Category: আন্তর্জাতিক

  • ইউরোপে রুশ গ্যাস বন্ধের আশঙ্কায় ব্যবহার ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত

    ইউরোপে রুশ গ্যাস বন্ধের আশঙ্কায় ব্যবহার ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত

    আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া গ্যাসের সরবরাহ একেবারে বন্ধ করে দিতে পারে- এমন আশঙ্কার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন তাদের গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপে আগামীকাল বুধবার থেকেই গ্যাসের সরবরাহ কমে যাচ্ছে, কারণ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, তারা নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে জার্মানিতে গ্যাসের সরবরাহ পূর্ণ ক্ষমতার এক পঞ্চমাংশে নামিয়ে আনবে।

    রাশিয়া গ্যাসের সরবরাহ কমিয়ে দেয়ায় প্রায় এক ডজন ইউরোপীয় দেশ এরই মধ্যে চাপের মধ্যে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন এখন সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, এই শীতে যদি রাশিয়া গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয় সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে।

    ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা মঙ্গলবার এক জরুরি বৈঠকে এ বছরের অগাস্ট থেকে মার্চ পর্যন্ত গ্যাসের ব্যবহার কমানোর এক প্রস্তাব অনুমোদন করেন। প্রত্যেকটি সদস্য দেশ স্বেচ্ছায় এই কাজ করবে, তবে গ্যাস সংকট গুরুতর রূপ নিলে এটি বাধ্যতামূলক করা হবে। কিছু দেশ এবং কোন কোন শিল্প খাতকে অবশ্য এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। আয়ারল্যান্ড এবং মল্টাকে এই চুক্তি মেনে গ্যাসের চাহিদা কমাতে হবে না, কারণ তারা ইউরোপের গ্যাস নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

    জার্মানির অর্থ মন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, মস্কো গ্যাসের সরবরাহ কমিয়ে দিলেও ইউরোপ যে ঐক্যবদ্ধ আছে, এই চুক্তি প্রেসিডেন্ট পুতিনকে সেই বার্তা দেবে। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবেন না। একমাত্র হাঙ্গেরি এই চুক্তির বিরোধিতা করেছিল।

    ইউরোপের দুঃস্বপ্ন
    ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে ইউরোপীয় ইউনিয়নের গ্যাসের সরবরাহের ৪০ শতাংশই আসতো রাশিয়া থেকে।

    ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ায় রাশিয়া পাল্টা এখন গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করা হচ্ছে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করছে।

    রাশিয়া গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে বলে খবর বেরুনোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম আরও বেড়ে গেছে। গ্যাস সংকটের কারণে সবচেয়ে বড় সমস্যায় পড়েছে জার্মানি। বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি কোম্পানি শেলের প্রধান হুঁশিয়ারি দিয়েছেন, ইউরোপে এবার শীতে জ্বালানি রেশনিং করতে হতে পারে।

    কয়েকদিন আগে জ্বালানি বিষয়ক এক সম্মেলনে বেন ভ্যান বাউরডেন বলেন, ইউরোপের সামনে এখন এক কঠিন শীতকাল।
    জার্মানি এরই মধ্যে গ্যাস রেশনিং এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। যদি পরিস্থিতি গুরুতর হয়ে দাঁড়ায়, তখন গ্যাস সরবরাহের ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে এবং অগ্রাধিকার দেয়া হবে গৃহস্থালি সংযোগ এবং জরুরী সেবা সংস্থাগুলোকে। ফ্রান্সেও জ্বালানির অপচয় রোধে নানা ব্যবস্থা নেয়া হচ্ছে। ফ্রান্সে যেসব দোকানে এয়ারকন্ডিশনিং চালু থাকে, তাদের দোকানের দরজা বন্ধ রাখতে বলা হয়েছে জ্বালানির অপচয় বন্ধ করার লক্ষ্যে। নিয়ন বাতির ব্যবহারও কমাতে বলা হয়েছে।

    সরকারের একজন মন্ত্রী বলেছেন, এয়ারকন্ডিশনিং চালু রেখে দোকানে দরোজা খুলে রাখা একটা অযৌক্তিক কাজ। তিনি বলেছেন, যারা এটা করবে তাদের সাড়ে সাতশো ইউরো জরিমানা করা হবে। সূত্র : বিবিসি বাংলা

  • বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্ক অস্বীকার করে আরও যা বললেন ইলন মাস্ক

    বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্ক অস্বীকার করে আরও যা বললেন ইলন মাস্ক

    আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রীর সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে সংবাদ বের হয়েছে। ইলন মাস্ক এই সংবাদ প্রত্যাখান করেছেন। দাবির পক্ষে আরও কিছু কথা বলেছেন তিনি।

    ইলন মাস্ক বলেছেন, সের্গেই ব্রিনের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়নি।

    গতকাল রাতেও তারা একসঙ্গে পার্টিতে ছিলেন।
    ব্রিনের স্ত্রীর সঙ্গে তিন বছরে মাত্র ২ বার দেখা হয়েছে উল্লেখ করে ইলন মাস্ক বলেন, দেখা হওয়ার সময় অন্যরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমের রিপোর্টকে তিনি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ দাবি করেন। দীর্ঘ সময় সেক্স করেন না বলেও মন্তব্য করেন ইলন মাস্ক।

    তাকে নিয়ে করা সংবাদে প্রচুর ক্লিক পড়ে উল্লেখ করে তিনি বলেন, মানব সভ্যতার জন্য ভালো কিছু করতে মনোনিবেশ করব।
    সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়, মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ককে ২০২১ সালের ডিসেম্বরের শুরুর দিকে মায়ামিতে সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল সানাহানের সঙ্গে দেখা যায়। এর জেরেই ইলন মাস্কের (৫১) সঙ্গে সের্গেই ব্রিনের (৪৮) দীর্ঘ দিনের বন্ধুত্বের অবসান ঘটে। পরে জানুয়ারিতে সানাহানের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ব্রিন।

    দৈনিকটি জানিয়েছে, ডিসেম্বরে মাস্কের সঙ্গে সানাহানকে মায়ামির আর্ট ব্যাসেলে দেখা গিয়েছিল। পরে এক অনুষ্ঠানে এর জন্য ব্রিনের কাছে ক্ষমাও চান মাস্ক।

    বর্তমানে বিবাহবিচ্ছেদ কার্যকর করা নিয়ে সের্গেই ব্রিন ও সানাহানের আলোচনা চলছে। বিবাহবিচ্ছেদের জন্য ১০০ কোটি ডলার চেয়েছেন ব্রিনের স্ত্রী সানাহান। সূত্র: এনডিটিভি

  • রাহুল গান্ধী আটক

    রাহুল গান্ধী আটক

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানী দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেওয়ার সময় তাকে আটক করা হয়। খবর এনডিটিভির।

    এদিকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং তদন্ত সংস্থাগুলো বিরোধী নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এমন অভিযোগসহ বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়েছেন কংগ্রেসের নেতাকর্মীরা।

    রাহুল গান্ধীর আগে আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে পুলিশ। আটকের আগে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে স্লোগান দেন রাহুল। তিনি বলেন, ভারত একটি পুলিশ রাষ্ট্র (প্রধানমন্ত্রী নরেন্দ্র), মোদি এর রাজা।

    ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির দফতরে সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করছে ইডি। এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোনিয়া গান্ধী ইডির দফতরে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীও বিক্ষোভে অংশ নেওয়ার আগে তার মায়ের সঙ্গে ছিলেন। রাহুল গান্ধীসহ ৭৫ জন কংগ্রেস নেতা আটক হয়েছেন।

    মঙ্গলবার পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের মাঝের রাস্তায় ধরনায় বসেন রাহুলসহ কংগ্রেসের নেতা-কর্মীরা। সে সময় বিজয় চকের সামনে থেকে তাদের আটক করে পুলিশের একটি বাসে তোলা হয়। কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গে বলেন, আমরা পুলিশের দেওয়া বিধি মেনেই প্রতিবাদ করছি। এসব কিছু বিরোধীদের কণ্ঠ রোধ করতে মোদী ও অমিত শাহের ষড়যন্ত্র।

  • কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ আহমাদ নওয়াফ আল সাবাহ

    কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ আহমাদ নওয়াফ আল সাবাহ

    আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতের নতুন প্রধানমন্ত্রী আহমাদ নওয়াফ আল সাবাহ। রোববার তাকে কেয়ারটেকার প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদের স্থলাভিষিক্ত করা হয়।

    গত বছর ক্রাউন প্রিন্স শেখ মেসাল আল আহমাদ আল সাহাব কুয়েতের আমিরের সকল দায়িত্ব গ্রহণ করেন। রোববার এক আদেশে (ডিক্রি) তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ আহমাদ নওয়াফ আল সাবাহর নাম ঘোষণা করেছেন।

    শেখ আহমাদ নওয়াফ আল সাবাহ বিদায়ী সরকারের উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ৬০ বছরের শেষ দিকে অবস্থান করা শেখ আহমাদ পুলিশ বাহিনীতে যোগদানের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। সেখান থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তার পিতা আমির শেখ নওয়াফ আল আহমাদ ২০২০ সালে কুয়েতের ক্ষমতা গ্রহণের পর তাকে জাতীয় নিরাপত্তা বাহিনীর উপ প্রধান হিসেবে নিয়োগ করা হয়। সূত্র: আল আরাবিয়া নিউজ

  • রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দ্রৌপদী মুর্মু

    রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দ্রৌপদী মুর্মু

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রথম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দ্রৌপদী মুর্মু শপথগ্রহণ করলেন সোমবার (২৫ জুলাই)। দেশটির সংসদ ভবনের সেন্ট্রাল হলে সকাল ১০টার দিকে তার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ভারতের ১৫তম রাষ্ট্রপতি হলেন তিনি।

    এরপর সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভাষণ দেন দ্রৌপদী মুর্মু। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া দ্রৌপদী ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি।

    দ্রৌপদী বলেন, ‘সকলের আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে।’

    দ্রৌপদী আরও বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। আর স্বাধীনতার ৭৫ বছরে আমি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পেয়েছি। দেশের রাষ্ট্রপতি হওয়া আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়। এটি ভারতের প্রতিটি দরিদ্র মানুষের প্রাপ্তি। আমার রাষ্ট্রপতি হওয়া প্রমাণ করে যে ভারতের দরিদ্র মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না। সেই স্বপ্ন পূরণও করতে পারেন।’

    তিনি আরও বলেন, ‘আমিই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি যে ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে। ভারতের নাগরিকদের কাছে আমার আবেদন, স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে।’

    বিজেপি মনোনীত রাষ্ট্রপতি মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের। এর আগে তিনি ঝাড়খন্ড রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

    বৃহস্পতিবার (২১ জুলাই) তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারান তিনি।

    সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

  • কেনিয়ায় বাস নদীতে পড়ে ২৪ জনের মৃত্যু

    কেনিয়ায় বাস নদীতে পড়ে ২৪ জনের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্কঃকেনিয়ায় একটি বাস নদীতে পড়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বাসটি দেশটির মধ্যাঞ্চলের শহর মেরু থেকে নাইরোবী যাওয়ার পথে নিথি নদীর ৪০ মিটার গভীরে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

    স্থানীয় গণমাধ্যমে রোববার (২৪ জুলাই) প্রকাশিত খবরে আরও জানা যায়, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

    রাষ্ট্রীয় টেলিভিশন কেবিসির খবরে বলা হয়, মেরু শহর থেকে উপকূলীয় এলাকা মোমবাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

    রেডক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পূর্ব আফ্রিকান অঞ্চলের মধ্যে কেনিয়ায় এটি সর্বশেষ বাস দুর্ঘটনা। এই অঞ্চলের রাস্তাঘাট সংকীর্ণ হওয়ায় প্রায়ই ঘটে এ ধরনের ঘটনা ঘটে। তবে চালকের বেপরোয়া গতির কারণেই এসব দুর্ঘটনা ঘটে বলে দায়ী করে আসছে দেশটির পুলিশ।

    এর আগে, গত ৮ জুলাই নাইরোবী থেকে মোমবাসা যাওয়ার পথে বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন প্রাণ হারান।

    সূত্র: এপি, ডয়েচে ভেলে

  • শ্রীলঙ্কা পরিস্থিতি থেকে পাকিস্তান দূরে নয়: ইমরান খান

    শ্রীলঙ্কা পরিস্থিতি থেকে পাকিস্তান দূরে নয়: ইমরান খান

    আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান (পিটিআই) ইমরান খান সতর্ক করে বলেছেন, তাঁর দেশ শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে খুব বেশি দূরে নয়।

    খুব শিগগির এমন পরিস্থিতি আসবে, যখন জনসাধারণ আসিফ জারদারি ও শরিফ পরিবারের নেতৃত্বাধীন মাফিয়ার বিরুদ্ধে ‘হাকিকি আজাদি’র জন্য রাস্তায় নেমে আসবে। শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে এ মন্তব্য করেন ইমরান। খবর এনডিটিভির।

    ইমরান বলেন, আসিফ আলি জারদারি ও শরিফ পরিবারের নেতৃত্বাধীন মাফিয়ারা নিজেদের অবৈধ সম্পদ বাঁচাতে মাত্র তিন মাসের মধ্যে পাকিস্তানকে রাজনৈতিক-অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে। আমার প্রশ্ন হলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কত দিন এটি হতে দেবে?

    তিনি আরও বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমার ‘হাকিকি আজাদি’র আহ্বানে সাড়া দেবে পাকিস্তানের জনগণ। এই মাফিয়াদের লুটপাট চালিয়ে যেতে দেবে না তারা।

    আমরা শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে বেশি দূরে নয়, যখন আমাদের জনগণ রাস্তায় নেমে আসবে। তাঁরা এই মাফিয়াদের লুটপাট চালিয়ে যেতে দেবেন না। ২০১৮ সালে ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মেয়াদপূর্তির আগেই তাঁর সরকারের পতন হয়।

    ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন ইমরান। তবে এই দাবি নাকচ করেছে শাহবাজের নেতৃত্বাধীন জোট সরকার। আগামী বছরের আগস্ট পর্যন্ত মেয়াদ পূর্ণ করেই জাতীয় নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোট সরকারের শরিকরা।

    এদিকে, রাষ্ট্রীয় সম্পদ জরুরিভাবে বিদেশে বিক্রির মাধ্যমে দেশকে ঋণখেলাপির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে পাকিস্তান। দেশটির ফেডারেল মন্ত্রিসভা এ প্রক্রিয়ার একটি অধ্যাদেশ অনুমোদন করেছে এবং এ ছাড়া ছয়টি প্রাসঙ্গিক আইন বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।

    মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃসরকারি বাণিজ্যিক লেনদেন অধ্যাদেশ ২০২২-এর মাধ্যমে কেন্দ্র থেকে প্রাদেশিক সরকারগুলোকে জমি অধিগ্রহণের জন্য বাধ্যতামূলক নির্দেশ জারি করার ক্ষমতাও দিয়েছে। তবে এই অধ্যাদেশে স্বাক্ষর করেননি পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এদিকে, রাষ্ট্রীয় সম্পদ বিক্রির বিরোধিতা করেছেন ইমরান।

    তিনি বলেন, চোরদের সম্পদ বিক্রি করতে দেওয়া উচিত নয়। বৃহস্পতিবার ফেডারেল মন্ত্রিসভা এই অধ্যাদেশের অনুমোদন দিয়েছে। যাতে করে তেল ও গ্যাস কোম্পানি এবং সরকারি মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্রের অংশীদারিত্ব সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করা সম্ভব হয়। এতে দেশটির রিজার্ভ ২ থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে।

  • বিশ্বজুড়ে কমেছে মৃত্যু, শনাক্ত ৬ লাখের নিচে

    বিশ্বজুড়ে কমেছে মৃত্যু, শনাক্ত ৬ লাখের নিচে

    নিউজ ডেস্কঃ চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৬ লাখের নিচে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, তাইওয়ান, ইসরায়েল, জাপান ও ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ কোটি ৫০ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ২ হাজার।

    সোমবার (২৫ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ২ হাজার ৯৬৫ জনে।

    একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৯ হাজার ৮১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ১৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫০ লাখ ২২ হাজার ৯৭৪ জনে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ৫৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩১ হাজার ৮৫২ জন মারা গেছেন।

    অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন এবং নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫৩৯ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৬৬ লাখ ১৭ হাজার ৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩ লাখ ২৭ হাজার ৭৩ জন মারা গেছেন।

    লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮২৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৩৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ২১ জনের।

    যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৫৬ জন এবং মারা গেছেন ১৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৮৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫১ হাজার ৯৯৬ জন মারা গেছেন।

    ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৩২ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫১ হাজার ৩৫০ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৪৩৩ জন এবং মারা গেছেন ১৮ জন।

    ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ২০৮ জন এবং মারা গেছেন ৭৭ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৬ লাখ ৬০ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭০ হাজার ৮৭৫ জন মারা গেছেন। একইসময়ে ইসরায়েলে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৭৮ জন এবং মারা গেছেন ৫৮ জন।

    তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭৩৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৪ লাখ ৩০ হাজার ৫৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৯৬ জনের। একইসময়ে ইরানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

    রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৫২৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ২৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ১৫৫ জনের। একইসময়ে নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ১৪ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৪৬ জন এবং মারা গেছেন ৩৮ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯০ জন এবং মারা গেছেন ৩০ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ২৯ জন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

  • দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

    দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

    নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. শুভ (২৩) ও আরিফ হোসেন (২২) নামের দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে।

    শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

    নিহত আরিফ হোসেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়া বাড়ির মৃত মহিন উদ্দিনের ছেলে। শুভ পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে।

    আরিফ চার ভাইয়ের মধ্যে সবার ছোট। শুভর তিন ভাই ও এক বোন রয়েছে। এ খবর শোনার পর থেকে পরিবারগুলোতে শোকের মাতম চলছে।

    রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় নিহত আরিফের প্রতিবেশী আজাদ জানান, ৩-৪ মাস আগে জীবিকার সন্ধানে আফ্রিকায় যান শুভ ও আরিফ হোসেন। পরে তারা আফ্রিকার ব্রাকফান শহরের বাংলাদেশি এক ব্যবসায়ীর দোকানে চাকরি নেন। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে দুই কৃষ্ণাঙ্গ বন্দুকধারী সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা প্রথমে শুভকে গুলি এবং আরিফ, হাসানসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে সন্ত্রাসীরা দোকান থেকে টাকা ও মালামাল লুট করে পালিয়ে যান।

    পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

    মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে।

  • জাপানে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা জারি

    জাপানে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা জারি

    আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ওই আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ব্যাপক ধোঁয়া, ছাই ও পাথর বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।

    এমন পরিস্থিতিতে জাপান সরকার সর্বোচ্চ সতর্ক সংকেত জারি করেছে। একই সঙ্গে ওই এলাকার সব বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাপানি আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, অগ্ন্যুৎপাত শুরু হওয়া আগ্নেয়গিরিটির নাম সাকুরাজিমা। এটি অতি সক্রিয় একটি আগ্নেয়গিরি। ১৯৫৫ সাল থেকে এ আগ্নেয়গিরিটির গতিবিধিতে সতর্ক নজর রাখে জাপান সরকার।

    জাপান সরকারের তথ্যানুযায়ী, ১৯৬০ সাল থেকে সাকুরাজিমা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে দেখা যাচ্ছে। প্রতি বছরই কয়েক দফা এ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করে। এসময় আগ্নেয়গিরির মুখ থেকে কয়েক কিলোমিটার উঁচুতে পাথর ও ছাই ছড়াতে দেখা যায়।

    আবহাওয়া সংস্থার তথ্যমতে, সাকুরাজিমা দেশটির কাগোশিমা শহরের কাছে কিউশু দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত। স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) ৮টা ৫ মিনিটে এ আগ্নেয়গিরিটি জেগে উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে প্রায় আড়াই কিলোমিটার ওপরে পাথর নিক্ষিপ্ত হতে শুরু করে।

    জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে-তে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, গিরির জ্বালামুখে আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। সেখান থেকে আগুনের ঝলকানি চারদিকে ছড়িয়ে পড়ছে। এতে আশপাশের তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গেছে।