Category: আন্তর্জাতিক

  • হজে গিয়ে ২২ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরলেন ৯৯৬৪ হাজি

    হজে গিয়ে ২২ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরলেন ৯৯৬৪ হাজি

    অনলাইন ডেস্কঃহজের পর সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজি মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ জনে। সর্বশেষ রোববার (১৭ জুলাই) ময়মনসিংহ জেলার মোছা. মমতাজ বেগম (৪৯) পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর- EE0210200।

    ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

    মারা যাওয়া হজযাত্রী/হাজিদের মধ্যে পুরুষ ১৫ ও মহিলা ৭ জন। তাদের মাঝে মক্কায় ১৮, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

    অন্যদিকে হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি।

    গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। এর আগে ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। এরপর হাজিদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়।

    আইটি হেল্পডেস্ক জানিয়েছে, চারদিনে মোট ৯ হাজার ৯৬৪ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদিয়ার ১৩টি ও ফ্লাইনাসের ৩টি ফ্লাইট রয়েছে। হাজিদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

    আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে আরও জানিয়েছে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সৌদি আরবে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫১০ ফ্লাইটযোগে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করেছেন। হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

  • যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলা, নিহত ৩

    যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলা, নিহত ৩

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের বাইরে একটি শপিংমলে হামলা চালানো হয়েছে। ফুড কোর্টে চালানো এ হামলায় তিনজন নিহত হয়েছেন। তবে এক বেসমরিক নাগরিকের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ইন্ডিয়ানাপোলিসের গ্রিনউড পার্ক মলে এ হামালা চালানো হয়। এরপর সেখানে উপস্থিত একজন বেসামরিক নাগরিক ওই হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। কারণ তার কাছেও অস্ত্র ছিল।

    প্রতিবেদনে বলা হয়, হামলাকারী একাই ছিলেন। তার কাছে ছিল একটি রাইফেল ও কিছু গোলাবারুদ। তবে পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তাছাড়া গোলাগুলির সময় শপিংমলের ক্রেতা-বিক্রেতারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে।

    যুক্তরাষ্ট্রের স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে বন্দুক হামলা মারাত্মক আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও হামলার ঘটনা ঘটছে। এতে প্রাণ হারাচ্ছেন অসংখ্য সাধারণ নাগরিক। বিশেষ করে শিশু ও নারী। এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যে এ খবর সামানে এল।

  • বিধ্বস্ত বিমানে ছিল সেনাবাহিনী ও বিজিবির জন্য কেনা মর্টার শেল

    বিধ্বস্ত বিমানে ছিল সেনাবাহিনী ও বিজিবির জন্য কেনা মর্টার শেল

    আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার রাতে গ্রিসে বিধ্বস্ত হওয়া কার্গো প্লেনটি প্রশিক্ষণ মর্টার শেল নিয়ে বাংলাদেশে আসছিল। তবে এতে কোনো অস্ত্র ছিল না। কার্গো ফ্লাইটটির বিমাও করা ছিল।

    রোববার (১৭ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

    বার্তায় বলা হয়, ডিজিডিপি (ডিরেক্টরেট জেনারেল অব ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায়, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, সার্বিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে। এখানে উল্লেখ্য, উক্ত চালানে কোনো অস্ত্র ছিল না এবং উক্ত চালানটি বিমার আওতাভুক্ত।

    এর আগে এক সংবাদে আল জাজিরা জানায়, গ্রিসে বিধ্বস্ত কার্গো প্লেনের ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের কাভালা শহরে ওই প্লেনটি বিধ্বস্ত হয়। সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিক এ তথ্য নিশ্চিত করেছেন।

    নেবোজসা স্টেফানোভিক জানান, ইউক্রেনের একটি কোম্পানি পরিচালিত অ্যান্তনভ এএন-১২ প্লেনটি বাংলাদেশে যাওয়ার সময় স্থানীয় সময় শনিবার রাতে বিধ্বস্ত হয়।

    ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়। সে সময় বিমানটিতে আটজন আরোহী ছিলেন।

    এক প্রত্যক্ষদর্শী ইআরটিকে জানান, বিকট শব্দ শোনার পর তিনি বাইরে গিয়ে দেখেন প্লেনটির ইঞ্জিনে আগুন ধরে গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে সাতটি ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েন করা হয়েছে কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।

  • ওমানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর

    ওমানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর

    অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ও ওমানের মধ্যে স্বাক্ষরিত কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস ও স্পেশাল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়েছে।

    ১৪ জুলাই থেকে চুক্তিটি কার্যকর হয়েছে জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত ১৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

    এতে বলা হয়, গত ২৪ মার্চ বাংলাদেশ ও ওমান সরকারের মধ্যে ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য সালতানাত অব ওমান অন দ্য মিউচুয়াল ভিসা এক্সাম্পশন ফর হোল্ডার্স অব ডিপ্লোম্যাটিক, অফিসিয়াল, স্পেশাল অর সার্ভিস পাসপোর্ট’ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

    এমতাবস্থায়, উল্লিখিত চুক্তি মোতাবেক দুই দেশের কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস ও স্পেশাল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়টি কার্যকর/বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

    এর আগে গত ৩০ মে বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনীতিক, অফিসিয়াল, বিশেষ বা সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। এ চুক্তির আওতায় কূটনীতিক, সরকারি কর্মকর্তাদের সঙ্গে কর্মীদেরও দুই দেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসার প্রয়োজন হবে না।

  • গ্রিসে বিধ্বস্ত কার্গো প্লেনের সব আরোহী নিহত

    গ্রিসে বিধ্বস্ত কার্গো প্লেনের সব আরোহী নিহত

    গ্রিসে বিধ্বস্ত কার্গো প্লেনের ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের কাভালা শহরে ওই প্লেনটি বিধ্বস্ত হয়। সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিক এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

    নেবোজসা স্টেফানোভিক জানান, ইউক্রেনের একটি কোম্পানি পরিচালিত অ্যান্তনভ এএন-১২ প্লেনটি ১১ টন অস্ত্র ও মাইন নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় স্থানীয় সময় শনিবার রাতে বিধ্বস্ত হয়।

    ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়। সে সময় বিমানটিতে আটজন আরোহী ছিলেন।

    এক প্রত্যক্ষদর্শী ইআরটিকে জানান, বিকট শব্দ শোনার পর তিনি বাইরে গিয়ে দেখেন প্লেনটির ইঞ্জিনে আগুন ধরে গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে সাতটি ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েন করা হয়েছে কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।

    ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ‘আমরা কার্গোটিকে বিপজ্জনক বলে বিবেচনা করছি’। গ্রিসের বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটও ঘটনা তদন্ত করছে বলে জানা গেছে।

  • সুদানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুটি গ্রুপের সংঘর্ষ, নিহত ৩৩

    সুদানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুটি গ্রুপের সংঘর্ষ, নিহত ৩৩

    সুদানের দক্ষিণ-পূর্ব ব্লু নাইল রাজ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুটি গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০৮ জন। শনিবার (১৬ জুলাই) সহিংসতার জেরে ওই এলাকা ছেড়ে পালিয়েছেন কয়েক ডজন পরিবার। দেশটির কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বার্তি ও হাওসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। গত সোমবার সহিংসতা শুরু হওয়ার পর থেকে হতাহতের ঘটনা ঘটে। ১৬টি দোকানেও আগুন দেওয়া হয়।

    আল-রোজারেস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগর শনিবার এএফপিকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের আরও সৈন্য প্রয়োজন’।

    তার মতে, সহিংসতার কারণে হতাহতের ঘটনা ঘটে। অনেক লোক থানায় আশ্রয় নিয়েছিল। তিনি বলেন, সহিংসতা হ্রাস করার জন্য জরুরিভিত্তিতে মধ্যস্থতাকারীদের প্রয়োজন।

    অতিরিক্ত সেনা মোতায়েন রয়েছে ওই এলাকায় এবং রাতে কারফিউ জারি করা হয়েছে। ব্লু নাইলের গভর্নর আহমেদ আল-ওমদা শুক্রবার একটি আদেশ জারি করেছেন যাতে এক মাসের জন্য কোনো জমায়েত বা মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

    নাম প্রকাশ না করার শর্তে হাওসা’র এক সদস্য এএফপিকে বলেছেন, ‘ভূমির দ্বন্দ্ব মেটাতে ‘একটি বেসামরিক কর্তৃপক্ষ’ গঠনের জন্য বার্টি, হাওসার অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপরই সহিংসতা শুরু হয়। কিন্তু বার্তির এক সদস্য জানান, হাওসা জনগোষ্ঠী জমি দখল করতে গেলে তারা প্রতিরোধের চেষ্টা করে।

    কিসান অঞ্চল ও ব্লু নাইল রাজ্যে সাধারণত দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। সুদানের সাবেক শক্তিশালী প্রেসিডেন্ট ওমর আল-বশির ২০১৯ সালে সেনাবাহিনী দ্বারা ক্ষমতাচ্যুত হন।

    বিশেষজ্ঞরা বলছেন, সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে গত বছরের অভ্যুত্থান একটি নিরাপত্তা শূন্যতা তৈরি করেছে যা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনের মধ্যে সহিংসতা বাড়িয়ে দিচ্ছে। সুদান এমন একটি দেশ যেখানে ভূমি, পশুসম্পদ, পানির প্রবেশাধিকার এবং গোচারণ নিয়েও প্রায়ই সংঘর্ষ হয়।

    সুদানে প্রায় ৫৯৭টি জাতির বসবাস। তারা প্রায় ৪০০ ভিন্ন ভাষায় কথা বলে। প্রধান জাতিগোষ্ঠী হচ্ছে আরবীয়। তাদের প্রায় সবাই মুসলমান। উত্তরাঞ্চলে তাদের বসবাস। কালো সুদানিদের বেশির ভাগই খ্রিষ্টান। তারা সাধারণত দক্ষিণাঞ্চলে বসবাস করে। এ দুটি প্রধান জাতি আবার ছোট ছোট কয়েকশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠতে বিভক্ত।

    এছাড়া সুদানে রয়েছে মরোক্কান, আলজেরিয়ান, আরবভাষী, নুবিয়ান, মিসরীয় ইত্যাদি জাতিগোষ্ঠীর লোক। সুদানি আরবদের বেশির ভাগই ভাষাভাষী আরব, জাতিগত নয়। এ অঞ্চলের আদি অধিবাসী হচ্ছে নুবিয়ানরা। তাদের ইতিহাস আবার মিসরীয়দের সঙ্গে সম্পৃক্ত।

    সূত্র: এএফপি, এনডিটিভি

  • মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

    মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

    হজের পর সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। তার নাম মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮)। তিনি ঢাকা জেলার বাসিন্দা। শনিবার (১৬ জুলাই) পবিত্র মক্কায় মারা যান তিনি। তার পাসপোর্ট নম্বর- ইই০০৬৪৮৮৮।

    ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

    সৌদি আরবে হজ করতে গিয়ে এ নিয়ে ২১ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি মারা গেলেন। তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ছয়জন। মক্কায় ১৬, মদিনায় তিন এবং জেদ্দায় একজন মারা যান।

    অন্যদিকে হজ শেষে সৌদি থেকে দেশে ফিরেছেন ছয় হাজার ৫০১ জন হাজি।

    গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়।

    মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক জানিয়েছে, তিনদিনে মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৮। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত আটটি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত আটটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত দুটি ফ্লাইট রয়েছে। আগামী ৪ আগস্ট হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে।

  • পদত্যাগ করলেও দেশের জন্য কাজ করবো: গোতাবায়া রাজাপাকসে

    পদত্যাগ করলেও দেশের জন্য কাজ করবো: গোতাবায়া রাজাপাকসে

    অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের জেরে শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বলেছেন, তিনি প্রেসিডেন্ট পদে না থাকলেও দেশের জন্য কাজ করে যাবেন। তিনি তার পদত্যাপত্রে এসব কথা বলেছেন। তার পদত্যাগপত্রটি শনিবার (১৬ জুলাই) দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে পড়ে শোনানো হয়।

    পার্লামেন্টে সংক্ষিপ্ত অধিবেশন আহ্বান করা হলে সংসদের মহাসচিব ধম্মিকা দাসানায়েক স্পিকারের কাছে পাঠানো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্রটি পড়ে শোনান।

    চিঠিতে সদ্য সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আরও বলেন, তিনি দায়িত্ব নেওয়ার ৩ মাসের মধ্যে কোভিড মহামারি সমগ্র বিশ্বকে প্রভাবিত করে। তিনি সে সময়ে শ্রীলঙ্কাকে মহামারি থেকে রক্ষা করার প্রচেষ্টা চালান এবং তাতে তিনি সন্তুষ্ট।

    তিনি আরও বলেন যে ২০২০ ও ২০২১ সালে লকডাউন কার্যকর করার মাধ্যমে, দেশ বৈদেশিক মুদ্রা হারায় এবং অর্থনীতি ধসে পড়ে। যা এখন চরম আকার ধারণ করেছে।

    রাজাপাকসে আরও বলেন যে তিনি সংকট মোকাবিলায় সর্বদলীয় সরকার গঠনে সহায়তা করার জন্য সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছিলেন।

    তিনি বলেন রাজনৈতিক নেতা ও জনগণের অনুরোধের পরে, ১৪ জুলাই ২০২২ থেকে তার পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তিনি অতীতের মতোই তার জন্মভূমির সেবা করে যাবেন।

    স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) মধ্যরাতে তিনি দেশ ত্যাগ করেন। ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান রাত ৩টার দিকে। এরপর সেখান থেকে সিঙ্গাপুর চলে যান। মালদ্বীপ থেকে সৌদি এয়ারলাইনসের একটি প্লেনে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া। সঙ্গে রয়েছেন স্ত্রী ও দুই দেহরক্ষী।

    সিঙ্গাপুরের সরকার জানিয়েছে, একটি ব্যক্তিগত ভিসায় তাকে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। তবে গোতাবায়া সিঙ্গাপুরেই থাকবেন নাকি অন্য কোথাও যাবেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

    সূত্র: কলম্বো গেজেট

  • করোনার নতুন বৈশ্বিক ঢেউ আসছে, সতর্কবার্তা ডব্লিউএইচওর

    করোনার নতুন বৈশ্বিক ঢেউ আসছে, সতর্কবার্তা ডব্লিউএইচওর

    মহামারি করোনাভাইরাসের নতুন বিএ পয়েন্ট ফাইভ (বিএ.৫) সাব-ভ্যারিয়েন্ট বা উপ-ধরনটি আগের ডেল্টা বা ওমিক্রন ধরনের তুলনায় অনেক বেশি বিপদজনক বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান।

    একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, করোনার নতুন বৈশ্বিক ঢেউ আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এ বিষয়ে ডব্লিউএইচওর সদস্য রাষ্ট্রগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

    ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাব-ভ্যারিয়েন্ট বা উপ-ধরন হচ্ছে বিএ.৫। এ উপ-ধরনটির মারণ-সক্ষমতা অন্য পরিবর্তিত ধরনগুলোর তুলনায় বেশি। আর নতুন এ উপ-ধরনটিই বৈশ্বিক ঢেউ আসার মতো পরিস্থিতি তৈরি করতে পারে, মনে করছেন সৌম্য স্বামীনাথান।

    গত বৃহস্পতিবার এক টুইটবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ শীর্ষ বিজ্ঞানী বলেন, গত কয়েক মাস সংক্রমণ ও মৃত্যু শিথিল থাকার পর বিশ্বব্যাপী আবারও করোনার ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

    সম্ভাব্য নতুন ঢেউয়ের কারণ উল্লেখ করে তিনি বলেন, বিএ পয়েন্ট ফাইভ নামের উপ-ধরনটির প্রভাব, সংক্রমণ নিয়ন্ত্রণে আমাদের উদাসীনতা এবং বিশ্বজুড়ে করোনাপ্রতিরোধী ভ্যাকসিন বণ্টনে চরম অসমতা এ উত্থানের কারণ হতে পারে।

    ওই টুইটবার্তায় সৌম্য স্বামীনাথান সতর্ক করে বলেন, বর্তমানে যেভাবে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বাড়ছে তাতে এটা নিশ্চিত যে, শিগগির করোনার একটি বৈশ্বিক ঢেউ আমাদের জন্য অপেক্ষা করছে।

    সম্ভাব্য এ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে জাতিসংঘভিত্তিক এই স্বাস্থ্য নিরাপত্তা সংস্থাটি সব সদস্য রাষ্ট্রকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছে বলেও জানান তিনি।

    ২০১৯ সালের ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর বিশ্বের দেশে দেশে ভাইরাসটি ছড়াতে শুরু করে। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনায় প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

    চলতি বছরের শুরু থেকে বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টকে ‘সুপারস্প্রেডার’ হিসেবে বর্ণনা করেছেন বিজ্ঞানীরা। তবে ওমিক্রনেরই সাব-ভ্যারিয়েন্ট বিএ পয়েন্ট ফাইভ (বিএ.৫) আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।

  • করোনায় আরও ১৫৪০ মৃত্যু, শনাক্ত পৌনে ৮ লাখ

    করোনায় আরও ১৫৪০ মৃত্যু, শনাক্ত পৌনে ৮ লাখ

    বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫৪০ জন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে সাত লাখ ৭৩ হাজার ৫৫৯ জন।

    এতে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৬ কোটি ৬২ লাখ ৭২৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৬৩ লাখ ৮৫ হাজার ৫৮৩ জন।

    শনিবার (১৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ব্রাজিলে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। লাতিন আমেরিকার এ দেশটিতে করোনায় আরও ২৯৯ জন মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ছয় লাখ ৭৫ হাজার ১৪৫ জনের। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ সাত হাজার ৯৫৯ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত মোট হলেন তিন কোটি ৩২ লাখ ৫০ হাজার ১১৭ জন।

    এরপর দৈনিক প্রাণহানির তালিকায় রয়েছে, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, তাইওয়ান ও ফ্রান্স

    এদিকে মোট মৃত্যু ও সংক্রমণের দিক দিয়ে তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৪৮ হাজার ৬৯৩ জন করোনায় মারা গেছেন। এছাড়াও মোট নয় কোটি ১১ লাখ ৭০ হাজার ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২০৭ জন। এ সময়ে দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৪ হাজার ৩৭ জন।

    মোট সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে দেশটিতে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ভারতে এ পর্যন্ত চার কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৯০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২৫ হাজার ৬০৪ জন।

    এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২২৫ জনে। একই সময়ে নতুন করে এক হাজার ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জনে।

    ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।