Category: আন্তর্জাতিক

  • যুক্তরাষ্ট্রের টেক্সাসে লরির ভেতর থেকে ৪২ মরদেহ উদ্ধার

    যুক্তরাষ্ট্রের টেক্সাসে লরির ভেতর থেকে ৪২ মরদেহ উদ্ধার

    যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি লরির ভেতর থেকে অন্তত ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৮ জুন) এসব মরদেহ খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই অভিবাসনপ্রত্যাশী।

    স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আরও অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

    কেএসএটি টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি সান অ্যান্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেল সংলগ্ন এলাকায় খুঁজে পাওয়া গেছে।

    নিউইয়ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর থেকে গাড়ির চালক লাপাত্তা। সান অ্যান্তোনিওর পুলিশ কর্মকর্তারা তাকে ধরতে অভিযান শুরু করেছেন।

    টেক্সাসের সান অ্যান্তোনিও শহর মার্কিন-মেক্সিকান সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত।

    টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এসব মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ এটি।

    মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    কীভাবে এতোগুলো মানুষ মারা গেলো তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

  • যোগ্য পাত্র চাই তবে স্কুলশিক্ষক নয়, ভাইরাল পাত্রীপক্ষের বিজ্ঞাপন

    যোগ্য পাত্র চাই তবে স্কুলশিক্ষক নয়, ভাইরাল পাত্রীপক্ষের বিজ্ঞাপন

    উপযুক্ত পাত্র চাই, তবে স্কুলশিক্ষক গ্রহণযোগ্য নয়। গত রোববার (২৬ জুন) দৈনিক পত্রিকায় প্রকাশিত এমনই একটি বিজ্ঞাপন নিয়ে তুলকালাম চলছে ভারতের সোশ্যাল মিডিয়ায়। কারণ, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ব্যাপক আলোচনা চলছে দেশটির শিক্ষাঙ্গনে। এর মধ্যে চাকরিও গেছে বহু শিক্ষকের। তদন্তে নেমেছে সিবিআই। তার মধ্যেই উত্তর দিনাজপুরে এক পাত্রীর জন্য পরিবারের লোকজন পাত্রের খোঁজ চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপনে তাদের অভিনব শর্ত নজর কেড়েছে অনেকের।

    বিজ্ঞাপনে লেখা, ‘উপযুক্ত পাত্র কাম্য (স্কুলশিক্ষক ব্যতীত)’। রোববার এই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    কিছু দিন আগে আলিপুরদুয়ারে প্রাথমিকের এক শিক্ষককে ঋণ দিতে গিয়ে নিয়োগ পরীক্ষায় পাসের প্রমাণ চেয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ। এবার স্কুলশিক্ষক বাদ দিয়েই মেয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করেছে ওই পরিবার।

    স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, চলতি মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ভারতীয় হাইকোর্টের নির্দেশে ২৬৯ জনের চাকরি গেছে। এর মধ্যে উত্তর দিনাজপুরেই রয়েছে ৪০ জন। নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিবিআইয়ের তদন্তও চলছে। ২০১৪ সালে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।

    রঞ্জন দাস নামে এক অভিভাবক বলেন, হাইকোর্ট শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টি যেভাবে চেপে ধরেছে, তাতে দুর্নীতিগ্রস্তদের চাকরি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক বাদে পাত্রের খোঁজ করছে ওই মেয়ের পরিবার। তবে এভাবে হয়তো বিজ্ঞাপন দেওয়া উচিত হয়নি।

    অবসরপ্রাপ্ত শিক্ষক মোহম্মদ সাহিদুল ইসলাম বলেন, একটা সময় ছিল যখন মেয়ের জন্য শিক্ষক পাত্র চাইত পরিবার। কিন্তু এখন তার উল্টো।

    তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক গৌরাঙ্গ চৌহানের মতে, এ ধরনের বিজ্ঞাপন দিয়ে শিক্ষক সমাজকে অপমান করেছে ওই পরিবার।

  • ইউক্রেনে শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহতের শঙ্কা

    ইউক্রেনে শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহতের শঙ্কা

    ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকে একটি জনাকীর্ণ শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বহু লোক হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, হামলার সময় শপিংমলের ভেতর এক হাজারের বেশি লোক ছিল।

    ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এ হামলায় অন্তত দুইজন নিহত এবং ২০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    প্রেসিডেন্ট জেলেনস্কির শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বিশাল ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে ও তা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ।

    জেলেনস্কি বলেছেন, হামলার সময় শপিংমলের ভেতর এক হাজারের বেশি মানুষ ছিল। তবে হতাহতের কোনো তথ্য তিনি দেননি। শুধু বলেছেন, এতে ভুক্তভোগীর সংখ্যা কল্পনা করাও অসম্ভব।

    ইউক্রেনীয় প্রেসিডেন্ট অফিসের ডেপুটি প্রধান কিরিলো টিমোশেঙ্কো জানিয়েছেন, আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। সেখানে উদ্ধার অভিযান চলছে।

    মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, রাশিয়ার কাছ থেকে শিষ্টাচার ও মানবতা আশা করা অর্থহীন।

    এ ঘটনায় এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শুরু থেকেই তারা ইউক্রেনের বেসামরিক লোকজন লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

    পোলতাভা অঞ্চলের ডিনিপ্রো নদীর তীরে অবস্থিত শিল্পনগরী ক্রেমেনচুকে রয়েছে ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগার। গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর আগে শহরটিতে দুই লাখের বেশি মানুষ বসবাস করতো।

  • পাকিস্তানে তীব্র হচ্ছে জ্বালানি-বিদ্যুৎ সংকট

    পাকিস্তানে তীব্র হচ্ছে জ্বালানি-বিদ্যুৎ সংকট

    পাকিস্তানের জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করছে। প্রাকৃতিক গ্যাসের সরবরাহে অস্থিরতা তৈরি হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। কারণ দেশটি প্রাকৃতিক গ্যাসের আমদানির ক্ষেত্রে এখনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। খবর জিও নিউজের।এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাকিস্তান এলএনজি লিমিটেড তরল প্রাকৃতিক গ্যাস কেনার জুলাইয়ের একটি টেন্ডার বাতিল করেছে।জানা গেছে, চলতি মাসে টানা তিনবার পাকিস্তান এলএনজি আমদানির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। জ্বালানি আমদানিতে অদক্ষতার পরিচয় দেওয়ায় এরই মধ্যে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। তাছাড়া সম্প্রতি দেশটিতে শীততাপ যন্ত্রের ব্যবহারও বেড়েছে। এতে অধিক জ্বালানির প্রয়োজন হচ্ছে।এলএনজির আমদানির বিষয়ে প্রশ্ন করা হলে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র জাকারিয়া আলি শাহ বলেন, আমরা বিকল্প কৌশলের চিন্তা ভাবনা করছি। পাকিস্তানে বর্তমানে কোনো জ্বালানি ঘাটতি নেই বলেও উল্লেখ করেন তিনি।এদিকে পাকিস্তানের সরকার জ্বালানির সংরক্ষণ বাড়ানোর চেষ্টা করছে। দেশটি এরই মধ্যে সরকারি চাকরিজীবীদের কাজের সময় কমিয়েছে। তাছাড়া করাচিসহ অন্যান্য শহরের শপিংমল ও কারখানা খোলা রাখার সময়ও কমানো হয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিদ্যুৎ বিভ্রাট কামতে আরও পদক্ষেপ নেওয়া আহ্বান জানিয়েছেন।

  • বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ: বাইডেন

    বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ: বাইডেন

    বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

    শুক্রবার (২৪ জুন) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সঙ্গে এক বৈঠকে এ অভিমত ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

    বাইডেন বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি।

    বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এ বছর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

  • আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০, আহত কয়েকশ

    আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০, আহত কয়েকশ

    আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০ জনে পৌঁছেছে। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় এবং প্রত্যন্ত অঞ্চলগুলোর খবর পৌঁছাতে বিলম্ব হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    বুধবার (২২ জুন) ভোররাতে মানুষজন ঘুমিয়ে থাকার সময় আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আঘাত হানে প্রবল এই ভূমিকম্প। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার এবং ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ রেকর্ড করেছে।

    ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।

    আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবী বলেছেন, ভূমিকম্পে বেশিরভাগ মৃত্যু হয়েছে পূর্ব আফগান প্রদেশ পাকতিকায়। সেখানে অন্তত ২৫৫ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। এছাড়া খোস্ত প্রদেশে ২৫ জন মারা গেছেন এবং ৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সালাহউদ্দিন আইয়ুবী বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণ কিছু গ্রাম প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অবস্থিত। সেখানকার বিস্তারিত খবর জোগাড় করতে সময় লাগবে।

    তিনি জানান, কর্তৃপক্ষ এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে। আহতদের কাছে পৌঁছাতে এবং চিকিৎসা সামগ্রী ও খাবার নিয়ে যেতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

    ইএমএসসি জানিয়েছে, প্রায় ৫০০ কিলোমিটার জায়গাজুড়ে এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। এতে আফগানিস্তানের পাশাপাশি কেঁপে ওঠে প্রতিবেশী পাকিস্তান এবং ভারতও।

    ভোররাতে ভূমিকম্পটি আঘাত হানায় সেসময় ওই অঞ্চলের বেশিরভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন। ফলে কিছু বুঝে ওঠার আগেই ধসে পড়া বাড়িঘরের নিচে চাপা পড়ে প্রাণ হারান অনেকে।

    আফগানিস্তান খুবই ভূমিকম্পপ্রবণ একটি দেশ। জাতিসংঘের তথ্যমতে, গত ১০ বছরে দেশটিতে ভূমিকম্পে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ভূমিকম্পে প্রতি বছর আফগানিস্তানে গড়ে ৫৬০ জন মারা যান ।

  • দুর্নীতির মামলায় সু চির ৫ বছরের জেল

    দুর্নীতির মামলায় সু চির ৫ বছরের জেল

    দুর্নীতির দায়ে অভিযুক্ত মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে আরও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের একটি বিশেষ আদালত। ২০২১ সালের ১ ফেব্রুয়ারিতে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দুর্নীতির ১১টি মামলা বিচারাধীন।

    নেইপিদোর আদালত সাবেক মুখ্যমন্ত্রীর কাছ থেকে ছয় লাখ মার্কিন ডলার নগদ অর্থ এবং ১১ দশমিক ৪ কিলোগ্রাম স্বর্ণ ঘুস নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। তিনি গত অক্টোবরে সু চির বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলেন যে তিনি তাকে ‘তার সমর্থনের বিনিময়ে’ ঘুস দিয়েছিলেন।

    স্টেট এ্যাডমিনিস্ট্রেশনের কাউন্সিলের প্রধান মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন এ বিষয়ে কথা বলতে রাজি হননি। স্থানীয় সময় বেলা ১টার দিকে তিনি গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

    দেশটিতে নোবেল বিজয়ী ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে ডজনখানেক মামলা বিচারাধীন। এসব মামালার রায় হলে তার ১৯০ বছরের মতো কারাদণ্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন সু চি।

    গত বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির এনএলডি (ন্যাশনাল লি ফর ডেমোক্র্যাসি) সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এর পরপরই জান্তাবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিয়ানমার। বিক্ষোভ দমনে চড়াও হয় সামরিক সরকারও। এতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। আটক হন আরও কয়েক হাজার।

    সূত্র: ব্লুমবার্গ

  • আল-আকসায় ফের ইসরায়েলি তাণ্ডব, আহত ৩১

    আল-আকসায় ফের ইসরায়েলি তাণ্ডব, আহত ৩১

    পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে আবারও তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২২ এপ্রিল) মসজিদটিতে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এসময় তাদের সঙ্গে সংঘর্ষে তিন সাংবাদিকসহ অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানা যায়, শুক্রবার সকালে পূর্ণ দাঙ্গা প্রতিরোধী পোশাকে আটঘাট বেঁধে আল-আকসা মসজিদে প্রবেশ করে ইসরায়েলি পুলিশ। এসময় ফিলিস্তিনিরা পাথর ছুড়ে প্রতিরোধের চেষ্টা করলে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলিরা।

    সংঘর্ষ চলাকালে মসজিদ প্রাঙ্গণে একটি গাছে আগুন জ্বলতে দেখা গেছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী গাছটিতে আগুন ধরিয়ে দিয়েছে। তবে ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনিদের ছোড়া আতশবাজির কারণে গাছটিতে আগুন লেগেছে।

    ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সহিংসতায় অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি পুলিশ বলেছে, ফিলিস্তিনিদের ছোড়া পাথরের আঘাতে তাদের এক সদস্য আহত হয়েছেন।

    ইসরায়েলের ভেতরে ধারাবাহিক অশান্তি ও অবরুদ্ধ পশ্চিম তীরে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে চলমান উত্তেজনার মধ্যে আল-আকসা মসজিদটি সম্প্রতি সহিংসতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

    গত ১৮ এপ্রিল জেনিন শহরের কাছে আল-ইয়ামুন এলাকায় দখলদার বাহিনীর গুলিতে গুরুতর আহত হন ইব্রামিক লেবেদি নামে ২০ বছরের এক ফিলিস্তিনি তরুণ। চারদিন মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ে শুক্রবার হার মেনেছেন তিনি।

  • আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত অন্তত ২৫, আহত বহু

    আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত অন্তত ২৫, আহত বহু

    আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কয়েক ডজন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বলখ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ নুরানি বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, প্রাথমিকভাবে অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    মাজার-ই-শরিফের কেন্দ্রীয় হাসপাতালের প্রধান ডা. গাওসুদ্দিন আনোয়ারি বার্তা সংস্থা এপি’কে জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ১০ জন মুসল্লি নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। হতাহতদের অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে আনা হচ্ছে।

    জঙ্গি গোষ্ঠী আইএসকেপি এ হামলার দায় স্বীকার করেছে।

    একই দিন আফগানিস্তানের কুন্দুজ শহরে বোমা বিস্ফোরণে চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ওবায়দুল্লাহ আবেদি বলেছেন, তালেবান সামরিক ইউনিটে কর্মরত মেকানিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে কেঁপেছে আফগান রাজধানী কাবুলও। সেখানে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এক টুইটে বলেছেন, শহরের পশ্চিমাঞ্চলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়।

    দু’দিন আগে একই এলাকায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে একাধিক বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল শিশু। এসময় আহন হন আরও ১৭ জন।

    সূত্র: আল জাজিরা

  • ১৫ বছরের কারাদণ্ড হতে পারে অং সান সুচির

    ১৫ বছরের কারাদণ্ড হতে পারে অং সান সুচির

    মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির এক মামলায় আগামী সপ্তাহে রায় ঘোষণা হতে পারে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে তার।

    ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে সু চির বিরুদ্ধে মামলাটি করা হয়। আগামী সোমবার জান্তার প্রতিষ্ঠিত আদালতে চূড়ান্ত শুনানির কথা রয়েছে।

    এ মামলার কার্যক্রম চলাকালে সাংবাদিকদের উপস্থিতি নিষিদ্ধ ছিল। এ ছাড়া সু চির আইনজীবীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলাও নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে তার বিরুদ্ধে একগাদা অভিযোগ আনা হয়, যেগুলোর সবগুলো প্রমাণিত হলে তার ১৫০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

    কভিড-১৯ বিধি এবং ওয়াকিটকি আমদানি সংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে সু চিকে ছয় বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

    সূত্র: এএফপি