Category: আন্তর্জাতিক

  • ভারতে করোনায় কমেছে মৃত্যু, শনাক্ত ২০ হাজারের ওপরেই

    ভারতে করোনায় কমেছে মৃত্যু, শনাক্ত ২০ হাজারের ওপরেই

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশটিতে কমেছে করোনায় আক্রান্তের সংখ্যাও। তবে তা রয়েছে এখনও ২০ হাজারের ওপরেই।

    এছাড়া আগেরদিনের তুলনায় কমেছে দৈনিক সংক্রমণের হারও। শুক্রবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৯ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ২০ হাজার ৫৫৭ জন। অন্যদিকে গত একদিনে ভারতে মৃত্যু হয়েছে ৩২ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ২৫৮ জনে।

    এদিকে ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৯৮৮ জন। এই মুহূর্তে দেশটিতে দৈনিক সংক্রমণের হার ৫.১২ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৪.৮২ শতাংশ। গোটা ভারতে অ্যাকটিভ কেসের হার ০.৩৩ শতাংশ। দৈনিক সংক্রমণের দিক দিয়ে ভারতের যে রাজ্যগুলোতে পরিসংখ্যান সবচেয়ে উদ্বেগজনক তার মধ্যে রয়েছে কেরালা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং দিল্লি।

    উদ্বেগের মধ্যেও কিছুটা স্বস্তি দিচ্ছে ভারতের সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনামুক্ত হয়েছেন ২২ হাজার ৬৯৭ জন। এই মুহূর্তে দেশটিতে সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ। মহামারির শুরু দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৪৮৪ জন।

    গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৮ লাখেরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। এখনও পর্যন্ত মোট ২০৩ কোটি ৬০ লাখেরও বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯৩ কোটি ২০ লাখ। বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৮ কোটি ৪৫ লাখ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৯৮ হাজারের বেশি মানুষের।

    এদিকে করোনা মহামারির মধ্যে ভারতে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস। ইতোমধ্যে দিল্লি, মহারাষ্ট্র ও কেরালায় এই ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। এই অবস্থায় মাঙ্কিপক্সের ভ্যাকসিন তৈরিতে গুরুত্ব দিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার।

    মাঙ্কিপক্সের ভ্যাকসিন তৈরিতে ইচ্ছুক টিকা প্রস্তুতকারক সংস্থাগুলোকে সরকারের কাছে আবেদন করতে বলা হয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে এই আবেদন করা যাবে।

  • খেরসন পুনর্দখলে মরিয়া ইউক্রেনীয় বাহিনী

    খেরসন পুনর্দখলে মরিয়া ইউক্রেনীয় বাহিনী

    আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, রুশ-অধিকৃত খেরসন পুনর্দখলের জন্য ইউক্রেনের প্রয়াসে গতিসঞ্চার হয়েছে।

    ইউক্রেনীয় বাহিনী আমেরিকার সরবরাহ করা দূরপাল্লার হাইমার্স রকেট ছোঁড়ার পর খেরসন শহরে ঢোকার জন্য গুরুত্বপূর্ণ আন্তনভস্কি নামের একটি সেতু ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এর ফলে শহরটি অন্যান্য রুশ অধিকৃত এলাকা থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

    সামরিক বিশ্লেষকরা বলছেন, এই সেতুটি বন্ধ হয়ে গেলে খেরসন দখল করে থাকা রুশ সৈন্যরা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং রাশিয়ার জন্য এটি হবে এক বিপর্যয়।

    ব্রিটেনের প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর রুশ দখলে থাকা এলাকার অন্যান্য শহর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ায় দনিপ্রো নদীর কাছে মোতায়েন থাকা হাজার হাজার রুশ সৈন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে।

    খেরসনের দখল নিয়ে লড়াই

    ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলছে যে, ইউক্রেনীয় বাহিনী সম্ভবত ইনহুলেটস নদীর দক্ষিণ দিকে একটি শক্ত অবস্থান কায়েম করেছে এবং দনিপ্রো নদীর ওপরের কমপক্ষে তিনটি সেতুর ক্ষতিসাধনের জন্য নতুন দূরপাল্লার কামান ব্যবহার করছে।

    মস্কো-সমর্থক কর্মকর্তারা অবশ্য ইউক্রেনীয় বাহিনী ইনহুলেটস অতিক্রম করেছে এমন খবর অস্বীকার করেছেন।

    ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেছেন, খেরসন শহরটিতে তাদের দখল টিকিয়ে রাখতে তড়িঘড়ি করে পূর্ব দিক থেকে রুশ সৈন্যদের নিয়ে আসা হচ্ছে।

    খেরসন শহরের দখল হারালে পুরো ডনবাস দখল করার জন্য ভ্লাদিমির পুতিনের যে পরিকল্পনা তা থমকে যাবে।

    দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের জনসংখ্যা ছিল যু্দ্ধের আগে দুই লাখ ৯০ হাজার। যুদ্ধের প্রথম দিকে রাশিয়া শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে স্থানীয় প্রশাসনের দায়িত্ব আছেন রুশ সমর্থিত কর্মকর্তারা। যুদ্ধের গোড়ার দিকে, প্রায় কোনওরকম প্রতিরোধ ছাড়াই রাশিয়ান সৈন্যরা খেরসনের দখল নিতে সক্ষমত হয়।

    গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনীর মূল লক্ষ্য এখন শুধু ইউক্রেনের পূর্বাঞ্চলই নয়, বরং তারা এখন দক্ষিণে খেরসন ও জাপোরিঝঝিয়ার দখলের দিকেও তাদের অভিযান কেন্দ্রীভূত করছে।

    রাশিয়ার তাস সংবাদ সংস্থার এক খবরে বলা হয়েছে, খেরসন শহরকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সাথে যুক্ত করার জন্য শহরের কর্মকর্তারা সাম্প্রতিক কয়েক দিনে একটি গণভোট অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে এগিয়েছেন। এর জন্য কর্তৃপক্ষ একটি নির্বাচন কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়েছে।

    রাশিয়ার সামরিক কর্মকাণ্ড এখনও ব্যাপক

    ইউক্রেনীয় সূত্রগুলো বলছে, ইউক্রেনে রাশিয়ার স্থল অভিযান অনেকটাই স্থবির হয়ে পড়েছে এবং রুশ বাহিনী এখন ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার আশ্রয় নিয়েছে।

    দক্ষিণের মিকোলাইভ অঞ্চলের গভর্নর বলছেন, রুশ হামলায় আবাসিক ভবন, স্কুল ও খামারের ডিপো আক্রান্ত হচ্ছে।

    মিকোলাইভে তিনটি ক্ষেপণাস্ত্র হামলায় একটি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

    পূর্ব দিকের খারকিভ শহরেও গত রাতে বাড়িঘর এবং শিল্প কারখানার ওপর গোলাবর্ষণ করা হয়েছে।

    রাজধানী কিয়েভের নিকটবর্তী কিছু শহরও আক্রান্ত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, চেরনিহিভ অঞ্চলে বেলারুস থেকে নিক্ষিপ্ত ২০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর মধ্যে নয়টি একটি জঙ্গলে গিয়ে পড়েছে। বিস্তারিত আর কোনও তথ্য পাওয়া যায়নি।

    অন্যদিকে, রুশ বাহিনী বলছে, পূর্ব ডোনেটস্কের সভিৎলোডারস্ক শহরে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুত কেন্দ্রটি তারা দখল করে নিয়েছে। বলা হচ্ছে, গত তিন সপ্তাহের মধ্যে এটিই রাশিয়ার প্রথম কোনও কৌশলগত বিজয়।

    সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা স্যার রিচার্ড ব্যারনস বলছেন, ইউক্রেনকে দেওয়া পশ্চিমা বিশ্বের অস্ত্রগুলো যুদ্ধে কিছুটা পার্থক্য তৈরি করতে পেরেছে, কিন্তু এর পরিমাণ- রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের ব্যাপকতার তুলনায় অনেক কম। সূত্র: বিবিসি বাংলা

  • ২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত, মৃত্যু আরও ১৮০০

    ২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত, মৃত্যু আরও ১৮০০

    নিউজ ডেস্কঃ চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৮০০ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সোয়া ৮ লাখের নিচে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, মেক্সিকো, অস্ট্রেলিয়া, জাপান ও ফ্রান্স। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ কোটি ৯২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ১৩ হাজার।

    শুক্রবার (২৯ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৯১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় একশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ১৩ হাজার ৮৮২ জনে।

    একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২১ হাজার ৫১৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩৮ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৫২০ জনে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ২৩৬ জন এবং মারা গেছেন ১২২ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৮৮ হাজার ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩২ হাজার ১৭০ জন মারা গেছেন।

    অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটি করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৩০৭ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ৫২ হাজার ৩৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ১৪৭ জনের।

    যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২৬৩ জন এবং মারা গেছেন ২৫৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৭০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫৪ হাজার ৪২১ জন মারা গেছেন।

    ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৫৯৪ জন এবং মারা গেছেন ১১২ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫১ হাজার ৮৯৪ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ২৫ জন।

    ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৮১ জন এবং মারা গেছেন ১৯৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮ লাখ ৯৮ হাজার ৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭১ হাজার ৬৩৮ জন মারা গেছেন। একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯১৬ জন এবং মারা গেছেন ১৫১ জন।

    তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৯৭১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৫ লাখ ২২ হাজার ৩৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৭৬ জনের। একইসময়ে ইরানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৬ জন এবং মারা গেছেন ৪২ জন।

    রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫১৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার ৫৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৩১৩ জনের। একইসময়ে নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৩৮ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ১২৫ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০২ জন এবং মারা গেছেন ৩২ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪৫ জন এবং মারা গেছেন ৭২ জন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

    ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

    আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই শহরের গভর্নর ওলেকসি কুলেবা জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র সেখানকার বহু অবকাঠামোতে আঘাত হেনেছে। খবর আল জাজিরার।

    টেলিগ্রামের এক পোস্টে ওলেকসি কুলেবা লিখেছেন, আজ সকালে (বৃহস্পতিবার) ভিশগরোদ জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শত্রুরা (রুশ বাহিনী)।

    তবে এসব হামলায় হতাহতের বিষয়টি এখনও পরিস্কার নয়। ঘটনাস্থলে সব ধরনের জরুরি সেবা কর্মীরা কাজ করছেন বলে জানানো হয়েছে।

    এদিকে যুদ্ধ-সংঘাতে প্রায় ৪০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষেরই বহু সেনা হতাহত হয়েছে।

    এক ভাষণে জেলেনস্কি বলেন, এই সংখ্যা (রুশ সেনা নিহত) এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার। সংঘাত শুরুর পর থেকে রুশ সেনারা বহু বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এছাড়া হাজার হাজার মানুষ আহত ও পঙ্গু হয়ে পড়েছে।

    অপরদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৫৮ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৬৮৪ জনের বেশি শিশু।

  • বিশ্বে একদিনে করোনা আক্রান্তের শীর্ষে জাপান

    বিশ্বে একদিনে করোনা আক্রান্তের শীর্ষে জাপান

    নিউজ ডেস্কঃ বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ৬৪ লাখ ৯ হাজার ৯১২ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫৯ হাজার ৭৪৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৩ জনে।

    বৃহস্পতিবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য মিলেছে।

    ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে জাপানে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ২২৬ জন এবং মারা গেছেন ১০৮ জন।

    যুক্তরাষ্ট্রে গত একদিনে ভাইরাসেটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ৩৯২ জন। এ সময়ে ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪৬১ জন এবং মারা গেছেন ৩০৮ জন। একই সময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৬৩৮ জন এবং মারা গেছেন ১০৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৮৩৭ জন এবং মারা গেছেন ২০৭ জন।

    তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৬৯২ জন এবং মারা গেছেন ২৮ জন। এ সময়ে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৭ জন এবং মারা গেছেন ৩৬ জন। একই সময়ে অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ৮২ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ৩৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৪ জন এবং মারা গেছেন ১২ জন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

  • অর্পিতার ফ্ল্যাট থেকে ৩ কেজি স্বর্ণসহ আরও বিপুল টাকা উদ্ধার

    অর্পিতার ফ্ল্যাট থেকে ৩ কেজি স্বর্ণসহ আরও বিপুল টাকা উদ্ধার

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে টাকার পাহাড়ের হদিস পেয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বেলঘড়িয়া রথতলার অভিজাত আবাসন থেকে কোটি কোটি টাকার পাশাপাশি তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে ইডি।

    বুধবার (২৭ জুলাই) সকাল থেকে চারটি জায়গায় অভিযান চালায় ইডি। প্রথমেই বেলঘরিয়ায় অর্পিতা মুখার্জির দুটি ফ্ল্যাটে আজ সকালে হানা দেয় ইডি। দরজা খুলতে না পেরে সেটি ভেঙ্গেই ভেতরে প্রবেশ করে ইডির কর্মকর্তারা।

    অভিযানকালে সেখানে প্রচুর নগদ টাকার সন্ধান পায় তারা। ফ্ল্যাটের ওয়্যারড্রবে দুই হাজার ও ৫০০ টাকার নোট থরে থরে সাজানো ছিলো। এখন চারটি টাকা গণনার অত্যাধুনিক মেশিন দিয়ে এই টাকার হিসেব চলছে।

    ইডি সূত্রে জানা যায়, সব টাকা গুণতে বেশ সময় লাগবে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২০ কোটি টাকা পর্যন্ত গণনা করা সম্ভব হয়েছে। সেখানে আরও প্রচুর নগদ টাকার বান্ডিল রয়েছে।

    এর আগে, গত ২২ জুলাই ভোরে একসঙ্গে ১৩টি জায়গায় অভিযান চালায় ইডি। ওই দিন সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনে হানা দিয়ে পার্থ-ঘনিষ্ট অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে ২১ কোটি ক্যাশ টাকা ও অনেক স্বর্ণ উদ্ধার করে ইডি।এছাড়া ওই অভিযানে বিদেশি মুদ্রাও পাওয়া যায়।

    অর্পিতা ও পার্থ বর্তমানে ইডির হেফাজতে রয়েছে। হেফাজতে থাকাকালীন এত বিশাল অঙ্কের টাকা উদ্ধারর ঘটনায় জনমানুষ ও রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

    এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বড় পরিসরে কাজ করতে গেলে একটু-আধটু ভুল-ভ্রান্তি হয়। কিন্তু তা নিয়ে রাজনীতি করা ঠিক নয়।

    ইডির এমন অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    অন্যদিকে, অভিনেতা মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ করে বেড়াচ্ছেন।

  • কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য পরিবহন শুরু করল ইউক্রেন

    কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য পরিবহন শুরু করল ইউক্রেন

    আন্তর্জাতিক ডেস্কঃ কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য পরিবহনে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তির চারদিন পর শস্য পরিবহন শুরু করেছে ইউক্রেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।

    ইউক্রেনের নৌবাহিনী এক টেলিগ্রাম বার্তায় বুধবার জানিয়েছে, ওডেসা বন্দরসহ চেরনোমোরস্ক এবং পিভদেনি বন্দর দিয়ে শস্য পরিবহন শুরু হয়েছে। বন্দর দিয়ে সারি সারি জাহাজ (ক্যারাভেন) আসা-যাওয়ায় একটি বড় জাহাজ নেতৃত্ব দেবে।

    ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। এরপর থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য পরিবহন বন্ধ ছিল। গত শুক্রবার তুরস্ক ও জাতিসংঘের প্রতিনিধিদের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য পরিবহেন এক ‘ঐতিহাসিক চুক্তি করে’। শস্য পরিবহন শুরুর ফলে বিশ্বজুড়ে খাদ্যশস্যের দামে স্বস্তি মিলবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।

    সূত্র: আল জাজিরা

  • ইরাকের মসুলে তুরস্কের কনস্যুলেটে হামলা

    ইরাকের মসুলে তুরস্কের কনস্যুলেটে হামলা

    আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের মসুলে অবস্থিত তুরস্কের কনস্যুলেট জেনারেলে হামলার ঘটনা ঘটেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কোনো হতাহত হয়নি।

    এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে কর্তৃপক্ষ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, কনস্যুলার মিশন এবং কূটনীতিকদের রক্ষায় ইরাকি কর্তৃপক্ষকে আমরা জোরালোভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই।

    তুরস্ক বলছে, উত্তর ইরাকে গত সপ্তাহে এক আক্রমণ নিয়ে ইরাকের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের সময় এই আক্রমণ হয়েছে।

    বুধবার এই আক্রমণের উৎস সম্পর্কে জানা যায়নি। প্রাদেশিক একজন আইনপ্রণেতা এএফপিকে বলেছেন, চারটি রকেট আঘাত হানে যাতে সড়কে পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

    তবে আরেক কর্মকর্তা এবং নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তুরস্কের কনস্যুলেট ভবনের কাছে এবং প্রাঙ্গনে মর্টার পড়ে। সূত্র: আল জাজিরা

  • একদিনে আরও ১৬৬৭ মৃত্যু, শনাক্ত ৮ লাখের বেশি

    একদিনে আরও ১৬৬৭ মৃত্যু, শনাক্ত ৮ লাখের বেশি

    আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে বিশ্বে আবারও বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ৩২৫ জন। আগের দিনের তুলনায় মৃত্যু প্রায় ৬০০ এবং শনাক্ত বেড়েছে তিন লাখেরও বেশি। মহামারি শুরুর পর এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৪ লাখ ৬ হাজার ৯৩১ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ২৭২ জনে।

    গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই আছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশগুলো।

    বুধবার (২৭ জুলাই) সকালে বৈশ্বিক করোনাভাইরাসে মৃত্যু, সংক্রমণ ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    জাপানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১১ জন এবং মারা গেছেন ৫৫ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৫৯৫ জন শনাক্ত এবং মারা গেছেন ৩১ হাজার ৯৪০ জন।

    দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৬৪৩ জন। শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৭৭ হাজার ৫৬৩ জন।

    একদিনে যুক্তরাষ্ট্রে ৮৮ হাজার ১১ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৩০১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ১৮ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৫২ হাজার ৯৩৫ জনের।

    গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে সংক্রমিত ৮৭ হাজার ৫৬২ জন এবং মারা গেছেন ১১৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৬৭৯ জন। এসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত ৯৯ হাজার ২৬৮ জন এবং মারা গেছেন ১৭ জন।

    একদিনে ইতালিতে শনাক্ত ৮৮ হাজার ২২১ জন এবং মারা গেছেন ২৫৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৭ লাখ ৭২ হাজার ৮৩৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ২৩২ জন। মেক্সিকোতে নতুন শনাক্ত ৪ হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২০ জন।

    গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে মারা গেছেন ৩৭ জন এবং সংক্রমিত ২৫ হাজার ৭১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৪৪ লাখ ৭২ হাজার ৭৫৫ জন এবং মারা গেছেন ৮ হাজার ৬৮৬ জন।

    রাশিয়ায় একদিনে মারা গেছেন ৪৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৮৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮২ হাজার ২৩৬ জন।

    অস্ট্রেলিয়ায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৬ হাজার ২০৯ জন এবং মারা গেছেন ১০০ জন। এসময়ে থাইল্যান্ডে শনাক্ত ১ হাজার ৮২৮ জন এবং মারা গেছেন ৩৫ জন; চিলিতে শনাক্ত ৪ হাজার ৪৩৩ জন এবং মারা গেছেন ১০ জন; ইরানে শনাক্ত ১১ হাজার ৩৫ জন এবং মারা গেছেন ৪১ জন।

  • ফিলিপাইনে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    ফিলিপাইনে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে আঘাত হেনেছে ৭ দশমিক ৩ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প। বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এতে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। খবর এপির।

    ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছেন, ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আবরা প্রদেশের পার্বত্য এলাকায় এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে।

    অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত এবং কেন্দ্রের গভীরতা ১০ ছিল কিলোমিটার। ফিলিপাইনের পাশাপাশি এর প্রভাব অনূভূত হয়েছে জাপান, তাইওয়ান এবং চীনেও।

    ফিলিপাইনে ভূমিকম্পটি আঘাত হানার পরে বেশ কয়েকটি আফটারশক অনূভূত হয়েছে। তবে আরও আফটারশক এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ফিলিপিনো কর্তৃপক্ষ।

    স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে বেশ কিছু ভবনে ফাটল তৈরি হয়েছে।

    এর প্রভাব অনুভূত হয়েছে উৎপত্তিস্থল থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী রাজধানী শহর ম্যানিলাতেও। ঘরবাড়ি কেঁপে উঠলে সেখানকার বাসিন্দারা দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন।

    প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১৯৯০ সালে দেশটির উত্তরাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।