Category: আন্তর্জাতিক

  • শবরীমালা মন্দিরে নারীর প্রবেশকে ঘিরে সহিংসতায় নিহত ১

    শবরীমালা মন্দিরে নারীর প্রবেশকে ঘিরে সহিংসতায় নিহত ১

    ভারতের কেরালার বিখ্যাত শবরীমালা মন্দিরে ঋতুমতী দুই নারীর প্রবেশকে কেন্দ্র করে রাজ্যজুড়ে সহিংসতা শুরু হয়েছে। এতে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে এএফপির খবরে বলা হয়।

    কেরালা পুলিশের মুখপাত্র প্রমোদ কুমার এএফপিকে বলেন, নিহত ব্যক্তি বিজেপির সদস্য। গতকাল বুধবার বিক্ষোভের সময় পাথরের আঘাতে তিনি গুরুতর আহত হন। গতকাল রাতে তিনি মারা যান।

    গতকাল ভোরে কালো পোশাকে পুলিশের সাহায্যে মন্দিরে প্রবেশ করে প্রার্থনা শেষে নির্বিঘ্নে চলে যান ওই দুই নারী। এরপরই বন্ধ করে দেওয়া হয় ‘অপবিত্র’ হয়ে যাওয়া মন্দির। ধোয়ামোছার পর ‘পবিত্রতা’ ফিরিয়ে এনে ফের খোলা হয় মন্দির।

    শবরীমালা মন্দিরে হিন্দু দেবতা আয়াপ্পার অধিষ্ঠান। আয়াপ্পার পুরুষ ভক্তদের দাবি, ওই দুই নারী মন্দিরে ঢোকার চেষ্টা করলেও দেবতার দর্শন হয়নি।

    কেরালা হাইকোর্টের নির্দেশে ১৯৯১ সাল থেকে শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের প্রবেশ নিষিদ্ধ। এই প্রথা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়।

    গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট রায় দেন, ধর্মাচরণের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে ভেদাভেদ করা যায় না। রায় সত্ত্বেও গত চার মাসে কোনো ঋতুমতী নারী শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারেননি। সেই অসাধ্য সাধিত হলো গতকাল ভোরে। দীর্ঘ গিরিপথ হেঁটে ভোররাত চারটার সময় চল্লিশোর্ধ্ব ওই দুই নারী—বিন্দু ও কনক দুর্গা—মন্দিরে প্রবেশ করেন। টেলিভিশন ভিডিওতে দেখা যায়, কালো কাপড়ে শরীর ঢেকে পুলিশের সাহায্যে দুই নারী মন্দিরে ঢুকছেন।

    বিন্দুর বয়স ৪৪। তিনি সিপিআই (এমএল) সমর্থক ও কর্মী। কনক দুর্গার বয়স ৪২। তিনি তামিলনাড়ুর অসামরিক সরবরাহ দপ্তরের কর্মী। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনি কেরালায় আসেন আয়াপ্পা দর্শনের ইচ্ছায়।

    গতকালের ঘটনার পর থেকে রাজ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সহিংসতা যাতে আর ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    পুলিশ গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল, স্টান গ্রেনেড ও জলকামান থেকে জল ছোড়ে। রাজ্যের রাজধানী তিরুঅন্তপুরমে বিশৃঙ্খলা চলাকালে সাংবাদিকেরা হেনস্তার শিকার হন।

    স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাজ্যের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির বিক্ষোভ আয়োজন মার খেয়েছে।

    শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশ বিষয়ে মোদি গতকাল বলেন, বিষয়টি ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, কিছু কিছু মন্দির আছে, যাদের নিজস্ব ঐতিহ্য রয়েছে, যেখানে পুরুষেরাও যেতে পারে না এবং পুরুষেরা যানও না।

  • পেলে-ম্যারাডোনার সমান নন মেসি: জিকো

    পেলে-ম্যারাডোনার সমান নন মেসি: জিকো

    বিশ্বের সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন পাঁচ-পাঁচবার। নিজের ক্লাব বার্সেলোনার হয়ে প্রতিনিয়ত গড়ে যাচ্ছেন নতুন নতুন ইতিহাস। কিন্তু আর্জেন্টিনার হয়ে খেলতে নামলেই লিওনেল মেসির সব অর্জন যেন ফিকে হয়ে যায়। আর্জেন্টিনার মূল দলের হয়ে এখনো যে কিছুই জেতেননি তিনি! সেই ব্যর্থতার দিকে আঙুল তুলেই ব্রাজিল কিংবদন্তি জিকো জানালেন, পেলে-ম্যারাডোনা হতে এখনো অনেকটুকু পথ পাড়ি দিতে হবে মেসিকে।

    ইতিহাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ম্যারাডোনার কাছাকাছি থাকলেও পেলেকে এখনো ধরতে পারেননি মেসি, এমনটাই ভাবছেন জিকো, ‘মেসিকে বড়জোর ম্যারাডোনার কাছাকাছি বলা যায়। তার মানে পেলের সঙ্গে মেসির তুলনা হওয়ার প্রশ্নই আসে না। কেননা আমার মতে পেলে সবার চেয়ে সেরা।

    একজন সফল ও সম্পূর্ণ ফুটবলারের যেসব গুণাবলি থাকা দরকার, তার সবকিছুই পেলের ছিল মনে অভিমত জিকোর, ‘একজন সম্পূর্ণ ফুটবলারের সকল বৈশিষ্ট্য ও গুণ পেলের ছিল। ঈশ্বর যখন পেলেকে বানিয়েছিলেন, তাঁর মধ্যে একজন পরিপূর্ণ ফুটবলারের সকল গুণাবলিই দিয়ে দিয়েছিলেন— গতি, ড্রিবলিং করার ক্ষমতা, শট নেওয়ার দক্ষতা, হেড করার ক্ষমতা, শক্তি, যেকোনো পরিস্থিতিতে দলের হাল ধরতে পারার যোগ্যতা, সবকিছু। বিশ্বের খুব কম ফুটবলারই আছে যে পেলের মতো হেড করতে পারত। তিনি ছিলেন ১৭০ সেন্টিমিটার লম্বা, অর্থাৎ ভালোভাবে হেড করতে তাঁর কোনো সমস্যাই হতো না। বল নিয়ে কারিকুরি করতে পারা বা দলকে নিজের কাঁধে বয়ে নিয়ে যাওয়া— সম্ভাব্য সব দিকেই পেলে নিজেকে উন্নত করেছিলেন।

    মেসির মধ্যেও এসব গুণ কমবেশি আছে মানলেও মেসিকে পেলে-ম্যারাডোনার সমান ভাবতে নারাজ জিকো, ‘হ্যাঁ, মেসিও ভালো, তবে পেলের মতো নয়। সে এখনো আর্জেন্টিনার হয়ে একটা বিশ্বকাপও জিততে পারেনি, এটাই অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়।

    এই এক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার কারণে মেসি ম্যারাডোনার সমানও নাকি হতে পারেননি, ‘মেসি এখন যেমন ক্লাব পর্যায়ে সবকিছু জিতছে, ম্যারাডোনার তেমন জিতেছে। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টের হিসাব করলে ম্যারাডোনা একজন বিশ্ব চ্যাম্পিয়ন যেটা এখনো মেসি হতে পারেনি। ম্যারাডোনা সব সময় জাতীয় দলের হয়ে খেলতে এসে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিত। আন্তর্জাতিক যেকোনো প্রতিযোগিতায় সব সময় নিজের সেরাটা ঢেলে দিত। এমনকি ভালো দল না নিয়েও সে নিজে জানপ্রাণ দিয়ে লড়ত। মেসি তো তাও সতীর্থ হিসেবে ইনিয়েস্তা, জাভি, নেইমার, সুয়ারেজ, পিকেদের পেয়েছে।

    সত্তর-আশির দশকে ব্রাজিলের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন ‘সাদা পেলে জিকো। জিকোর এই বক্তব্য মেসিকে তাতিয়ে দিতে বাধ্য, আর এর মধ্যেই লিগের ১৫ ম্যাচে ১৫ গোল করা মেসি যদি আরও খেপে যান, তা আর্জেন্টিনা আর বার্সেলোনা, দুই দলের জন্যই ভালো!

  • পরিত্যক্ত শিশুকে বুকের দুধ পান করিয়ে প্রশংসায় ভাসছেন নারী পুলিশ

    পরিত্যক্ত শিশুকে বুকের দুধ পান করিয়ে প্রশংসায় ভাসছেন নারী পুলিশ

    দু’মাসের পরিত্যক্ত এক শিশুকে বুকের দুধ পান করিয়ে প্রশংসায় ভাসছেন এক নারী কনস্টেবল।

    সোমবার ভারতের হায়দরাবাদের আফজালগঞ্জ থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য হায়দরাবাদের পুলিশ কমিশনার আনজানি কুমার প্রশংসায় ভাসিয়েছেন ওই নারীর স্বামীকেও। তিনিও একজন পুলিশ কনস্টেবল। প্রিয়াঙ্কা নামের ওই নারী কনস্টেবল বেগমপেট নারী পুলিশ স্টেশনে কর্মরত।

    তার স্বামী কর্মরত রবিন্দর আফজালগঞ্জ পুলিশ থানায়।পুলিশ বলছে, হায়দরাবাদের ওসমানিয়া জেনারেল হাসপাতালের বাইরে থেকে ওই শিশুকে উদ্ধার করেছিলেন স্থানীয় ইরফান নামে এক ব্যক্তি। এক নারী তার কাছে ওই শিশুকে রেখে পানি খেতে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর ফিরে আসেননি ওই নারী।পরে বাধ্য হয়ে ইরফান শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান।

    কিন্তু কোনোভাবেই তাকে কিছু খাওয়াতে পারেননি। ক্রমাগত কেঁদে চলেছিল সে।ওই রাতেই আফজালগঞ্জ থানায় শিশুটিকে নিয়ে আসেন তিনি।আফজালগঞ্জ থানায় তখন কর্মরত ছিলেন রবিন্দর। তিনিই বেগমপেট থানায় স্ত্রীকে ফোন করে বিষয়টি জানান। স্ত্রী প্রিয়াঙ্কা আর দেরি করেননি।

    সঙ্গে সঙ্গেই একটি ক্যাব বুক করে আফজালগঞ্জ থানায় চলে আসেন। প্রিয়াঙ্কার নিজেরও ছোট সন্তান রয়েছে।শিশুটিকে দেখে আর স্থির থাকতে পারেননি তিনি। শিশুটিকে স্তন্যপান করান তিনি। আপাতত পেতলাবুর্জে সরকারি প্রসূতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই শিশু। পরে আফজালগঞ্জ পুলিশ ওই শিশুর মাকে খুঁজে বের করেছেন।

  • খাঁচা থেকে এসে প্রাণ নিল সিংহ

    খাঁচা থেকে এসে প্রাণ নিল সিংহ

    সিংহের খাঁচা খুলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে ঢুকেছিলেন একদল প্রশিক্ষিত কর্মী। এক ফাঁকে সেখান থেকে পালিয়ে গেল একটি সিংহ। আর বাইরে থাকা এক কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রাণ নিল।

    গতকাল রোববার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার জুলজিক্যাল পার্কে এই ঘটনা ঘটে। পার্কটির দেখভাল করা প্রতিষ্ঠান বার্লিংটনের কনজারভেটরস সেন্টার তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে বলে সিএনএনের খবরে জানানো হয়।

    কনজারভেটরস সেন্টার প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করলেও নিহত ব্যক্তির নাম প্রকাশ করেনি।

    তবে কেসওয়েল কাউন্টির শেরিফের কার্যালয় বলেছে, নিহত ব্যক্তির নাম অ্যালেক্সান্ড্রা ব্ল্যাক। তাঁর বয়স ২২ বছর। সম্প্রতি তিনি ইন্ডিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তাঁর বাড়ি ইন্ডিয়ানার নিউ প্যালেস্টাইনে। তিনি কনজারভেটরস সেন্টারে ইন্টার্নি করছিলেন। মাত্র সপ্তাহ দুয়েক আগেই তিনি এ কাজে যোগ দিয়েছিলেন।

    কনজারভেটরস সেন্টারের নির্বাহী পরিচালক মিন্ডি স্টিনার বলেন, প্রাণীদের প্রতি নিহত ইন্টার্নের অন্য রকম ভালো লাগা বোধ ছিল। সে জায়গা থেকে তিনি আগেও বিভিন্ন জায়গায় ইন্টার্নি করেছিলেন। তিনি পশুপাখিদের নিয়েই জীবন কাটাতে চেয়েছিলেন বলে এক সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে জানান স্টিনার।

    কনজারভেটরস সেন্টারের পক্ষে মিন্ডি স্টিনার জানান, সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়েছিল, তা স্পষ্ট নয়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় সব সিংহকে আলাদা এলাকায় আটকে রাখা হয়। মানুষ যে জায়গায় থাকে, সেখানে তাদের যেতে পারার কোনো পথই নেই। তবে এ ঘটনার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা আগে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। ভবিষ্যতে নিরাপত্তার প্রতি অনেক বেশি জোর দেওয়া হবে।

    পার্কটিতে বাঘসহ নানা ধরনের ৮০টিরও বেশি প্রাণী আছে। এ দুর্ঘটনার পর পার্কটি দর্শনার্থীদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

  • শেখ হাসিনাকে সৌদি বাদশাহর অভিনন্দন

    শেখ হাসিনাকে সৌদি বাদশাহর অভিনন্দন

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করায় আওয়ামী সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন,সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

    সোমবার এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। খবর সৌদি গেজেট।

    অভিনন্দন বার্তায় শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন সৌদি বাদশাহ। একইসঙ্গে, তাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

    ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ বিজয়ের মধ্যদিয়ে দলটি ইতিহাস গড়তে যাচ্ছে। একইসঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন রেকর্ড করে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

    নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এতে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ। হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পেয়েছে তিনটি আসন। জাসদ, বিকল্পধারা ও গণফোরাম পেয়েছে দুটি করে আসন।

    এ ছাড়া তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে একটি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন তিনটি আসন।

  • সাকিবকে নিয়ে ক্রিকইনফো বিশেষজ্ঞের ওয়ানডে দল ঘোষণা

    সাকিবকে নিয়ে ক্রিকইনফো বিশেষজ্ঞের ওয়ানডে দল ঘোষণা

    বছর শেষে ক্রিকেটের ২০১৮ সালের পঞ্জিকাবর্ষে কে কেমন খেললো এ নিয়ে চলছে আলোচনা, সাজোনো হচ্ছে সেরা দল। ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেটের সবচেয়ে বড় নিউজপোর্টাল ক্রিকইনফোর বিশেষজ্ঞ দ্বীপ দাশগুপ্তা সাজিয়েছেন সেরা ওয়ানডে দল। আর সেখানে অলরাউন্ডার ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

    বিশেষজ্ঞদের এই দলে ভারতের রোহিত শর্মা ও ইংল্যান্ডের জনি বেয়ারস্টো আছেন ওপেনার হিসেবে। অনুমিতভাবেই তিনে রয়েছেন ভারতের বিরাট কোহলি। চার ও পাঁচে আছেন যাথাক্রমে ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম। স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিব আছেন এরপরেই। তবে দলের পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের বেন স্টোকসকে। স্পিনার হিসেবে আছেন আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদ্বিপ যাদব। আর দুই পেসার হলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ভারতের জসপ্রিত বুমরাহ।

    ওয়ানডে দল: 
    রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি, জো রুট, বাবর আজম, সাকিব আল হাসান, বেন স্টোকস, রশিদ খান, কুলদ্বিপ যাদব, কাগিসো রাবাদা ও জসপ্রিত বুমরাহ।

  • প্রধানমন্ত্রীকে চীনের তৈরি নৌকা উপহার

    প্রধানমন্ত্রীকে চীনের তৈরি নৌকা উপহার

    আওয়ামী লীগ ও মহাজোটের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চীনের তৈরি নৌকা উপহার দিয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং চুও।

  • ইসির ভূয়সী প্রশংসায় ভারতীয় নির্বাচন কমিশন

    ইসির ভূয়সী প্রশংসায় ভারতীয় নির্বাচন কমিশন

    বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) ‘নিখুঁত পরিকল্পনা ও আয়োজনের’ ভূয়সী প্রশংসা করেছে ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।

    রবিবার রাজধানীর একটি হোটেলে ভারতের পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব সাংবাদিকের কাছে এ প্রশংসা করেন।

    তিনি বলেন, ‘(নির্বাচনে) অনেক উৎসবভাব দৃশ্যমান ছিল। আমরা যতোটুকু অনুভব করেছি বাংলাদেশের নির্বাচন কমিশনের খুব নিখুঁত পরিকল্পনা ও আয়োজন ছিল।

    আফতাব বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কমিশন এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে দীর্ঘস্থায়ী এবং আন্তরিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।’

    তিনি জানান, বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল ভারতের নির্বাচনের সময় যেমন নিয়মিত সফর করেছে, তেমনি দীর্ঘস্থায়ী সম্পর্ক হিসেবে বাংলাদেশের সংসদীয় নির্বাচনের সাক্ষী হতে এখানে এসেছে।

    তিনি আরও জানান, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাক্ষী হতে ভারত তিন সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে। দিনের ভোট গ্রহণ চলাকালে ভারতীয় ইসির এই প্রতিনিধি বলেন,আমাদের কাছে নিশ্চিতভাবেই মনে হয়েছে যে বাংলাদেশের নির্বাচন কমিশনের নিখুঁত (নির্বাচন অনুষ্ঠানে) পরিকল্পনা ছিল।

    আশা করি এই সফর ভারতীয় নির্বাচন কমিশন এবং বাংলাদেশের নির্বাচন কমিশনের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করবে,যোগ করেন তিনি।

  • চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন আয়রন লেডি শেখ হাসিনা

    চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন আয়রন লেডি শেখ হাসিনা

    আজ বাংলাদেশে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে রেকর্ড চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন শেখ হাসিনা। প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন টাইম এর এক প্রতিবেদনে এই আভাস দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনটি বলছে, ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এবারের নির্বাচনেও ভোটাররা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকেই বেছে নেবেন।

    টাইম ম্যাগাজিন বলছে, আজ বাংলাদেশে ১১তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অক্সফোর্ড পড়ুয়া ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ৮২ বছর বয়সী কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের মুখোমুখি হয়েছেন ৭১ বছর বয়সী শেখ হাসিনা।

    এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না শেখ হাসিনার আরেক প্রতিদ্বন্দ্বী ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান খালেদা দুর্নীতির দায়ে সাজা ভোগ করছেন।

    কয়েক দশক ধরে পালাক্রমে ক্ষমতা এবং কারাগারের ভেতরে বাইরে রয়েছেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া। ১৬ কোটি মুসলিম অধ্যুষিত নাগরিকের দেশে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন। ২০১৪ সালে দেশটির নির্বাচন বয়কট করে বিএনপি।

    বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য মতে, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১০ কোটিরও বেশি। দেশটিতে প্রতি ১০ জনের একজন তরুণ ভোটার। এদের একটি বড় অংশ প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন।

  • সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের আহ্বান কমনওয়েলথ মহাসচিবের

    সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের আহ্বান কমনওয়েলথ মহাসচিবের

    অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

    এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন। বিবৃতিটি শুক্রবার কমনওয়েলথের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

    কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশে ১১তম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

    সরকার ও বিরোধীদলগুলোর সঙ্গে আলোচনা করতে সম্প্রতি বাংলাদেশ সফর করা প্যাট্রিসিয়া গত কয়েক সপ্তাহের সহিংসতা এবং অনেক প্রার্থী ও নেতাকর্মীকে হুমকি ও হয়রানির সংবাদে উদ্বেগ প্রকাশ করেন।

    হুমকি ও হয়রানিমুক্ত রাজনীতি ও প্রচারণার পরিবেশের গুরুত্বের ওপর জোর দেন কমনওয়েলথ মহাসচিব । সেই সঙ্গে তিনি সব রাজনৈতিক দল ও অংশীজনদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

    কমনওয়েলথ মহাসচিব দুই সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের দলকে দায়িত্ব দিয়েছেন। তারা নির্বাচন পর্যবেক্ষণ এবং নির্বাচন কমিশন ও অংশীজনদের সঙ্গে সাক্ষাৎ করতে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন।

    অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের জাতীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়ার অবিচ্ছেদ্য অধিকারকে স্বীকৃতি দেওয়া কমনওয়েলথ সনদ মেনে চলতে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

    তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণকে অবশ্যই তাদের জাতীয় গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানে অংশগ্রহণ, লালন ও জোরদার করতে দিতে হবে।’

    বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশের জনগণের প্রতি শুভ কামনা জানান।