Category: আন্তর্জাতিক

  • ঘূর্ণিঝড় ‘তিতলি’ বাংলাদেশে আঘাতের সম্ভাবনা কম

    ঘূর্ণিঝড় ‘তিতলি’ বাংলাদেশে আঘাতের সম্ভাবনা কম

    বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘তিতলি’-তে রূপ নিয়েছে। তবে গভীর সমুদ্রে থাকা ঘূর্ণিঝড়ের বর্তমান গতিপথ অনুযায়ী, এটি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কম। এটি বৃহস্পতিবার সকাল নাগাদ ভারতের উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    ঘূর্ণিঝড়ের জন্য সমুদ্রবন্দর গুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

    আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জানানো হয়েছে, ‘পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও সামান্য পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘তিতলি’-তে পরিণত হয়েছে।

    আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপ হচ্ছে একটি ঝোড়ো হাওয়ার অঞ্চল, যেখানে বাতাসের গতিবেগ ৫১ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে। কোনো ঝোড়ো হাওয়ার অঞ্চলে বাতাসের গতিবেগ ৬১ থেকে ৮৮ কিলোমিটারের মধ্যে হলে তাকে বলে ঘূর্ণিঝড়।

    ঘূর্ণিঝড় ‘তিতলি’ বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে কি না- জানতে চাইলে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘ঘূর্ণিঝড়টি এখনও অনেক দূরে, কক্সবাজার থেকে ৯০০ কিলোমিটারেরও বেশি দূরে এটি। সাগরের মধ্যে যখন একটি ঘূর্ণিঝড় মুভমেন্ট করে তখন এর গতিপথ অনেক সময় পরিবর্তন হয়ে যায়।

    তিতলি ৮৯ থেকে ১১৭ কিলোমিটারের বাতাসের গতি সম্পন্ন তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে জানিয়ে আবহাওয়াবিদ মল্লিক বলেন, এটার মুভমেন্ট সামান্য পশ্চিম দিকে। তাই সবকিছু মিলিয়ে আমরা এখনই বলছি না এটি বাংলাদেশে আসবে। এখন পর্যন্ত যে মডেল প্রেডিকশন, তাতে উত্তর-পশ্চিম দিকে উড়িষ্যার কাছাকাছি গোপালপুর দিয়ে উপকূলের কাছাকাছি আসবে। সেখান থেকে একটু মোড় নিয়ে বাংলাদেশেও আসার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ঘূর্ণিঝড় এখনও অনেক দূরে, এর মধ্যে অনেক ঘটনা ঘটবে।

    তিনি আরও বলেন, এটি বেশ দূরে। ঘূর্ণিঝড় এগিয়ে চলার পথে বারবার গতিপথ পরিবর্তন করতে পারে।

    আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,ঘূর্ণিঝড়টি মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯১৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৭০ কি.মি. দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৬০ কি.মি. দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

    ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি. যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

    উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া বিভাগ।

    অপরদিকে মঙ্গলবার ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিতলি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বৃহস্পতিবার সকাল নাগাদ এটি ভারতের উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

    বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওমান) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে। ‘তিতলি’ নামটি পাকিস্তানের দেয়া। তিতলি অর্থ- সুন্দর পাখার প্রজাপতি।

  • ঐশ্বরিয়াকে মারলে বেঁচে থাকতেন মনে হয় না: সালমান

    ঐশ্বরিয়াকে মারলে বেঁচে থাকতেন মনে হয় না: সালমান

    এই তো কিছুদিন আগের কথা। বর্ষীয়াণ অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই দুই অভিযোগের জেরে আপাতত উত্তাল বলিউড। একটা বড় অংশ অভিনেত্রীদের পাশে দাঁড়িয়েছেন প্রকাশ্যেই। আবার কেউ বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছেন। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বলিউড সুপারস্টার সালমান খানের একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।

    এক সময় সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক থাকার কথা সবারই কমে-বেশি জানা। সেই সম্পর্ক ভাঙনের পর সালমানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। তা সত্যিই কি ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন সালমান? পরে এক সাক্ষাৎকারে সালমান খানকে প্রশ্নটি করা হয়।

    জবাবে সালমান খান বলেছিলেন, ওই নারী তো বলছেন আমি মেরেছিলাম। এক সাংবাদিক অনেক বছর আগে এই প্রশ্নই করেছিলেন। সেটা শুনে আমি টেবিল ভেঙে ফেলেছিলাম…। আমি যদি কাউকে আঘাত করি, সেটা তো মারপিট হবে। আমি রেগে যাব। জোরে মারব। সেটা হলে ওই নারী বেঁচে থাকতেন বলে মনে হয় না।

  • ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী বোলসোনারোর জয়

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী বোলসোনারোর জয়

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে জয় পেয়েছেন কট্টর ডানপন্থী প্রার্থী জাইর বোলসোনারো। তবে সরাসরি জয়ী হওয়ার জন্য ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তাকে আগামী ২৮ অক্টোবর দ্বিতীয় পর্বের নির্বাচনে বামপন্থী ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফার্নান্দো হাদ্দাদের বিপক্ষে লড়তে হবে।

    রবিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বের ভোটে বলসোনারো ৪৬ শতাংশ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি প্রার্থী ফের্নান্দো হাদাজ ২৯ শতাংশ ভোট পেয়েছেন। খবর-বিবিসি’র।

    বোলসোনারোর দাবি, ব্রাজিলে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিনে ‘সমস্যা’ না থাকলে তিনি নিশ্চিতভাবেই সরাসরি জিততেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, যদি এমনটা না হতো, আমরা আজ রাতেই এই প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের নাম জেনে যেতাম।

    অবশ্য এই ‘সমস্যা’গুলো কী, সেটি স্পষ্ট করে বলেননি বোলসোনারো।

    এদিকে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের নির্বাচন কমিশন।

  • ভারতের উত্তরপ্রদেশে তিন চিকিৎসককে ৫,০০০ টাকা জরিমানা

    ভারতের উত্তরপ্রদেশে তিন চিকিৎসককে ৫,০০০ টাকা জরিমানা

    খারাপ হাতের লেখা চলবে না,ডাক্তার মানেই খারাপ হাতের লেখা, বোধগম্য নয়- এই নিয়ে নানা মজা, নানা কৌতুক। তবে যোগীর রাজ্যে কিন্তু এই খারাপ হাতের লেখা কেবলমাত্র হাসিঠাট্টায় সীমাবদ্ধ নেই ।

    উত্তরপ্রদেশে প্রেসক্রিপশনে খারাপ হাতের লেখাও এবার হতে চলেছে আইনের নজরবন্দী । সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট খারাপ হাতের লেখার জন্য বেশ কয়েকজন চিকিৎসককে ৫,০০০ টাকার জরিমানাও করেছে ।

    উন্নাও, সিতাপুর ও গোন্দা সদর হাসপাতাল থেকে বেশ কয়েকটি প্রেসক্রিপশন সংগ্রহ করা হয়েছিল যেখানে অসুস্থ ব্যক্তিদের অভিযোগ ছিল যে প্রেসক্রিপশনগুলি পড়ার যোগ্য নয় । এরপরই নির্দিষ্ট চিকিৎসকদের ডেকে পাঠানো হয় আদালতে ও জরিমানা করা হয়। যদিও চিকিৎসকদের দাবি ছিল অত্যাধিক কাজের চাপে আলাদা করে হাতের লেখার দিকে নজর দেওয়া সম্ভব নয় ।

  • সেন্টমার্টিনের দাবি থেকে সরে গেল মিয়ানমার

    সেন্টমার্টিনের দাবি থেকে সরে গেল মিয়ানমার

    কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপকে নিজেদের বলে দাবি করার পর বাংলাদেশের প্রতিবাদের মুখে সেই ভুয়া তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে মিয়ানমার।

    রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক এ তথ্য জানান।

    বৈঠকে কমিটিকে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানোর পর মিয়ানমার তাদের ওয়েরসাইট থেকে এটি সরিয়ে ফেলেছে। এসময় কমিটি এ বিষয়ে তৎপর থাকার এবং অন্য কোনো ওয়েবসাইটে কিংবা অন্য কোথাও এ ধরনের তৎপরতা রয়েছে কিনা তা মনিটর করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

    সম্প্রতি মিয়ানমার সরকারের জনসংখ্যা-বিষয়ক বিভাগের ওয়েবসাইট তাদের দেশের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে সেন্টমার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ দেখানো হয়। এরপর দেশটির রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমার যদি এমন আপত্তিজনক কাজ চালিয়ে যেতে থাকে তবে বাংলাদেশ উপযুক্ত ব্যবস্থা নেবে।

  • অ্যাসিডে আক্রান্ত দীপিকা

    অ্যাসিডে আক্রান্ত দীপিকা

    অ্যাসিডে আক্রান্ত দীপিকা পাডুকোন। ভয়ের কিছু নেই, আসলে অ্যাসিডে আক্রান্তের ভূমিকায় এবার দীপিকা পাডুকোন। প্রতিটি ছবিতে নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেন দীপিকা। আর সেই লড়াইয়ে এবার অ্যাসিডে আক্রান্তের চরিত্রে দেখা যাবে তাকে।

    মেঘনা গুলজারের ছবিতে অভিনয় করতে চলেছেন এই অভিনেত্রী। সেখানেই এই ভূমিকায় দেখা যাবে তাকে। আপাতত এই চরিত্রের জন্য এখন নিজেকে তৈরি করছেন নায়িকা। তবে এখানেই থামতে হবে। কেননা এর বেশি এখনও কিছু জানা যায়নি। সব কিছু রয়েছে রহস্যের মোড়কে।

  • বিশ্বব্যাপী সাইবার হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে!

    বিশ্বব্যাপী সাইবার হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে!

    রাশিয়ার গোয়েন্দাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সিরিজ সাইবার হামলার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং নেদারল্যান্ডস এই অভিযোগ তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সাইবার হামলার পরিকল্পনার জন্য সাতজন রুশ নাগরিকের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে।

    যুক্তরাষ্ট্র বলেছে, বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের পরমাণু সংস্থা হামলার মূল টার্গেট ছিল।

    এদিকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক সাইবার হামলার অভিযোগের ব্যাপারে পশ্চিমাদের ঐক্যবদ্ধ এই অবস্থান রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

    রাশিয়ার বিরুদ্ধে আগেও এমন অভিযোগ এসেছিল। তবে সেই অভিযোগ নাকচ করে দিয়েছিল দেশটি।

    ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, যুক্তরাজ্য তাদের মিত্রদের নিয়ে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আলোচনা করছে। ডাচ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়ার সব কর্মকান্ড তুলে ধরে তারা বলতে চাইছেন যে, রাশিয়াকে এমন কাজ বন্ধ করতে হবে।

    পশ্চিমারা রাশিয়াকে একঘরে করে ফেলতে চাইছে। এমন পরিস্থিতি রাশিয়াকে বেকায়দায় ফেলেছে বলে অনেকে মনে করেন।

    রাশিয়ার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে ?
    নেদারল্যান্ডস বলেছে, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন ‘ওপিসিডব্লিউ’ এর বিরুদ্ধে সাইবার হামলার পরিকল্পনা করা হয়েছিল। এই সংগঠনটি যুক্তরাজ্যে রাশিয়ার সাবেক গুপ্তচরের ওপর রাসায়নিক হামলার ঘটনার তদন্ত করছে। সে কারণে এই প্রতিষ্ঠান সাইবার হামলার লক্ষ্য হতে পারে। এই হামলার পরিকল্পনার জন্য চার জন রুশকে বহিস্কার করেছে নেদারল্যান্ডস।

    যুক্তরাজ্য সরকার রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর বিরুদ্ধে বড় ধরণের চারটি সাইবার হামলায় জড়িত থাকার অভিযোগ এনেছে। যুক্তরাজ্য বলেছে, তাদের দেশের একটি টেলিভিশন নেটওয়ার্ক এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি সাইবার হামলার টার্গেট ছিল। এমনকি রাশিয়া এবং ইউক্রেনে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানও হামলার টার্গেট হয়েছে।

    যুক্তরাষ্ট্র বলেছে, বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের পরমাণু সংস্থা হামলার মূল টার্গেট ছিল।

    কানাডা বলেছে, মন্ট্রিলভিত্তিক ওয়ার্ল্ড এন্টিডপিং এজেন্সির সিস্টেমে হামলা করে অ্যাথলেটদের তথ্য নেয়া হয়েছে।

    আস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক বিবৃতিতে বলেছে, তাদের গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক অঙ্গন, ব্যবসা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং ক্রীড়া প্রতিষ্ঠানে একইধরণের রুশ হামলার প্রমাণ পেয়েছে।

    ডাচ কর্তৃপক্ষ বলেছে, গত এপ্রিল মাসে চারজন সন্দেহভাজনের কাছ থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়েছিল। এই ল্যাপটপ ব্রাজিল, সুইজারল্যান্ড এবং মালয়েশিয়ায় ব্যবহৃত হয়েছিল।

    চারজন সন্দেহভাজন নেদারল্যান্ডসে গিয়ে কি করছিল?
    এই সন্দেহভাজনদের যখন শণাক্ত করা হয়, তখন ডাচ কর্তৃপক্ষ তাদের কাছে কূটনৈতিক পাসপোর্ট পেয়েছিল। তাদের দু’জন ছিল আইটি বিশেষজ্ঞ এবং বাকি দু’জন ছিল সহায়তাকারি এজেন্ট। চারজন একটি গাড়ি ভাড়া করে হেগে মেরিয়ট হোটেলের পার্কিং এ পার্ক করেছিল। এই হোটেল থেকে অল্প দূরত্বে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ প্রতিষ্ঠান ‘ওপিসিডব্লিউ’ এর কার্যালয়।

    ডাচ গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, কার পার্কিং থেকে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ওপিসিডব্লিউ এর ওপর সাইবার হামলা চালানো হয়। ঐ চারজন ভাড়া করা গাড়িটির পিছনে একটি জ্যাকেটের পকেটে ওয়াইফাই প্যানেলের এ্যান্টিনা রেখে সেখান থেকে তা ব্যবহার করেছে।

    গাড়ির পিছনেই তারা ট্রান্সফরমার, কম্পিউটারসহ সাইবার হামলা চালানোর সব যন্ত্র রেখে তা ব্যবহার করেছে। ডাচ গোয়েন্দারা এমন প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে।

    ডাচ গোয়েন্দা সংস্থা বলেছে, যখন তাদের সন্দেহভাজন হিসেবে আটকানো হয়, তখন তারা একটি মোবাইল ফোন ধ্বংস করে ফেলার চেষ্টা করেছিল। তাদের কাছে পাওয়া একটি মোবাইল ফোন তারা মস্কোয় রুশ গোয়েন্দা সংস্থার কার্যালয়ের কাছ থেকে সক্রিয় করেছিল।

    রাশিয়া কি বলছে?
    বিভিন্ন দেশ থেকে একের পর এক অভিযোগ তোলার বিষয়টি রাশিয়ার বিরুদ্ধে আরেকটি পরিকল্পিত প্রচারণা বলে দেশটি মনে করছে। যখন অভিযোগের ঝড় উঠেছে, তখন অনেকটা বিলম্বে বৃহস্পতিবার রাশিয়ার সময় বিকেলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে এই বক্তব্য দিয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার কোনো নাগরিক মোবাইল ফোন ব্যবহার করলেই তাকে গুপ্তচর বানানো হচ্ছে। রাশিয়া তাদের বিরুদ্ধে অভিযোগকে ‘উর্বর কল্পনা’ বলে আখ্যা দিয়েছে।

  • বাংলাদেশে ভিসা কেন্দ্র চালু করবে কাতার

    বাংলাদেশে ভিসা কেন্দ্র চালু করবে কাতার

    বাংলাদেশে ভিসা কেন্দ্র চালু করতে যাচ্ছে কাতার। আগামী মাস থেকে দুটি ভিসা কেন্দ্র চালু হতে যাচ্ছে ঢাকা ও সিলেটে। এই প্রকল্পের মাধ্যমে কাতারে আসার পর ২৪ ঘন্টার মধ্যে কাতারি পরিচয় পত্র পেতে পারবে কর্মীরা। কাতার সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশ ছাড়া আরও সাতটি দেশে এ প্রকল্প বাস্তবায়ন করছে কাতার সরকার।

    বাংলাদেশ থেকে কর্মী আসার আগে নিজ দেশে যাবতীয় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে সহজে আসতে পারবে কাতারে। এটি বাস্তবায়নে ইতিমধ্যে ঢাকায় বাংলামোটর এলাকায় এবং সিলেটে কাতার ভিসা কেন্দ্র স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ফলে আগামী নভেম্বর মাস থেকে কাতারে যেসব বাংলাদেশি কর্মী আসবে, তারা ঢাকা এবং সিলেটে অবস্থিত কাতার ভিসা কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা, চুক্তিপত্রে স্বাক্ষর ও বায়োমোট্রিক এনরোলমেন্টের কাজ শেষ করে আসতে হবে।

    কাতার ভিসা কেন্দ্রে চুক্তিপত্র প্রাপ্তির পর পরবর্তী কয়েকটি ধাপে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।প্রকল্প বাস্তবায়নে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয় কাজ করছে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ছাড়পত্র পেলে কাতারে আসতে পারবে কর্মীরা।

    অন্যদিকে, বাংলাদেশ কমিউনিটির নেতারা মনে করেন এই প্রকল্প বাস্তবায়ন হলে ভিসা ব্যবসায়ীদের দৌড়াত্ব কমে আসবে। এ প্রসঙ্গে মোঃমানিক হোসেন বলেন,অনেক সময় আমরা অভিযোগ শুনে থাকি, কাতারে আসার পর ভিসা বাতিল করে দেয় প্রতারক ভিসা ব্যবসায়ীরা।আর এখন এক দিকে যেমন কাতারের শ্রম পরিবেশ উন্নত হবে তেমনি বাংলাদেশি শ্রমিকদেরও সুবিধা বৃদ্ধি পাবে। কাতার সরকারের যুগান্তকারী এই পদক্ষেপ’কে আমি স্বাগতম জানাই।

    বর্তমানে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুসারে নির্মান শ্রমিক, চাকুরীজীবি, গৃহকর্মী, মৎসজীবি, ইমামতিসহ কাতারে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত রয়েছে।

  • মানুষের মধ্যে সেরা হতে চান দিবালা

    মানুষের মধ্যে সেরা হতে চান দিবালা

    মৌসুম শুরু হওয়ার পর একটু শঙ্কা জেগেছিল তাঁকে ঘিরে। ক্রিস্টিয়ানো রোনালদোর আবির্ভাবের পর একটু আড়ালেই পড়ে গিয়েছিলেন পাওলো দিবালা। একে তো রোনালদোর মতো মহা তারকা হাজির হয়েছেন, তার ওপর আবার মারিও মানজুকিচের সঙ্গেই বোঝাপড়াটা জমেছিল রোনালদোর। একাদশ থেকেও বাদ পড়তে হয়েছিল দিবালাকে। কিন্তু ধীরে ধীরে নিজের মূল্য বোঝাচ্ছেন দিবালা। রোনালদোর অনুপস্থিতিতে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে পেয়েছেন হ্যাটট্রিক। নিজের লক্ষ্যটাও জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, মানুষদের মধ্যে সেরা ফুটবলার হতে চান।

    সেরা হওয়ার আশা করতেই পারেন দিবালা। বহুদিন ধরেই ফুটবলের ভবিষ্যৎ ভাবা হচ্ছে তাঁকে। নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের কারণে দুই মৌসুমে একটু আড়ালে চলে গেছেন। তবু মেসি-রোনালদোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে যাদের নাম নেওয়া হয়, সে ছোট তালিকায় অনায়াসে জায়গা পান দিবালা। গঞ্জালো হিগুয়েইন কিংবা বর্তমানে রোনালদোর মতো ফরোয়ার্ডরা দলে থাকার পরও জুভেন্টাসের জার্সিতে ১৪৭ ম্যাচে ৭২ গোল করেছেন দিবালা। ২৪ বছর বয়সী দিবালা ও ১৯ বছর বয়সী এমবাপ্পেকেই ভবিষ্যৎ মহাতারকা বলছেন আলেসান্দ্রো দেল পিয়েরো।

    দিবালা অবশ্য মনে করেন যত দিন রোনালদো-মেসি খেলবেন, তত দিন কারও পক্ষে সেরা হওয়া সম্ভব না, ‘মেসি ও রোনালদো ক্যারিয়ারের সায়াহ্নে যেতে হবে তেমন কিছু হওয়ার জন্য (কারও পক্ষে সেরা হওয়া)। অবশ্য তারা তো এখনো অবিশ্বাস্য জিনিস করে দেখাচ্ছেন।’ লা গেজেত্তা দেল্লো স্পোর্তকে জানিয়েছেন দিবালা। সে সঙ্গে আরও বলেছেন, ‘মেসি ও রোনালদো স্বাভাবিকের মধ্যে পড়েন না। আমার লক্ষ্য হলো মানুষদের মধ্যে সেরা হওয়া।’ মেসি ও রোনালদোর ভক্ত কূলের সুর শোনা যাচ্ছে দিবালার কণ্ঠে। এক দশকেরও বেশি অবিশ্বাস্য ফুটবল উপহার দেওয়ায় এ দুজনকে ভালোবেসে যে অন্য গ্রহের প্রাণী বলে সম্বোধন করা হয়।

    মেসি-রোনালদোকে না হয় টপকানোর আশা করছেন না। কিন্তু মানুষদের মধ্যে সেরা হওয়ার জন্যও দিবালাকে পরিশ্রম করতে হবে অনেক। দিবালার অবশ্য এতে আপত্তি নেই। ছোটবেলা থেকেই তো সেরা হওয়ার স্বপ্ন দেখছেন, ‘যখন ছোট ছিলাম, ক্যাম্প ফায়ারের সামনে বসে আমি স্বপ্নের কথা বলতাম। আমি স্বপ্ন দেখতাম একদিন ব্যালন ডি’অর জিতব। যদি ভালো হতে চান, আপনাকে লক্ষ্য বড় করতে হবে।’

    সেরা হওয়ার দৌড়ে কাদের প্রতিদ্বন্দ্বী মানেন দিবালা? বিশ্ব রেকর্ড গড়ে দলবদল করা নেইমার? পেলের পর দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করা এমবাপ্পে, নাকি অন্য কেউ? দিবালার উত্তরে চমক থাকছেন, ‘অন্য মানুষদের মাঝে আমি ইসকোকে পছন্দ করি কারণ সে কখনো পা থেকে বল হারাতে দেয় না। অবশ্য নেইমার ও এমবাপ্পেও দুর্দান্ত খেলোয়াড়।

  • অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়নশিপ জিতলেন বুলবুল-পুত্র

    অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়নশিপ জিতলেন বুলবুল-পুত্র

    একেই বলে, বাপকা বেটা সিপাইকা ঘোড়া। বাবা যেমন বাংলাদেশ ক্রিকেটের জন্য গড়েছেন অনন্য কীর্তি, তেমনি ছেলেও প্রতিভার ঝলক দেখালেন এবার।

    বলছি কিংবদন্তি ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল এবং তার ছেলে মাহাদী ইসলামের কথা। . আমিনুল ইসলাম বুলবুল অন্তত দেড় দশক বাংলাদেশ দলের প্রধান ব্যাটিং ভরসা ছিলেন। শুধু তা-ই নয়, বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে দেশের ক্রিকেট ইতিহাসে নিজের নামটা স্বর্ণাক্ষরেই লিখিয়েছেন তিনি।

    ১৯৯৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। অন্যদিকে বুলবুলের ছেলে মাহাদী ইসলামও কম যান না। ক্রিকেটে হাতেখড়ি হয়েছে বেশ আগেই। নিজের ক্রিকেট-প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেট দলে। এই দলের হয়েই খেললেন নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব কিশোর অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপ।

    অবশ্য শুধু খেললেনই না, জিতে নিলেন চ্যাম্পিয়নশিপও! . শিরোপা হাতে বাবা-ছেলে। ছবি: ফেসবুক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জেতার গৌরব অর্জন করেছে মাহাদী ইসলাম ও তার দল। পুরো দলে মাহাদী একমাত্র এশিয়ান তথা বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

    শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ছেলের খেলা দেখতে নিউজিল্যান্ড উপস্থিত হয়েছিলেন বুলবুলও। মাঠে বসেই দেখেন ছেলের কীর্তি। সতীর্থদের সঙ্গে শিরোপা জয়ের উদযাপনে মাহাদী ইসলাম। ছবি: ফেসবুক এর আগে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য দলের হয়ে নিয়মিত খেলেছেন মাহাদী। শুধু ইনডোরই নয়, আউটডোর ক্রিকেটেও ট্রায়ালে রয়েছেন বুলবুল-পুত্র।