Category: আন্তর্জাতিক

  • শেখ সেলিম সান্ত্বনা দিলেন বেয়াই পারুলকে

    শেখ সেলিম সান্ত্বনা দিলেন বেয়াই পারুলকে

    শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া বনানীর ২/এ সড়কের ৯ নম্বর বাড়িতে। নানা শেখ ফজলুল করিম সেলিমের এ বাড়িতেই থাকতো আদরের জায়ান। এখান থেকেই সে বাবা-মা-ভাইয়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলো দ্বীপরাষ্ট্র শ্রীলংকায়।

    বনানীর বাড়িটিতে নানা শেখ ফজলুল করিম সেলিম, নানী, দুই মামা শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম, মা শেখ আমেনা ফজলুল করিম সোনিয়া, বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স ও ছোট ভাইয়ের সঙ্গে থাকতো জায়ান। সারাক্ষণ ক্রিকেট খেলে মাতিয়ে রাখতো সে।  নানা-নানি, মামা-মামি, বাবা-মা এমনকি বাড়ির দারোয়ান-কেয়ারটেকারদেরও প্রিয় ছিলো জায়ান। ক্রিকেট খেলায় সবার সঙ্গে গড়ে ওঠে তার সখ্যতা।

    রবিবার (২১ এপ্রিল) শ্রীলংকায় ঘটে যাওয়া দুর্ঘটনায় বানানীর বাড়িটি এখন শোকে মুহ্যমান। সবাই জেনে গেছে বাড়িটি মাতিয়ে রাখা জায়ান চলে গেছে না ফেরার দেশে। মঙ্গলবার আসবে তার মরদেহ। সব ঠিক থাকলে হয়তো বাদ আসরই নানা বাড়ির পাশের খেলার মাঠে হবে তার জানাজা।

    আদরের জায়ানের মরদেহ নিয়ে বাড়ি ফিরবেন দুই মামা ও নানী। বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সের শঙ্কা না কাটায় এবং দুই পা ড্যামেজ হয়ে যাওয়ায় মা সোনিয়া এবং ছোট ভাই ফিরছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি। প্রিন্সকে হাসপাতাল থেকে সরাতে কমপক্ষে ১৫ দিন লাগবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন।

    রবিবার রাতে জায়ানের মারা যাওয়ার খবরের পর থেকেই বনানীর ২/এ সড়কের ৯ নম্বর বাড়িতে স্বজন, দলীয় নেতাকর্মী ও সরকারের মন্ত্রী ও পদস্থ কর্মকর্তারা সমবেদনা জানাতে আসছেন।

    দুপরে ওই বাড়িতে আসেন জায়ানের দাদা এম এইচ চৌধুরী পারুল। গাড়ি থেকে নেমেই তিনি বেয়াই শেখ সেলিমকে ধরে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত সবাই তাকে সান্ত্বনা দেন। এ সময় সেলিমও সান্ত্বনা দেন জায়ানের দাদা পারুলকে। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

  • ভাগ্নের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পার্থ

    ভাগ্নের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পার্থ

    শ্রীলঙ্কার কলম্বোতে সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছে। এ খবরে সারা দেশের মানুষের মতো বাকরুদ্ধ হয়ে পড়েছেন জায়ানের মামা আন্দালিব রহমান পার্থ।

    শেখ সেলিমের ছোট বোন রেবা রহমানের ছেলে আন্দালিব রহমান পার্থ। সেই সূত্রে পার্থর মামাতো বোনের ছেলে হন নিহত জায়ান। ভাগ্নের এমন অকাল মৃত্যুতে পার্থ নিজেও স্তব্ধ এবং শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন।

    আবার পার্থর স্ত্রী শেখ হেলালের বড় মেয়ে শেখ সায়রা রহমান। শেখ হেলাল বঙ্গবন্ধুর ভাতুস্পুত্র এভং শেখ হাসিনার চাচাতো ভাই। সেই সুবাদে পুরো বঙ্গবন্ধু পরিবারই এই ঘটনায় শোকাহত।

    এ খবর প্রকাশের পর দল মত নির্বিশেষে শোকে স্তব্ধ হয়ে পড়ে সকল মানুষ। প্রাণপ্রিয় নেতার আদরের নাতি জায়ান চৌধুরীর মর্মান্তিক মৃত্যু দলের নেতাকর্মীদের বাকরুদ্ধ করে দিয়েছে।

    প্রসঙ্গত, গতকাল রবিবার শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০০ জনের বেশি মানুষ। বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে তা এখনো চিহ্নিত করতে পারেনি দেশটির সরকার।

    নিহতদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছর বয়সী নাতি জায়ান চৌধুরী। আহত শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • ব্রুনাইতে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

    ব্রুনাইতে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

    সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে ব্রুনাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকালে দেশটির রাজধানী বন্দর সেরি বেগাবান বিমানবন্দরে পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

    এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা স্থানীয় সময় বিকেল ২টা ৩৫ মিনিটে বন্দর সেরি বেগাবান বিমানবন্দরে অবতরণ করেন।

    বিমানবন্দরে ব্রুনাইয়ের যুবরাজ হাজী আল মুহতাদী বিল্লাহ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হুসেইন উপস্থিত ছিলেন।

    রয়েল গার্ডে’র একটি বিশেষ দল বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী যুবরাজকে সঙ্গে নিয়ে একটি সুসজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ করেন। এ সময় দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।

    বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে এম্পায়ার হোটেল এন্ড কান্ট্রি ক্লাবে নেয়া হয়। সফরকালে তিনি এই হোটেলে অবস্থান করবেন।

    সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী হোটেলটির ইন্দেরা সামুদেরা বলরুমে ব্রুনাই প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন। একইদিন তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।

    সোমবার সকালে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার সরকারি বাসভবন ইস্তানা নূরুল ইমানে চেরাদি লায়লা কেনচানায় সুলতান ও রাজকীয় পরিবারের সদস্যবর্গের সঙ্গে মিলিত হবেন।

    এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তানা নূরুল ইমানে বায়তুল মেশুরায় সুলতানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সমঝোতা কয়েকটি স্মারক স্বাক্ষরিত হবে। বিকেলে প্রধানমন্ত্রী এস্পায়ার হোটেল এন্ড কান্ট্রি ক্লাবে ব্রুনাই ন্যাশনাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠেয় সভায় যোগ দেবেন।

    প্রধানমন্ত্রী জামে আসর মসজিদ পরিদর্শন এবং এ মসজিদে আসর নামাজ আদায় করবেন। শেখ হাসিনা এরপর তার সম্মানে সুলতান আয়োজিত তাঁর সরকারি বাসভবনে ভোজসভায় যোগ দেবেন।

    মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের রাজধানীর জালান কেবাংসানের কূটনৈতিক জোনে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি রয়েল রেজালিয়া যাদুঘর পরিদর্শন করবেন। এরপর শেখ হাসিনা স্থানীয় সময় বিকাল ৫টায় ব্রুনাই থেকে যাত্রা করে সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সফরকালে বাংলাদেশ বিভিন্ন খাতে ব্রুনাইয়ের সঙ্গে সাতটি সমঝোতা স্মারকে সাক্ষর করবে। সূত্র: বাসস

  • বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে ৭টি চুক্তি সই

    বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে ৭টি চুক্তি সই

    কৃষি, মৎস্য, পশুসম্পদ, সংস্কৃতি ও ক্রীড়া এবং এলএনজি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য সাতটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ব্রুনাই।

    সোমবার ব্রুনাইয়ের সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নূরুল ইমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাই’র সুলতান হাজী হাসানাল বলকিয়ার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের পর চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

    সাতটি চুক্তির মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি বিনিময় নোট। চুক্তিগুলো হলো কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ), মৎস্য ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, পশুসম্পদ ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্র সম্পর্কিত সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড় সংক্রান্ত বিনিময় নোট।

    পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, দু’দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা এমওইউ এবং বিনিময় নোট স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রনাই’র সুলতান হাসানাল বলকিয়া উপস্থিত ছিলেন।

    কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং ব্রুনাইয়ের প্রাথমিক সম্পদ ও পর্যটনমন্ত্রী হাজী আলী বিন আপং নিজ নিজ পক্ষে কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও ব্রুনাইয়ের প্রাথমিক সম্পদ ও পর্যটন মন্ত্রী হাজী আলী বিন আপং মৎস্য ক্ষেত্রের এবং প্রাণি সম্পদের ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক দুটি স্বাক্ষর করেন।

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ ও ব্রুনাইয়ের সংস্কৃতি, যুবা ও ক্রীড়া মন্ত্রী মেজর জেনারেল (অব.) হাজী আমিনউদ্দীন ইহসান সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা বিষয়ক এমওইউ স্বাক্ষর করেন।

    যুবা ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং ব্রুনাইয়ের সংস্কৃতি, যুবা ও ক্রীড়া মন্ত্রী মেজর জেনারেল (অব.) হাজী আমিনউদ্দীন ইহসান যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনাই’র জ্বালানি, জনশক্তি ও শিল্পমন্ত্রী ড. আওয়াং হাজী মাত সানি এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

    প্রসঙ্গত, ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার ব্রুনাইতে পৌঁছান। সূত্র: বাসস

  • ছোট্ট জায়ান আর ক্রিকেট খেলবে না

    ছোট্ট জায়ান আর ক্রিকেট খেলবে না

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী ক্রিকেট খেলতে খুব ভালোবাসতো । প্রতিদিন বিকেল হলেই ব্যাট-বল হাতে বাসার নিচে চলে যেত। জায়ান চৌধুরী আর ক্রিকেট খেলবে না।

    রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় মারা গেছে সে। তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স তাকে সঙ্গে নিয়ে হোটেলের নিচে ব্রেকফাস্ট করতে যান। এমন হোটেলটিতে বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় মারা যায় জায়ান। তার বাবা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

    শেখ সেলিমের বাসার বিপরীতে ১০ নম্বর বাসার গাড়িচালক জাহিদ এসব কথা বলেন। তিনি বিলাপ করে বলেন, ‘ছেলেটা মারা যাওয়ার খবর শুনে নিজেকে খুব খারাপ লাগছে। বাসার কেয়ারটেকারের সঙ্গে সে ক্রিকেট খেলত। অনেক সময় বল বাসার বাইরে রাস্তায় চলে আসত। আমি সে বল কুড়িয়ে আবার ভেতরে পাঠাতাম। ছেলেটা প্রতিদিন বিকেল হলেই বল ও ব্যাট নিয়ে নিচে নেমে বাসার কেয়ারটেকারদের সঙ্গে খেলত।

    তিনি বলেন, ‘উত্তরা সান-বীম স্কুলের ক্লাস টু-এর ছাত্র জায়ান চৌধুরী ছেলে হিসেবে খুব ভালো ছিল। শান্ত মেজাজের ছেলে ছিল সে।’

    শ্রীলঙ্কায় রোববার (২১ এপ্রিল) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে। পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল রাত পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ২০৭ জন।

  • শ্রীলঙ্কায় হামলায় ড্যানিশ ধনকুবেরের ৩ সন্তানের মৃত্যু

    শ্রীলঙ্কায় হামলায় ড্যানিশ ধনকুবেরের ৩ সন্তানের মৃত্যু

    শ্রীলঙ্কার কলম্বোতে সিরিজ বোমা হামলায় ড্যানিশ ধনকুবের ও স্কটল্যান্ডের সবচেয়ে বড় শিল্পপতি অ্যান্ডার্স হোল পওলসেনের তিন সন্তান প্রাণ হারিয়েছেন। চার সন্তানের মধ্যে তিনজনের এই মৃত্যুতে শোকাহত পওলসেন। খবর গার্ডিয়ান’র।

    পওলসেনের সন্তানের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাৎক্ষণিকভাবে ওই তিন সন্তানের পরিচয় জানানো হয়নি। এই তিনজন বেড়াতে গিয়েছিলেন ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে।

    ব্রিটেনের ফ্যাশন ও কসমেটিক সামগ্রীর অন্যতম বড় কোম্পানি ‘আসস’র মালিক এবং জার্মান কোম্পানি জালান্দোরও অংশীদার পওলসেন যুক্তরাজ্যভুক্ত দেশ স্কটল্যান্ডে ব্যবসা করলেও ড্যানিশ নাগরিক। ৪৬ বছর বয়সী পওলসেন গ্লেনফেশিসহ ১২টি আবাসন প্রতিষ্ঠানের মালিক। গ্লেনফেশি প্রায় ২ লাখ ২০ হাজার একর জমির কোম্পানি।

    উল্লেখ্য, রবিবার (২১ এপ্রিল) কলম্বো ও এর আশপাশে তিনটি গির্জা, চারটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। এতে সোমবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত ২৯০ জন নিহত হওয়ার খবর মিলেছে। আহত আছেন সাড়ে ৪শর বেশি মানুষ।

  • কোহলিদের ১৬৫ রানে আটকে রাখল ধোনির চেন্নাই

    কোহলিদের ১৬৫ রানে আটকে রাখল ধোনির চেন্নাই

    একদিকে রীতিমতো উড়ছে চেন্নাই সুপার কিংস, অন্যদিকে নিজেদের হারিয়ে খুঁজছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। স্বভাবতই পয়েন্ট টেবিলের সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই আর সবার নিচে একবারও চ্যাম্পিয়ন হতে না পারা ব্যাঙ্গালুরু।

    আজ ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এ দুই দল। ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রতিপক্ষের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি।

    পরে আর এ ধাক্কা সামলে উঠতে পারেনি ব্যাঙ্গালুরু। দ্বীপক চাহার, রবিন্দ্র জাদেজাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রানের বেশি করতে পারেনি কোহলির দল। দশম ম্যাচে ৮ নম্বর জয় পেতে চেন্নাইকে করতে হবে ১৬২ রান।

    ১১ রানের মাথায় কোহলির বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ইনিংস সর্বোচ্চ ৪৭ রানের জুটি গড়েন পার্থিব প্যাটেল এবং এবি ডি ভিলিয়ার্স। ব্যাঙ্গালুরুর পুরো ইনিংসের হাইলাইটস বলতে এটুকুই। ১৯ বলে ২৫ রান করে আউট হন ডি ভিলিয়ার্স।

    এরপর আকশদ্বীপ নাথ ২০ বলে ২৪, মার্কস স্টয়নিস ১৩ বলে ১৪, মইন আলি ১৬ বলে ২৬ এবং পবন নেগি করেন ৬ বলে ৫ রান। তবে সবার চেয়ে ব্যতিক্রম থেকে ৩৭ বলে ২ চার ও ৪ ছয়ের মারে ৫৩ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল।

    চেন্নাইয়ের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন দ্বীপক চাহার, রবিন্দ জাদেজা এবং ডোয়াইন ব্রাভো। ইমরান তাহির নেন অন্য উইকেটটি।

    এখনো পর্যন্ত ৯ ম্যাচে ৭টিতে জিতেছে চেন্নাই, হেরেছে ২টিতে। অন্যদিকে সমান ম্যাচ খেলে ২টিতে জিততে পেরেছে ব্যাঙ্গালুরু, হেরেছে বাকি ৭ ম্যাচে।

  • শ্রীলঙ্কায় রক্তবন্যা : নিহত বেড়ে ২০৭

    শ্রীলঙ্কায় রক্তবন্যা : নিহত বেড়ে ২০৭

    দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গীর্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে। রোববার সকালের দিকের এই সিরিজ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৪৫০ জন।

    হামলার কয়েক ঘণ্টা পর দেশটির সরকার এক বিবৃতিতে নিহতের সংখ্যা ১৯০ জন বলে জানায়। কিন্তু সরকারের এই ঘোষণার কিছুক্ষণ পর দেশটির পুলিশ বলছে, রাজধানী কলম্বোজুড়ে সিরিজ বোমা হামলায় ২০৭ জন নিহত ও আরো ৪৫০ জন আহত হয়েছেন।

    ইস্টার সানডের সকালে কলম্বোর বিলাসবহুল সিনামুন গ্রান্ড, শাঙ্গরি-লা ও কিনসবুরি হোটেল ও কলম্বোর সেন্ট অ্যান্থনি গীর্জা, নেগোমবোর সেন্ট সেবাস্তিয়ান গীর্জা ও বাত্তিকালোয়ার জিওন গীর্জায় ওই হামলা হয়। দেশটির পুলিশের প্রধান বলেছেন, তিনি এই হামলার ব্যাপারে ১০দিন আগেই সরকারকে সতর্ক করে দিয়েছিলেন।

    দেশটির প্রধান এবং প্রসিদ্ধ গীর্জাগুলো ইস্টার সানডের দিনে আক্রান্ত হতে পারে বলে ওই সতর্কবার্তায় জানান তিনি। রোববার সকাল ৮টার দিকে প্রথম বিস্ফোরণের খবর আসে। সময় যত গড়িয়ে যাচ্ছে নিহতের সংখ্যা ততই লাফিয়ে বাড়ছে। দেশটির ইতিহাসে এই হামলাকে কালো অধ্যায় হিসেবে অভিহিত করা হয়েছে।

    রাজধানী কলম্বো-সহ পুরো দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনটি গীর্জা ও বিলাসবহুল তিনটি হোটেলে ভয়াবহ বোমা হামলায় ১৮৫ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর দেশটির রাজধানীতে আরো দুটি বিস্ফোরণ ঘটে। কলম্বোর কাছের দেহিওয়ালা এলাকায় সপ্তম বিস্ফোরণে অন্তত দু’জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে ফরাসী বার্তা সংস্থা এএফপি।

    এছাড়া অষ্টম বিস্ফোরণটি রাজধানীর ডেমাটাগোদার একটি আবাসন এলাকায় ঘটেছে। প্রথম হামলার কয়েক ঘণ্টা পর এই বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে।

    স্থানীয় গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তি রোববারের এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার পেছনে আত্মঘাতী বোমারুরা জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

    বোমা হামলায় হতাহতের ঘটনায় দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে কারফিউ বলবৎ থাকবে। আগামী সোম ও মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

  • শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৮৫

    শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৮৫

    শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮৫ জন নিহত ও ৪০০ শ’র অধিক মানুষ আহত হয়েছেন। খ্রীস্টান ধর্মালম্বীদের ইস্টার সানডে চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

    শ্রীলঙ্কার জাতীয় হাসপাতালের পরিচালক অনিল জয়সিংহে জানান, ছয়টি বিস্ফোরণের ঘটনায় ১৮৫ জন নিহত হয়েছেন। রাজধানী কলম্বোতে ৪৯, রাজধানীর অদূরে অবস্থিত নিগোম্বোতে ৬২ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ বাট্টিকোলাতে ২৭ জন নিহত হয়েছেন।

    বিবিসি, রয়টার্স, সিএনএন ও এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার সকাল পৌনে নয়টার দিকে হওয়া এই বিস্ফোরণের ঘটনায় আহত তিন শতাধিক মানুষকে কলম্বোসহ বেশ কিছু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সকাল পৌনে নয়টার এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮৫ জন নিহত ও আরও ৪০০ শ’র অধিক আহত হয়েছেন।

    বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রীলঙ্কার ওই বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০০ জন নিহত ও আরও চার শতাধিক আহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হোটেল ও গির্জাসহ ছয়টি বিস্ফোরণের ঘটনায় তিন শতাধিক মানুষ আহত মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্স কলম্বোর ন্যাশনাল হাসপাতালের পরিচালকের বরাত দিয়ে জানিয়েছে, রোববার সকালের এ বিস্ফোরণের ঘটনায় অন্তত অর্ধশতাধিক নিহত এবং ৪০০ শ’র অধিক আহত হয়েছেন।

    যে তিনটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানে অবস্থিত। এসব গির্জায় ইস্টার সানডে উপলক্ষে অনুষ্ঠান চলছিল।

    তাছাড়া রাজধানীর সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারি নামক আরও তিনটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হোটেল তিনটি রাজধানী কলম্বোর কেন্দ্রস্থলে অবস্থিত।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি থেকে দেখা যাচ্ছে, কাতুয়াপিটিয়াতে অবস্থিত সেন্ট সেবাস্তিয়ান নামক গির্জার ছাদ ধসে পড়েছে এবং গির্জার মূল স্থানে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতদের মধ্যে বিদেশী পর্যটকও আছেন।

    পুলিশ বলছে, যে তিনটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার একটি কলম্বোতে অপর আরেকটি রাজধানীর অদূরের নিগোম্বোতে। তবে তৃতীয় যে গির্জায় বিস্ফোরণ হয়েছে সেটি শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় প্রদেশে বাটিকোলোতে। বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

    হার্শা ডি সিলভা নামের শ্রীলঙ্কার এক সংসদ সদস্য (এমপি) জানান, তিনি একটি হোটেল গিয়ে মর্মান্তিক দৃশ্য দেখেছেন। তিনি বলেন, ‘আমি দেখেছি শরীরের বিচ্ছিন্ন অংশ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। জরুরি সেবাদানকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছেছেন।’

    শ্রীলঙ্কা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদেরই দেশ। দেশটিতে খ্রিস্টান ধর্মালম্বীদের সংখ্যা মাত্র ছয় শতাংশ। ইস্টার সানডের প্রার্থনার কারণে গির্জাগুলোতে বেশ ভিড় ছিল। পুলিশ বলছে, হামলার জন্য এমন সময়কেই বেছে নিয়েছেন জঙ্গিরা।

  • চাইনিজ সিনেমায় শাহরুখ খান

    চাইনিজ সিনেমায় শাহরুখ খান

    দীর্ঘদিন ধরেই বলিউড মাতিয়ে চলেছেন তিনি। হয়ে উঠেছেন হিন্দি সিনেমার কিং খান। তাকে কেউ বলিউড বাদশা বলেও ডাকে, রোমান্সের রাজাও বলা হয় তাকে। বহু সিনেমা তার ইতিহাস হয়ে আছে বি-টাউনে।

    শাহরুখের খ্যাতি জগতময়। বিশ্বের সেরা জনপ্রিয় ও ধনী অভিনেতার তালিকায় উপরের দিকে তার নাম। বেশ কয়েকবার শোনা গেছে, হলিউডের ছবিতে কাজ করবেন তিনি। তবে সেগুলো ঘোষণা বা গুজব হয়েই রয়ে গেছে। শাহরুখের কাছ থেকে কোনোরকম নিশ্চিত কোনো খবর আসেনি কখনো।

    তবে এবার নিজেই ঘোষণা দিলেন চাইনিজ সিনেমায় অভিনয় করার। সেইসঙ্গে চিনের সঙ্গে যৌথভাবে ছবি প্রযোজনা করতেও নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

    সম্প্রতি বেজিংয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান। সেখানে দেখানো হয় তার ছবি ‘জিরো’। ছবিটির প্রিমিয়ার সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে লাইভ ওয়েবকাস্টে শাহরুখ জানান তার পছন্দের ছবির তালিকা।

    সেখানেই একটি সাক্ষাত্কারে কিং খান জানান ভবিষ্যতে ভারত ও চিনের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান বাড়ানোর জন্যে তিনি ছবি প্রযোজনা করতে চান। চিনের কোনো নির্মাতার সঙ্গে যৌথভাবে তিনি এমন কোনো ছবি তৈরি করতে চান যেখানে তুলে ধরা হবে পারিবারিক মূল্যবোধের কথা।

    পারিবারিক ছবি ছাড়া আরও একটি জব্বর আইডিয়া রয়েছে কিং খানের। তিনি এমন কোনো ছবি বানাতে চান যেখানে একই ফ্রেমে ধরা পড়বে ভারতীয় এবং চিনা সুপারহিরোরা।

    শাহরুখ এদিন বলেন, ‘সিনেমা এবং আর্ট দেশ, কাল, ভাষার ঊর্ধ্বে গিয়ে মানুষকে এক সূত্রে বেঁধে ফেলে’।

    শুধু প্রযোজনাই নয়। চিনের ছবিতে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেন শাহরুখ খান। বলেন অন্য কাউকে দিয়ে ডাবিং করাবেন না। বরং নিজেই শিখবেন ম্যান্ডারিন।