Category: আন্তর্জাতিক

  • কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ইভান দোকে

    কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ইভান দোকে

    প্রথম রাউন্ডে নির্বাচনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে কলম্বিয়ায় সরকার গড়ার পথে ডেমোক্র্যাটিক সেন্টার পার্টি। নিকটতম প্রার্থী হিউমেন কলম্বিয়ার গুস্তাভো পেত্রোকে ২০ লাখের বেশি ভোটে হারিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট হতে চলেছেন ইভান দোকে।

    প্রাক্তন কলম্বিয়া প্রেসিডেন্ট আলভারো উরিবের খাস ব্যক্তি ইভান। ওয়াশিংটনের ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে কর্মরত অবস্থায় আলভারো আহ্বানে রাজনীতিতে যোগ দেন দোকে। ২০১৪ সালের নির্বাচনে জিতে সেনেটর হন তিনি। দোকের কাজকর্মের মধ্যে কি প্রাক্তন প্রেসিডেন্ট অ্যালভারোর ছায়া দেখা যাবে কি না সে বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সেই অভিযোগ খারিজ করে দোকে বলেন, আমি একজন স্বতন্ত্র মানুষ।

    পাঁচ দশকের বেশি ধরে চলা গেরিলা যুদ্ধে বিপর্যস্ত কলম্বিয়া ২০১৬ সালে প্রথম শান্তি চুক্তিতে আবদ্ধ হন। প্রাক্তন কলম্বিয়া প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস এবং রিভলিউশানারি আর্মড ফোর্স (এফএআর) নেতা জিমেনেজ সহমতের ভিত্তিতে এই চুক্তি প্রক্রিয়াকে সফল করেন।

    এর আগে গেরিলা যুদ্ধে মৃত্যু হয়েছে প্রায় দুই লাখ মানুষের। ফলে দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন দোকে, সে দিকেই তাকিয়ে কলম্বিয়ার নাগরিকরা। তবে, জয়লাভের পর দোকে জানিয়েছেন, পরিস্থিতির পরিবর্তন হবেই। যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকবে সরকার।

  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকে মহড়া বন্ধের বিষয়ে আলোচনা হয়।

    এরপরেই মার্কিন সেনাবাহিনীর তরফে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া বন্ধের ঘোষণা করল আমেরিকা। উল্লেখ্য, বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বার্থে তার দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘অত্যন্ত উসকানিমুলক ও ব্যয়বহুল’ মহড়া বন্ধ করতে যাচ্ছে।

    এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, “কোরীয় উপদ্বীপে বড় ধরনের সামরিক মহড়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।” কোরীয় উপদ্বীপে আমেরিকার নেতৃত্বে এতদিন ধরে যে যৌথ সামরিক মহড়া চলে আসছিল তাকে উত্তর কোরিয়ার ওপর হামলা চালানোর প্রস্তুতি বলে ঘোষণা করে আসছিল পিয়ংইয়ং।

    কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে নিজের পরমাণু অস্ত্র ধ্বংস করতে সম্মত হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এর বিপরীতে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে ওই সামরিক মহড়া স্থগিত করল ওয়াশিংটন।

  • প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না : ইসরায়েলি মন্ত্রী

    প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না : ইসরায়েলি মন্ত্রী

    আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করায় খুশি হয়েছেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান। তিনি আর্জেন্টিনার বিরুদ্ধে ভালো খেলার জন্য আইসল্যান্ডের প্রশংসা করেছেন। খবর রেডিও তেহরানের

    ইসরায়েলের যুদ্ধমন্ত্রী দাবি করেন, ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না।

    টুইট বার্তায় তিনি জানিয়েছেন, আইসল্যান্ডের সঙ্গে খেলায় আমরা দেখেছি ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা কতটা জরুরি ছিল মেসির জন্য। মেসি যদি ওই প্রীতি ম্যাচ খেলতেন তাহলে আরও বেশি প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে পারতেন। প্রস্তুতি না থাকার কারণেই মেসি পেনাল্টি মিস করেছেন বলেও তিনি দাবি করেন।

    শনিবার আইসল্যান্ডের সঙ্গে খেলায় একটি পেনাল্টি মিস করেন মেসি। এর ফলে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের মধ্যে খেলা ড্র হয়। এরপরই এমন মন্তব্য করেন লিবারম্যান।

    আন্তর্জাতিক অঙ্গন ও ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিবাদের মুখে আর্জেন্টিনা ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচটি বাতিল করে। গত ৯ জুন ওই ম্যাচটি হওয়ার কথা ছিল।

  • রক্ত আর বারুদের গন্ধে সিরিয়ায় ঈদ পার!

    রক্ত আর বারুদের গন্ধে সিরিয়ায় ঈদ পার!

    পবিত্র রমযান মাসে রোযা রেখে শাওয়ালের প্রথম দিন বিশ্বের মুসলিমরা ব্যস্ত খুশির আমেজে ঈদের নামাজ আদায় করতে। তারও আগে ঈদ উপলক্ষে নিজের জন্য, নিজের পরিবারের জন্য হরেক রকমের কেনাকাটা করতে ব্যস্ততার যেন শেষ নেই।

    যারা পরিবার ছেড়ে দেশের ভেতরেই অন্য কোনো শহর বা লোকালয়ের কর্মস্থলে থাকতেন, তাদের বেশিরভাগই বাড়ি ফিরেছেন। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরেছেন দেশের বাইরে থাকা বহু মানুষ।

    তবে শিশুদের কাছে ঈদের আমেজটাই আলাদা। ঈদের নামাজের বাইরে বড়রা আনন্দে মাতোয়ারা হওয়ার মতো তেমন কিছু না থাকলেও শিশুদের কাছে ঈদ মানেই উৎসবের ষোল আনা।

    তবে সেই সময়েও সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরে যেন আনন্দের লেশ মাত্র নেই। চারিদিকে বারুদের গন্ধ। অব্যাহর রয়েছে সরকারি বাহিনীর অভিযান।

    ঈদ উপলক্ষে এনজিওর পাশাপাশি সরকারিভাবেও শিশুদের আনন্দ দেওয়ার স্বল্পমাত্রায় কিছু উদ্যোগ নেওয়া হয়। শিশুদের হাতে ধরিয়ে দেওয়া হয় খেলনা, বেলুনসহ জামাকাপড়।

    এতে কিছুটা হলেও একেবারে কমবয়সীরা ক্ষণিকের জন্য খুশি হয়েছে। তবে যাদের জ্ঞান-বুদ্ধি একটু করে হয়েছে, অন্তত পরিবারের কথা মনে; তারা পড়ে গেছে আরো বেকায়দায়। খুশির এই দিনে সে কারণে অনেক শিশুই গণমাধ্যমকর্মীদের সামনেও চোখের জল লুকিয়ে রাখতে পারেনি।

    এই শিশুদের কারো বাবা মারা গেছে, কেউ মাকে হারিয়েছে, কারো বোন নিহত হয়েছে তো কারো আবার পুরো পরিবারই না ফেরার দেশে চলে গেছে। আর শিশুগুলো হয়ে গেছে এতিম।

    বেঁচে থাকার জন্য খাবার জোগাড় করতেই যাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে, ঈদ তাদের কাছে আলাদা করে খুশি বয়ে নিয়ে আসে না। একই অবস্থা গাজা উপত্যকার বাসিন্দাদেরও। সেখানেও ঈদ এসেছে। তবে হাসি, আনন্দ, খুশি ফিরিয়ে দিতে পারেনি তাদের।

  • চাঁদ দেখা গেছে, কাল মালয়েশিয়ায় ঈদ

    চাঁদ দেখা গেছে, কাল মালয়েশিয়ায় ঈদ

    মালয়েশিয়ার আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে নিশ্চিতকরণ সভা শেষে সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা সূত্রে জানা যায়, ইয়াং দ্বি-পারতুং আগং এবং প্রধানমন্ত্রী চাঁদ দেখা কমিটির সাথে একমত পোষণ করেছেন। তাই মালয়েশিয়ায় আগামীকাল শুক্রবার পবিত্র উদুল ফিতর পালন করা হবে।

  • যুদ্ধবিরতি সত্ত্বেও জেলা গভর্নরসহ ৯ জনকে হত্যা করলো তালেবান

    যুদ্ধবিরতি সত্ত্বেও জেলা গভর্নরসহ ৯ জনকে হত্যা করলো তালেবান

    যুদ্ধবিরতি চলা সত্ত্বেও আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক জেলা গভর্নরসহ মোট নয়জনকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। সংঘর্ষ চলছে দেশের অন্যান্য জায়গায়ও। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
    খবরে বলা হয়, উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের কোহিস্তান জেলার গভর্নরসহ মোট নয়জনকে  অতর্কিত হামলা চালিয়ে হত্যা করেছে তালেবান যোদ্ধারা। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাভেদ বেদার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
    বেদার বলেন, তালেবানরা সফলভাবে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করতে পেরেছে। তারা আমাদের ওপর হামলা চালালে আমাদের নিজেদের প্রতিরক্ষা করতে হবে। আমরা অতিরিক্ত সেনা মোতায়েনের আহবান জানিয়েছি।
    এছাড়া ফারইয়াবের অন্যান্য জায়গা ও সারি পুল প্রদেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনী ও তালেবানদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, উভয় পক্ষেই অগণিত সংখ্যার মানুষ হতাহত হয়েছে। উভয় প্রদেশে হামলা চালানোর দায় স্বীকার করেছে তালেবান।
    উল্লেখ্য, শনিবার ঈদুল-ফিতর উপলক্ষে প্রথমবারের মতো সরকারি বাহিনীর সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করে তালেবান। এর আগে সরকারি বাহিনীও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে ঘোষণা সত্ত্বেও হামলা চালানো অব্যাহত রেখেছে তালেবান।
  • কিমকে নিজের গাড়ি দেখালেন ট্রাম্প

    কিমকে নিজের গাড়ি দেখালেন ট্রাম্প

    প্রতিদ্বন্দ্বিতায় আপাতত ইতি। হাতে হাত মিলিয়ে ফটোশুট। গোটা বিশ্বকে বার্তা। এর মাঝেই কিমকে টেনে নিয়ে গিয়ে নিজের গাড়ি বিস্ট দেখিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কম গেলেন না কিমও। ট্রাম্পকে দেখালেন নিজের মার্সেডিজ।

    সে নাকি অজর-অমর-অক্ষয়। সেনা হামলা, গুলি, বিস্ফোরণ বা রাসায়নিক হামলায় তার গায়ে আঁচড় পর্যন্ত পড়ে না। মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বিস্ট নিয়ে এমনই সব জনশ্রুতি। তা স্বচক্ষে দেখলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার, লাঞ্চের পর হাঁটতে শুরু করেন দুই রাষ্ট্রনেতা। তখনই নিজের গাড়ি কিমকে দেখান ডোনাল্ড ট্রাম্প।

    মার্কিন প্রেসিডেন্টের গাড়ি ঠিক কেমন? কী কী ব্যবস্থা রয়েছে সেখানে?

    – গাড়ির ড্যাশবোর্ডে কমিউনিশেন সিস্টেম ও জিপিএস

    – গাড়ির বুলেটপ্রুফ কাচ, তাতে পলিকার্বনেটের পাঁচটি স্তর

    – গাড়ির দরজা ৮ ইঞ্চি পুরু

    – মার্কিন গোয়েন্দাদের প্রশিক্ষিত গাড়িচালক

    – প্রেসিডেন্টের বাঁ হাতের নিচেই থাকে স্যাটেলাইট ফোন। তাতে পেন্টাগনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়।

    -প্রেসিডেন্টের মাথার উপর রয়েছে প্যানিক বাটন। তাতে চাপ দিলে গাড়িতে অক্সিজেন সরবরাহ হবে।

    – গাড়িচালকের বাঁদিকে প্রেসিডেন্টের ব্যাগে থাকে পাম্প অ্যাকশন শটগান। এছাড়াও থাকে রক্ত। গাড়িতেই রক্ত দেওয়ার ব্যবস্থা আছে।

    গাড়ির দামে অবশ্য ট্রাম্পকে টেক্কা দিয়েছেন কিম। ট্রাম্পকে নিজের মার্সেডিজ বেঞ্চ এস সিক্স হানড্রেডও দেখিয়েছেন কিম। সেই গাড়িতে অন্যান্য ব্যবস্থার সঙ্গে রয়েছে টয়লেটও।

  • ফের উত্তপ্ত কাশ্মীর, পাকিস্তানি সেনার গুলিতে ৪ বিএসএফ নিহত

    ফের উত্তপ্ত কাশ্মীর, পাকিস্তানি সেনার গুলিতে ৪ বিএসএফ নিহত

    আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তানের জম্মু-কাশ্মীর সীমান্ত। এর মধ্যে বুধবার ভোররাতে সাম্বা জেলার চাম্বলিয়াল সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪ সদস্য নিহত হয়েছেন।

    বিএসএফ ইন্সপেক্টর জেনারেল রাম অওতারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাম্বলিয়াল সেক্টরে ভারি গুলিবর্ষণ শুরু হয়। পাকিস্তানি সেনার গুলির পাল্টা জবাবও দেয় বিএসএফ সদস্যরাও। ভোর সাড়ে চারটা পর্যন্ত চলে এই লড়াই।এ ঘটনায় একজন অ্যাসিসট্যান্ট কম্যান্ডারসহ ৪ জন বিএসএফ সদস্য নিহত এবং গুরুতর জখম হয়েছেন আরও তিনজন।

    এদিকে, গোটা ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান এসপি বেদ।

    খবরে আরও বলা হয়, ২০০৩ সালে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা বারবারই লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। শুধুমাত্র চলতি বছরই এক হাজারেরও বেশি সময় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। রমজান মাসের শুরুতে সংঘর্ষবিরতি চেয়ে পাকিস্তানই বিএসএফের কাছে অনুরোধ করেছিল, কিন্তু তারপর নিজেরাই সেই চুক্তি লঙ্ঘন করেছে বারবার। আর তাতে এবার প্রাণ গেল ৪ বিএসএফ সদস্যের।

  • ইমরানের প্রতিদ্বন্দ্বী শতবর্ষী নারী

    ইমরানের প্রতিদ্বন্দ্বী শতবর্ষী নারী

    আগামী ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে নুতনভাবে এগিয়ে যাচ্ছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান।

    পাকিস্তানের ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান গত মাসে ‘দুর্নীতিবাজ’ শাসকদের পতন ঘটানোর শপথ নিয়ে আসন্ন নির্বাচনে জয় লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

    কয়েকদিন আগে স্ত্রী রেহাম খানের নানা মন্তব্যের কারণে সংবাদের শিরোনাম পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এবার শিরোনামে আসার কারণটা অবশ্য ভিন্ন। খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলা থেকে নির্বাচন করছেন তিনি। আর এই আসনেই তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন একজন ১০০ বছরের নারী। হজরত বিবি নামের এই নারী কিন্তু স্থানীয়ভাবে খুব সুপরিচিত। সাধারণ নির্বাচনে তিনি জাতীয় পরিষদের এনএ-৩৫ (বান্নু) ও খাইবার পাখতুনখাওয়া পরিষদের পিকে-৮৯ (বান্নু থ্রি) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    নির্বাচনে হজরত বিবি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি নিজ জেলায় নারী শিক্ষার বিকাশ ঘটাতে চান। সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। একসময় এই এলাকাটি তালেবানপন্থী জঙ্গিদের শক্ত অবস্থানও ছিল।

    উত্তর ওয়াজিরিস্তান থেকে বাস্তুচ্যুত হয়ে প্রায় ১০ লাখ মানুষ বান্নু জেলায় বসবাস করছেন। উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করলে এসব লোক বান্নু জেলায় চলে আসেন।

    হজরত বিবি বিশ্বাস করেন যে, নারীদের শিক্ষিত করে তোলা গেলে বড় পরিসরে ক্ষমতায়ন ও সমাজে তাদের গ্রহণযোগ্যতা তৈরি হবে।

    পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে ১‌০ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচনে মূল লড়াইটা পিএমএল-এন ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।

  • নিরাপত্তার বিনিময়ে পরমাণু অস্ত্র ত্যাগ করবেন কিম: ট্রাম্প

    নিরাপত্তার বিনিময়ে পরমাণু অস্ত্র ত্যাগ করবেন কিম: ট্রাম্প

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে এক ঐতিহাসিক শীর্ষ বৈঠক এবং চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে ‘দারুণ ভালো’ আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তার গ্যারান্টির বিনিময়ে কিম জং উন পরমাণু অস্ত্র ত্যাগ করার অঙ্গীকার করেছেন।

    দুই নেতার স্বাক্ষরিত দলিলে কিম কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এর পর এক নজিরবিহীন সংবাদ সম্মেলনে ট্রাম্প এমন কিছু খুঁটিনাটি প্রকাশ করেন – কাগজপত্রে যার উল্লেখ নেই।

    সিঙ্গাপুরে ঐতিহাসিক একান্ত বৈঠকের পর ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা ‘একটি বড় ক্ষেপণাস্ত্র ইঞ্জিন পরীক্ষা ক্ষেত্র’ ধ্বংস করতে রাজি হয়েছেন, এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে লক্ষ্য করে সামরিক মহড়া চালানো বন্ধ করবে। তিনি এসব যুদ্ধের মহড়াকে ‘ব্যয়বহুল এবং উস্কানিমূলক’ বলেও বর্ণনা করেন।

    কেউ কেউ অবশ্য এই মহড়া বন্ধের অঙ্গীকারকে ‘মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় দিয়েছে’ বলে চিত্রিত করতে চাইছেন। তবে এই প্রথম ক্ষমতাসীন অবস্থায় কোন মার্কিন প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার নেতার বৈঠক হলো – যারা কিছুকাল আগেও পরস্পরের উদ্দেশ্যে অপমানকর ব্যঙ্গবিদ্রুপ ছুঁড়ে দিচ্ছিলেন।

    কি ঐকমত্য হলো?
    শীর্ষ বৈঠকের মূল বিষয় ছিল: পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং উত্তেজনা হ্রাস। স্বাক্ষরিত চুক্তিতে বলা হয় – দুই দেশ নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য সহযোগিতা করবে, এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে নিরাপত্তার গ্যারান্টি দেবে। কিম কোরিয়ান উপদ্বীপকে সম্পূর্ণ রূপে পরমাণু অস্ত্র মুক্ত করার জন্য তার অবিচল এবং দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    কিভাবে এটা করা হবে তা স্পষ্ট করা হয় নি বলে কোন কোন বিশ্লেষক মতামত দিয়েছেন। তাদের কথা : মাত্র দেড় পৃষ্ঠার এই দলিলটি অস্পষ্ট এবং ‘এর ভেতরে কিছু নেই।’

    তবে পরে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পরমাণূ অস্ত্র ত্যাগের ব্যাপারটি যেন যাচাই করে দেখা যায় – তাতে কিম রাজী হয়েছেন। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আপাতত: বলবৎ থাকবে, তবে কিম অঙ্গীকারবদ্ধ থাকলে পরে তা তুলে নেয়া হতে পারে।

    এই বৈঠকের পর দক্ষিণ কোরিয়া বলেছে, এর মধ্যে দিয়ে শীতল যুদ্ধের যুগের শেষ সংঘাতের অবসান হলো। একে আরো স্বাগত জানিয়েছেন রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরাও। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এখন উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো শিথিল করা যেতে পারে।

    তবে ইরান বলেছে, এমনও হতে পারে যে ট্রাম্প দেশে ফিরে যাবার আগেই এ চুক্তি বাতিল করে দিতে পারেন।

    সূত্র: বিবিসি বাংলা