Category: আন্তর্জাতিক

  • কী লজ্জার ছিঃ ছিঃ

    কী লজ্জার ছিঃ ছিঃ

    বলিউডে ‘#মি টু’ ইস্যুর শুরুর দিকের সোচ্চার পুরুষদের অন্যতম চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার। নারীদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন তিনিও। অবস্থান নিয়েছিলেন যৌন নিপীড়কদের বিরুদ্ধে। কিন্তু হায়, এখন এই ইস্যুতে লজ্জায় পড়তে হয়েছে তাঁকেও। কেননা তাঁর ঘরের ভেতরে বসে আছেন যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত এক পুরুষ!

    চাচাতো ভাই সাজিদ খানের কারণে লজ্জায় মাথা নিচু হয়ে গেছে ফারহান আখতারের। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের কথা বিশ্বাস করতেই চাননি তিনি। কিন্তু ফারহানের পরিচিত কয়েকজন নারী গোপনে তাঁকে জানিয়েছেন, ওঁর ব্যবহার আসলেই খারাপ। এখন এ নিয়ে রীতিমতো অপরাধবোধে ভুগছেন ফারহান আখতার।

    পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন অভিনেত্রী সালোনি চোপড়া এবং এক নারী সাংবাদিক। এতে বন্ধ হয়ে যায় তাঁর ‘হাউসফুল ফোর’ ছবির শুটিং। ঘটনা জানাজানি হওয়ার পর ভীষণ মর্মাহত হন ফারহান আখতার। ‘#মি টু’ আন্দোলনে তিনি এক সক্রিয় কণ্ঠস্বর। অথচ তাঁর ভাইয়ের বিরুদ্ধেই কিনা সেই অভিযোগ।

    এখন কী করবেন তিনি? এ প্রসঙ্গে ফারহান আখতার বলেন, ‘এত দিন আমি এসব ঘটনার প্রতিবাদ করে এসেছি। এখন ঘরের মানুষদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে যদি মুখ বন্ধ রাখি, সেটা হবে চূড়ান্ত ভন্ডামো।

    সম্প্রতি সাংবাদিক বারখা দত্তের সঙ্গে ‘উই দ্য উইমেন’ শিরোনামের এক অনুষ্ঠানের প্যানেল আলোচক ছিলেন ফারহান আখতার। বারখা প্রশ্ন করেন, যৌন হয়রানি যখন একটি অপরাধ তখন কেবল ক্ষমা প্রার্থনাই কি যথেষ্ট? ফারহান বলেন, ‘এই ধরনের ঘটনা আদালত পর্যন্ত গড়ানো উচিত। আর সাজিদের এসবের মুখোমুখি হওয়ার দরকার আছে।

    ফারহান বলেন, ‘সাজিদের বিরুদ্ধে অভিযোগের কথা শুনে আমার মন খারাপ হয়ে গেছে। আমি বিস্মিত ও হতাশ হয়েছি। কারণ সে আমার পরিবারের লোক। অন্তত তিনজন নারী আমাকে সাজিদের ব্যাপারে নেতিবাচক কথা বলেছেন। তাঁরা বলেছিলেন, আপনার ভাইয়ের সম্পর্কে যা শোনা যাচ্ছে, সেসব সত্য। কারণ সে আমাদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছে। সেই নারীদের কাউকে আমি ১২, ১৫ বা ২০ বছর ধরে চিনি। তাঁদের আমি অবিশ্বাস করতে পারিনি। অবশ্য বলেছিলাম, এসব কেন আমাকে তাঁরা আগে জানায়নি।

    ফারহান বলেন, ‘একজন নারীর সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে আর তাঁরা সেটা গোপন রাখতে চায়, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। আবার কেউ যদি গোপনে বিষয়টি কারও সঙ্গে ভাগাভাগি করে, যেমন ওই তিন নারী করেছিলেন, আমি কি তাঁদের কথা কাউকে বলে দেব? না। কারণ তাতে সারা জীবন তাঁকে মানুষের প্রশ্নবাণ সইতে হবে। বরং নারী যাতে খোলাখুলি তাদের যাতনার কথা প্রকাশ করতে পারে, তাদের জন্য সেই পরিবেশ তৈরি করে দিতে হবে।’

    ওই আলোচনায় প্যানেল আলোচক হিসেবে আরও ছিলেন রাজনীতিক মিলিন্দ দেওরা এবং কমেডিয়ান সাইরাস ব্রচা। ডেকান ক্রনিকল

  • ১৮৩ রান ৬০ বলে

    ১৮৩ রান ৬০ বলে

    আর ঠিক কতটা ছোট হবে ক্রিকেটের ফরম্যাট। এখন এই প্রশ্নটাই যেন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। টি-২০ ক্রিকেটের পর এবার টি-১০ ক্রিকেট। হাতে সময় কমছে। পাল্টা দিয়ে কমছে ক্রিকেট দেখার সময়। সব থেকে ছোট ফরম্যাটের ক্রিকেট এই নিয়ে দুই বছরে পড়ল। এমন নয় যে মানুষ দেখছেন না! দেখছেন, উপভোগও করছেন টি-১০ ক্রিকেট।

    দুবাইয়ে আয়োজিত এই টুর্নামেন্ট যেন মনোরঞ্জনের আখড়া। টিভি খুলে বসে পড়লেই হলো। কোনও থ্রিলার সিনেমার থেকে আপনাকে কম রোমাঞ্চ দেবে না। এটুকু হলফ করে বলা যায়। আর সেই টি-১০ টুর্নামেন্টে এবার ক্রিকেট নয়, যেন হলো ছেলেখেলা। মাত্র ৬০ বলে হল ১৮৩ রান। ভাবতে পারেন!

    টুর্নামেন্টের অষ্টম ম্যাচে এমনটা হলো। নর্দার্ন ওয়ারিয়র্সের ব্যাটসম্যানরা যেন খেলা করলেন পাঞ্জাবি লেজেন্ডসের বোলারদের নিয়ে। ১০ ওভারে নর্দার্ন ওয়ারিয়র্স তুলল ১৮৩ রান। যা কিনা টি-১০ ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান। তবে যেভাবে এই টুর্নামেন্ট এগোচ্ছে তাতে কিছুদিনের মধ্যে যে এই রেকর্ডও ভেঙে যেতে পারে, তা বলাই যায়।

    নর্দার্ন ওয়ারিয়র্সে একাধিক ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার রয়েছেন। সিমন্স, ডারেন সামি, আন্দ্রে রাসেলের মতো তারকারা যে বিগ-হিটার তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই ক্যারিবিয়ান তারকারাই হইচই ফেলে দিলেন এবার। তারা প্রমাণ করে দিলেন, ক্রিকেটের ছোট ফরম্যাটে তারা হলেন বাঘের মতো।

    ওয়েস্ট ইন্ডিজের তারকা নিকোলাস পুরান প্রথম ঝড় তুলেছিলেন। ২৫ বলে করলেন ৭৭ রান। ১০টা ছক্কা ও দুটো বাউন্ডারি। তাকে যোগ্য সঙ্গত দিয়ে গেলেন সিমন্স। ২১ বলে ৩৬ রান করে। প্রথম উইকেটেই ১০৭ রানের পার্টনারশিপ খেলেন দুজনে।

    আন্দ্রে রাসেল নেমে ৯ বলে ৩৮ রান করেন। এরপর পাওয়েল এসে যোগ দেন। তিনি ৫ বলে ২১ রান করেন। ব্যাটিং-ঝড় যেন কিছুতেই থামছিল না। আর পাঞ্জাবি লেজেন্ডসের বোলাররা বুঝে উঠতে পারছিলেন না, কোথাও বল ফেলতে হবে! সব মিলিয়ে ২০টা ছক্কা ও ১০টা চার মারেন ওয়ারিয়র্স ব্যাটসম্যানরা।

    ব্যাট করতে নেমে পাঞ্জাবি লেজেন্ডস করে ৮৪/৭। ৯৯ রানে ম্যাচ জেতেন রাসেলরা। রবি বোপারা ১৫ রান দিয়ে চার উইকেট তুলে নেন।

  • পাকিস্তানে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, গোলাগুলিতে নিহত ৭

    পাকিস্তানে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, গোলাগুলিতে নিহত ৭

    পাকিস্তানের পাখতুনখাওয়া এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত হয়েছেন। শনিবার প্রদেশটির অ্যাবোটাবাদ জেলায় এই ঘটনা ঘটে।

    পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এক প্রতিবেদনে জানিয়েছে, বাচ্চাদের ক্রিকেট ম্যাচ নিয়ে মাঠের ভেতর বাদানুবাদ হয়। কথা কাটাকাটি থেকে পরিস্থিতি উওপ্ত হয়ে ‍উঠলে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে থানায় পুলিশের সামনেই সাতজনের মৃত্যু হয়।

    ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেছে অ্যাবোটাবাদ জেলার পুলিশ প্রশাসন। ডেপুটি সুপারিন্টেডেন্ট অব পুলিশ ইজাজ খান জানিয়েছেন, বাচ্চাদের ক্রিকেট ম্যাচ চলছিল। সেখানে দুই পক্ষ সামান্য ঝামেলা শুরু করে। তারপর তারা অভিযোগ দায়ের করার জন্য থানায় আসে। এসময় পুলিশ দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করতে থাকে। কিন্তু হঠাৎ এক পক্ষ গুলি করতে শুরু করে। তারপর অন্য পক্ষও গুলি ছোঁড়ে। ফলে থানা চত্বরেই সাতজন মারা যায়। আর আহত হয় একজন।

    এক প্রতক্ষ্যদর্শী বলছেন, পুলিশের সামনেই দুই পক্ষ উত্তপ্ত বাক্য বিনিময় করছিল। তারপর একজন হঠাৎ বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। দুই পক্ষই আগ্নেয়াস্ত্র নিয়ে বচসার জন্য তৈরি হয়েই এসেছিল। দুই পক্ষই প্রবল গোলাগুলি শুরু করে। যে পক্ষ প্রথম গুলি চালিয়েছিল সেই দলের তিনজন মারা গেছে। আর অন্য পক্ষের চারজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আরও একজন গুরুতর আহত হয়েছে।

    এদিকে এমন ঘটনার পর পাকিস্তানের ক্রিকেট মাঠে নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল। ক্রিকেট মাঠে কী করে দর্শকরা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করতে পারেন। এমন প্রশ্নই করছেন অনেকে। তাছাড়া পুলিশের সামনেই কী করে দুই পক্ষ বন্দুক হাতে বচসায় জড়িয়ে পড়তে পারে তা নিয়েও উঠছে প্রশ্ন।

  • ভারতের কর্নাটকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২৫

    ভারতের কর্নাটকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২৫

    ভারতের কর্নাটকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। শনিবার দুপুরের দিকে রাজ্যটির মন্ধ্যা জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাসটিকে পানির মধ্যে দেখতে পেয়ে উদ্ধারকাজে হাত লাগায়।

    জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জেলার পন্দাভাপুরা এলাকার ভিসি লেকে পড়ে যাওয়ার পরই তা পানির তলায় তলিয়ে যায়। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। কারণ বাসটির ভেতরে থাকা সকলেই নিহত হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে বাসটি লেকে পড়ার ঠিক আগের মুহুর্তে পানিতে ঝাঁপ দেয়ায় এক শিক্ষার্থী প্রাণে বেঁচে গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই প্রকৃত তথ্য জানা যেতে পারে বলে পুলিশের ধারণা।

    বাসটি দুর্ঘটনার পরে ঘটনাস্থলে জেলার পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা গিয়ে উদ্ধারকাজও শুরু করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকীদের খোঁজে এখনও উদ্ধারকাজ চলছে।  অন্যদিকে ক্রেনের সহায়তায় পানি থেকে বাসটিকে উপরে তোলার চেষ্টা চলছে। লাশগুলোকে ময়নাতদন্তের জন্য এমআইএমএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    মন্ধ্যা জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ পন্ডাভাপুরা এলাকায় একটি বাস জলাশয়ে পড়ে যায় এবং পানিতে ডুবে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। প্রাথমিকভাবে বাস দুর্ঘটনা পেছনে চালকের গাফিলতির প্রমাণ মিলেছে। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী জি.পরমেশ্বরা জানান, দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। আমার বিশ্বাস বাসটির চালকের কোনো গাফিলতি ছিল, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।

    দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে মুখ্যমন্ত্রী এইচ.ডি.কুমারস্বামী সরকারি কাজ বাতিল রেখে ঘটনাস্থলের পৌঁছেছেন। নিহতদের পরিবার প্রতি আর্থিক ক্ষতিপূরণেরও ঘোষণা দিয়েছেন তিনি।

  • বিবিসির সম্পাদকের দায়িত্ব নিতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

    বিবিসির সম্পাদকের দায়িত্ব নিতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

    সিনেমার চরিত্রে নয়। বাস্তব জীবনে সম্পাদকের দায়িত্ব নিতে যাচ্ছেন খ্যাতিমান হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বড়দিনকে সামনে রেখে বিবিসি রেডিওর অতিথি সম্পাদক হিসেবে কাজ করবেন জাতিসংঘের এই শরণার্থীবিষয়ক বিশেষ দূত। বিবিসি রেডিও ফোর-এর ‘টুডে’ অনুষ্ঠানটির জন্য কাজ করবেন তিনি।

    অ্যাঞ্জেলিনা জোলিঅ্যাঞ্জেলিনা জোলিযুদ্ধক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা এবং বৈশ্বিক শরণার্থী সংকট নিয়ে আলোচনা করতে অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আমন্ত্রণ জানাবেন কয়েকজন শরণার্থী আর যুদ্ধফেরত মানুষকে।

    জোলির এক মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যে অনুষ্ঠানটির জন্য বিবিসি রেডিওর কর্মীদের সঙ্গে প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। সাম্প্রতিক সংকটগুলো নিয়ে আলোচনার জন্য বিবিসির গ্রহণযোগ্য ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগানোর এই সুযোগ দেওয়ার জন্য বিবিসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জোলি।

    অ্যাঞ্জেলিনা জোলিঅ্যাঞ্জেলিনা জোলিআগামী ২৮ ডিসেম্বর বিবিসির অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করবেন অ্যাঞ্জেলিনা জোলি।

    বিশেষ দিনগুলোতে অতিথি সম্পাদক হিসেবে বিভিন্ন অঙ্গনের তারকা ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানায় বিবিসির রেডিও ফোর। এ বছর এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বিবিসি রেডিও ফোর। এ বছর অতিথি সম্পাদক হিসেবে আরও থাকবেন ইতিহাসবিদ অ্যান্ড্রু রবার্ট, ঔপন্যাসিক কামিলা সামসি, নারীবাদী ব্লগার ছিদেরা এগুরে প্রমুখ।

    অ্যাঞ্জেলিনা জোলিঅ্যাঞ্জেলিনা জোলিআগেও বিবিসির অতিথি সম্পাদক হিসেবে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। শরণার্থী দিবস উপলক্ষে বিবিসি রেডিওর ‘উইমেন্স আওয়ার’ অনুষ্ঠানের বিশেষ এক আয়োজনে অতিথি সম্পাদক হয়েছিলেন তিনি।

  • প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বরিশালে তরুণী

    প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বরিশালে তরুণী

    শামীম ইসলাম:

    বছরখানিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। তারপর প্রেম। সেই প্রেমের টানে যুক্তরাষ্ট্রের মিনাসোটা থেকে বরিশালে ছুটে এসেছেন সারা মেরিয়ান (২৮)। বরিশাল নগরীর ২ নম্বর ওয়ার্ডের খ্রিষ্টানপাড়ার বাসিন্দা মাইকেল অপু মণ্ডলের সঙ্গে ফেসবুকে প্রেম হয় সারা মেরিয়ানের।

    বৃহস্পতিবার খ্রিষ্টান ধর্মীয় রীতি অনুযায়ী সারা ও অপুর মধ্যে আংটি বদলের মাধ্যমে বিয়ের প্রাথমিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাইকেল রবীন মণ্ডলের একমাত্র ছেলে অপু মণ্ডল পেশায় রং মিস্ত্রি।

    অপু জানান, ফেসবুকের মাধ্যমে সারা মেরিয়ানের সঙ্গে তার পরিচয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সারা মেরিয়ান মিনাসোটার একটি বৃদ্ধাশ্রমের সেবিকা। গত ১৯ নভেম্বর তিনি বরিশালে আসেন। নগরীর একটি আবাসিক হোটেলে উঠে মুঠোফোনের মাধ্যমে খুঁজে নেন অপুকে।

    সারা মেরিয়ান জানান, অপুর প্রেমের টানেই তিনি বাংলাদেশে এসেছেন। বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অপুর পরিবারের সবাইকে তার ভাল লেগেছে। বরিশালের প্রকৃতিও তাকে মুগ্ধ করেছে। আগামী ২৭ নভেম্বর তিনি ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে।

    পরবর্তীতে কোন এক সময় এসে বিয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষে অপুকে নিয়ে পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে। নগরীর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট মুরতজা আবেদীন জানান, বৃহস্পতিবার সারা মেরিয়ান ও অপুর মধ্যে আংটি বদল হয়েছে।

    এ উপলক্ষে অপুর পারিবারের উদ্যেগে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেমের টানে মার্কিন তরুণীর এভাবে বরিশালে চলে আসা এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে অপুকে বিয়ে করার ঘটনায় স্থানীয়রা সবাই হতবাক। সেই সঙ্গে সারা মেরিয়ানের সরলতা ও আন্তরিকতাও সবাইকে মুগ্ধ করেছে।

  • কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে ৬ জঙ্গি নিহত

    কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে ৬ জঙ্গি নিহত

    ভারতের জম্মু-কাশ্মীরে সস্ত্রাসবিরোধী অভিযানে ৬ জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার ভোরে কাশ্মীরের অনন্তনাগ জেলায় এই অভিযান চালায় যৌথ বাহিনী। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বীজবেহারার সেকিপোরা গ্রামের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয় ওই ছয় জঙ্গি।

    রাজ্য পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, “নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর তরফ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়। তাতেই ওই জঙ্গিদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের সন্ধানে এখনও অভিযান চলছে ওই এলাকায়।

    সতর্কতা হিসাবে অনন্তনাগে ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে।

    এদিকে মাত্র তিন দিন আগে রাজ্যটির সোপিয়ান এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে চার জঙ্গি নিহত হয়। মৃত্যু হয় এক জওয়ানেরও।

  • বাংলাদেশি নাগরিক আটক ভারতের বৃন্দাবনে

    বাংলাদেশি নাগরিক আটক ভারতের বৃন্দাবনে

    ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। ভগবান কৃষ্ণের ভক্ত হিসাবে উত্তরপ্রদেশের মন্দির শহর বলে খ্যাত বৃন্দাবনের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন)-এর মন্দিরে অবস্থান করছিলেন ওই বাংলাদেশি নাগরিক। অবশেষে বৃহস্পতিবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

    চট্টগ্রামের বাসিন্দা বাংলাদেশির নাম ফাল্গুন বিকাশ বৈদ্য (৩৫)। জন্মের সনদ, আধার কার্ড, প্যান কার্ডসহ জাল নথি দিয়ে গত কয়েকবছর ধরে ওই ব্যক্তি ভারতীয় নাগরিক (পবিত্র দাস) সেজে বসবাস করছিলেন বলে অভিযোগ।

    তার কাছ থেকে মোবাইল ফোন, ব্যাঙ্কের এটিএম কার্ড, ল্যাপটপ, আধার কার্ড, রেশন কার্ড, পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ইস্যু করা জন্মের সনদ উদ্ধার করা হয়েছে। একটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে বৈদ্যের কাছ থেকে, যার মেয়াদ ২০২২ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত।পুলিশি জেরায় ওই ব্যক্তি জানান, ৫০০ রুপি ঘুষের বিনিময়ে ২০০৪ সালে তিনি ভারতে প্রবেশ করেন।

    পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুরের ইসকনের মন্দির এবং মধ্যপ্রদেশের উজ্জয়নি শহরে ইসকনের মন্দিরের পর ২০১০ সালে বৃন্দাবনে চলে আসেন তিনি। সেখানেই ভগবান কৃষ্ণের ভজন-কীর্তন করতে থাকেন। ভারতে প্রবেশের পরই এক ব্যক্তির মধ্যস্থতায় রুপির বিনিময়ে জাল ভারতীয় নথি সংগ্রহ করেন বলেও অভিযোগ।
    বৈদ্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৭ ও ৪৬৮ এবং ১৯৪৬ সালের ১৪ ফরেনারস অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে।

    বৃন্দাবন পুলিশ চৌকির সাব-ইন্সপেক্টর বিপিন গৌতম জানান, বৃন্দাবনে বহু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছে। আটক বাংলাদেশি নাগরিকের সাথে এই এলাকায় বসবাসকারী অন্য বাংলাদেশিদের কোনো যোগসাজশ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
    তবে এবারই প্রথম নয়, বৃন্দাবনে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাম্প্রতিক সময়ে ৫০ এরও বেশি বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

  • উদ্ধার হল গর্ভবতী কঙ্কাল

    উদ্ধার হল গর্ভবতী কঙ্কাল

    ৩৭০০ বছর ধরে মাটির তলায় চিরঘুমে শায়িত মা ও সন্তান। মাটি খুঁড়ে মিলল তাদের কঙ্কাল। ঘটনা মিশরের। প্রত্নতাত্ত্বিকদের মতে, দু’টি কঙ্কালের একটি বছর পঁচিশের এক যুবতীর। অন্য কঙ্কালটি তার গর্ভস্থ ভ্রুণের। সম্ভবত ওই মহিলা আসন্নপ্রসবা ছিলেন। সেই সময়ই মৃত্যু হয় তার।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘লাইভসায়েন্স’-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মিশর রাজধানী কায়রো থেকে ৫৩০ মাইল দূরে অবস্থিত আসওয়ান নামের এক স্থান থেকে ওই কঙ্কাল দু’টির সন্ধান পাওয়া গিয়েছে।

    ইয়েল বিশ্ববিদ্যালয় ও বোলোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ওই কঙ্কালগুলো উদ্ধার করেন। ওই গর্ভবতী মহিলাকে ১৭৫০ থেকে ১৫৫০ খ্রিস্ট পূর্বাব্দের মধ্যবর্তী কোনও এক সময়ে কবর দেওয়া হয়েছিল বলে জানিয়েছে মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকিউটিস-এর সচিব মোস্তাফা ওয়াজিরি।

    কীভাবে মৃত্যু হয়েছিল ওই মহিলার? জবাবে জানালেন, তার কোমরের হাড়ে সমস্যা ছিল। সেটিকে হয়তো ঠিকভাবে শুশ্রুষা করা সম্ভব হয়নি। সেই কারণেই সন্তানের জন্ম দেওয়ার সময়ে সমস্যায় পড়তে হয়েছিল তাকে। আর তাই শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল।

    মহিলার শরীরটি একটি চামড়ার ভিতরে মোড়ানো ছিল। কবরের মধ্যে রাখা ছিল একটি পাত্র ও অস্ট্রিচের ডিম দিয়ে বানানো জপমালা। হাজার হাজার বছর পেরিয়ে এসে আবার পৃথিবীর আলো পড়ল কবেকার মৃত শরীরের কাঠামোয়। আধুনিক পৃথিবীর বুকে ফুটে উঠল কবেকার এক অজ্ঞাত নারীর প্রসবকালীন মৃত্যুর করুণ ছবি।

  • খাশোগি হত্যা তদন্তে সহযোগিতা করছে না সৌদি : তুরস্ক

    খাশোগি হত্যা তদন্তে সহযোগিতা করছে না সৌদি : তুরস্ক

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদিসাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি এড়িয়ে যাওয়ার যে চেষ্টা করছেন তা গ্রহণযোগ্য নয়।

    শুক্রবার নিউজ চ্যানেল ‘সিএনএন-টার্কি’ এর সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

    চাভুসওগ্লু আরও বলেন, ট্রাম্প বলছেন সৌদি যুবরাজ হত্যাকাণ্ডে জড়িত থাকতেও পারেন আবার নাও থাকতে পারেন। ট্রাম্প কিসের ভিত্তিতে এ বক্তব্য দিচ্ছেন তা আমরা জানি না।

    খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে চাভুসওগ্লু বলেন, যে কোন আন্তর্জাতিক তদন্তে সহযোগিতা করবে তুরস্ক এবং এ সংক্রান্ত পর্যান্ত তথ্য-প্রমাণ তুলে ধরবে। কিন্তু তদন্তের ক্ষেত্রে সৌদি আরব তুরস্কের সঙ্গে সহযোগিতা করছে না বলে তিনি অভিযোগ করেন।

    তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সরকার সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খারাপ করার পক্ষে নয়। তবে খাশোগি হত্যাকাণ্ড সংক্রান্ত প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাবে আঙ্কারা। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কায় কোনো কোনো ইউরোপীয় দেশ খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি জানান।

    তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে গত ২ অক্টোবর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি।