Category: আন্তর্জাতিক

  • রুশ যুদ্ধবিমান কিনবে তুরস্ক : এরদোগান

    রুশ যুদ্ধবিমান কিনবে তুরস্ক : এরদোগান

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ কিনবে তুরস্ক। আর এ জন্য মস্কোর সঙ্গে আলোচনা করছে আঙ্কারা। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রেসিডেন্ট এরদোগান বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট রুশ মন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন তুরস্কের মন্ত্রীরা।

    মস্কোর বাইরে অনুষ্ঠিত বিমানমেলায় পঞ্চম প্রজন্মের রুশ বিমান নিজে দেখার কয়েকদিন পরই এ কথা জানালেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। মস্কোর এ বিমানমেলায় প্রথমবারের মতো এসইউ-৫৭’র প্রদর্শনীযোগ্য মডেল উন্মোচন করা হয়।

    মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো’র দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক। তুরস্কের কাছে আমেরিকা এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে অস্বীকার করাকে কেন্দ্র করে রাশিয়ার যুদ্ধবিমানের দিকে ঝুঁকতে শুরু করেছে আঙ্কারা। মার্কিন তীব্র চাপকে অস্বীকার করে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পর দেশটির ওপর মার্কিন নানামুখী চাপ বাড়তে থাকে।

    অবশ্য, মার্কিন এসব চাপকে কার্যতঃ কোনো পরোয়া করেনি তুরস্ক। তুরস্কের কর্মকর্তারা বলছেন, নিজের পছন্দমতো দেশ থেকে অস্ত্র কেনার স্বাধীনতা আঙ্কারার আছে।

  • হঠাৎ ভারত সীমান্তে চীনা সৈন্য

    হঠাৎ ভারত সীমান্তে চীনা সৈন্য

    চীন-ভারত সীমান্ত সংলগ্ন তিব্বত অঞ্চলে সেনাবাহিনীর সংখ্যা বাড়াচ্ছে বেইজিং। পাশাপাশি ওই অঞ্চলে চীনা সেনাদের ঘন ঘন সামরিক মহড়া চালানো দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। পার্সটুডের খবর।

    এতে বলা হয়েছে, তিব্বতের রাজধানী লাসার গোংগার বিমানবন্দরের পরিধি বাড়ানোর তৎপরতা চলছে। বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি এ বিমানবন্দরকে সামরিক তৎপরতার উপযোগী করা হচ্ছে।

    ভারতীয় প্রচারমাধ্যম দাবি করছে, তিব্বতের সব বিমানবন্দরই সামরিক এবং বেসামরিক কাজে ব্যবহারের উপযোগী। চীনে এ ধরণের ৬০টি বিমানবন্দর আছে।
    তিব্বত অঞ্চলে বিমান তৎপরতা চীন জোরদার করেছে বলে এর আগে ভারতীয় কোনও কোনও সংবাদ মাধ্যম দাবি করেছিল।

    ডোকলাম সংকটের সময় চীনের শিগাতেস বিমানবন্দরে একটি বিমান ক্ষেত্র যোগ করা হয়েছিল। পরে সেখানে যুদ্ধবিমান এবং চালকহীন বিমান বা ড্রোন বহর দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

    সেই সঙ্গে তিব্বতের চীনা গণমুক্তি ফৌজ বা পিএলএ’র সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সরবরাহের জন্য স্বয়ংক্রিয় ত্রিমুখী ব্যবস্থা করা হয়েছে ফলে এ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

  • এনআরসিতে বাদ পড়াদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে কংগ্রেস

    এনআরসিতে বাদ পড়াদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে কংগ্রেস

    আসামের এনআরসি (সংশোধিত নাগরিক তালিকা) থেকে বাদ পড়া বাসিন্দাদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার ঘোষনা দিয়েছেন রাজ্য কংগ্রেসের নেতৃবৃন্দ।

    শনিবার (৩১ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টার কিছু পরে ওয়েবসাইটে এই নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকাটি প্রকাশ করা হয়। যেখানে আগের তালিকায় প্রায় ৪০ লাখ বাসিন্দাকে বাদ দেওয়া হলেও এবার রাষ্ট্রহীন করা হয়েছে অন্তত ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ বাঙালিকে। তাছাড়া স্বীকৃতি মিলেছে প্রায় ৯ কোটি ১১ লাখ বাসিন্দার।

    ভারতীয় গনমাধ্যমের প্রকাশিত সংবাদের তথ্য মতে, এই তালিকা প্রকাশের পর পরই এক বৈঠকে বসেন জেলা কংগ্রেসের নেতারা। বৈঠক শেষে আইনি সহায়তা দেয়ার বিষয়টি উল্লেখ করেন রাজ্যের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি জয়নাল উদ্দিন লস্কর।

    এর আগে গত শুক্রবার (৩০ আগস্ট) জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রথম দফা বৈঠক করেন দলীয় কর্মকর্তারা। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আইন, আদালত এবং হ্যাজেলার প্রতি তাদের এখনো পূর্ণ বিশ্বাস রয়েছে। তাই আমরা আশাবাদী। যত যাই হোক প্রতিটি বাসিন্দাকে সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে চলতে হবে।’

    জেলা কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘এনআরসি থেকে বাদ পড়াদের আগামীতে ট্রাইব্যুনালসহ সকল আইনি লড়াইয়ে সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হবে। যে কারণে ৩১ আগস্ট দুপুর দুইটায় জেলা কংগ্রেস ভবনে ১৫ জন আইনজীবী নিয়ে গঠিত লিগ্যাল বিভাগ খোলা হচ্ছে। বিভাগটি আগামী ১২০ দিন পর্যন্ত চালু থাকবে। যেখানে বিনামূল্যে সকল আইনি পরামর্শ ও সেবা দেওয়া হবে।’

    এ দিকে সূত্রের বরাতে কলকাতাভিত্তিক গণমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’ জানায়, এরই মধ্যে নানা মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে- চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়াদের এবার বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চালাবে ভারত। যদিও মার্কিন সাময়িকী ‘দ্য টাইম ম্যাগাজিন’ ইস্যুটিকে ভিন্নভাবে দেখছে। গণমাধ্যমটির দাবি, আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের বাংলাদেশে পাঠানো না হলেও তাদের পরবর্তী ঠিকানা হতে পারে ভারতের অভ্যন্তরীণ বন্দি শিবির।

    অপর দিকে কংগ্রেস বলছে, শনিবার দুপুর দুইটা থেকে পরবর্তী ১২০ দিনের জন্য কংগ্রেস ভবনে তারা যে লিগ্যাল বিভাগ বসিয়েছেন, তাতে আইনজীবী হোসেন লস্কর নেতৃত্ব দেবেন। যেখানে বিনা পারিশ্রমিকে বিপন্নদের পাশে দাঁড়াবেন ১০ জনের এই আইনজীবীর দল। দলের প্রধান লক্ষ্য প্রকৃত ভারতীয়রা যাতে এর মাধ্যমে ন্যায়বিচার পান, সে ব্যাপারে সব ধরনের আইনি সহযোগিতা নিশ্চিত করা।

  • পৃথিবীতে আসছে প্রাণঘাতী রোগ, ৬ মাসেই মরতে পারে ৩ কোটি মানুষ: বিল গেটস

    পৃথিবীতে আসছে প্রাণঘাতী রোগ, ৬ মাসেই মরতে পারে ৩ কোটি মানুষ: বিল গেটস

    পৃথিবীতে আসছে নতুন এক প্রাণঘাতী রোগ। এ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়বে দেশে দেশে। অপ্রতিরোধ্য এ রোগের কারণ বুঝে ওঠার আগেই ৬ মাসের মধ্যে মারা যেতে পারে ৩ কোটি মানুষ।

    শুক্রবার ম্যাসাচুসেটস মেডিকেল সোসাইটি ও দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন আয়োজিত মহামারী বিষয়ক এক আলোচনায় এমনটা বললেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস । খবর বিজনেস ইনসাইডার, দ্য ইন্ডিপেনডেন্ট।
    তিনি বলেন,  এ রোগ আগামী দশকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে দেশে দেশে। এ মরণব্যাধি মোকাবেলায় প্রস্তুত নয় বিশ্ব।
    তিনি আরও বলেন, আমরা বিশ্বব্যাপী শিশুদের দারিদ্রমুক্ত করছি। পোলিও ও ম্যালেরিয়ার মত রোগ নির্মূলে ভালো কাজ করছি। কিন্তু একটি ক্ষেত্র রয়েছে যেখানে বিশ্ব বেশি এগোতে পারেনি। তা হচ্ছে মহামারি বিষয়ে প্রস্তুতি।  যদিও বর্তমান বিশ্বে মানুষ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এক মহাদেশ  থেকে অন্য মহাদেশে পৌঁছে যাচ্ছে।
    বিল গেটস ইন্সটিটিউট ফর ডিজিজ মডেলিং’র একটি রিপোর্টের অনুলিপি উপস্থাপন করেন। তাতে দেখা যায় যে ১৯১৮ সালে প্রাদুর্ভাব ঘটা এক মহামারি ফ্লুতে ৫ কোটি লোক মারা গিয়েছিল। আর ওই রকম একটি নতুন ফ্লুতে মাত্র ৬ মাসের মধ্যে ৩ কোটি মানুষের মৃত্যু হতে পারে।

  • শিগগিরই তেহরান সফরে আসছেন মাহাথির: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    শিগগিরই তেহরান সফরে আসছেন মাহাথির: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতার অসংখ্য ক্ষেত্র রয়েছে। তিনি এশিয়ার তিনটি দেশ সফরের শেষ পর্যায়ে বুধবার রাতে টোকিও থেকে কুয়ালালামপুর পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান।

    মালয়েশিয়া ও ইরানের মধ্যে বর্তমানে চমৎকার সম্পর্ক বিরাজ করছে বলে জানান জারিফ। তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন সংকটের ব্যাপারে দুদেশের মধ্যে আলাপ-আলোচনা প্রয়োজন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শিগগিরই ইরান সফরে আসবেন বলেও খবর দেন মোহাম্মদ জাওয়াদ জারিফ।

    পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

    মালয়েশিয়া যাওয়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো-এর সঙ্গে বৈঠক করেন। জাপান যাওয়ার আগে জারিফ চীন সফর করেন।

  • ইরানের সামরিক শক্তিকে ভয়, হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটল আমেরিকা

    ইরানের সামরিক শক্তিকে ভয়, হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটল আমেরিকা

    ইরানের শীর্ষ সেনা কমান্ডার বলেছেন, অত্যাধুনিক মার্কিন গোয়েন্দা ড্রোন গ্লোবাল হক ভূপাতিত করার পর আমেরিকা ‘বেশ কিছু মানুষের প্রাণ বাঁচাতে’ ইরানের বিরুদ্ধে হামলা চালায়নি বলে যে দাবি করেছে তা সত্য নয়। বাস্তবতা হচ্ছে, তারা ইরানের সামরিক শক্তিকে ভয় পেয়ে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে পিছু হটে গেছে।

    তিনি বলেন, তার দেশের আকাশসীমা লঙ্ঘনের জের ধরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার পর ইরানের সামরিক শক্তির কথা বিবেচনা করেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বুধবার এক বক্তব্যে এ মন্তব্য করেন।

    জেনারেল বাকেরি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দূরদর্শী চিন্তা ও প্রজ্ঞার কারণে সামরিক শক্তিতে তেহরান বর্তমানে এতটা অগ্রগামী হয়েছে। তিনি বলেন, সব ধরনের সমস্যা সত্ত্বেও প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে ইরানের শক্তিমত্তার উৎস ইসলামি বিপ্লব। তিনি এজন্য ইসলামি বিপ্লব ও এর নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত ২০ জুন ঘোষণা করে, তারা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন পাইলটবিহীন বিমানটি ইরানের হরমুজগান প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল। একইদিন মার্কিন সেনাবাহিনী তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে বলে স্বীকার করলেও দাবি করে, এটিকে আন্তর্জাতিক পানিসীমার আকাশে গুলি করেছে ইরান।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরদিন এক টুইটার বার্তায় দাবি করেন, ইরানে হামলা চালালে প্রায় দেড়শ’ মানুষ নিহত হবে বলে জানার পর তিনি হামলার নির্দেশ দিয়েও শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নিয়েছেন। ওই টুইটার বার্তায় তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন যা তেহরান প্রত্যাখ্যান করে।

  • বদলে যাচ্ছে ভবিষ্যতের পৃথিবী

    বদলে যাচ্ছে ভবিষ্যতের পৃথিবী

    মানুষের অতীত অভিজ্ঞতা শুভ নয়। মাইগ্রেশন, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য কারণে তাকে শিখতে হয়েছে পদে পদে। মানুষকে আবিষ্কার করে নিতে হয়েছে তার নিজের চাহিদা। একসময় মানুষ নিতান্ত অসচেতনতায় আগুনের রহস্য উন্মোচন করেছিল। শিল্পবিপ্লবের পরে পরিচিত হলো স্টিম ইঞ্জিনের মতো নতুন অনেক প্রযুক্তির সাথে। বিশ শতকে সামনে আসলো ইন্টারনেট, কম্পিউটার, মোবাইলের মতো যুগ বদলানো আবিষ্কার। কিন্তু এ-ই কি মানবজাতির ভাগ্যে সমাপ্তির গল্প?

    অবশ্যই না। ভবিষ্যত বরাবরই কৌতূহল আর দূরদৃষ্টির সাথে সম্পর্কিত। বর্তমান দিনগুলোতে আমরা এমন সব জীবন ব্যবস্থার মধ্য দিয়ে চলছি, যা আগে কল্পনাও করা যায়নি। বর্তমানের প্রতিটি বছর প্রাচীন কয়েক হাজার বছরের থেকেও বেশি পরিবর্তন একত্রে নিয়ে আসছে। ভবিষ্যতের বিপ্লাবাত্মক আবিষ্কারগুলো নিয়ে হয়তো তেমন কথা হয় না। আমাদের আজকের আয়োজন তাদের নিয়ে। অবশ্যই সম্ভাবনার ওপর ভরসা রেখে।

    ব্যক্তিগত রোবট সহকারী
    অনেক দিন ধরেই রোবট ব্যবহারের কথা চলছে বিজ্ঞানী মহলে। অনেক ক্ষেত্রে হয়েছেও। চিন্তায় বুঁদ মানুষ জন্ম দিয়েছে সায়েন্স ফিকশন উপন্যাস ও সিনেমা। আইজ্যাক আসিমভ বা আর্থার সি ক্লার্কের মতো পণ্ডিতেরাও আছেন সেই তালিকায়। সে যাই হোক, গত এক দশক ধরে রোবট বিস্ময়কর দক্ষতার সাথে ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে। সোফিয়ার কথা সর্বজন বিদিত। হাল আমলে কয়েকেটি দেশ তো নিরাপত্তা বিভাগে পর্যন্ত রোবটের নিয়োগ দিয়েছে। যদিও ব্যক্তিগত রোবট নির্মাণ চেষ্টায় হালে পানি পাওয়া যাচ্ছিল না।

    অ্যামাজোনের Alexa কিংবা অ্যাপলের Siri এই ক্ষেত্রে কয়েক ধাপ সামনে। প্রযুক্তির ক্ষেত্রে তাৎর্যপূর্ণ কিছু সিদ্ধান্ত এগিয়ে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI- কে। সার্বিকভাবেই সরে যাচ্ছে মেঘ। অদূর ভবিষ্যতে দেখা যাবে ব্যক্তিগত রোবটের ব্যবহার। আর এই রোবটবিপ্লব মানব সভ্যতাকে নতুন করে বাধ্য করবে নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে।

    ইমারসিভ ভার্চুয়াল রিয়েলিটি
    ভবিষ্যতের যতগুলো সম্ভাবনা আছে, তার মধ্যে অগ্রগণ্য পুরোপুরি ইমারসিভ ভার্চুয়াল রিয়েলিটি। পারিপার্শ্বিক বাস্তবতাকে ভার্চুয়াল জগতে ফুটিয়ে তুলবে পুরোদমে। সত্যি বলতে বাস্তব এবং অবাস্তবের ধারণায় ফারাক থাকবে না মোটেও। সাংস্কৃতিক ও দার্শনিক দৃষ্টিভঙ্গির অসহযোগিতার জন্য হয়তো এখনো অতটা এগিয়ে যাওয়া যায়নি। তবে ভিন্ন মাত্রা নিয়ে ক্রমে সমৃদ্ধ ও পরিণত হওয়া ভার্চুয়াল জীবন নতুন আশ্রয় হিসাবে উপস্থাপিত হচ্ছে।

    ইদানীং গেইমের মতো বিষয়গুলোও প্রায় চলে গেছে এর নিয়ন্ত্রণে। মাঝরাতে ঘুরে ফিরে বিনোদন অর্জনের কি দরকার, যদি একই কাজ ঘরে বসে করা যায়?

    ক্রাইয়োনিক্স
    বয়স যেন সচেতন শত্রুর মতো বেড়ে যায় প্রতিনিয়ত। আর একসময় গ্রাস করে নেয় মৃত্যু। মানব সভ্যতার গোড়া থেকেই মানুষ অমরত্ব খুঁজেছে। গড়ে উঠেছে অজস্র আখ্যান ও অভিযান। ব্যাবিলনীয়ান মহাকাব্য গিলগামেশ থেকেই তার নজির পাওয়া যায়। সেদিন গিলগামেশ অমর হতে ব্যর্থ হয়েছিল। আজকের বিজ্ঞান কিন্তু হতাশ করছে না।
    মৃত্যুকে পরাজিত করার অদ্ভুত এক পদ্ধতির কথা বলছেন কেউ কেউ। আমাদের শরীরকে সত্যি সত্যি বরফে জমিয়ে সংরক্ষণ করতে হবে। ঠিক এইখানেই ক্রাইয়োনিক্স—নিজেকে বিজ্ঞান বলে দাবি করে। এমন বিজ্ঞান যেখানে মানুষের লাশকে বরফে রেখে অবিকৃত অবস্থায় রাখা হয়, যেন কোনোদিন তাকে পুনরায় জাগিয়ে তোলা যায়।

    অনেক বিজ্ঞানীই একে হাতুড়ে মতবাদ বলে অবজ্ঞা করতে চান। কিন্তু তাতে দমে যাবার পাত্র নয় একটা শ্রেণী। বিশ্বের সবচেয়ে বৃহৎ ক্রাইয়োনিক্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডেনিস কোয়ালস্কি। তিনি শুধু বলেছিলেন, আমরা গ্যারান্টি দিতে পারি না যে, কাউকে ফিরিয়ে আনতে পারব। তবে এইটা সত্য, যদি আপনাকে পুতে ফেলা হয় কিংবা পুড়িয়ে ফেলা হয়; তবে আর পাওয়া যাবে না।

    নেহাৎ অবজ্ঞার হলেও এই হাতুড়ে গবেষকদের চিন্তাই গেইমচেঞ্জার হিসাবে আবির্ভুত হতে পারে। হাজার হাজার দেহ এখন অব্দি বরফে সংরক্ষণ করা হয়েছে। ইয়েল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সাম্প্রতিক সময়ে মৃত শূকরের ব্রেইন নিয়ে গবেষণা করে তাকে কাজ করাতে সক্ষম হয়েছেন। আর সেই ফলাফল টনক নড়িয়ে দিয়েছে মানবজাতিকে আরো একধাপ এগিয়ে যাবার জন্য।

    এক্সোস্কেলিটন
    এক্সোস্কেলিটন কোনোভাবেই নতুন প্রযুক্তি না। সামরিক উদ্দেশ্যে বিস্তর গবেষণা ও অগ্রগতিতে এই প্রযুক্তি চালু আছে ১৯৬০ সালের দিক থেকে। সংজ্ঞাগতভাবে, এক্সোস্কেলিটন বাইরে থেকে নিযুক্ত কৃত্রিম অস্থি বা কঙ্কাল, যা শরীরকে সাহায্য বা সুরক্ষা দিতে ব্যবহৃত হয়।
    এক্সোস্কেলিটন কোটি মানুষের জীবনই বদলে দিতে পারে অদূর ভবিষ্যতে। গবেষকেরা মনে করেন, শিল্পকারখানায় এর দৈনন্দিন ব্যবহার বাড়বে আসছে দিনগুলোতে। বিশেষ করে যেখানে কর্মচারীদের অধিক শক্তির প্রয়োজন হয় এবং কাজটা রোবটের দ্বারা করা সম্ভব না। তারচেয়ে বড় কথা, এক্সোস্কেলিটনেরই একটা বিশেষ প্রকার দেশের বয়স্ক ও অসুস্থদের চলাচলে দেবে নতুন মাত্রা।

    The Verge এর প্রতিবেদক সম্প্রতি মোটরনির্মিত এক্সোস্কেলিটনের কথা বলেছেন, যা আবিষ্কার করেছে SuitX। এই এক্সোস্কেলিটন গায়ে জড়ালে একজন প্যারালাইজড ব্যক্তি হাঁটার সক্ষমতা পাবে।

    উড়ন্ত গাড়ি
    বিজ্ঞানীরা অনেক আগে থেকেই উড়তে সক্ষম গাড়ির কথা শুনিয়ে এলেও তা এখনো লোকদৃষ্টির অগোচরেই রয়েছে। তবে এবার বেশ কিছু ঘোষণায় ধারণা করা হচ্ছে তার খুব দেরি নেই। সম্প্রতি বিখ্যাত প্রতিষ্ঠান Uber দাবি করেছে, শীঘ্রই তাদের এয়ার ট্যাক্সি বহর চালু করার চিন্তা আছে। সেই সাথে নিযুক্ত আছে নানা গবেষণা সংস্থা।

    যদি সত্যিই সফল হওয়া যায়, মানব সভ্যতা এক নতুন যুগে প্রবেশ করবে। ছোট আকারের কোয়াডকপ্টার ড্রোনের মতো হলেও খুব শীঘ্রই পাবে স্বাভাবিক আকৃতি ও গতি। সম্প্রতি সময়ে বিভিন্ন মেগাসিটিতে জ্যাম কিংবা নাগরিক ভোগান্তি থেকে কেবল মুক্তি নয়। এই আবিষ্কার গঠন করবে যোগাযোগের নতুন সংজ্ঞা। বিখ্যাত সিনেমা ব্লেড রানারের কথা স্মরণ করা যেতে পারে।

    অটোমোবাইলের আবিষ্কার অনেকটাই বদলে দিয়েছিল আমাদের জীবনযাত্রার মান। গাড়িঘটিত সমস্যাদি থেকে মুক্তির জন্যও আরেক ধাপ এগিয়ে যাবে সভ্যতা।

    হলোগ্রাফি
    অন্যান্য প্রযুক্তি ও গবেষণায় বোধ হয় অনেকটা চাপা পড়ে গেছে ত্রিমাত্রিক হলোগ্রামের কথা। একসময় এর ব্যবহার ছিল ব্যাপক। তবে বেশ কিছু দেশ একে নিয়ে কাজ করে চলছে।

    ভবিষ্যতে হলোগ্রাফে বিশেষ ধরনের চশমার প্রয়োজন পড়বে না। সেই সাথে স্তরবিহীন থ্রি-ডি হলোগ্রাম হাজার মাইল দূরের কারোসাথে বিরামহীন যোগাযোগে সক্ষম করে দেবে। মনে হবে যেন তারা বসে আছে পাশেই।

    কৃত্রিম মধ্যাকর্ষণ
    বর্তমান বিজ্ঞানের অন্যতম প্রধান সমস্যা—মহাকাশে আমরা মধ্যাকর্ষণ শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি না। ফলে সম্ভব হয় না অনুকূল পরিবেশ তৈরি। কৃত্রিম মধ্যাকর্ষণ সৃষ্টির সক্ষমতা মহাকাশীয় অনেক ফাঁদ থেকেই বের হয়ে আসার পথ উন্মোচন করে দেবে।

    তাত্ত্বিকভাবে বলকে কেন্দ্রীভূত করার মাধ্যমে কৃত্রিম মধ্যাকর্ষণ সৃষ্টি করা সম্ভব। এজন্য দরকার বেশ ভারি পরিমাণে মহাশূন্য দ্রব্যাদি। যেমনটা আর্থার সি ক্লার্কের 2001: A Space Odyssey কিংবা অন্যান্য অনেক সায়েন্স ফিকশনেই দেখা গেছে।

    মহাকাশে বসবাস
    ১৯৭০ সালের দিকে নাসা মহাশূন্যে বসতি নির্মাণের খসড়া ইশতেহার প্রণয়ন করে। প্রক্রিয়ায় বাজেট রাখা হয়েছিল কমবেশি ৩৫ বিলিয়ন ডলার। এই চিন্তাটা পৃথিবীকে কল্পনার অন্যতম উচ্চতায় নিয়ে গেছে। মানুষ নিজেকে ভাবতে শুরু করেছে মহাবিশ্বের একচ্ছত্র নায়ক হিসাবে। এই ক্ষেত্রে অন্তত তিনটা নাম না আনা অপরাধ হবে—বার্নাল স্ফিয়ার, স্ট্যানফোর্ড টোরাস এবং ও’নেইল সিলিন্ডার।
    কলোনিগুলো অবস্থিত হবে ল্যাগ্রানজিয়ান পয়েন্টে, যাকে বলা হয় L5। জায়াগাটা চাঁদ, সূর্য এবং পৃথিবী থেকে ভারসম্যপূর্ণ দূরত্বে থাকার কারণে বেশ নিরাপদ। প্রতিটি কলোনিই হবে স্বনির্ভর এবং পর্যাপ্ত কৃষি এলাকা নিয়ে গঠিত।

    ও’নেইল সিলিন্ডারের ক্ষেত্রে এটি হবে ৫ মাইল প্রশস্ত এবং ২০ মাইল লম্বা। তিন টুকরো ভূমি পরস্পর যুক্ত থাকবে। কলোনিগুলো সক্ষম থাকবে নিজের মধ্যাকর্ষণকে নিয়ন্ত্রণ করতে। এই ধরনের মহাকাশীয় ব্যবস্থা আমাদের অদূর ভবিষ্যতে পৃথিবীর বাইরেই কেবল নয়; সৌর জগতের বাইরে বসবাস করার স্বপ্ন দেখায়।

    ফিউশন শক্তি
    জীবাশ্ম জ্বালানী যে হারে আমরা ব্যবহার করছি, তাতে বেশিদিন টিকবে বলে মনে হয় না। প্রায় একই কথা প্রযোজ্য অন্যান্য শক্তির উৎসের জন্য। সেক্ষেত্রে ফিউশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শক্তি ব্যবহারের নির্ভরশীলতায় এমন নাটকীয় পরিবর্তন ভবিষ্যৎ মানব সভ্যতার গতিমুখ নির্ধারণেও সাহায্য করবে।

    ১৯৫০-এর দশক থেকে ফিউশনের অগ্রগতির জন্য গবেষণা চলছে। যদি তৈরি করা হতো, আমরা এতদিনে প্রভূত শক্তির অধিকারী হতাম। বিজ্ঞানীরা দেখিয়ে দিয়েছেন, মাত্র এক কিলোগ্রাম ডিউটেরিয়াম থেকে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়; তা দিয়ে দশ লাখ বাড়িকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব। অথচ ওই ডিউটেরিয়াম আসবে পানি থেকে। বিষয়টা কঠিন। কিন্তু সাম্প্রতিক সময়ের আবিষ্কার এবং সফলতাগুলো ভবিষ্যতের জন্য আশা জাগায়।

  • জি-৭ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রনে ‘বিব্রত’ ট্রাম্প

    জি-৭ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রনে ‘বিব্রত’ ট্রাম্প

    ফ্রান্সের সৈকতের শহর বিয়ারিৎজ-এ চলছে উন্নত দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলন। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে ‘বাণিজ্য যুদ্ধের’ মতো বিষয়গুলো। স্থান পেয়েছে আমাজনের অগ্নিকাণ্ড ও ইরানের পরমাণু চুক্তি টিকিয়ে রাখার বিষয়টিও।

    আলজাজিরা জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে রবিবার হঠাৎ জি-৭ সম্মেলনে হাজির হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

    তিনি সেখানে তাৎক্ষণিক ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস লে দ্রিয়ানের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করেন। এছাড়া ম্যাক্রোঁর সঙ্গে আধা ঘণ্টা বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

    এই বৈঠক শেষ হতেই তাৎক্ষণিক বিয়ারিৎজ থেকে প্রত্যাবর্তন করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। জি-৭ সম্মেলনে উপস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেননি জারিফ।

    ম্যাক্রোঁর দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ওই আলোচনা ছিল ‘ইতিবাচক’।

    প্রসঙ্গত, ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক সম্প্রদায়ের পরমাণু চুক্তি টিকিয়ে রাখতে জি-৭ সম্মেলনের শুরু থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সম্মেলনের প্রাক্কালে শুক্রবারও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ম্যাক্রোঁ।

    এদিকে হঠাৎ করেই জি-৭ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিব্রতকর। জারিফের সেখানে উপস্থিত হওয়ার বিষয়টি ট্রাম্পকে অবহিত করা হয়নি বলে দাবি করেছে হোয়াইট হাউস।

    তবে ফ্রান্সের কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘একমত হয়েই’ ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    অবশ্য এই ‘অনাহূত অতিথি’তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে বিব্রত সেটা বোঝা যায়। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বাকপটু ট্রাম্প বলেন, ‘কোনো মন্তব্য নয়।’

  • ওসামা বিন লাদেনের ভাতিজি মাতাচ্ছেন যুক্তরাষ্ট্র

    ওসামা বিন লাদেনের ভাতিজি মাতাচ্ছেন যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্র মাতাচ্ছেন ওসামা বিন লাদেনের ভাতিজি। পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় শত্রুর নাম ছিল ওসামা বিন লাদেন। তার ভয়ে ভীত থাকতো যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশ। তাকে হত্যার জন্য এমন কোনো পরিকল্পনা নেই যা মার্কিন যুক্তরাষ্ট্র করেনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মডেলদের একজন বিন লাদেনের ভাতিজি ওয়াফা দুফোর।

    মার্কিন যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এমন অবস্থায় সম্প্রতি একটি মার্কিন গণমাধ্যমে তার আসল পরিচয় উঠে এসেছে। এরপরই ওয়াফা জানিয়েছেন, তার এই পরিচয়ে তিনি মোটেই বিরক্ত নন।

    ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে থাকা বিন লাদেনকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। মৃত্যুর আগে ও পরে বিন লাদেনের পরিবার সম্পর্কে জানা গেছে অনেক তথ্য। বিশ্বজুড়ে তার ভাইপো-ভাতিজির সংখ্যা চার শতাধিক। এছাড়া বিন লাদেনের স্ত্রী ও সন্তানের সংখ্যাও একাধিক।

  • ভূগোলে এত কাঁচা, ইমরান খানকে নিয়ে টুইটারে হাস্যরস!

    ভূগোলে এত কাঁচা, ইমরান খানকে নিয়ে টুইটারে হাস্যরস!

    দুটো দেশের মধ্যেকার দূরত্ব ৯ হাজার কিলোমিটারের বেশি। অথচ সেই দুই দেশকে পড়শি বানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান! বললেন জার্মানি ও জাপানের সীমান্তে দু’দেশ মিলে অনেক শিল্প-কারখানা স্থাপন করেছে। ফলে দু’দেশেরই উন্নতি হচ্ছে।

    ইমরানের এই মন্তব্যকে ঘিরে হাস্যরসে মেতেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

    গতকাল রোববার ভারতীয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ভিডিওটি টুইটারে শেয়ার করেন। ঘটনাটি আগের। চলতি বছরের শুরুতে ইরান সফরে গিয়ে কিছু কথা বলেছিলেন পাকিস্তানী প্রধানমন্ত্রী।

    ভিডওতে দেখা যাচ্ছে, একটা সম্মেলনে ইমরান খান বলছেন। সেখানে ইমরানকে বলতে শোনা যায়, “যত বেশি দুটো দেশ নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াবে, তত দু’দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে। জার্মানি ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মেরেছে। কিন্তু এখন জাপান ও জার্মানির সীমান্তে যৌথ শিল্প-কারখানা আছে। তাই যেহেতু এখন দু’দেশের অর্থনৈতিক বিষয় একই জিনিসের উপর নির্ভর করছে, তাই তারা কখনওই একে অন্যের ক্ষতি চাইবে না।”

    এই ভিডিওটি টুইট করে সেখানে মাহিন্দ্র লেখেন, “ভগবানকে ধন্যবাদ, এই ব্যক্তিকে আমার ইতিহাস বা ভূগোলের শিক্ষক না করার জন্য।”

    এরপর ভারতীয় অনেকে ভিডিও শেয়ার করে হাস্যরস করছেন। জার্মানি ও জাপান দুটি আলাদা আলাদা মহাদেশের দেশ। দু’দেশের মধ্যে ফারাক ৯ হাজার কিলোমিটারের বেশি।