Category: আন্তর্জাতিক

  • রাশিয়ায় ১১ জেনারেল বরখাস্ত

    রাশিয়ায় ১১ জেনারেল বরখাস্ত

    আন্তর্জাতিক মহলে আবারও আলোচনায় রাশিয়া। রুশ গণমাধ্যম জানিয়েছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের ১১ জন জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ঠিক কী কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা জানায়নি।

    এ ব্যাপারে অনেকে বলছেন, রুশ শপিং মলগুলোতে বারবার আগুন লাগার ঘটনায় এসব জেনারেলকে বরখাস্ত করা হয়েছে।

    উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার শপিং মলগুলোতে বারবার আগুন লাগার ঘটনা ঘটেছে। গত বুধবার মস্কোর একটি শপিং মলে আগুন লেগে একজন নিহত ও ছয়জন আহত হন। এর দুই সপ্তাহ আগে দেশটির ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল শিশু।

    প্রেসিডেন্ট পুতিন এ ধরনের দুঃখজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর দায়িত্বে অবহেলাকে দায়ী করে বলেন, তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শিগগির ব্যবস্থা নেয়া হবে।

    সূত্র: রেডিও তেহরান

  • রোহিঙ্গা যাচাই প্রক্রিয়ায় আমাদের আরও সময় লাগবে: মিয়ানমার

    রোহিঙ্গা যাচাই প্রক্রিয়ায় আমাদের আরও সময় লাগবে: মিয়ানমার

    মিয়ানমারের সামাজিক কল্যাণ, ত্রান ও পূণর্বাসন মন্ত্রী উইন মিয়াত আয়ে ১১-১২ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সফরে তিনি রোহিঙ্গা মুসলিমদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত করার বিষয় নিয়ে কথা বলবেন। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে প্রায় সাত লাখ রোহিঙ্গা বসবাস করছে। গত আগস্টে মিয়ানমারে নিষ্ঠুর সামরিক অভিযান শুরুর পর এসব রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়।

    মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও ৮ হাজারেরও বেশি রোহিঙ্গার একটি প্রাথমিক তালিকার জবাবে মিয়ানমার মাত্র ৫০০ (প্রায়) জনকে ‘চিহ্নিত’ করেছে। মিয়ানমার বলেছে, কিছু রোহিঙ্গা দেশে ফেরার আবেদনপত্র ঠিকভাবে পূরণ করেনি।

    রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দায়িত্বে থাকা মিয়াত আয়ে বাংলাদেশ সফর উপলক্ষ্যে রেডিও ফ্রি এশিয়াকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। তা সংক্ষেপিত আকারে এখানে তুলে ধরা হল:

    রেডিও ফ্রি এশিয়া: বাংলাদেশে এ সফরের লক্ষ্য কী?
    উইন মিয়াত আয়ে: শরণার্থীদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে আলোচনা

    রেডিও ফ্রি এশিয়া: বাংলাদেশি সরকার কিংবা জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন?
    উইন মিয়াত আয়ে: যতটুকু জানি বাংলাদেশ সরকার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের আয়োজন করেছে। তারা আয়োজন করতে পারলে আমরা শরণার্থী শিবিরেও যাব।

    রেডিও ফ্রি এশিয়া: প্রত্যাবাসন প্রক্রিয়ায় দেরির আসল কারণ কী?
    উইন মিয়াত আয়ে: চুক্তি অনুযায়ী শরণার্থীরা আবেদনপত্র ঠিকভাবে পূরণ করলে দেরি হওয়া উচিত নয়। কিন্তু যেভাবে আশা করেছিলাম সেভাবে হয়নি। চুক্তির শর্ত অনুযায়ী শরণার্থীরা আবেদনপত্র পূরণ করলে এ প্রক্রিয়া তুলনামূলক বেশি দ্রুত হত। বাংলাদেশে গিয়ে এ নিয়ে কথা বলব।

    রেডিও ফ্রি এশিয়া: ফেব্রুয়ারিতে বাংলাদেশ ৮,০৩২ শরণার্থীর তালিকা পাঠাল। মিয়ানমার ৯০০ জনকে ‘চিহ্নিত’ করেছে। এর মধ্যে ৫০০ জন মুসলিম এবং ৪০০ জন হিন্দু। বাংলাদেশে বাকি শরণার্থীদের বিষয়ে কী করছেন?
    উইন মিয়াত আয়ে: আমি আগেও বলেছি আবেদনপত্র ঠিকভাবে পূরণ করা হয়নি। এজন্য চিহ্নিত করতে সময় লাগছে। আমরা তাদের তালিকা বাংলাদেশে পাঠিয়েছি যাদের আমরা চিহ্নিত করতে পারি কিন্তু এ বিষয়ে এখনো কোনো সাড়া পাইনি।

    রেডিও ফ্রি এশিয়া: এ সফর থেকে কী আশা করছেন?
    উইন মিয়াত আয়ে: বাংলাদেশ-মিয়ানমার প্রতিবেশী। শরণার্থী ইস্যু দুই দেশের সমস্যা। আমাদের দেশের মানুষ বাংলাদেশে পালিয়ে চলে গেছে। এখন আমাদের দায়িত্বতাদের ফিরিয়ে আনা। দুই দেশই তাতে রাজি। সুসস্পর্ক বজায় রেখে এই ইস্যুতে দুই দেশের একসাথে কাজ করতে হবে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সহযোগিতাকে আরও মসৃণ করতে বাংলাদেশ যাচ্ছি।

    রেডিও ফ্রি এশিয়া: মিয়ানমার কী জাতিসংঘের শরণার্থীদের সুরক্ষা সম্পর্কিত সংস্থা ইউএনএইচসিআর, ইউএনডিপির সঙ্গে শরণার্থী ইস্যুতে কাজ করবে? এসব সংস্থার সঙ্গে মিয়ানমারের কী চুক্তি হয়েছে?
    উইন মিয়াত আয়ে: বাংলাদেশের সঙ্গে চুক্তিতে আমরা এরইমধ্যে জাতিসংয়ের সংস্থারগুলোর সঙ্গে কাজ করার বিষয়টি আলোচনা করেছি যদি প্রয়োজন পড়ে। ইউএনএইচসিআর ও ইউএনডিপির সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে।

  • লস অ্যাঞ্জেলেসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

    লস অ্যাঞ্জেলেসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএসজিএস-এর রিপোর্ট অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল ৫.৩ ম্যাগনিটিউড।

    বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২.৩০ মিনিটে  লস অ্যাঞ্জেলেসের উপকূলের কাছে চ্যানেল আইল্যান্ড এ ভূমিকম্প আঘাত হানে।

    পশ্চিম লস অ্যাঞ্জেলেসে এই কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

  • জেলে সালমান, কেমন কাটল প্রথম রাত?

    জেলে সালমান, কেমন কাটল প্রথম রাত?

    কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা হয় সালমান খানের। ২০ বছর আগের এই মামলার সাজা ঘোষণার পরই তাকে যোধপুর সেন্ট্রাল জেলের ২ নম্বরে ঘরে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত জেলের ২ নম্বর ঘরেই কাটে বলিউড ‘ভাইজান’-এর।

    জেলের মধ্যে সালমান কেমন সুবিধা পাবেন সে ব্যাপারে আগেই জানিয়েছিলেন যোধপুরের ডিআইজি (কারা) বিক্রম সিং। তিনি বলেছিলেন, সালমানকে কোনো ভিআইপি ব্যবস্থা দেওয়া হবে না। অর্থাৎ, বিলাসবহুল বিছানা ছেড়ে জেলের মধ্যে কাঠের খাটের উপর ঘুমনোর ব্যবস্থা হয় সালমানের। কিন্তু, বৃহস্পতিবার জেলের মেঝেতে শুয়েই রাত কাটান বলিউডের এই তারকা অভিনেতা। সেই সঙ্গে জেলে প্রথম রাত কাটানোর জন্য সালমানকে ৪টি কম্বল দেওয়া হয়। কিন্তু, কোনো কিছু তিনি ব্যবহার করেননি। পাশাপাশি রাতে জেলের কোনো খাবারই তিনি খাননি।

    উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় যোধপুরের কঙ্কনি গ্রামে ২টি বিরল প্রজাতির হরিণকে লক্ষ্য করে গুলি চালান সালমান। ওই সময় তার সঙ্গী ছিলেন সইফ আলি খান, নীলম, টাবু এবং সোনালী বেন্দ্রে। কিন্তু, সালমানের হাত থেকে গুলি চলেছিল, এই অভিযোগেই শেষ পর্যন্ত যোধপুর সেন্ট্রাল জেল সালমানকে হাজতবাসের নির্দেশ দেন। সেই সঙ্গে বাকিদের বেকসুর বলে ঘোষণা দেন আদালত।

  • বৃদ্ধের বিকৃত লালসার শিকার ৫ বছরের নাবালক

    বৃদ্ধের বিকৃত লালসার শিকার ৫ বছরের নাবালক

    বৃদ্ধের বিকৃত লালসার শিকার ৫ বছর বয়সী এক বালক৷ ঘটনাস্থল ভারতের রাজধানী দিল্লি। দিল্লির গোবিন্দপুরী এলাকায় ৫৫ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে উঠল পাঁচ বছরের বালকের ওপর পৈশাচিক নির্যাতনের অভিযোগ ৷

    পুলিশ জানিয়েছে, সেই ব্যক্তি জোর করে ওই নাবালকের সঙ্গে পায়ুকামে লিপ্ত হয়েছিল ৷ অভিযুক্ত ব্যক্তি সেই শিশুর প্রতিবেশী ৷ শিশুটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সেই ব্যক্তি পায়ুকামসহ শিশুটির ওপর নানা পৈশাচিক যৌন অত্যাচার চালায় ৷

    বাবা-মা বাড়ি ফিরে ছেলেটির রক্তাক্ত অবস্থা দেখে প্রশ্ন করলে ভীত সন্ত্রস্ত শিশুটি সবকিছু খুলে বলে ৷ এরপরই সেই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

  • জোরপূর্বক গর্ভপাত, ভ্রুণ নিয়ে পুলিশ সুপারেরর কার্যালয়ে ধর্ষিতা!

    জোরপূর্বক গর্ভপাত, ভ্রুণ নিয়ে পুলিশ সুপারেরর কার্যালয়ে ধর্ষিতা!

    ছুরি দেখিয়ে সাত মাস আগে ধর্ষণ করা হয়েছিল দশম শ্রেণির ছাত্রীকে৷ এরপর একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা৷ কিন্তু স্থানীয় পুলিশকে অভিযোগ জানালেও তারা কোন পদক্ষেপই নেয়নি বলে অভিযোগ৷

    ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশ রাজ্যের সাতনাতে। এরপর অসহ্য পেটের যন্ত্রণায় ভুগতে থাকায় নির্যাতিতা বুঝতে পারে যে সে গর্ভবতী৷ বুধবার মায়ের সঙ্গে অটো করে হাসপাতালের দিকে রওনা দেয় নির্যাতিত ৷ কিন্তু পথেই তাদের আটকায় সেই ধর্ষক। এরপর তাকে এক চিকিৎসকের বাড়িতে নিয়ে গিয়ে জোর করে গর্ভপাত করানো হয়।

    সেই নির্যাতিতা জানান, “চিকিৎসক ভ্রুণটা একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমাকে দিয়ে নর্দমায় ফেলে দিতে বলে৷ আমাকে অটো ভাড়ার জন্য ২০ টাকাও দেওয়া হয়৷ পাশাপাশি কাউকে কিছু জানালে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।”

    প্রতিদিনের এই অত্যাচার থেকে বাঁচার আর কোনও উপায় নেই দেখে সাতনা এসপির-অফিসে গিয়ে অভিযোগ দায়ের করেন কিশোরী ৷ পুলিশ সুপার জানান সেই সময় তিনি অফিসে ছিলেন না ৷ তবে অভিযুক্তর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

  • দলিতদের বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ৫

    দলিতদের বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ৫

    ভারতে দলিত বা তথাকথিত নিম্নবর্ণের মানুষদের প্রতিবাদ-বিক্ষোভে দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে আজ ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

    পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও ওড়িশার মতো বিভিন্ন রাজ্যও দলিত বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।

    দেশে দলিত সুরক্ষার জন্য যে কঠোর আইন আছে, তা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক নির্দেশে শিথিল হয়ে পড়েছে – এই অভিযোগেই আজ সোমবার ভারত বধের ডাক দিয়েছিল দলিতদের নানা সংগঠন।

    বিরোধী রাজনীতিকরা অবশ্য মনে করছেন, ভারতে গত বেশ কিছুকাল ধরে দলিতদের ওপর অত্যাচারের যে একের পর এক ঘটনা ঘটছে, সেই পটভূমিতেই এদিনের বিক্ষোভ এরকম ব্যাপক সহিংসতার চেহারা নিয়েছে।

    পাঞ্জাবের ভাতিন্ডায় তরোয়াল, লাঠিসোঁটা, বেসবল ব্যাট নিয়ে এদিন তুমুল বিক্ষোভ দেখাচ্ছিলেন শত শত দলিত – যে প্রতিবাদে আজ দিনভর অচল হয়ে ছিল গোটা রাজ্যই।

    ভারতে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষদের সুরক্ষার জন্য যে আইন আছে, গত ২০ মার্চ তাতে দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন করে সুপ্রিম কোর্ট।

    যার ফলে দলিতদের নির্যাতনে অভিযুক্তদের আর সাথে সাথে গ্রেফতার করা যাবে না এবং তাদের জামিনেরও সুযোগ থাকবে। দলিত সংগঠনগুলোর প্রতিবাদ ছিল এই রায়ের বিরুদ্ধেই।

    দলিত সমাজের আন্দোলনকারী কুমার শ্যাম বলছিলেন, এই তো সেদিন ঘোড়ায় চড়ার অপরাধে এক দলিতকে মেরে ফেলা হল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর সেই হত্যাকারীদের গায়েও হাত দেওয়া যাবে না – যতক্ষণ না সরকারি কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি লিখিয়ে আনা যাবে।

    আরে, কোন আইনের না একটু-আধটু অপব্যবহার হয়? কিন্তু তাই বলে দলিত সুরক্ষার এই আইনটাকেই আপনি দুর্বল করে দেবেন? প্রশ্ন তুলছেন তিনি।

  • পুলিশের সামনেই ৪ ধর্ষককে জুতাপেটা করলেন পথচারী নারীরা

    পুলিশের সামনেই ৪ ধর্ষককে জুতাপেটা করলেন পথচারী নারীরা

    ২০ বছরের এক তরুণীকে গণধর্ষণ করেছিল তারা। এরপর সেই ৪ ধর্ষককে গ্রেফতার করে তাদের কোমড়ে শিকল বেঁধে প্রকাশ্যে রাস্তায় কান ধরে উঠ-বসা করাল ভারতের মধ্য প্রদেশ রাজ্যর ভোপাল পুলিশ। পুলিশের সামনেই চার ধর্ষককে জুতাপেটা করলেন পথচারী নারীরা। বাদ যাননি নারী পুলিশও।

    ভোপালের মহেন্দ্র প্রতাপ নগর থানা এলাকায় ঘটেছে এই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই  ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভোপালের অতিরিক্ত পুলিশ সুপার বিকাশ কুমাক সাহওয়াল জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩৭৬(‌ধর্ষণ)‌,৩৭৬(‌ডি)‌(‌ গণধর্ষণ)‌ এবং ৩৬৫(‌অপহরণ)‌ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

    জানা গেছে, এক কলেজ ছাত্রীকে চার যুবক মিলে ধর্ষণ করে। কলেজের এক সিনিয়র শৈলেন্দ্র ডাঙ্গি(‌২১)‌ মহেন্দ্র প্রতাপ নগরে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন নির্যাতিতা। সেখানেই দু’‌জনের মধ্যে ঝগড়া হয়। তারপরেই শৈলেন্দ্র যুবতীর মোবাইল ফোন কেড়ে নেয়। এক প্রকার জোর করেই নির্যাতিতাকে রেস্তোরাঁর পাশে তাঁর বন্ধু সোনু ডেঙ্গির(‌২১)‌ ফ্ল্যাটে নিয়ে যায়।

    সেখানে সোনু ছাড়াও শৈলেন্দ্রর আরও দুই বন্ধু উপস্থিত ছিল। ধীরজ রাজপুত(‌২৫)‌ এবং চিমন রাজপুত(‌২৫)‌।  সেই ফ্ল্যাটেই চার যুবক যুবতীকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে এবং তার পরিবারের সকলকে হত্যা ফেলার হুমকিও দেয় অভিযুক্তরা। যদিও সে হুমকিতে পাত্তা না দিয়েই থানায় অভিযোগ দায়ের করেন সেই নির্যাতিতা।

  • ভোটের দিন গ্রামের জামাইও গ্রামে ঢুকতে পারবে না

    ভোটের দিন গ্রামের জামাইও গ্রামে ঢুকতে পারবে না

    বিজেপির নেতা দিলীপ ঘোষ বলেছেন, অন্য এলাকার লোক তো বটেই, এমনকি পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন গ্রামের জামাইও যাতে গ্রামে ঢুকতে না পারে সেদিকে কড়া নজর রাখতে হবে। জামাই এলেও তাকে বলতে হবে, আজ ফিরে যাও। কাল এসো। মাছ-ভাত খাওয়াব। তা না হলে আজ তোমায় ডাণ্ডা খেতে হবে।

    পশ্চিমবঙ্গে রাজ্যে আগামী ১, ৩ এবং ৫ মে তিন দফায় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। ভোট সংখ্যা ৫ কোটি ৮ লাখ। ২০টি জেলার ৫৮ হাজার ৪৬৭টি বুথে ভোটগ্রহণ হবে।

    পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও বলেছেন, ভোটের দিন প্রতিটি বুথ আগলে রাখতে হবে। বুথে ঢোকা ও বের হওয়ার রাস্তাতেও নজরদারির জন্য অন্তত ৫-৭ জনকে বসে থাকতে হবে। বাইরের কোনও লোককে গ্রামে ঢুকতে দেওয়া চলবে না।আমাদের কর্মীরা পঞ্চায়েতের তিন স্তরেই ভাল ফল করবে। তারা বুক চিতিয়ে লড়াই করতে প্রস্তুত। শাসক দল (মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস) যতই ধমক দিক, অন্য কিছু করুক, তার মোকাবিলায় আমরা প্রস্তুত।

    নেতা-কর্মীরদের প্রতি তিনি বলেছেন, বাঁশের লাঠি ভাল করে পালিশ করে নিন। ভোটের দিন বাইরের কেউ গ্রামে ঢুকলে সে যেন খাটিয়া করে হাসপাতাল হয়ে তবে বাড়ি যায়।

  • ব্যালট যুদ্ধে অন্যায়-অবিচার রুখে দিতে হবে

    ব্যালট যুদ্ধে অন্যায়-অবিচার রুখে দিতে হবে

    পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে লে’ গভর্ণর পদপ্রার্থী ড. নীনা আহমেদ বলেছেন, একাত্তরের যে চেতনায় ৩০ লাখ বাঙালি রক্ত দিয়েছে, মানবতার মুক্তির জন্যে সেই চেতনায় আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ব্যালট যুদ্ধে ব্যাপকভাবে অংশ নিয়ে। যারা আমেরিকায় সিটিজেনশিপ গ্রহণ করেছেন, তাদেরকে ভোটার হিসেবে তালিকাভূক্ত হওয়া জরুরি।

    শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলজিনো পার্টি হলে প্রবাসীদের এক সমাবেশে ড. নীনা এসব কথা বলেন। তিনি আরও বলেন, নভেম্বরের নির্বাচনে আমেরিকার নীতি-নৈতিকতা সমুন্নত রাখতে বদ্ধ পরিকর লোকজনকে জয়ী করতে হবে।

                                               ড. নীনা আহমেদের সঙ্গে ফরিদা ইয়াসমিন

    সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, নিজেদের প্রয়োজনে এবং জাতীয় স্বার্থে বাঙালিরা এক হতে পারেন-এর প্রমাণ একাত্তরের মুক্তিযুদ্ধ। সেই চেতনায় বহুজাতিক এই সমাজেও বাঙালিরা যে অধিকার-মর্যাদার প্রশ্নে এক হতে পারেন-আজকের এ অনুষ্ঠান তারই বড় প্রমাণ। ঐক্যের উদাহরণকে সর্বক্ষেত্র জাগ্রত রাখতে হবে।

    ফরিদা ইয়াসমিন আরও বলেন, ড. নীনা একজন বাঙালি, বাংলাদেশি, এবং আমেরিকান। সবকিছুর উর্দ্ধে তিনি মানবিক বিকেসম্পন্ন একজন মানুষ। সে জন্যে দলমতের উর্দ্ধে উঠে সকলেই তাকে সমর্থন দিচ্ছেন।

    নিউ জার্সির কাউন্সিলম্যান, বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী বলেন, এখন সময় হচ্ছে ঘুরে দাঁড়ানোর। ড. নীনার মত সৎ, পরিশ্রমী, উদ্যমী মানুষকে নির্বাচিত করার মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রে বাঙালির উত্থানের পথ সুগম হতে পারবে। তৃণমূলে ২৫ বছরের অধিক সময় যাবত কাজের অভিজ্ঞতা রয়েছে ড. নীনার। অভিবাসী সমাজের পরীক্ষিত বন্ধু হচ্ছেন তিনি। তার মধ্য দিয়েই মার্কিন মুলুকে বাঙালির কর্মনিষ্ঠার দৃষ্টান্ত স্থাপিত হবে।

    পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিফ উচ্ছাসের সাথে বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ড. নীনা নিজের সামগ্রিক যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। সেই ধারাবাহিকতায় লে. গভর্নরের পথ ধরে স্টেট গভর্নর এবং পরবর্তীতে ইউএস সিনেটর হতে সক্ষম হবেন-যদি আমাদের সমর্থন অব্যাহত রাখতে পারি।

    ফ্রেন্ডস অব ড. নীনা ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশ সঞ্চালনা করেন হোস্ট কমিটির কো-চেয়ার ও মার্কিন শ্রমিক ইউনিয়নের নেতা মাফ মিসবাহউদ্দিন, কো-চেয়ার ও জালালাবাদ এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল এবং সাংবাদিক-মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

    সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর আমেরিকায় বিশিষ্ট সমাজসংগঠক ড. জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন, ফোবানার নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জাকারিয়া চৌধুরী, ইমাম মুফতি আনসারুল করিম প্রমুখ। বিভিন্ন সিটি কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি-আমেরিকানদের কয়েকজনও ছিলেন সরব। এরা হলেন পেনসিলভেনিয়ার আপারডারবি সিটির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, মিলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট নূরুল হাসান, কাউন্সিলম্যান মনসুর আলী মিঠু, নিউইয়র্কের হাডসন সিটির কাউন্সিলম্যান শেরশাহ মিজান, নিউ জার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন্নবী এবং  হেলিডন সিটির ম্যানচেস্টার ইউটিলিটিস অথরিটির কমিশনার দেওয়ান বজলু চৌধুরী। বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন ডা, ওয়াদুদ ভূঁইয়া, ফারহানা হানিফ, বেদারুল ইসলাম বাবলা, নার্গিস আহমেদ, এডভোকেট মজিবর রহমান, রিয়েল এস্টেট ব্যবসায়ী ময়নুল ইসলাম, জেবিবিএর নেতা শাহনেওয়াজ ও মাহাবুবুর রহমান টুকু, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, গিয়াস আহমেদ, ড. দেলওয়ার হোসেন, রানা চৌধুরী, আব্দুন নূর বড়ভুইয়া প্রমুখ।

    বক্তারা উল্লেখ করেন, মে মাসের মাঝামাঝিতে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের বৈতরণী পাড়ি দিতে দরকার অর্থ। বিশেষ করে মার্কিন টিভিতে বিজ্ঞাপন দিতে বড় অংকের বিল লাগে। তাই সাধ্য অনুযায়ী সকল প্রবাসীকে অর্থ-সহায়তা দিতে হবে।

    এ অনুষ্ঠানে অংশ গ্রহণকারি কম্যুনিটি লিডার ও ডেমক্র্যাট মোহাম্মদ এন মজুমদার ঘোষণা দেন যে, শীঘ্রই নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে আরেকটি সমাবেশ করা হবে নির্বাচনী তহবিল সংগ্রহের জন্যে। সকলে বিপুল করতালিতে তাকে সহায়তার অঙ্গীকার করেন। আমেরিকানদের উদ্যোগে।