Category: আন্তর্জাতিক

  • ক্রিকেট অস্ট্রেলিয়ার দুর্নীতি বিরোধী স্লোগান শুনলে বমি আসে’

    ক্রিকেট অস্ট্রেলিয়ার দুর্নীতি বিরোধী স্লোগান শুনলে বমি আসে’

    অস্ট্রেলিয়া ক্রিকেট প্রশাসনের (সিএ) দুর্নীতি বিরোধী স্লোগান শুনলে বমি আসে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কিংবদন্তি শেন ওয়ার্ন।   ক্রিকেটারদের একের পর ফিক্সিং, বল টেম্পারিং, দলের বাজে পারফরমেন্স ও ক্রিকেট প্রশাসনের দুর্নীতিতে চরম বিরক্ত হয়ে এই মন্তব্য করেন এই অজি তারকা।

    শেন ওয়ার্ন বলেন, পরিস্থিতি বিচারে বোর্ডের কাছ থেকে দুর্নীতি বিরোধী স্লোগান শুনলে আমার বমি আসে। বইয়ে আর কোনো নীতিবাক্য ছিল না। এটি নিছকই কাণ্ডজ্ঞানহীন বাণী। সত্যি, এটি শুনলে আমার বমি পায়।

    তিনি আরও বলেন, দিন শেষে ক্রিকেট শুধুই একটা খেলা। এটা পারফরম্যান্সভিত্তিক খেলা। জিততে হলে আপনাকে অবশ্যই মাঠে পারফর্ম  করতে হবে। বাকি সব কথা কাজের অংশ। এগুলো বাস্তবে রূপদান করতে হবে।

    আমি মনে করি, ক্রিকেট অস্ট্রেলিয়ার মৌল ভিত্তি এরকম হওয়া দরকার।

    শেন ওয়ার্ন জানান, অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। এজন্য আগে তাকে পারফর্ম করতে হবে। যেন সতীর্থদের উৎসাহিত করা যায়। পারফরম করতে না পারলে এসব লেখালেখি, ২০০ পাতার দলিলও কোনো কাজে আসবে না

    সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া দলের বিবর্ণ পারফরম্যান্স, বল টেম্পারিং কাণ্ড চোখ কপালে তুলেছে ক্রিকেটবোদ্ধাদের। অধিকন্তু দেশটির ক্রিকেট প্রশাসনে বিরাজমান অস্থিরতা অবাক করেছে তাদের। পাল্লা দিয়ে পদত্যাগ করছেন সিএ কর্মকর্তারা।

    এদিকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বল টেম্পারিং কাণ্ডের রেশ কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। এর মধ্যে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম আল-জাজিরা অস্ট্রেলিয়া দলের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেছে। এসব ঘটনায় নড়েচড়ে বসে অস্ট্রেলীয় বোর্ড। দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার আহ্বান জানিয়ে তারা ছড়িয়ে দেয় একটি স্লোগান-সবকিছুর ঊর্ধ্বে সততা।

  • বলিউডের সব রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ খান

    বলিউডের সব রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ খান

    প্রচারেই প্রসারের এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম বিরাট ভূমিকা পালন করে। একটা সময় রুপালি পর্দার জন্য নির্মিত ছবির শুধু পোস্টার তৈরি হলেও কালের প্রয়োজনে সে ধরনে এসেছে পরিবর্তন। এখন শুধু পোস্টারই নয়, পোস্টারের পাশাপাশি ছবির সারসংক্ষেপ নিয়ে নির্মিত হয় ট্রেলার।

    আর সে ট্রেলার দিয়েও বাজিমাত করে দিলেন বলিউড বাদশাহ খ্যাত সুপারস্টার শাহরুখ খান। মাত্র ৩ দিন আগেই প্রকাশিত হয়েছে আনন্দ এল রাই পরিচালিত শাহরুখের জিরো সিনেমার ট্রেলার। আর এই ৩ দিনেই গড়লেন বলিউডের যেকোনো ছবির ট্রেলারের সর্বোচ্চ ইউটিউব ভিউয়ের রেকর্ড।

    এখন পর্যন্ত ট্রেলারটি সর্বমোট ৯০ মিলিয়ন বার দেখা হয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে এক মাস আগে মুক্তি পাওয়া বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান অভিনীত থাগস অব হিন্দুস্তান ছবিটির ট্রেলার, ৮০ মিলিয়ন ভিউয়ার নিয়ে ট্রেলারটি আছে দ্বিতীয় অবস্থানে।

    এত স্বল্প সময়ে এত বেশি ভিউয়ারসই জানান দিচ্ছে শাহরুখ খানের নতুন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহের কমতি নেই। ছবিটিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফকে। আগামী ২১ ডিসেম্বর রুপালি পর্দায় মুক্তি পাবে ‘জিরো।

  • মাঠে গড়ানোর আগেই রেকর্ড গড়লো বার্সার ম্যাচ

    মাঠে গড়ানোর আগেই রেকর্ড গড়লো বার্সার ম্যাচ

    আট বছর পর নিজেদের মাঠে লিওনেল মেসির ক্লাব বার্সেলোনাকে আতিথেয়তা দেয়ার জন্য প্রস্তুত ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। নিজেদের মাঠে বাংলাদেশ সময় আজ রাত ২টায় বার্সাকে মোকাবেলা করতে নামবে ইন্টারের ফুটবলাররা। ম্যাচটি মাঠে গড়ানোর আগেই কিন্তু রেকর্ড গড়ে বসে আছে। ইতালিয়ান ফুটবলের ইতিহাসে এই একটি ম্যাচকে ঘিরেই টিকিট বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণে।

    চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিজেদের মাঠে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। ফিরতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দু’দল। এস্টাডিও গুইসেপ্পে মায়েজ্জায় যদি আজ জিততে পারে, তাহলে বার্সার সঙ্গে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলবে ইন্টারও। সে লক্ষ্য নিয়েই মিলানের দলটি মাঠে নামবে।

    বার্সার বিপক্ষে এই ম্যাচটি ঘিরে ইন্টার মিলান সমর্থকদের এত বেশি আগ্রহ যে, তাদের তুমুল সাড়া পড়ার কারণে ইন্টারের টিকিট বিক্রি হয়েছে ৫.৮ মিলিয়ন ইউরো। অর্থ্যাৎ প্রায় ৫ কোটি টাকা। ইতালিয়ান ঘরোয়া ফুটবলের ইতিহাসে কিংবা মহাদেশীয় কোনো টুর্নামেন্টেও এত বেশি টাকার টিকিট কখনো বিক্রি হয়নি।

    মিলানের ফুটবল সমর্থকরা তাদের দলকে সর্বাত্মক সমর্থন জানাতে প্রস্তুত। ইতালিয়ান সিরি-এ’তে টানা সাতটি জয় এবং সর্বশেষ জেনোয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করার পর এবার তাদের সবচেয়ে বড় প্রত্যাশা বার্সাকেও হারিয়ে দেবে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।

  • সবাইকে ছাড়িয়ে নতুন উচ্চতায় ‘হিটম্যান’ রোহিত

    সবাইকে ছাড়িয়ে নতুন উচ্চতায় ‘হিটম্যান’ রোহিত

    ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরি বা সাতটি দেড়শ রানের ইনিংস খেলে নিজেকে অনন্য উচ্চতায় তুলেছিলেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজেকে নিয়ে গেলেন সবার উপরে।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটসম্যান। ক্রিকেটের মারকাটারি এই ফরম্যাটে এতো বেশি সেঞ্চুরি নেই আর কোনো ব্যাটসম্যানের।

    এতদিন ধরে তিন সেঞ্চুরি নিয়ে রোহিত এই রেকর্ডে ভাগ দিচ্ছিলেন নিউজিল্যান্ডের মারমুখী ওপেনার কলিন মুনরোকেও। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে মুনরোর চেয়ে এক ধাপ এগিয়ে গেলেন রোহিত।

    এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে দুইটি সেঞ্চুরি রয়েছে অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, ব্রেন্ডন ম্যাককালাম, এভিন লুইস, ক্রিস গেইল, লোকেশ রাহুল ও মার্টিন গাপটিলের। ১টি করে সেঞ্চুরি রয়েছে আরও ১৫ জন ব্যাটসম্যানের।

    লাখনৌতে রোহিতের অপরাজিত সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ভারত। শিখর ধাওয়ানের সাথে উদ্বোধনী জুটিতে মাত্র ৮৬ বলে ১২৩ রান যোগ করেছেন রোহিত।

    ধাওয়ান ৪৩ রান করে ফিরে যাওয়ার পরে মারমুখী হয়ে যান তিনি। মাত্র ৫৮ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬১ বলে ৮ চার ও ৭ ছক্কার মারে ১১১ রানে অপরাজিত থেকে যান রোহিত। রাহুলের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৬ রানের কার্যকরী ইনিংস। সিরিজে সমতা ফেরাতে ১৯৬ রান করতে হবে ক্যারিবীয়দের।

  • এবার কারাগারে নির্যাতনে সৌদি সাংবাদিকের মৃত্যু

    এবার কারাগারে নির্যাতনে সৌদি সাংবাদিকের মৃত্যু

    কারাগারে আটক অবস্থায় নির্যাতনের শিকার হয়ে এবার মারা গেছেন সৌদি সাংবাদিক ও লেখক তুর্কি বিন আবদুল আজিজ আল-জাসর। গত মার্চে আল-জাসরকে দুবাই থেকে গ্রেফতার করেছিল সৌদি পুলিশ। আরবি ভাষার গণমাধ্যম দ্য নিউ খালিজের এক প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

    সৌদি কর্তৃপক্ষ ও রাজপরিবারে সংঘটিত নানা ঘটনার তথ্য ফাঁসের অভিযোগে সাংবাদিক ও লেখক তুর্কি বিন আবদুল আজিজকে গ্রেফতার করে দেশটির পুুলিশ। গ্রেফতারের পর পুলিশের কাছে আটক অবস্থায়ই দিনের পর দিন নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি।

    এদিকে, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ব্যক্তিগত কাগজপত্র আনার প্রয়োজনে ঢোকার পর থেকেই নিখোঁজ সৌদির খ্যাতনামা সাংবাদিক খাশোগি। শুরু থেকেই তুরস্ক দাবি করে আসছে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতর সৌদি ঘাতক টিমের সদস্যরা হত্যা করেছে এবং তার লাশ টুকরো টুকরো করে কোথাও ফেলে দিয়েছে।

    তুরস্ক আরও দাবি করেছে যে, সাংবাদিক জামাল খাশোগির হত্যার প্রমাণও মুছে ফেলছে সৌদি তদন্তকারীরা। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে খাশোগিকে খুনের ঘটনায় হত্যার তদন্ত করতে তুরস্কে এসেছে সৌদি তদন্তকারীরা। কিন্তু তারা সুষ্ঠু তদন্ত না করে এই হত্যাকাণ্ডের প্রমাণ মুছে ফেলছে বলে অভিযোগ করেছে তুরস্ক। এ খবর জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

    এ ব্যাপারে এক তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, খাশোগি হত্যার নয় দিন পর তদন্তে সহযোগিতা করতে সৌদির ১১ সদস্যের একটি তদন্তকারী দল তুরস্কে আসে। তারা যৌথ তদন্তের নাম করে উল্টো হত্যার প্রমাণ ধ্বংস করছে। তিনি জানান, সৌদির ওই তদন্তকারী দলে দুজন কেমিস্ট ও টক্সিওলোজি বিশেষজ্ঞ রয়েছেন। তারাই হত্যার প্রমাণ মুছে ফেলার কাজটি করছেন।

    এদিকে, খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক ১৮ ব্যক্তিকে তুরস্কের কাছে হস্তান্তরের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির প্রাদেশিক নেতাদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

    তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, সৌদি আরবে আটক ১৮ জনের মধ্যেই খাশোগির খুুনি রয়েছে বলে মনে হয়। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে চাইলে আটক ব্যক্তিদের তুরস্কের কাছে হস্তান্তর করা উচিত বলে তিনি মন্তব্য করেন। খাশোগির মরদেহ কোথায় রয়েছে তা জানাতেও সৌদির প্রতি আহ্বান জানান তিনি।

  • গুরুতর আহত চালককে ফেলে রেখে পেঁয়াজ সংগ্রহের হিড়িক!

    গুরুতর আহত চালককে ফেলে রেখে পেঁয়াজ সংগ্রহের হিড়িক!

    ভারতের পুনে থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক নিয়ে মুম্বাই যাচ্ছিলেন চালক। কিন্তু যখন পুনে-মুম্বাই এক্সপ্রেস ওয়ের পার্বত্য লোনাব্লা অঞ্চলের বলবান ব্রিজের কাছে পৌঁছান, তখন ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি।

    ঘটনাটি ঘটে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টার দিকে। চালক নিয়ন্ত্রণ হারালে এক্সপ্রেস ওয়ের বিভাজকের সঙ্গে ধাক্কা খায় ট্রাক। এতে এক্সপ্রেস ওয়ে থেকে ৩০ ফুট নিচে পুরনো মুম্বাই-পুনে মহাসড়কের ওপর ট্রাকসহ ছিটকে পড়ে যান চালক। এ ঘটনায় গুরুতর আহত হন ওই চালক। সড়কের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে ট্রাকে থাকা পেঁয়াজ। খবর হিন্দুস্তান টাইমসের

    দুর্ঘটনায় পেঁয়াজ ছিটিয়ে পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় গ্রামবাসীর মধ্যে। সঙ্গে সঙ্গে ব্যাগ, বস্তা নিয়ে ঘটনাস্থলে হাজির হন তারা। ব্যস্ত হয়ে পড়েন পেঁয়াজ সংগ্রহে। তাদের সঙ্গে যোগ দেন সড়কের অন্যান্য গাড়ির চালক ও যাত্রীরাও। অথচ সেখানেই পড়ে থাকা গুরুতর আহত ট্রাক চালকের দিকে কোনও ভ্রুক্ষেপ নেই তাদের।

    পরবর্তীতে ওই চালককে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়, যেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, পেঁয়াজ ছিটিয়ে পড়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বন্য প্রাণীর পালের মত ছুটে আসে স্থানীয় গ্রামবাসীরা। তাদের প্রায় সবার হাতেই কাপড়ের ব্যাগ ও বস্তা ছিল। তারা আহত চালকের দিকে ভ্রুক্ষেপ না করে নিজেদের ব্যাগ-বস্তায় পেঁয়াজ ভরায় ব্যস্ত হয়ে পড়ে। এতে ওই মহাসড়কে কিছুক্ষণের জন্য গাড়ি চলাচলও বন্ধ হয়ে যায়। অবশ্য, পরে আইডিয়াল রোড বিল্ডার্স (আইআরবি) কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং রাস্তা পরিষ্কার করেন।

    এদিকে এ ঘটনায় পেঁয়াজ চুরির দায় এনে অজ্ঞাতদের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় লোনাব্লা পুলিশ।

  • নিজের কাটা মাথা হাতে ঘুরছে শিশু! (ভিডিও)

    নিজের কাটা মাথা হাতে ঘুরছে শিশু! (ভিডিও)

    সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে যে কেউই চমকে উঠতে পারেন। এমনকি ভীত সন্ত্রস্ত হয়ে পড়তে পারেন কেউ কেউ। যেখানে এক শিশু তার নিজের কাটা মাথা হাতে নিয়ে ঘুরছে! এটা কি কল্পনা করা যায়?ভৌতিক বটে, তবে এটা সাজানো ঘটনা।

    জানা গেছে, গত বুধবার হ্যালোউইন উৎসবে মেতেছিল বিশ্বের বিভিন্ন দেশ। নানারকম ভূতুড়ে সাজে সেজেছিল কেউ-কেউ; এটাই ট্রেন্ড। যা পরবর্তীতে সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে।

    ভিডিওটির ছোট্ট মেয়েটি ফিলিপাইনের প্যারানাক শহরের বাসিন্দা ক্রিস্টেল হোয়াংয়ের দুই বছরের কন্যা। মেয়ের এমন ভূতুড়ে সাজের ভিডিওটি তিনিই সোশ্যাল সাইটে আপলোড করেন। শুধু তাই নয়, মেয়েকে তিনি নিজেই এভাবে সাজিয়েছেন। উদ্দেশ্যে হ্যালোউইন উৎসবে সবাইকে তাক লাগিয়ে দেওয়া। দিয়েছেনও বটে।

    মেয়ের এমন সাজ নিয়ে এখনও ধাঁধার মধ্যে রয়েছেন অনেকেই। তবে প্রশংসা করতে কেউ কম করছেন না। অনেক নেটিজেন বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া হ্যালোউইনের সাজগুলোর মধ্যে এটি সেরা।

  • ‘ফাদার অব তালেবান’ সামিউল নিহত

    ‘ফাদার অব তালেবান’ সামিউল নিহত

    ‘ফাদার অব দ্য তালেবান’ বলে পরিচিত এক ৮০ বছর বয়স্ক মুসলিম নেতা সামিউল হক পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে নিহত হয়েছেন।

    তার এক আত্মীয় দাবি করছেন, অজ্ঞাত কিছু লোক এসে তার রাওয়ালপিন্ডির বাড়িতে তাকে ছুরি মেরে হত্যা করে। সামিউল হক উত্তর পশ্চিম পাকিস্তানে একটি মাদরাসা পরিচালনা করতেন।

    তাকে তালেবান আন্দোলনের প্রধান নেপথ্য পুরুষ হিসেবে গণ্য করা হয়। কারণ এই আন্দোলনের প্রথম সারির নেতাদের শিক্ষক ছিলেন তিনি। পরে তিনি একটি দল থেকে পাকিস্তানে সেনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    সামিউল হক পাকিস্তানের খাইবার-পাখতুনতোয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তের কাছে দারুল উলুম হাক্কানিয়া মাদরাসা পরিচালনা করতেন।

    পাকিস্তানের দুর্গম একটি এলাকায় সামিউল হককে স্বাগত জানাতে যাচ্ছেন তার সমর্থকরা। তার ছাত্রদের একজন ছিলেন তালেবান নেতা মোল্লা ওমর।

    মোল্লা ওমর আশির দশকে তার সহপাঠীদের নিয়ে আফগানিস্তানে যান সোভিয়েত সেনাদের বিরুদ্ধে লড়াই করতে।

    পরে এই মোল্লা ওমরই তালেবান প্রতিষ্ঠা করেন। আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পর গৃহযুদ্ধ এবং চরম বিশৃঙ্খলার মধ্যে ১৯৯৬ সালে তালেবান ক্ষমতা দখল করে।

    তালেবান আন্দোলনের সঙ্গে সম্পর্ক সত্ত্বেও সামিউল হক যে মাদ্রাসা চালাতেন, পাকিস্তানে সেটির কোন অসুবিধা হয়নি। এটি পাকিস্তানের আঞ্চলিক সরকারগুলোর কাছ থেকে অর্থ বরাদ্দ পেত।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সামিউল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, পাকিস্তান এক গুরুত্বপূর্ণ ইসলামী নেতাকে হারিয়েছে।-বিবিসি বাংলা

  • কেন পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া, জানালেন পুতিন

    কেন পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া, জানালেন পুতিন

    যে কোন হামলার শিকার হলেই কেবল পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পুতিনের সাফ বক্তব্য, রাশিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই বিষয়ে নিশ্চিত হতে পারব। আর নিশ্চিত হওয়ার পরই পাল্টা হামলা চালাব।

    তিনি আরও বলেন, আমরা তখনই কেবল পাল্টা হামলা চালানোর সময় পরমাণু অস্ত্র ব্যবহার করব যখন আমরা দেখব রাশিয়ার দিকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ছুটে আসছে। রাশিয়ার সোচিতে ইন্টারন্যাশনাল পলিসি ফোরামে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করেন পুতিন।

    পুতিন আরও বলেছেন, শত্রুপক্ষের শক্তির জানা উচিৎ রুশ ভূখণ্ডে হামলা চালালে নিশ্চিতভাবে এর জবাব দেওয়া হবে। শুধু তাই নয়, তা যে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তাও কার্যত নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে।

    সুপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে তার দেশের সাফল্যের প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট। তিনি এই সম্পর্কে বলেছেন, অন্য দেশগুলো যেখানে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সুপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে সেখানে আমরা এরইমধ্যে তা সম্পন্ন করে ফেলেছি।

  • মেয়ের জন্য সিঙ্গাপুরে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

    মেয়ের জন্য সিঙ্গাপুরে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

    বলিউডের সুখী দম্পতি অজয় দেবগন ও কাজল। সেই সংসার ভালোবাসায় ভরিয়ে রেখেছে তাদের দুই সন্তান। বড় মেয়েকে অবশ্য খুব মিস করেন দুই তারকা। কারণ, মেয়ে থাকে এখন সিঙ্গাপুরে। পড়াশোনার জন্যই বাবা-মাকে ছেড়ে বিদেশে থাকতে হয় নিশাকে।

    আর মেয়ের থাকার সুবিধার জন্যই নাকি সিঙ্গাপুরে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অজয় ও কাজল। এমনই খবর দিচ্ছে বলিউডের নানা সংবাদমাধ্যম।

    পড়াশোনার জন্য নিশা এক বছর ধরে সিঙ্গাপুরে বাস করছে। মা-বাবা হিসেবে মেয়েকে ছেড়ে দূরে থাকা দেবগন পরিবারের জন্য খুব কঠিন। কিন্তু এটা জীবনের বাস্তবতা।

    তবে সময় পেলেই অজয়, কাজল ও তাদের ছোট ছেলে যুগ প্রায়ই সিঙ্গাপুরে যায় নিশাকে দেখতে। আর ছুটি পেলে মুম্বাইয়ে চলে আসে নিশা। এই যেমন গত মাসে নিশা মুম্বাইয়ে ছিল এবং মা কাজলের সিনেমা ‘হেলিকপ্টার ইলা’ও দেখেছে।

    আর সব মা-বাবার মতোই অজয় দেবগন ও কাজল সম্প্রতি তাদের মেয়েকে দেখতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। আর এবারই মেয়েকে উপহার হিসেবে কিনে দিয়েছেন সিঙ্গাপুরের অভিজাত এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।

    সংবাদমাধ্যম মুম্বাই মিরর বলছে, সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে পড়াশোনা শেষ করেছে নিশা এবং এখন সে নিজের মতো থাকতে চায়। আগামী বছরের জানুয়ারিতেই সে নতুন অ্যাপার্টমেন্টে উঠবে।

    প্রসঙ্গত, অজয় দেবগন ও কাজলকে ‘তানাজি- দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় দেখা যাবে। আট বছর পর রুপালি পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন বাস্তবের এ দম্পতি। সর্বশেষ ২০১০ সালে ‘তোনপুর কা সুপারহিরো’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। আগামী বছরের নভেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।