Category: আন্তর্জাতিক

  • ক্ষোভে দুঃখে অবসরই নিয়ে নিলেন ভারতীয় ক্রিকেটার

    ক্ষোভে দুঃখে অবসরই নিয়ে নিলেন ভারতীয় ক্রিকেটার

    আন্তর্জাতিক ওয়ানডেতে ৫৫ ম্যাচের ৫০ ইনিংসে ৪৭.০৫ গড়ে করেছেন ১৬৯৪ রান। ১০ ফিফটির সঙ্গে আছে ৩টি সেঞ্চুরিও। টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৬টি। বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগেই যাকে ভারতীয় অধিনায়ক ঘোষণা করেছিলেন, ৪ নাম্বার পজিশনের অপ্রতিদ্বন্দী হিসেবে।

    অথচ সেই আম্বাতি রাইডুই সুযোগ পেলেন না বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে। শুধুমাত্র প্রাথমিক স্কোয়াডেই নয়, ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝপথে দলে আসা দুই পরিবর্তনেও কোনোবারই জায়গা পাননি রাইডু। যে কারণে শেষ পর্যন্ত ক্ষোভে-দুঃখে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন তিনি।

    বিশ্বকাপে মাত্র দুই ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েন ওপেনার শিখর ধাওয়ান। তার পরিবর্তে স্কোয়াডে ডেকে নেয়া হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্তকে। এরপর ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান অলরাউন্ডার বিজয় শঙ্করও।

    এবারই রাইডুকে দলে ডেকে নেয়ার সবচেয়ে বড় সুযোগ ছিল। কারণ বিজয় শঙ্করও খেলতেন চার নম্বরে। আম্বাতি রাইডুও খেলেন চার নম্বরে। কাটায় কাটায় মিলে যাওয়ার মত অবস্থা; কিন্তু এবারও উপেক্ষিত থেকে গেলেন তিনি। সুযোগ পেলেন না রাইডু। বিজয় শঙ্করের পরিবর্তে ভারতীয় দলে ডেকে নেয়া হয় মায়াঙ্ক আগরওয়ালকে।

    বারবার উপেক্ষিত হওয়ার কারণেই মূলতঃ ক্ষোভ তৈরি হয় ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের মধ্যে এবং এই ক্ষোভ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন রাইডু। এর আগে ভারতীয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় বোর্ডকে নিয়ে প্রকাশ্যে কটুক্তি করেছিলেন রাইডু।

    বিশ্বকাপ দলে বিজয় শঙ্করের জায়গা পাওয়াকে উদ্দেশ্য করে টুইটারে নিজের একাউন্টে তিনি লিখেন, ‘বিশ্বকাপ দেখার জন্য একটি থ্রি-ডি চশমা কিনেছি।’ এরপর থেকেই ধারণা করা হচ্ছিলো আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হচ্ছে না তার।

    সেই ধারণাকে সত্যি প্রমাণ করে এবার ভারতীয় বোর্ডকে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে আর কখনো দেখা না গেলেও হয়তো আইপিএলে নিয়মিতই দেখা যাবে তাকে।

  • ধর্মতর্ক : নুসরাত মুসলিম নাকি জৈন?

    ধর্মতর্ক : নুসরাত মুসলিম নাকি জৈন?

    বেগুনি পাড়ের সাদা রঙের শাড়ি, দু’হাতে চূড়া, হাত ভর্তি মেহেন্দি, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর- এমন বেশে সংসদে শপথ বাক্য পাঠ করে শিরোনামে তৃণমূলের নবাগতা সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। মুসলিম নারীর সিঁথিতে সিঁদুর! গলায় মঙ্গলসূত্র! আর এ কারণেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ।

    নুসরাতের বেশভূষা নিয়ে ইতিমধ্যেই ‘আপত্তি’ তুলেছেন দেওবন্দের এক মৌলবী। তবে শুধু দেওবন্দের মৌলবীই নন, সিঁদুর-মঙ্গলসূত্র পরায় এবার দলেরই একাংশের ‘ক্ষোভ’-এর মুখে পড়েছেন তৃণমূলের এই তারকা সাংসদ। যে বসিরহাট থেকে এবার সাংসদ হয়েছেন নুসরাত, সেখানকারই প্রাক্তন তৃণমূল সাংসদ তথা আইনজীবী ইদ্রিশ আলির তোপের মুখে পড়লেন সিঁদুর-মঙ্গলসূত্রের অভিনেত্রী সাংসদ।

    নুসরাত জাহানের সিঁদুর-বিতর্ক প্রসঙ্গে ইন্ডিয়ান তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি বলেন, ‘আমি নিজে কোনও মন্তব্য করব না। সমালোচনা হচ্ছে। আমার কাছে বহু লোক আপত্তি জানিয়েছেন। শুধু মুসলিম নন, হিন্দুদের অনেকও বলছেন, এটা কী! সে নিজে ঠিক করুক, সে কি মুসলিম? মানুষ বিভ্রান্তি হচ্ছে, সে মুসলিম না জৈন? অনেকে এই প্রশ্ন করছেন। আমার মনে হয় ও যা করছে ঠিক নয়। ও একটা অবস্থান ঠিক করুক। মুসলিম হলে মুসলিম ধর্ম মেনে চলতে হবে। হিন্দু হলে হিন্দু ধর্ম মেনে চলতে হবে। (এমন করলে) না ঘর কা না ঘটকা হয়ে যাবে তো।’

    উল্লেখ্য, কিছুদিন আগেই তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয় নুসরাত জাহানের। বিয়ের পরই সংসদে ‘নুসরাত জাহান রুহি জৈন’ হিসেবে শপথ পাঠ করেন বসিরহাটের সাংসদ।

    অন্যদিকে, ভরা সংসদে লোকসভার অধ্যক্ষকে নুসরাতের প্রণাম জানানো নিয়েও আপত্তি তুলেছেন তৃণমূলের ইদ্রিশ। এ প্রসঙ্গে বসিরহাটের প্রাক্তন সাংসদ বলেন, এটা সংস্কৃতি নয়। বিজেপি সাংসদরাও করেননি, উনিই শুধু করেছেন এসব। প্রণাম করা, শ্রদ্ধা জানানো ব্যক্তিগত রুচির ব্যাপার। কিন্তু সেটা তো সব জায়গায় হয় না। বাইরে করতে পারতেন।

    অন্যদিকে, বিতর্ক-সমালোচনা নিয়ে সরব হয়েছেন স্বয়ং নুসরত জাহানও। টুইট করে নুসরাত জানিয়েছেন, ধর্মীয় কট্টরপন্থীদের করা মন্তব্যে প্রতিক্রিয়া জানালে ঘৃণা ও হিংসা বাড়ে, ইতিহাসেই তার প্রমাণ রয়েছে। আমি বহুত্ববাদী ভারতের প্রতিনিধি, যা জাতপাত, ধর্মীয় বেড়ার ঊর্ধ্বে। আমি সব ধর্মকেই সম্মান করি…আমি একজন মুসলিম। আমি কী পরব, তা নিয়ে কেউ মন্তব্য করতে পারেন না। ধর্ম পোশাকের ঊর্ধ্বে…’।

    নুসরতের সিঁদুর ও মঙ্গলসূত্র নিয়ে ইদ্রিশ ফের বলেন, আমরাও দুর্গাপূজার মণ্ডপে যাই, সেখানে তো মুসলিম হয়ে দুর্গাপূজা করি না। মুসলিম হয়ে যদি পাথর পূজা করি, সেটা তো হয় না। একটা ধর্ম মেনে চলা উচিত। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানান। আমরা যখন নমাজ পড়ি, উনি যান, সেখানে কি নমাজ পড়েন উনি? নমাজকে শ্রদ্ধা জানান। অনেকে বাজে প্রচার করেন এটার। কোরআনে অন্য ধর্মকে শ্রদ্ধা জানানোর কথা বলা আছে।

  • দেশের জার্সিতে ২০ ম্যাচে মাত্র ৪ গোল মেসির!

    দেশের জার্সিতে ২০ ম্যাচে মাত্র ৪ গোল মেসির!

    জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি নিষ্প্রভ- এমন অভিযোগ পুরনো। ক্লাব জার্সিতে মুড়ি-মুড়কির মতো গোল করা এ আর্জেন্টাইন দেশের আকাশি-সাদা জার্সিতে পোস্ট খুঁজে পাননি খুব একটা। যে কারণে ক্লাবের হয়ে অনেক গোল ও অনেক ট্রফি জয়ের কৃতিত্ব থাকলেও দেশকে এখনো কোনো ট্রফি এনে দিতে পারেননি এ সময়ের ফুটবলের সবচেয়ে বড় এই তারকা।

    সর্বশেষ বুধবার সকালে আরেকটি ব্যর্থতার খতিয়ান লিখে নিয়েছেন মেসি, কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়ে। এবারের কোপায় মেসি করেছেন মাত্র একটি গোল। তাও প্যারাগুয়ের বিরুদ্ধে পেনাল্টি থেকে।

    বার্সেলোনাকে অনেক ম্যাচ জেতানো মেসি দেশের গুরুত্বপূর্ণ দিনে কোনো ভূমিকাই রাখতে পারলেন না। বিশেষ করে আর্জেন্টিনার বাঁচা-মরার ম্যাচে।

    আর্জেন্টিনার জার্সি গায়ে ১৩৫ ম্যাচ খেলে ৬৮টি গোল করেছেন মেসি। আর বার্সেলোনার জার্সিতে ৪৫২ ম্যাচে করেছে ৪১৯ গোল।

    মজার বিষয় হলো জাতীয় দলের জার্সিতে নকআউট পর্বের ম্যাচগুলোতে তার অবদান খুবই কম। এ পর্যন্ত মেসি আর্জেন্টিনার হয়ে ২০টি নকআউট পর্বের ম্যাচ খেলেছেন। যে ম্যাচগুলোতে হারলেই বিদায়। সে রকম ২০ ম্যাচ খেলে মেসি গোল করেছেন মাত্র ৪টি।

    আর্জেন্টিনার জার্সি গায়ে ৯টি বড় প্রতিযোগিতায় খেলেছেন মেসি; কিন্তু কোনো ট্রফি এনে দিতে পারেননি। নকআউট পর্বে যে চারটি গোল করেছেন মেসি তার সবগুলোই এসেছে ২০০৭ ও ২০১৬ সালের কোপা আমেরিকায়।

    ২০০৭ সালে কোপার কোয়ার্টার ফাইনালে পেরুর বিরুদ্ধে ৪-০ গোলের জয়ের একটি, সেমিফাইালে মেক্সিকোর বিরুদ্ধে ৩-০ গোলের জয়ে একটি এবং ২০১৬ সালের কোপার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিরুদ্ধে ৪-১ গোলের জয়ে একটি এবং সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪-০ গোলের জয়ে একটি।

    ২০০৬ সাল থেকে মোট ৪টা বিশ্বকাপ খেলেছেন মেসি। এর মধ্যে ২০১৪ সালের বিশ্বকাপে খেলেছেন ফাইনালেও। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, মেসি কোনো বিশ্বকাপেরই নকআউটে গোল করতে পারেননি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে যদি গোল করতে পারতেন, তাহলে বিশ্বকাপটা অন্তত জিততে পারতো আর্জেন্টিনা।

    ২০০৬ বিশ্বকাপে মেসির অভিষেক হয়। সেবার ছিলেন একেবারে তরুণ। বেশি ম্যাচও খেলার সুযোগ পাননি। গোল তো দুরে থাক। ২০১০ সালে ছিলেন দলের সেরা তারকা। সেবার কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ড কিংবা কোয়ার্টার কোথাও গোল নেই মেসির।

    ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা খেলেছিল ফাইনালে। মেসি করেছিলেন ৪ গোল। কিন্তু তার কোনোটাই নকআউট পর্বে নয়। দ্বিতীয় রাউন্ডে ডি মারিয়ার গোলে সুইজারল্যান্ডকে, কোয়ার্টার ফাইনালে হিগুয়াইনের গোলে বেলজিয়ামকে, সেমিফাইনালে গোলশূন্য ড্র’য়ের পর টাইব্রেকারে নেদারল্যান্ডসে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেখানেও কোনো গোল করতে পারেননি মেসি।

    ২০১৮ রাশিয়া বিশ্বকাপে মাত্র একটি গোল করেছিলেন মেসি। সেটা নাইজেরিয়ার বিপক্ষে। এরপর দ্বিতীয় রাউন্ডে তো ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হলো তার দলকে।

  • ইন্দোনেশিয়ায় জয় পেলেন নোশিন

    ইন্দোনেশিয়ায় জয় পেলেন নোশিন

    এশিয়ান জুনিয়র্স গালর্স দাবা চ্যাম্পিয়নশিপের স্ট্যান্ডার্ড ইভেন্টে টানা দুই ম্যাচ ড্র করার পর অবশেষে জয় পেলেন বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুম।

    আজ (বুধবার) বিকেলে ইন্দোনেশিয়ার সোলোয় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির এই দাবাড়ু তৃতীয় রাউন্ডে স্বাগতিক ইন্দোনেশিয়ার মহিলা ফিদে মাস্টার এডিথস সামান্থাকে পরাজিত করেন।

    এই জয়ের ফলে ৩ ম্যাচে নোশিন ২ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে অবস্থান করছেন।

    এ আসরে তার সাথে রয়েছেন ফিদে ইন্সট্রাক্টর মহিলা ক্যান্ডিডেটমাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।

    বৃহস্পতিবার টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।

  • ৬ মাসে ২৯৪ বার আজানে বাধা দিল ইসরাইল

    ৬ মাসে ২৯৪ বার আজানে বাধা দিল ইসরাইল

    ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ইব্রাহিমী মসজিদ। হযরত ইব্রাহিমের (আ.) স্মৃতি বিজড়িত মসজিদটিকে ইহুদি এবং মুসলিমরা সম্মান জানায়। বিশ্বাস করা হয় এখানে নবী ইব্রাহীম (আ.)ও ইয়াকুব (আ.)কে দাফন করা হয়েছে।

    ফিলিস্তিন ওয়াকফ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার ২০১৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত একটি তথ্যবিবরণী প্রকাশ করে। সে তথ্য বিবরণীর মতে, চলতি বছর ইব্রাহিমী মসজিদে ২৯৪ আজান দিতে বাধা দিয়েছে ইসরাইল। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে টানা কয়েকদিন জোরপূর্বক মসজিদটি বন্ধ রাখা হয়।

    উল্লেখ্য, ইহুদিদের উৎসব পালন করার জন্য ইব্রাহিমী (স.)মসটিজিদ মাঝে মধ্যে বন্ধ দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। গত এপ্রিলেও ইহুদিদের হলিডে উপলক্ষে দু’দিন মসজিদটি বন্ধে করে দিয়েছিল তারা।

  • উড়ন্ত সূচনার পর ইংল্যান্ডের হঠাৎ ছন্দপতন

    উড়ন্ত সূচনার পর ইংল্যান্ডের হঠাৎ ছন্দপতন

    ৩২তম ওভারে ইংল্যান্ডের ছিল ২ উইকেটে ২০৬ রান। যে ব্যাটিং লাইনআপ, শেষ ১৮ ওভারে ইংলিশদের জন্য আরও দেড়শ যোগ করা কোনো ব্যাপার ছিল না। সেক্ষেত্রে সংগ্রহটা হওয়ার কথা ছিল সাড়ে তিনশর আশপাশে। সেটা হলো না।

    ইনিংসের শেষ ভাগে নিউজিল্যান্ডের বোলারদের তোপে সেভাবে দাঁড়াতেই পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। ফলে ইংল্যান্ডের ইনিংস আটকে গেছে ৮ উইকেটে ৩০৫ রানে। চেস্টার লি স্ট্রিটে ৩০৬ তাড়া করে জিততে হবে কিউইদের।

    টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার জেসন রয় আর জনি বেয়ারস্টো। ১১২ বলে তারা গড়েন ১২৩ রানের ঝড়ো জুটি। ৬১ বলে ৮ বাউন্ডারিতে ৬০ রান করা রয়কে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন জেমস নিশাম।

    তারপরও ৩০তম ওভার পর্যন্ত বেশ স্বাচ্ছন্দ্যেই এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড, রান ছিল ১ উইকেটে ১৯৪। ট্রেন্ট বোল্টের করা ৩১তম ওভারের প্রথম বলে ২৪ রান করে জো রুট আউট হওয়ার পরইে যেন মরক লেগে যায় ইংলিশ ইনিংসে।

    ENG-NEWZILAND

    পরের ওভারে ম্যাট হেনরির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন সেঞ্চুরিয়ান জনি বেয়ারস্টো। ৯৯ বলে গড়া ইংলিশ ওপেনারের ১০৬ রানের ঝড়ো ইনিংসটি ছিল ১৫টি চার আর ১টি ছক্কায় সাজানো।

    এরপর জস বাটলার (১১), বেন স্টোকস (১১), ক্রিস ওকস (৪)-অল্প সময়ের ব্যবধানে ফিরে গেলে বিপদেই পড়ে ইংল্যান্ড। ২ উইকেটে ২০৬ রান থেকে ৬ উইকেটে ২৫৯ রানে পরিণত হয় স্বাগতিকরা।

    তবে সতীর্থদের এই আসা যাওয়ার মাঝেও ৪০ বলে ৪২ রানের একটি ইনিংস খেলেছেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। আর শেষদিকে আদিল রশিদের ১২ বলে ১৬ আর লিয়াম প্ল্যাংকেটের ১২ বলে অপরাজিত ১৫ রানের দুটি ছোট ইনিংসে তিনশো পার করতে পারে স্বাগিতকরা।

    নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি আর জেমস নিশাম।

  • লিবিয়ায় অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় নিহত ৪০

    লিবিয়ায় অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় নিহত ৪০

    উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার একটি অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলের ওই অভিবাসী আটক কেন্দ্রে বিস্ফোরণে আহত হয়েছেন আরো কমপক্ষে ৮০ জন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাতের দিকে বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বিমান হামলায় নিহতদের অধিকাংশই আফ্রিকান অভিবাসী। সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়, ইউরোপে পাড়ি জমানোর জন্য অভিবাসীরা অন্যতম পথ হিসেবে বেছে নিয়েছে লিবিয়াকে। উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে সহজে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা।

    ২০১১ সালে দেশটির দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফি নিহত হওয়ার পর থেকে দেশটিতে সহিংসতা এবং বিভাজন বৃদ্ধি পেয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগের মুখপাত্র ওসামা আলী ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেন, যে ভবনটিতে বিমান সরাসরি আঘাত হেনেছে, সেটিতে ১২০ জন অভিবাসী ছিলেন।

    তিনি বলেন, নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ প্রাণহানির যে সংখ্যা দেয়া হয়েছে, তা প্রাথমিকভাবে গণনা করা।

    জাতিসংঘ সমর্থিত লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের (জিএনএ) প্রধানমন্ত্রী ফায়েজ আল-সেররা ত্রিপোলির তাজোরা শহরের অভিবাসী কেন্দ্রে বিমান হামলার জন্য স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) দায়ী করেছেন।

    এক বিবৃতিতে জিএনএ বলছে, হামলাটি ছিল সুনির্দিষ্ট টার্গেটে এবং পরিকল্পিত। অভিবাসী আটক কেন্দ্রে হামলার এই ঘটনাকে জঘন্য অপরাধ উল্লেখ করে নিন্দা জানিয়েছে জিএনএ।

  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান

    চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গ্রীষ্মকালীন সভায় অংশ নেওয়ার পর বেইজিংয়ে পৌঁছেছেন। বেইজিং পৌঁছালে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয় স্ট্যাটিক গার্ড অব অনার। এই সফরে চীনের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

    আজ বুধবার স্থানীয় সময় বেলা ১১টার পর বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।

    এয়ার চায়নার একটি ভিভিআইপি ফ্লাইটে বেইজিং পৌঁছালে চীনের ভাইস ফরেন মিনিস্টার চিং গ্যাং বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। একটি শিশু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফুলের দিয়ে শুভেচ্ছা জানায়। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয় স্ট্যাটিক গার্ড অব অনার।

    বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা করে দিয়ায়োতাই স্টেট গেস্ট হাইজে নিয়ে যাওয়া হয়।

    আজ বিকালে বেইজিংয়ে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার গ্রেট হল অব দি পিপলে চীনা বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।

    আগামীকাল বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। গ্রেট হল অব দি পিপলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা। পরে সেখানে চীনের প্রধানমন্ত্রীর দেওয়া ভোজসভায় অংশ নেবেন শেখ হাসিনা। বিকালে সিসিপিআইটিতে চীনা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।

    সফর শেষে ৬ জুলাই দেশে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।

  • কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগ

    কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগ

    ভারতের শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনে দলের বড় পরাজয়ের পর থেকে তার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিলো। অবশেষে বুধবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন তিনি আর নেই। আসছে এক সপ্তাহের মধ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।

    রাহুল গান্ধী বলেন, “আর দেরি না করে যত দ্রুত সম্ভব দলের নয়া সভাপতি নির্বাচন করা হোক,আমি এই প্রক্রিয়ার মধ্যে থাকছি না।আমি ইতিমধ্যেই আমার পদত্যাগপত্র দিয়ে দিয়েছি এবং দলের সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্বে থাকছি না”।

    যতই কংগ্রেসের নেতারা তাঁকে বারবার নিজের পদত্যাগপত্র ফিরিয়ে নিতে অনুরোধ করুন না কেন তাতে তিনি সাড়া দিতে অপরাগ, নিজের সিদ্ধান্ত বদলানো সম্ভব নয় বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।রাহুল গান্ধি কংগ্রেসের কার্যকরী কমিটিকে বলেন, খুব তাড়াতাড়ি একটি বৈঠক ডাকা হোক, যাতে দলের নতুন সভাপতি কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন নাম নির্বাচন করে তা জানিয়ে দেওয়ার জন্যেও দলকে পরামর্শ দেন রাহুল।

    গত লোকসভা নির্বাচনে গোটা দেশেই অত্যন্ত খারাপ ফল করে কংগ্রেস। রাহুল গান্ধি নিজে কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত আমেঠিতে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান। যদিও কেরালার ওয়ানাড কেন্দ্র থেকে জিতে কিছুটা হলেও মুখ রক্ষা করেন সোনিয়া পুত্র। এরপরেই রাহুল অসন্তোষ প্রকাশ করে বলেন কংগ্রেসের এই হারের দায় কোনো নেতাই নিতে আগ্রহী নন। তাই তিনিই কংগ্রেসের খারাপ ফলের দায় নিয়ে গত ২৫ মে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদ থেকে ইস্তফা দেন।

    তার আগে ২০ জুন এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘‘যে কোনো বিষয়েই একটি দায়বদ্ধতা থাকে”। রাহুল গান্ধীর পদত্যাগের সিদ্ধান্তের পরেই দেশ জুড়ে বিভিন্ন কংগ্রেস নেতাদের মধ্যে পদত্যাগ করার হিড়িক পড়েছে।

  • মেসিদের চিন্তায় ঘুম হারাম ব্রাজিল কোচ তিতের

    মেসিদের চিন্তায় ঘুম হারাম ব্রাজিল কোচ তিতের

    ব্রাজিলে এখন গভীর রাত। ফুটবল পাগল দেশটিতে সমস্ত মানুষ এখন ঘুমে মগ্ন। কিন্ত এর মাঝেও একজনের চোখে ঘুম নেই। তিনি আর কেউ নন- ব্রাজিল ফুটবল দলের কোচ আদেনর লিয়োনারদো বাচ্চি। ফুটবল বিশ্বে যাকে সবাই চেনেন তিতে নামে। তার চোখের ঘুম কেড়ে নিয়েছে কোপা আমেরিকার সেমিফাইনাল। আর মাত্র ১৮ ঘন্টা পর যে সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা। আসলে সেমিফাইনালের প্রতিপক্ষই চোখের পাতা এক করতে দিচ্ছে না ৫৮ বছর বয়সী এই ফুটবল প্রফেসরকে।

    তিতে ঘুমাতে পারছে না- বিষয়টি তিনি নিজেই জানিয়েছে সংবাদ মাধ্যমকে। আগের রাতে না ঘুমাতে পেরে রাত সোয়া তিনটায় বিছানা ছেড়ে উঠে পায়চারি করেছেন উল্লেখ করে তিতে বলেন,‘আমি স্বাভাবিকভাবে ঘুমোতে পারছি না। কিন্তু আমি তো সুপারম্যান নই। আমাকে তো ঘুমোতে হবে। কিন্তু পারছি না। গতরাতে সোয়া ৩টায় জেগে শুধু ভেবেছি পরের দিন সেমিফাইনাল, কী করবো আমরা? আমাকে ভাবতে হচ্ছে একজন কোচ হিসেবে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সব কোচকেই কিছু বিষয় মাথায় রাখতে হয়। এটা কেবল আমার বেলায় নয়, আর্জেন্টিনার কোচ স্কালোনিও হয়তো করছেন।

    পাঁচ বছর আগে ঘরের মাঠের বিশ্বকাপে যে মাঠে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল, বেলো হরিজন্তের সেই মিনেইরো স্টেডিয়ামেই এবারে সেমিফাইনাল খেলতে নামছে সেলেসাওরা। যদিও এ মাঠে রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে তারা ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। কিন্তু সেটা তো আর সেমিফাইনাল ছিল না!

    ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই দুই দলের কোচ-খেলোয়াড়দের মধ্যে বাড়তি স্নায়ুচাপ। সে চাপ থেকেই কোচরা ছিঁড়তে চান নিজের মাথার চুল। ব্রাজিল কোচ তার নির্ঘুম রাতের কথা প্রকাশ করেছেন। আর্জেন্টাইন কোচ হয়তো তা চেপে যাচ্ছেন।

    এ ক’দিন ধরে ব্রাজিলের সাবেক-বর্তমান খেলোয়াড়রা মেসিকে নিয়ে বেশি সতর্ক থাকার কথা বলেছেন। কিন্তু আর্জেন্টিনা দলে কি মেসি একাই খেলবেন? তিতের চোখে দলে আরো বিপদজনক খেলোয়াড় আছে।

    ‘এই ম্যাচে দুই দলে খেলোয়াড়দের ব্যক্তিগত কারিশমারও লড়াই হবে। লিওনেল মেসি তো আছেনই, তাদের দলে আগুয়েরোর মতো ফুটবলারও আছেন। সবাইকেই তো সামলাতে হবে’-বলেছেন ব্রাজিলের কোচ।

    মেসি প্রসঙ্গে ব্রাজিল কোচ আরও বলেছেন,‘আপনি চাইলেই মেসিকে বাদ দিয়ে খেলতে পারবে না। তাকে মোকাবিলা করতেই হবে। সেক্ষেত্রে মেসিকে কতটা কম জায়গা দেয়া যায়, কতটা আটকে রাখা যায় মাঠে সে পরিকল্পনা থাকতে হবে।