Category: আন্তর্জাতিক

  • শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদীর বার্তা

    শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদীর বার্তা

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    শুভেচ্ছা বার্তায় মোদী বলেন, আমাদের জনগণের উন্নতির সঙ্গে সঙ্গে, এই উৎসব আমাদের ত্যাগ ও ভাগ করে নেওয়ার গুণাবলীর কথা স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে আমাদের সমাজের কম ভাগ্যবান জনগণের সঙ্গে, যারা আমার ও আপনার সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

    ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও জোরদার করার জন্য আমাদের ভাগ করা অঙ্গীকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলো মধ্যে একটি।

    যার মাধ্যমে আমরা ক্রমবর্ধমান কঠিন ও চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিবেশ সত্ত্বেও আমাদের নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিকরণ প্রবৃদ্ধি চালিয়ে যেতে পারি।

    শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দিল্লির বৈঠকে এসব বিষয় ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য মোদীর অপেক্ষার কথাও জানানো হয় শুভেচ্ছা বার্তায়।

  • বিক্ষোভের মুখে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া

    বিক্ষোভের মুখে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া

    জনসাধারণের বিক্ষোভের মুখে সরকারি বাসভবন থেকে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। খবর এএফপি’র।

    শনিবার (৯ জুলাই) রাজধানী কলম্বোতে বিক্ষোভ-সমাবেশে জন্য জড়ো হন আন্দোলনকারীরা। এক পর্যায়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা।

    দেশটির শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আন্দোলনের মুখে কার্যালয় ছেড়ে পালিয়েছেন। তবে তিনি ভালো আছেন বলে জানা গেছে।

    দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার জনগণ আবারও ফুঁসে উঠেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলার ঢেউ আছড়ে পড়েছে রাজনীতিতেও। এর আগে জনগণের ক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি।

    এবার দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেরও পদত্যাগ চাইছেন তারা।

  • শিনজো আবের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

    শিনজো আবের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

    জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আজ শনিবার (৯ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

    শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় এ শোক ঘোষণা করা হয়। ওইদিন জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে রাজনৈতিক পথসভায় ভাষণ দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়ে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিনজো আবে।

    প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার (৯ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। এ উপলক্ষে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

    শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় আজ বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।

  • মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে ঈদ উদযাপন

    মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে ঈদ উদযাপন

    বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে আজ শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। করোনা মহামারির বৈশ্বিক অভিঘাত সামলে এ বছর বিভিন্ন দেশে অনেকটাই বিধিনিষেধের আওতামুক্ত হয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন মুসল্লিরা। উন্মুক্ত পরিবেশে হচ্ছে ঈদের জামাত।

    মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেছেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির ও শেখরা।

    পবিত্র কাবা শরিফে ঈদের নামাজ পড়ান ও খুতবা দেন কোরআনের প্রসিদ্ধ কারি প্রখ্যাত ইসলামিক স্কলার ও সুমধুর কণ্ঠের অধিকারী শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি। আর মসজিদে নববিতে নামাজ পড়ান প্রখ্যাত ইসলামিক স্কলার ও প্রসিদ্ধ ইমাম শায়খ ড. আব্দুল বারি আল-থুবাইতি।

    এদিকে ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদের সামনে সকালে জড়ো হন পশ্চিমতীরের মুসল্লিরা। আদায় করেন পবিত্র ঈদুল আজহার জামাত। ওই জামাতে অংশ নিতে দেখা গেছে হাজারো ফিলিস্তিনিকে।

    মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর ও জর্ডানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারি শুরুর পর এবারই উন্মুক্ত স্থানে খুতবা ও জামাত অনুষ্ঠিত হয়েছে। গেল বছর মৌরিতানিয়া, মরক্কো, ওমান এবং তিউনিশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো করোনার কারণে ঈদের জামাত বাতিল করা হয়েছিল। তবে এবার সেসব দেশেও উৎসবের আমেজে ঈদ উদযাপন হচ্ছে।

    মধ্যপ্রাচ্য ছাড়াও ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে আজ ঈদুল আজহা উদযাপন হচ্ছে। এছাড়া ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রেও আজ ঈদ উদযাপন করছেন মুসলিম সম্প্রদায়।

    এদিকে গত বৃহস্পতিবার (৭ জুলাই) সৌদি আরবে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে দেশি-বিদেশি ১০ লাখ মুসলিম অংশ নিয়েছেন। মক্কায় কাবা তাওয়াফের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয়। অনেকেই তীব্র গরম থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় তাঁবু টানিয়েছেন। কারণ সেখানের তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছেছে। এ বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

  • সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

    সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

    সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি হাজীদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো।

    সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রীর মধ্যে একজনের তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক। আইটি হেল্পডেস্ক বৃহস্পতিবারের হজের বুলেটিনে জানিয়েছে, বৃহস্পতিবার (৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার (৫৯) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- EF0852839।

    এর আগে সৌদিতে যে ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ নয়জন এবং নারী চারজন।

    মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক আরও জানিয়েছে, সারা বিশ্ব হতে আসা হজযাত্রীদের মিনায় অবস্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। মিনায় আসা সব হজযাত্রী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগির মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন ।

    শুক্রবার (৯ জিলহজ) ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজের দিন। হজযাত্রীরা মধ্যরাত থেকেই মিনা হতে আরাফার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তাদের কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠবে পুরো আরাফাতের ময়দান। সেখানে তারা এক আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন এবং সারাদিন অবস্থান শেষে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুজদালিফার উদ্দেশ্যে আরাফা ত্যাগ করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন শেষে ১০ জিলহজ ফজর নামাজ আদায় করে মিনায় ফিরে আসবেন এবং বড় জামারায় পাথর নিক্ষেপ করবেন বলে বলে টেনে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

    গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত গত ৩২ দিনে ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।

    হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

  • শিনজো আবের ওপর হামলাকারী সম্পর্কে যা জানা গেলো

    শিনজো আবের ওপর হামলাকারী সম্পর্কে যা জানা গেলো

    একটি উন্মুক্ত জনসমাবেশে বক্তব্য রাখার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর গুলি চালিয়েছেন এক ব্যক্তি। এতে গুরুতর আহত হয়েছেন আবে। তার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৮ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর নারায় একটি রেলস্টেশনের বাইরে এ ঘটনা ঘটে। জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রীর ওপর হামলা চালানো ব্যক্তিকে সঙ্গে সঙ্গেই আটক করেছে নিরাপত্তা বাহিনী।

    স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলাকারীর নাম তেতসুয়া ইয়ামাগামি। তিনি ওই এলাকারই বাসিন্দা। ৪১ বছর বয়সী তেতসুয়া জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর সাবেক সদস্য বলে শোনা যায়

    হামলার আগে শিনজো আবের ১০ ফুট পেছনে দাঁড়িয়েছিলেন তিনি। আবে বক্তব্য রাখার মধ্যে তার ওপর দুবার গুলি চালান তেতসুয়া। সঙ্গে সঙ্গে রাস্তার ওপর পড়ে যান সাবেক প্রধানমন্ত্রী। গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে তার রক্তাক্ত শরীর দেখা গেছে।

    গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালানোর কোনো চেষ্টাই করেননি হামলাকারী। তাকে সঙ্গে সঙ্গে আটক করেন নিরাপত্তাকর্মীরা।

    তেতসুয়াকে এখন নারা নিশি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলাকারী পুলিশকে জানিয়েছেন, হত্যার উদ্দেশ্যেই তিনি আবের ওপর গুলি চালিয়েছেন। দাবি, তিনি শিনজো আবের ওপর অসন্তুষ্ট ছিলেন। তবে তার কারণ কী তা এখনো জানা যায়নি।

    খবরে বলা হয়েছে, তেতসুনা শিনজো আবেকে গুলি করার জন্য একটি শটগান ব্যবহার করেছেন। সেটিও তিনি নিজেই তৈরি করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

    তেতসুনার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

    সুত্র: এনএইচকে, এনডিটিভি

  • গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

    গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

    বাঁচানো গেলো না জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে। শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন তিনি। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে এ তথ্য নিশ্চিত করেছে।

    এর আগে জানানো হয়, দেশটির নারা শহরে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ পড়ে যান ও আহত হন। সে সময় এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শুনেছেন ও আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন।

    জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, নারায় এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবের বুকে সম্ভবত গুলি করা হয়। এতে তিনি অজ্ঞান হওয়ার পর কারও ডাকে সাড়া দিচ্ছিলেন না।

    এরপর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক ও একটি বন্দুক উদ্ধার করে দেশটির নিরাপত্তা বাহিনী।

  • বরিস জনসনের পদত্যাগে উচ্ছ্বসিত রাশিয়া, মন খারাপ ইউক্রেনের

    বরিস জনসনের পদত্যাগে উচ্ছ্বসিত রাশিয়া, মন খারাপ ইউক্রেনের

    নানা বিতর্কের জেরে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছাড়বেন প্রধানমন্ত্রিত্বও। তবে পরবর্তী প্রধানমন্ত্রী ক্ষমতাগ্রহণের আগপর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকছেন তিনিই। বরিস জনসনের এমন রাজনৈতিক পতনে মন খারাপ ইউক্রেনীয়দের। তবে এতে বেজায় খুশি রাশিয়া। খবর দ্য গার্ডিয়ানের।

    রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছিল বরিস জনসনের সরকার। জি৭ নেতাদের মধ্যেও জনসনই সবার আগে গত এপ্রিলে কিয়েভ সফর করেন। এসব কারণে ইউক্রেনীয়দের কাছে বেশ জনপ্রিয় ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই তার পদত্যাগে নাখোশ জেলেনস্কি প্রশাসন।

    বরিস জনসন পদত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই তার সঙ্গে টেলিফোনে কথা বলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে এক বিবৃতিতে তিনি বলেন, আমরা সবাই দুঃখ নিয়ে [জনসনের পদত্যাগের] খবরটি শুনেছি। শুধু আমি নই, গোটা ইউক্রেনীয় সমাজ আপনার প্রতি সহানুভূতিশীল।

    তিনি বলেন, আমাদের সন্দেহ নেই যে, [ইউক্রেনের প্রতি] গ্রেট ব্রিটেনের সমর্থন সংরক্ষিত থাকবে, তবে আপনার (জনসন) ব্যক্তিগত নেতৃত্ব ও ক্যারিশমা এটিকে বিশেষ করে তুলেছিল।

    নামপ্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেন, আমাদের বিশ্বাস, এরপরও যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে থাকবে। তবে অবশ্যই আমরা ব্যথিত। দুই নেতার (জনসন-জেলেনস্কি) মধ্যে সত্যিকারে ব্যক্তিগত বন্ধন ছিল।

    বরিস জনসনের পদত্যাগের খবরে ইউক্রেন যতটা ব্যথিত, ঠিক ততটাই যেন উৎফুল্ল রাশিয়া। ক্রেমলিনের মতে, ‘সবচেয়ে সক্রিয় রাশিয়া-বিরোধী নেতা’ ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

    বৃহস্পতিবার (৭ জুলাই) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন. তিনি (জনসন) আমাদের পছন্দ করেন না। আমরাও তাকে পছন্দ করি না।

    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, শেষ কথা হলো- রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করবেন না। রাশিয়াকে ধ্বংস করা যাবে না। এতে আপনার দাঁত ভেঙে যেতে পারে।

    রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভের মতে, জনসনের পদত্যাগ হলো ‘ব্রিটিশ অহংকার এবং মধ্যপন্থি নীতির যৌক্তিক ফলাফল’। সাবেক রুশ প্রেসিডেন্ট টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের সেরা বন্ধুরা চলে যাচ্ছে। আমরা এরপর জার্মানি, পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোর খবরের অপেক্ষায় রয়েছি।

    রাশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী ওলেগ ডেরিপাস্কার ভাষায়, এটি এক ‘মূর্খ ভাঁড়’-এর ‘অপমানজনক পরিণতি’, যার বিবেক ‘ইউক্রেনের অর্থহীন সংঘাতে ক্ষতিগ্রস্ত হাজার হাজার জীবন’ দিয়ে জর্জরিত হবে।

  • ২৪ ঘণ্টায় সংক্রমণে শীর্ষে ফ্রান্স, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

    ২৪ ঘণ্টায় সংক্রমণে শীর্ষে ফ্রান্স, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

    মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে এক হাজার ৫৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৭৬২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৩৯ হাজার ৮১৫ জন।

    এ নিয়ে বিশ্বে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৫৬২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ছয় কোটি ৩৬ লাখ ৮ হাজার ৭৭০ জন। আর সুস্থ হয়েছেন ৫৩ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৯৫৭ জন।

    শুক্রবার (৮ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ফ্রান্সে। আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, তাইওয়ান, কানাডা, ইতালি, ফ্রান্সের মতো দেশগুলো

    গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা সংক্রমিত হয়েছেন এক লাখ ৬১ হাজার ২৬৫ জন এবং মারা গেছেন ৮৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৬০৭ জন এবং মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ৯৪৩ জন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ২ কোটি ৯৯ লাখ ২৯ হাজার ৬০৪ জন।

    শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২০৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৩ হাজার ৩৬৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৭ লাখ ৬১ হাজার ৪৫ জন এবং মারা গেছেন ৬ লাখ ৭৩ হাজার ১২৬ জন।

    গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে শনাক্ত ৯১ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন ৩২০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত ৮ কোটি ৯ কোটি ৬৫ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৪৫ হাজার ৮০ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৮ কোটি ৫৬ লাখ ২৪ হাজার ৯৮২ জন।

    ইতালিতে একদিনে শনাক্ত আরও এক লাখ ৭ হাজার ২৪০ জন এবং মারা গেছেন ৯৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত এক কোটি ৯১ লাখ ৫৭ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন এক লাখ ৬৮ হাজার ৮৬৪ জন। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৭৭ লাখ ৮৯ হাজার ৬১৩ জন।

    তাইওয়ানে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০৫ জন এবং নতুন শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৪৬২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩৯ লাখ ৯৫ হাজার ৬২১ জন এবং মারা গেছেন ৭ হাজার ৩২৮ জন। সুস্থ হয়েছেন ৩১ লাখ ৮৩ হাজার ৫২৩ জন।

    করোনায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪১৮ জন। দেশটিতে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত ৪ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার ৩০২ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৫ হাজার ৩০৫ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় কানাডায় ১০৩ জন, অস্ট্রেলিয়ায় ৬০ জন, মেক্সিকোতে ৬০ জন, চিলিতে ৬৮ জন, রাশিয়ায় ৫২ জন, জাপানে ১৫ জন, পর্তুগালে ২০ জন, থাইল্যান্ডে ২০ জন, গ্রিসে ২৯ জন, ফিনল্যান্ডে ৬৬ জনের মৃত্যু হয়েছে।

  • জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ‘গুলিবিদ্ধ’

    জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ‘গুলিবিদ্ধ’

    জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সম্ভবত গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) জাপানি সংবাদমাধ্যম এনএইচকে’র বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। খবরে বলা হয়েছে, সাবেক জাপানি প্রধানমন্ত্রী আবে পশ্চিম জাপানের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পড়ে যান। প্রাথমিক খবর বলছে, তিনি সম্ভবত আহত।

    এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শুনেছেন এবং আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন।

    জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, শুক্রবার নারায় এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবের বুকে সম্ভবত গুলি করা হয়েছে। এতে তিনি অজ্ঞান হয়ে যান এবং কারও ডাকে সাড়া দিচ্ছিলেন না।

    ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক এবং একটি বন্দুক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

    স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দমকল বিভাগ বলেছে, শিনজো আবের সম্ভবত ‘কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট’ হয়েছে। সাধারণত চিকিৎসক আনুষ্ঠানিকভাবে কাউকে মৃত ঘোষণার আগে এই শব্দটি ব্যবহার করা হয় দেশটিতে।

    উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন রয়েছে জাপানে। দেশটিতে গুলি বা এ ধরনের হামলার ঘটনা খুবই বিরল

    জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। প্রথম দফায় ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় ছিলেন তিনি। এরপর ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর শক্ত হাতে দেশ চালিয়েছেন আবে।

    জাপানকে মূল্যস্ফীতির চক্র থেকে বের করতে বড় ভূমিকা ছিল শিনজো আবের। তিনি ক্ষমতাগ্রহণের সময় চীনের সঙ্গে জাপানের বিরোধপূর্ণ সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তবে আবের সুদক্ষ কৌশলে এ পরিস্থিতির উন্নতি ঘটে।