন মুখপাত্র রোয়ান গুনাসেকারা বলেছেন, এছাড়াও লোকজনের কাছে যদি সামরিক বাহিনীর ইউনিফর্মের মতো দেখতে জামা-কাপড় থাকে সেগুলোও স্থানীয় থানায় গিয়ে জমা দিতে বলা হয়েছে।

    তবে এই দু’দিনে কেউ যদি তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র জমা দেয় তাহলে তাদেরকে ক্ষমা করা হবে কীনা সে বিষয়ে তিনি কিছু বলেননি। হামলার ঘটনায় তদন্তের মধ্যেই পুলিশের পক্ষ থেকে এই আত্মসমর্পণের আহবান জানানো হলো।

  • মোদিকে বিদায় জানানো উচিত : মনমোহন সিং

    মোদিকে বিদায় জানানো উচিত : মনমোহন সিং

    ভারতের যুব সম্প্রদায়, কৃষক, ব্যবসায়ী ও প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত ৫ বছরের কাজ-কর্ম হয়ে উঠেছে ‘সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক’। এবার তাকে আমাদের বিদায় জানানো উচিত।

    সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রবিবার এ কথা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

    ভারতে এবার ‘মোদি হাওয়া’ উঠেছে বলে সম্প্রতি যে দাবি করেছেন মোদি, তাকে উড়িয়ে দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, মানুষ ঠিকই করে ফেলেছেন, এই সরকারটাকে তাড়াতে হবে। কারণ, তারা বুঝে ফেলেছেন, এই সরকার দেশের আপামর মানুষের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে না। কীভাবে ক্ষমতায় টিঁকে থাকতে হবে, শুধু সেই কথাই ভাবে। আর তার জন্য সমাজের মধ্যে বিভাজনের রাস্তা নিয়েছে।

    নোট বন্দিকে দেশের ‘সবচেয়ে বড় কেলেঙ্কারি’ বলে চিহ্নিত করে মনমোহনের অভিযোগ, গত ৫ বছরে দেশে দুর্নীতি  পৌঁছেছে এক ‘অকল্পনীয় মাত্রা’য়।

    প্রধানমন্ত্রী মোদির পাকিস্তান নীতি নিয়েও কটাক্ষ করতে পিছপা হননি মনমোহন। তার কথায়, পুলওয়ামা কাণ্ডের পর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে হাজির না থেকে উনি (মোদি) জিম করবেট ন্যাশনাল পার্কে ফিল্মের শুটিংয়ে ছিলেন। এটা খুবই হতাশজনক।

  • আইরিশদের সামনে ৩৮১ রানের এভারেস্ট দাঁড় করাল ওয়েস্ট ইন্ডিজ

    আইরিশদের সামনে ৩৮১ রানের এভারেস্ট দাঁড় করাল ওয়েস্ট ইন্ডিজ

    দুই ওপেনারের ব্যাটেই ৩৬৫ রান। এরপর সেই দলের রান কোথায় গিয়ে দাঁড়াতে পারে একবার ভেবে দেখুন! তবে ওই ৩৬৫ রানের পর কিন্তু বল বাকি ছিল কেবল ১৬টি। সুতারং, বেশি হওয়ার কথা নয়।

    তবুও ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৮২ রানের বিশার এক লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

    রেকর্ড গড়া ওপেনিং জুটির পর অবশ্য দুই ওপেনারের কেউ আর শেষ পর্যন্ত অপরাজিত থাকতে পারেননি। সাই হোপ এবং জন ক্যাম্পবেল দু’জনই আউট হয়ে গেছেন। আউট হয়েছেন আরও একজন, অধিনায়ক জ্যাসন হোল্ডারও। অর্থ্যাৎ, বিনা উইকেটে ৩৬৫ রানের পর ৩ উইকেটে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেমেছে ৩৮১ রানে।

    টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী দুই ওপেনার সাই হোপ আর জন ক্যাম্পবেল। স্বাগতিক আইরিশরা যে কেন টস জিতে ফিল্ডিং নিতে গিয়েছিল, তা হাড়ে হাড়ে টের পেয়েছে তারা।

    সাই হোপ আর জন ক্যাম্পবেল মিলে ওপেনিং জুটিতে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন। পাকিস্তানের ফাখর জামান আর ইমাম-উল হকের গড়া ৩০৪ রানের রেকর্ড ভেঙে তারা দু’জন পৌঁছে যান ৩৬৫ রানের চূড়ায়। মাঝ পথে ভাঙ্গেন শচীন টেন্ডুলকার-রাহুল দাব্রিড়ের ৩৩১ এবং সৌরভ গাঙ্গুলি আর রাহুল দ্রাবিড়ের ৩১৮ রানের জুটিও। যদিও ভারতীয়দের এই দুই জুটি ছিল দ্বিতীয় উইকেটে।

    ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলসের গড়া ৩৭২ রানের বিশাল জুটিটি ভাঙা থেকে মাত্র ৭ রান দুরে থাকতেই বিচ্ছিন্ন হয়ে যান সাই হোপ আর জন ক্যাম্পবেল জুটি। ব্যারি ম্যাকার্থির করা ৪৮তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন জন ক্যাম্পবেল। মিড অফে দৌড়ে এসে আকাশে উঠে যাওয়া বলকে লুফে নেন উইলিয়াম পোর্টারফিল্ড।

    ভেঙে যায় ৩৬৫ রানের এক অতিমানবীয় জুটির। ওয়ানডে ক্রিকেটের উদ্বোধনী উইকেট জুটিতে বিশ্বরেকর্ড গড়ার পর নিজেদেরকে কেবলই ছাড়িয়ে গেলেন তারা দু’জন। কিন্তু গেইল আর স্যামুয়েলসের ৩৭২ রানের বিশাল জুটিটিকে আর টেক্কা দিতে পারলেন না।

    আউট হওয়ার সময় জন ক্যাম্পবেল ১৩৭ বল খেলে করেন ১৭৯ রান। ১৫টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মারেন ৬টি। জন ক্যাম্পবেলের স্ট্রাইক রেট ১৩০.৬৫ করে।

    অসাধারণ এক জুটি গড়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পথে গ্যালারিতে উপস্থিত সমর্থক থেকে শুরু করে দুই দলের খেলোয়াড় এবং কর্মকর্তারাও করতালি দিয়ে অভিনন্দন জানান জন ক্যাম্পবেলকে।

    তিনি আউট হওয়ার পর অবশ্য তার সঙ্গী সাই হোপও টিকতে পারলেন না। আউট হয়ে গেলেন ১৭০ রান করে। তিনি আউট হন ৩৬৯ রানের মাথায়। ১৫২ বলে খেলা ইনিংসটি সাজানো ছিল ২২টি বাউন্ডারি আর ২টি ছক্কায়। ইনিংসের একেবারে শেষ বলে আউট হন জেসন হোল্ডার।

  • উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার

    উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার

    বলা হয়ে থাকে, প্রথম সূর্যই সারা দিনের আগাম বার্তা দিয়ে থাকে। ক্যারিবীয় ক্রিকেটের সূর্য ডুবু ডুবু অনেক দিন ধরেই। যদিও টি-টোয়েন্টিতে অন্যরকম একটা বিপ্লব ঘটিয়ে বসে আছে তারা। তবে, ওয়ানডেতে কি আবারও সেই ক্যারিবীয় সোনালি ঐতিহ্যের দেখা মিলবে এবারের বিশ্বকাপে?

    সে প্রশ্নের জবাব সময়ের হাতেই তোলা থাক! কিন্তু তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে দুই ক্যারিবীয় ওপেনার সাই হোপ আর জন ক্যাম্পবেল মিলে যে রেকর্ড গড়ে ফেললেন তা রীতিমত বিস্ময়কর।

    ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেট জুটিতে ৩০০ কিংবা ৩০০ প্লাস রান ২০১৮ সালের আগে ছিল না। ২০১৮ সালে উদ্বোধনী জুটিতে পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল হক আর ফাখর জামান মিলে গড়েছিলেন ৩০৪ রানের জুটি। ওই ম্যাচেই আবার ফাখর জামান গড়েছিলেন নিজ দেশের হয়ে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড। অপরাজিত ছিলেন ২১০ রানে।

    এবার ফাখর জামান আর ইমাম-উল হকের ৩০৪ রানের উদ্বোধনী জুটির সেই বিশ্বরেকর্ড ভেঙে দিয়ে এবার নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেললেন দুই ক্যারিবীয় ওপেনার সাই হোপ আর জন ক্যাম্পবেল। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৫ ওভারে এই দুই ওপেনার অপরাজিত ৩৩৩ রানে।

    স্বাভাবিকভাবেই দু’জনই সেঞ্চুরি করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৬ বলে ১৫৮ রানে সাই হোপ এবং ১২৬ বলে ১৫৬ রানে অপরাহিত রয়েছেন জন ক্যাম্পবেল।

  • ১১৫ রানেই থামলো ইনিংস, আজই বিদায় রাজস্থানের?

    ১১৫ রানেই থামলো ইনিংস, আজই বিদায় রাজস্থানের?

    জিতলে একটা সুযোগ থাকবে। তবে তার আগে তো জিততে হবে! দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রাজস্থান রয়্যালস যে পুঁজি পেয়েছে, তাতে আজই (শনিবার) বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে আজিঙ্কা রাহানের দলের।

    দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ১১৫ রান তুলতে পেরেছে রাজস্থান রয়্যালস। অর্থাৎ জিততে হলে ১১৬ করতে হবে স্বাগতিক দিল্লি ক্যাপিটালসকে।

    রাজস্থান এই ম্যাচটি জিতলে তাদের প্লে-অফে যাওয়ার আশা বেঁচে থাকবে। লিগপর্ব শেষে পয়েন্ট হবে ১৩। সমান ১২ পয়েন্ট করে আছে সানরাইজার্স হায়দরাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের। শেষ ম্যাচে এই দুই দলই যদি হারে, তবে রাজস্থান প্লে-অফে উঠে যাবে। তবে তাদের মধ্যে যে কেউ জিতলে রাজস্থান আজ জিতেও বাদ পড়বে।

    টস জিতে ব্যাটিং নেয়াটাই যেন কাল হয়েছে রাজস্থানের। শুরু থেকেই তারা পড়ে বিপদে। ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পরও উইকেট পতন আটকাতে পারেনি রাহানের দল।

    একটা প্রান্ত ধরে যা লড়াই করে গেছেন রিয়ান পরাগ। ছয় নাম্বারে নেমে তিনি ৪৯ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় কাটায় কাটায় ৫০ করে ফেরেন শেষ ব্যাটসম্যান হিসেবে। বাকিদের মধ্যে দুই অংক পেরুতে পেরেছেন কেবল ওপেনার লিভিংস্টোন (১৪) আর শ্রেয়াস গোপাল (১২)।

    দিল্লি ক্যাপিটালসের ইশান্ত শর্মা আর অমিত মিশ্র নিয়েছেন ৩টি করে উইকেট। ২টি উইকেট পান ট্রেন্ট বোল্ট।

  • ত্রিদেশীয় সিরিজ শুরু রোববার, একই দিনে টাইগারদের প্রস্তুতি ম্যাচও

    ত্রিদেশীয় সিরিজ শুরু রোববার, একই দিনে টাইগারদের প্রস্তুতি ম্যাচও

    স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ-ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াচ্ছে আগামীকাল (রোববার)। প্রথম দিনে অবশ্য বাংলাদেশের ম্যাচ নেই। তবে এদিনই বেভারলি হিলস ক্রিকেট ক্লাবে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

    সিরিজের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডের। ক্লন্টার্ফে ক্যাসল এভিনিউ ক্রিকেট ক্লাবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে এবার বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া আইরিশরা। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট)।

    আর বাংলাদেশ ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়াবে তার এক ঘন্টা পর। যে ম্যাচটি হবে টাইগারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ম্যাচ। ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম লড়াই মাশরাফি বিন মর্তুজার দলের।

    ম্যাচে জয় পরাজয়ের হিসেব না করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের। কেননা দেশে যে আবহাওয়ায় নিজেদের প্রস্তুত করেছে টাইগাররা, আয়ারল্যান্ডে এখন তার ঠিক বিপরীত। বাংলাদশে এখন গরম, অথচ আয়ারল্যান্ডে গড় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। বেশ ঠান্ডা।

    TIGER-3.jpg

    দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমাদের দেশ থেকে এখানে সম্পূর্ণ আলাদা। আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে যতটা সম্ভব মানিয়ে নিতে হবে। কেননা আলাদা আবহাওয়া এবং কন্ডিশন নিঃসন্দেহে ক্রিকেটারদের উপর বড় প্রভাব ফেলবে।’

    তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই জানি ত্রিদেশীয় সিরিজে আমাদের ইতিবাচক শুরু করতে হবে। যদি সেটা করতে হয়, তবে প্রস্তুতি ম্যাচে ভালো করতে হবে, তবে আত্মবিশ্বাস উঁচুতে থাকবে।’

    বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের ১৫জনসহ মোট ১৯ সদস্যের দল গেছে আয়ারল্যান্ডে। বাকি চারজন হলেন-অফস্পিনার নাঈম হাসান, ব্যাটসম্যান ইয়াসির রাব্বি, পেসার তাসকিন আহমেদ এবং অলরাউন্ডার ফরহাদ রেজা।

    টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে আগেভাগেই ইঙ্গিত দেয়া হয়েছে, বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিট এবং ফ্রেশ রাখতে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। সেক্ষেত্রে বাড়তি খেলোয়াড়দের সুযোগ মেলার সম্ভাবনা রয়েছে।

    আর পারফর্ম করতে পারলে বিশ্বকাপ দলেও ঢুকে যেতে পারেন কেউ কেউ। আগামী ২৩ মে পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো।

  • ‘ফণী’ এখন আসামে

    ‘ফণী’ এখন আসামে

    সাতক্ষীরা, খুলনা, যশোর অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ঘূর্ণিঝড় ‘ফণী’ এখন ভারতের আসামে অবস্থান করছে। এর প্রভাবে সেখানে বৃষ্টিপাত ও তীব্র বাতাস বইছে।

    এর আগে শনিবার সকাল ৬টায় বাংলাদেশে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। এরপর বাংলাদেশের বিভিন্ন জেলার উপর দিয়ে গিয়ে বর্তমানে ভারতের আসামে অবস্থান করছে।

    তবে, শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে ফণী গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

    আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপ আকারে দুপুর ১২টায় পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

    ইতিমধ্যে এর প্রভাবে রংপুর, রাজশাহীতে ভারি বর্ষণ হয়েছে। সিলেট, ময়মনসিংহ অঞ্চলে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এদিকে, ঘূর্ণিঝড় ফণীর কারণে জারি করা বিপদ সংকেত নামিয়ে সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদফতর। মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলে বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।