Category: আন্তর্জাতিক

  • টস জিতে বোলিংয়ে হায়দরাবাদ, আজও নেই সাকিব

    টস জিতে বোলিংয়ে হায়দরাবাদ, আজও নেই সাকিব

    দল সাফল্যের মধ্যে আছে। টিম কম্বিনেশন নিয়ে তাই খুব বেশি নড়াচড়া করার চেষ্টা করছে না সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নেমে আজও বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে একাদশের বাইরে রেখেছে ভুবনেশ্বর কুমারের দল।

    দুই দলের মধ্যে বেশ সুবিধাজনক অবস্থানে হায়দরাবাদ। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুই নাম্বার অবস্থানে।

    সমান ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। তারা আছে পয়েন্ট তালিকার ছয় নাম্বার অবস্থানে।

    মুম্বাই একাদশ : কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেসন বেহেরনডর্ফ, রাহুল চাহার, আলজেরি জোসেফ, জাসপ্রিত বুমরাহ।

    সানরাইজার্স একাদশ : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মনিশ পান্ডে, দীপক হুদা, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবী, রশিদ খান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কাউল।

  • ব্যাঙ্গালুরুর বিপক্ষে বোলিংয়ে কলকাতা, দুই দলের একাদশে আছেন যারা

    ব্যাঙ্গালুরুর বিপক্ষে বোলিংয়ে কলকাতা, দুই দলের একাদশে আছেন যারা

    ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক। অর্থাৎ বিরাট কোহলির দলকে আগে ব্যাট করতে হবে।

    দুই দলের মধ্যে বেশ খারাপ অবস্থায় আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চার ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি কোহলি, ডি ভিলিয়ার্স, স্টয়নিস, মঈন আলীদের নিয়ে গড়া শক্তিশালী দলটি; আছে তলানিতে।

    অপরদিকে ৩ ম্যাচের মধ্যে ২টিতেই জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার চার নাম্বার অবস্থানে।

    ব্যাঙ্গালুরু একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল, এবি ডি ভিলিয়ার্স, মার্কাস স্টয়নিস, মঈন আলী, অক্ষদীপ নাথ, পবন নেগি, নভদ্বীপ সাইনি, টিম সাউদি, ইয়ুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।

    কলকাতা একাদশ : সুনিল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতীশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক), শুভমান গিল, আন্দ্রে রাসেল, পিযুষ চাওলা, কুলদ্বীপ যাদব, প্রসিধ কৃষ্ণা, লুকি ফার্গুসন।

  • প্রাকৃতিক সৌন্দর্য দেখতে শ্রীমঙ্গল গেছেন ৩৫ রাষ্ট্রদূত

    প্রাকৃতিক সৌন্দর্য দেখতে শ্রীমঙ্গল গেছেন ৩৫ রাষ্ট্রদূত

    বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রমণে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।

    শুক্রবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেনের নেতৃত্বে তারা এসে পৌঁছান শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা মানের হোটেলে। এ সময় তাদেরকে স্থানীয় মনিপুরি নৃত্যে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তারা বিভিন্ন চা-বাগান ও আদিবাসী পাড়াসহ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এলাকা ঘুরে দেখেন।

    সফরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।

    এ সময় মন্ত্রী এক প্রেসব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ অপরূপ সুন্দর একটি দেশ। ঢাকায় বসে বাংলাদেশের এই সৌন্দর্য অনুমান করা যায় না। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের দেশের এই নৈসর্গিক এলাকায় নিয়ে এসেছি। আর তা দেখেও তারাও অভিভূত হয়েছেন।

    এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক জিয়াসহ বিদেশে পালিয়ে থাকা সকল দণ্ডিত আসামিকে দেশে আনতে সরকার কাজ করছে। তিনি বলেন, তারেক জিয়াকে ফিরিয়ে আনতে সেই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।

  • রোহিঙ্গা সাজছে বাঙালিরা!

    রোহিঙ্গা সাজছে বাঙালিরা!

    রোহিঙ্গারা জালিয়াতি করে বাংলাদেশি হিসেবে পরিচয়পত্র-পাসপোর্ট জোগাড় করছে, এই অভিযোগ বহু পুরনো। কিন্তু এখন বাংলাদেশি নাগরিকরাও রোহিঙ্গা সেজে রোহিঙ্গা ডাটাবেজে নাম তুলছেন। মূলত ত্রাণের আশায় নিজের নাম ও পরিচয় বদলে এবং অন্যের সন্তানকে নিজের দাবি করে রোহিঙ্গা তালিকায় নাম তুলেছেন বেশ কিছু বাঙালি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

    অনুসন্ধানে দেখা গেছে, শরণার্থী অধ্যুষিত কক্সবাজারে উখিয়া-টেকনাফে ত্রাণ ও মানবিক সহায়তা পাওয়ার আশায় ‘রোহিঙ্গা’ সেজেছেন কমপক্ষে পাঁচশ’ বাংলাদেশি। তারা ত্রাণের লোভে স্থানীয় বাসিন্দা পরিচয় গোপন রেখে রোহিঙ্গা তালিকায় নাম তুলেছেন। টেকনাফ ও উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে নিয়মিত ত্রাণও নিচ্ছেন তারা। ক্যাম্পের নিয়ন্ত্রণকারী রোহিঙ্গা নেতারা টাকার বিনিময়ে তাদের এ পরিচয়পত্র পেতে সহযোগিতা করছেন।

    উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর নিধন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্যসহ নানা সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এ সহায়তা পেতেই স্থানীয় বাঙালিরা রোহিঙ্গা সাজছেন বলে জানা গেছে।

    টেকনাফ উপজেলার লেদা, নয়াপাড়া, শামলাপুর ও উখিয়ার শিবিরের রোহিঙ্গা নেতাদের দেওয়া এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন খোদ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ আবুল কালাম। তিনি বলেন, ‘বাঙালিদের রোহিঙ্গা সাজার বিষয়টি খতিয়ে দেখে তাদের কার্ড বাতিল করা হবে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    অনুসন্ধানে বেরিয়ে আসে, ২২শ’ পরিবারের ১৩ হাজার রোহিঙ্গা টেকনাফের শামলাপুর রোহিঙ্গা শিবিরে বসবাস করছেন। এ শিবিরটির অবস্থান টেকনাফ থেকে ৩২ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভ সড়কের কাছাকাছি। তবে ২৩ নম্বর এই শিবিরটির সঙ্গে অন্য শিবিরের তফাৎ হলো, এখানে বাঙালি আর রোহিঙ্গা একই গ্রামে থাকে। এই শিবিরের পাশে অবস্থিত নয়াপাড়া শিলখালী একটি গ্রাম। সেখানে ১নং ওয়ার্ডে টিনশেড ইটের ঘরে বসবাস করছেন এক বাঙালি নারী। তাদের আর্থিক অবস্থা বেশ ভালো। এই নারী একদিকে ভোট প্রয়োগ করছে, অন্যদিকে শরণার্থী হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধাও ভোগ করছে। বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্য অনুযায়ী তার নাম ছেনুয়ারা বেগম, বয়স ৪০। স্বামী আবদুল হক। পরিচয় নম্বর ২২১৯৭৬৫৯৫৫০৭। আবার বিশ্ব খাদ্য সংস্থার রোহিঙ্গাদের ডাটাবেজে তিনিই রহিমা। স্বামী করিম উল্লাহ।

    শুধু তাই নয়, অন্য দুজনের দুই বাংলাদেশি শিশু সন্তানকে নিজের সন্তান বানিয়ে রোহিঙ্গা ডাটাবেজ করেন এই নারী। তাদেরও দুই দেশের পরিচয়, দুটি নাম রয়েছে। সেগুলো হচ্ছে-আহমদ (১০), রোহিঙ্গা কার্ডে রেদোয়ান এবং ফাতেমা আক্তার (৯), রোহিঙ্গা কার্ডে রেহেনা বেগম। তবে তাদের আসল পরিবার রোহিঙ্গা বানানোর খবর পাওয়ার পরে জোর প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছে। তাদের মতে, ছেনুয়ারা বেগমই শুধু নয়, এই রোহিঙ্গা শিবিরে শতাধিক বাঙালি একইভাবে রোহিঙ্গা সেজেছে।

    অভিযুক্ত ছেনুয়ারা বেগমের উত্তর থমকে যাওয়ার মতো। নিজেকে মিয়ানমারের নাগরিক পরিচয় দিয়ে বিশ্ব আন্তর্জাতিক খাদ্য সংস্থা কার্ড বের করে দেখিয়ে তিনি বলেন, ‘আমি অনেক পুরনো রোহিঙ্গা। ত্রাণের মাধ্যমে কোনও রকম সংসার চলে। আমি তো বাংলাদেশি না। তাই কোনও কাজকর্ম করতে পারি না।’ আসলেই তিনি রোহিঙ্গা কি না জানতে চাইলে আর কথা বলতে রাজি হননি।

    এই নারীর স্বামী আবদুল হক প্রথমে তার স্ত্রী ছেনুয়ারা বেগম মানসিক রোগী বলে দাবি করেন। পরে আবার সব স্বীকার করে দোষ চাপিয়ে দেন স্ত্রীর ওপর। দাবি করেন, তার স্ত্রী লোভের কারণে ও শুধু ত্রাণের আসায় বাঙালি থেকে রোহিঙ্গা সেজেছে। বিষয়টি তিনি জানতেন না। আরেক লোকের সন্তানকে নিজের সন্তান বানিয়ে রোহিঙ্গা কার্ডে নাম তুলেছে বলে এক লোক অভিযোগ করার পর তিনি বিষয়টি জেনেছেন। আবদুল হক বলেন, ‘এই বিষয়টি নিয়ে লেখালেখি করবেন না। কারণ এরই মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারে খুব সমস্যা সৃষ্টি হয়েছে।’

    স্থানীয় ও রোহিঙ্গা শিবিরের নেতারা বলেন, এই রোহিঙ্গা শিবিরে কোনও ধরনের সমস্যা নেই বললেই চলে। তবে শিবিরটি গ্রামের সঙ্গে লাগোয়া হওয়ায় বাঙালিরা অনেক সময় রোহিঙ্গা সাজার চেষ্টা করে। এতে কিছু রোহিঙ্গা লোক টাকার বিনিময়ে তাদের সহযোগিতাও করেছে।

    শামলাপুর রোহিঙ্গা শিবিরের নেতা আবুল কালাম জানান, তার শিবিরে অর্ধশতাধিকের বেশি বাঙালি রোহিঙ্গা সেজেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন। পুরো রোহিঙ্গা শিবিরের হিসাব করলে এই সংখ্যা দুই শতাধিক হবে।

    ‘রোহিঙ্গা’র পরিচয় নেওয়া শিশু আহমদের বাবা শামসুল আলম বলেন, তার সন্তানকে জোর করে নিয়ে স্থানীয় ছেনুয়ারা বেগম নিজের সন্তান বানিয়ে রোহিঙ্গা সাজিয়েছে। এটি খুবই লজ্জাজনক। বিষয়টি রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ইনচার্জকে জানানো হয়েছে। তার মতোই আরেক স্থানীয় অভিযোগ করেছেন তার শিশু মেয়েকে একইভাবে রোহিঙ্গা সাজানো হয়েছে।

    স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ ইউনুছ বলেন, ‘এলাকায় বেশকিছু বাঙালি রোহিঙ্গা সাজার খবর আমি শুনেছি। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

    এছাড়া লেদা শিবিরের রোহিঙ্গা নেতা মোহাম্মদ রশিদ জানান, ‘সেখানেও ক্যাম্প সংলগ্ন গ্রামের দুই শতাধিক বাঙালির রোহিঙ্গা পরিচয়ের নথিপত্র রয়েছে, যা দেখিয়ে তারা ত্রাণ সংগ্রহ করে বাইরে বিক্রি করছে।

  • আইসিসি বিশ্বকাপ ২০১৯; পাকিস্তানের প্রাথমিক দল ঘোষণা

    আইসিসি বিশ্বকাপ ২০১৯; পাকিস্তানের প্রাথমিক দল ঘোষণা

    আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপের স্কোয়াডে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান ওমর আকমল।

    এছাড়া ওপেনার আহমেদ শেহজাদ এবং পেসার ওয়াহাব রিয়াজকেও রাখা হয়নি প্রাথমিক দলে। তবে চূড়ান্ত তালিকায় ঘোষণা করা হবে আগামী ১৮ এপ্রিল।

    চূড়ান্ত দলে জায়গা পেতে আগামী ১৫ ও ১৬ এপ্রিল দেশটির জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

    পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড:

    সরফরাজ আহমেদ (অধিনায়ক), আবিদ আলি, আসিফ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান,  মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান খান শিনওয়ারি এবং ইয়াসির শাহ।

  • বোলিংয়ে হায়দরাবাদ, আজও একাদশে নেই সাকিব

    বোলিংয়ে হায়দরাবাদ, আজও একাদশে নেই সাকিব

    দিল্লির ফিরোজ শাহ কোটলায় ঘরের মাঠের দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে টস জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়রাবাদ অধিনায়ক ভুবনেশ্বর কুমার।

    হায়দরাবাদ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে। অর্থাৎ একাদশে আজও নেই বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

    দিল্লি একাদশে তিনটি পরিবর্তন এনেছে। দলে ঢুকেছেন ইশান্ত শর্মা, রাহুল তেওয়াশিয়া আর অক্ষর প্যাটেল।

    তিন ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ আছে তালিকার তৃতীয় অবস্থানে। দিল্লি ক্যাপিটেলসেরও জয় আর পয়েন্ট ৪, তবে তারা একটি ম্যাচ বেশি খেলেছে।

    হায়দরাবাদ একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, মনিশ পান্ডে, দীপক হুদা, মোহাম্মদ নবী, রশিদ খান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কাউল।

    দিল্লি একাদশ : পৃথ্বি শ, শেখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত, কলিন ইনগ্রাম, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা, রাহুল তেওয়াশিয়া, অক্ষর প্যাটেল, সন্দীপ লামিচানে।

  • কেনিয়ায় বিমানবন্দরে আগুন

    কেনিয়ায় বিমানবন্দরে আগুন

    পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবির প্রধান বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নাইরোবির জোমো কেনিয়াত্তা বিমানবন্দরের এ অগ্নিকাণ্ডের ঘটনার পর বিমানবন্দরের একটি প্রস্থান টার্মিনাল বন্ধ করে দেয়া হয়েছে।

    বুধবার স্থানীয় সময় মধ্যরাতের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, লাগেজ ব্যবস্থাপনায় ত্রুটির কারণে হঠাৎ টার্মিনালে আগুনের সূত্রপাত। যাত্রীদের বিমানবন্দর থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, ‘বিমানবন্দরের সব যাত্রী ও স্টাফদের টার্মিনাল ওয়ান-সি থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিমানবন্দরের ফায়ার রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন দ্রুত নিভিয়ে ফেলেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

    ‘আমরা বিমানবন্দরের সব যাত্রী ও অন্যান্য সাধারণ জনগণের জন্য টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। যত দ্রুত সম্ভব বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ কাজ করছে ।

    তবে অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে বিমানের উড্ডয়ন-অবতরণ ব্যাহত হয়েছে কি-না তা নিশ্চিত করেনি কেএএ। আক্রান্ত টার্মিনালের কার্যক্রম পার্শ্ববর্তী টার্মিনালে সাড়া হয়েছে। কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও বৃহস্পতিবার আবারও তা শুরু হয়েছে।

    দেশটির সরকারি বিমান সংস্থা কেনিয়া এয়ারওয়েজের পাশাপাশি এমিরেটস এয়ারলাইন্স, তুর্কিশ এয়ারওয়েজ, ব্রিটিশ এয়ারওয়েজ ও ইথিওপিয়ান এয়ারলাইন্স এই বিমানবন্দরকে কেনিয়ায় যাত্রী পরিবহনের কেন্দ্র হিসেবে ব্যবহার করে।

    এর আগে ২০১৩ সালে দেশটির প্রধান এই বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; ওই সময় বিমান উড্ডয়ন-অবতরণ মারাত্মক ব্যাহত হয়।

  • প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন ফুটবল সম্রাট পেলে

    প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন ফুটবল সম্রাট পেলে

    কিংবদন্তী ফুটবলার পেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়েছেন। জলবায়ু পরিবর্তন ইস্যুতে সারা বিশ্বে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি একটি ফুটবল টুর্নামেন্ট আয়ােজনের পরিকল্পনা করছেন। টুর্নামেন্টটির নাম ভাবা হয়েছে ‘পেলে আর্থ কাপ’। বৈশ্বিক এই টুর্নামেন্টের বিষয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন তিনি।

    পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সাইফুল আলম ভূঁইয়ার মাধ্যমে পেলে প্রধানমন্ত্রীর কাছে চিঠি এবং ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানেই তিনি তার ফুটবল টুর্নামেন্টের বিশেষ বাের্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাকার জন্য আহ্বান জানিয়েছেন

    ৭৮ বছর বয়সী ফুটবল সম্রাট সে টুর্নামেন্টটি আয়ােজনের পরিকল্পনা করছেন সেখানে তিনি সারাবিশ্বের ফুটবলারপ্রেমীদের সম্পৃক্ত করতে চাচ্ছেন। জলবায়ু পরিবর্তন ইস্যুতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সারা বিশ্বে শান্তি ফেরাতে ফুটবলের স্পিরিটকে কাজে লাগানােই তার লক্ষ্য বলে জানানাে হয়েছে।

  • জার্মান তারকা ওজিলকে ভারতে দাওয়াত দিলেন শাহরুখ

    জার্মান তারকা ওজিলকে ভারতে দাওয়াত দিলেন শাহরুখ

    একজন অভিনয় দিয়ে রূপালি পর্দায় মাতিয়ে চলেছেন সারা বিশ্বকে। অন্যজন সবুজ গালিছায় পায়ের কারুকাজে মুগ্ধ করে রাখেন সারা বিশ্বের ফুটবলপ্রেমী মানুষকে। দুই ভুবনের দুই বাসিন্দার সঙ্গে অবশেষে দেখা হলো সোমবার লন্ডনে।

    বিখ্যাত এই দুই বন্ধুর নাম শাহরুখ খান এবং অন্যজনের নাম মেসুত ওজিল। একজন বলিউড বাদশাহ, অন্যজন ছিলেন বিশ্বকাপজয়ী জার্মানির মিডফিল্ডের বাদশাহ। সোমবার নিজেদের মাঠ এমিরেটসে নিউ ক্যাসলের বিরুদ্ধে অসাধারণ এক জয় পেয়েছিল মেসুত ওজিলের ক্লাব আর্সেনাল। এরপরই শাহরুখ খানের সঙ্গে ছবি তোলেন ওজিল। ছবি তোলার সুযোগ পেয়েছেন আর্সেনালের সুইস তারকা গ্রানিত জাকাও।

    তারকা ফুটবলার মেসুত ওজিল এখন জার্মানির সাবেক। রাশিয়া বিশ্বকাপের পরই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। যদিও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন ক্লাব ফুটবল।

    তারই বিশেষ আমন্ত্রণে সোমবার এমিরেটস স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলেন বলিউড বাদশাহ। ম্যাচ শেষ হওয়ার পরই শাহরুখকে নিয়ে মেতে ওঠেন গানার ফুটবলাররা। সুইজারল্যান্ডের ফুটবলার গ্রানিত জাকা ২০১৬ সালে মাদাম তুসো গ্যালারিতে শাহরুখের মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। সেই ছবি পরে টুইটারে পোস্টও করেছিলেন।

    সোমবার প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখতে পেয়েই উল্লসিত হয়ে ওঠেন তিনি। শাহরুখের সঙ্গে ছবি তুলে টুইটারে পোস্ট করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। শাকা লিখেছেন, ‘শাহরুখের পারফরম্যান্স দেখতে আমার বরাবরই খুব ভাল লাগে। আশা করি, মাঠে আমাদের পারফরম্যান্সও শাহরুখ দারুণ উপভোগ করেছেন।’

    View image on Twitter
    শাহরুখের সঙ্গে কথা বলতে গিয়ে শাকা জানান, ২০১৬ সালে তার মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তোলার ঘটনা। তিনি বলেন, ‘আমি শাহরুখকে সেই গল্প শুনিয়ে বলি, এতদিনে আমার প্রিয় অভিনেতার রক্তমাংসের চেহারাটা দেখতে পেলাম। সেটাই আমার কাছে দারুণ প্রাপ্তি।’

    জবাবে শাহরুখ বলেন, ‘ভবিষ্যতে আবারও আসল চেহারায় তোমার সামনে এসে দাঁড়াব। তার আগে মাঠে আরও লড়াই করে ক্লাবকে সাফল্য দাও।’

    যার আমন্ত্রণে শাহরুখ বিশেষ অতিথি হিসেবে এমিরেটসে খেলা দেখতে গেলেন, সেই মেসুত ওজিল তার বান্ধবী আমিনে গুলসা এবং শাহরুখের সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। শাহরুখের হাতে তিনি নিজের নাম লেখা দশ নম্বর জার্সিও তুলে দেন।

    ওজিল লিখেছেন, ‘আমার কাছে এই দিনটা খুব আনন্দের। আমন্ত্রণে সাড়া দিয়ে বিশেষ অতিথি হিসেবে তুমি ম্যাচ দেখতে এসেছিলে। এখানে আসার জন্য অনেক ধন্যবাদ।’

    View image on Twitter
    পাল্টা জবাব দিয়েছেন বলিউড বাদশাহও। টুইটারে শাহরুখ লিখেছেন, ‘সোমবারের ম্যাচ দেখার জন্য তুমি যে আমাকে আমন্ত্রণ করেছিলে, সেটা আমার কাছে বড় একটা সম্মান পাওয়ার মতো। পরে আবার ডাক পেলে আসব।’

    আরও একটি টুইটে ওজিলকে আমন্ত্রণ জানিয়ে শাহরুখ লিখেন, ‘সোমবারের সন্ধ্যাটা দারুণ কেটেছে। ওজিল এবং তার বান্ধবী আমিনে গুলসার উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। এমন আপ্যায়ন খুব কমই পাওয়া যায়। আশা করি, তোমাদের দুজনকেই দ্রুত ভারতে দেখতে পাব।

  • মোদিকে ‘এক্সপায়ারি বাবু’ বলে কটাক্ষ মমতার

    মোদিকে ‘এক্সপায়ারি বাবু’ বলে কটাক্ষ মমতার

    এ যেন সেয়ানে সেয়ানে লড়াই! জবাব পাল্টা জবাব। প্রশ্নের পিঠে প্রশ্ন। মোদি-মমতা এই দ্বৈরথেই জমে উঠল পশ্চিমবঙ্গের হেভিওয়েট নির্বাচনী প্রচারণা।

    বুধবার দুপুরে রাজ্যটির শিলিগুড়ি ও কলকাতার ব্রিগেড ময়দান-দুইটি সভা থেকেই এক সুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    আর বিকালে কোচবিহারের দিনহাটা জনসভা থেকে তার প্রতিটির কড়া জবাব দিয়েছেন মমতাও। এমনকি মোদিকে তার সাথে পাঞ্জা না নেওয়ারও হুশিঁয়ারি দিয়ে রাখেন মমতা।

    এদিন দুপুরে শিলিগুড়ির সভা থেকে মমতাকে ‘স্পীড ব্রেকার’এর সাথে তুলনা টেনে মোদি বলেন, দিদির কারণেই পশ্চিমবঙ্গের উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে। জনসভায় উপস্থিত সকলের উদ্দেশে মোদির বক্তব্য ছিল ‘আপনারা এই বিজেপি ও চৌকিদারকে সমর্থন দিয়ে এসেছেন। আপনাদের সমর্থন পেয়ে আমি সবার সাথে মোকাবেলা করছি। আপনাদের সাথে থেকেই গত পাঁচ বছরে দেশজুড়ে উন্নয়নের রাস্তা দেখিয়েছে। কিন্তু যে গতিতে আমি দেশের অন্য রাজ্যে উন্নয়নের কাজ করছি সেই গতিতে বাংলায় কাজ করতে পারছি না। এর কারণ আপনারা নিশ্চয়ই জানেন? পশ্চিমবঙ্গে একটা স্পীড ব্রেকার আছে-এই স্পীড ব্রেকারকে আপনারা ‘দিদি’ বলে চেনেন।

    এসময় তিনি আরো বলেন, এই দিদি আপনাদের উন্নয়ন স্তব্ধ করে দিচ্ছেন। গরীবদের জন্য এই দিদির কোনো চিন্তা নেই। উনি গরীবদের নিয়ে রাজনীতি করতেই বেশি ব্যস্ত কারণ দারিদ্রতা শেষ হয়ে গেলে তার রাজনীতিও শেষ হয়ে যাবে। কংগ্রেস ও বামেদেরও এই একই অবস্থা। গরিবি এদের খুব প্রয়োজন। গরীবদের গরীব করে রাখলে ওদের রাজনীতিতে ফায়দা আছে। এই কারণে তারা গরীবদের উন্নয়নে ব্রেক লাগিয়ে রেখেছে। আমি এখন এই স্পীড ব্রেকার সরার অপেক্ষায় রয়েছি।

    এই বক্তব্যের জবাবে মোদিকে ‘এক্সপায়ারি বাবু’ বলে কটাক্ষ করে মমতা বলেন, ‘এবার থেকে আপনি আপনাকে প্রধানমন্ত্রী বলবেন না। কারণ সরকারের এক্সপায়ারি হয়ে গেছে। তাই আমি বলবো এক্সপায়ারি বাবু। আপনি বলেছেন তৃণমূল নাকি গরীবদের জন্য কাজ করে না। কিন্তু আপনি গত পাঁচ বছরে কি করেছেন? উত্তর দিন। আপনি যদি মনে করেন যা বলেছেন সত্যি হবে আসুন আমার সাথে বিতর্কে আসুন। আপনি প্রশ্ন করবেন আর আমি প্রমাণ দিয়ে তার উত্তর দেবো। রোজ রোজ মিথ্যা কথা বলবেন না। ৫৬ ইঞ্চি বুকের ছাতি নিয়ে ৫৬০ ইঞ্চি মিথ্যা কথা বলে যাচ্ছেন। কুৎসা করছেন আর অপপ্রচার করছেন।’

    সকলকে উদ্দেশে করে মমতা প্রশ্ন ‘কন্যাশ্রীতে আমাদের মেয়েরা বৃত্তি পায় কি না? খাদ্যসাথীতে ২ রুপি করে চাল দেওয়া হয় কিনা? সবুজ সাথীতে সাইকেল দেওয়া হয় কিনা? বিনা পয়সায় চিকিৎসা হয় কিনা? এমনকি মানুষ মারা গেলেও দাহ করার জন্য ২ হাজার রুপি দেওয়া হয়।’

    অনুপ্রবেশ ইস্যুতে মোদি বলেন, ‘যেভাবে সন্ত্রাসবাদ ও নকশাল দমনে এই চৌকিদার কঠোর পদক্ষেপ নিচ্ছে ঠিক সেভাবেই এই মোদি অনুপ্রবেশকারীদেরও ছেড়ে দেবে না। অন্যদিকে যারা শরণার্থী আছেন তাদের সাথেও ন্যায় বিচার করা হবে।’

    জাতীয় নাগরিক পঞ্চি (এনআরসি) নিয়ে রাজ্যে যে ভয় ছড়ানোর প্রচেষ্টা করা হচ্ছে তা ঠিক নয়। এনআরসি চালু হলে গোর্খা জনজাতিদের কোনো ক্ষতি হবে না বলেও আশ্বাস দেন মোদি।

    তিনি আরও বলেন, ‘এরাজ্যে যারা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তাদের জানিয়ে দিতে চাই যে ওদের দিন শেষ। বিজেপি ক্ষমতায় আসলে নির্দোষ ব্যক্তিদের ওপর হামলাকারীদের হিসাব দিতে হবে এবং আইনের মুখোমুখি হতে হবে এই জগাই-মাধাই গুন্ডা ও অনুপ্রবেশকারীদের আতাঁতের দিন শেষ হতে চলেছে।’

    এই ইস্যুতে দিনহাটার সভা থেকে মমতা বলেন, ‘বিগত পঞ্চায়েত ভোটে জগাই-মাধাই-গদাই’ এ স্লোগান তো আমরাই তুলেছিলাম। তোমরা নিজে কিছু তৈরি করো। সিপিআইএম-এর লোকেরা সকালে বাম করে, দুপুরে কংগ্রেস আর রাতে বিজেপি করে বেড়ায়। এক্সপায়ারি প্রধানমন্ত্রী, একটা কতা মাথায় রাখবেন-আপনি হিটলারি কায়দায় গায়ের জোরে মিথ্যা বলছেন।’

    শিলিগুড়ির সভা থেকে পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর অভিযান নিয়েও তৃণমূল নেত্রীকে নিশানা করেন প্রধানমন্ত্রী।

    মোদি বলেন, এবারের নির্বাচন হবে দুইটি পক্ষের মধ্যে-এক দিকে থাকবে সৎ চৌকিদার অন্যদিকে সব দুর্নীতিবাজ। একদিকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়া সরকার অন্যদিকে পাকিস্তানের পক্ষ নেওয়া কয়েকজন ব্যক্তি।’

    তিনি আরও বলেন, ‘বালাকোটে বিমান বাহিনী ঢুকে জঙ্গিদের হত্যা করার পর আমাদের সকলের মাথা গর্বে উুঁচু হয়েছে। জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডিতে যে ব্যথা হয়েছে তার থেকেও বেশি যন্ত্রনা পেয়েছেন কলকাতায় বসে থাকা দিদি। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বিমান বাহিনীর এই অভিযান যখন সকলেই সমর্থন করেছেন তখন দিদির এটা পছন্দ হয়নি। তার মহাভেজালের সাথীদেরও তা পছন্দ হয়নি। তারা এত জোরে কান্না করছিলেন যে পাকিস্তানের গণমাধ্যমে তারা হিরো হয়ে গেছেন।’

    এর পাল্টা জবাব দিতে গিয়ে মমতার তার প্রশ্ন নির্বাচন কমিশন বলেছে যে ‘সেনাবাহিনীর’ নাম নেওয়া যাবে না তবে প্রধানমন্ত্রী বলেন কি করে?

    মমতার অভিযোগ ‘মোদি নিহত সেনাদের রক্ত নিয়ে রাজনীতি করছেন, আপনার লজ্জা করে না? পুলওয়ামায় জঙ্গি হামলার আগাম সতর্কবার্তা থাকা সত্ত্বেও আপনি ব্যবস্থা না নিয়ে জওয়ানদের মৃত্যুর মুখে ঠেলে দিলেন, মানুষ তার উত্তর চায়। আমরা আপনাদের কাছ থেকে জাতীয়তাবাদের সার্টিফিকেট নেব না।’

    শিলিগুড়ির জনসভার মধ্যে দিয়েই সপ্তদশ লোকসভা নির্বাচনে এরাজ্যে তার প্রচারণা শুরু করেন নরেন্দ্র মোদি। এবারের নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যটি থেকে অন্তত ২৩ টি আসনে জেতার লক্ষ্যমাত্রা বেধে দিয়েছেন দলের শীর্ষ নেতা অমিত শাহ।

    আগামী ১১ এপ্রিল গোটা দেশের সাথেই বাংলাতেও লোকসভা নির্বাচনের প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে। প্রথম পর্বে রাজ্যটির কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে নির্বাচন। স্বাভাবিক ভাবেই মোদি-মমতার এই দ্বৈরথ নিয়ে গোটা দেশের নজর ছিল বাংলার দিকে।