Category: আন্তর্জাতিক

  • তিউনিসিয়ায় নিষিদ্ধ করা হলো ‘হিজাব’

    তিউনিসিয়ায় নিষিদ্ধ করা হলো ‘হিজাব’

    নিরাপত্তার কারণ দেখিয়ে তিউনিসিয়ায় পাবলিক প্রতিষ্ঠানগুলোতে নেকাব বা মুখ ঢেকে রাখার পর্দা নিষিদ্ধ করা হয়েছে।

    রয়টার্স জানায়, দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ এ নিষেধাজ্ঞা জারি করেন।

    গত মঙ্গলবার দেশটিতে এক ‘ওয়ান্টেড জঙ্গি’র আত্মঘাতী হামলার প্রেক্ষিতে এ আইন জারি করা হয়।

    এক প্রত্যক্ষদর্শী জানান, ওই আত্মঘাতী হামলাকারী নেকাব পড়ে এ হামলা চালায়। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যক্ষদর্শীর এমন ভাষ্য প্রত্যাখ্যান করেছেন।

    নতুন আইন অনুযায়ী, তিউনিসিয়ায় কেউ সরকারি, প্রশাসনিক ভবন, বা প্রতিষ্ঠানে মুখে পর্দা পরে প্রবেশ করতে পারবে না।

  • প্রাচীন ব্যাবিলন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়

    প্রাচীন ব্যাবিলন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়

    বিশ্বসভ্যতার ইতিহাসে প্রাচীন মেসোপটেমিয়ার গুরুত্ব অপরিসীম। আধুনিক ইরাকের অন্তর্গত মেসোপটেমিয়ার একটি রাজ্য ছিল ব্যাবিলন। ঝুলন্ত উদ্যানের জন্যও ছিল বিখ্যাত। নানান কারণে গুরুত্বপূর্ণ এক সময়ে বিশ্বের সবচেয়ে বড় শহর ব্যাবিলনকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে ইউনেস্কো।

    আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম সভায় এ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় এখন ১৬৭টি দেশের ১ হাজার ৯২টি স্থান অন্তর্ভুক্ত রয়েছে।

    অনেক দেরিতে হলেও বিশ্বসভ্যতার ঐতিহ্যবাহী এ নগরীকে স্বীকৃতি দিলো ইউনেস্কো। সেই ১৯৮৩ সাল থেকে চার হাজার বছরের পুরনো এ শহরকে যুক্তরাষ্ট্রের মর্যাদাসম্পন্ন এ তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা চালাচ্ছিল ইরাক। এক সময় পৃথিবীর সপ্তাশ্চর্যের তালিকায় ছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। তবু স্থান পাচ্ছিল না। তবে ইউনেস্কো ব্যাবিলনের আদি নিদর্শনগুলো খুব নাজুক অবস্থায় আছে জানিয়ে সেগুলো সংস্কারের কথা বলেছে।

    এবার এ তালিকায় এখন পর্যন্ত ব্যাবিলন ছাড়াও অন্তর্ভুক্ত হয়েছে চীনের ইয়ালু নদীর পরিযায়ী পাখিভর্তি মোহনা ও আইসল্যান্ডের অত্যাশ্চর্য ভ্যানুওয়াকিড ন্যাশনাল পার্ক।

    এ সভা চলবে ১০ জুলাই পর্যন্ত। এর মধ্যে আরো কিছু বিখ্যাত জায়গা, স্থাপনা এ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।

  • এবারের বাজেট পুরনো বোতলে নতুন মদ : কংগ্রেস

    এবারের বাজেট পুরনো বোতলে নতুন মদ : কংগ্রেস

    অনলাইন ডেস্ক :

    ভারতে মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ হয়েছে। আজ শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশকৃত বাজেটের কড়া সমালোচনা করলেন লোকসভায় বিরোধী দল কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী। তার কাছে এই বাজেটের অর্থ পুরোনো বোতলে নতুন মদ ছাড়া আর কিছুই নয়।

    বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার বিজেপির পক্ষে বাজেট পেশ করেছেন ভারতের প্রথম কেন্দ্রীয় নারী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার উপস্থাপিত এই বাজেট দেশটির বিরোধী দলগুলোকে খুশি করতে পারেনি। বাজেট পেশের পর অধীররঞ্জন চৌধুরী বলেন, বাজেটে নতুন কিছুই নেই। সেই একই পুরনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি।

    বাজেটের সমালোচনা করে কংগ্রেস নেতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার নতুন ভারতের কথা বলছে অথচ এই বাজেট দেখে মনে হচ্ছে নতুন বোতলে পুরনো মদ। কিছুই নতুন নেই। এমনকি নতুন উদ্যোগ বা কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়েও কিছু বলা হয়নি।’

    তিনি আরও বলেছেন, ‘বাসন আছে, রেশন নেই।’ মোদি সরকারের বাজেটকে দিশাহীন বলেই ব্যাখ্যা করেছেন তিনি। এ ছাড়া তিনি এই বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা করা ইলেকট্রিক যানবাহনের তীব্র সমালোচনা করেন।

    বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘এখন দেশজুড়ে যে যানবাহন চলে তা চালাতে তো নাভিশ্বাস ওঠার জোগাড়। কারণ পেট্রল আর ডিজেলের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। যখন ইলেকট্রিক যানবাহন আসবে তখন আসবে। সেসব কথা এখন শুনিয়ে লাভ কী? এই বাজেটের মাধ্যমে সরকার নিজের ‘বাজেট’ ঠিক করেছে। এতে দেশের মানুষের উপকার হবে না।’

    লোকসভার বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই বাজেটে তরুণ–তরুণীদের কর্মসংস্থানের কোনও কথা উল্লেখ নেই। মধ্যবিত্তদের সঞ্চয়ে সুদ বাড়ার কোনও কথা নেই। এই বাজেটের ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। মানুষের অন্য অনেক সমস্যার মধ্যে এই বাজেট আরও একটা সমস্যা হয়ে দাঁড়ালো।’

  • হজের মৌসুমে সৌদিতে পপস্টার ‘নিকি মিনাজ’ এর কনসার্ট নিয়ে বিতর্ক

    হজের মৌসুমে সৌদিতে পপস্টার ‘নিকি মিনাজ’ এর কনসার্ট নিয়ে বিতর্ক

    অনলাইন ডেস্ক :

    হজের মৌসুমে সৌদি আরবে ‘জেদ্দা ওয়ার্ল্ড ফেস্ট’-এ অংশ নিতে যাচ্ছেন আমেরিকার পপস্টার নিকি মিনাজ। এমন সংবাদ প্রকাশের পর থেকেই সৌদিসহ বিশ্বব্যাপী রীতিমত তোলপাড়, শুরু হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন নিকি মিনাজের পোশাক এবং খোলামেলা গানের বক্তব্য রক্ষণশীল রাজতন্ত্রের দেশটির সঙ্গে ঠিক খাপ খায় না।

    আগামী ১৮ জুলাই জেদ্দায় এ কনসার্টের আয়োজন করা হচ্ছে। নিকি মিনাজের সৌদিতে কনসার্ট করবেন এমন খবর জানাজানি হওয়ার পর থেকে টুইটার, ফেসবুকসহ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন ব্যবহারকারীরা।

    অনেকেই বলছেন, সৌদিতে নিকি মিনাজের মতো শিল্পীর আগমন ও কনসার্ট কোন ভাবেই মেনে নেয়া যায় না। হজের মৌসুমে সৌদি আরবে এমন কনসার্টের বিষয়ে দেশটির অনেক নাগরিকই অসন্তুষ্ট।

    টুইটারে একটি ভিডিওতে মাথায় হিজাব পড়া একজন নারী প্রশ্ন তুলেছেন, কেন এই সংগীতশিল্পীকে আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ, যখন সৌদি নারীদের বোরকা পড়া বাধ্যতামূলক।

    ওই নারী বলেন, তিনি তার শরীর ঝাঁকিয়ে গান গাইবেন আর গার সব গানই যেখানে অশ্লীলতা ঘিরে, আর এরপর আপনি আমাকে বোরকা পড়তে বলবেন, সেটা কিভাবে হয়?

    সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কোনো হজযাত্রী লিখেছেন, সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে এমন সংস্কৃতি চালু করার সিদ্ধান্ত নিয়ে থাকলে তাদের উচিত পবিত্রতম ভূমি মক্কা-মদিনার দায়িত্ব প্রকৃত মুসলমানদের হাতে ছেড়ে দেয়া।

  • অনলাইনে অর্ডার দিলেন ফোন, পেলেন পাথরের টুকরো

    অনলাইনে অর্ডার দিলেন ফোন, পেলেন পাথরের টুকরো

    অনলাইন ডেস্ক :

    নতুন ফোন কেনার শখ ছিল তার। এজন্য অনলাইনে দু’টি ফোন অর্ডার করেছিলেন তিনি। কিন্তু ফোন ডেলিভারি হতেই বাক্স খুলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। বাক্সের মধ্যে ফোনের বদলে পাওয়া গেল মার্বেল পাথরের টুকরো।

    এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের নতুন পল্লী এলাকায়। এই পল্লীর অম্লান গ্রহ নামের এক যুবক অনলাইনে ফোনের অর্ডার করেছিলেন। বেশ নামি কোম্পানির ফোন অর্ডার করেন অম্লান। ২৮ জুন দুটি মোবাইল অর্ডার করেন তিনি। পেশায় সিমেন্ট কোম্পানির ম্যানেজার অম্লান জানিয়েছেন, গত ৩ জুন ফোন দুটির ডেলিভারি হয়।

    কিন্তু পার্সেল প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় অম্লান গ্রহের। একটি ফোনের প্যাকেট খুলে তিনি দেখেন, সেখানে মোবাইলের অস্তিত্ব নেই। নেই চার্জার কিংবা হেডফোনও।

    মোবাইলের জায়গায় বাক্সের মধ্যে পাওয়া যায় একটি মার্বেল পাথরের টুকরো। পরে সংশ্লিষ্ট ই-কমার্স সংস্থায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।

  • মুসলিম শিশুদের মা-বাবা থেকে আলাদা করছে চীন

    মুসলিম শিশুদের মা-বাবা থেকে আলাদা করছে চীন

    মা-বাবা থেকে মুসলিম শিশুদের আলাদা করে দিচ্ছে চীন সরকার। দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের মুসলিমদের ধর্মবিশ্বাস নিয়ন্ত্রণে চীন সরকার এমনটা করছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

    বিবিসি এক প্রতিবেদনে জানায়, একই সঙ্গে হাজার হাজার প্রাপ্তবয়স্কদের পরিবার থেকে আলাদা করে জোরপূর্বক ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে।

    এছাড়া অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্মাণ করা হচ্ছে বড় বড় বোর্ডিং স্কুলভবন।

    স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য এবং ৬০ জনের সাক্ষাৎকার সংগ্রহের ভিত্তিতে চীন সরকারের বিরুদ্ধে এমন অভিযোগের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানায় বিবিসি।

    সম্প্রতি ৪শ’র বেশি শিশুকে তাদের মা-বাবা থেকে আলাদা করে ফেলা হয়েছে। হয় ক্যাম্পে নয়তো কারাগারে বন্দি করে রাখা হয়েছে তাদের।

    হাজার হাজার প্রাপ্তবয়স্কদের একাধিক ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রাখার ঘটনার পর শিশুদের ওপর এমন কর্মকাণ্ড নির্দেশ করে যে, উইঘুর মুসলিম অধ্যুষিত এলাকাটিতে ধর্মীয় বিশ্বাসের শিকড় উৎপাটন করতে এমনটা করছে দেশটির কমিউনিস্ট সরকার।

    জিনজিয়াংয়ে এত বেশি সরকারি কড়াকড়ি আরোপ করা হয়েছে যে, কোনো বিদেশি সাংবাদিক সেখানে বেশিক্ষণ থাকতে পারেন না। ২৪ ঘণ্টা তাদের নজরদারি করে রাখা হয়।

    এছাড়া পর্যটকদের নজরদারি করতে তাদের স্মার্টফোনে কৌশলে স্পাই অ্যাপস ঢুকিয়ে দেওয়ার অভিযোগ আছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে।

    ইস্তানবুলের একটি হলে উইঘুর মুসলিমদের বিশাল একটি দলের অধিকাংশই জানান, তারা তাদের সন্তানদের হারিয়েছেন। সন্তানদের সঙ্গে তাদের ছবি দেখিয়ে বলেন, শিশুদের সঙ্গে তাদের কোনো ধরনের যোগাযোগ নেই এখন।

    চীনের জিনজিয়াং প্রদেশে প্রায় এক কোটি উইঘুর মুসলিমের বসবাস। এ জনগোষ্ঠীর ৪৫ ভাগই তুর্কি নৃগোষ্ঠীর। কয়েক দশক ধরে চীনের বিরুদ্ধে সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও গড়ে তোলে উইঘুররা।

    পরবর্তীতে তাদের দমন করতে এ জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতার ওপর আরও বেশি কঠোরতা অবলম্বন করে চীনের কমিউনিস্ট সরকার।

    বেশ কয়েক বছর ধরে চীনের বিরুদ্ধে অভিযোগ, সংশোধনী শিবিরে কঠোর জীবন যাপনের মাধ্যমে মুসলিমদের ধর্মহীন করে তুলতে সেখানে গড়ে তোলা হয়েছে একাধিক নির্যাতন শিবির। এসব শিবিরে প্রায় ১০ লাখের বেশি উইঘুরকে নিপীড়নের অংশ হিসেবে আটকে রাখা হয়েছে।

    যদিও চীন সরকার বারবার দাবি করছে, চরমপন্থা থেকে দূরে সরিয়ে রাখতে এবং জাতীয় ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তুলতে এ বিশেষ শিক্ষা কার্যক্রম চালু করেছে তারা।

  • তিউনিশিয়ায় নৌডুবিতে নিখোঁজ ৮০

    তিউনিশিয়ায় নৌডুবিতে নিখোঁজ ৮০

    নৌকাডুবির ঘটনায় প্রায় ৮২ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে তিউনিশিয়ার উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। শুক্রবার সকাল পর্যন্ত ৪ জন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হলেও বাকিদের উদ্ধারের কাজ এখনো চলছে।

    আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার তিউনিশিয়া উপকূলের জার্জিস বন্দর নগরীর কাছে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান, বিবিসি ও রয়টার্স এমন খবর প্রকাশ করে।

    আইওএম’র এক মুখপাত্র টুইট বার্তায় জানান, ‘কীভাবে নৌকাডুবির ঘটনা ঘটেছিল এবং প্রকৃতপক্ষে কতজন নিখোঁজ আছে তা জানতে আরো সময় লাগবে।’

    উল্লেখ্য অফ্রিকা মহাদেশের দেশ তিউনিশিয়ার উপকূলে এর আগেও কয়েকবার নৌকাডুবির ঘটনা ঘটেছিলো। সর্বশেষ গত মে মাসে সেখানে নৌকাডুবে প্রায় ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী মারা যান।

  • ভারতের সুপ্রিম কোর্টের রায় বাংলায় প্রকাশের দাবি

    ভারতের সুপ্রিম কোর্টের রায় বাংলায় প্রকাশের দাবি

    ভারতের সুপ্রিম কোর্টের রায় বাংলা ভাষাতেও প্রকাশের দাবি উঠেছে। এই দাবির পক্ষে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন করা হয়েছে।

    বিভিন্ন মামলার রায় ইংরেজি ছাড়াও আরও ৭টি ভাষায় ওয়েবসাইটে প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন সুপ্রিম কোর্ট। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই ৭টি ভাষায় পাওয়া যাবে সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার রায়। এই কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

    এত দিন এই রায় কেবল ইংরেজি ভাষায় ওয়েবসাইটে প্রকাশিত হতো। এখন ইংরেজি ছাড়াও হিন্দি, তেলেগু, অসমিয়া, মারাঠি, কন্নড়, ওড়িয়া ও তামিল ভাষায় রায় প্রকাশিত হবে।

    সুপ্রিম কোর্টের রায় প্রকাশের ভাষার তালিকায় বাংলার নাম নেই। এ কারণে ক্ষুব্ধ হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ।

    গতকাল বৃহস্পতিবার খবরটি আসার পর বাংলা ভাষার নাম না দেখে ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলের নেতা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।

    আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী দাবি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় প্রকাশের ভাষার তালিকায় বাংলাকেও যেন অন্তর্ভুক্ত করা হয়। এই জন্য তাঁরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন পেশ করেছেন। এ ছাড়া আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে।

    বিষয়টি নিয়ে আব্দুল মান্নান রাজ্য বিধানসভায় আলোচনার দাবি জানান। তবে এই দাবি প্রত্যাখ্যান করেন বিধানসভার স্পিকার।

    বিরোধীদলীয় নেতা আব্দুল মান্নান বলেছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না। তবে তাঁদের দাবি, রায় প্রকাশের তালিকায় বাংলা ভাষাকেও অন্তর্ভুক্ত করা হোক।

    আব্দুল মান্নান বলেছেন, বাংলা ভাষায় শুধু পশ্চিমবঙ্গের মানুষ কথা বলে না। ত্রিপুরা, ঝাড়খন্ড, ওডিশা, বিহার ও আসামের বহু মানুষও বাংলায় কথা বলে। তাই সুপ্রিম কোর্টের রায় প্রকাশের তালিকায় বাংলা না থাকায় তাঁরা আঘাত পেয়েছেন। এতে বাংলাভাষীরা ব্যথিত।

    বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, বাংলা ভাষার জন্য পৃথিবীর বুকে একটি দেশ তৈরি হয়েছে—বাংলাদেশ। এই ভাষার জন্য আজ গোটা বিশ্বে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বাংলাদেশের মানুষের মুখের ভাষা এই বাংলা। তাই বাংলা ভাষাকে সুপ্রিম কোর্টের তালিকায় অন্তর্ভুক্ত করা হোক।

    বাংলা ভাষার স্থান ভারতে এখন দ্বিতীয়। প্রথম হিন্দি। বিশ্বে এই বাংলা ভাষার স্থান সপ্তম

  • ৬ অজগরের সঙ্গে খেলছে ৩ বছরের মেয়ে

    ৬ অজগরের সঙ্গে খেলছে ৩ বছরের মেয়ে

    সাপ দেখলেই যেখানে আমরা দৌঁড়ে পালাই, সেখানে তিন বছরের ছোট্ট একটা মেয়ে একটা দুটো নয় ছয়টা অজগর সাপ নিয়ে শুয়ে আছে। শুধু শুয়ে নয় নিশ্চিন্তে সে মোবাইলে কার্টুন দেখতে ব্যস্ত। ইন্টারনেট দুনিয়ায় সেই দৃশ্যের ভিডিও এখন ভাইরাল।

    ভাইরাল হওয়া এই ভিডিওটি ধারণ করা হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পাশের তানজেরঙ্গে নামক এলাকায়। অজগর নিয়ে ‘খেলা’ করা তিন বছরের ওই শিশুটির নাম মহারানী। ভিডিওতে দেখা যাচ্ছে, মহারানী মোবাইলে কিছু একটা কার্টুন শো দেখছে। তার গায়ের ওপর এবং চারপাশে ঘুরে বেড়াচ্ছে অজগর।

    যখন ভিডিওটি ধারণ ধারণ করা হয় তখন সেখানে মোট ছয়টি অজগর ছিল। তাদের মধ্যে একটি গ্রিন ট্রি, একটি রেটিকুলেটেড এবং একটি ইয়োলো বারমেসে প্রজাতির অজগর ছিল। দেখা যাচ্ছে, একটি অজগর নড়াচড়া করতে করতে একসময় সময় শিশুটির মুখের ওপর চলে আসছে।

    মহারানী নামের ওই কন্যা শিশুটির মোবাইলের স্ক্রিন দেখতে অসুবিধা হওয়ায় হাত দিয়ে সেটিকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। কিন্তু অজড়রটির ওজন এত বেশি যে তিন বছরের মহারানীর পক্ষে তাকে সেখান থেকে সরানো সম্ভব হচ্ছিল না। তাই সে নিজেই তার মাথা সরিয়ে নিচ্ছে অজগরটির নিচ থেকে। ছয়টি অজগরের উপস্থিতি যে তার ওপর কোনও প্রভাব ফেলছে না সেটাই তাতে স্পষ্ট।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট হওয়ার পর সবাই চমকে যান। সবাই সেটি শেয়ার দেয়া শুরু করলে তা ছড়িয়ে পড়ে। একজন লিখেছেন, শিশুটির বাবা মায়ের উচিত সাপগুলো থেকে শিশুটিকে দূরে রাখা। অপর একজন লিখেছেন, ‘আমি নিজেও সাপ ভালবাসি। কিন্তু এটা খুবই উদ্বেগজনক।’

  • ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য থেকে বাদ সুন্দরবন

    ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য থেকে বাদ সুন্দরবন

    অনলাইন ডেস্ক :

    ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য নির্দশন সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কমিটির ৪৩তম সভায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়।

    বৃহস্পতিবার (৪ জুলাই) প্যারিসের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, বিশ্ব ঐতিহ্য কমিটি সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। তবে ২১ সদস্য বিশ্ব ঐতিহ্য কমিটিতে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনার পর সর্বসম্মতভাবে সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের পক্ষে কিউবা, বসনিয়া ও হার্জেগোভিনা এবং চীন সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত না করার নতুন সিদ্ধান্ত উপস্থাপন করে।

    আলোচনাকালে পরিবর্তিত সিদ্ধান্ত প্রস্তাবকারী কিউবা, বসনিয়া ও হার্জেগোভিনা এবং চীন ছাড়াও আজারবাইজান, ব্রাজিল, ইন্দোনেশিয়া, কুয়েত, তিউনিসিয়া, তানজানিয়া, বুরকিনাফাসো, উগান্ডা, জিম্বাবুয়ে ও পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ভারতসহ ১৫টি সদস্য রাষ্ট্র সরাসরি এ সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেয়।

    কমিটিতে সুন্দরবন সংরক্ষণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ প্রশংসিত হয়। কমিটির সদস্য রাষ্ট্রগুলো উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশ রক্ষায় পদক্ষেপের মধ্যে ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন এবং এক্ষেত্রে বাংলাদেশের অর্জনকে স্বাগত জানান।

    পরবর্তীতে অন্য সদস্য রাষ্ট্রের অবস্থানের প্রতিফলন ঘটিয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তে এবছর বাংলাদেশ সরকার বিশ্ব ঐতিহ্য কমিটির বিশেষজ্ঞের সমন্বয়ে একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানাবে এবং আগামী ফেব্রুয়ারি ২০২০ এর মধ্যে হালনাগাদ তথ্য সম্বলিত প্রতিবেদন দাখিল করবে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জন্য কৌশলগত পরিবেশ সমীক্ষা (এসইএ) প্রক্রিয়া শুরুর জন্য বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানায়।

    সিদ্ধান্ত নেওয়ার পর প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী বীর বিক্রম কমিটির সদস্যদেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বর্তমান কমিটির উন্নয়ন ও পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য রক্ষাকরণে গৃহীত এ সিদ্ধান্ত বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন।

    এ সিদ্ধান্তের মধ্য দিয়ে কমিটি বাংলাদেশের প্রায় ৫ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রতি সমর্থন জানালো।

    বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম সভা আজারবাইজানের রাজধানী বাকুতে ৩০ জুন থেকে শুরু হয়ে আগামী ১০ জুলাই ২০১৯ পর্যন্ত চলবে। সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী।

    প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন।