Category: আন্তর্জাতিক

  • বাংলাদেশিদের জন্য চীনের অন অ্যারাইভাল ভিসা চালু

    বাংলাদেশিদের জন্য চীনের অন অ্যারাইভাল ভিসা চালু

    বাংলাদেশি নাগরিকদের জন্য ‘প্রবেশ মাত্রই’ (অন অ্যারাইভাল) ভিসা দিচ্ছে চীন। এখন থেকে চীনের নির্দিষ্ট বিমানবন্দরগুলোতে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে অন অ্যারাইভাল ভিসা নিতে পারবেন বাংলাদেশিরা।

    বৃহস্পতিবার (২২ নভেম্বর) ঢাকার চীনা দূতাবাস থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

    এখন থেকে জরুরি মানবিক প্রয়োজন, বাণিজ্যিক কাজ, প্রকল্প মেরামত, পর্যটন বা অন্য কোনো জরুরি কাজের জন্য চীনের ‘পোর্ট ভিসা’ সহজেই পাওয়া যাবে।

    বেইজিং, গুয়াংজু, কুনমিংসহ চীনের ২৭টি বিমানবন্দরে পোর্ট এন্ট্রি ভিসা সুবিধা পাওয়া যাবে। এই ভিসায় আগত ব্যক্তিরা চীনে ৩০ সর্বোচ্চ দিন অবস্থান করতে পারবেন।

    বিবৃতিতে বলা হয়েছে, চীনে ভ্রমণের জন্য সেদেশের পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে যেতে হবে। বাণিজ্যিক কাজ, প্রকল্পের মেরামত বা অন্য কোনো জরুরি কাজের জন্য কোনো চীনার পক্ষ থেকে আমন্ত্রণ পেতে হবে।

  • খাশোগির হত্যা নিয়ে ট্রাম্পের বক্তব্য হাস্যকর ও কৌতুক : তুরস্ক

    খাশোগির হত্যা নিয়ে ট্রাম্পের বক্তব্য হাস্যকর ও কৌতুক : তুরস্ক

    সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে হাস্যকর হিসেবে অভিহিত করেছে তুরস্ক। একইসঙ্গে আঙ্কারা বলেছেন, খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে সত্যকে আড়াল করার চেষ্টা করছে ওয়াশিংটন।

    বুধবার তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেবেলপমেন্ট পার্টি বা একেপি’র ডেপুটি চেয়ারম্যান নুমান কুরতুলমাস রাষ্ট্রীয় প্রচার মাধ্যম টিআরটি হাবেরকে বলেন, গতকাল ট্রাম্পের বিবৃতি ছিল হাস্যকর ও কৌতুক।

    নির্মম এ হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক নিন্দা ও প্রতিবাদ ছড়িয়ে পড়লেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল তার এক দীর্ঘ বিবৃতিতে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছেন। যদিও খাশোগিকে হত্যার নির্দেশ সৌদি আরবের উচ্চ পর্যায় থেকে এসেছে বলে তুরস্ক  দাবি করে আসছে।

    মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের জন্য সরাসরি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে দায়ী করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত নন।

    কুরতুলমুস আরও বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ যারা সৌদি কনস্যুলেটের বাগানের পাশ দিয়ে হেটে যাওয়া পাখির পালকের রং সম্পর্কে জানে তাদের পক্ষে এটা জানা অসম্ভব যে কে খাশোগির হত্যার নির্দেশ দিয়েছিল। এটা আমেরিকার জনগণ এমনকি গোটা বিশ্বের মানুষ বিশ্বাস করবে না।

  • ক্যালিফোর্নিয়ার দাবানলের জন্য ট্রাম্প হয়তো ইরানকে দায়ী করবেন

    ক্যালিফোর্নিয়ার দাবানলের জন্য ট্রাম্প হয়তো ইরানকে দায়ী করবেন

    সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

    তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, বিস্ময়করভাবে ট্রাম্প সৌদি সরকারের অপরাধের কথা বর্ণনা করতে গিয়ে দেয়া তার লজ্জাজনক বিবৃতির শুরুতেই ইরানকে কাল্পনিক কিছু অপকর্মের জন্য দায়ী করেছেন। হয়ত তিনি ক্যালিফোর্নিয়ার দাবানলের জন্যও ইরানকে দায়ী করবেন এই কারণে যে, ইরান সেখানকার জঙ্গল পরিষ্কারে সাহায্য করেনি।

    খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে মঙ্গলবার বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প সৌদি রাজা ও যুবরাজ এই হত্যাকাণ্ডে জড়িত নন বলে উল্লেখ করেন। উল্টো তিনি অপ্রাসঙ্গিকভাবে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকে অভিযুক্ত করেন।

    জামালা খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নির্মমভাবে নিহত হন। সৌদি সরকার ১৭ দিন ধরে এ ব্যাপারে মিথ্যাচার করার পর প্রবল আন্তর্জাতিক চাপের মুখে ১৯ অক্টোবর স্বীকার করে, খাশোগিকে ওই কনস্যুলেটের মধ্যে হত্যা করা হয়েছে।

    জামাল খাশোগি সৌদি আরবে থাকতেই যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের রোষাণলে পড়েছিলেন এবং সরকারি গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে দুই বছর আগে সৌদি আরব ত্যাগ করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে ইস্তাম্বুলে সৌদি গোয়েন্দা বাহিনীর হাতেই জীবন দিতে হয়।

  • পদ ছাড়ছি না: মার্ক জাকারবার্গ

    পদ ছাড়ছি না: মার্ক জাকারবার্গ

    নির্বাচনে হস্তক্ষেপ, ভুয়া খবর ঠেকানোর বিরুদ্ধে অপর্যাপ্ত ব্যবস্থা, তথ্য ফাঁস কেলেঙ্কারির মতো নানা সমস্যায় রয়েছে ফেসবুক। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গের ওপর চাপ বাড়াচ্ছেন বিনিয়োগকারীরা। জাকারবার্গকে তাঁর পদ ছাড়ার কথা বলছেন অনেকেই। কিন্তু এ বছরে ফেসবুককে ঠিকপথে ফেরানোর লক্ষ্য নিয়ে কাজে নেমে পড়া জাকারবার্গ তাঁর সিদ্ধান্তে অনড়। তিনি ফেসবুকের পদ ছাড়তে চান না।

    সিএনএনের লরি সেগালকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্ক জাকারবার্গ বলেছেন, তিনি ও তাঁর ডান হাত বলে পরিচিত শেরিল স্যান্ডবার্গের ফেসবুকে থাকা জরুরি। তিনি ফেসবুকের চেয়ারম্যান পদটি ছাড়বেন না। এমনকি শেরিলও তাঁর জায়গা থেকে নড়বেন না।

    জাকারবার্গ শেরিল প্রসঙ্গে বলেন, ‘ফেসবুকের খুব গুরুত্বপূর্ণ অংশ শেরিল। ফেসবুকের অনেক বড় বড় সমস্যা সমাধানে তিনি অনেক বড় ভূমিকা রেখেছেন। এক দশকের বেশি সময় ধরে তিনি আমার গুরুত্বপূর্ণ সহযোগী। সামনের দশকলোতেও আমরা একসঙ্গে কাজ করব বলে আশা রাখি।

    নিজের পদত্যাগ প্রসঙ্গে সিএনএন বিজনেসকে দেওয়া ও সাক্ষাতকারে জাকারবার্গ বলেন, ‘পদত্যাগের পরিকল্পনা নেই।

    গত সপ্তাহে নিউইয়র্ক টাইমস ফেসবুকের কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়ে ফেসবুক যথেষ্ট স্বচ্ছ নয়। এ ছাড়া ফেসবুক ডিফাইনার্স পাবলিক অ্যাফেয়ার্স নামের একটি গণসংযোগ প্রতিষ্ঠান (পিআর ফার্ম) ভাড়া করেছে, যাতে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী ও সমালোচকদের নামে কুৎসা ছড়ানো হয়।

    ফেসবুকের সমালোচকদের বিষয়ে নেওয়া পদক্ষেপ ঘিরে সমালোচনার ঝড় ওঠে। বিনিয়োগকারীরা জাকারবার্গের ওপর চাপ বাড়াতে থাকেন। তাঁকে ফেসবুকের প্রধান নির্বাহী পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান ফেসবুকের বড় একটি অংশের শেয়ারের মালিক ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাস ক্রোন।

    নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, একজন রিপাবলিকান রাজনীতিকের মালিকানাধীন রাজনৈতিক পরামর্শক ও পিআর প্রতিষ্ঠানকে ভাড়া করেছে ফেসবুক। ওই প্রতিষ্ঠানকে ফেসবুক তাদের সমালোচকদের দুর্নাম করার দায়িত্ব দিয়েছে । ওই সংবাদ প্রকাশের পরই জাকারবার্গকে ফেসবুকের চেয়ারম্যান পদটি ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

    জোনাস ক্রন বলেন, ফেসবুক একক ব্যক্তির ওপর নির্ভরশীল একটি প্রতিষ্ঠানের মতো আচরণ করছে। কিন্তু প্রতিষ্ঠানটি আসলে তা নয়। এটি একটি কোম্পানি। চেয়ারম্যান ও সিইওর পদ আলাদা থাকাটা কোম্পানির জন্যই প্রয়োজন।

    নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ওয়াশিংটন ডিসিভিক্তিক রিপাবলিকানদের প্রতিষ্ঠান ডিফাইনারস পাবলিক অ্যাফেয়ার্সকে ভাড়া করে ফেসবুক, যারা পিআরের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী ও সমালোচকদের দুর্নাম করে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, রিপাবলিকান এক নেতার ওই প্রচার প্রতিষ্ঠান নিরপেক্ষ নয়।

    জাকারবার্গ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এটি দেখার পর দ্রুততার সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং ওই প্রতিষ্ঠানটির সঙ্গে ফেসবুকের সব সম্পর্ক ছিন্ন করেছেন। একই দাবি করেছেন ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গও।

    জাকারবার্গ বলেছেন, ফেসবুক পরিচালনার ক্ষেত্রে তিনি সঠিক পথেই আছেন। বছরজুড়ে তিনি প্রতিষ্ঠানে বড় ধরনের রদবদল করেছেন।

    সিএনএনকে জাকারবার্গ বলেছেন, ‘বছরের শুরুতে ব্যবস্থাপনার যে দলটি দেখেছিলেন, বছরের শেষে লক্ষ্য করলে তাতে ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন। পণ্য ও প্রকৌশলের দিক থেকে আমরা পুরোপুরি ঢেলে সাজিয়েছি।

    গত মে মাসে ফেসবুক ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনে। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারসহ জনপ্রিয় অ্যাপগুলোর নির্বাহীর দায়িত্বে থাকা ব্যক্তিদের রদবদল করা হয়। নতুন প্রযুক্তি ব্লকচেইনের মতো খাতেও প্রকৌলীদের নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া বিপণন, অংশীদারত্ব ও যোগাযোগের ক্ষেত্রে নতুন নেতৃত্ব আসে।

    ফেসবুক থেকে জাকারবার্গকে সরানো সহজ নয়। কারণ, তাঁর হাতেই রয়েছে ফেসবুকের সব ক্ষমতা। প্রতিষ্ঠানটির অধিকাংশ ভোটের ক্ষমতা তার হাতে রেখেছেন তিনি। বিনিয়োগকারীরা মনে করছেন, জাকারবার্গ না থাকলেই ফেসবুকের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এর আগেও তাঁকে সরাতে ভোট দেওয়ার ক্ষমতা চাওয়া হয়েছিল। কিন্তু বরাবরই সে প্রস্তাবগুলো নাকচ হয়েছে।

    ২০১৭ সালেও স্বাধীন একজন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে শেয়ারহোল্ডাদের একটি প্রস্তাব বাতিল হয়ে যায়। কেননা, ফেসবুকে জাকারবার্গের সিংহভাগ শেয়ার থাকার কারণে বাইরে থেকে ওঠা কোনো প্রস্তাব কার্যত প্রতীকী।

  • উইন্ডিজ কোচের কাছে বাংলাদেশ কঠিন পরীক্ষা

    উইন্ডিজ কোচের কাছে বাংলাদেশ কঠিন পরীক্ষা

    চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার আগে শ্রীলঙ্কান দলকে সামলেছিলেন বেশ কিছুদিন। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং কোচ নিক পোথাসের কাছে তাই পূর্ণাঙ্গ কোচের দায়িত্বটা নতুন কিছু নয়। ভারত সিরিজের পরপরই ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের দায়িত্ব নেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ ছেড়েছেন স্টুয়ার্ট ল। তাঁর জায়গাতেই আপাতত পোথাসকে দায়িত্ব দিয়েছে উইন্ডিজ বোর্ড। প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশকে পেয়ে কিন্তু মোটেও নির্ভার নন এই কোচ, বেশ কঠিন প্রতিপক্ষ হিসেবেই বাংলাদেশকে দেখছেন তিনি।

    বাংলাদেশ সফর নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজের মূল কোচ হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার কাছে অত্যন্ত গর্বের একটা বিষয়। বাংলাদেশ সিরিজটা আমাদের জন্য বেশ কঠিন একটা পরীক্ষা হিসেবে অপেক্ষা করছে। আর এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

    পূর্ণাঙ্গ কোচ হিসেবে নিজের অভিজ্ঞতার ভান্ডার পূর্ণ করতে বাংলাদেশ সফরকেই পাখির চোখ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আপাতত তাঁর দায়িত্ব ধারাবাহিকতাটা ধরে রাখা। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক জিমি অ্যাডামস ঠিক সেটিই বলছেন, ‘নিকের অধীনে দলটা যেন সফল হতে পারে, সেটাই আমরা চাচ্ছি। এ পর্যায়ে আমাদের দলে একটা ধারাবাহিকতা দরকার, যেটা নিক এনে দিতে পারে আমাদের।

    বৃহস্পতিবার চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় অনুষ্ঠিত হবে পরের টেস্ট। দুই টেস্ট ছাড়াও এ সফরে ক্যারিবীয়রা এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

  • বিদ্যুতে দক্ষিণ কোরীয় বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুতে দক্ষিণ কোরীয় বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে এবং দেশে একটি তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ এবং সহযোগিতা কামনা করেছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় নবনিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত হু ক্যাং-ইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোরীয় রাষ্ট্রদূতকে জানান, তাঁর সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া সহযোগিতার হাত প্রসারিত করলে কাজটি আরও সহজ হয়। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    বাংলাদেশের ক্রমবর্ধিষ্ণু অর্থনীতির ভূয়সী প্রশংসা করে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত বলেন, ‘এটা খুবই প্রশংসার দাবি রাখে যে বাংলাদেশ বিগত কয়েক বছর ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। এটি একটি বিরাট অর্জন।

    হু ক্যাং-ইল বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে কোরিয়া। তিনি বলেন, ‘বাংলাদেশের সামনে একটি উজ্জ্বল ও ইতিবাচক ভবিষ্যৎ থাকায় আরও কোরীয় বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য আসবেন।

    রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়া রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ গৃহীত প্রস্তাবে সমর্থন ব্যক্ত করেছে। তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে সফল প্রত্যাবাসন প্রত্যাশা করি। রাষ্ট্রদূত এ প্রসঙ্গে বলেন, দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে রোহিঙ্গাদের জন্য ৫০ লাখ মার্কিন ডলার সহযোগিতা দিয়েছে।

    এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

  • যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মিলার ঢাকায়

    যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মিলার ঢাকায়

    বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ঢাকায় পৌঁছেছেন। দায়িত্ব নিতে গতকাল রোববার তিনি ঢাকায় পৌঁছান। আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে এসব কথা বলা হয়েছে।

    ২০১৪ সাল থেকে আফ্রিকার দেশ বতসোয়ানায় মার্কিন মিশনের দায়িত্ব শেষে ঢাকায় এলেন আর্ল রবার্ট মিলার। তিনি রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

    বার্নিকাট বাংলাদেশে মার্কিন দূতাবাসের নেতৃত্ব দিয়ে আসছিলেন সাড়ে তিন বছর ধরে। প্রেসিডেন্ট ট্রাম্প গত জুলাই মাসে মিলারকে ওই পদের জন্য মনোনীত করেন। গত ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেট তাঁর নিয়োগ অনুমোদন করে।

    আর্ল রবার্ট মিলার ১৯৮৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন। এ ছাড়া নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি।

    মিশিগান বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড স্টেটস মেরিন কপস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর মার্কিন মেরিন কোরে যোগ দেন আর্ল রবার্ট মিলার। এর মধ্যে তিনি ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মেরিন কোরে এবং ১৯৮৫ থেকে ১৯৯২ পর্যন্ত মেরিন কোর রিজার্ভে অফিসার পদে ছিলেন।

  • সৌদি সাংবাদিক খাশোগির লাশ টুকরো করার ছবি ফাঁস!

    সৌদি সাংবাদিক খাশোগির লাশ টুকরো করার ছবি ফাঁস!

    তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটের ভেতর ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে গত ২ অক্টোবর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সৌদি রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগি। এরপরই আন্তর্জাতিক মহলে উঠে সমালোচনার ঝড়। এদিকে, গত শুক্রবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা আল সুরা খাশোগির লাশ টুকরো টুকরো করার কয়েকটি ছবি প্রকাশ করেছে। ছবি প্রকাশ করে সংবাদ সংস্থাটি দাবি করেছে, এগুলো খাশোগির লাশ টুকরো করার সময়কারই ছবি।

    অন্যদিকে, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার সঙ্গে জড়িতদের হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। তিনি কানাডার হেলিফিক্সে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এ তথ্য দিয়েছেন। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, খুনিরা নিজে থেকে খাশোগিকে হত্যা করেনি। এটা নিশ্চিত করে বলা যায় যে, সৌদি সরকারের উচ্চ মহলের নির্দেশে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। খাশোগিকে হত্যার জন্য সৌদি আরব থেকে ১৮ জন ব্যক্তি তুরস্কের ইস্তাম্বুলে এসেছিলেন বলেও তিনি জানান।

    উল্লেখ্য, জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ঢোকার পর থেকে নিখোঁজ ছিলেন। প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত খাশোগির মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। সৌদি আরবও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। সম্প্রতি খবর বেরিয়েছে, হাইড্রোফ্লুরিক অ্যাসিড দিয়ে তার মরদেহ গলিয়ে ফেলা হয়েছে।

  • আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে উত্তর কোরিয়া

    আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে উত্তর কোরিয়া

    কোন ভাবেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে বিরত রাখা যাচ্ছে না উত্তর কোরিয়াকে। আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে দেশটি। এবার উচ্চ প্রযুক্তি সম্পন্ন নতুন ধরনের অস্ত্র উৎপাদন শুরু করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি দেশটির শীর্ষ নেতা কিম জং উন এই অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।

    উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা উচ্চ প্রযুক্তি সম্পন্ন ওই অস্ত্রগুলোকে ‘কৌশলগত অস্ত্র’ বলে অভিহিত করেছে, যেগুলো দেশটিকে ‘স্টিল ওয়াল’ এর মতো সুরক্ষা দেবে।  অস্ত্র কারখানা পরিদর্শনকালে কিম জং উন বলেছেন, এটি পুরো অঞ্চলে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বৃদ্ধির আরেকটি প্রদর্শনী।  নতুন এই প্রযুক্তি আমাদের সামরিক বাহিনীর লড়াই সক্ষমতার যুগান্তকারী পরিবর্তন।

    এদিকে, সম্প্রতি ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। কিম জং উনের সে আস্ফালন ভালো চোখে নেয়নি বিশ্ববাসী। বিশ্ব জুড়ে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে উত্তর কোরিয়ার এই কাজ যে রীতিমতো বিপজ্জনক, সে বিষয়ে একমত বিশ্ববাসী। সম্প্রতি পরীক্ষা চালানো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি প্রায় ৯৪০ কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ উচ্চতা ছিল ৪ হাাজর ৫০০ কিলোমিটার। উত্তর কোরিয়ার দাবি, আগের ক্ষেপণাস্ত্রের উন্নত রূপ এটি। ১৩ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও।

    বিজ্ঞানীরা বলছেন, উত্তর কোরিয়ার ক্ষমতার সর্বোচ্চ প্রদর্শন ছিল এটি। এই ক্ষেপণাস্ত্র অতি বিপজ্জনক!

  • নামাজে’ তাজমহলের পবিত্রতা নষ্ট,তাই শুদ্ধিকরণ করতে ‘আরতি’! ভারতে তোলপাড়

    নামাজে’ তাজমহলের পবিত্রতা নষ্ট,তাই শুদ্ধিকরণ করতে ‘আরতি’! ভারতে তোলপাড়

    নামাজ আদায়ের ফলে প্রেমের স্মৃতিসৌধ তাজমহলের পবিত্রতা নাকি নষ্ট হয়েছে, তাই পবিত্রতা ফিরিয়ে আনতে তাজমহল চত্বরেই ধূপ-ধুনো দিয়ে পূজা-আরতি করার অভিযোগ উঠল ভারতের কট্টরপন্থী হিন্দু গোষ্ঠী বজরং দলের এক নারী নেত্রী ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে।

    শনিবার সোশ্যাল মিডিয়ায় এমন এক দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) ও ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর পক্ষ থেকে ওই ভিডিওর সত্যতা যাচাই করে দেখা হবে বলে জানানো হয়েছে।

    রাষ্ট্রীয় বজরং দলের (আরবিডি) নারী শাখার জেলা সভাপতি মীনা দিবাকর নিজেও বিষয়টি স্বীকার করে জানান, ‘আমরা ধূপকাঠি, দেশলাই আর গঙ্গাপানি নিয়ে তাজমহল চত্বরে প্রবেশ করি এবং মসজিদে আরতি করি। আমরা আসলে জায়গাটি পবিত্র করছিলাম। কেননা এটি একটি শিব মন্দির। প্রতিদিন নমাজ পড়ে এই মন্দিরের পবিত্রতা নষ্ট হয়েছে।

    তিনি আরও জানান ‘তেজো মহালয়া বা শিব মন্দিরের জন্যই তাজমহল তার পরিচিত পেয়েছে। এই স্থানে কেবলমাত্র শুক্রবারই নামাজ আদায়ের অনুমতি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও অন্য দিনগুলোতেও এখানে নামাজ আদায় করা হচ্ছে।

    তাই আমরা আরতি করে জায়গাটাকে পবিত্র করছি।’ কর্তৃপক্ষের উচিত সপ্তাহের অন্য দিন নামাজ আদায় ঠেকানো না হলে তাদের পূজা-আরতি করাও রোধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মীনা দিবাকর। তাঁর সাফ যুক্তি ‘তারা (মুসলিম) যদি কোরআন সাথে করে নিয়ে এসে নামাজ আদায় করতে পারে, তবে আমরা কেন ধূপ-গঙ্গাপানি সাথে করে এনে আরতি করতে পারবো না?

    তবে বিষয়টি নিয়ে এএসআই বা সিআইএসএফ’এর পক্ষ থেকে কোন যথোপযুক্ত ব্যখ্যা দেওয়া হয়নি। তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এএসআই-এর সহকারী কর্মকর্তা অঙ্কিত নামদেব জানান, ‘আমরা আরতি-র ভিডিওটির ব্যাপারে জানতে পেরেছি। সেই ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে।

    সিআএসএফ-এর কমান্ডান্ট ব্রীজ ভূষণ জানান, ‘বিষয়টি এখনও আমার কাছে আসেনি, যদি এই ধরনের কোন ঘটনা ঘটে তার যথার্থতা যাচাই করে দেখা হবে।

    কংগ্রেসের সিটি ইউনিটের সভাপতি হাজি জামিউদ্দিন কুরেশি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মীনা দিবাকরসহ যারা তাজমহল চত্বরে আরতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনার মধ্য দিয়ে সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর প্রচেষ্টা হচ্ছে বলেও কুরেশির অভিযোগ।

    উল্লেখ্য, তাজমহলে নামাজের আদায়ের লক্ষ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশি নাগরিকদের প্রবেশের পরই ২০১৩ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া-এর পক্ষ থেকে তাজমহলের ভিতর মুমতাজ মসজিদে শুক্রবারে জুমার নামাজ আদায়ের ওপর বিদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।