Category: আন্তর্জাতিক

  • গ্রেফতার হতে পারেন নায়ক ফেরদৌস!

    গ্রেফতার হতে পারেন নায়ক ফেরদৌস!

    ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জিসহ অনেক তারকা অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে ওপার বাংলার একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সিনেমার পর্দায় মানুষ তাকে দেখতে অভ্যস্ত থাকলেও এবার তাকে দেখা গেল ভারতের জাতীয় নির্বাচনের প্রচারণার ময়দানে। চলমান লোকসভার নির্বাচনী প্রচারণায় তৃণমূলের হয়ে রবিবার নির্বাচনী প্রচারণায় দেখা যায় ফেরদৌসকে। তবে এটা ভালোভাবে নেয়নি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে বিদেশি নাগরিককে দিয়ে প্রচারণা চালাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

    এখানেই শেষ নয়, এবার দেশটির নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে অভিযোগ করেছে বিজেপি। একই সঙ্গে ভিসা আইনের শর্ত লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় বাংলাদেশি এই চিত্রনায়ককে গ্রেফতারের দাবি জানিয়েছে রাজ্য বিজেপি।

    ভারতের সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, বিদেশি নাগরিক তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ পাওয়ার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিজিওনাল ফরেইনার্স রেজিস্ট্রেশন অফিসের কাছে এ বিষয়ে ব্যাখ্যাসহ প্রতিবেদন চেয়েছে।

    এদিকে, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা জেপি মজুমদার নির্বাচন কমিশনে যে অভিযোগ দায়ের করেছেন, সেখানে তিনি ফেরদৌসকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। জেপি মজুমদার বলেছেন, ‘ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো বিদেশি অংশ নিতে পারেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস একজন বাংলাদেশিকে ব্যবহার করে নির্বাচনী বিধি ভঙ্গ করেছে। এছাড়া ভিসা-সংক্রান্ত আইন না মানায় তাকে (ফেরদৌস) গ্রেফতার করা উচিত।

    এর আগে, রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে বিদেশি নাগরিককে দিয়ে পশ্চিমবঙ্গে রোড শো করাচ্ছে? আমি এ রকম আগে শুনিনি। আগামীকাল হয়তো আমাদের মমতা ব্যানার্জি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দিয়ে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য ডাকতে পারেন। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’ তিনি আরও বলেন, ‘একজন বাংলাদেশি অভিনেতাকে ব্যবহার করে রাজ্যের ক্ষমতাসীন দল উত্তর দিনাজপুর জেলার ৫০ শতাংশ মুসলিম ভোট টানতে চাইছে। তৃণমূল আসলে আমাদের দেখে ভয় পেয়ে গেছে, তাই বিদেশ থেকে অভিনেতা নিয়ে আসছে।’

    তবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থীর প্রচারণায় ফেসদৌস অংশ নিয়েছিলেন সেই কানাইয়ালাল আগরওয়ালের নির্বাচনী এজেন্ট মুশাররফ হুসেন জানান, ‘ফেরদৌস বাংলাদেশে একজন জনপ্রিয় অভিনেতা। আমরা তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে রোড শোয় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিলাম এবং তিনিও রাজি হয়েছেন।’

  • বেতন এক ডলার! নিরাপত্তায় ২ কোটি ডলার খরচ জাকারবার্গের

    বেতন এক ডলার! নিরাপত্তায় ২ কোটি ডলার খরচ জাকারবার্গের

    ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার পরিবারকে নিরাপত্তা দিতে ২০১৮ সালে খরচ হয়েছে দুই কোটি ২৬ লাখ ডলার। আগের বছরের তুলনায় এই অঙ্ক দ্বিগুণেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে খবরে এ কথা বলেছে লন্ডনের অনলাইন গার্ডিয়ান।

    এতে বলা হয়, গত তিন বছর ধরে জাকারবার্গ বেতন হিসেবে নিচ্ছেন এক ডলার। তার অন্যান্য খরচের খাতে রয়েছে দুই কোটি ২৬ লাখ ডলার। এর বেশির ভাগই তার ব্যক্তিগত নিরাপত্তায় খরচ হয়। তার ও পরিবারের শুধু নিরাপত্তা খাতে খরচ হয়েছে প্রায় দুই কোটি ডলার। আগের বছর এই অঙ্ক ছিল ৯০ লাখ ডলার। ব্যক্তিগত বিমান ব্যবহারের জন্য তিনি পেয়ে থাকেন ২৬ লাখ ডলার।

    অন্যদিকে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ২০১৮ সালে ঘরে তুলেছেন দুই কোটি ৩৭ লাখ ডলার। আগের বছর তার এই অংক ছিল দুই কোটি ৫২ লাখ ডলার।

  • ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনা ও তার সেই ৩ কন্যা

    ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনা ও তার সেই ৩ কন্যা

    ২০১০ সালের ৩ জুন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল রাজধানীর পুরান ঢাকার নিমতলীতে। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ১২৪ জনের প্রাণহানি ঘটেছিল।

    ওই অগ্নিকাণ্ডে সব হারানো উম্মে ফারওয়া আখতার রুনা, সকিনা আখতার রত্না ও আসমা আখতার শান্তাকে নিজের মেয়ে হিসেবে ঘোষণা দিয়ে তাদের বিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রবিবার নববর্ষের প্রথম দিন ‘মা’ শেখ হাসিনার আশীর্বাদ নিতে গণভবনে গিয়েছিলেন সেই তিন কন্যা। তাদের সঙ্গে ছিল স্বামী- সন্তানরাও।

    ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’ সংবাদটি প্রকাশিত হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, “গতকাল রবিবার বাংলা নববর্ষ উপলক্ষে মায়ের আশীর্বাদ নিতে ঢাকার গণভবনে ছুটে এসেছিলেন তিন কন্যা। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছিল নিমতলীর ১২৪ জনের প্রাণ। তিন অনাথ মেয়েকে বুকে টেনে নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বামী-সন্তান নিয়ে এখন সুখেই দিন কাটাচ্ছেন তাঁর সেই তিন মেয়ে।

    অন্যদিকে নুসরাতকে পুড়িয়ে হত্যাকাণ্ডের জেরে নববর্ষের উৎসব থেকে বিরত থেকেছে সোনাগাজী।  ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাতের হত্যাকারীদের রেহাই নেই বলে  ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তিনি নির্দেশ দিয়েছেন।

  • আমাকে নয়, ভালো ভবিষ্যতের জন্য মমতাকে ভোট দিন: নুসরাত

    আমাকে নয়, ভালো ভবিষ্যতের জন্য মমতাকে ভোট দিন: নুসরাত

    বর্তমানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। মাঠ-ঘাট ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি। তার বাকপটুতায় মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এ কারণে নির্বাচনী এলাকা বসিরহাটের বাইরে বিভিন্ন জেলায় নুসরাতকে নিজের সঙ্গে প্রচারেও নিয়ে যাচ্ছেন তৃণমূলনেত্রী।

    সেই নুসরাত এবার সরাসরি জানিয়ে দিলেন, তিনি কেবল প্রার্থী মাত্র। রাজ্যবাসী নিজেদের ভবিষ্যত সুদৃঢ় করতে মমতা ব্যানার্জিকেই ভোট দেবেন।

    রবিবার প্রচারে বেরিয়ে নুসরাত বলেন, ‘ভোট আপনাদের ক্ষমতা ও অধিকার, এ রাজ্যে অন্য কাউকে ভোট দিয়ে আপনাদের ভোট নষ্ট করবেন না। নিজেদের ভালো ভবিষ্যতের জন্যই তৃণমূলকে ভোট দেবেন, এছাড়া অন্য কোনও কারণ থাকতে পারে না।’

    সেইসঙ্গে নুসরাত জানিয়ে দেন, ‘আমাকে ভোট দিতে হবে না। ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাকে শুধু দোয়া ও আশীর্বাদ করুন।

  • রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান সেই ‘মোদি’

    রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান সেই ‘মোদি’

    মোদি তবু মোদি নয়! পোশাক এক, ভঙ্গিমা এক, এমনকি কথা বলার ধরণও নরেন্দ্র মোদির মতোই! লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ এক ‘নকল’ নরেন্দ্র মোদি। তবে নির্বাচন কমিশনের নির্বাচনী বিধি ভঙ্গের কোপে পড়েছেন এই হুবহু মোদি।

    নিজের প্রচারে এই ব্যক্তি ঘোষণা করেছেন ‘এক ভোট এক নোট’! শুক্রবারই নির্দল প্রার্থী হিসেবে লখনউ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন অভিনন্দন পাঠক বা এই ‘নকল’ মোদি! তিনি জানিয়েছেন, তিনি মোদির বারাণসী আসনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপরই তিনি সাংবাদিকদের বলেন যে তার স্লোগান হলো ‘এক ভোট, এক নোট’।

    নির্বাচনী হাওয়া দেশে, কলকাতার স্কুলগাড়িতে খুদেরা মেতেছে ‘ভোট ভোট’ খেলায়

    শুক্রবার অভিনন্দন পাঠককে দেয়া নোটিশে জেলা ম্যাজিস্ট্রেট কৌশলরাজ শর্মা বলেন, এই স্লোগান নির্বাচনীবিধি লঙ্ঘন করেছে, কারণ ভোটারদের ভোট দেয়ার জন্য টাকার লোভ দেখানো হচ্ছে।

    সূত্রের খবর, ওই নোটিশের জবাব দিতে অভিনন্দন পাঠককে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে। উত্তর না দিলে সংশ্লিষ্ট বিভাগের অধীনে তার বিরুদ্ধে এফআইআর দাখিল করা হবে।

    লখনউ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু এখনও বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দেননি তিনি। মন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন অভিনন্দন পাঠক, তারপরেই জানিয়েছেন ২৬ এপ্রিল বারাণসীতে গিয়ে নিজের মনোনয়ন জমা দেবেন তিনি।

    নিজেকে অবশ্য নকল মোদি ভাবতে রাজি নন পাঠক। নিজেকে ‘সিরিয়াস প্রার্থী’ হিসেবেই তুলে ধরেন পাঠক এবং বলেন, তিনি ‘জুমলা’ বা চমকের বিরুদ্ধে। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদের জন্য আমি রাহুল গান্ধীকেই প্রার্থী হিসেবে সমর্থন করব।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতোই পোশাক পরেন তিনি এবং প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার শৈলী অনুযায়ী পাঠকও ‘মিত্রোঁ’ বলেই নিজের বক্তৃতা শুরু করেন। সাহারানপুরের বাসিন্দা, পাঠক গত মাসেই কংগ্রেসে যোগ দিয়েছেন। এর আগে তিনি উত্তরপ্রদেশের রাজ্য উপ-সভাপতি হিসেবে এনডিএর জোট রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া’র সঙ্গেই যুক্ত ছিলেন।

    ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পাঠকসহ প্রধানমন্ত্রীর মতো দেখতে একাধিক ব্যক্তিকে সারা দেশেই মোদির প্রচার চলাকালে দেখা যায়। গত বছর ছত্তিশগড়ে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে অবশ্য কংগ্রেসের জন্য প্রচার করেছিলেন পাঠক।

    লক্ষ্ণৌতে ভোট হবে ৬ মে। সাতটি পর্যায়ের জাতীয় নির্বাচনের ফলাফল গণনা হবে ২৩ মে। সূত্র: এনডিটিভি

  • ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে বিদেশি সাংবাদিকরা

    ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে বিদেশি সাংবাদিকরা

    দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডাব্লিউএমজিএল) গণমাধ্যমগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা।

    আজ সোমবার তারা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত মিডিয়া হাউজের সব ক’টি গণমাধ্যমের কার্যালয় ঘুরে দেখেন। এ সময় বসুন্ধরা গ্রুপের এসব গণমাধ্যমের সম্পাদকরাও উপস্থিত ছিলেন। সফররত সাংবাদিকদের সঙ্গে ইস্ট ওয়েস্ট মিডিয়ার গণমাধ্যমগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন তারা। পরে সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময়ে অংশ নেন সাংবাদিকেরা।

    এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ, নিউজটোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান, ডেইলি সানের কনসালট্যান্ট এডিটর নাদিম কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভিজিট বাংলাদেশ’-কর্মসূচির আওতায় বিশ্বের ২৬টি দেশের ৪৮ জন সাংবাদিক বাংলাদেশ সফরে এসেছেন। গত ১৪ এপ্রিল শুরু হওয়া এ সফর শেষ হবে আগামী ১৮ এপ্রিল। প্রতিনিধি দলে ভারত, জাপান, ইতালি, জার্মানি, ব্রাজিল, গ্রিস, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়ার মতো দেশের সাংবাদিক রয়েছেন।

  • বিশ্বকাপ দলেই জায়গা পেলেন না সেই রিশাভ পান্ত

    বিশ্বকাপ দলেই জায়গা পেলেন না সেই রিশাভ পান্ত

    বেশ কিছুদিন আগে থেকেই আলোচনায় ভারতের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত। এবারের আইপিএলেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। তার আগে অস্ট্রেলিয়ার ভারত সফরের সময় ধোনিকে বিশ্রাম দিয়ে খেলানো হয়েছিল রিশাভ পান্তকে।

    তখন থেকেই মূলতঃ আলোচনায় দিল্লি ক্যাপিটালসের এই ব্যাটসম্যান। এমনকি ভারতের কোনো কোনো ক্রিকেট বোদ্ধা তো বলেই দিয়েছেন, মহেন্দ্র সিং ধোনিকে পুরোপুরি বাদ দিয়ে রিশাভ পান্তকেই আগামী দিনের জন্য গড়ে ওঠার সুযোগ করে দিতে। অর্থ্যাৎ, ভারতীয় দলে মূল উইকেরক্ষক হিসেবে দায়িত্ব দিতে।

    বিশ্বকাপের দল ঘোষণার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড যখন ১৫ এপ্রিল নির্ধারিত তারিখ জানিয়ে দিয়েছিল, তখন নতুন করে আলোচনার কেন্দ্রে চলে আসেন রিশাভ পান্ত। কারণ, জানাই ছিল মহেন্দ্র সিং ধোনি দলে থাকবেন। এটা নিশ্চিত।

    ধোনি হচ্ছেন, এবারের বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় ট্রাম্পকার্ড। এমনকি অনেকে বলে থাকেন, কোহলি অধিনায়ক হলেও ধোনিই মূলতঃ ভারতীয় দলটির মূল চালিকা শক্তি। তিনিই অনেক সময় হয়ে থাকেন ছায়া অধিনায়ক।

    আলোচনার মূল বিষয়বস্তু ছিল, ধোনির ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে কে সুযোগ পাচ্ছেন? রিশাভ পান্ত নাকি দিনেশ কার্তিক? অভিজ্ঞতা বিবেচনায় আনলে নিদেশ কার্তিকের বিকল্প নেই। কিন্তু ভবিষ্যৎ এবং বর্তমান সময়ের কথা চিন্তা করলে তরুণ রিশাভ পান্তের পাল্লাই ছিল বেশি ভারি। এমনকি সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভারতের ক্রিকেট বোদ্ধারা পর্যন্ত পান্তকেই ধোনির ব্যাকআপ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিলেন।

    কিন্তু ভারতের বিশ্বকাপ দলে এই একটাই চমক উপহার দিলেন এমএসকে প্রাসাদ নেতৃত্বাধীন নির্বাচকমন্ডলি। আলোচিত রিশাভ পান্তকে বাদ দিয়ে নির্বাচকরা বিশ্বকাপের দলে সুযোগ দিলেন অভিজ্ঞ দিনেশ কার্তিককেই। নিশ্চিতভাবেই বিরাট কোহলিরা অভিজ্ঞতাকেই বেশি মূল্যায়ন করেছেন এখানে।

    রিশাভ পান্তের সামনে এখনও বিশাল সময় পড়ে আছে। আগামী দুই বছর টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, পরের বছর আবার ওয়ানডে বিশ্বকাপ- এগুলোর জন্য পান্তের সামনে বিশাল সময় পড়ে আছে। এখন অভিজ্ঞতা দিয়েই মূলতঃ ভারত চায় বিশ্বকাপের বৈতরণী পার হতে।

    আরেকটি চমক দেখিয়েছে তারা চার নম্বরে তরুণ বিজয় শঙ্করকে সুযোগ দিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ব্যাট এবং বল হাতে ভারতের দুর্দান্ত এক অলরাউন্ডার হিসেবে গড়ে উঠছেন বিজয় শঙ্কর। একই সঙ্গে পেসার উমেষ যাদব কিংবা ব্যাটসম্যান আম্বাতি রাইডুকে বাদ দিয়ে স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজাকেই সুযোগ করে দিয়েছে বিসিসিআই।

    আরেকটি জায়গা নিয়ে ছিল অনেক আলোচনা। সেটি হচ্ছে দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে কে থাকবেন? আইপিএলের পারফরম্যান্স দিয়ে এই জায়গাটি দখল করে নিলেন লোকেশ রাহুল। রোহিত কিংবা শিখরের কোনো সমস্যা হলে লোকেশ রাহুল ওপেন করতে পারবেন। চাইলে তিন নম্বরেও নামতে পারবেন তিনি।

    যদিও চার নম্বর নিয়ে বেশ আলোচনা ভারতীয় দলে। এই জায়গায় কে ব্যাট করবেন? বিজয় শঙ্করকে দলে নিয়ে আপাতত সে আলোচনার সমাধান ঘটিয়েছে ভারতীয় নির্বাচকরা। চাইলে মহেন্দ্র সিং ধোনিও চারে ব্যাট করতে পারেন।

    চার পেসার এবং তিনজন স্পিন স্পেশালিস্ট রয়েছেন ভারতীয় দলে। মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া রয়েছেন পেসার হিসেবে। এর মধ্যে পান্ডিয়া আবার এই মুহূর্তে ভারতের এক নম্বর অলরাউন্ডার। তিন স্পিনার হচ্ছেন ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা। অকেশনাল স্পিনার হিসেবে ভালো দায়িত্ব পালন করতে পারেন কেদার যাদবও। হার্দিক পান্ডিয়ার মত পেস অলরাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বিজয় শঙ্করও।

    বিশ্বকাপে ১৫ সদস্যের ভারতীয় দল
    বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ. অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, দিনেশ কার্তিক, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি।

  • বাংলাদেশে পড়ালেখা করে আমি প্রধানমন্ত্রী, আমার বন্ধু মন্ত্রী

    বাংলাদেশে পড়ালেখা করে আমি প্রধানমন্ত্রী, আমার বন্ধু মন্ত্রী

    ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বলেছেন, ভালো ডাক্তার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের মন জয় করতে হবে। মানবিক হতে হবে। মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ আছে ডাক্তারদের। শুধু চিকিৎসা সেবা নয় সামাজিক-রাজনৈতিক অনেক ক্ষেত্রেই ডাক্তারদের অবদান রাখার সুযোগ আছে।

    তিনি বলেন, আমি চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি। কিন্তু আমার পেশাকে ছাড়তে পারিনি। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি চাকরি না করে, বিদেশে না গিয়ে ভুটানের মানুষকে নিয়ে ভেবেছি। তাদেরকে বুঝতে চেষ্টা করেছি। তাদেরকে নিয়ে কাজ করেছি। তাই আজ আমি ভুটানের প্রধানমন্ত্রী।

    রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ভুটানের প্রধানমন্ত্রী।

    ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সময়ের স্মৃতিচারণ করে ডা. লোটে শেরিং বলেন, ১৯৯১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত আমি ও আমার সহপাঠী, অর্থাৎ আমার মন্ত্রিপরিষদের স্বাস্থ্যমন্ত্রী ময়মনসিংহ শহরের বাঘমারা মেডিকেল কলেজ ছাত্রাবাসের ২০ নম্বর কক্ষে থেকেছি। এখনো আমরা একসঙ্গে রাজনীতি করছি। দীর্ঘসময়ে আমাদের মাঝে কোনোদিন মনোমালিন্য হয়নি। আমার সেই সহপাঠী বন্ধুর কারণেই আজ আমি প্রধানমন্ত্রী। তিনিই আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।

    Mymensingh-(2)

    ময়মনসিংহ মেডিকেল কলেজের অনেক সহপাঠীর নাম উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. লোটে শেরিং। তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়াশোনা করে আজ আমি ভুটানের প্রধানমন্ত্রী, আমার সেই বন্ধু স্বাস্থ্যমন্ত্রী। আমার আরও অনেক বন্ধু অনেক ভালো জায়াগায় আছেন। তাদের জন্য শুভ কামনা।

    লোটে শেরিং আরও বলেন, আমাদেরকে সকল ভোদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশটাকে নিজের ভাবতে হবে। বিশেষ করে ডাক্তারদের মানবিক হতে হবে।

    সকালে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং তার শিক্ষা জীবনের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসেন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বাংলাদেশ সফরে এসে শিক্ষা জীবনের স্মৃতিবিজড়িত কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের আগমনে সহপাঠী, শিক্ষক ও শিক্ষার্থীরা ছিলেন বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত।

    ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ক্যাম্পাসে তার স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং তার ব্যাচমেটদের সঙ্গে একান্তে কিছু সময় কাটান। এর আগে ডা. লোটে শেরিং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ড পরিদর্শন করেন। তাকে কাছে পেয়ে সহপাঠী ও ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা আবেগাপ্লুত হন।

    সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ময়মনসিংহে পৌঁছালে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ডা. লোটে শেরিংকে স্বাগত জানান। এ সময় সহপাঠীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

    তার আগমনে মেডিকেল কলেজ, হাসপাতালকে সাজানো হয় বর্ণিল সাজে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে দুই দেশের পতাকা, দুই দেশের রাষ্ট্র প্রধানের ছবি, ব্যানার, পোস্টার দিয়ে সজ্জিত করা হয়। শহরজুড়ে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

    ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডা. টান্ডি দরজি, স্বাস্থ্যমন্ত্রী লায়োনপু দিহেন ওয়াংমু, প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. উগেন ডেমা, বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার পরিকল্পনা সচিব জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার ও ময়মনসিংহ বিএমএ সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া প্রমুখ।

    Mymensingh-(2)

    ২৮তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে লোটে শেরিং ১৯৯১ সালে বিদেশি কোটায় ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন। ১৯৯৯ সালে এমবিবিএস পাস করে ঢাকায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।

    ২০১৩ সালে রাজনীতিতে যোগ দেয়ার পর ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে লোটে শেরিংয়ের রাজনৈতিক দল জয়লাভ করে। পরে লোটে শেরিংয়ের প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বাংলাদেশ সফরে আসেন তিনি। বন্ধু-সহপাঠীদের সঙ্গে পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে ২০ বছর পর ময়মনসিংহে আসেন লোটে শেরিং।

  • আবারও সাকিবকে বাইরে রেখে বোলিংয়ে হায়দরাবাদ

    আবারও সাকিবকে বাইরে রেখে বোলিংয়ে হায়দরাবাদ

    পরপর দুই ম্যাচে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী বাজে বোলিং করায় সম্ভাবনা জেগেছিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের একাদশে ফেরার। কিন্তু তা আর হয়নি।

    নবী একাদশ থেকে বাদ পড়লেও সুযোগ পাননি সাকিব। বরং সানরাইজার্স হায়দরাবাদ একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। দলে ফেরার ম্যাচে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন।

    এখনো পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ৩টিতে জিতেছে গত আসরের রানারআপ হায়দরাবাদ। অন্যদিকে ৭ ম্যাচ খেলে ৪টি জয় রয়েছে দিল্লির নামের পাশে। এ ম্যাচে দিল্লির একাদশে সুযোগ পেয়েছেন কিউই ওপেনার কলিন মুনরো।

    হায়দরাবাদ একাদশ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, রিকি ভুই, দ্বীপক হুদা, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ এবং সন্দ্বীপ শর্মা।

    দিল্লি একাদশ: পৃথ্বি শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রিশাভ প্যান্ট, কলিন মুনরো, ক্রিস মরিস, অক্ষর প্যাটেল, কেমো পল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা এবং ইশান্ত শর্মা।

  • নেপালে বিমান বিধ্বস্তে নিহত ৩

    নেপালে বিমান বিধ্বস্তে নিহত ৩

    উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়েছে নেপালের একটি বিমান। এতে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।

    রানওয়ে থেকে ছিটকে পড়ার সময় ৩০-৪০ মিটার দূরে থাকা দুটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। সঙ্গে সঙ্গেই সেটি বিধ্বস্ত হয়।

    রোববার নেপালের লুকলা বিমানবন্দরে সামিট এয়ারের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমান উড্ডয়ন এবং অবতরণের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমান বন্দর হিসেবে পরিচিত লুকমা বিমানবন্দর।

    বিমানবন্দরের কর্মকর্তা ইমা নাথ আধিকারি এএফপিকে বলেন, বিমানের কো-পাইলট এবং একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই মারা গেছেন। অপরদিকে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, অন্য এক পুলিশ কর্মকর্তা কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে দু’টি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। তিনি বলেন, কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয়।