Category: আন্তর্জাতিক

  • নেতৃত্বে ফিরেই রাজস্থানকে জেতালেন স্মিথ

    নেতৃত্বে ফিরেই রাজস্থানকে জেতালেন স্মিথ

    আগের আট ম্যাচের মধ্যে জয় মাত্র দুটিতে। পয়েন্ট টেবিলে অবস্থান বলতে গেলে একেবারে তলানীতে। এমন পরিস্থিতিতে নিজেদের মাঠ জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়কই পরিবর্তন করে পেলে রাজস্থান রয়্যালস। আজিঙ্কা রাহানেকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে নেতা মনোনীত করে দেয়া হয়ে স্টিভেন স্মিথকে।

    অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই রাজস্থানকে ৫ উইকেটের দারুণ এক জয় এনে দিলেন স্মিথ। মুম্বাই ইন্ডিয়ান্সের ছুড়ে দেয়া ১৬২ রানের চ্যালেঞ্জ ১৯.১ ওভারেই পাড়ি দেয় রাজস্থান ৫ উইকেট হারিয়ে।

    শুধুমাত্র নেতৃত্ব দিয়েই নয়, ব্যাট হাতেও সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। মুম্বাইর ছুঁড়ে দেয়া ১৬২ রানের চ্যালেঞ্জ পাড়ি দিতে গিয়ে ৪৮বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মারও মারেন তিনি।

    ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র ১২ রান করে আউট হয়ে যান আজিঙ্কা রাহানে। এরপর সাঞ্জু স্যামসনের সঙ্গে জুটি বাধতে মাঠে নামেন স্মিথ। ১৯ বলে ৩৫ রান করে বিদায় নেন স্যামসন। এরপর মাঠে নেমে কোনো রান না করেই আউট হয়ে যান বেন স্টোকস।

    Rajsthan

    ৭৭ রানে ৩ উইকেট পড়ার পর ১৪৭ রানে বিদায় নেয় চতুর্থ উইকেট। রায়ান পারাগ রানআউট হয়ে যান। এ সময় তার রান ছিল ৪৩। ২৯ বলে ৫টি বাউন্ডারি এবং ১ ছক্কায় এ রান করেন তিনি।

    অ্যাস্টন টার্নার মাঠে নেমে শূন্য রানে আউট হয়ে গেলেও স্টুয়ার্ট বিনিকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্টিভেন স্মিথ। হাতে তখনও বাকি ছিল ৫ বল।

    এনিয়ে ৯ ম্যাচে তৃতীয় জয়ের দেখা পেলো রাজস্থান। পয়েন্ট ৬। যদিও এখনও পর্যন্ত ৭ম স্থানেই রয়েছে তারা। তবে স্মিথের নেতৃত্বে দলের মধ্যে যে ইতিবাচক পরিবর্তন, তাতে সামনের দিনগুলোতে হয়তো রাজস্থান আরও ভালো করবে, এ আশা করাই যায়।

  • নির্মিত হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ

    নির্মিত হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ

    মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববির পর বিশ্বের তৃতীয় বৃহত্তম এক বিশাল মসজিদ নির্মাণ করছে পাকিস্তানের বাহরিয়া টাউন। বিশ্বের তৃতীয় বৃহত্তম এ বিশাল মসজিদটি বর্তমানে নির্মাণাধীন।

    পাকিস্তানের করাচি শহরের ‘বাহরিয়া টাউন’-এ নির্মিত হচ্ছে এ মসজিদ। মসজিদে হারাম ও মসজিদে নববির পর এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। এখানে এক সঙ্গে ৮ লাখ লোক নামাজ আদায় করতে পারবে।

    ‘বাহরিয়া টাউন’ রিয়াল স্টেট কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে। তারা বলেছে-
    ‘মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববিই হলো বিশ্বের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম মসজিদ। আর সম্মান ও মর্যাদায় বিশ্বের অন্য কোনো মসজিদই এ দুই পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববির সমকক্ষ নয়। আল্লাহর ইচ্ছায় আমরা পবিত্র দুই মসজিদের পর পাকিস্তানের করাচির ‘বাহরিয়া টাউন’-এ বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নির্মাণ করছি।’

    করাচির ‘বাহরিয়া টাউন’-এ নির্মিত এ বিশাল মসজিদের সঙ্গে থাকবে আন্তর্জাতিক ইসলামি ইউনিভার্সিটি, ইসলামিক সেন্টার, মিউজিয়াম এবং গবেষণা কেন্দ্র।

    বর্তমানে পাকিস্তানের লাহোরের ‘বাহরিয়া টাউন’-এ বিশ্বের সপ্তম বৃহত্তম মসজিদ অবস্থিত। এ মসজিদে এক সঙ্গে ৭০ হাজার লোক নামাজ আদায় করতে পারে। এটি পাকিস্তানের বড় মসজিদগুলোর একটি।

    Mosque-1

    করাচিতে নির্মিতব্য মসজিদটি মোঘল ও ইসলামি স্থাপত্যের আদলে তৈরি করা হচ্ছে। এ মসজিদের ডিজাইন করতে গিয়ে ইরান, তুরস্ক, মালয়েশিয়া, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলো থেকে অনুপ্রেরণা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    এ মসজিদের অভ্যন্তরে নির্মিত বিশ্ববিদ্যালয়টিতে থাকবে উন্নত মানের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি নিজস্ব তাপ-বিদ্যুৎ উৎপাদন প্রকল্পও বিদ্যমান থাকবে।

    উল্লেখ্য যে, ‘বাহরিয়া টাউন’ মূলত পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রতিষ্ঠিত প্রাইভেট রিয়েল স্টেট ডেভেলপমেন্ট কোম্পানি। পাকিস্তানের বিভিন্ন প্রধান প্রধান শহরে ‘বাহরিয়া টাউন’ নামে তাদের আবাসন রয়েছে।

    করাচির বাহরিয়া আবাসিক এলাকায় বিশ্বের তৃতীয় এ বৃহত্তম মসজিদটি নির্মাণ করছে তারা। বাহরিয়া টাউন প্রাইভেট লিমিটেড রিয়েল স্টেট কোম্পানির এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

  • লিবিয়ায় গৃহযুদ্ধ: ৪ দিনে সরিয়ে নেওয়া হয়েছে ৩০০ বাংলাদেশিকে

    লিবিয়ায় গৃহযুদ্ধ: ৪ দিনে সরিয়ে নেওয়া হয়েছে ৩০০ বাংলাদেশিকে

    উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় চলমান গৃহযুদ্ধকে কেন্দ্র করে অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত চার দিনে অন্তত ৩০০ বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

    গত বুধবার পর্যন্ত প্রায় ৩০০ বাংলাদেশি কর্মীকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়ার বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রেড ক্রিসেন্ট এবং নিয়োগকর্তাদের সহযোগিতায় তাদের সরিয়ে নেওয়া হয়।

    এ বিষয়ে গণমাধ্যমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান বলেন, লিবিয়ার যুদ্ধ এলাকা থেকে যারা দেশে ফিরতে চাইবেন তাদের দেশে ফেরত পাঠানো হবে।

    তিনি বলেন, সব মিলিয়ে উত্তর আফ্রিকার দেশটিতে প্রায় ২০ হাজার বাংলাদেশি রয়েছেন। যাদের মধ্যে রাজধানী ত্রিপোলির আশপাশে অন্তত ৪ হাজার বাংলাদেশি থাকতে পারেন বলে।

    এর আগে গত ১৩ এপ্রিল বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে দূতাবাসের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে অনুরোধ জানানো হয়।

    প্রসঙ্গত, গত ৮ এপ্রিল প্রায় দুই সপ্তাহ ধরে জাতিসংঘ স্বীকৃত ফয়েজ আল শারাজের নেতৃত্বাধীন লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারকে হটিয়ে ত্রিপোলি দখলের অভিযানে নেমেছেন সেনাপ্রধান জেনারেল খলিফা হাফতার। গৃহযুদ্ধের কারণে এ পর্যন্ত প্রায় ১৮০ জন নিহত এবং আট শতাধিক লোক আহত হয়েছেন।

  • নূরের ভারত ছাড়ার নির্দেশে যা বললেন তৃণমূলের মদন

    নূরের ভারত ছাড়ার নির্দেশে যা বললেন তৃণমূলের মদন

    পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র বলেছেন, নিজের মায়ের মৃত্যুর পরও এতটা কষ্ট পায়নি, যতটা নূরের ভারত ছাড়ার নির্দেশে পেয়েছি।

    বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে একটি অনুষ্ঠান শেষে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের বিষয়ে তিনি এ কথা জানান।

    তিনি বলেন, ‘আমি সত্যি কথা বলছি-যে দুই দিন আগে আমার মায়ের মৃত্যুদিন ছিল। যদিও তিনি অনেকদিন আগেই মারা গেছেন। কিন্তু তাতে যতখানি কষ্ট পাচ্ছি তার থেকেও বেশি কষ্ট পাচ্ছি নূরের ঘটনায়। তার কারণ, নূর আমার নিজের ভাইয়ের মতো। দ্বিতীয়ত ও আমার প্রচারে আসেনি। ও আমার বাড়িতে এসেছিল। আমরা মজা করবো, ঘুরবো-ফিরবো-এই উদ্দেশ্য ছিল। ও আমার সঙ্গে দেখা করে।

    তিনি আরও বলেন, ‘তবে যিনি প্রার্থী নয়, তার হয়ে প্রচার করাটা যে নির্বাচন কমিশনের কাছে আইনত অপরাধ-এই বিষয়টি আমি জানতে পারলাম।’

    এসময় তৃণমূল নেতার চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এদের মধ্যে যদি কোন বাংলাদেশি নাগরিক থাকেন এবং বলেন যে মদন মিত্রকে ভোট দিন-তবে ওদের দেশ থেকে চলে যেতে হবে। কারণ আমি তো প্রার্থী নই। তেমনি আমি যেমন প্রার্থী নই, তেমনি সৌগত রায়ও প্রার্থী নই। একজন প্রার্থী তখনই প্রার্থী হন-যখন তার প্রার্থীপদ গ্রহণ করা হয়। সেক্ষেত্রে সৌগত রায় এখনও তার মনোনয়পত্রই জমা দেন নি। তাছাড়া সৌগত রায় সেদিন ছিলই না।’

    নূরের বিরুদ্ধে মন্ত্রণালয়ের এই নির্দেশ প্রতিহিংসা পরায়ণতা কি না? উত্তরে মদন মিত্র বলেন, ‘আমি কিছুই বলবো না। আমি শুধু বলবো এর থেকে দুঃখের কিছু হয় না। কারণ আমি মনে করি একজন ভালো অভিনেতা-সত্যজিত রায়, অপর্ণা সেন, শাবানা আজমি, গুলাম আলি এরা হলেন বিয়ন্ড দ্যা বর্ডার। আমি শুনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে।’

    যদিও নূরের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই বাংলাদেশে ফেরত যাওয়ার নির্দেশ নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘ভিসা না থাকলে তো ভারত ছাড়তেই হবে।’

    উল্লেখ্য, কয়েক দিন আগেই এই মদন মিত্র-এর সঙ্গেই গাজী নূরকে দেখা যায় একটি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। ‘দমদম’ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে তারা ওই প্রচারণায় অংশ নিয়েছিলেন। এসময় তৃণমূল প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানাতে শোনা যায়। প্রচারণার সেই ভিডিও মদন মিত্র নিজের ফেসবুকে আপলোড করার পরই বিতর্ক শুরু হয়। পরে নূরের রিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। এরপর বিজেপির অভিযোগ দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নূরকে দ্রুত দেশে ফেরার নির্দেশ দেয়।

  • মালিঙ্গা নন : বিশ্বকাপে নতুন অধিনায়ক বেছে নিল শ্রীলঙ্কা

    মালিঙ্গা নন : বিশ্বকাপে নতুন অধিনায়ক বেছে নিল শ্রীলঙ্কা

    আপাদমস্তক একজন টেস্ট ক্রিকেটার। দিমুথ করুনারত্নেকে সবাই টেস্ট ক্রিকেটার হিসেবেই চেনে। এর কারণও আছে, ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে যে শেষ ওয়ানডে খেলেছিলেন, এরপর আর সংক্ষিপ্ত ফরম্যাটে সুযোগ মেলেনি তার। এমনকি টি-টোয়েন্টিতে পর্যন্ত অভিষেক হয়নি।

    সেই দিমুথ করুনারত্নের হাতেই ইংল্যান্ড বিশ্বকাপে দলের দায়িত্ব তুলে দিলেন শ্রীলঙ্কার নির্বাচকরা। গত কয়েকমাস ধরে লঙ্কান দলকে ওয়ানডেতে নেতৃত্ব দেয়া লাসিথ মালিঙ্গাকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে আগেই ঘোষণা করা হয় করুনারত্নের নাম। এরপর ঘোষণা করা হয় ইংল্যান্ড বিশ্বকাপে ১৫ সদস্যের শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের নাম।

    দক্ষিণ আফ্রিকার সফরের শেষ ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হারের জের ধরেই মূলত লঙ্কান ওয়ানডে দলের নেতৃত্ব কেড়ে নেয়া হয় লাসিথ মালিঙ্গার কাছ থেকে। বেশ কিছুদিন ধরেই সীমিত ওভারের ক্রিকেটে লংকানদের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। তার নেতৃত্বেই ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল শ্রীলঙ্কা।

    কিন্তু প্রোটিয়া সফরের সীমিত ওভারের দুই ফরম্যাটে লঙ্কানদের ভরাডুবির জন্যই বিশ্বকাপে আর মালিঙ্গার ওপর আস্থা রাখতে পারেননি নির্বাচকরা। তার পরিবর্তে এমন একজনকে নতুন ওয়ানডে অধিনায়ক নির্বাচন করা হলো, যার এই ফরম্যাটে ম্যাচ খেলার অভিজ্ঞতা কেবল ১৭টি।

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যর্থতার পর দিনেশ চান্ডিমালকে সরিয়ে টেস্টে অধিনায়ক নির্বাচন করা হয়েছিল দিমুথ করুনারত্নেকে। দক্ষিণ আফ্রিকার বরিুদ্ধে টেস্ট সিরিজে তার নেতৃত্বেই স্বাগতিক প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে শ্রীলংকা। তখন থেকেই আলোচনায়, আগামী বিশ্বকাপে হয়তো তার কাঁধেই নেতৃত্বভার তুলে দেয়া হতে পারে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

    বিশ্বকাপের দল ঘোষণার একদিন আগেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড করুনারত্নেকে অধিনায়ক হিসেব ঘোষণা করে। দক্ষিণ আফ্রিকা মালিঙ্গার দলের ভারডুবি আর ঘরোয়া ক্রিকেটে করুনারত্নের দুর্দান্ত পারফরম্যান্সই তাকে এগিয়ে দিয়েছিল অধিনায়ক হওয়ার দৌড়ে।

    এখনও পর্যন্ত ১৭টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমে ১৫.৮৩ গড়ে ১৯০ রান সংগ্রহ করেছেন করুনারত্নে। এর মধ্যে একটি মাত্র হাফসেঞ্চুরি রয়েছে তার। বিশ্বকাপের জন্য করুনারত্নে ছাড়াও নেতৃত্বের দৌড়ে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, থিসারা পেরেরারা।

  • মোদিকে বহনকারী হেলিকপ্টারে তল্লাশি, কর্মকর্তা বরখাস্ত

    মোদিকে বহনকারী হেলিকপ্টারে তল্লাশি, কর্মকর্তা বরখাস্ত

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় তাকে বহনকারী হেলিকপ্টারে তল্লাশির অভিযোগে একজন সিনিয়র কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ভারতের নির্বাচন কমিশন। তার নাম মোহাম্মদ মোহসিন।

    তিনি ভারতের প্রশাসনিক খাতের ১৯৯৬ ব্যাচের একজন কর্মকর্তা। তাকে ওড়িশার সম্বলপুর জেলায় নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল। মিডিয়ায় প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।

    বুধবার রাতে নির্বাচন কমিশন থেকে একটি নির্দেশ ইস্যু করা হয়েছে তার প্রতি। তাতে বলা হয়েছে, তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করেন নি। এতে বলা হয়, সম্বলপুরে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারে চেকিং নির্বাচন কমিশনের গাইডলাইনের আওতাভুক্ত নয়। কারণ, স্পেশাল প্রটেকশন গ্রুপ এমন চেকিংয়ের বাইরে।

    নরেন্দ্র মোদি মঙ্গলবার সম্বলপুর সফরের একদিন পরেই ওই কর্মকর্তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হলো। ডিস্ট্রিক্ট কালেকটর এবং পুলিশের উপ ইন্সপেক্টর জেনারেলের রিপোর্টের ভিত্তিতে এমন সিদ্ধান্ত হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, মোহসিনের ওই তল্লাশির কারণে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারটির উড্ডয়ন প্রায় ১৫ মিনিট বিলম্বিত হয়।

    মঙ্গলবার রাউরকেলায় নির্বাচন কমিশনের ফ্লাইট স্কোয়াডের ব্যক্তিরা তল্লাশি করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের হেলিকপ্টারও। একই দিনে একই রকম তল্লাশি করা হয়েছে ভারতের জ্বালানি বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হেলিকপ্টারেও।

  • বিশ্বকাপে ইংল্যান্ডের দল ঘোষণা, বাদ পড়লেন ‘সেই’ আর্চার

    বিশ্বকাপে ইংল্যান্ডের দল ঘোষণা, বাদ পড়লেন ‘সেই’ আর্চার

    বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইয়ন মরগানকে অধিনায়ক করে ১৫ জনের সেই দলে জায়গা হয়নি জোফরা আর্চারের।

    নতুন অভিবাসন আইন অনুযায়ী বার্বাডোজে জন্ম নেওয়া আর্চারের ইংল্যান্ডের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। তবে শেষ পর্যন্ত ১৫ জনের দলে নেওয়া হয়নি এই পেসারকে।

    তবে আর্চারের জন্য এখনও ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কিন্তু রয়েছে। বিশ্বকাপের আগে পাকিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে ইংল্যান্ডের। ওই দুই প্রস্তুতি ম্যাচে দলে রাখা হয়েছে এই পেসারকে। সেখানে ভালো করলে জায়গা পেতেও পারেন আর্চার। কেননা, ২৩ মে পর্যন্ত দল পরিবর্তন করার সুযোগ রেখেছে আইসিসি।

    ইংল্যান্ডের বিশ্বকাপ দল-

    ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

  • কুরআন মুখস্থ করলো ৩ বছরের জাহরা

    কুরআন মুখস্থ করলো ৩ বছরের জাহরা

    কুরআন আল্লাহর কিতাব। এ কিতাবের সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। আর আল্লাহ তাআলা তা মানুষের হৃদয়ে সংরক্ষণ করেছেন। যা ইচ্ছা করলেও কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। যার প্রমাণ আজারবাইজানের ৩ বছরের ফুটফুটে জাহরা। এ বয়সেই সে মুখস্থ করেছে পবিত্র কুরআন।

    জাহরা হোসাইন। বয়স মাত্র ৩ বছর। এ বয়সে কুরআন মুখস্থ করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে সে। আর তাতেই সে দেশটির সবচেয়ে কনিষ্ঠ হাফেজ হিসেবে পরিচিতি পেয়েছে।

    আজারবাইজানের রাজধানী বাকুতে বসবাসকারী কনিষ্ঠ হাফেজ জাহরার মা জানান, ‘জাহরা যখন তার গর্ভে তখন তিনি বেশি বেশি কুরআন তেলাওয়াত করতেন। উচ্চস্বরের কুরআনের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতেন।

    জাহরার জন্মের পর ছড়া কিংবা কবিতার পরিবর্তে জাহরাকে ঘুম পাড়াতে কুরআনের ছোট ছোট সুরাগুলো তেলাওয়াত করতেন।

    জাহরার বয়স যখন ১ বছর তখন থেকেই তার মা লক্ষ্য করেন যে, জাহরা তার তেলাওয়াত করা ছোট ছোট সুরাগুলো তার সাথে তেলাওয়াতের চেষ্টা করছে। মেয়ের এ আগ্রহ দেখে সে কুরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। আর এভাবেই ৩ বছর বয়সে কোনো শিক্ষক ছাড়াই মায়ের কাছ থেকে শুনে শুনে জাহরা পবিত্র কুরআনের ৩৭টি সুরা মুখস্থ করে ফেলেছে।

    জাহরার কুরআন মুখস্থে তার মায়ের অবদানই সবচেয়ে বেশি। কারণ তার জন্মের আগে থেকে মায়ের নিয়মিত কুরআন তেলাওয়াত এবং জন্মের পর ঘুম লাগানোর সময় কুরআনের অবিরাম তেলাওয়াতই জাহরাকে কুরআনের প্রতি আগ্রহী করে তুলেছে।

    আল্লাহ তাআলা ৩ বছরের ছোট্ট জাহরা হোসাইনকে কুরআনের পাখি হিসেবে কবুল করুন। জাহরার মতো সব শিশুকেই কুরআনের আবহে বেড়ে ওঠার তাওফিক দান করুন।

    আমিন।

  • পাট পাতার চা নিজ দেশে নিয়ে যাচ্ছে জার্মানি

    পাট পাতার চা নিজ দেশে নিয়ে যাচ্ছে জার্মানি

    বাংলাদেশে পাট পাতা থেকে চা বানিয়ে শুধু নিজের দেশে নিয়ে যাচ্ছে জার্মানি। পরীক্ষামূলক প্রকল্পে এ মৌসুমে উৎপাদিত চার হাজার থেকে পাঁচ হাজার কেজি জৈব পাট পানীয়র পুরোটা জার্মানিতে রফতানি করা হবে। এর আর্থিক মূল্য প্রায় ৮০ হাজার মার্কিন ডলার বলে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।

    মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে উত্থাপিত কার্যপত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে আগামীতে পাট পাতার চা দেশের মানুষও পান করতে পারবে বলে জানিয়েছেন সংসদীয় কমিটির সভাপতি মির্জা আজম।

    কার্যপত্রে আরও উল্লেখ করা হয়, জার্মানির একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ কারণে মানিকগঞ্জের লেমুবাড়িতে পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। ৪০ শতাংশ জমি ও ১৭ কক্ষ বিশিষ্ট একটি স্থাপনা বিজেএমপি কর্তৃক তিন বছরের জন্য ভাড়া নিয়ে প্রকল্পের কাজ চলছে।

    এ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি মির্জা আজম বলেন, পাট পানীয় উৎপাদনের উদ্দেশ্যে পাটের উৎপাদন বাড়ানো, জৈব পাট চাষ, পাট পাতা প্রক্রিয়াকরণ ও জৈব চাষ সংক্রান্ত তথ্য সংরক্ষণের ক্ষেত্রে পুরোপুরি ইউরোপিয়ান মান অনুসরণ করা হবে। আর এ বছর শুধু জার্মানিতে রফতানি করা হলেও আগামীতে দেশবাসীও পাট পাতার চা পান করত পারবে।

    সংসদ সচিবালয় সূত্র জানায়, বস্ত্র খাতের যথাযথ উন্নয়ন নিশ্চিতকল্পে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি এ খাতে দক্ষ জনবল গড়ে তোলার জন্য প্রয়োজনীয় শিক্ষক ও প্রশিক্ষক নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করারও সুপারিশ করা হয়েছে।

    বৈঠকে বিজেএমসি সম্পর্কে আলোচনা করা হয়। শ্রমিক অসন্তোষ দূর করার লক্ষ্যে বকেয়া মজুরি পরিশোধসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

    কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মো. ইসরাফিল আলম, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মন্ডল এবং খাদিজাতুল আনোয়ার অংশ নেন।

    এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক, বিজেএমসি, বিটিএমসি ও বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • জেরুজালেমের আল-আকসা মসজিদে আগুন

    জেরুজালেমের আল-আকসা মসজিদে আগুন

    মুসলিমদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান ও প্রথম কেবলা আল-আকসা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্যযুগীয় নটর ডেম ক্যাথেড্রালে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; ঠিক সেই সময়ই আল-আকসা মসজিদ ভবনেও আগুন লাগে।

    মঙ্গলবার আল-আকসা মসজিদের আগুনের একটি ভিডিওর বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    রাশিয়া ট্যুডে বলছে, ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা দ্য প্যালেস্টাইন নিউজ অ্যাজেন্সি বলছে, আল-আকসার ছাদের মারওয়ানির নামাজ ঘরের একটি নিরাপত্তা কক্ষে আগুন ছড়িয়ে পড়েছে। পরে ইসলামিক ওয়াকফ ফায়ার ব্রিগেডের সদস্যরা মসজিদের আগুন নিয়ন্ত্রণে আনেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মসজিদের অগ্নিকাণ্ডের একটি ভিডিওতে দেখা যায়, মারওয়ানির নামাজ ঘরের ওপরে ধোঁয়া উড়ছে। মুসলিমদের তৃতীয় পবিত্রতম এই স্থাপনা ঘিরে দীর্ঘদিন ধরে আরব-ইসরায়েল সংঘাত চলে আসছে।

    আল-আকসায় আগুনের কারণ এখনো জানা যায়নি। জেরুজালেম ওয়াকফ ও আল-আকসা মসজিদ কল্যাণ বিভাগের মহাপরিচালক শেইখ আল-খতিব বলেছেন, শিশুরা সেখানে আগুন দিয়ে থাকতে পারে। কারণ ওই সময় ঘটনাস্থলে শিশুদের খেলাধুলা করতে দেখা গেছে।

    তবে পবিত্র এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি পবিত্র এই স্থাপনার মহান ধর্মীয় এবং মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

    একই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্যযুগীয় নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৮৫০ বছরের প্রাচীন এই গির্জাটি কয়েক ঘণ্টার আগুনে প্রায় পুরোটাই ধসে গেছে। প্রাচীন গোথিক ভবনটিকে রক্ষার জন্য ৫ শতাধিক দমকল কর্মী চেষ্টা চালালেও এর উঁচু মিনার এবং ছাদ ধসে পড়ে।

    স্থানীয় সময় সোমবার সাড়ে ৬টার দিকে গির্জাটিতে আগুন লাগার পর দ্রুত তা ছাদে ছড়িয়ে পড়ে। ভবনের ছাদে যখন আগুন জ্বলতে থাকে এবং জানালা ধ্বংস হতে থাকে তখন প্রকট শব্দ শোনা যায়। উঁচু মিনার খসে পড়ার আগে তা কাঠের তৈরি কাঠামো ধ্বংস করে। পাঁচ শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী টানা চেষ্টা চালিয়ে মঙ্গলবার সকালের দিকে এই গির্জার আগুন নিয়ন্ত্রণে আনেন।

    পূর্ব জেরজালেমের ওল্ড সিটিতে অবস্থিত আল-আকসা মসজিদ। ১৯৬৭ সালে এক যুদ্ধের পর জর্ডানের কাছ থেকে ছিনিয়ে নেয় ইসরায়েল। ১৯৮০ সালে অভিযান চালিয়ে পুরো জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল; তবে ইসলামি পবিত্র এই স্থাপনার দেখাশোনার অধিকার পায় জর্ডানের রাজপরিবার।

    গত বছর ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ভ্যাটিকানসহ বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সমালোচনা করলেও ইসরায়েল একে ঐতিহাসিক বলে মন্তব্য করে।

    জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আনা একটি প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।